#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(১০)
#তাবাসসুম_তাজ্বওয়ারী
অন্ধকার রুম থেকে রকিং চেয়ার দোলার শব্দ আসছে। শুধু কাঠের ক্যাটক্যাট শুকনো আওয়াজটা নিঝুম ঘরের নীরবতা চিরে দিচ্ছে। রকিং চেয়ারে হেলান দিয়ে বসে আছে নির্ঝর। বাঁ দিকের জানালার ফাঁক গলে বাইরের ম্লান চাঁদনী আলো এসে পড়েছে ওর চেহারার একপাশে। চোখ দুটো বন্ধ করে সে একটানা দুলেই চলেছে। হঠাৎ দুলুনি থামিয়ে দিয়ে সোজা হয়ে বসলো সে। একটা ভারি আর দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করল,
– এতো রাগ কেন হলো আমার?
নিজের কাছে নিজেই প্রশ্ন ছুঁড়ে দিলো কিন্তু উত্তর পেল না! একটা অজানা অস্বস্তি আর অদ্ভুত এক জ্বা’লা বুকের ভেতর ঘুরপাক খাচ্ছে। কেন? ঊষসী কার সাথে হাসল, কে তাকে ফুল দিল, তা নিয়ে তার এত মাথা ব্যথা কেন হবে? ঊষসী তো তার কেউ নয়! না কোনো আত্মীয়া, না কোনো চেনা মানুষ! নেহাতই ক্যাম্পাসের এক জুনিয়র। যার থেকে সে দূরত্ব বজায় রেখে চলতেই ভালোবাসে। তাহলে কাল বিকেল থেকে বুকের ভেতরে এই অগ্নে’য়গিরির মতো ক্ষো’ভটা জমে আছে কেন? কেন মনে হচ্ছিল সোজা গিয়ে ফুলটা কেড়ে নিয়ে দূরে ছুড়ে ফেলে দেয়?
সে কোনো যত্ন করতে চায় না। সে কাউকেই নিজের জীবনে এতটুকু স্থান দিতে রাজি নয়। আবেগ জিনিসটাই তো দুর্বলতা! যে মানুষকে ছায়ার মতো আগলে রাখতে চায় দিনশেষে সেই তো হারিয়ে যায়! এই সত্য নির্ঝরের চেয়ে ভালো আর কে জানে? নিজের ভেতরের এই আগত সকল ভাবনাকে তোয়াক্কা না করে সে অস্বীকার করতে চাইল। নিজের মনকে বুঝ দিল,
– না, কোনো পাত্তা দেওয়া নয়। এটা স্রেফ একটা নিজের মেজাজ খারাপের অজুহাত। আমার কোনো যায় আসে না ওই মেয়ের যা ইচ্ছা সে করুক!
নিজের মনের সাথে জোর করে তর্কে নামল সে। কিন্তু নিজের এই যুক্তিও যেনো ওর ভেতরের এই অচেনা অধিকারবোধকে দমাতে পারছে না, তা সে খুব ভালো করেই বুঝতে পারল। কিন্তু মানতে নারাজ। সে নিজের এই অভি’শপ্ত জীবনে আর কাউকে জড়াতে চায় না! এসব নিয়ে সে আর ভাবতে চায় না! তাই নিজের ভাবনাকে জোরালো করে সব ভুলার চেষ্টায় আবারও ক্যাম্পাসে ফিরে গেল।
.
– ঊষসী!
চেনা একটা কণ্ঠে নিজের ডাক শুনে পেছন ফিরল ঊষা। মিশকাতকে ডেকে হেসে বলল,
– হ্যাঁ বল, মিশকাত
মিশকাত এক প্রকার হাঁপাতে হাঁপাতে বলল,
– তোকে নির্ঝর ভাইয়া ডাকছে।
ঊষসী কিছুটা অবাক হয়ে বলল,
– আমাকে? কেন?
– সেটা জানি না।
বলে মিশকাত চলে গেল। ঊষসী ঘুরে পা বাড়াতেই দেখলো নির্ঝর এদিকেই আসছে। ঊষসী সেখানেই থমকে দাঁড়াল। নির্ঝর থমথমে মুখে এসে ওর মুখোমুখি দাঁড়িয়ে শুরুতেই বলল,
– এই শুনো তুমি আমার থেকে দূরে থাকবে। পালিয়ে পালিয়ে যেভাবে থাকতে ওভাবেই থাকবে। আমার আশেপাশে আসার দরকার নেই।
নির্ঝর এক টানা কথাটা বলে গেল। এদিকে ঊষসী হতভম্ব হয়ে নির্ঝরের মুখের দিকে চেয়ে রইল। সেদিন নিজেই এসে কি জানি বলল আজকেও নিজেই এসে আবার উল্টো বলছে! মানুষটার মনের আবহাওয়া কি প্রতি চব্বিশ ঘণ্টায় ৩৬০ ডিগ্রি ঘুরে যায়?
ঊষসী নিজের চোখ দুটো গোল গোল করে অবাক গলায় বলল,
– মানে? সেদিন না আপনি নিজেই বললেন আমি ফালতু পালিয়ে বেড়াই, স্বাভাবিক থাকা উচিত? এখন আবার বলছেন দূরে থাকতে? তাছাড়া-ও আমি কি আপনার পিছু পিছু ঘুরতে থাকি নাকি?
নির্ঝর নিজের এই দ্বিমুখী কথার ফাঁদে পড়ে ভেতর থেকে বেশ খানিকটা থতমত খেল। তবুও গম্ভীর কণ্ঠে বলল,
– আমি ওটা মিন করিনি। তোমাকে আমার আশেপাশে থাকতে বারণ করেছি সেটা করবে এতো প্রশ্ন করো কেন?
ঊষসী চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল,
– সব তো আপনিই বলছেন ভাইয়া! ওইদিন এসে নিজে থেকে একটা বললেন আজ আবার…
ওকে থামিয়ে দিয়ে নির্ঝর বলল,
– কি ওইদিন ওইদিন করছো আগেরটা আগে চলে গেছে আমি আগের কথা বলছি? তখন পরিস্থিতি আলাদা ছিল। আজ পরিস্থিতি আলাদা। কাল আমি ভেবেছিলাম তুমি স্বাভাবিকভাবে চলাফেরা করবে কিন্তু আজ মনে হচ্ছে তোমার থেকে দূরত্ব বজায় রাখাটাই আমার স্বাস্থ্য ও মানসিক শান্তির জন্য বেশি লাভজনক।
ঊষসীর তো একদম বিষম খাওয়ার জোগাড়! রাগ হবে নাকি অদ্ভুত এই লজিক শুনে হেসে ফেলবে সে ভেবে পেল না। লোকটার লাভজনক তাই নাকি সে লুকিয়ে থাকবে! রাগ বিরক্তি সব চেপে সে চোখ ছোট ছোট করে বলল,
– ভাইয়া, আপনার কি মাথার তারে একটু ঢিল আছে? আপনি কি জানেন আপনি এক একদিন এক এক কথা বলেন? একদিন বললেন আমি ঘুরঘুর করি, সপ্তাহ খানিক আগে বললেন কেন পালিয়ে থাকি আর আজ নিজে ডেকে পাঠিয়ে বলছেন দূরে থাকতে! আমি কি আপনার সাথে কোনো ম্যাগনেট লাগিয়ে রেখে টেনে আনছি নাকি যে দূরে থাকতে হবে? আপনার সামনে আমি যেচে যাই নাকি যে এখন ডায়লগ ঝাড়ছেন?
এতগুলো কথা একটানা বলে নির্ঝরের দিকে তাকিয়ে দেখলো নির্ঝরের চোয়াল ঝুলে যাওয়ার জোগাড়! ঊষসী নিজেই থতমত খেয়ে গেল। কি বলে ফেলল সে! নির্ঝরের দিকে তাকিয়ে বোকা বোকা হাসি দিল সে!
ওদিকে নির্ঝর বাকরুদ্ধ! সে ভাবতেই পারেনি এই মেয়েটা এভাবে সোজা তার মুখের ওপর যুক্তি দাঁড় করিয়ে দেবে! তাও আবার এতগুলো কথা এক নিঃশ্বাসে! নির্ঝরের শক্ত মুখের গম্ভীর খোলসে যেন হঠাৎ একটা সূক্ষ্ম চিড় ধরল। সে পকেটে হাত গুঁজে দৃষ্টি একটু অন্যদিকে ঘুরিয়ে নিয়ে গম্ভীর গলায় বলল,
– বেশি কথা বলা বন্ধ করো। তোমাকে যুক্তি দিতে ডাকিনি, সাবধান করতে ডেকেছি। দূরে থাকবে মানে দূরে থাকবে, দ্যাটস ইট!
– আহা! যেমন উনার পেছনে যাওয়ার জন্য আমি একদম হাতে পায়ে তেল মেখে বসে আছি!
ঊষসী মুখ বাঁকিয়ে বিড়বিড় করে আবার বলে উঠল,
– অদ্ভুত এক ভাব মা’রানি লোক! নিজে থেকে আমাকে নরমাল থাকতে বলবে আবার নিজে এসেই বলবে দূরে থাকো! আপনার কথা কি কোনো স্ক্রিপ্ট নাকি যে আমাকে মুখস্থ করে চলতে হবে?
ঊষসী কথা শেষ করে একটু হাসলো। বলা যায় ভুল ক্রমে হেসে ফেলেছে। নির্ঝর ধরা পড়ার মতো কিছুটা অস্বস্তিতে পড়ে গেল। আসলেই তো, নিজেই ডেকে এনে এসব কী আবোলতাবোল বকছে সে? জুনিয়র তো দূরের কথা, সমবয়সী বা সিনিয়রদের সামনেও কখনো এমন অপ্রস্তুত পরিস্থিতিতে পড়তে হয়নি তাকে। অথচ এই পিচ্চি মেয়েটা সোজা তার মুখের ওপর যুক্তি দাঁড় করিয়ে, আবার শেষে এসে এভাবে মিটিমিটি হাসি দিচ্ছে! নির্ঝরের নিজেরও একটু আধটু হাসি পাচ্ছে কিন্তু হাসলে চলবে না। নিজের উপর নিজের উপহাস হয়ে যাবে! সে কোনরকম গমগমে স্বরে বলল,
– হাসছো? সাহস তো কম না তোমার! একজন সিনিয়রের সাথে বেয়া’দপি করে আবার মুখে নির্লজ্জের মতো হাসি ফোটাচ্ছ?
ঊষসী নিজের হাসিটা ঝটপট চেপে নিয়ে দু হাত মুখের উপর রেখে বলল,
– না না ভাইয়া! সিরিয়াসলি আমি একদম হাসিনি! মানে... হাসিটা এমনে এমনি চলে আসছিল, আমি ভেতরে চালান করে দিছি! বিশ্বাস করুন!
নির্ঝরের তীক্ষ্ণ দৃষ্টি দেখে বুঝল একটু বেশিই বলে ফেলেছে। মুহূর্তেই গলা শুকিয়ে এলো তার। নিজে নিজে বিড়বিড় করে বলল,
– ঊষারে তোর মাথায় কি কিচ্ছু নেই? নির্ঝর ভাইয়ের সামনে দাঁড়িয়ে তাকেই কি না বললি মাথার তাঁর ঢিলে? তোর আজকে রক্ষে আছে?
নির্ঝর ধমকের সুরে বলল,
– কী বিড়বিড় করছ ওখানে দাঁড়িয়ে?
– বলছি, আপনি উল্টো ঘুরে সোজা হেঁটে আপনার চলে যান। না না মানে আমি কথাগুলো ভুলে বলেছি। মজা করেছি ভাইয়া! আই এম স্যরি!
নির্ঝরকে চুপ থাকতে দেখে ও তড়িঘড়ি করে বলল,
– আমার... আমার ক্লাস আছে ভাইয়া! রেহনুমা অলরেডি দাঁড়িয়ে আছে মনে হয়। আপনি প্লিজ মাথার তাপমাত্রা একটু নিয়ন্ত্রণে রাখুন আর আমাকে দয়া করে ইগনোর করুন। আমি চললাম!
কথাগুলো যেন এক নিঃশ্বাসে ঝড়ের গতিতে শেষ করল ঊষসী। নির্ঝরকে কিছু বলার বা নতুন করে রাগার বিন্দুমাত্র সুযোগ না দিয়ে, উল্টো ঘুরে একদম এক দৌড়ে বাউন্ডারি পার হওয়ার ভঙ্গিতে সটকে পড়ল!
আর নির্ঝর বেচারা পকেটে হাত গুঁজে বোকার মতো মাঠে দাঁড়িয়ে রইল। চোখ দুটো ছোট করে দূরে দৌড়ে যাওয়া ছোট অবয়বটার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। একে তো সোজা মুখে জবাব দিয়েছে আবার দৌড়ে পালিয়ে যাওয়ার সাহস পেয়েছে! একেই কি বলে নিজের পায়ে নিজেই কুড়াল মা’রা? নিজের ভেতরের অস্থির অনুভূতি ঢাকতে এসে মেয়েটার কাছেই উল্টো ইগো ক্র্যা’শ খেয়ে ফেরত যেতে হলো! তবে কেন যেন রাগ হলো না! বরং এক অদ্ভুত, অনাস্বাদিত ভালোলাগার হালকা দোলা দিয়ে গেল। নির্ঝর নিজের অজান্তেই ঠোঁটের কোণে একটা অদৃশ্য সূক্ষ্ম হাসি ফুটে উঠলো আর পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে উঠল,
– উ’ন্মাদ একটা মেয়ে!
.
– নির্ঝর কি হয়েছে রে তোর? তুই দুটো দিন কোথায় ছিলি?
আনিকার অনবরত প্রশ্নে নির্ঝর বিরক্ত হয়ে যাচ্ছে। এক প্রশ্ন করে যাচ্ছে তো করেই যাচ্ছে! তানভীর বলল,
– আরে ও বলেছে না বাড়িতে গেছে!
– আমি জানতে চাইছি হঠাৎ বাড়িতে কেন? কাউকে কিছু না বলে!
এবার গম্ভীর, ভারী গলায় নির্ঝর বলল,
– তোকে কৈফিয়ত দিয়ে কোথাও যেতে হবে নাকি আমাকে? আমার নিজের ঘর, আমার ইচ্ছা হয়েছে গেছি। এর মধ্যে তোর এত তদন্ত করার কী আছে?
আনিকা কিছুটা চটে গিয়ে বলল,
– তদন্তের কী হলো? তুই হুট করে গায়েব হয়ে যাবি, ফোন ধরবি না আর আমি জানতে চাইলেও দোষ? বন্ধুদের প্রতি কি তোর কোনো দায়িত্ব নেই?
– বন্ধু বলছিস, তাহলে বন্ধুর মতো থাক,
একটু থেমে নির্ঝর সোজা আনিকার চোখে চোখ রেখে শক্ত গলায় বলল,
– গার্ডিয়ান হওয়ার চেষ্টা করিস না। ভালো করেই জানিস এসব অধিকার দেখানো আমার পছন্দ নয়! কোনটা ভালো, কোনটা খারাপ আর কোথায় কখন যাব, সেটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার আছে। সো ব্যাক অফ!
পাশে বসা তাহফিয়া পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি করে বলে উঠল,
– আহা আনিকা, ছাড় তো! শান্ত হ। নির্ঝর তো বলেই দিল বাড়ি গিয়েছিল। ও তো আর বাচ্চা ছেলে না যে হারায়ে যাবে! তুই অহেতুক ক্যাঁচাল করছিস।
আনিকা এবার আর নিজেকে সামলাতে পারল না। সোজা দাঁড়িয়ে কণ্ঠস্বর কয়েক ধাপ চড়িয়ে তাচ্ছিল্যের সুরে বলে উঠল,
– ক্যাঁচাল আমি করছি, না কি আসল ঘটনা আড়াল করার চেষ্টা চালাচ্ছিস তোরা? আমার কথা ঘোরানোর চেষ্টা করিস না নির্ঝর! তুই যে হঠাৎ দুদিনের জন্য গায়েব হয়ে গেলি, নিজের ভেতরের কোন তোলপাড় লুকাতে গেলি তা আমার অজানা নয়! তোর এই নাটক কিসের জন্য? ওই মেয়েটার জন্য না? ঊষসীর জন্য?
নুরী অবাক কণ্ঠে বলল,
– কী আবোলতাবোল বলছিস তুই, আনিকা? থাম তো!
– তুই চুপ কর নুরী!
আনিকা চোখমুখ লাল করে বলে চলল,
– আমি কি অন্ধ? বেশ কিছুদিন ধরে দেখছি নির্ঝর কীভাবে ওর ওপর নজর রাখছে। ওর দিকে তাকাচ্ছে বা যেকোনোভাবেই সাহায্য করছে! এগুলো এমনি এমনি? কিসের এত তোয়াক্কা ওর ওপর? নির্ঝর, তুই ওই সাধারণ একটা মেয়ের প্রতি দুর্বল হয়ে পড়ছিস? এই তোর শক্ত খোলস?
নির্ঝরের মাথার তালু জ্বলে উঠলো যেন। একে তো সে মানতে নারাজ যে সে ঊষসীর প্রতি দূর্বল তার উপর আনিকার এমন কথা! সে দাঁতে দাঁত চেপে বলল,
– নিজের সীমা ছাড়িয়ে যাস না আনিকা! সেটা তোর জন্য ভালো হবে না!
অনিকা যেন তোয়াক্কায় করলো না! নিজের ঝাঁঝ ধরে রেখে বলল,
– আমি তো সত্যিটাই বলছি! তুই মেয়েটার প্রতি অতি আগ্রহী হচ্ছিস বলে তোর মনে হয় না? বাড়াবাড়ি হচ্ছে না?
– আমি কার প্রতি আগ্রহী হব বা অনাগ্রহী আর কার প্রতি দুর্বল হবো কিংবা শক্ত হব তার কোনো সার্টিফিকেশন তোর কাছ থেকে আমার নেওয়ার প্রয়োজন নেই! নিজের ভাষাটা সামলে কথা বলবি! আমি কারো প্রতি দুর্বল নই! তোর এই মনগড়া ফালতু ধারণা যদি আমার সামনে আর কোনোদিন আনিস তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না।
আনিকা জ্বলে উঠল,
– তুই আমার সাথে এমন বিহেভ করছিস নির্ঝর?
– তুই নিজে এসে আমার সাথে এমন আচরণের পথ তৈরি করেছিস! আজকের পর থেকে আমার পার্সোনাল লাইফ, আমার মুভমেন্ট বা আমার সাথে কারো নাম জড়িয়ে যদি একটাও আজগুবি কথা তোর মুখ থেকে শুনি, তোকে ফ্রেন্ড হিসেবে দেখা তো দূরের কথা কোনোদিন আমার ত্রিসীমানায়ও দাঁড়াতে দেব না। মাইন্ড ইট!
আনিকা গলার স্বর আরও উঁচিয়ে বলল,
– গত চার বছর ধরে তোর পাশে কে আছে? আমি! তোর এই কঠিন, রুড, রাগী রূপটা সহ্য করে কে তোর সাথে বন্ধুত্ব রেখেছে? আমি! আর আজ একটা অচেনা, অর্ধপরিচিত মেয়ের নাম তুলতেই তুই আমাকে নিজের সীমা দেখাচ্ছিস? বন্ধুত্ব শেষ করার হুমকি দিচ্ছিস?
নির্ঝর কেমন নির্বিকার বলল,
– তোর দীর্ঘদিনের পরিচিতি তোকে আমার পার্সোনাল স্পেসে নাক গলানোর লাইসেন্স দিয়ে দেয়নি, আনিকা। তোর সমস্যাটা ঊষসীকে নিয়ে নয়। তোর সমস্যা তোর নিজের অহংকার নিয়ে। তুই ভেবেছিলি তুই আমাকে কন্ট্রোল করিস, আমার জীবনের সবকিছু তোর ইশারায় চলে। আজ যখন দেখছিস তোর সেই ধারণা ভুল, তখন তুই রূপ দেখাচ্ছিস। আমি কি জানি না? নাকি বুঝি না তুই কি চেয়ে এসেছিস? কিন্তু তুই ভালো করেই জানিস আমি তোর মতো চিন্তা ভাবনা করি না! তুই যা চিন্তা করিস আমি তেমন কোনো চিন্তাই করি না!
বাকিরা অবস্থা দেখে ওদের থামাতে চাইলে আনিকা রাগে ক্ষোভে চিৎকার করে বলল,
– নির্ঝর! তুই আমাকে দোষ দিচ্ছিস? আমার কথা একটাও ভুল বলতে পারবি? আমি অন্ধ নই! কেন কাল ওই ছেলেটা ওকে ফুল দিল বলে তোর মাথা খারাপ হয়ে গেল? কেন তুই হুট করে শাটডাউন হয়ে দুই দিন গায়েব হয়ে গেলি? তুই নিজের সাথে নিজে মিথ্যা বলছিস নির্ঝর! ওই মেয়েটার প্রতি তোর এই অদ্ভুত বিকা’রগ্রস্ততা তুই লুকাতে পারবি না!
সবাই বড় বড় চোখ করে ওদের দিকে তাকাল। নির্ঝরের চোয়াল শক্ত হয়ে গেল। চোখ দিয়ে যেন আ’গুন ঠিকরে বেরোচ্ছে!
– তুই আমার ওপর স্পাইগিরি করছিস?
– স্পাইগিরি নয়! আমি তোকে প্রটেক্ট করার চেষ্টা করছি! তুই হাঁটছিস একটা ভুলের দিকে! তুই নিজের অজান্তেই নিজেকে দুর্বল করে ফেলছিস আর আমি বন্ধু হিসেবে তোকে সত্যিটা মনে করিয়ে দিচ্ছি!
– আমার প্রটেকশনের দায়িত্ব তোকে কে দিয়েছে?
নির্ঝরের ধমকটা এবার ওদের মাঝে প্রতিধ্বনি তুলে আছড়ে পড়ল। নির্ঝর তর্জনী উঁচিয়ে আনিকাকে নির্দেশ করে বলল,
– আমার লাইফে তুই কোনো অথরিটি হোল্ড করিস না। বন্ধুত্বের দোহাই দিয়ে তুই যে সাই’কোটিক বিহেভিয়ার আর পজিসিভনেস দেখাচ্ছিস তার সাফাই দেওয়ার দরকার নেই। তোর এই নোংরা মানসিকতা আর ওভার স্মার্টনেস আমার সহ্যসীমার বাইরে চলে গেছে। আমি স্পষ্ট বলে দিচ্ছি আজকের পর থেকে যদি তুই আমার কোনো কাজে, আমার কোনো সিদ্ধান্তের মাঝখানে আসিস, কিংবা কোনো মানুষকে নিয়ে ফালতু ড্রামা করিস, তোর সাথে আমার সমস্ত সম্পর্ক আমি স্থায়ীভাবে শেষ করব!
আনিকা বাকরুদ্ধ হয়ে গেল। অবাক কণ্ঠে বলল,
– তুই আমাকে এত বড় হুমকি দিচ্ছিস?
– এটা হুমকি নয় আমার সিদ্ধান্ত! আমার লাইফে কেউ সীমা লঙ্ঘন করলে আমি তাকে দ্বিতীয় সুযোগ দিই না। সে তুই হস বা অন্য কেউ। তানভীর, তোরা ওর সাথে কেমন সম্পর্ক রাখবি সেটা তোদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার সাথে আনিকাকে কোনোদিন আর একই ফ্রেমে ফেলার চেষ্টা করবি না।
কথাটা বলেই নির্ঝর টেবিল থেকে নিজের ব্যাগটা তুলে নিল। আনিকা বাকরুদ্ধ হয়ে এক পা এগিয়ে ওর হাত ধরতে যেতেই নির্ঝর এক সজোরে হাত ঝাড়া দিল। কঠোর কণ্ঠে বলল,
– ডোন্ট এভার টাচ মি।
নির্ঝরের চোখ দুটো তখন খাঁটি আগুনের গোলক। সে আর এক মুহূর্তও সেখানে দাঁড়াল না। আনিকা গলা উঁচিয়ে বলল,
– তুই পালাচ্ছিস নির্ঝর! তুই সত্য থেকে পালাচ্ছিস! কিন্তু মনে রাখিস, তুই অস্বীকার করলেই সত্যিটা মিথ্যা হয়ে যাবে না! আমি দেখে নেব ওই ঊষসির জন্য আর কি কি করতে পারিস! খেলাটা কিন্তু সবে শুরু হলো!
হাবিব একটা দীর্ঘশ্বাস ফেলে হতাশায় মাথা নাড়ল।
– তুই নিজের পায়ে নিজে কুড়াল মা’রলি আনিকা। নির্ঝরকে তুই পাঁচটা বছর ধরে চিনিস কিন্তু আজ পর্যন্ত বুঝতে পারলি না। ও যাকে একবার নিজের জীবন থেকে ব্ল্যাকলিস্ট করে দেয় ম’রে গেলেও ও আর সেদিকে ফিরে তাকায় না। তুই কি জানিস না ও কি কি করেছে? এর পরও তুই আজ সবকিছু নিজের হাতে শেষ করে দিলি।
আনিকা কিছু বলল না। সে সবটা জানে তবুও আজকে ও নিজেকে সামলাতে পারলো না! তার গাল বেয়ে জল নামলেও ভেতরের ক্ষোভ আর অপমানের আগুন তখন দাউদাউ করে জ্বলছে। নির্ঝর তাকে সবার সামনে ছুড়ে ফেলেছে, অপমান করেছে আর এই সবকিছুর মূলে রয়েছে ওই মেয়েটা! আনিকার মাথার ভেতরে তখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, নির্ঝর তার কাছ থেকে দূরে সরে গেছে ঠিকই কিন্তু যে আগুনের সূত্রপাত ঊষসীকে দিয়ে হয়েছে সেই আ’গুন সে এত সহজে নিভতে দেবে না।
#চলবে…?
(কালকে এত দৌড়াদৌড়িতে ছিলাম যে গল্প যে দিতে পারব না সেটা জানানোর সুযোগটুকু পাইনি🙂)