ফন্ট সাইজ:
থিম:
কদম গুচ্ছের কাব্য গাঁথা

পর্ব 8

লেখক: তাবাসসুম তাজ্বওয়ারী

#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(৮)
#তাবাসসুম_তাজ্বওয়ারী

– বাব্বাহ ভালোই কাহিনি করে এসেছিস তো তুই!

রুহির কথায় ঊষসী হাসলো। এই তিন দিনের সব কাহিনি পেট থেকে বের করে তবেই ক্ষান্ত হয়েছে এরা! ওরা ক্লাস থেকে বেরিয়েছে একটু আগেই। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলো উল্টো দিক থেকে নির্ঝরদের দলবল আসছে। ঊষসী স্বাভাবিকভাবেই হেঁটে গেল। ওরা হাঁটতে হাঁটতেই আচমকা থার্ড ইয়ারের একটা ছেলে কোথা থেকে যেন এসে ঊষসীর সামনে দাঁড়াল। হেসে বলল,

– তুমি ঊষা না?

ঊষসী থতমত খেলেও পরক্ষণে নিজেকে সামনে জবাব দিল,

– জ্বি…

– ভালো আছো?

– জ্বি ভাইয়া আপনি?

– আমি ভালো। আসলে তোমাকে কদিন ক্লাসে বা ক্যাম্পাসে দেখিনি তো তাই একটু খবরাখবর নিতে এলাম। কোনো প্রবলেম হয়েছিল নাকি?

ছেলেটির এমন অচেনা কায়দায় হেসে খোঁজ নেওয়ায় ঊষসী একটু অস্বস্তিতেই পড়ল। কোনোরকম সৌজন্যবোধ দেখিয়ে বলল,

– না না, কোনো সমস্যা হয়নি। পারিবারিক কাজে একটু ব্যস্ত ছিলাম তাই দুই দিন আসা হয়নি।

– কোনো সমস্যা হলে জানিও হ্যাঁ?

ঊষসী বোকার মতো তাকাল। ওর সমস্যা এই ছেলেকে কেন জানাবে? সত্যি বলতে এই ছেলেটাকে সে চিনেই না! তবে কথা বার্তায় মনে হচ্ছে সিনিয়র তাই সে কথা বলছে। তবুও মাথা নাড়ল।

নির্ঝররা সবাই একটু দূরেই ছিলো। নির্ঝর তীক্ষ্ণ দৃষ্টিতে এদিকে তাকিয়ে। তানভীর ওর দৃষ্টি অনুসরণ করে সোজা তাকাল। মিটিমিটি হেসে মিরাজ আর হাবিবকে ইশারা দিল।

– কিরে নির্ঝর, তোর তীক্ষ্ণ নজরে কিসের এত স্পেশাল ইনভেস্টিগেশন চলছে বল তো?

মিরাজ দাঁত কেলিয়ে বলল। হাবিবও মিরাজের দিকে তাকিয়ে হালকা কাশির নাটক করে চোখ টিপল। কালো শার্ট পরিহিত নির্ঝরের চোখ এখনো সামনে নিবদ্ধ। বন্ধুদের উসকানিমূলক হাসাহাসিতেও ওর মুখের কোনো ভাবান্তর হলো না। ছেলেটাকে সে ভালো করেই চেনে। ল ডিপার্টমেন্টের জুনিয়র শুভ। তাছাড়া ছেলেটার রেকর্ড ভালো এমনটাও নয় বরং উল্টোটাই বেশি শোনা যায়। হঠাৎ করে মাঝপথে এসে ঊষসীর সাথে এভাবে আগ বাড়িয়ে অমায়িক হেসে কথা বলাটা নির্ঝরের চোখে সহজ ঠেকলো না।
ছেলেটা তখনও ঊষসীর দিকে তাকিয়ে হাসিমুখে কী যেন বলছিল। ঊষসীর অপ্রস্তুত ভাবটা স্পষ্ট দেখা যাচ্ছে। অচেনা একটা ছেলের এমন আচমকা দরদ দেখানো যে ঊষসীর নিজেরও ভালো লাগছে না, তা দূর থেকেই পরিষ্কার বোঝা যায়।

নির্ঝর পকেটে হাত গুঁজে ধীরপায়ে এগোতে শুরু করল। বাকিরাও ওর পেছন পেছন হাঁটা দিল।
ওরা একদম কাছাকাছি আসতেই শুভ একটু সচেতন হয়ে নির্ঝরদের দিকে তাকিয়ে হালকা হেসে সালাম দিল,

– আসসালামু আলাইকুম, নির্ঝর ভাই।

– ওয়াআলাইকুমুস সালাম। শুভ? এইটা তো প্রকৌশল অনুষদ তুমি তো ল ফ্যাকাল্টির কিন্তু এই টাইমে এখানে কি করছো?

শুভ কিছুটা থতমত খেয়ে গেল। সে কিছুটা ইতস্তত করে বলল,

– জ্বি ভাইয়া... আসলে আমাদের ফ্যাকাল্টির আজকে দুটো ক্লাস অফ ছিল তো, তাই এদিকে এক বন্ধুর সাথে দেখা করতে এসেছিলাম।

নির্ঝর নিজের ঘড়ির টাইমের দিকে একপলক তাকিয়ে চোখ তুলে তাকাল। ঠান্ডা স্বরে বলল,

– অনুষদের করিডোর তো চলাচলের জায়গা, আড্ডা দেওয়ার বা অপরিচিত কাউকে থামিয়ে খবরাখবর নেওয়ার জন্য না। লাইব্রেরি কিংবা কমন রুম বোধহয় এর চেয়ে বেশি উপযুক্ত জায়গা হতো, তাই না?

নির্ঝরের কথাটার ভেতরের সূক্ষ্ম ও ধারালো বার্তাটি শুভ সঙ্গে সঙ্গে ধরে ফেলল। নির্ঝরের ব্যক্তিত্ব কেমন তা ওর অজানা নয়। শুভ আর কথা বাড়ানোর সাহস পেল না। হালকা একটু ঢোক গিলে তড়িঘড়ি বলল,

– জ্বি-জ্বি ভাইয়া, ঠিক বলেছেন। আসলে ওদিকেই যাচ্ছিলাম। আসি...

শুভ কোনোমতে নিজেকে গুটিয়ে নিয়ে দ্রুত পায়ে চলে গেল। ঊষসী স্বস্তির নিশ্বাস ফেলল। যাক বাবা! ছেলেটা খামোখা থামিয়ে রেখে ওকে চরম বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছিল। নির্ঝর ভাইয়া এসে যেন এক প্রকার বেঁচে যাওয়ার মতো পথ করে দিলেন!
মিরাজ আর তানভীর ততক্ষণে মুখে হাত চেপে নিজেদের হাসি সামলানোর আপ্রাণ চেষ্টা করছে। মিরাজ নিচু গলায় হাবিবের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল,

– দেখলি? নির্ঝর আইন নিয়ে না পড়লে কি হবে, আইনি সচেতনতা কিন্তু ব্যাপক বেড়েছে!

হাবিবও মিটিমিটি হেসে সায় দিল। বন্ধুদের ফাজলামো নির্ঝরের কানে আসলেও সে বিন্দুমাত্র প্রাধান্য দিল না। ওর স্থির দৃষ্টি গিয়ে পড়ল ঊষসীর ওপর। ঊষসী সহজ ও কৃতজ্ঞ দৃষ্টিতে তাকাল তবে নির্ঝর যথারীতি নিজের কাঠের মতো কাঠখোট্টা ভাবমূর্তি বজায় রাখল। মুখাবয়বে কোনো বাড়তি আবেগ প্রকাশ না করে নিরাসক্ত গলায় বলল,

– অচেনা কেউ এসে হুটহাট কথা বললে বোকার মতো দাঁড়িয়ে উত্তর দেওয়ার দরকার নেই। পথ আটকে গল্প করার চেয়ে সোজা যার যার ক্লাসে চলে যাওয়ায় ভালো।

ঊষসী বোকার মতো নির্ঝরের দিকে তাকিয়ে রইল। মানুষটা কি তাকে জ্ঞান দিলো নাকি ওই ছেলেটার ওপর বিরক্তি ঝাড়ল? সে কিছুই বুঝে উঠতে পারল না! নির্ঝর যেতে নিলে ও বলল,

– আমি তো চিনিই না ওনাকে!

নির্ঝর ঘুরে তাকাল। শান্ত ভঙ্গিতেই বলল,

– তাই তো বোকা বললাম! চিনে না জানে না একটা অপরিচিত ছেলের সাথে আড্ডা দিতে দাঁড়িয়েছেন!

ঊষসী চোখ ছোট ছোট করে তাকাল। কিছু না করেও এভাবে বোকা খেতাব পেয়ে তার আত্মসম্মানে বেশ ভালোই লাগল! সে তো আড্ডা দিচ্ছিল না, সৌজন্যবশত দাঁড়িয়ে শুধু উত্তরটুকু দিচ্ছিল। কিন্তু নির্ঝরের সোজা ব্যাখ্যার কাছে তো তার কোনো যুক্তিই টিকল না। ঊষসী ভ্রু জোড়া সামান্য কুঁচকে প্রতিবাদ করার গলায় বলল,

– আমি তো আড্ডা দিচ্ছিলাম না ভাইয়া! উনি সিনিয়র দেখে সৌজন্য খাতিরে একটু উত্তর দিচ্ছিলাম। তাছাড়া হুট করে কেউ এসে সামনে দাঁড়ালে সোজা হেঁটে চলে যাওয়াটা তো অভদ্রতা!

নির্ঝর একবার ঘড়ির দিকে তাকাল এরপর সে ধীরস্থির কণ্ঠে বলল,

– অচেনা মানুষ যখন গায়ে পড়ে আলাপ জমাতে আসে তখন ভদ্রতা দেখাতে গিয়ে নিজের অস্বস্তি বাড়ানোটাই বোকামি। আর ক্যাম্পাসটা সৌজন্যতা প্রকাশের কোনো আর্ট গ্যালারি না। এটা শিক্ষা প্রতিষ্ঠান।

নির্ঝর আর কোনো উত্তরের অপেক্ষা করল না। উল্টো ঘুরে হনহনিয়ে চলে গেল। ঊষসী সেদিকে চেয়ে। মিরাজ আর তানভীর এবার আর নিজেদের হাসি চেপে রাখতে পারল না। হাবিব মুখ ফিরিয়ে কাশির ভান করল। মিরাজ হাসি চেপে ঊষার দিকে তাকিয়ে বলল,

– কিছু মনে করো না ঊষসী। আমাদের আইনি উপদেষ্টা তো, পরামর্শটা একদম নিখুঁত ভাবে দিয়ে গেল এই আরকি!

ওরা নির্ঝরের পিছু পিছু চলে গেল। আর এরা বোকার মতো তখনও চেয়ে।

.

– নির্ঝরের মেজাজ আজকে সকাল থেকে গরম কেন বল তো?

– আমি তো জানি না! আমাদের সাথে তো মাত্র দেখা হলো।

তাহফিয়ার উত্তর শুনে হাবিব বলতে গেল,

– আরে আমি ভাবলাম আজকে মুড ফুরফুরে থাকবে কারণ আজকে দেখলাম ব… আউচ!

কথার মাঝখানে আচানক পায়ে কে জানি লা’থি বসালো। হাবিবের কথা আটকে ব্যথাতুর শব্দ করে ঝাঁঝ নিয়ে বলল,

– কে রে আমাকে মা’রলি কেন?

তানভীর চোখ রাঙিয়ে কিছু ইশারা করতেই চুপ হয়ে গেল সে। পাশ থেকে আনিকা বলল,

– কি বলছিলি রে হাবিব? এই তোরা থামিয়ে দিলি কেন?

মিরাজ তড়িঘড়ি পরিস্থিতি সামাল দিয়ে মুখে এক চিলতে হাসি এনে বলল,

– আরে কিছু না রে আনিকা! হাবিব বলতে যাচ্ছিল যে আজ সকালে নাকি আকাশের মতো নির্ঝরের মুখটা খুব ফুরফুরে ছিল, কিন্তু হুট করে মেজাজ গরম হয়ে গেছে এই যেমন আকাশ মেঘলা হয়ে গেছে! ওই আবহাওয়া বিদ্যার ফালতু কথা আর কি!

হাবিব তানভীরের দিকে বি’ষাক্ত দৃষ্টি নিক্ষেপ করে মনে মনে গালাগালি দিল বটে কিন্তু মুখে আর টু শব্দটা ফুটাল না। আনিকা অবশ্য ব্যাপারটা পুরোপুরি বিশ্বাস করল না। তার সন্দেহী চোখ দুটো একবার তানভীর আর একবার মিরাজের ওপর ঘুরে এসে হাবিবের ওপর গিয়ে থামল। সে বিরক্ত কণ্ঠে বলল,

– তোদের এই হাবভাবগুলো আমার একদম ভালো লাগে না। সব কিছুতেই তোদের এত পেঁচানো স্বভাব কেন?

– তুই প্যাঁচি তার তোর কাছে প্যাচানো মনে হয়, কই আর কারো কাছে তো মনে হয় না!

– তানভীর একদম বেশি কথা বলবি না!

তানভীর কাঁধ ঝাঁকিয়ে নির্ভাবনায় হেসে ফেলল। আনিকার এই হুটহাট চিড়েচ্যাপ্টা হওয়ার স্বভাবটা ওদের বহু বছরের চেনা তাই সে এসবে পাত্তা দিল না।

– আরে রাগিস কেন আনিকা? সত্যি কথা বললে তোদের মতো মেয়েদের গায়ে একটু বেশিই লাগে!

তানভীর বাঁকা হেসে খোঁচা মে’রে যোগ করল। আনিকা ফোঁসফোঁস করতে করতে বলল,

– মুখটা একটু সামলে চালাবি তানভীর নইলে ভালো হবে না কিন্তু বলে রাখলাম!

তাহফিয়া ওদের কথার মাঝখানে হাত উঁচিয়ে বাধা দিয়ে বলল,

– আহা, তোরা থামবি এখন? যেখানেই যাবি সেখানেই খিটিমিটি শুরু করে দিবি! হাবিব, তুই যেন কী বলতে যাচ্ছিলি রে? ওভাবে থামিয়ে দিলি কেন?

এক জিনিস নিয়ে এতো টানাটানি দেখে তানভীর এবার ধমকের সুর তুলে বলল,

– তোরা এত ক্যাচাল করিস না তো! হাবিব একটা আদ্যোপান্ত ব’লদ, মুখ ফস্কে হাবিজাবি বলে ফেলে। আর নির্ঝরের মুড অফ কেন, তা তো তোরা ভালো করেই জানিস। শিট সাবমিশন নিয়ে প্রফেসররা কাল থেকে ওর ওপর যে প্রেসার রাখছেন, কারোরই মেজাজ ঠিক থাকার কথা না। সামান্য একটা বিষয় নিয়ে এত কথা বাড়াস কেন? মেয়ে মানুষ আসলেই আজব!

আসল কথাটা সেখানেই চাপা পড়ে গেল। নির্ঝর এতক্ষণ ওখানে বসে থাকলেও চুপ করে ছিলো। নিজের সাথেই নিজে যুদ্ধ করলো। নিজেকে প্রশ্ন করল, "কেন আমি রাগ দেখাচ্ছি? কিসের জন্য? মেজাজ বিগ্রে থাকার মতো তো কিছুই হয়নি!"
নিজের তোলা প্রশ্নের কোনো যুক্তিযুক্ত উত্তর নির্ঝরের নিজের কাছেই নেই বরং কাল রাতের ঘটনা মাথায় আসছে। হাতঘড়িটার দিকে একনজর তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল সে। বন্ধুদের অনর্থক প্যানপ্যানানি আর শুনতে ইচ্ছে করছে না। শার্টের হাতা কনুই পর্যন্ত গুটিয়ে নিতে নিতে ভাবলো, সে তো বরাবরই নিজেকে নিয়ে ব্যস্ত থাকা শান্ত, গম্ভীর এক স্টুডেন্ট। ক্লাসের রেজাল্ট, অ্যাসাইনমেন্ট এর বাইরে কোনো কিছুতে মাথা ঘামানো তার স্বভাব নয়। তাহলে হঠাৎ কি হয়েছে তার? অর্থহীন কিছু জিনিস কেন মাথায় ঘুরপাক খাচ্ছে? সে উঠে দাঁড়িয়ে বলল,

– তোরা কি বসে থাকবি? আমি গেলাম তোরা থাক।

হাবিব বলল,

– না চল কদম তলার ওদিকে যায়।

নির্ঝর ফট করে বলল,

– না কদম তলায় না বোটানিক্যাল গার্ডেনের দিকে চল।

সবাই চোখ বড় করে তাকালে নির্ঝর অপ্রস্তুত হলো। নিজের মুখ ফসকে বলেছে ঠিকই কিন্তু কেন বলেছে জানে না। হাবিব অবাক হয়ে বলল,

– বোটানিক্যাল গার্ডেন? কিরে নির্ঝর, তুই না বলতি ক্যাম্পাসের এদিক ওদিক অহেতুক হাঁটার কোনো মানে হয় না?

নির্ঝর মুহূর্তের জন্য নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করল। নিজের মনের এই হঠাৎ আনচান ভাবটাকে সে কিছুতেই বন্ধুদের সামনে প্রকাশ হতে দেবে না।

– স্যার যেই বই নিতে বলেছে সে বইটা নিতে লাইব্রেরি যেতে হবে। আর সেটা বোটানিক্যাল গার্ডেনের দিক দিয়েই কাছে হয়। তোরা যাবি কি না বল, নইলে আমি চললাম।

মিরাজ আর তানভীর একে অপরের দিকে তাকিয়ে মুখ টিপে হাসল। মিরাজ তানভীরের দিকে ঝুকে নিচু স্বরে ফিসফিস করে বলল,

– কিছু বুঝলি? বোটানিক্যাল গার্ডেনের পাশেই তো ফার্স্ট ইয়ারের ইলেকট্রিক্যাল ল্যাব!

তানভীর মৃদু হেসে মাথা নাড়ল,

– হু, স্যারের মেজাজ আজ এমনি এমনি বিগড়ে নেই! মুখে জাঁদরেল মাস্টারমশাইয়ের ভাব অথচ পা দুটো ঠিক ওই একজনের পিছু পিছুই দৌড়াচ্ছে।

– হুমমম! মুখে স্বীকার করাতে হবে রে! এই ছেলেটার একটা গতি করা দরকার।

– গতি তো করায় আছে কিন্তু সে নিজেই…

– কিরে? তোরা পেছনে দাঁড়িয়ে আবার কী ফিসফিস করছিস? হাঁটবি নাকি এখানে দাঁড়িয়ে থাকতে চাচ্ছিস?

নির্ঝর সামান্য ঘুরে পেছনে তাকিয়ে তাড়া দিল।

– আরে চল চল! তোর সাথে লাইব্রেরির বই খুঁজতে না গেলে তো আবার জ্ঞান অর্জনে পিছিয়ে পড়ব!

মিরাজ চোখ টিপে রসিকতা করে হেঁটে সামনে গেল। তানভীর আর হাবিব হো হো করে হেসে উঠলো।

মাত্র ক্লাস শেষ করে লাইব্রেরিতে এসেছিল ঊষসী। কিছু বই নেড়েচেড়ে দেখছিল। হঠাৎ পাশে নুরী আপুকে দেখে হেসে বলল,

– কেমন আছেন আপু?

নুরীও হেসে বলল,

– আরে ঊষা যে! ভালো আছি তোমার কি অবস্থা? এতদিন কোথায় ছিলে?

– বাড়িতে গিয়েছিলাম কাল এলাম।

কিছুটা দূরে হাতে বই নিয়ে দাঁড়িয়ে ছিলো নির্ঝর। চক্ষুজোড় বইয়ে নিবদ্ধ থাকলেও কান আর মন দুটোই এদের দুজনের কথোপকথনে পড়ে আছে। টেনেও সরাতে পারছে না যেন!

নুরী হেসে রসিকতা করে বলল,

– তা বাড়ি থেকে ফিরেছো মিষ্টি খাওয়ালে না যে?

ঊষসী বুঝতে না পেরে শুধাল,

– কিসের মিষ্টি আপু?

– রুহি সেদিন বলেছিল তোমাকে নাকি ধরে বেঁধে বিয়ে দিয়ে দিচ্ছে! সেই মিষ্টি! আমাদের দুলাভাই আসে নি?

ঊষসী মনে মনে নিজের কপাল চাপড়াল। এই রুহি কিসব বলে বেরিয়েছে! সে লজ্জা পেয়ে বলল,

– না আপু এমন কিছুই নেই। আসলে নেটওয়ার্কের বাইরে ছিলাম তো তাই ওরা এসব বলেছে। মজা করেছে। আমি পিওর সিঙ্গেল..

বলতে বলতে সেদিনের কথা মনশ্চক্ষে ভেসে উঠল। মুহূর্তেই কেমন একটা অস্বস্তি জেঁকে বসলো। নুরী তা খেয়াল করে হাসলো। ওকে স্বাভাবিক করতে রসিকতা করে বলল,

– তা যাই বলো, যখনই শুভকাজটা হোক, বিয়ের মিষ্টি কিন্তু খাওয়াতেই হবে, বলে রাখলাম!

ঊষসী হাসলো। কিন্তু ঊষসী তখনও টের পায়নি, ঠিক তার কয়েক হাত দূরে অপরপাশে দুটো বুক শেলফের মাঝের সরু গলিটায় দাঁড়িয়ে থাকা মানুষটার শরীরে এই সামান্য কথাটা কীভাবে বিদ্যুৎপ্রবাহ ঘটিয়ে দিয়েছে! বইয়ের পাতায় স্থির থাকা চোখ জোড়া এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে আবার খুলে গেল। দীর্ঘশ্বাসগুলো গোপনই থেকে গেল!

ঊষসীকে চুপ থাকতে দেখে নুরী ওকে আবার প্রশ্ন করলো,

– এখানে একা? তোমার বান্ধবীরা আসে নি?

– না আপু, আসলে বাড়ি থাকার কারণে দুটো ক্লাস মিস হয়ে গিয়েছিল। ওগুলোর প্র্যাকটিক্যাল নোটস আর কিছু জরুরি রেফারেন্স সাপ্লিমেন্ট দরকার ছিল, তাই লাইব্রেরিতে খোঁজ করতে এলাম। ওদের আর অহেতুক দাঁড় করিয়ে রাখিনি, চলে যেতে বলেছি। কিন্তু যা খুঁজছি, তার কিছুই তো এখানে পাচ্ছি না!

কথাটা বলে একটা দীর্ঘশ্বাস ফেলল ঊষসী। কয়েক তাক খুঁজেও কাঙ্ক্ষিত খাতা বা সাপ্লিমেন্টগুলোর দেখা মেলেনি। টুকটাক কথা শেষ করে সে বেরিয়ে যাওয়ার জন্য টেবিল থেকে নিজের ব্যাগটা নিতে গেল। ব্যাগ দেখে ভ্রু কুঁচকে সে বিড়বিড় করল,

– ব্যাগ তো আমি তাকের উপর রেখেছিলাম এটা নিচে কে নামালো?

দেরি হচ্ছে দেখে আর ঘাটালো না। কাঁধে ঝুলিয়ে বের হয়ে গেল।
সন্ধ্যায় পড়ার টেবিলে বসে মেজাজটা বিগড়ে গেল। মিস হওয়া পড়াগুলো কীভাবে উদ্ধার করবে সেই ভাবনায় মাথা কাজ করছে না। বিরক্ত হয়ে ব্যাগটা নিয়ে অন্য একটা বই বের জন্য জিপারটা খুলতেই চমকে উঠল সে!
ব্যাগের ভেতরের মূল কম্পার্টমেন্টে একদম সুন্দর করে গোছানো অবস্থায় রাখা দুটো নতুন খাতা। সে ভ্রু কুঁচকে ওগুলো বের করতেই দেখলো একটা নোটখাতা আর প্রয়োজনীয় সব সাপ্লিমেন্টস একসাথে পিন করা! ঊষসী হতবাক হয়ে খাতা দুটো হাতে তুলে নিল। যে সাপ্লিমেন্টগুলোর জন্য পুরো লাইব্রেরি চষে ফেলল, সেগুলো ওর ব্যাগের ভেতরে এলো কীভাবে? খাতার পাতাগুলো উল্টাতেই ঝরঝরে ও ধারালো হস্তাক্ষর চোখে পড়ল। কার খাতা এটা? কিভাবেই বা এলো? ভালো করে ঘেটে দেখলো পুরো কোর্সের সব কিছু আছে এখানে, অথচ নাম রোল কিছুই নেই! সে অবাকই হলো। তার তো শুধু দুটো টপিক লাগতো সেখানে পুরো একটা কোর্সের সম্পূর্ণ নোট!

#চলবে…?

[গতপর্বে অনেকে বাস আর বাইক এর বিষয়টা বলছেন। আমি বোঝাতে চেয়েছি বাস তো আর হল অব্দি আসবে না। বাস স্ট্যান্ড থেকে ইশরাক তার ফ্রেন্ডের কাছ থেকে বাইক নিয়েছে হল পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যেহেতু রাত তাই ঊষসী একা তো যাবে না। এখানে একটা লাইন মিস করেছি তাই বিষয়টা বুঝতে অসুবিধা হচ্ছে। আমি নির্ঝর কী দেখেছে সেদিক দিয়ে লিখেছি তাই সরাসরি বাইকের কথা উল্লেখ করেছি। আপনাদের কমেন্ট পড়ার পর চেক করে দেখলাম ইশরাক যে ওকে পৌঁছে দেওয়ার জন্য বাইক নিয়েছে ওটা উল্লেখ করিনি। এটা আমারই ভুল।]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 8 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন