ফন্ট সাইজ:
থিম:
কদম গুচ্ছের কাব্য গাঁথা

পর্ব 9

লেখক: তাবাসসুম তাজ্বওয়ারী

#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(৯)
#তাবাসসুম_তাজ্বওয়ারী

– এটা ওই যে আপুটা দাঁড়িয়ে আছে তাকে দিয়ে আসবে।

পিচ্চি ছেলেটা মাথা নাড়লো। খুব সম্ভবত আশেপাশেই ফুল বিক্রি করে কিংবা আশেপাশে কোনো দোকানেরই। একটা কাজ দিয়ে ও ছেলেটাকে পাঠালো। ছেলেটা যেতেই ও পিছন ঘুরল যাওয়ার জন্য কিন্তু ঘুরতেই দেখলো আনিকা দাঁড়িয়ে। বুকে হাত গুঁজে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। নির্ঝর ভ্রু কুঁচকে বলল,

– কি হয়েছে? তুই এখানে কি করছিস?

আনিকা একবার নির্ঝরের পেছনে উঁকি দিলো তারপর আবার ওর দিকে তাকিয়ে বলল,

– আমি কি করছি ওটা না জানলেও হবে কিন্তু তুই কি করিস?

– দেখতে পারছিস না? বৃষ্টির জন্য দাঁড়িয়ে আছি।

– তা তোর ছাতা তো অন্য কাউকে দিয়ে দিলি।

আনিকা দেখে জেনেও নির্ঝরের মধ্যে কোনো ভাবান্তর হলো না। বরং মুখে অনাগ্রহ ফুটিয়ে তুলে বলল,

– তো?

– না বলছিলাম নিজেই ভিজে দাঁড়িয়ে আছিস আর ছাতা অন্য কাওকে দিয়ে দিলি?

– আমার ছাতা, আমার সাহায্য করতে ইচ্ছে হয়েছে তাই দিয়েছি তোর এতো গায়ে লাগছে কেন বল তো? তোর ছাতা তো তোর হাতেই আছে দেখছি।

আনিকা রেগে বলল,

– নির্ঝর কথা ঘোরাবি না একদম! কিসব করছিস তুই?

নির্ঝরের নির্বিকার উত্তর,

– কিসব?

– ওই মেয়েটার প্রতি তোর এতো দরদ উথলে উঠছে কেন তোর?

– কোন মেয়ে?

– যার জন্য ছাতা পাঠালি।

– দরদ উথলে উঠছে এমন কেন মনে হলো তোর? চোখ কান খুলে আশপাশ দেখ। সন্ধ্যে নেমে এসেছে। একটা কাক পক্ষীও চোখে পড়ছে তোর? সেখানে মেয়েটা একা দাঁড়িয়ে আছে তার উপর আবহাওয়া দেখ। এখন বৃষ্টি পড়ছে একটু পর বিজলি চমকাবে। সব কিছুকে এত প্যাঁচিয়ে নিজের মতো বানিয়ে নিস না বুঝলি?

আনিকা আশেপাশে তাকাল সত্যিই কেউ নেই। তবুও নিজের যুক্তি হারতে দিলো না। জোরালো কণ্ঠে বলল,

– তাহলে ছেলেটাকে দিয়ে পাঠিয়েছিস কেন? নিজে গিয়ে দিস নি কেন?

নির্ঝর নিজের শার্টের ভেজা হাতার দিকে একনজর তাকাল তারপর হাতা আরো উপর অব্দি টেনে এমন দৃষ্টিতে আনিকার দিকে চাইল যেন আনিকার এত এত প্রশ্ন ওর কাছে নেহাতই অর্থহীন আর ফালতু এক প্যানপ্যানানি। পকেটে দুই হাত গুঁজে শরীরটা কিছুটা সোজা করে দাঁড়িয়ে নির্ঝর বলল,

– নিজে গিয়ে দিলে হাজারটা ফালতু কথার সৃষ্টি হতো। যেমনটা এখন তুই শুরু করেছিস। আর যার ছাতা দরকার, তার ছাতাটা পাওয়াটাই মূল বিষয়, কে দিল বা কীভাবে গেল, সেটা ম্যাটার করে না।

– তাও ওকেই কেন দিতে হবে?

