ফন্ট সাইজ:
থিম:
কদম গুচ্ছের কাব্য গাঁথা

পর্ব 11

লেখক: তাবাসসুম তাজ্বওয়ারী

#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(১১)
#তাবাসসুম_তাজ্বওয়ারী

– তুমিই ঊষসী ইসরাত হায়দার তাই তো?

হুট করে আনিকা সামনে এসে এমন প্রশ্ন করায় ঊষসী কিছুটা থতমত খেয়ে গেল। সাথে একটু অবাকই হলো। আনিকা নামক এই সিনিয়র আপুর সাথে তো তার কখনো সেভাবে কথাই হয়নি যে এভাবে নিজ থেকে এসে কিছু জিজ্ঞেস করবে! তবুও সামলে নিয়ে বলল,

– জ্বি কিছু বলবেন আপু?

– বলার জন্যই তো দাঁড়িয়েছি।

বলেই আনিকা ওর আগাগোড়া ভালো করে পর্যবেক্ষণ করে তাচ্ছিল্য নিয়ে বলল,

– বেশ তো আছ ফার্স্ট ইয়ারে! পড়ালেখার দিকে নজর আছে নাকি ঘুরে ঘুরে উঁকিঝুঁকি মা’রাটাই তোমার মূল কাজ?

ঊষসী বুঝতে পারলো না কি বলল সে।

– আমি ঠিক বুঝলাম না আপু, আপনি কী নিয়ে কথা বলছেন। আমি তো কারো কাজে বা কারো জায়গায় উঁকি দিতে যাইনি।

আনিকা একটা বাঁকা হাসি দিয়ে বলল,

– বোঝ না, তাই না? খুব তো নিষ্পাপ সাজছো ভাবছো আমি কিছু বুঝতে পারছি না? নির্ঝরের আশেপাশে ঘুরঘুর করা, ওর সামনে গিয়ে ভালো সাজা, কিসের জন্য এসব? মিষ্টি মিষ্টি চেহারার পেছনে যে এত বুদ্ধি লুকিয়ে রাখছ তা তো জানতাম না!

ঊষসীর ভ্রু খানিকটা কুঁচকে এল। নির্ঝর ভাইয়ার প্রসঙ্গ এভাবে টানায় ওর ভেতরটা রীতিরীতি রি-রি করে উঠল। তাও নিজের ভদ্রতা বজায় রেখে, স্পষ্ট স্বরে জবাব দিল,

– আপু, আপনি হয়তো কোথাও বড় কোনো ভুল করছেন। নির্ঝর ভাইয়া ক্যাম্পাসের সিনিয়র, উনার সাথে আমার দরকার ছাড়া কখনো কোনো কথা হয় না। আর ঘুরঘুর করার প্রশ্নই আসে না! আমি নিজের কাজ নিয়ে চলতেই ভালোবাসি। অহেতুক আমাকে নিয়ে এসব ভাববেন না প্লিজ।

আনিকা দাঁত কিড়মিড় করে বলল,

– তোমার তো বেশ কথার খই ফুটেছে দেখছি!

– আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না!

আনিকা তর্জনী উঁচিয়ে বলল,

– চুপ! আমার সাথে চালাকি করতে এসো না পিচ্চি মেয়ে! ভার্সিটিতে এসেই তোমরা ফার্স্ট ইয়ারের কিছু চ্যাটাং চ্যাটাং মেয়ে ভাবো একটু সুন্দর মুখ দেখালেই সিনিয়রদের মাথা ঘুরিয়ে দেওয়া যায়, তাই না?

কথাগুলোর ভাষা আর ধরন এতটাই বাজে শোনালো যে ঊষসীর শরীরের র’ক্ত গরম হয়ে উঠল। ও ঝট করে দাঁড়িয়ে পড়ল। ভদ্রতার খোলস ছেড়ে ওর মুখ এবার শক্ত হয়ে উঠল। কঠোর কণ্ঠে বলল,

– আপু! মুখ সামলে কথা বলুন! আপনি সিনিয়র বলে আমি আপনাকে সম্মান দিয়ে এতক্ষণ চুপচাপ আপনার বেফাঁস কথা শুনছিলাম। এর মানে এই নয় যে আপনি আমাকে যা ইচ্ছা তা-ই বলবেন!

– তোমার মতো মেয়েদের স্বভাব আমি খুব ভালো করেই চিনি! মিষ্টি মুখের আড়ালে সিনিয়রদের মিষ্টি কথায় ভুলিয়ে কাজ হাসিল করা তোমাদের মূল উদ্দেশ্য!

কথাগুলো বিষাক্ত তীরের মতো এসে বিঁধল ঊষসীর কানে। রাগে আর ঘেন্নায় ওর সারা শরীর রি-রি করে উঠল। শুধু শুধু তাকে অপবাদ দেওয়া হচ্ছে ভেবে রাগ আরো বাড়ছে। সে কড়া কণ্ঠে বলল,

– আপনাকে সাবধান করছি আমি! আরেকটা বাজে কথা বললে কিন্তু ভালো হবে না। আপনার ছোট একজনের কাছে অপমানিত হতে নিশ্চয় আপনার ভালো লাগবে না?

আনিকার গায়ে লাগলো যেন কথাটা! সে ফুঁসে উঠে বলল,

– এই তুমি আমাকে হুমকি দিচ্ছো? চেনো আমাকে? আমি কে জানো তুমি? ওহ্ তুমি তো সুযোগ নিতে চাইছো! ওই যে নির্ঝর তোমাকে বাঁচাতে করুণা করে যে বিয়ে করেছিল সেটার সুযোগ! তোমাকে আমি চিনতে পেরেছি ঠিকই ভালো মানুষীর আড়ালে তুমি নিজের লোভ লুকিয়ে রেখেছো! এখন তুমি নিজেকে একটা কিছু ভেবে বসে আছো আর নির্ঝরের ক্লোজ হওয়ার চেষ্টা করছো!

– আপনি এসব কি আজেবাজে কথা বলছেন?? আমার সাথে ওনার এমন কোনো সম্পর্ক নেই বা কোনদিন ছিলও না! ওটা জাস্ট একটা এক্সি’ডেন্ট এটা আপনারাও খুব ভালোভাবে জানেন!

– জানি নাকি কচু! তাহলে নির্ঝরের আশেপাশে ঘুরঘুর করো আবার বান্ধবীদের নিয়েও আসো কেন? তোমার মতো মেয়ে দুটো দেখিনি। নির্ঝরকে কি বুঝিয়েছো? নাহয় তোমার জন্য নির্ঝর কিভাবে আমার সাথে ফ্রেন্ডশিপ নষ্ট করতে চায়! আগে তো এমন করে নি!

ঊষসী এবার কিছুটা বুঝতে পারলো ঘটনা। কিন্তু ওদের ব্যক্তিগত সমস্যার মধ্যে ওকে টানছে এটা মোটেই ভালো লাগে নি। সে একই ভাবে বলল,

– দেখেন আপু! আপনার আর নির্ঝর ভাইয়ার মাঝে কী সমস্যা আছে বা আপনাদের ব্যক্তিগত ঝামেলা কী, তা তো আমি জানি না! সেসব আপনারা মিটমাট করুন। সেখানে আমাকে টেনে এনে বাজে কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে?

– এই একদম আমার আর নির্ঝরকে নিয়ে কিছু বলবে না! তোমার কি মনে হয় আমি কিছু বুঝি না? তোমার এই সোজা-সাপ্টা, নিরীহ মার্কা রূপটা দেখেই ও ধোঁকা খাচ্ছে! তুমি ভেতরে ভেতরে ওর মাথাটা চিবিয়ে খাচ্ছ!

ওকে নিয়ে এভাবে বাজে কথা হচ্ছে দেখে তার মাথা খারাপ হয়ে গেল। নিজের আত্মসম্মানে এভাবে প্রকাশ্যে কাদা ছেটানো হচ্ছে দেখে ওর ভেতরের নরম আচরণটা উধাও হয়ে গেল। চোখের মনি দুটো জ্বলন্ত কয়লার মতো শক্ত করে ও সোজা আনিকার মুখোমুখি এসে দাঁড়িয়ে গলার স্বর উঁচিয়ে বলল,

– আপু, সীমা পার করবেন না একদম! আপনার মানসিকতা যে এতটা নোংরা তা আপনাকে এভাবে না দেখলে জানতামই না! নির্ঝর ভাইয়া আপনাকে পাত্তা দিচ্ছে না বা আপনার কথা শুনছে না, সেটার রাগ এসে আমার ওপর ঝাড়ছেন কেন? আমি উনার পিছে ঘুরঘুর করি না কি উনি আমাকে নোটিশ করেন তা গিয়ে উনাকেই জিজ্ঞেস করুন! আমার গায়ে অহেতুক কাদা ছেটাতে আসবেন না!

আনিকা কিছু বলতে যাবে ঊষসী আঙুল তুলে বলল,

– আমাকে এসবের মধ্যে আবার জড়ালে আপনার এই সস্তা ডিরেক্টরি আর সিনিয়রগিরি আমি সোজা অথরিটির কাছে নিয়ে যাব! মনে রাখবেন কথাটা!

বলেই গটগট করে চলে গেল সে। এদিকে আনিকা রাগে ফুঁসছে তখনো!

ঊষসী হনহনিয়ে এগোচ্ছে। আশপাশ কিছু দেখছে না এখন এক মাত্র টার্গেট নির্ঝর! বুকটা ধড়ফড় করছে, হাত দুটো রাগে ঠকঠক করে কাঁপছে। আনিকার একেকটা কথা ওর মাথায় ঘুরপাক খাচ্ছে। ও তো নিজ থেকে কখনো লোকটার ছায়াও মাড়ায়নি! তবে কেন বারবার তাকেই সবাই কাঠগড়ায় দাঁড় করাচ্ছে? আর এসব সহ্য করা যায় না! প্রতিনিয়ত একেকজন একেকটা অপবাদ দিয়ে যাবে আর সে সহ্য করবে? আজকে কড়া করে কিছু বলতেই হবে! "একদম মাথা খারাপ বানিয়ে ছেড়েছে লোকটা! নিজে তো কোনো ঝামেলায় পড়বে না, মাঝখান থেকে আমার বারোটা বাজাচ্ছে!" বিড়বিড় করতে করতে যাচ্ছে সে।

ঊষসী রাগে ফুঁসতে ফুঁসতে সাবাস বাংলাদেশ চত্বরে গিয়ে নির্ঝরের দেখা পেল! কার সাথে জানি ফোনে কথা বলছিল। সাথে ছিলো মিরাজ, তানভীর আর হাবিব। কিন্তু ঊষসী আজকে সেসব পাত্তা দিলো না। সে সোজা নির্ঝরের সামনে গিয়ে বলল,

– আপনার সমস্যাটা ঠিক কোথায় আমাকে একটু বলবেন?

নির্ঝর এক পলক তাকিয়ে ভ্রু কুঁচকে ফেলল। ফোনে থাকা ব্যক্তিকে জানালো সে পরে ফোন দিচ্ছে। ধীরেসুস্থে ফোনটা পকেটে রেখে ঠান্ডা গলায় বলল,

– মানে? কীসের সমস্যার কথা বলছো?

নির্ঝরের শান্ত নির্বিকার মুখ আর কিচ্ছু না জানার ভান দেখে ঊষসীর রাগের পারদ এক লাফে মাথায় চড়ে গেল!

– কী হয়েছে মানে? আপনি কিচ্ছু জানেন না, তাই না? আপনারা সবাই মিলে কি আমার চরিত্রে কাদা ছিটাতে চান? আপনি আপনার বন্ধুদের কী বুঝিয়েছেন? আপনার ফ্রেন্ডশিপ নষ্ট হচ্ছে, আপনি মানুষজনকে ঝাড়ছেন সেটার মাশুল আমাকে দিতে হবে?

মিরাজরা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। নির্ঝর কপাল গুটিয়ে বলল,

– কি হয়েছে কি?

– আমি নাকি লোভী, আমি নাকি করুণার সুযোগ নিয়ে আপনার ক্লোজ হওয়ার চেষ্টা করছি! এমনকি আপনি তার সাথে ফ্রেন্ডশিপ ভাঙছেন সেটার জন্য নাকি আমি দায়ী!

একটু থামলো। নির্ঝর তখনও চেয়ে আছে। একটু পর ঊষসী আবার বলল,

– শুনুন নির্ঝর ভাইয়া! ওই এক্সি’ডেন্টাল বিয়ের দোহাই দিয়ে কেউ যদি আমাকে সস্তা আর লোভী বলে অপমান করে আমি কিন্তু ছেড়ে কথা বলব না! আপনার ব্যক্তিগত জীবনে কে গুরুত্ব পেল আর কে পেল না, তা নিয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই! ইভেন আপনি পুরোটা নিয়েও আমার কোনো ইন্টারেস্ট নেই! দয়া করে নিজের মিউচুয়াল ঝামেলাগুলো নিজেরা মেটান। আমাকে আর আমার সম্মানকে আপনাদের এই নাটকের মধ্যে টেনে আনবেন না!

একটানা কথাটা বলে ঊষসী যখন থামলো তখনই মুখ খুললো নির্ঝর,

– বলা শেষ?

ঊষসী ওর দিকে তাকাতেই ও বললো,

– এবার বলো কে কি বলেছে?

ঊষসী এবার আর কিছু বলছে না দেখে নির্ঝর আবার বলল,

– আনিকা গিয়েছিল তোমার কাছে?

ঊষসী হ্যাঁ সূচক মাথা নাড়ল। নির্ঝর ঠান্ডা গলায় বলল,

– ওকে তুমি ক্লাসে যাও। তুমি বলেছো আমার ঝামেলা যেন আমি মিটায় তাহলে আমিই মিটাবো তুমি যাও।

ঊষসী আর কথা বাড়ালো না। উল্টো ঘুরে চলে গেল। ওদিকে তানভীর, হাবিব আর মিরাজ হা করে তাকিয়ে ছিলো এতক্ষণ। ঘটনা মোটামুটি ওদেরও বোঝা হয়ে গেছে! মিরাজ আমতা আমতা করে বলল,

– ঘটনা কি রে?

তানভীর জবাব দিল,

– বুঝতে পারছি না।

নির্ঝর মিরাজ বা তানভীরের কোনো প্রশ্নেরই জবাব দিল না। সে ধীরপায়ে ঘুরে দাঁড়াল। ওর চোখে মুখে জমাট বাঁধল প্রচণ্ড এক প্রল’য়ঙ্করি রাগ। চোখের মনি দুটো জমে বরফ হয়ে উঠেছে যেন! চোয়ালের শক্ত হয়ে যাওয়া রগগুলো স্পষ্ট জানান দিচ্ছে ভেতরের দাবা’নলের কথা।
আনিকা যে এতদূর গিয়ে সরাসরি ঊষসীর মুখোমুখি হবে এবং ওই দুর্ঘটনার বিয়ে'র কথা তুলে মেয়েটাকে এত বাজেভাবে অপবাদ দেবে তা নির্ঝর ঘুণাক্ষরেও ভাবতে পারেনি! সে তো কেবল আনিকার বিহেভিয়ার আর অহেতুক পজিসিভনেস বন্ধ করার জন্য সীমা টেনে দিয়েছিল, অথচ সেই ঝালের বলির পাঁ’ঠা বানানো হলো এই মেয়েটাকে!
নির্ঝর পকেটে হাত গুঁজে লম্বা পা ফেলে হাঁটতে শুরু করল।

– নির্ঝর? কই যাচ্ছিস তুই?

হাবিব পেছন থেকে একটু চড়া গলায় ডাকল। নির্ঝর না থমকে, পেছন না ফিরেই থমথমে বরফকণ্ঠে উত্তর দিল,

– আনিকার কাছে।

তানভীর ঢোক গিলে দৌড়ে ওর পাশাপাশি এসে বলল,

– শান্ত হ দোস্ত! আনিকা হয়তো রাগের মাথায় বেফাঁস কিছু বলে ফেলেছে, তুই গিয়ে আবার ক্যাঁচাল করিস না…

– আমার চোখের সামনে থেকে সর তানভীর।

.

দুইদিন কেটে গেছে। কারো সাথেই কারো দেখা হয় নি আর। ঊষসী এই নিয়ে ভীষন খুশি মনে খুশিতে ভরে যাচ্ছে যেন! সে চারুকলা অনুষদের পেছনে একটা রোডে দাঁড়িয়ে আছে। তাদের ক্লাসেরই একজন বলল মীরা নাকি ওর জন্য এখানে অপেক্ষা করছে তাই সে গত দশ মিনিট আগে এসেছে কিন্তু মীরা তো দূরে থাক এখানে মানুষজনের চিহ্নই নেই। এক পাশে দাঁড়িয়ে গাছগাছালির দিকে তাকিয়ে নিজের আপন মনে কি যেন ভাবছিল। হঠাৎ ভাবনার রেশ কাটল দুটো অপরিচিত কণ্ঠের হাসাহাসির শব্দে। ঊষসী চমকে উঠে ডানদিকে তাকাল। গাঢ় গাছের ছায়া ঠেলে দুটো ছেলে ওর দিকেই এগিয়ে আসছে। ঊষসী যাওয়ার জন্য পা বাড়াতেই রাস্তা আটকে দাঁড়িয়ে গেল একটা ছেলে,

– আমাদের পাঠাল মীরা নামের এক বান্ধবীর জন্য নাকি তুমি অপেক্ষা করছো কিন্তু এসে দেখছি তুমি তো একা! তা আমরা থাকতে মীরার কী দরকার?

ঊষসীর চোখের সামনে পুরো বিষয়টা এবার পানি হয়ে গেল। মীরার নাম ভাঙিয়ে ওকে চক্রান্ত করে এই ফাঁকা জায়গায় ডেকে আনা হয়েছে! ওদের চাউনি আর চালচলন দেখেই বুকটা ছাৎ করে উঠল ঊষসীর, এরা ক্যাম্পাসের কোনো ছাত্র তো নয়ই নিশ্চিত বহিরাগত বখাটে! ওর ভেতরের ভয়টা তীব্র রাগে রূপ নিল। সে পিছিয়ে যাওয়ার চেষ্টা করে শক্ত কণ্ঠে বলল,

– আপনাদের সাহস তো কম না! রাস্তা ছাড়ুন বলছি, নইলে আমি কিন্তু চেঁচাব!

– আহা এত চটছো কেন রূপসী? আসো গল্প করি…

বলে হাত ধরতে নিলে আচমকা এক চওড়া ও বিশাল অবয়ব ঝড়ের বেগে তাদের মাঝে এসে আছড়ে পড়ল। একটা শক্ত হাত ধেয়ে গিয়ে প্রথম বখা’টের শার্টের কলার আঁকড়ে ধরল। তারপর ধা’ক্কা দিল পাশের গাছ বরাবর।

– আহ্!

যন্ত্র’ণায় কোঁকাতে কোঁকাতে মাটিতে লুটিয়ে পড়ল প্রথমজন। দ্বিতীয় জন কিছু বুঝে ওঠার আগেই এক মারাত্মক লা’থি এসে পড়ল তার পেটে! নিঃশ্বাস বন্ধ হয়ে সে ধপাস করে আছড়ে পড়ল ধুলোবালিতে। পুরো ঘটনাটা ঘটল মাত্র কয়েক সেকেন্ডের ঝড়ে! নির্ঝর মাটিতে ছটফট করতে থাকা ছেলে দুটোর দিকে এক পলক তাকিয়ে র’ক্ত হিম করা গলায় বলল,

– দশ সেকেন্ড সময় দিচ্ছি। নিজের পায়ে হেঁটে ক্যাম্পাস পার হবি নাকি স্ট্র্যাচারে করে বের হবি সেটা তোদের সিদ্ধান্ত।

ছেলে দুটো আর এক মুহূর্তও অপেক্ষা করল না। যন্ত্রণায় কোঁকাতে কোঁকাতে কোনোরকমে উঠে দাঁড়িয়ে পেছনে না তাকিয়েই দৌড় লাগাল।
চারপাশ আবার নিঃশব্দ হয়ে গেল। শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ আর ঊষসীর দ্রুত চলা শ্বাসের আওয়াজ।

– এত নির্জন জায়গায় একা আসার বুদ্ধিটা কে দিয়েছে তোমাকে?

নির্ঝরের কথায় ঊষসী ওর দিকে তাকালো। নিচু স্বরে বলল,

– মিরা নাকি…

– এখানে কোথায় মিরা? আমি না আসলে কি হতো বুঝতে পারছো?

একটু চুপ থেকে আশপাশ দেখলো। হঠাৎ বলল,

– ওয়েট! এখানে নাকি কি ঝামেলা হয়েছে? আমাকে তো তাই বলেই আসতে বলা হয়েছে কিন্তু এখানে তো তুমি ছাড়া কেউই নেই! মিরাজরা এখানে নেই?

ঊষসী না বুঝে বললো,

– আমি তো গত পনের মিনিট ধরে এখানে কাওকেই তো দেখিনি।

নির্ঝরের হিসাব মিলছে না। ও তীক্ষ্ণ চোখে আশপাশ খেয়াল করলো। তারপর ঊষসীকে বলল,

– সোজা হাঁটা ধরো। কোনদিকে তাকানোর প্রয়োজন নেই।

ঊষসী দ্রুত প্রস্থান করল। এদিকে নির্ঝর দাঁড়িয়ে রইল আগের মতোই অকম্পিত যেন এক জ্বলন্ত আগ্নে’য়গিরি। ওর তীক্ষ্ণ চিল চোখ জোড়া চারপাশের ঘন ঝোপঝাড় আর বটগাছের উঁচু ডালপালার দিকে নিঃশব্দে নজর বুলাচ্ছিল। অভিজ্ঞতা থেকে ও খুব ভালো করেই জানে, কোথাও কিছু একটা ভীষণ ভুল হচ্ছে।

ঊষসী ক্লাসের সামনে আসতেই রুহি ছুটে আসলো। হাঁপাতে হাঁপাতে কেমন অস্থির কণ্ঠে বলল,

– কোথায় গিয়েছিস তুই? কখন থেকে খুঁজছি তোকে আমি!

ঊষসী সেই ঘটনা বলতে চাইলো,

– আরে ওইদিকে…

রুহি থামিয়ে দিয়ে বলল,

– রাখ তোর কথা এদিকে কি ঘটে যাচ্ছে জানিস? তার আগে তুই আমাকে বল এসব কি? যা শুনছি তা কি সত্যি?

ঊষসী ভ্রু কুঁচকে বলল,

– কি হয়েছে? কি শুনেছিস?

– মানে কি! সবাই জেনে গেল আর তুই বলছিস কি?

ঊষসী এবার বিরক্ত হয়ে ক্লাসের দিকে যেতে যেতে বলল,

– কিসব উল্টো পাল্টা বলছিস বল তো? যা বলবি সরাসরি বল! নাহয় আমি চললাম।

– তুই নাকি নির্ঝর ভাইয়াকে বিয়ে করেছিস?

আচমকা ঊষসীর পা জোড়া থমকে গেল। দুনিয়া কি ঘুরছে? অক্সিজেনের অভাব হয়েছে? নিঃশ্বাস আটকে যাচ্ছে কেন? পায়ের নিচের মাটিটা ছিটকে সরে যাচ্ছে বলে মনে হলো।
বুকের ভেতর দড়াম করে একটা ধা’ক্কা মারল তীব্র ভীতি আর শঙ্কা। ও পাথরের মতো স্থির হয়ে ঘুরে দাঁড়িয়ে রুহির দিকে তাকাল। ওর শুকনো, কাঁপা ঠোঁট দুটো ফাঁক হয়ে কেবল একটা অস্ফুট বাক্য বের হলো,

– ক… কী বলছিস তুই?

রুহি ওর হাত দুটো চেপে ধরে আকুল কণ্ঠে বলল,

– আমি ভুল বলছি না ঊষসী! ফাইনাল ইয়ার থেকে শুরু করে ফার্স্ট ইয়ারের মেসেঞ্জার গ্রুপ সব জায়গায় খবরটা ব্রেকিং নিউজের মতো ছড়িয়ে গেছে! কিছুক্ষণ আগে কে বা কারা যেন একটা আননোন আইডি থেকে মেসেঞ্জার গ্রুপগুলোতে ছবি পোস্ট করেছে! ছবিতে তোকে আর নির্ঝর ভাইয়াকে খুব কাছাকাছি দেখা যাচ্ছে… সাথে একটা লম্বা ক্যাপশনে লেখা, তোদের নাকি আগে থেকেই এক্সি’ডেন্টাল ম্যারেজ হয়েছিল, আর তোরা গো’পনে ক্যাম্পাসে এসে মেলামেশা করছিস!

#চলবে…?

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 11 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন