#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(১৪)
#তাবাসসুম_তাজ্বওয়ারী
নির্ঝর বিয়ে করতে রাজি হয়েছে দেখে ইসহাক হায়দার কিছু না বললেও ঊষার ফুপির মাথা খারাপ হলো। তিনি হম্বিতম্বী করে বললেন,
– সামান্য একজন স্টুডেন্ট হয়ে তুমি কি বিয়ে করবে হ্যাঁ? আমাদের মেয়েকে চালাতে পারবে তুমি? খাওয়াতে পারবে?
নির্ঝরের মুখের অভিব্যক্তিতে কোনো পরিবর্তন হলো না। দৃঢ় কণ্ঠে জবাব দিল,
– মানুষের যোগ্যতা শুধু তার স্টুডেন্ট আইডেন্টিটি দিয়ে মাপা যায় না। আমি আজ এখানে দাঁড়িয়ে যা বলছি তা কোনো আবেগি ছেলের ফাঁকা বুলি নয়। ঊষসীর দায়িত্ব নেওয়ার মতো সক্ষমতা, যোগ্যতা আর ক্ষমতা তিনটেই আমার আছে। এটলিস্ট আপনাদের থেকেও বেশি আছে!
শেষ কথাটা কেমন খোঁচা দিয়ে বলল। ইসহাক হায়দার ওর দিকে তাকালেও ওর ভাবান্তর হলো না। যা সত্যি সে তাই বলেছে।
ঊষার ফুফি তেড়ে এসে বললেন,
– কত বড় স্পর্ধা তোমার! আমাদের বাড়ি এসে আমাদেরই অপমান করছ? ভাইয়া, দেখলে তো এই ছেলের বেয়াদপি? বিয়ে তো দূর, এর মতো অভদ্র ছেলের হাতে উষাকে তুলে দিলে সারা জীবন আফসোস করতে হবে!
– আপনার গায়ে লাগছে কেন? আমি তো আপনাদের কিছুই বলিনি!
ঊষার ফুপি কিছু বলবে ইসহাক হায়দার হাত তুলে বোনকে থামিয়ে দিলেন। নির্ঝরের চোখের দিকে সোজা তাকিয়ে বললেন,
– যোগ্যতা আর ক্ষমতার গরম দেখানো খুব সহজ, তরুণ। কিন্তু পরিবার চালানো আর একটা মেয়ের দায়িত্ব পালন করা এত সহজ নয়।
– আমি কোনো গরম দেখাচ্ছি না আঙ্কেল। এটা আমার অহংকারও নয় তবে এইটুকু বলতে পারি যে আমকে স্টুডেন্ট দেখে আমার কিছু নেই এমন ভাববেন না। আল্লাহর রহমতে আমার যা আছে তা দিয়ে আমি আপনার মেয়েকে সারাজীবন বসিয়ে খাওয়াতে পারবো।
ইসহাক হায়দার যেন ওকে দমাতে চাইল। আবার বললেন,
– সব আছে ধরে নিলাম কিন্তু তোমার মধ্যে একটা মেয়ের অভিভাবকের সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সৌজন্যবোধটুকুও তো দেখছি না।
নির্ঝর একটুও বিচলিত না হয়ে আগের মতোই গলার স্বর গম্ভীর করে কনফিডেন্স নিয়ে বলল,
– সৌজন্যবোধ আমি তাদেরকেই দেখাই আঙ্কেল, যারা ন্যায় আর অন্যায়ের তফাত বোঝে। যে বাবা নিজের মেয়ের কথা না শুনে, আসল সত্য না জেনে স্রেফ লোকলজ্জার ভয়ে তাকে জোর করে তার ইচ্ছের বিরুদ্ধে অন্যের হাতে তুলে দিতে প্রস্তুত হন তাঁর সামনে খুব বিনীত সেজে দাঁড়িয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। সেই হিসেবে আমি যথেষ্ট বিনয়ী হয়েই আছি।
নির্ঝর এবার পকেট থেকে ফোন বের করে সময়টা দেখে নিল। তারপর ইসহাক হায়দারের দিকে চেয়ে বেশ স্পষ্ট গলায় বলল,
– আমি এখানে আপনার সাথে কোনো মিছে তর্ক খাতির করতে আসিনি আঙ্কেল। যা হয়েছে, তার দায়ভার পুরোপুরি আমি নিচ্ছি। আমি ঊষসীকে সম্মানজনকভাবে আমার স্ত্রী করে নিজের দায়িত্বে নিয়ে যেতে চাই। বিয়েটা আজকেই হবে।
– আজকেই হবে মানে? এসবের অর্থ কী? তোমার গার্ডিয়ান কোথায়? তোমার অভিভাবক কোথায় যে তুমি একাই বিয়ের সিদ্ধান্ত নিচ্ছ?
নির্ঝর বিন্দুমাত্র ইতস্তত না করে খুব ঠান্ডা মাথায় সাজিয়ে বলল,
– আমার পরিবার অনেক দূরে থাকে আঙ্কেল। এত অল্প সময়ে অত দূর থেকে তাঁদের এসে পৌঁছানো সম্ভব নয়। তাই আমার বন্ধুরা আছে, তাদের নিয়েই বিয়ের যাবতীয় নিয়ম আজকেই সম্পন্ন হবে। পরে সুবিধাজনক সময়ে আমার পরিবারের সাথে আপনাদের আনুষ্ঠানিকভাবে দেখা করিয়ে দেব।
ঊষার ফুফি এবার হাত নেড়ে ফোঁস করে উঠলেন,
– অভিভাবক ছাড়া আবার কিসের বিয়ে? কত বড় কথা! আজকেই বিয়ে করতে হবে কেন শুনি? কিসের এত তাড়া তোমার?
নির্ঝর ওনার দিকে এক পলক ভ্রু কুঁচকে তাকাল, তারপর শক্ত গলায় বলল,
– আপনারা তো কাল সকালেই ঊষার ইচ্ছার বিরুদ্ধে অন্য কোথাও ওর বিয়ে দেওয়ার সব বন্দোবস্ত করে বসেছিলেন, তাই না? তাহলে আমার সাথে আজকেই বিয়েতে আপনাদের আপত্তি থাকার কোনো কারণ দেখছি না। কাজীকে খবর দিন হয়তো কিছুক্ষণের মধ্যেই এখানে পৌঁছাবে। ঊষসীকে বিয়ের জন্য তৈরি হতে বলুন।
ইশরাক ঊষসীর ঘরে গিয়ে বলল,
– রেডি হ তাড়াতাড়ি।
ঊষসী চমকে উঠে বলল,
– রেডি হবো মানে?
– আজকেই তোর বিয়ে। বাইরে সবাই অপেক্ষা করছে।
ঊষা বিস্ফোরক দৃষ্টিতে তাকাল। বাইরের চেঁচামেঁচি সে শুনেছে কিন্তু আজকেই যে বিয়ে হয়ে যাবে এটা ভাবে নি! সে কেঁদে উঠে বলল,
– ভাইয়া আমি ওই ছেলেটাকে বিয়ে করবো না। প্লিজ তুমি আব্বুকে বুঝাও। ভাইয়া আমি কিছু করিনি বিশ্বাস করো না!
ইশরাক ছোট্ট করে বলল,
– আমাকে আগে একবার জানাস নি কেন? এটলিস্ট এরকম পরিস্থিতি সামাল দিতে পারতাম!
– আমি ভয় পেয়েছিলাম ভাইয়া। কেউই জানতো না আর এভাবে সামনে আসে এটা তো কল্পনার বাইরে! কি বলতাম আমি?
– হয়েছে রেডি হয়ে যা।
ইশরাককে বেরোতে দেখে ঊষা দৌঁড়ে এসে ওর হাত চেপে ধরে বলল,
– ভাইয়া কোথায় যাচ্ছ? প্লিজ কিছু কর! ওই ছেলেটা একটুও ভালো নয় বিশ্বাস করো! তুমি তো জানো! আমার একটা ভুলের জের ধরে সম্পূর্ণ অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারে না! ওর সাথে বিয়ে হলে আমার যে ম’রে যেতে হবে!
ইশরাক ঠান্ডা গলায় বলল,
– রাকিবের সাথে তোর বিয়ে হচ্ছে না।
– তাহলে?? একদিনে আব্বু কাকে নিয়ে এলো যে আজকেই বিয়ে দিয়ে দিচ্ছে!
– আব্বু আনেনি সে নিজেই এসেছে।
ঊষসী ভ্রু কুঁচকে নাক টেনে বলল,
– কে?
– নির্ঝর।
ঊষা থমকে গেল। ইশরাকের কনুই চেপে ধরা হাত ঢিলে হয়ে এলো। কাঁপা কাঁপা ঠোঁটে বলল,
– কো… কোন নির্ঝর?
– যাকে ঘিরে এতো কিছু, যার সাথে তোর বিয়ে হয়েছে সেই নির্ঝর। তোর ভার্সিটির বড় ভাই।
ঊষা কি বলবে যেন বুঝতে পারছে না। মাথাটা ফেটে যাচ্ছে এত চিন্তায়। অস্ফুট স্বরে বলল,
– মানে কি এসবের?
– বাইরে আয় দেখবি।
– না আমি ওনাকে কেন বিয়ে করব? ওনি এখানে কিভাবে এসেছে?
ইশরাক দরজায় হাত রেখে গভীর একটা শ্বাস ছাড়ল। বোনের এমন দিশেহারা আর অস্থির চেহারা দেখে তার মনটাও খাঁ খাঁ করে উঠল কিন্তু পরিস্থিতি যে এখন হাতের বাইরে! ইশরাক একটু এগিয়ে এসে ঊষার সান্ত্বনা দিয়ে বলল,
– ঊষা, শান্ত হ। কান্নাকাটি বন্ধ কর। যা ঘটেছে তারপর আব্বুর আর ফুপির মেজাজ কী পর্যায়ে আছে তুই চিন্তা করতে পারছিস না। কাল সকালে মকবুলের গুণধর ছেলে রাকিবের সাথে তোকে বিয়ের পিঁড়িতে বসানোর সব ব্যবস্থা হয়ে গিয়েছিল। এর চেয়ে কি নির্ঝরের এই সিদ্ধান্ত ভালো নয়?
– দুটোই তো অনিশ্চিত! নির্ঝর ভাইয়া বাধ্য হয়ে হয়তো এসেছেন…
– ঊষা, শোন! বাইরে যে ছেলেটা দাঁড়িয়ে আছে, তাকে আমি চিনি না। কিন্তু এই অল্প কয়েক মিনিটের মধ্যে ছেলেটার জেদ, তেজ আর আত্মবিশ্বাস আমি দেখেছি। সে পুরো একটা পরিবারের মুখোমুখি একা দাঁড়িয়ে আছে। যেখানে বাবা তোকে বিশ্বাস না করে একটা লম্পটের হাতে তুলে দিতে চাইছে সেখানে এই ছেলেটা তোকে সম্মান দিয়ে টেনে তুলতে এসেছে।
ঊষা চুপ হয়ে গেল। কিছুক্ষণ ভেবে বললো,
– ওনার সাথে একবার কথা বলিয়ে দিতে পারবে?
ইশরাক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল,
– দেখছি।
সে বাইরে গিয়ে দাঁড়ালে তার বাবা জিজ্ঞেস করলেন,
– ঊষা কোথায়?
– আব্বু… নির্ঝর আর ঊষার একবার কথা বলিয়ে দিলে ভালো হতো আমার মনে হয়।
– কি কথা বলবে ওরা? আর কি বাকি আছে?
– আব্বু মাথা ঠান্ডা করেন। আমি থাকব ওখানে ওদের জাস্ট কয়েকটা কথা বলা দরকার।
ইসহাক হায়দার রাগে গজগজ করতে করতেই অনুমতি দিলেন।
ঊষার ঘরের দরজার সামনে এসে ইশরাক হালকা ধাক্কা দিয়ে দরজাটা একটু খুলে দিল। ভেতর থেকে ভেসে এলো ঊষার উসখুস শব্দ আর অস্ফুট ফোঁঁপানোর আওয়াজ। ইশরাক নিচু স্বরে নির্ঝরকে বলল,
– ভেতরে যাও, ও ভেতরেই আছে।
এই বলে ইশরাক নিজে দরজার বাইরে দাঁড়িয়ে রইল। নির্ঝর ধীর পদক্ষেপে ঘরের ভেতরে প্রবেশ করল। দরজার শব্দ পেতেই খাটের কোণে জবুথবু হয়ে বসে থাকা ঊষসী চকিতে মাথা তুলল। নির্ঝরকে দেখে তার বুকের ভেতরটা ধক করে উঠল। তাকে দেখেই নিজের প্রশ্ন ছুঁড়ে দিল,
– আপনি... আপনি কেন এসেছেন নির্ঝর ভাইয়া? কেন এত বড় একটা সিদ্ধান্ত নিচ্ছেন?
– তোমার বাড়ির লোক কি করতে চাচ্ছে বা করবে এই বিয়েটা না করলে তা নিশ্চয়ই তোমাকে নতুন করে বুঝিয়ে বলতে হবে না?
– তবুও! আমি আপনাকে বিয়ে করতে চাচ্ছি না!
নির্ঝরের শান্ত রূপ যেন ঊষার সহ্য হলো না। নির্ঝর হুট করে রেগে গেল। এই মেয়েটা এখনো কিসব বলে যাচ্ছে! সে দাঁতে দাঁত চেপে বলল,
– যদি তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে সব ছেড়ে দিতে চলে যেতে চাও তাহলে যেতে পারো।
নির্ঝরের আচমকা রেগে যাওয়া দেখে ঊষা স্তব্ধ হয়ে গেল। নির্ঝর আবার বলল,
– তুমি কি আসলেই পরিস্থিতিটার গুরুত্ব বুঝতে পারছো নাকি বোকার মতো নিজের জিদ নিয়ে বসে আছ? তোমার কী ধারণা, তোমার পরিবার এখন তোমাকে নিয়ে কোনো রূপকথা রচনা করবে? এই মুহূর্তে তুমি না চাইলে তারা থেমে থাকবে? না! বরং তোমাকে যেকোনো এক অচেনা, অপদার্থের গলায় ঝুলিয়ে দেবে! তখন তোমার মতামত, তোমার অনুভূতির কোনো দাম থাকবে? তারা স্রেফ দায় এড়ানোর জন্য তোমাকে বিসর্জন দিয়ে দেবে, একবারও ভেবেচিন্তে দেখবে না ছেলেটা কেমন! কোনো খারাপ, ল’ম্পটের সাথে যখন তোমার বিয়েটা দিয়ে দেওয়া হবে তারপর কী হবে ভেবেছ? তোমার এই সুন্দর জীবন, লেখাপড়া সব তো চিরতরে বন্ধ হবেই সাথে সারাজীবন তিলে তিলে তাদের অপমান আর খোঁ’চা সহ্য করে বাঁচতে হবে তোমাকে। ঘরবন্দী হয়ে ঘরের কোণে বসে কাঁদতে হবে সারাটা জীবন!
ঊষা পুরোটা শুনল, বুঝলো তারপর বলল,
– এসব আমি বুঝেছি নির্ঝর ভাই কিন্তু তাই বলে আপনি আজকেই এভাবে বিয়ে করে আমাকে নিয়ে যাবেন? আমি জানি, ভার্সিটিতে যে ঘটনা ঘটেছে তার দায়বোধ থেকে আপনি এসেছেন। কিন্তু আমি... আমি কারো দয়ার পাত্রী হয়ে বেঁচে থাকতে চাই না!
নির্ঝর অবাক হলো না। সে জানত এমন প্রশ্ন আসবে। সে ঠান্ডা সুরে বললো,
– শেহজাদ শাহরিয়ার নির্ঝর জীবনের কোনো সিদ্ধান্ত কারও ওপর দয়া করে নেয় না। দায়বোধ আমার জায়গায় আছে কিন্তু সেই দায় মেটাতে গিয়ে নিজের বা অন্য কারও জীবন নষ্ট করার মতো বোকা আমি নই। তুমি যদি ভেবে থাকো আমি দয়ার পাত্রী বানিয়ে তোমাকে কোলে তুলে নিতে এসেছি, তবে তুমি মারাত্মক ভুল ধারণার মধ্যে আছো। তুমি পরিস্থিতি ভালোই বুঝতে পারছো, ঠান্ডা মাথায় ভেবে দেখো তারপর বুঝতে পারবে কি করলে কি হবে।
ঊষা কাঁপা কাঁপা গলায় বলল,
– কিন্তু... কিন্তু আপনি...
– আমি কী?
নির্ঝর কথাটা কেটে দিয়ে কঠিন গলায় বলল,
– আমার সম্পর্কে যা ইচ্ছা ভাবতে পারো। তাতে আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু পরবর্তীতে যখন একটা অনিশ্চিত, অন্ধকার জীবনের মুখোমুখি দাঁড়িয়ে পস্তাবে, তখন আর কান্না করার সুযোগটুকুও পাবে না। এখন সিদ্ধান্ত তোমার আমার সাথে শান্তিতে বেরিয়ে যাবে নাকি আত্মসম্মান বাঁচাতে অন্য কারো গলায় ঝুলে নিজের জীবনটা ধ্বং’স করবে? যদিও ওখানেও আত্মসম্মান নিয়ে বাঁচার আশা করাটা ভুল।
ঊষা চুপ হয়ে গেল। সত্যিই তার কিছু বলার নেই। সে দোটানায় পড়েছে বিদায় এতক্ষণ এত প্রশ্ন করলো কিন্তু আর কোনো প্রশ্ন করার দরকার আছে বলে মনে হচ্ছে না। জীবন এমনিতেও কোথায় নিয়ে দাঁড় করাবে বুঝতে পারছে তাই রাজি না হয়ে অন্য পথ নেই। নির্ঝরকে বিয়ে না করলেও অন্য কাওকে করতেই হবে। বাড়ির লোক তাকে ছাড়বে না!
নির্ঝর বেরিয়ে গেলে দরজার পাশ থেকে ইশরাক ভেতরে এসে বলল,
– তুই কি এই বিয়েটা করবি না? সুযোগ থাকতেও নিজের জীবন নিয়ে ছিনিমিনি খেলবি?
ঊষা নীরব, চোখ দিয়ে পানি পড়ছে অঝর ধারায়। ইশরাক বলল,
– উত্তর যখন পাচ্ছিস না তখন হতে দে যা হচ্ছে। বাইরে আয়।
ইশরাকের সাথে বাইরে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওদিকে ততক্ষণে সব রেডি। কাজীও এসে গেছেন। ঊষাকে এক পাশে বসিয়ে কিছু লেখালেখি করলেন। তার একটু পরই কাজী সাহেব যখন কাবিননামার খাতাটা এগিয়ে দিলেন, কাঠ হয়ে বসে থাকা ঊষসীর সামনে কলমটা কাঁপা কাঁপা হাতে তুলে নিল। চোখ থেকে টপটপ করে পানি ঝরে পড়ছিল সাদা কাগজের ওপর। অস্পষ্ট হরফে নিজের নামটা সই করার পর তার মনে হলো একই রকম ঘটনা একই মানুষের সাথে, শুধু পরিস্থিতি ভিন্ন আর অনুভূতি শুন্য!
কাজী সাহেবের ইশারা পেয়ে একই টেবিলে বসে নির্ভীক ও শান্ত মুখে সই করল শেহজাদ শাহরিয়ার নির্ঝর। সব ফর্মালিটিজ শেষ হতেই নির্ঝর উঠে দাঁড়ালো। ঊষার মা ঊষার একটা ব্যাগ এনে দিতেই নির্ঝর বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিলো। ওদের দিকে তাকিয়ে বলল,
– আমি ঊষসীকে নিয়ে যাচ্ছি, আঙ্কেল। দোয়া করবেন যেন আপনাদের এই অনিচ্ছার সিদ্ধান্তের পর ও যেন আমার কাছে নিরাপদে থাকতে পারে। আপনাদের কখনো যদি আসতে ইচ্ছে হয় তাহলে চলে আসবেন।
ঊষার মা কাঁদলেও ঊষার একটুও চোখের পানি পড়লো না। কি আশ্চর্য! একটু আগেই না চোখে বন্যা হয়ে যাচ্ছিল? এখন যেন চোখের কোণে এক ফোঁটা পানিও জমতে চাইছে না, সব শুকিয়ে কাঠ হয়ে গেছে। এক অজানা অনুভূতিহীন শূন্যতা তাকে গ্রাস করে নিল। ইশরাক এসে নির্ঝরকে বলল,
– আমার বোনটাকে দেখে রেখো ভীষণ নরম ও!
নির্ঝর সংক্ষেপে শুধু বলল,
– ভাববেন না ভাই। দায়িত্ব যখন নিয়েছি, পালনে কোনো কমতি থাকবে না।
তারপর ঊষার দিকে তাকিয়ে বলল,
– চলো।
এই বলে নির্ঝর ওর হাত ধরে দরজার দিকে পা বাড়াল। ঊষা আর পিছন ফিরে তাকানোর মতো শক্তি বা ইচ্ছে কোনোটাই পেল না। বাবার বাড়ি, ভালোবাসার মানুষগুলো আর চেনা সব স্মৃতির মায়া পেছনে ফেলে নিঃশব্দে এক কাপড়ে ঘর থেকে বের হয়ে এলো।
বাইরে আসতেই গাড়ি দাঁড় করানোই ছিলো। নির্ঝর সিটের দরজা খুলে ঊষার দিকে তাকাল। গলার স্বর গম্ভীর রেখে বলল,
– উঠে বসো।
ঊষা সহ বাকিরাও গাড়িতে চেপে বসলো। ঊষা জানে না কোথায় যাবে। সে যতদূর জানতো নির্ঝর নিজেও হলে থাকে কিন্তু ওকে নিয়ে কোথায় যাবে? জিজ্ঞেস করতে ইচ্ছে হলো না যেখানে যাচ্ছে যাক।
তখন আঁধার নেমে এসেছে পুরোপুরি। গাড়ি চলতেই রাতের আঁধারে রাস্তার সোডিয়াম লাইটের আলো ঊষার মুখের ওপর এসে পড়তে লাগল। নিজের ভাগ্য আর অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে তার বুকটা কেমন যেন খাঁ খাঁ করে উঠল। বেশ অনেকটা সময় পার হওয়ার পরও ঊষাকে চুপ থাকতে দেখে নির্ঝরের সহ্য হলো না। ঊষার দিকে এক পলক তাকালো। তার পাথরের মতো নিথর চোখ দুটোতে আর কান্নার চিহ্নটুকুও নেই। সে আশেপাশে তাকাল। মিরাজরা মনে হচ্ছে গভীর ঘুমে আচ্ছন্ন। সে নিচু গলায় দৃঢ় কণ্ঠে আওড়ালো,
– নিজের ভেতরের এই ক্ষোভ আর কান্নাকে চেপে রাখা বন্ধ করো, ঊষসী। যে সিদ্ধান্ত হয়ে গেছে তা পরিবর্তন করার কোনো উপায় এখন আর নেই। এখন নিজেকে শক্ত করো, কারণ সামনে যে পথ আসছে তা সামলানো অত সহজ হবে না।
ঊষা সম্বিত ফিরে পেল কিন্তু উত্তর দিলো না বরং প্রশ্ন ছুঁড়ে দিলো,
– কোথায় যাবো আমরা? আপনার বাড়িতে জানে এতসব ঘটনা?
নির্ঝর চোখ মুখ শক্ত করে বলল,
– না।
– এসব নিয়ে ঝামেলা হবে না?
নির্ঝর বিড়বিড় করে বলল,
– কে করবে ঝামেলা?
ঊষা একটুখানি শুনতে পেল। প্রশ্ন করল,
– কেন? আপনার বাড়ির লোকজন? হুটহাট একটা মেয়েকে এভাবে বিয়ে করে নিয়ে গেলে কেউ মেনে নেবে নাকি?
– তোমার অতসব ভাবতে হবে না। নির্ঝর কখনো না ভেবে কোনো কাজ করে না! তুমি নিজেকে সামলাও বাকিটা আমি দেখছি।
ঊষা একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে জানালার বাইরে তাকাল। অন্যমনস্ক হয়ে আওড়ালো,
– আপনি সব পরিস্থিতির সমাধান নিজের মতো করে করতে চাইছেন কিন্তু সব জটিলতার সমাধান কি এত সহজ নির্ঝর ভাই? আপনার কাছে যেটা দায়ভার, আমার কাছে সেটা সারাজীবনের একটা অনিশ্চিত ভবিষ্যৎ।
ঊষার কণ্ঠ শুনে নির্ঝর কিছুটা নরম হলো বটে তবে একই দৃঢ়তার সাথে বলল,
– অনিশ্চয়তাকে আমি ভয় পাই না ঊষসী, কারণ অনিশ্চয়তাই জীবনের সবচেয়ে বড় সত্য। আর তুমি যাকে দায়ভার বলছো সেটা আমার কাছে কোনো বোঝাও নয় আবার কোনো দয়ার প্রতিদানও নয়। আমি যে সিদ্ধান্ত নিয়েছি, তার পরিণাম সামলানোর সক্ষমতা আমার আছে।
– কিন্তু কোনো ভালোবাসা ছাড়া, কোনো পারস্পরিক বোঝাপড়া ছাড়া স্রেফ পরিস্থিতির চাপে পড়ে গড়ে ওঠা এই বন্ধন কতটা টিকবে? কাল যখন সমাজ জানতে পারবে, আপনার পরিবার জানতে পারবে, তারা আমাকে কীভাবে গ্রহণ করবে ভাবছেন? কোনো অভিভাবক কি এইভাবে হুট করে তুলে আনা মেয়েকে সহজে মেনে নেয়?
– আমার পরিবার কীভাবে নেবে সেটা আমার দেখার বিষয়, তোমার নয়। আমি তোমাকে আমার নিজের দায়িত্বে নিয়ে যাচ্ছি, কারো কাছে দয়ার ভিক্ষে চাইতে নয়। আর রইল কথা ভালোবাসা কিংবা বোঝাপড়ার যে সম্পর্কের সূচনা একজনের সম্মানের ওপর ভিত্তি করে হয় সেখানে অন্য সব কিছু সময়ই শিখিয়ে দেয়। পরিস্থিতি সামাল দিলেই পরবর্তীতে কি হবে বা কি করবো সেটা ভাবা যায়। আপাতত পরিস্থিতি সামাল দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ ছিলো। এবার এত টেনশন বাদ দিয়ে চুপচাপ ঘুমাও।
#চলবে…?
(আগামী কালকে গল্প আসবে কি না বলতে পারছি না তবে লিখতে পারলে দিয়ে দিবো কিন্তু লিখতে না পারলে আমার কিছু করার থাকবে না। তাই আগে জানিয়ে দিলাম…)