#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(৪)
#তাবাসসুম_তাজ্বওয়ারী
ঊষসী ভার্সিটি এসেছে। ট্যুরের পরেরদিন সব ক্লাস অফ ছিলো আজকে থেকে আবার ক্লাস শুরু। সকালেই তাড়াহুড়া করে ক্লাসের উদ্দেশ্যে বেরিয়ে গেছে সে। ঘুমের কারণে অনেকটা দেরি হয়েছে যে নাস্তা করার সুযোগটাও পায়নি সে। এক প্রকার দৌঁড়ে যাচ্ছে সে! ডিপার্টমেন্টের দ্বিতীয় তলায় উঠতেই সিড়িতে কারো সাথে ধাক্কা খেলো। এমনিতেই দৌড়াদৌড়ি সেখানে রাস্তায় বাঁধা পেলে কার না বিরক্ত লাগে! সে নিজের ভুল না দেখে মাথা তুলে রাগী কণ্ঠে বলল,
– কি সমস্যা? ধাক্কা দিলেন কেন দেখেন…
আর কিছু বলার আগে মুখ বন্ধ হয়ে গেল আপনাআপনি। চোখ বড় বড় করে তাকিয়ে হুট করে মাথা নিচু করে ফেললো। সামনে দাঁড়িয়ে আছে নির্ঝর। ধাক্কাটাও খেলো ওরই সাথে! হঠাৎ করে ভীষণ অস্বস্থি আর দমবন্ধকর অনুভূতি হচ্ছে তার। ওদিকে নির্ঝর নির্বিকার তাকিয়ে। ছেলেটার যেন কোনো অনুভূতি নেই সবসময় কেমন নির্বিকার থাকে! ঊষসী কি বলবে বুঝতে না পেরে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। নীরবতা ভাঙ্গে নির্ঝর নিজেই। নড়েচড়ে দাঁড়িয়ে ঠান্ডা স্বরে সুধালো,
– আমি ধাক্কা দিয়েছি নাকি তুমি দৌঁড়ে যাছিলে?
ঊষসী মাথা নিচু করেই ইতস্তত করে বলল,
– স্যরি ভাইয়া… আমি আসলে ভুলে…
– দেখে হাঁটা শেখো। বাচ্চাদের মতো সিঁড়িতে দৌড়াদৌড়ি করলে পড়ে গিয়ে হাত-পা ভা’ঙবে।
কথাটা বলেই নির্ঝর সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল, যেন সামান্য একটা ধাক্কা ছাড়া আর কিছুই ঘটেনি। ঊষসী কিছুক্ষণ ওভাবেই নিথর হয়ে দাঁড়িয়ে রইল। নির্ঝর এমন ভাব করলো যেন সব স্বাভাবিক! একজন সিনিয়র যেভাবে ডিপার্টমেন্টের জুনিয়রকে কথা বলে ঠিক সেভাবেই বলল। কোনো নাটকীয়তা নেই, কোনো বিশেষ দৃষ্টি বা দ্ব্যর্থবোধক ইঙ্গিতও নেই। আর এই স্বাভাবিকতায় ঊষসীর ভেতরের ভয় আর অস্বস্তিটা আরো কিছুটা বাড়িয়ে দিলো।
নিজেকে সামলে সময় দেখে দ্রুত পায়ে নিজের ক্লাসরুমের দিকে পা বাড়াল। ক্লাসে ঢুকে দেখে স্যার এখনো আসেননি। সে হাঁপাতে হাঁপাতে গিয়ে বান্ধবীর পাশের সিটে গিয়ে বসলো। তাকে দেখে সকলে ঘিরে বসে পড়লো। ঊষসী ব্যাগ থেকে পানির বোতল বের করে ভ্রু নাচিয়ে বলল,
– কি হয়েছে এভাবে তাকিয়ে আছিস কেন সব?
ঊষসী মাত্রই পানির বোতল মুখে দিতেই তার বান্ধবী রুহি প্রশ্ন করে বসলো,
– তুই বাস মিস করেছিলি কেন রে? কি হয়েছিল?
ব্যাস! ঊষসীর পানি খাওয়া অ্যাইসি কি তেইসি হয়ে গেল! কাশি উঠে গেল তার। কাশতে তার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। সবাই মাথায় আর পিঠে আলতো কি’ল দিয়ে ওকে স্বাভাবিক করলো।
– সাবধানে খাবি না পানি! কি হতো বল তো!
ঊষসী শুধু মাথা নাড়লো। কিছুক্ষণ পর অন্য একজন বলল,
– রেহনুমা আর বিভা বলল তুই নাকি পার্স আনতে গিয়ে বাস মিস করেছিস? এত সময় লাগে পার্স আনতে? আমাদের বাস তো দাঁড়িয়েই ছিলো।
এদের থামার নাম নেই দেখে রাগ হচ্ছে ঊষসীর কিন্তু রাগ দেখালে এরা সন্দেহ করবে তাই কিছু বলতেও পারছে না। সে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে হেসে বলল,
– আরে বাস থেকে ওই রেস্ট হাউসের দুরুত্ব কত দেখিসনি? আমি পার্স নিয়ে ফিরছিলাম তখন এমনভাবে বৃষ্টি আসলো আমি তো ভয়ই পেয়ে গেছিলাম কারণ নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল বারবার!
সবাই আগ্রহের সাথে তাকিয়ে আছে। মীরা আগ্রহের সাথে প্রশ্ন করলো,
– তারপর মিরাজ ভাইয়াদের কোথায় পেয়েছিলি?
ঊষসী একটা শুকনো ঢোক গিললো। তারপর বলতে শুরু করলো,
– আমি তো একটা ছাউনির নিচে দাঁড়িয়ে ছিলাম হঠাৎ দেখি বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছে সবাই। নুরী আপুকে দেখেই আমি চিনলাম! ওনারা নাকি সূর্যাস্ত দেখতে গিয়ে দেরি করে ফেলেছে তারপর আরকি? আমরা ওই বৃষ্টির মধ্যেই আটকা পড়ে গেলাম।
নিজের মতো কাহিনি বানিয়ে সামল দিল ঊষসী। সে নির্ঝরকে ফোনে বলতে শুনেছে ওরা সূর্যাস্ত দেখার কারণেই পিছিয়ে পড়েছে তাই এটাও এড করে দিলো। এসব বলার পর নিজে নিজেই হাসলো ঊষসী। নিজের যে একটা ট্যালেন্ট প্রকাশ পেল এটা দেখেই খুশি লাগছে!
ওদের কথা শেষ হতে না হতেই ক্লাসে স্যার ঢুকে পড়লেন। সবাই হুড়মুড় করে নিজের নিজের সিটে গিয়ে বসল। লেকচার শুরু হলেও ঊষসীর মন আজ পড়ার টেবিলে একদমই বসছে না। পেটে তো সকাল থেকে এক দানা খাবারও পড়েনি খুদায় পেটে ইঁদুর দৌঁড়াচ্ছে! ঊষসীর একটা অভ্যাস আছে পেটে খিদে থাকলে তার কোথাও মন বসে না তাই তো বন্ধুরা তাকে "মোটু" বলে কারণ কার্টুন মোটুর খিদে পেটে মাথা কাজ করতো না! ঊষসী অবশ্য এসব এনজয় করে। ওর হাবভাব দেখে রেহনুমা আড়চোখে তাকিয়ে ফিসফিস করে বলল,
– কি রে কিছু খেয়ে আসিস নি তাই না?
ঊষসী মুখ কালো করে মাথা নাড়ল। রেহনুমা বলল,
– তোকে সকাল থেকে ক’ বার কল দিয়েছি দেখেছিস? এত দেরিতে উঠলে খাবি কিভাবে? তোর ভাগ্য ভালো আমার সাথে আমার হলে সিট পাস নি নাহয় তোকে ভোরে ঘুম থেকে তুলে নিয়ে মর্নিং ওয়াক করাতাম আমি!
ধমকালেও পর পর রেহনুমা ব্যাগ থেকে একটা বক্স বের করে দিলো। ঊষসী কিছু জিজ্ঞেস করলো না কারণ সে জানে রেহনুমা ওর জন্যই কিছু এনেছে। এই মেয়েটা ওকে কতটা বুঝে সে জানে ওর প্রতিটা হাবভাব যেন মেয়েটার মুখস্ত অথচ পরিচয় মাত্র কয়েকটা মাসের! যখনই ঊষসী খেয়ে আসবে না তখনই রেহনুমার কাছে ওর জন্য খাবার রেডি থাকবে। ঊষসী কিছু না বলে বক্স কোলে তুলে নিয়ে ঢাকনা খুললো। চোখ বড় বড় করে তাকিয়ে বলল,
– পাস্তা?
রেহনুমা গম্ভীর স্বরে বলল,
– হু সকালে বানিয়েছিলাম পেটে আর জায়গা হচ্ছিলো না তাই বক্স করে নিয়ে এসেছিলাম রাস্তায় কাউকে পেলে দিয়ে দিতাম যেহেতু খেয়ে আসিস নি তাহলে তুইই খা।
ঊষসী এক গাল হেসে ফেললো। প্রতিবার এমন একেকটা কথা বলবে সে আর ঊষসী হাসবে। সে ফিসফিস করে বলল,
– আর কত বানানো কথা বলবি রে?
রেহনুমা কোনো জবাব দিল না, শুধু কড়া একটা চাহনি দিয়ে সামনের বোর্ডের দিকে নির্দেশ করল। ঊষসী তবুও হেসে স্যারের অলক্ষে নিচু হয়ে এক চামচ পাস্তা মুখে পুরে দিল। মুখে খাবারটা দিতেই পেটের জ্বলুনিটা যেন নিমিষেই শান্ত হয়ে এলো। ক্লাস শেষ হওয়ার আগেই ফাঁকে ফাঁকে খেয়ে নিলো সে। স্যার বেরোতেই বক্স রেহনুমাকে দিয়ে ওর কাঁধে মাথা রেখে ক্লান্ত ঘুম ঘুম ভাব নিয়ে বলল,
– রেহনুমা রে! তুই সকাল সকাল উঠে এতসব কিভাবে করিস? আমি তো উঠেই থ মে’রে পড়ে থাকি! তুই আবার পাস্তা বানাস!
রেহনুমা কিছু বলার আগেই আবার মাথা তুলে ওর দিকে তাকিয়ে বলল,
– তোর কি ক্লান্তি নেই?
– ক্লান্তি দেখলে না খেয়ে ম’রতে হবে। আমার সাথে তোদেরও!
সবাই হেসে উঠলো। ওরা জানে ওদের মধ্যে সবচেয়ে একটিভ হলো রেহনুমাই! অন্যরা সবাই ঢেঁড়সই বলা চলে আর ঊষসী অলস আর ঘুম প্রিয় মেয়ে! ঊষসী হাসি থামিয়ে বলল,
– যাই বল তোর জামাই যে হবে সে কিন্তু জিতবে! দুলাভাই আমার কপাল করে এমন বউ পাবে!
রেহনুমা ওর গালে হালকা চি’মটি কে’টে বলল,
– তুই থামবি ঊষা? কিসব উল্টাপাল্টা বকিস! ঘুম কাটেনি তোর? এখনো মাথায় হ্যাং মে’রে আছে। চল তো এখন! ক্যান্টিনে গিয়ে এক কাপ কড়া করে চা খা, তোর ওই অলস ভাব কাটুক।
ঊষসী গাল ডলতে ডলতে মুখ বাঁকাল,
– ওরে বাবা! সত্যি কথা বললেই দোষ। দাড়া তোর বিয়ে হলে তোর জামাইকে গিয়ে বিচার দেব বলবো তোর কপালে কিন্তু মহা এক খিটখিটে রা’ক্ষসী জুটছে!
রেহনুমা উঠে দাঁড়িয়ে বলল,
– যা করার কর আমি গেলাম। গ্যাপের মাঝে ক্লাসে বসে থাকলে তুই বসে থাক।
রেহনুমা ক্লাস থেকে বেরিয়ে গেলে ঊষসী নিজের ব্যাগ নিয়ে ছুটল ওর পিছু পিছু। ওকে ধরে বলল,
– আরে আরে আমাকে রেখে কই যাও!
– যা অলসের ধাড়ি তুই! তুই উঠবি…
ওকে থামিয়ে দিয়ে ঊষসী বলল,
– হয়েছে আর মনে করাতে হবে না সোজা হাঁটুন!
রেহনুমা হেসে উঠলো। ঊষসী রেহনুমা আর তাদের বান্ধবীরা মিলে হাসতে হাসতে ডিপার্টমেন্টের লবি পেরিয়ে নিচে নেমে এল। ক্যাফেটেরিয়ার দিকে এগোতেই হঠাৎই দূর থেকে এক দলের হাসির শব্দ ভেসে আসতেই ঊষসী অজান্তেই চোখ তুলল।
কদম তলার কাছে দাঁড়িয়ে আছে নির্ঝর ও তার বন্ধুমহলের সবাই। প্রথমেই ঊষসীর চোখ গেল কালচে নীল রঙের শার্টের হাতা কনুই পর্যন্ত গোটানো ছেলেটার দিকে! তার এক হাতে চায়ের ওয়ানটাইম কাপ আর অন্য হাতে কিছু কাগজ, খুব সম্ভবত এসাইনমেন্ট! মিরাজরা তানভীরের কোনো কথায় হা-হা করে হেসে উঠলেও নির্ঝর বরাবরের মতোই গম্ভীর, শান্ত আর চারপাশের কোলাহল থেকে যেন নিজের এক আলাদা জগতে অবস্থান করছে। মাঝে মাঝে ওদের দিকে তাকিয়ে দুয়েকটা কথা বলছে যেন কিছু বুঝাচ্ছে।
নির্ঝরকে দেখেই ঊষসীর ভেতরের ফুরফুরে ভাবটা পলকে হাওয়া হয়ে গেল। বুকের ভেতরটা আচমকা আবার ভেতরের সেই বরফশীতল আর দমবন্ধকর অস্বস্তিটা লাফিয়ে উঠল। ঊষসীর পায়ের গতি আপনাআপনি ধীর হয়ে এলো। সে চোখ নামিয়ে ফেলার চেষ্টা করতেই নির্ঝর আচমকা ঘাড় ফিরিয়ে তাদের দিকে তাকাল। ফের সরাসরি চোখাচোখি হয়ে গেল দুজনার।
কয়েক সেকেন্ডের জন্য যেন পৃথিবীর সমস্ত শব্দ স্তব্ধ হয়ে গেল। নির্ঝরের ধারালো চোখ দুটো ঊষসীর চোখের ওপর এসে থামল। কিন্তু কোনো ভাবান্তর নেই, কোনো বিশেষ বার্তা নেই। ঠিক এক সেকেন্ড পর অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে নির্ঝর চোখ ফিরিয়ে নিয়ে মিরাজের কথার জবাব দিতে শুরু করল। ঊষসী নিজেও হাঁফ ছেড়ে বাঁচল কিন্তু এই বাঁচাটা বোধহয় মীরার পছন্দ হলো না। সে ওদের টেনে ধরে বলল,
– ওই দেখ সিনিয়ররা বসে আছে সালাম দিয়ে আসি চল।
ঊষসী আঁতকে উঠে বলল,
– না না আমি যাবো না। তোদের যাওয়ারই বা কি দরকার?
– পাশ কাটিয়ে চলে গেলে বলবে জুনিয়ররা বেয়া’দপ দেখ আমরা এখনো ফার্স্ট ইয়ারে এখন সিনিয়রদের সাথে ভালো সম্পর্ক থাকলে হেল্প পাবো।
নিজের মতো কিছু কথা বলে গেল মীরা এদিকে ঊষসী যেতে চাইছে না। ওদের মুখোমুখি হওয়া মানে নিজের নার্ভাসনেস বাইরে টেনে নিয়ে আসার আরেকটা রাস্তা খোলা! কিন্তু সেসব কি আর মীরা জানে? সে টেনে নিয়ে গেল। ঊষসী আর কিছু করার না পেয়ে ওদের সবার ঠিক পেছনে নিজেকে আড়াল করে বাধ্য হয়ে হেঁটে গেল।
ওরা কাছে আসতেই মীরা আর রুহি বেশ চটপটে কণ্ঠে সালাম দিল,
– আসসালামু আলাইকুম ভাইয়া!
মিরাজ আর হাবিব হেসে সালামের উত্তর দিল,
– ওয়ালাইকুমুস সালাম। কী খবর তোদের?
নির্ঝর কফির কাপে চুমুক দিচ্ছিল। সালাম শুনে সে একবার শান্ত নজরে ওদের দিকে তাকাল কিন্তু কিছু বলল না। তানভীর একটু এগোতেই তার চোখ পড়ল রেহনুমার ওপর। সঙ্গে সঙ্গে মুখে চওড়া একটা হাসি টেনে চটপটে গলায় শুধাল,
– কেমন আছো রেহনুমা? ট্যুর তো শেষ হলো, পড়ালেখার খবর কী?
রেহনুমা একদম সোজা দাঁড়িয়ে মাথাটা সামান্য নিচু রেখে একদম কাটকাট উত্তর দিল,
– ভালো আছি ভাইয়া। আর পড়ালেখাও স্বাভাবিক চলছে।
তানভীর ওর সংক্ষিপ্ত আর নিরুত্তাপ উত্তর শুনে হালকা কেশে একটু বিব্রত হাসি হাসল। নির্ঝর বলল,
– ক্লাসের সময়ে বাইরে ঘুরে বেড়াচ্ছ কেন? ক্লাস নেই নাকি?
মীরা তড়িঘড়ি করে উত্তর দিল,
– না ভাইয়া, আমাদের নেক্সট ক্লাসের আগে আধা ঘণ্টার একটা গ্যাপ আছে। তাই ভাবলাম সবাই মিলে ক্যাফেটেরিয়া থেকে চা খেয়ে আসি।
নির্ঝর আর কিছু বলল না নিজের কাজে মনোযোগ দিলো। হাবিব হেসে উঁকি দেওয়ার মতো করে দেখে বলল,
– ঊষসী না? কি খবর তোমার? ওভাবে পেছনে দাঁড়িয়ে আছো কেন?
আড়াল হওয়ার সব প্রচেষ্টা নিমিষেই ব্যর্থ হলে সে বাধ্য হয়ে একটু সামনে এসে দাঁড়িয়ে মুখ তুলে একটা কৃত্রিম হাসি ফোটানোর চেষ্টা করল।
– জি ভাইয়া। ভালো আছি। না মানে… এমনিতেই দাঁড়িয়ে ছিলাম।
কেমন কটমট করে তাকিয়ে থাকা আনিকা হঠাৎ বলে বসলো,
– আজ তোমরা এখানে হঠাৎ? সেদিন তো নাট…
– আনিকা!
নির্ঝরের শান্ত গলায় ডাক শুনে আনিকা চুপ হয়ে গেল। নির্ঝর কফির শেষ চুমুকটা দিয়ে হাতের খালি কাপটা পাশের ডাস্টবিনে ফেলে দিল।
– স্যার ল্যাবে ওয়েট করছেন। তোদের গল্প শেষ হলে চল।
মিরাজ তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে বলল,
– আরে হ্যাঁ, চল চল! স্যারের মেজাজ তো জানিসই, দেরি হলে ল্যাবের বারোটা বাজিয়ে দেবে। জুনিয়র্স আমরা আসি হ্যাঁ? টাটাহ।
ওরা হেসে বিদায় দিলো। যাওয়ার সময় তানভীর আরও একবার রেহনুমার দিকে তাকানোর চেষ্টা করলেও রেহনুমা সম্পূর্ণ অন্যদিকে মুখ ঘুরিয়ে রইল।
সিনিয়রের দলটা পার হয়ে যেতেই ঊষসী যেন একটা বড়সড় বাঁচা বাঁচল। সে বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাসটা আস্তে করে ছেড়ে দিল। একই ক্যাম্পাসে এভাবে আর কতদিন চলতে পারবে সে? প্রাণ পাখি তো উড়ে যাচ্ছে তার এভাবে থাকতে গিয়ে! উফফ!
.
– আমি বারবার মানা করেছি না এইসব বিষয় নিয়ে যেন ক্যাম্পাসে কোনো কথা না হয়?
আনিকার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলল নির্ঝর। আনিকা আমতা আমতা করে বলল,
– – ওরা কেমন তোর পিছনে ঘুরঘুর করছে দেখিস নি? তাই বলছিলাম আমি…
নির্ঝর বিরক্ত হলো বেশ! এই মেয়েটা একটু বেশি বাড়াবাড়ি করে! বিরক্তির সুরে বলল,
– ওরা ঘুরঘুর করছে নাকি তুই অযথাই অহেতুক বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছিস, আনিকা? যা বলেছিস মানলাম কিন্তু তুই কি কথা তুলতে যাচ্ছিলি? ওখানে যে শুধু আমরা না, সবাই ছিলো সেটা দেখেছিস?
আনিকা মিইয়ে গেল। সে নিচু স্বরে বলল,
– আচ্ছা সরি, আমি আর বলব না।
মিরাজ আর হাবিব পেছনে থেকে একে অপরের দিকে তাকিয়ে চোখের ইশারায় মৃদু হাসল। নির্ঝর যে নিজের ব্যাপারে এত ঘাটাঘাটি আর কথা অমান্য করাটা একদমই পছন্দ করে না তা তাদের খুব ভালো করেই জানা। কিন্তু আনিকা যে মাঝেমধ্যেই নির্ঝরের প্রতি তার একতরফা অধিকারবোধ দেখাতে গিয়ে এমন ভুল করে বসে সেটাও তাদের অজানা নয়।
নির্ঝর আর কিছু যা বলে পা বাড়ালো ল্যাবের দিকে। ওর পিছু পিছু সবাই ছুটে গেল।
মাঝে দুটো দিন কেটে গেছে। তেমন নতুন কিছুই হয়নি এই দুদিনে। সবই নিজের গতিতে এগোচ্ছে।
– আনিকা আপু কেন জানি প্রতিদিন কেমন একটা মেজাজ নিয়ে থাকে, তাই না?
মীরার উত্তরে রুহি চটপট বলল,
– বিশেষ করে নির্ঝর ভাইয়ার আশেপাশে কেউ গেলেই ওনার চোখ-মুখ লাল হয়ে যায়!
বলে নিজেই হেসে উঠলো। রেহনুমা বলল,
– তোরা এখানে বসে এসব আলাপ করছিস? এইসব কথা কারো কানে গেলে কি হবে ভেবেছিস?
– কি আর হবে? আমরা কিছু বললেই দোষ?
ঊষসীরই আরেক বান্ধবী আহিয়া গালে হাত রেখে বলল,
– তোদের কি মনে হয় ওনাদের ভেতর কিছু একটা আছে?
রুহি চটপট বলল,
– আমার তো মনে হয় এটাই!
ক্লাস শেষ হয়েছে অনেকক্ষণ কিন্তু সেই থেকে ওদের এই নিয়ে আলাপ আলোচনা শেষ হচ্ছে না। ঊষসী এবার রাগ দেখিয়ে বলল,
– তোরা কি এসব করতে ভার্সিটি আসিস? আমি গেলাম।
মিরা বলল,
– এই না না! আচ্ছা থামলাম। শোন আমরা মার্কেট যাবো চল।
– না না আমি কোথাও যাবো না। তোরাই যা, আমি টায়ার্ড।
রেহনুমাও যেতে আগ্রহী নয় তাই ওদের রেখে বাকি তিনজন গেল। রেহনুমা আর ঊষসী দুজনে ক্যাম্পাসে ঘুরতে লাগলো কিছুক্ষণ। ভার্সিটিতে হাঁটতে হাঁটতে হঠাৎ রেহনুমা বলল,
– এই এক মিনিট!
– কি হয়েছে?
– আমি যে নোট এনেছিলাম না তাহফিয়া আপুর কাছ থেকে ওটা ফেরত দিতে ভুলে গেছি! চল ওটা দিয়ে তারপর ফিরে যায়।
ঊষসী মনে মনে বলল, "আবার?" কিন্তু মুখে বলল,
– কাল দিস আমি খুব টায়ার্ড রে!
– আরে দুমিনিট।
টেনে নিয়ে গেল। কমন রুমে ওদের বসে থাকতে দেখে ওরা সেদিকে এগোতে লাগলো তখন রেহনুমার একটা কল আসলে সে ঊষসীকে বলল,
– ওই যে তাহফিয়া আপুকে দিয়ে আয় তো আমি কলটা ধরি!
ঊষসী তাহফিয়াকে দেখেই সেদিকে গেল কিন্তু পথিমধ্যে কোথা থেকে নির্ঝর সামনে পড়ে গেল। নির্ঝর এর চেহারায়ও বিরক্ত ভাব ফুটে উঠেছে। সে বিরক্ত মুখে জিজ্ঞেস করল,
– এখানে কি?
ঊষসী বলল,
– আমি তো তাহফিয়া…
– কি তাহফিয়া? আমার পিছু পিছু ঘুরঘুর করছো তুমি?
ঊষসী যেন আকাশ থেকে পড়লো। সে অবাক কণ্ঠে শুধাল,
– মানে?
নির্ঝর রাগী কণ্ঠে বলল,
– মানে! আমি সেদিনই তোমাকে পরিষ্কার করে বলে দিয়েছিলাম না? সেটা স্রেফ একটা দুর্ঘটনা ছিল। ওটা নিয়ে মাথার ভেতর উল্টাপাল্টা চিন্তা আনবে না। আর এভাবে বারবার আমার সামনে এসে বা পেছনে ঘুরে কোনো বিশেষ মনোযোগ পাওয়ার চেষ্টা করা বন্ধ করো।
ঊষসী ভ্যাবাচ্যাকা খেয়ে মুখ তুলে তাকাল। সে তো এখানে নির্ঝরের জন্য আসেনি! তাহফিয়া আপুকে নোট ফেরত দিতে এসেছে! অথচ নির্ঝর কত সহজেই তাকে বানিয়ে দিল একজন সস্তা মনের মেয়ে, যে কিনা তার পেছনে ঘুরঘুর করছে!
#চলবে…?
(আজকে গল্প দিতে পারবো না ভেবেও অনেক বড় করে দিয়ে দিলাম🫠🤍 রেসপন্স করবেন🌸)