আনিকা আবারও এক কদম এগিয়ে এসে দাঁতে দাঁত চেপে বলল,

– অন্য কেউ হলে কি তুই এভাবে ছাতা পাঠাতি, নির্ঝর? আমাকে বোকা বানানোর চেষ্টা করিস না। তোর আচার আচরণ আমার ভালো লাগছে না।

নির্ঝরের চোখ দুটো মুহূর্তে কঠিন হয়ে উঠল। কঠোর গলায় বলল,

– ভালো না লাগলে ইগনোর মি! তোকে তো আমি কিছু বলতে যাচ্ছি না বা এমন কিছু করছি না যেটা তোকে বিরক্ত করছে! তাহলে তুই কেন এতো কথা কেন বাড়াচ্ছিস?

– তাহলে তুই ওর প্রতি এমন…

নির্ঝর ওকে থামিয়ে দিয়ে গম্ভীর গলায় বলল,

– আনিকা, আমার ব্যক্তিত্ব কিংবা আমার আচরণের জবাবদিহিতা আমি কাউকে দিতে বাধ্য নই। অহেতুক গোয়েন্দাগিরি আর মনগড়া ধারণা নিয়ে মাথা ঘামানো বন্ধ কর। আর নিজের কাজ নিয়ে থাক।

নির্ঝির আর দাঁড়াল না। আনিকাকে উত্তর দিতে না দিয়েই গটগট পায়ে হেঁটে চলে গেল । ছাতা ছাড়া মুষলধারে নামা বৃষ্টির ফোঁটা ওর পুরো শরীর ভিজিয়ে দিলেও সেদিকে ওর কোনো ভ্রূক্ষেপ নেই।
আনিকা ওখানেই রাগে আর অপমানে ফোঁস ফোঁস করতে থাকলো। রাগের পারদ তার সর্বোচ্চ সীমা ছাড়িয়েছে।

.

প্রচণ্ড বৃষ্টিতে একটা ছাউনির নিচে দাঁড়িয়ে ছিলো ঊষসী। একটা টিউশনের জন্য ভার্সিটি ছুটির পর বেড়িয়েছিল সে। পড়ানো শেষে অর্ধেকে আসতেই বৃষ্টি শুরু হয়েছে। এদিকে সন্ধ্যা নেমে যাচ্ছে অন্যদিকে বৃষ্টি কমার নাম নেই বরং বেড়েই চলেছে। মাঝে সাঝে বিজলি চমকাচ্ছে। রাতারাতি আকাশের গুড়ুম গুড়ুম শব্দ বেড়েই চলেছে। একটু আধতু ভয় করছে তবে সবচেয়ে বেশি চিন্তা হচ্ছে সন্ধ্যা হওয়ার আগে কীভাবে পৌঁছাবে। আগে জানলে ব্যাগে একটা ছাতা রেখে দিতো কিন্তু সকালেই কেমন কটকটে রোদ দেখা গিয়েছিল। এখন আফসোস হচ্ছে সেই রোদ থেকে বাঁচতে হলেও ছাতা আনা উচিত ছিলো!

– আপু!

একটা অচেনা গলায় "আপু" ডাক শুনে চমকে পাশে তাকালো সে। একটা ছোটখাটো বাচ্চা ছেলে দাঁড়িয়ে। হাতে একটা নীল রঙের ছাতা যেটা তারই দিকে বাড়িয়ে রেখেছে। ঊষসী ভ্রু কুঁচকে বোকার মতো তাকাল।
ছেলেটা ছাতাটা ওর দিকে বাড়িয়ে দিয়ে আবার বলল,

– আপু, এই ছাতাটা নেন।

ঊষসী থতমত খেয়ে হাত গুটিয়ে পিছিয়ে এলো। সন্দিগ্ধ গলায় শুধাল,

– নিবো মানে? আমাকে কেন দিচ্ছো? এটা কার ছাতা?

– এক ভাইয়া দিল বলল তোমারে দিতে।

– কোন ভাইয়া?

– সেটা জানি না শুধু বলল যেন তোমারে ছাতাটা দিয়ে আসি।

ছেলেটার সাবলীল উত্তরে ঊষসীর বিস্ময়ের সীমা রইল না। সে এদিক ওদিক তাকাল কিন্তু ঝুম বৃষ্টির ধূসর চাদরে আবৃত ছায়াপথে কাউকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। দূর দূরান্তে কাউকে দেখতেও পাচ্ছে না! সে আবার প্রশ্ন করল,

– কোন ভাইয়া? কী পরনে ছিল উনার? নাম কী?

ঊষসীর ব্যাকুল প্রশ্নের উত্তরে পিচ্চিটা মাথা চুলকে বলল,

– নাম তো জানি না আপু! বড় কইরা এক ভাইয়া অতো কিছু তো মনে নাই, মনে হয় সাদা রঙের শার্ট পরছিল। আমারে ডাক দিয়া বলল তোমারে ছাতাটা পৌঁছায় দিতে। আমি যাই আপু, আমার কাজ আছে!

ছেলেটা আর এক মুহূর্তও দাঁড়াল না। ঊষসীর হাতে ছাতাটা ধরিয়ে দিয়ে বৃষ্টিভেজা পথ ধরে ছপছপ পায়ে চটপটে ভঙ্গিতে এক দৌড়ে হাওয়া হয়ে গেল। ঊষসী বোকার মতো হাতে ধরা নীল রঙের শক্ত ছাতাটার দিকে চেয়ে রইল। কে পাঠিয়েছে ছাতা? বেশ কিছুদিন যাবৎ সে অনেক অদ্ভুত ব্যাপার লক্ষ্য করছে একবার নোট একবার ছাতা আবার বেশ কিছু কাজেও অদ্ভুতভাবেই কোনো না কোনো সাহায্য পেয়ে যায় কিন্তু এতদিন তা কাকতালীয় ভেবে আসলেও আজ তাকে ব্যাপারটা ভাবালো। তবে এখন ঊষসী আর বেশি মাথা ঘামাল না। অন্ধকার ঘনিয়ে আসছে আর আকাশের যে অবস্থা তাতে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা নিরাপদ নয়। সে এক হাতে ছাতাটা মেলে ধরল আর অন্য হাতে ব্যাগটা শক্ত করে চেপে ধরে হলের দিকে হাঁটা দিল। যার ছাতা সে খুঁজে নিয়ে যাবে!

পরেরদিন ব্যাগে ছাতাটা নিয়েই ভার্সিটি গেল সে যদি কেউ খুঁজে তো দিয়ে দিবে! কিন্তু কেউই আসলো না। ঊষসী মাঠের মাঝে একা একা বসে আছে। রেহনুমা আসছে বলেছে পনেরো মিনিট কিন্তু এখনো ওর আসা হলো না। সে বসে বসে ভাবছে সবকিছু কেমন গুলিয়ে গুলিয়ে যাচ্ছে। সে যতই নির্ঝরদের ইগনোর করার চেষ্টা করছে ততই যেন আরো বেশি দেখা হচ্ছে! আগে কদম তলার কাছে গেলে ওদের দেখা যেতো এখন দেখে ক্লাসের আশেপাশেও। দিনে চার পাঁচবার মুখোমুখি হয়ে যায় কি করে যেন! আর ওই নির্ঝর নামের ছেলেটা ওকে কি না কথা শোনায়? সেদিন কতগুলো বলল সে নাকি পিছনে ঘুরঘুর করছে! আবার থার্ড ইয়ারের ছেলেটার সাথে কথা বলায় বললো কি না বোকা!
সে সিদ্বান্ত নিলো আরো বেশি চেষ্টা করবে যেন ওই ভাবওয়ালা লোকটার সামনেই না পড়তে হয় এই ভেবে হুট করে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে গেল তখনই কেউ একজন সামনে আসল। ঊষসী বিরক্ত হয়ে তাকাতেই চমকে উঠলো। সামনে আর কেউ নয় বরং একটু আগেই যার নামে বদনাম করছিল সেই ভাবওয়ালাই! অনেকটা কাছাকাছি দাঁড়িয়ে আছে বুঝতে পেরেই এক লাফে পিছিয়ে গেল সে। নিঃশ্বাস বন্ধ করে গড়গড় করে বলল,

– আমি ইচ্ছে করে আপনার সামনে পড়ি না! যথেষ্ট চেষ্টা করি যেন আপনার আশেপাশেও না থাকি কিন্তু কিভাবে যেন আপনার আমার দেখা হয়েই যায়! এই যেমন এতক্ষণ বসেই ছিলাম এখন বেরিয়ে যাব ভেবে উঠে দাঁড়াতেই আপনি হাজির। বিশ্বাস করুন ভাইয়া আমি ইচ্ছে করে কিছুই করছি না!

পকেটে হাত গুঁজে দাঁড়ানো অবস্থাতেই ওর একজোড়া চোখ গভীর দৃষ্টিতে ঊষসীর আতঙ্কিত ও ছটফটে মুখের ওপর স্থির হয়ে রইল। ঊষসী বড় বড় শ্বাস ছেড়ে তাকাতেই নির্ঝরের মুখের রেখায় যথারীতি কোনো পরিবর্তনের আভাস দেখা দিল না। সে শান্ত কণ্ঠেই বলল,

– সেদিনের কথাটা ওভাবে বলিনি আমি। দুনিয়াটা গোল জানো তো? সেখানে এই ক্যাম্পাস তো কিছুই না! এতো ছোট জায়গায় পালিয়ে থাকতে পারবে?

ঊষসী বোকার মতো চেয়ে আছে। নির্ঝর আবার বলল,

– এত কথা অহেতুক কে জিজ্ঞেস করেছে তোমাকে? যেছে এত কৈফিয়ত দেওয়ার স্বভাব কেন?

ঊষসী চোখ জোড়া বড় বড় করে তাকাল। সত্যি তো, মানুষটা তো ওকে কিছুই জিজ্ঞেস করেনি! সে নিজেই যেচে এত কথা কেন বলতে গেল? নিজের ওপরই ওর একটা বিরক্তি জমে উঠল।
ওদিকে নির্ঝর নিজেই কেমন অস্বস্তিতে পড়লো। হাঁটতে হাঁটতে এদিকে আসলো কিন্তু কেন এলো জানে না! নিজে কেমন যেন গলে যাচ্ছে! নির্ঝর নিজের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিল। নিজের মনের ভেতরে জমে থাকা তোলপাড়টাকে সে প্রকাশ হতে দিতে চায় না, মানে চায় না, বুঝতে চায় না! এসব স্বীকার করতে সে নারাজ! কিন্তু অনুভূতিটা সে নিজেও যেন এনজয় করে নাহলে এমন বারবার একই জায়গায় এসে থামে কেন?

.

মাঝে আরো সপ্তাহখানিক কেটে গেছে। ঊষসী আর নির্ঝরের সম্পর্ক আগের মতো লুকোচুরিতে নেই তবে নির্ঝর যে নিজের খোলস ছেড়ে বেরিয়ে গেছে তাও নয়! সে নিজের মতো থাকে শুধু পরিবর্তন হলো ঊষসী ওইদিনে পর আগের মতো লুকিয়ে থাকার চেষ্টা করে না বা এই বুঝি নির্ঝর অপমানজনক কথা বলবে এই ভাবনায় ও থাকে না। বান্ধবীদের সঙ্গে কথা বলতে বলতে বেরিয়ে আসছিল সে।
কথা বলতে বলতে ব্যাচমেট ফারহান হঠাৎ একটা কদম ফুল নিয়ে ছুটে এসে ঊষসীর দিকে বাড়িয়ে দিল। ভেজা ভেজা পাপড়ি, একরাশ মিষ্টি সুবাস চারপাশে ছড়িয়ে পড়ছে। ফারহান বেশ উচ্ছ্বসিত গলায় বলল,

– ঊষসী, দেখো পুরো গাছে এই একটা কদমই ফুটছিল একেবারে উঁচুতে! তুমি বলতে না কদম ফুল তোমার ভীষণ পছন্দ? দেখ, অনেক কষ্টে বেয়ে উঠে পেড়ে এনেছি তোমার জন্য!

ঊষসী বেশ চমকে গেল, তারপর ঠোঁটের কোণে ঝলমলে এক চিলতে হাসি ফুটিয়ে হাত বাড়িয়ে ফুলটা হাতে নিল। আলতো করে ফুলের নরম পাপড়িগুলোতে হাত বুলিয়ে বলল,

– সত্যিই! থ্যাংক ইউ সো মাচ ফারহান! বিশ্বাস করো আজ বিকেলটা পুরো সুন্দর হয়ে গেল!

ফারহান লাজুক হেসে ওদের সাথে কথায় মেতে উঠল। কিন্তু ওরা টের পেল না, কিছু দূরে দাঁড়িয়ে থাকা একজন মানুষের দৃষ্টি ঠিক তখন তাদের ওপরই এসে আটকে গেছে। পুরো ঘটনাটা সে দেখলো। না চাইতেও চোয়ালটা শক্ত হয়ে এল তার। হাত দুটো পকেটের ভেতর আরও শক্ত করে গুটিয়ে নিল সে। বুকের ভেতর একটা মোচড় আর অহেতুক এক তীব্র ক্ষোভ জন্ম নিতে শুরু করল। ছেলেটা কে? আর ঊষসীই বা এত অনায়াসে এত হাসিমুখে একটা ছেলের থেকে ফুল নিচ্ছ কেন? সেদিন ওর সামনে দাঁড়িয়ে যে মেয়ে নার্ভাস হয়ে থরথর করে কাঁপছিল, আজ সামান্য একটা কদম ফুলের জন্য তার চোখেমুখে এত উছলে পড়া আলো?

তার অর্থাৎ নির্ঝরের ইচ্ছা করল সোজা হেঁটে গিয়ে ফুলটা ঊষসীর হাত থেকে কেড়ে দূরে ছুড়ে ফেলতে। কিংবা গিয়ে শক্ত গলায় জিজ্ঞেস করতে, 'ক্যাম্পাসে এভাবে আড্ডা মা’রার জন্য পাঠানো হয়েছে?'

কিন্তু পরক্ষণেই নির্ঝর নিজের ভেতরের এই অবাধ্য অনুভূতিটাকে সজোরে দমন করল। সে নিজের অবস্থান ভালো করেই জানে। ঊষসী তো ওর কেউ না আর না তো সে কেউ! সে তো ঊষসীকে নিজের বলে স্বীকারই করতে চায় না! তাহলে এই অনধিকার চর্চা আর হিংসুটে মেজাজ কেন দেখাবে? কিসের এত রাগ ওর? মনের ভেতর ঝড় উঠলেও মুখমণ্ডলকে রাখল একদম কঠিন আর থমথমে। কোনোভাবেই নিজের মনের কথা সত্যি হতে দিবে না সে! সবার ক্ষেত্রে যেমন ওর ক্ষেত্রেও সে তেমন এইটুকুই! নিজেকে শাসিয়ে জোর করে হনহনিয়ে বের হয়ে গেল।

সেই যে নির্ঝর গেল কোথায় গেল কেউ জানে না! কাল আর ক্যাম্পাসে ফিরে নি! এদিকে ফোন বন্ধ! বন্ধুরা সবাই চিন্তায় পড়ে গেল।

– নির্ঝর কোথায় গেল বল তো! তোদের সাথে কোনো ঝামেলা হয়েছে? ও তো এমন ইরেস্পন্সিবল নয় বল…

আনিকাকে চুপ করিয়ে মিরাজ রাগী কণ্ঠে বলল,

– শুধু তোর একা চিন্তা হচ্ছে না। এক কথা বারবার বলবি না! আমাদের সাথে ঝামেলা করে নির্ঝর কখনোই এরকম হাওয়া হয় না!

মিরাজ উঠে দাঁড়িয়ে বলল,

– আমরা বেরোচ্ছি। হাবিব, তানভীর? চল!

পেছন থেকে আনিকা তাহফিয়ারা ডাকলেও উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না। হাবিব বলল,

– নির্ঝর নিশ্চিত বাড়িতে গেছে।

– হু তা তো বুঝতে পারছি কিন্তু ওর হয়েছে কি?

– বুঝতে পারছি না কাল সকালেই তো সব ঠিক ছিলো! এখন কি যাবি?

তানভীর বলে উঠল,

– এখন কি মা-রা খাওয়াতে চাস? ব্যাটার মাথা যে আ’গুন হয়ে আছে বুঝতে পড়ছিস না? এখন গেলেই ঝড় আমাদের উপ্রে যাবে।

সবাই সম্মতি দিলো। নির্ঝরকে তারা চিনে। কখন কোথায় যায় সেসবও জানে! নির্ঝর সবার কাছে গম্ভীর চুপচাপ ঠিকই তবে এই তিন বন্ধুদের কাছে কিছুই গোপন করে না। কিন্তু ওদের চিন্তাও বেশি দেয়! এই যেমন এখন ওদের চিন্তিত করে নিজের গা ঢাকা দিয়েছে!

#চলবে…?

(এতো সহজে নির্ঝরকে প্রেমে পড়তে দিবো না হু!🌚)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 9 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন