ফন্ট সাইজ:
থিম:
কদম গুচ্ছের কাব্য গাঁথা

পর্ব 5

লেখক: তাবাসসুম তাজ্বওয়ারী

#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(৫)
#তাবাসসুম_তাজ্বওয়ারী

ঊষসী স্তব্দ নয়নে চেয়ে। নির্ঝর কি ওকে কোনো নিম্নমানসিকতার মেয়ে বুঝালো? সে কি এমন কিছুই করেছে যে তাকে এভাবে বলার কিছু হয়েছে! সে তো নোট নিয়ে এসেছিলো। প্রথম থেকে গত দুটো দিনেই সে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে যেন ওদের এড়িয়ে চলা যায় আর উনি কি না এটা বলছে? নিজের উপর সাথে রেহনুমার উপর তার বেশ রাগ হলো। রেহনুমা যদি তাকে এভাবে ঠেলে না পাঠাতো তবে এই অপমানের মুখোমুখি তাকে হতেই হতো না!

– আমি আপনার পিছু পিছু কেন ঘুরঘুর করবো? আপনি কি প্রেসিডেন্ট নাকি এই ভার্সিটির ভিসি? কোনটা? আমি তাহফিয়া আপুকে নোট দিতে এসেছি ওটা দিয়েই চলে যেতাম, আপনাকে আমি এখানে কোথাও দেখিনি বরং আপনিই হুট করে আমার সামনে চলে এসেছেন! তাহলে কি বলবো আপনি ঘুরঘুর করছেন? কথা বলার ক্ষেত্রে সাবধানে বলবেন। অপরজনের কাছে কথাটা কিভাবে পৌঁছাচ্ছে সেটা ভাববেন। আমি অমন মেয়ে নই যে আপনার পিছু পিছু ঘুরঘুর করে নাটক করবো।

ঊষসী আর দাঁড়াল না, নির্ঝরকে পাশ কাটিয়ে তাহফিয়ার কাছে গিয়ে নোটটা দিয়ে সোজা হেঁটে চলে গেল। নির্ঝর কিছুই বুঝলো না। তার চেহারায় বিরক্তি আর গাম্ভীর্য ফুটে উঠেছে। সে ঊষসীকে ওভাবে বলতে চায় নি আসলে আনিকা সারাক্ষণই এই এক কথা বলতে থাকে "ওরা তোর পিছে ঘুরঘুর করছে" তাই কথাটা যেন নির্ঝরের মাথায় ঘুরপাক খাচ্ছিল। একটু আগেই একজনের সাথে ঝামেলা হয়েছে যার কারণে মাথা খুব গরম ছিলো আর ঠিক সেই মুহূর্তেই এখানে এসে ঊষসীকে দেখে নির্ঝর ধরে নিল, আনিকার কথাই হয়তো সত্যি! ঊষসী সত্যিই কোনো না কোনো অহেতুক বাহানায় তার আশেপাশে ঘুরঘুর করার চেষ্টা করছে। নিজের ভেতরকার রাগ শেষমেশ ঊষসীর উপর ঝেড়ে ফেলেছে।

অন্যদিকে রেহনুমা তখনও ফোনে কথা বলছিল কিন্তু ঊষসী তার জন্য আর এক সেকেন্ডও অপেক্ষা করার প্রয়োজন বোধ করল না। তার সমস্ত অস্তিত্ব জুড়ে তখন তীব্র অপমান আর আত্মসম্মানের দ’হন। চোখে গড়িয়ে পড়তে চাওয়া জলটুকুকে অতি কষ্টে চেপে ধরে সে সোজা হলের পথ ধরল। পেছনে কে ডাকল, কে কী ভাবল সেদিকে ফিরে তাকানোর মতো ইচ্ছে করলো না। রেহনুমা কল কেটে আশেপাশে তাকিয়ে দেখলো কিন্তু ঊষসীর চিহ্নও দেখা গেল না। সে হেঁটে আবার কমন রুমে গিয়ে দেখলো তাহফিয়ারা সবাই বসে আছে। সে ভালোমন্দ জিজ্ঞেস করে বলল,

– আপু নোট কি পেয়েছেন?

তাহফিয়া হেসে বলল,

– হ্যাঁ ঊষসী তো দিয়ে গেল একটু আগেই।

– আচ্ছা! ও কোথায়?

– ও তো বেরিয়ে গেছে।

রেহনুমা অবাক হয়ে বলল,

– বেরিয়ে গেছে!

– হ্যাঁ তুমি জানো না?

– না আসলে আমি একটু কাজে আটকে গেছিলাম তাই ওকে দিতে বলেছিলাম কিন্তু হুটহাট বেরিয়ে গেল কেন কি যে হয়েছে আবার। আচ্ছা আপু আমি আসি।

তড়িঘড়ি করেই এক প্রকার ছুটে বেরিয়ে গেল রেহনুমা। কিন্তু ঊষসীর দেখা আর পেলো না! মেয়েটা এমনভাবে চলে গেল কেন কে জানে!

.

হলে ফিরে নিজের রুমে গিয়ে দরজায় খিল তুলে দিল ঊষসী। তার সমস্ত শরীর রাগে আর অপমানে রি-রি করছে। পায়চারী করতে করতে সে বিড়বিড় করলো,

– এসব ঝামেলা আমার সাথেই কেন জড়ায়? একটার পর একটা লেগেই আছে!

সে সিদ্ধান্ত নিলো এখন এমনভাবে চেষ্টা করতে হবে যেন একদমই নির্ঝরদের সামনে না পড়ে। হলে আসা যাওয়ার বিকল্প রাস্তা ইউজ করবে আর যেসব জায়গায় ওদের আড্ডাখানা সেসব রেড জোন করতে হবে অর্থাৎ সম্পূর্ণ কয়েকগজ দূরে থাকবে।

পরেরদিন থেকে সে সর্বোচ্চ চেষ্টা করলো যেন কারো সামনে না পড়ে। কদম তলার রাস্তাটা তার জন্য এখন ‘রেড জোন’। বন্ধুদের সাথে ক্যাফেটেরিয়ার আড্ডায় যাওয়া সে প্রায় পুরোপুরি কমিয়ে দিল। লাইব্রেরিতে যাতায়াত কিংবা আসা যাওয়া সবক্ষেত্রেই সে ব্যবহার করতে শুরু করল ক্যাম্পাসের বিকল্প ও নির্জন পথগুলো। ক্লাসেও সে একদম শেষ বেঞ্চে গিয়ে বসত এবং স্যার ক্লাস শেষ করে বের হওয়া মাত্রই ব্যাগ গুটিয়ে কেটে পড়ত এবং তার চেষ্টাকে আরো এক ধাপ এগিয়ে দিয়ে ভার্সিটিতে পরীক্ষার ডেট দিয়ে দিলো। এবার শুরু হলো জোর কদমে প্রস্তুতি। ভার্সিটির নোটিশ বোর্ডে সেমিস্টার পরীক্ষার রুটিন ঝুলতেই পড়ার চাপ দ্বিগুণ হয়ে গেল। ঊষসীর জন্য এই পরীক্ষাটা যেন ব্লেসিং হয়েই এল। এখন আর আলাদা করে কাউকে এড়িয়ে চলার নাটক সাজাতে হচ্ছে না, দিনরাত পড়ালেখা আর লাইব্রেরির কোণায় মুখ গুঁজে থাকাটাই তার ডেইলি রুটিন হয়ে দাঁড়িয়েছে। একটা সপ্তাহ এভাবে কেটে যাওয়ার পর ঊষসী স্বাভাবিক হয়ে গেল। আগে কি ঘটেছে কে কি বলেছে সব মাথা থেকে বের করতে সক্ষম হলো। পরীক্ষার তাড়াহুড়োয় পড়ালেখায় ডুব দিয়ে ঊষসী একপ্রকার মানসিক শান্তি ফিরে পেল। তার ভেতরের অস্বস্থি আর হতাশা পড়াশোনার চাপের নিচে চাপা পড়ে ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল। এখন পুরো বিষয়টাই সে একটা অপ্রয়োজনীয় দুর্ঘটনা হিসেবে মন থেকে মুছে ফেলল। এখন তার পুরো মনোযোগ স্রেফ প্রথম সেমিস্টারের ফল ভালো করার দিকে।

ওদিকে নির্ঝর প্রথমে খেয়াল না করলেও পরের কয়েকদিন খেয়াল করলো ঊষসী নামক মেয়েটাকে এখন আর দেখা যায় না বললেই চলে। বেশ কয়েকবার জুনিয়রদের দেখা গেলেও ওই মেয়েটাকে দেখা যায় নি যদিও সে নিজেও ব্যস্ত ছিলো। তবে ঊষসী কথা মেনেছে এই ভেবে নির্ঝরের ঠোঁটের কোণে এক চিলতে নিস্পৃহ প্রশান্তির রেখা ফুটে উঠল। সে মনে মনে ভাবল,

"যাক, ভালোই হয়েছে। মেয়েটা অন্তত অহেতুক পিছু নেওয়াটা বন্ধ করেছে। নিজের আত্মসম্মানবোধটুকু আছে দেখে বাঁচা গেল, ঝামেলাটা এখানেই চুকে গেল।"

নির্ঝর একটা স্বস্তির শ্বাস ছেড়ে বাকিদের দিকে তাকালো। একটু আগেই সবাই মিলে কদম গাছের নিচে এসে বসেছে, তাদের জনপ্রিয় আড্ডার স্থান সাথে তাদের চা। নির্ঝর চুপ থাকলেও বাকিদের আড্ডা যেন থামার নামই নিচ্ছিল না! নির্ঝর যদিও এসব উপভোগ করে সে যতই চুপচাপ হোক। তানভীর শেষ চুমুক দিয়ে খালি কাপটা দুমড়ে-মুচড়ে হাবিবের দিকে চ’ড়ে মা’রার ভঙ্গিতে টুপ করে ছুড়ে দিল। হাবিব চট করে মাথা সরিয়ে নিতেই মিরাজ এক গাল হেসে বলল,

– এই তানভীর! তোর নিশানা কিন্তু প্রজেক্টের মতোই ফ্লপ! আরেকটু হলে তো কাপটা সোজা হাবিবের টাকে গিয়ে লাগত।

মিরাজ হাত বাড়ানোর নাটক করতেই হাবিব তড়িঘড়ি মাথায় হাত দিয়ে কটমট করে তাকাল,

– ভাই, আমার চুলে হাত দিবি না বলে দিলাম! এমনিতেই এই সেমিস্টারের চ্যাপ্টার ফাইভ পড়তে পড়তে মাথার অর্ধেক চুল এমনিতেই হাওয়া। তার ওপর তোদের এই যখন তখন ডিরেক্ট অ্যা’টাক সহ্য হবে না!

পুরো বন্ধুমহল একসাথে হাহা করে হেসে উঠল। হাবিব তার চুলের প্রতি খুব কনসার্ন। সকলের মতে মেয়েদের থেকেও বেশি যত্ন করে সে। ইভেন কাউকে হাত দিতে দেয় না ওর চুলে। সবসময় চুল গোছানো থাকে। কিন্তু বন্ধুদের সেসব সহ্য হয়? সুযোগ পেলেই চুলের উপর হা’মলা চালায়। তানভীর হেসেই বলল,

– আরে হাবিব, চাপ নিস না! চুল পড়ে গেলে তোকে একদম কড়া অফিসারদের মতো লাগবে! তখন আবার কোন জুনিয়র তোকে দেখে তোর প্রেমে পিছলা খেয়ে পড়বে দেখবি।

হাবিব হাতে থাকা একটা নোট তানভীরের দিকে ছুড়ে মা’রলো। তানভীর ক্যাচ ধরে বলল,

– কেউ প্রেমে পড়ছে না দেখে আমার উপর রাগ দেখাচ্ছিস কেন?

মিরাজ একবার আশেপাশে তাকালো। সবাই দূরে আছে আর এদিকে শুধু ওরাই তাই সে তানভীরদের থামিয়ে নির্ঝরের দিকে আড়চোখে বলল,

– তোরা এইসব নিয়ে ঝগড়া করছিস? আর এই মহাশয়কে দেখ…

একটু থেমে নির্ঝরের দিকে একটু চেপে ফিসফিস করে বলল,

– এই ব্যাটা বিয়ে করেও সিঙ্গেল হয়ে ঘুরছে আরে এরকম সুযোগ আমার আসলে আমি তো বউকে তুলে নিয়ে…

নির্ঝর চোখ গরম করে তাকাল। মিরাজ পাত্তা না দিয়ে বলল,

– দেখ দেখ কিভাবে তাকাচ্ছে! বিয়ে করে বউ ছাড়া ঘুরছে এটা কি আমাদের দোষ? বউ লাগলে আমাদের বল আমরা কট দিয়ে হলেও…

বাকিটা শোনা গেল না। তানভীর হাবিব আর মিরাজের হাসির নিচে চাপা পড়ে গেল। নির্ঝর চুপচাপ ওদের দিকে তাকিয়ে আছে দেখে মিরাজ হাসি থামিয়ে বলল,

– ভাই রে ভাই, তোর কি হাসির পেশিগুলো ভুলক্রমে গায়েব হয়ে গেছে? নাকি হাসলেই তোর কোনো সিক্রেট কোড লিক হয়ে যাবে? এতো গম্ভীর থাকিস কিভাবে?

– চুপ করবি মিরাজ? নাকি এখান থেকে এক ধাক্কায় সোজা ল্যাবের প্রজেক্টের টেবিলে চালান করে দেব?

নির্ঝরের থমথমে কন্ঠ শুনে মিরাজ দ্রুত হাতের দুই আঙুল ঠোঁটে চেপে ধরে হাসতে লাগল। তানভীর আর হাবিব সে দৃশ্য দেখে মুখ চেপে নিজেদের হাসি থামানোর ব্যর্থ চেষ্টা করল। তানভীর হাসি চেপে বলল,

– বউ থেকেও ব্যাচেলর থাকতে কষ্ট হচ্ছে তাই রেগে আছিস?

নির্ঝর দাঁতে দাঁত চেপে বলল,

– বেশি কথা বললে মা’র খাবি কিন্তু!

তানভীর এবার কথা না বাড়িয়ে হুট করেই মুখাবয়বে মেয়েদের মতো মিষ্টি এক লাজুক ভঙ্গি ফুটিয়ে তুলল। চোখে মুখে কষ্টের ভাব আনার চেষ্টা করে বলল,

– ওমা! তাই নাকি সোনা? বউ থাকতেও একলা থাকতে বুকটা একদম ফেটে যাচ্ছে তোমার? আহারে সোনাগো আমার! আমার তো দেখে একদম কান্না চলে আসছে গো!

তানভীরের এমন ঢং আর ন্যাকামি দেখে হাবিব আর মিরাজ এর হাসতে হাসতে মাটিতে শুয়ে প্রায় গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা হলো। মিরাজ হাসতে হাসতে পেটে হাত দিয়ে বলল,

– ওরে ভাই রে ভাই! তানভীর, তোর এসব পড়ালেখা ল্যাব ছেড়ে তো কোনো থিয়েটারে পার্ট দেওয়া উচিত! নির্ঝর, তোর কিন্তু ব্যাচেলর লাইফ শেষ করার জন্য তানভীরই যথেষ্ট!

হাবিবও যুক্ত হলো এবার,

– একদম সঠিক! নির্ঝর ভাই, তুই ওকে নিয়েই সংসার পাত, তোর আর কোনো বউয়ের দরকার পড়বে না!

তানভীর তখনও থামেনি। সে নির্ঝরের ডান হাতটা নিজের দু'হাতে জড়িয়ে ধরে আরো লেপ্টে যাওয়ার নাটক করে বলল,

– ও আমার কাঠখোট্টা সুজন! তোমার এই বরফশীতল হূদয়খানা আমাকে একটু দান করবে? আমি না হয় তোমার একাকিত্বের সাথী হবো! তোমার একটুও একা লাগবে নাআআ…

নির্ঝর ওর হাত ঝাড়ি দিয়ে উঠে দাঁড়াল। তানভীরের দিকে একটা মারাত্মক খু’নে নজরে তাকাল।

– তোদের এই অস’ভ্যতার জন্য কোনদিন তোরা আমার মার খাবি বুঝতে পারছি না!

– তোমার জন্য তো মা…

– এই চুপ মেয়েদের মতো করলে তোকে নিয়ে ফুটবল খেলবো বলে দিলাম। এই মিরাজ? যেই প্রজেক্টের দায়িত্ব তোরা নিয়েছিস ওটা যদি ঠিক টাইমে সাবমিট করতে না পারিস আমার কাছে আসলে সবগুলোকে লা’থি দিয়ে বের করবো।

বলেই হনহনিয়ে চলে গেল। তানভীর হাসতে হাসতে গড়াগড়ি খেলো তারপর উঠে বসে বলল,

– শা’লা! হুমকি দিয়ে গেল তবুও হাসলো না!

মিরাজ হাত ঝেড়ে উঠে বসতে বসতে বলল,

– আরে ছাড় তো! রোবটের বডিতে কি আর হাসির সিস্টেম ইনস্টল করা আছে? ওর শরীরে তো রগ আর র’ক্ত নয়, তাঁর আছে রে তাঁর।

হাবিব জামার ধুলো ঝাড়তে ঝাড়তে যোগ করল,

– বলিস না ভাই! যে হারে প্রজেক্টের হুমকি দিয়ে গেল, এখন হাসাহাসি বন্ধ করে ল্যাবের দিকে ছোটাই ভালো।

তিনজন হাসতে হাসতে উঠে দাঁড়াল।
ওদিকে নির্ঝর তানভীরদের ওই অনর্থক প্যানপ্যানানি আর বন্ধুদের উ’ত্যক্ত করার হাত থেকে বাঁচতে হনহন করে করিডোর পেরিয়ে ক্যাফেটেরিয়ার দিকে এগোতে লাগল। তার গায়ের শার্টের হাতা দুটো বরাবরের মতোই কনুই পর্যন্ত গোটানো, আর মুখে থমথমে গাম্ভীর্য। ক্যাফেটেরিয়ায় যেতেই নির্ঝরের হাঁটার গতি আচমকা থমকে দাঁড়াল। একবার ঘাড় ঘুরিয়ে কোণার টেবিলে তাকালো। সেখানে রেহনুমা, রুহি আর মীরার সাথে বসে পেপসির ক্যান হাতে নিয়ে আড্ডায় মেতে আছে ঊষসী। আরো কয়েকজন আছে কিন্তু নির্ঝরের চোখে একজনকেই দেখা গেল! পরীক্ষা শেষ হওয়ার কারণে আজ প্রাণবন্ত লাগছে তাই ঊষসীরা আড্ডা দিতে ক্যাফটারিয়ায় এসেছিল। পেপসি আর সিঙ্গাড়ার অর্ডার দিয়ে হাসিগল্পে মেতে উঠেছে যে আশেপাশের কিছুই খেয়াল নেই। আর এতগুলো দিন পর ঊষসী নামক মেয়েটাকে দেখে কেমন একটা অনুভূতি হলো চুপচাপ ছেলেটার। সাথে সাথে চোখ ফিরিয়ে নিলো সে। কীসের জন্য এসেছে সেই কাজটাই ভুলে বসেছে দেখে উল্টো ঘুরে বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো কিন্তু যাওয়ার আগে দৃষ্টি আবারও সেই একই জায়গায় পৌঁছে গেল আজব! এক প্রকার টেনে হিঁচড়ে মাথা নিচু করে বেরিয়ে গেল সে!

#চলবে…?

(যাদের ভালো লাগছে না তারা প্লিজ স্কিপ করবেন কিন্তু একেকটা উল্টাপালটা কথা বলে লেখার মনোবল নষ্ট করবেন না। একেকজনের চয়েস একেকরকম হবে এটা স্বাভাবিক। যারা লিখেন তাদের কাছে পাঠকদের কথাগুলোই অনুপ্রেরণা তাই কিছু কথা শুনলে লেখার আগ্রহ কমে যায়। মনে হয় যে যা লিখছি সেগুলো হয়তো মানুষের পছন্দ হবে না।
ভুল হলে সেটা শুধরে দিবে অবশ্যই কিন্তু নিজের চয়েসের বাইরে বলে সেটার জন্য কথার মাধ্যমে আ’ঘাত দিবেন, এমনটা করবেন না🌸)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 5 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন