#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(৬)
#তাবাসসুম_তাজ্বওয়ারী
– এই তোরা বাড়ি যাবি না?
ঊষসীর এমন প্রশ্নে রুহি মুখ গোমড়া করে বলল,
– ধুর পরীক্ষা শেষে বন্ধই দিয়েছে তিনদিন সেখানে বাড়ি গিয়ে আবার ফিরবো কবে?
– তাও ঠিক!
– হু সবার বাড়ি তো আর তোর মতো কাছে নয়।
ঊষসী হাসলো শুধু। মীরা বলল,
– তুই তো প্রতি সপ্তাহে বাড়িতে যেতে পারিস যাস না কেন? আমার বাড়ি কাছে হলে তো আমি প্রতিদিনই যেতাম।
– তোদের ছেড়ে যেতে ইচ্ছে হয় না তাই যাই না।
রেহনুমা এক গাল হেসে অবাকের ভান ধরে বলল,
– বাহ! কী পাম রে! আমাদের ছেড়ে থাকতে পারিস না নাকি অন্য কিছু?
ঊষসী চোখ পাকিয়ে সুধালো,
– অন্যকিছু কি?
– ওই যে আন্টি বলবে "ঊষসী এই ছেলেটাকে দেখ তো কেমন লাগছে"
ঊষসী চোখ গরম করে তাকালো। সত্যিই বাড়িতে গেলে তাকে একশবার এই কথা শুনতে হয়, দশবার পঞ্চাশটা ছেলের ছবি নিয়ে হাজির হয় সবাই। এই প্রকার বিরক্ত সে। তার বাড়ি বলতে গেলে একই জেলার ভেতরেই কিন্তু বাড়ি থেকে ভার্সিটি ক্যাম্পাসে পৌঁছাতে চার-পাঁচ ঘণ্টার বেশি জার্নি করতে হয়। তবুও প্রতি সপ্তাহে যাওয়ার মতো, প্রথম প্রথম সে প্রতি সপ্তাহেই যেতো কিন্তু বিয়ের কথা এত বেশি বলে যে সে যাওয়াই কমিয়ে দিয়েছে।
রেহনুমা ওর এক্সপ্রেশন দেখে খিলখিল করে হেসে উঠে বলল,
– দেখছিস মীরা? কথা একদম সঠিক ট্র্যাকে গিয়ে লেগেছে! আন্টির এই ছবি প্রদর্শনী থেকে বাঁচতেই মেয়েটা হলে পড়ে থাকে।
মীরা পেপসির ক্যানে চুমুক দিয়ে ঊষসীর দিকে তাকিয়ে বলল,
– আরে আন্টিও তো ভুল কিছু করছে না রে। আমাদের ঊষা ম্যাডাম যেভাবে সিঙ্গেল থাকার ব্রত নিয়ে ঘুরে বেড়াচ্ছেন! কোনো ছেলেকেও পছন্দ হয় না তোর কি আর বলি! আন্টি ছাড়া আর কার ঠ্যাকা পড়েছে বল তোর জন্য রাজপুত্র খোঁজার?
ঊষসী নিজের ডান হাতের চামচটা দিয়ে খালি প্লেটে হালকা ঠুকতে ঠুকতে বিরক্ত গলায় বলল,
– তোরা থামবি? কোনো রাজপুত্রের শখ আমার নেই। এই এক বিয়ের প্যারা থেকে শান্তি পাওয়ার জন্যই তো এতো কষ্ট করে হলে পেটে-পিঠে এক করে পড়ে আছি। সেখানে আবার তোদের এই এক ঘ্যানঘ্যানানি! এই পড়ালেখা বাচাঁতে কি কি করেছি জানিস? সেই কবেই বিয়ে দিয়ে দিতো!
– আচ্ছা আচ্ছা হয়েছে এবার উঠ। তুই তো আজকের বাসেই ফিরবি এখন গিয়ে ফ্রেশ হয়ে ব্যাগ গুছিয়ে নে।
– বাকিরা সব কি থেকে যাবি নাকি?
– হ্যাঁ কি আর করার একজন গেলে অন্যজন একা হয়ে যাবে তার চেয়ে তুই ঘুরে তাড়াতাড়ি ফিরে আসিস।
ঊষসী যদিও ওদের তার সাথে তার বাড়িতে যেতে বলেছিল কিন্তু এখন কেউই যাবে না। পরে লম্বা ছুটি পেলে ঘুরতে যাবে বলে জানালো। এইবার শুধু তিনদিনের ছুটি তাই ঊষসী বাড়ির হাওয়া খেতে যাচ্ছে! ওরা উঠে ক্যাফটারিয়া থেকে বেরিয়ে গেল। ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে ধীরপায়ে হলের দিকে হাঁটতে হাঁটতে ঊষসীর মনে পড়ল সেই কঠিন দিনগুলোর কথা। ইন্টারমিডিয়েট পাস করার পর থেকেই বাড়িতে বিয়ের ধুম পড়ে গিয়েছিল। কত যে বিয়ের প্রস্তাব আর ছবি সামলাতে হয়েছে তাকে! একমাত্র পড়াশোনা আর ক্যারিয়ারের অজুহাত দেখিয়েই সে বাড়ি থেকে পালিয়ে আসার মতো করে ভার্সিটির হলে এসে উঠেছে। তবে কপাল ভালো যে বাড়ির লোক অন্তত রাজশাহী শহরের ভেতরেই একটা নামকরা ভার্সিটিতে ভর্তি হতে দেখে আর তেমন বাধা দেয়নি। তবে বাড়িতে গেলেই কোথা থেকে যেন একেকটা প্রস্তাব নিয়ে হাজির হয়! এইবারও যাচ্ছে কি কি যে সামলাতে হবে সে নিজেও জানে না!
হলে ফিরে ঊষসী দেরি করল না। দ্রুত ফ্রেশ হয়ে একটা ছোট ব্যাকপ্যাক গুছিয়ে নিল। তিনদিনের জন্য খুব বেশি জামাকাপড় নেওয়ারও প্রয়োজন নেই। দ্রুত রেডি হয়ে বেরিয়ে গেল। বিকেলের বাসেই যেতে হবে নাহয় অনেক দেরি হয়ে যাবে। varমূল ফটক পেরিয়ে প্রধান রাস্তায় আসতেই একটা রিকশা ডেকে বসল ঊষসী। বাস স্ট্যান্ড পৌঁছতেই বাসে উঠে বসলো সে। দশ মিনিট পরই বাস ছেড়ে দিবে। বাসে বসে ফোন বের করে মাকে কল দিল,
– মা, আমি বাসে উঠে গেছি। ভাইয়াকে বলো টার্মিনাল থেকে নিয়ে যেতে কিংবা গাড়ি পাঠিয়ে দিতে।
– ঠিক আছে সাবধানে আসিস। ফোন দিলেই ধরবি। একা একা আসা যাওয়া করিস আমার কি যে টেনশন হয়!
– মা, এত টেনশন কোরো না তো! রাজশাহীর ভেতরেই তো, চার-পাঁচ ঘণ্টার জার্নি মাত্র। আমি একদম ঠিকঠাক পৌঁছে যাব।
– হুকুম দেওয়া সহজ, মা হয়ে টেনশন না করে থাকা যায় নাকি?
এরপর কথা শেষ করে কল কেটে দিলো।
.
বিকাল থেকেই কেমন অস্থির হয়ে আছে নির্ঝর। নিজের উপর রাগ হচ্ছে তার। তখন ক্যাফটারিয়াতে ঊষসীকে দেখে মনে যে কি চলছে সে নিজেও বুঝতে পারছে না। এতদিন স্বস্তিতে ছিলো সে আর আজ কি হচ্ছে! নিজের চিন্তা ভাবনায় পানি ঢালতে সারাটাদিন প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করেছে কিন্তু মন মস্তিষ্ক যেন তার বিরুদ্ধে যাচ্ছে! ল্যাপটপের শাটার বন্ধ করে রুম থেকে বেড়িয়ে গেল সে। হল থেকে বেরিয়ে একবার ভাবল বন্ধুদের ডাকবে পরক্ষণেই ভাবল একটু একা চলুক। জীবনটা তো একার সবসময় বন্ধুদের না ডেকে একাকিত্ব উপভোগ করা ভালো কারণ তার জীবনটা পুরোটাই একা!
বেরিয়ে সে ধীর পায়ে ক্যাম্পাসের পিচঢালা পথ ধরে এগোতে লাগল। নিজেকে নিয়ে এমন একবুলিয়া অনুভূতি আগে কখনো হয়নি তার। যে মেয়েটার প্রতি তার কোনো আকর্ষণ থাকার কথা নয় যার কথা মাথাতেই আসার প্রশ্ন উঠে না আজ তাকে সম্পূর্ণ উদাসীন দেখতে পেয়ে কেন ভেতরে এমন উথালপাথাল হচ্ছে? এটা কি তার ইগোতে লেগেছে? ধুর কিসব ভাবছে! নিজের ওপর মেজাজ বিগড়ে গেল তার। একটা পিচ্চি জুনিয়র তাকে ভাবাচ্ছে, এটা শেহজাদ শাহরিয়ারের ব্যক্তিত্বের সাথে কোনোভাবেই মেলে না! সে উল্টো পথে অন্য হলে চলে গেল যেখানে তানভীর থাকে। যেতে যেতে অন্যদেরও কল করে বলে দিল চলে আসতে।
তানভীরের হলের গেটে পৌঁছাতেই নির্ঝর দেখতে পেল আগে থেকেই তানভীর আর হাবিব সিড়িতে বসে আড্ডা দিচ্ছে। নির্ঝরকে দেখে তানভীর ভ্রূ উঁচিয়ে বলল,
– কী রে নির্ঝর হঠাৎ আমাদের এই গরীবের কুঁড়েঘরে শুভ আগমন? কোনো ঝামেলা হয়েছে নাকি তোর?
নির্ঝর গিয়ে বসতে বসতে বলল,
– ধুর, কি ঝামেলা হবে? প্রজেক্ট ঘাটছিলাম মাথা জ্যাম হয়ে গিয়েছে। ভাবলাম তোদের সাথে একটু চা খেয়ে আসি।
তানভীর ঢং করে বলল,
– কি বলছিস? বাব্বাহ তোর মাথা জ্যাম হয়?
নির্ঝর তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করতেই আমতা আমতা করে বলে উঠলো,
– না মানে রোবটের মতো মাথা কিভাবে জ্যাম হয় ভাবছি…
তানভীর এর কথায় পাত্তা না দিয়ে হাবিবকে বলল,
– মিরাজ কই? ওরে কল দিলাম বলল আসছে।
– ও তো সোহরাওয়ার্দী হলের দিকে গেছে মনে হয় এখনই চলে আসবে।
নির্ঝর দুজনের দিকে তাকিয়ে বলল,
– তোরা এই সময় সিড়িতে বসে কি করিস?
হাবিব জবাবটা দিলো,
– আরে আর বলিস না তানভীরের বিরহের কাহিনি শুনতে শুনতেই কান ঝালাপালা হয়ে গেল। শালায় আমাকে ধরে এনে সিড়িতে বসিয়ে নিজের দুঃখ বুঝাচ্ছে।
নির্ঝর তানভীরের দিকে তাকিয়ে বলল,
– মেয়েটার পিছু ছাড়বি না? কোনদিন যে তুই গণধো’লায় খাবি সেটার অপেক্ষায় আছি আমি।
নির্ঝরের সোজা ব্যাঙ্গে তানভীর চোখ ছোট ছোট করে তাকাল। বুকে হাত রেখে নাটকীয় কণ্ঠে বলল,
– দেখছিস হাবিব? দোস্ত হয়ে দোস্তের কলিজায় কী সুন্দর সোজা ছু’রিটা চালিয়ে দিল! আরে ব্যাটা, আমারও তো একটা মন আছে! হৃদয়টা নাকি ধুকপুক করে আজকাল, কোনো এক রাজকন্যার ছোঁয়া পেতে চায়!
হাবিব দাঁত কেলিয়ে হাসতে হাসতে বলল,
– রাজকন্যার ছোঁয়া তো দূরের কথা, তোর ছোঁয়া পেলে তেঁতুল গাছের ভূ’তও সোজা পালিয়ে যাবে!
তানভীর কিছু বলতে যাবে নির্ঝর ওকে থামালো। কিছুটা ব্যাঙ্গ আবার কিছুটা বাস্তবতা থেকে বলল,
– এসব শুধু শুধু টাইম ওয়েস্ট বুঝলি? ভালো একটা মেয়েকে যে জ্বা’লাচ্ছিস শেষমেশ গণধো’লায় যে খাবি না গ্যারেন্টি আছে?
তানভীর তবুও সিরিয়াস হলো না বরং নিজের বুকে দু'হাত চেপে ধরে একপ্রস্থ ব্যথিত হওয়ার নাটক করে বলল,
– অকৃতজ্ঞ সমাজ! বন্ধুর এমন খাঁটি প্রেমকে এরা গণধো’লাইয়ের ভয় দেখায়! আরে ব্যাটা নির্ঝর, ভালোবাসা কোনো অপরাধ নয় রে, ভালোবাসা এক স্বর্গীয় অনুভূতি!
হাবিব বিরক্তির চরম সীমায় পৌঁছে পাশ থেকে একটা ছোট পাথর কঙ্কর তুলে তানভীরের দিকে ছুড়ে মে’রে বলল,
– থামবি তুই? সারাদিন নাটক করতে করতে মাথা একবারে শেষ করে ফেললি। দোস্ত, ওরে একটু বুঝিয়ে বল তো! ও যার পেছনে ঘুরছে, সে তো ওকে দেখলেই মুখ ঘুরিয়ে চলে যায়।
নির্ঝর ছোট করে একটা দীর্ঘশ্বাস ফেলল। তানভীরের এই একতরফা পাগলামি দেখে তার নিজের ভেতরেও কেন যেন হঠাৎ একটা অজানা খোঁচা অনুভব হলো। প্রেমের মোহে পড়া মানুষগুলো এত অবুঝ আর ইগো-হীন কীভাবে হয়? কেউ তাকে পাত্তা দিচ্ছে না জেনেও তার পেছনে ছুটতে থাকে! এই পুরো বিষয়টা শেহজাদ শাহরিয়ার নির্ঝরের ধারণার বাইরে। তার তো মেজাজ খারাপ হয়ে যায় কেউ তার সামনে থেকে উদাসীনভাবে হেঁটে চলে গেলে! নির্ঝর তানভীরের দিকে তাকিয়ে বলল,
– ওটার নাম ভালোবাসা না, একতরফা হ্যালুসিনেশন। হ্যালুসিনেশন কেটে গেলেই আর মন মস্তিষ্ক ঘেটেও খুঁজে পাবি না।
তেঁতো করলা খেলে যেমন মুখ হয় তানভীর তেমন মুখ বানিয়ে বলল,
– এসব সাইন্স টাইন্স বাদ দে বুঝলি? এসব বাদ দিয়ে আবেগ, ইমোশন, সাহিত্য দিয়ে ভাব তাহলে আর হ্যালুসিনেশন মনে হবে না। মুডের বারোটা বাজিয়ে দেয় শা’লা!
নির্ঝর এক গাল বাঁকা হেসে পকেটে হাত গুঁজে বলল,
– সাহিত্য দিয়ে বাস্তবতা চলে না, তানভীর। আবেগের চশমা খুলে দেখলে দেখবি তুই যাকে রাজকন্যা ভাবছিস, সে তোর উপস্থিতিও নোটিশ করে না।
তানভীর চুপ হয়ে গেল। এই ছেলেটার সাথে কথায় পারবে না। এর মধ্যে মিরাজ দৌড়াতে দৌড়াতে এলো।
– কিরে এভাবে ছুটছিস কেন?
মিরাজ হাঁপাতে হাঁপাতে সিঁড়ির ধাপে বসে পড়ল। হাত দিয়ে কপালের ঘাম মুছে বলল,
– আর বলিস না মোড় এর মাথায় দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে সেখানে আবার মীমাংসা করে এলাম!
– কীসের ঝামেলা?
– সেটা জানি না কোনো কিছু বুঝ দিয়ে দুদিকের দোষ দেখিয়ে চলে এলাম।
মিরাজ দাঁত কেলিয়ে তাকালো ওদিকে তানভীর আর হাবিব হেসে ফেললো আর নির্ঝর কপাল গুটিয়ে ওদের দিকে তাকালো। মিরাজ বলল,
– যাইহোক নির্ঝরের আজকে এখানে দেখা পাওয়ার কারণ কি?
– হাঁটতে বেরিয়েছিলাম এদিকে যাচ্ছি তাই আসতে বললাম।
– ওহ আমি ভাবলাম, কুচ কুচ হোতা হ্যা! আর সেই গল্পই করতে এসেছিস…
– হোয়াট! তোদের তোদের এই ফালতু কথা আর বাদে দুনিয়ায় যে অনেক কাজ আছে, সেটা তোরা কবে বুঝবি বল তো?
– না ভাবলাম আরকি বাইরে কোনো নতুন বাতাসের ধা’ক্কা টাক্কা লেগেছে নাকি রে?
– আলতু-ফালতু গ্যাজানো বন্ধ কর তোরা। নয়তো আমি গেলাম তোরাই কর তোদের আলাপ।
– আরে বোস বোস! কথায় কথায় এত রাগলে চলে?
মিরাজ হাত বাড়িয়ে নির্ঝরের হাতটা চেপে ধরে আবার সিঁড়িতে বসিয়ে দিল। তানভীর চট করে মিরাজের দিকে তাকিয়ে কৌতূহলী গলায় বলল,
– কিরে মিরাজ, আজকে একটু বেশি ঝাল মশলার গন্ধ পাচ্ছি মনে হচ্ছে না? নির্ঝরের আবার কিসের হাওয়া লাগল রে? ও তো রোবটের ভাইপো, ওর শরীরে কি র’ক্ত-মাংসের ছোঁয়া লেগেছে নাকি?
হাবিবও হি-হি করে হেসে উঠে বলল,
– একদম ঠিক বলেছিস! আজ হঠাৎ হুট করে সব ফেলে আমাদের আড্ডায় এসে হাজির হলো, ডালমে কুছ কালা হ্যা দোস্ত!
নির্ঝর মেজাজ তুঙ্গে তুলে হাতটা ছাড়িয়ে নিল। মিরাজ বলল,
– হয়েছে এই তানভীর থাম! চল, চা খেয়ে একটু হেঁটে আসি। গা হাত পা ম্যাজ ম্যাজ করছে কেমন যেন।
– এইসব প্যানপ্যানানি থামলে তবেই আমি যাবো।
তানভীর বুকে হাত দিয়ে নাটকীয় ভঙ্গিতে বলল,
– দেখ হাবিব, আমাদের ভালোবাসার কদর এই পাষাণ সমাজে নেই! চল চল, চায়ের লিকারেই আমাদের বিরহের জল ঢালি।
চার বন্ধু মিলে হাঁটা ধরলো। নির্ঝরের ওদের উপর রাগ হচ্ছে। মাথা ঠিক করতে এসেছিল উল্টো এরা মাথাটায় খারাপ করে দেয়!
.
দীর্ঘ জার্নি শেষ করে বাড়ি ফিরেই বিছানায় গা এলিয়ে দিয়েছে ঊষসী। একটা লম্বা ঘুমের প্রয়োজন। বিছানায় পিঠ ঠেকানোর সাথে সাথেই ঝাপসা হয়ে আসতে লাগল ঊষসীর চোখের পাতা। এসেছে পর্যন্ত মায়ের একটায় কথা, "তোর শরীরের এই কি হাল করেছিস? আমার থেকে দূরে ছিলি আর এমন অবস্থা? এইজন্যই ছেলেমেয়েদের দূরে পাঠাতে নেই। আমি বারণ করেছিলাম!"
মাকে বুঝিয়ে সুজিয়ে রুমে এসেছে কিন্তু মায়ের মন কি মানে? তাকে খেয়ে তারপর ঘুমানোর জন্য বলছে কিন্তু ঊষসী ঘুমের জন্য শুয়ে পড়েছে দেখে তার মা খাবার নিয়ে রুমে আসলো। তাকে উঠিয়ে বসিয়ে নিজ হাতে খাইয়ে দিলো। খাওয়াতে খাওয়াতে বলল,
– ভার্সিটিতে পড়িস অথচ নিজের যত্ন নিস না! কার আশায় বলে আছিস হ্যাঁ? কেউ মুখে তুলে খাইয়ে দিবে?
ঊষসী হাসলো। সত্যিই তো কে খাইয়ে দিবে? কার আশায় বসে আছে সে? মায়ের হাতের প্রথম লোকমাটা মুখে পুরতেই ওর পেটের মধ্যে খিদে যেন আরও মাথা চাড়া দিয়ে উঠলো। সত্যিই, হলে থেকে পড়াশোনার যত চাপের মধ্যে থেকে আবার মেসের খাবার খেতে হয়, মায়ের হাতের সামান্য ডাল ভাতের স্বাদের কাছে তার কোনো তুলনাই হয় না।
মুখে খাবার থাকা অবস্থাতেই অস্পষ্ট গলায় বলল,
– মা, পড়াশোনার চাপে সময় পাই নাকি বলো? আর হলের খাবার তো জানোই কেমন!
তার মা আলতো করে ঊষসীর চুলে হাত বুলিয়ে আরও এক লোকমা ভাত এগিয়ে দিয়ে বললেন,
– পড়াশোনা তো করবিই, তাই বলে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়ে? এই তিন দিন ঘরে এসেছিস, কোনো কাজ নেই তোর। শুধু খাবি আর ঘুমাবি। আর শোন, কাল সকালে তোর জন্য দুটো নতুন কাপড়ের আনস্টিচ সেট রাখা আছে, পছন্দ করে রাখিস। আর পরশুদিন তোর বড় খালাম্মা আসবে তার মেজ ছেলে আছে না? ওকে নিয়ে, একটু ভালোভাবে চলিস অন্তত!
কথাটা শুনতেই ঊষসীর মুখের ভাত যেন গলায় আটকে যাওয়ার জোগাড় হলো! কাশতে কাশতে টেবিল থেকে পানির গ্লাসটা তুলে নিয়ে এক ঢোক গিলে ফেলল। চোখ দুটো বড় বড় করে মায়ের দিকে তাকিয়ে বলল,
– মা! আবার সেই একই কাহিনি? এই তিনটে দিন ছুটি পেয়ে ভাবলাম শান্তির নিঃশ্বাস ফেলব আর তুমি বাড়িতে পা দিতে না দিতেই বিয়ের কথা শুরু করে দিলে?
তার মা কপালে হাত দিয়ে একরাশ আফসোস করে বললেন,
– তোকে বলাটাই ভুল হয়েছে! বয়স কি আর কম হলো? পড়াশোনা তো বিয়ের পরও করা যায়। এত ভালো ভালো সম্বন্ধ আসে! তুই তো খালি মুখের ওপর না করে দিস!
কিছু বলতে গিয়ে ঊষসীর মাথায় কি হলো কে জানে হঠাৎ মনে পড়লো সেদিনের কথা সেই যে এক ঝড়ের রাতের এলোমেলো পরিস্থিতিতে কবুল বলা, কাগজে সই করা… লোকচক্ষুর আড়ালে রেখে অজানা কিংবা লুকায়িত হলেও নামের সাথে তো বিবাহিত ট্যাগ লেগেছে! কারো বউ তো সে! আইনত, ধর্মমতে সব দিক থেকেই একটা মানুষের নামের সাথে তার নাম জড়িয়ে গেছে! ভাবতেই বুকের ভেতর হাসফাস লাগতে শুরু হলো। দমবন্ধ হয়ে যেন ম’রার অবস্থা হলো তার!
#চলবে…?