#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(১৫)
#তাবাসসুম_তাজ্বওয়ারী
বেশ কিছুক্ষণ আগে নির্ঝরের সঙ্গে একটা ফ্ল্যাটে এসে উঠেছে ঊষসী। সে জানে না কার ফ্ল্যাট, কোথায় এনেছে নির্ঝর ওকে। সে জানতেও চাই না। কিছু নিয়েই আগ্রহ হচ্ছে না তার। ঘরে জ্বলতে থাকা সাদা আলো তার সহ্য হচ্ছে না। ঊষসী শান্ত হয়ে বসে আছে সোফার একপাশে। নির্ঝর ওকে বসতে বলে রান্নাঘরের দিকে গেছে নাকি কাজের লোক কাউকে ডাকতে গেছে তা নিয়েও ঊষার কোনো কৌতূহল নেই। মাথার ভেতরটা একদম ফাঁকা লাগছে, মনে হচ্ছে শরীরের সমস্ত শক্তি এক মুহূর্তে কেউ শুষে নিয়েছে।
খানিক বাদে নির্ঝর হাতে পানির গ্লাস নিয়ে ফিরে এলো। গ্লাসটা সেন্ট্রাল টেবিলের ওপর রেখে ঊষার দিকে তাকাল। মেয়েটা অন্যমনস্ক হয়ে বসে আছে। নির্ঝর ওকে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল,
– পানিটা খাও।
ঊষা নাড়াচাড়া করল না। নির্ঝরের মুখের দিকেও তাকাল না। শুধু নিচু গলায় বলল,
– ইচ্ছে করছে না।
– পানি খেতে ইচ্ছের দরকার হয় না।
নির্ঝরের নির্দেশের সুর না চাইতেও মানতে হলো ঊষসীকে। সে অনিচ্ছাসত্ত্বেই গ্লাসটা তুলে এক চুমুক পানি খেয়ে টেবিলে রেখে দিল। তারপর আবার আগের মতো শূন্য দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে রইল। নির্ঝর গিয়ে ফ্রেশ হতে চলে গেল। বেশ কিছুক্ষণ পর তোয়ালে হাতে সে এসে ঊষার থেকে কিছুটা দুরুত্বে বিছানায় বসলো। হঠাৎ নীরবতা ভঙ্গ করে অন্যমনস্ক উষায় বলল,
– আমাদের এই সম্পর্কের ভবিষ্যত কি হবে?
নির্ঝরের হাত তোয়ালেতে মুখ মোছা অবস্থাতেই থমকে গেল। তোয়ালেটা পাশে নামিয়ে রেখে সে একটু সময় নিল। এর আগে ঊষা নিজেই আবার বলল,
– যে সম্পর্কের সূচনা কোনো অনুভূতি বা চাওয়া থেকে হয়নি, এক প্রকার দায়বদ্ধতা থেকে তা নিয়ে এত জলঘোলা করার দরকার আছে?
আচানক নির্ঝরের কি হলো, নির্ঝর চোয়াল শক্ত করল। চোখের দৃষ্টি কঠিন করে জবাব দিল,
– সংসার করার কোনো রঙিন স্বপ্ন নিয়েও আমি তোমাকে এখানে আনি নি ঊষসী। আমি খুব ভালো করেই জানি, আমাদের মধ্যে যা নেই তা জোর করে তৈরিও করা যায় না। কিন্তু দায় যখন আমি নিজ দায়িত্বে নিজের কাঁধে তুলে নিয়েছি, তা বহন করার সক্ষমতাও আমার আছে।
– অর্থাৎ, আপনি মানছেন যে আমরা দুজন স্রেফ পরিস্থিতির শিকার? কোনো ইচ্ছা, অনুভূতি বা আন্তরিকতা ছাড়া কেবল দায়বদ্ধতার খাতিরে ঝুলে থাকা একটা খোলস মাত্র?
নির্ঝর বেশ কড়া সুরেই বলল,
– পরিস্থিতি যাই হোক, আমি বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে সিদ্ধান্ত নিই। আবেগ দিয়ে সংসার বা জীবন কোনোটাই চলে না। তোমার বাবা সমাজের ভয়ে তোমার অনিচ্ছাকে তুচ্ছ করে সব শেষ করে যার তার হাতে তুলে দিচ্ছিলেন আর আমি সেই অন্যায়টা হতে দিইনি এটাই সত্য। এটাকে তুমি দায়বদ্ধতা বলো কিংবা বাধ্যবাধকতা, তাতে বাস্তব বদলাবে না।
ঊষা একটা দীর্ঘস্বাস ছেড়ে বলল,
– আমার পরিবার যা করতে যাচ্ছিল তার দোহাই দিয়ে কতক্ষণ আমার ঢাল হয়ে থাকবেন আপনি? একটা নামকাওয়াস্তে সম্পর্ক টেনে নিয়ে যাওয়া যে কত কঠিন তা কি আপনি বোঝেন নির্ঝর ভাই?
– মনে রেখো, আমি পরিস্থিতি সামলাতে পিছপা হওয়ার পাত্র নই। দায় যখন নিয়েছি তা বহন করার ক্ষমতাও আমার আছে। তার মানে এই নয় যে আমি তোমার কাছ থেকে স্ত্রী হিসেবে কোনো অধিকার আশা করছি কিংবা তোমাকে নিজের ইচ্ছার বিরুদ্ধে বাঁধতে চাইছি। কঠিন হলেও সেটা দুজন মিলে সহজ করতে হবে!
– কিন্তু আমি তো আপনার ওপর কোনো দাবি তুলে আসিনি! কেন নিজের জীবনটাও এভাবে জটিল করলেন?
নির্ঝর এবার ঊষার দিকে দৃষ্টি তাক করে বলল,
– আমার বন্ধুর নোংরা চালের কারণে যেহেতু তোমার নাম জড়িয়ে গেছে তাই আমার জায়গাটুকু থেকেই আমি তোমার নিরাপত্তার দায়িত্বটা নিচ্ছি। এর দায়ভার আমার কাঁধেও আসে। হ্যাঁ তোমার কথা অনুযায়ী এটাও ঠিক আমি নিজেও এমন কিছুর জন্য প্রস্তুত ছিলাম না যার কারণে লোকচক্ষুর আড়ালে তোমাকে স্ত্রীর স্বীকৃতি দিতে পারবো না। তবে সবার সামনে, এই চার দেওয়ালের বাইরে তুমি আর আমি স্বামী স্ত্রী।
ঊষসী থমকাল তবে দুর্বল হলো না। সে নিজেও তো এটাই চাই! সে সোজা নির্ঝরের চোখের দিকে তাকিয়ে হেসে বলল,
– আপনার স্বীকৃতির অপেক্ষায় আমি বসেও নেই। আপনি যেমন দায়িত্ব পালন করছেন আমিও তেমন এই বিয়েটা করেছি শুধু নিজের আর পরিবারের সম্মানটুকু বাঁচাতে। আমার কাছে এই বিয়ের কোনো মূল্য নেই। আপনি যেমন আপনার রাস্তায় চলবেন আমিও আমার নিজের রাস্তায় চলব। আমাদের মধ্যে এই দায়িত্ব ছাড়া দ্বিতীয় কোনো সম্পর্ক তৈরি করার চেষ্টা আপনিও করবেন না আর আমিও করব না!
নির্ঝরের চোখ দুটো চকচক করে উঠল ঊষসীর স্পষ্ট জবাব শুনে। গম্ভীর কণ্ঠে জবাবে বলল,
– খুব ভালো। আমার সেরকম কোনো ইচ্ছেও নেই। তবে এটাও মনে রেখো, যতদিন পর্যন্ত ভার্সিটির এই উত্তপ্ত পরিস্থিতি না থামছে ততদিন তোমার ভার্সিটি কম যাওয়ায় ভালো আর গেলেও সবটা স্বাভাবিক এমন আচরণ করতে হবে। এইসব ঝামেলা আমি আর বাড়াতে চাই না।
ঊষসী মেঝেতে চোখে রেখে ছোট্ট করে শ্বাস ছেড়ে বলল,
– হুম ঠিক আছে তবে পরিস্থিতি একটু শান্ত হলেই ঝামেলা মেটামাত্রই আমি নিজের একটা ব্যবস্থা করে নেব। দরকার হলে কিছু একটা বলে ভার্সিটির বাইরে কোনো মেসে সিট উঠিয়ে চলে যাব। ততদিনের জন্য সাময়িকভাবে আপনার এই আশ্রয়ে থাকছি। এটাকে কোনোদিন নিজের বাড়ি ভাবার ভুল আমি করব না।
নির্ঝর তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল,
– সেসব পরে দেখা যাবে। অযথা এত দূরে চিন্তা করে নিজের মাথা ভারী করার কোনো দরকার নেই, ঊষসী। কোথাও গিয়ে থাকার বা মেসে সিট খোঁজার কোনো প্রয়োজন পড়বে না।
ঊষসী কিছু বলতে গিয়েও থেমে গেল। নির্ঝর উঠে দাঁড়িয়ে সুইচবোর্ডের দিকে এগোতে এগোতে কড়া সুরেই যোগ করল,
– রাত অনেক হয়েছে। ঘুমিয়ে পড়ো।
লাইট অফ করতে গিয়ে আবার পেছন ফিরে ভ্রু কুঁচকে প্রশ্ন করল,
– অন্ধকারে একা ঘুমাতে পারো তো?
ঊষা উপর নিচ মাথা নাড়ল। নির্ঝর বলল,
– ঠিক আছে। আমি পাশের রুমে আছি কিছু দরকার হলে ডাক দিও।
নির্ঝর ধীর পায়ে ঘর থেকে বের হয়ে দরজার পাল্লাটা সামান্য ভিড়িয়ে দিয়ে চলে গেল। ঊষা বিছানার একপাশে গিয়ে শুয়ে পড়ল।
পাশের ঘরে এসে নির্ঝর বিছানায় গা এলিয়ে দিল। ক্লান্তি থাকলেও ঘুম ধরা দিচ্ছে না। মাথার পেছনে হাত দিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। জীবনের এই অপ্রত্যাশিত মোড় সে নিজেও এভাবে কল্পনা করেনি। তবে দায়িত্ব যখন সে নিজের কাঁধে নিয়েছে, সেখান থেকে পিছু হটার পাত্র সে নয়। ঊষসীর ভেতরের এক ধরনের ক্ষোভ আর আত্মসম্মানবোধকে সে ভুল মনে করছে না বরং যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য এটা স্বাভাবিক। কিন্তু ঊষসীর সামনে সে নিজেকে খুব নির্বিকার দেখালেও সে নিজেও জানে না এই সম্পর্কের ভবিষ্যৎ কি বা কোন দিকে যাবে!
নির্ঝর বিছানায় এপাশ-ওপাশ করল। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ ছাড়া পুরো ফ্ল্যাটে আর কোনো শব্দ নেই। সে জানে, এই চার দেয়ালের আড়ালে ঊষা হয়তো নিজের সঙ্গে লড়াই করছে কিন্তু তাকে সান্ত্বনা দিতে যাওয়ার মতো কোনো অধিকার বা স্বাচ্ছন্দ্য তাদের এই অসম সম্পর্কে নেই।
ওদিকে পাশের ঘরে অন্ধকারে দেয়ালের দিকে মুখ করে শুয়ে থাকা ঊষসীর চোখ দুটো ভিজে উঠল। এতক্ষণ নির্ঝরের সামনে যে আত্মসম্মানের শক্ত ঢাল তৈরি করে রেখেছিল সে তা ঘরের নির্জনতায় নিঃশব্দে ভেঙে চুরমার হয়ে গেল। অঝোর ধারায় চোখের পানি গাল বেয়ে বালিশে ঝরে পড়তে লাগল। চেনা পরিবার, সবার ভালোবাসা আর বিশ্বাস, সুরক্ষিত জীবনের অধ্যায়টা যে এভাবে শেষ হয়ে যাবে তা সে স্বপ্নেও ভাবেনি। এক অচেনা দায়িত্বের সুতোয় বাঁধা পড়ে অল্প পরিচিত এক পুরুষের সাথে বন্ধনে আটকা পড়ে তারই আশ্রয়ে এসে রাত কাটাতে হচ্ছে তাকে এ কথা ভাবতেই বুকটা মুচড়ে উঠল।
পরদিন সকালে ঘুম ভাঙতেই অচেনা জায়গা দেখে ঊষসীর মাথা কাজ করতে সময় লাগলো। পরক্ষণেই সবটা মাথায় আসতেই উঠে বসলো সে। গায়ে ওরনা জড়িয়ে বিছানায় পা দুলিয়ে বসলো। মাথাটা আবার ভার হতে শুরু করেছে। সে উঠে ফ্রেশ হতে চলে গেল। রুম থেকে বেরিয়ে দেখলো নির্ঝর ফিটফাট হয়ে বসে আছে। ঊষসীকে দেখে বলে উঠলো,
– শোনো আমার ক্লাস আছে আমি বের হচ্ছি। আমি…
– আমি যাবো না ক্লাসে?
– তোমার কি মনে হয় আজকেই তোমার যাওয়া উচিত? পরিস্থিতি একটু ঠান্ডা হোক দ্যান তুমি যেও। বাকিটা তোমার ইচ্ছা।
ঊষসী মাথা নাড়ল শুধু। নির্ঝর আবার বলল,
– একজন আন্টি এসে কাজ করে যান ওনি এসে কাজ করে দিয়ে যাবেন। তোমার কিছু লাগলে ওনাকেও বলতে পারো এনে দিবে। আমি হয়তো হলে উঠে যাবো তুমি থাকতে পারবে?
ঊষা একা থাকার কথা শুনে প্রশ্ন করল,
– ওই আন্টিটা থাকবে?
– না ওনি দুদিন পর পর এসে বিকেলেই কাজ শেষ করে চলে যায়। কাজ বলতে শুধু ঘর পরিষ্কার করা। আমি যেহেতু থাকি না রান্না বান্না করার দরকার পড়ে না। আসি আমি তাহলে…
ঊষা মিনমিন করে বললো,
– তাহলে আমি একা কি করে থাকবো?
নির্ঝর অবাক হয়ে বলল,
– পারবে না?
ঊষা মাথা নিচু করে মাথা নাড়ল। ছোট্ট করে বলল,
– ভয় করে আমার। রাতে পুরো বাড়িতে একা থাকতে পারবো না। তার উপর এই বাড়িত অনেক বড়।
বলতে বলতে পুরো ঘরে একবার চোখ বুলালো। বেশ বড়ই বাড়িটা তবে নির্ঝরকে ছাড়া কাওকে দেখেনি সে এখনো।
ঊষার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে নির্ঝর পকেট থেকে ফোনটা বের করল। আবার বলল,
– ঠিক আছে, তোমাকে একা থাকতে হবে না। আমি সন্ধ্যায় ফিরে আসবো। তুমি ফ্রেশ হয়ে নাও, তারপর নাস্তা করে নাও। তুমি কি খাও তা তো আমি জানি না তাই আমার মতোই যা পেরেছি করেছি খেয়ে নিও। আর হ্যাঁ, যেকোনো দরকারে ইতস্তত না করে আমাকে কল অথবা টেক্সট করবে।
কথাগুলো শেষ করে নির্ঝর টেবিলের ওপর একটা কাগজের টুকরো রেখে দিল যেখানে তার ফোন নম্বরটা দ্রুত হাতে লেখা। তারপর ব্যাকপ্যাকটা কাঁধে ঝুলিয়ে একবার উষসীর মুখের দিকে তাকিয়ে ধীরপায়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল। দরজাটা বাইরে থেকে লক করার পর পুরো ঘর আবার নিঝুম হয়ে এলো। ঊষা সবটা দেখেই গেল।
.
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সকাল থেকেই থমথমে ভাব। ক্লাসের পরে ক্যাফেটেরিয়ার পেছনের তুলনামূলক শান্ত এক কোণে নির্ঝরদের নিয়মিত আড্ডার টেবিলটায় বসে আছে মিরাজ, তানভীর, হাবিব, নুরী আর তাহফিয়া। প্রত্যেকের মুখেই গম্ভীর চিন্তার ছাপ। নুরী নীরবতা ভেঙ্গে বলল,
– ফ্ল্যাটে পৌঁছেছিলি ঠিকঠাক? ঊষসীর অবস্থা কি এখন?
নির্ঝর শান্ত গলায় বলল,
– হুম ঠিকঠাকই আছে তবে ভেতরে ঝড় যাচ্ছে তা সিওর।
নুরী আক্ষেপের সুরে বলল,
– হুম ঝড় তো যাবেই! মেয়েটার জন্য কষ্ট হচ্ছে খুব। ও কোনোদিন কোনো ঝামেলায় থাকত না। আনিকার নোংরা চক্রান্তেই আজ বেচারির লাইফটা এভাবে উলটেপালটে গেল। অথচ মেয়েটা নিষ্পাপ!
– ব্যাপারটা কিন্তু স্যারদের কান পর্যন্ত চলে গেছে রে নির্ঝর!
তানভীর চায়ে চুমুক দিয়ে চটে উঠে বলল,
– সব দোষ ওই শা’লীর! নিজের নোংরা স্বার্থের জন্য এভাবে মিথ্যা রটনা ছড়িয়ে ঊষসীর মতো একটা মেয়েকে বিপদে ফেলল। এখন নিজের পিঠ বাঁচাতে সটকান দিয়েছে! কাজটা করলি তো করলি আমার আর রেহনুমাকে কট দিতে পারোস নাই? আমি ওরে বিয়ে করে নিতাম এমন দুইটারে কট দিলো দুই মেরুর মানুষ!
নির্ঝর বাদে সবাই তানভীরের দিকে চোখ গরম করে তাকাল। মিরাজ দাঁতে দাঁত চেপে বলল,
– তোর কি মুখে সব সময় আজাইরা কথা লেগে থাকে তানভীর? ফাজলামো বন্ধ হবে না তোর?
– তুই জানিস? ওই ঘটনার পর থেকে রেহনুমা আমার দিকে তাকালে আ’গুন দৃষ্টি দেয় ভাই! আগে ছিলো নরম সরম এখন একদম মরিচ! আমার তো প্রেম হওয়ার আগেই ব্রেক আপ হয়ে যাচ্ছে।
– তোর গলায় আনিকাকে ঝুলিয়ে দেওয়া উচিত ছিলো রে তানভীর!
হাবিব একটা বিরক্তিকর শব্দ করে বলল,
– একতরফা পছন্দ আর হিংসার চোটে নিজের মাথা পুরোপুরি খারাপ করে ফেলেছে মেয়েটা। ও ভেবেছিল এসব রটনা ছড়ালে হয়তো নির্ঝর ঊষসীকে ছেড়ে দেবে বা বিয়েটা ভেঙে যাবে। কিন্তু ঘটনা তো উল্টো করে দিয়েছে। এক দিকে সহজই!
নির্ঝর তড়াক করে ওর দিকে তাকাল। প্রশ্নার্থ চোখে তাকিয়ে বলল,
– কিসের সহজ?
তানভীর বলল,
– আমরা তো আগেই বলেছিলাম তোর আর ঊষসীর মধ্যে একটা জম্পেস কেমিস্ট্রি আছে! আনিকা ওটা আরও সহজ করে…
নির্ঝর দাঁতে দাঁত চেপে বলল,
– বেশি কথা বলবি তো মুখ বরাবর ঘু’ষি পড়বে তোর।
চিবুক শক্ত করে সে এমনভাবে তানভীরের দিকে তাকাল যেন এখুনি ওকে কাঁচা গিলে খাবে। নির্ঝরের প্রতিক্রিয়া দেখে বাকিরা হালকা কাশল তবে কেউ দমার পাত্র নয়। এতদিনের বন্ধু তারা, নির্ঝরের ভেতরের চাপা টানটুকু বুঝতে তাদের আর বাকি নেই।
হাবিব মিটমিট করে হেসে টেবিলের ওপর ঝুঁকলো,
– ধমক দিয়ে সত্যটা ধামাচাপা দিতে চাস না নির্ঝর! তোদের বিয়েটা পরিস্থিতি আর অনিকার নোংরা চালের কারণে তড়িঘড়ি করে হতে পারে কিন্তু তোদের দুজনের কেমিস্ট্রি যে নেই এটা বলতে পারবি না!
নির্ঝর কিছু বলতে চাইলে মিরাজ থামিয়ে দিলো। বলল,
– হাবিবের কথা কিন্তু সত্যি নির্ঝর। অনিকা ভেবেছিল তোর আর ঊষসীর সম্মান নিয়ে খেলে তোদের ক্ষতি করবে কিন্তু ও অজান্তেই তোদের একটা বন্ধনে বেঁধে দিয়ে গেল। তুই নিজেকে যতই পাথর বানিয়ে রাখার চেষ্টা করিস না কেন ঊষসীকে রক্ষা করার জন্য যেভাবে তুই ছুটে গিয়েছিস সেটা শুধু মেকি দায়িত্ববোধ থেকে আসে না। সেখানে এক ধরনের অধিকারবোধ আর প্রচ্ছন্ন অনুভূতি লুকিয়ে আছে যা তুই নিজেও হয়তো অস্বীকার করতে চাইছিস।
নির্ঝর ঠান্ডা গলায় কড়া করে বলল,
– তোর চুপ করবি? আলতু ফালতু বলবি না একদম! ঊষসী বা আমার মাঝে কখনোই কিছু ছিলো না এবং নেই! ওই ঘটনার আগে ওর সাথে আমার কোনো কানেকশনই ছিলো না তাহলে এসব অনুভূতি অধিকারবোধ আসবে কোথা থেকে?
– আমরা বলছি না এর আগে! আমরা বলছি পঞ্চগড়ের ঘটনার পরই ঊষসীর জানি না তবে তোর যে ওর প্রতি একটা টান জন্মেছে এটা তুই অস্বীকার করতে পারবি না। তাছাড়া আমার মনে হয় ঊষসীরও একটা সফ্ট কর্নার আছে…
– তোদের বকবক বন্ধ কর বললাম আমি!
তাহফিয়া এবার যোগ করল,
– তুই মানিস আর না মানিস নির্ঝর, ঊষসী মেয়েটা কিন্তু একদম নিখাদ। পরিস্থিতির চাপে পড়ে ও হয়তো এখন নিজেকে গুটিয়ে রেখেছে। কিন্তু এই বন্ধনটা কেবল দায়িত্বের খাতিরে টিকে থাকার মতো না। তুই একটু মন থেকে ভেবে দেখিস, ঊষসী তোর জীবনে কোনো অনাকাঙ্ক্ষিত ঝামেলা নয় বরং অনেক আগেই হয়তো ওর জন্য তোর মনে কোথাও একটা আলাদা জায়গা তৈরি হয়ে ছিল।
নির্ঝর এবার রেগে বলল,
– বাহ আমি জানলাম না আর তোরা সব জেনে গেছিস? দুটো মানুষের মধ্যে কিছু না থাকলেও তোরা জোর করে বানিয়ে দিবি দেখছি!
মিরাজ গম্ভীর মুখে কাঁধে হাত রেখে বলল,
– রাগিস না নির্ঝর। আমরা তোর বন্ধুই আমরা তোর খারাপ চাইছি না। কিন্তু সত্য এটাই যে অনিকার চালটা ব্যাকফা’য়ার করেছে। তোদের সম্পর্কটাকে এখন যে নামই দিস না কেন এই পরিস্থিতির পর তোরা আর আলাদা দুজন মানুষ নোস এই দায়িত্বটার আড়ালেই যে সম্পর্কটা গড়া শুরু হয়ে গেছে সেটা যত তাড়াতাড়ি মেনে নিবি তত তোদের দুজনের জন্যই ভালো।
তানভীর আবার বলল,
– আমরা বলছি না তোরা পরিস্থিতির চাপে এত কিছু করছিস কিন্তু ভেবে দেখিস শুধু পরিস্থিতির চাপ? নাকি আড়ালে আরো কিছু থাকে?
নির্ঝর টেবিলে রাখা চাবির রিংটা এত জোরে চেপে ধরল যে হাতের রগগুলো স্পষ্ট ভেসে উঠল। শক্ত আর শীতল কণ্ঠে গর্জে উঠে বলল,
– তোরা নিজেদের গল্প তৈরি করা বন্ধ করবি? কোনো অনুভূতির গল্প নেই এখানে আর না কোনো নাটক চলছে! একটা মেয়ে পরিস্থিতির শিকার হয়েছে আর আমার সামান্য ভুলের কারণে তার নামটা জড়াল। আমি শুধু নিজের ভুলের প্রায়শ্চিত্ত আর দায়িত্ব পালন করছি, ব্যস! এর বাইরে তোরা যা ভাবছিস, তার একবিন্দু সত্যতাও নেই। ঊষসী আর আমার মাঝে দায়িত্বের বাইরে কোনো দ্বিতীয় সম্পর্ক কোনোদিন ছিল না, আর হবেও না!
নির্ঝর সজোরে চেয়ারটা পেছনে ঠেলে এক ঝটকায় উঠে দাঁড়াল। ব্যাকপ্যাকটা কাঁধে ঝুলিয়ে আর এক মুহূর্ত বন্ধুদের দিকে না তাকিয়ে হনহন করে ক্যাফেটেরিয়া থেকে বের হয়ে গেল।
পেছনে পড়ে রইল তার বন্ধুদের মুচকি হাসি। তানভীর চায়ে শেষ চুমুক দিয়ে বন্ধুদের দিকে চেয়ে অভিজ্ঞের মতো করে বলল,
– দেখলি তো? সত্য শুনলে মানুষ কেমন ক্ষেপে যায়! মুখ দিয়ে যতই বলুক না কেন আমি লিখে দিতে পারি এই ‘দায়িত্ব’ শব্দটাই একদিন নির্ঝরের গলায় ভালোবাসার শিকল হয়ে জড়াবে!
#চলবে…?
(আপনারা যারা আমার গল্প আগে থেকে পড়েন তারা জানেন আমি সহজে গ্যাপ দিই না সেখানে তিনটে দিন আমি গল্প লেখা দূরে থাক কারো রিপ্লাই করতে পারিনি আপনারা কি বুঝেন না সমস্যা থাকে? আমাদের কি জীবন নেই? কিছু মানুষের বিহেভিয়ার এমন কেন যেন আমাদের পার্সোনাল লাইফ নেই? আমার খুব কাছের এক আত্মীয় এমন অবস্থায় ছিলেন যে দুটো দিন হসপিটাল দৌড়াদৌড়ি করেছি পুরো ফ্যামিলি এবং তিনি মা’রা গেছেন। কোন মন মানসিকতায় গল্প লিখবো আমি? কয়েকজন এসে এমন বিহেভ করেন যেন আপনাদের গল্প দেওয়াটাই আমার প্রধান কাজ আমি লাইফলেস! আমাদের সমস্যা থাকতেই পারে না! আজব! স্যরি তো সে, এমন টক্সিক পাঠক আমি এর আগে পাইনি! আপনাদের রেগুলার গল্প দিই বলে যে আমি খুব ফ্রি বা আমার লাইফে কোনো সমস্যা থাকে না এটা ভাববেন না! এখন তো মনে হচ্ছে আপনাদের অপেক্ষা করাতে না চেয়ে রেগুলার গল্প দেওয়াটা আমার ভুল! আমিও চাইলে পারি, দুদিন তিনদিন পর পর মন চাইলে একটা পর্ব দিবো কিন্তু আপনাদের কথা ভেবেছিলাম! এখন মনে হচ্ছে সব ছেড়ে নিজের কথা ভাবা উচিত!
যাইহোক মন মেজাজ ভালো ছিলো না আরো কিছু মেসেজ দেখে আরো খারাপ হয়েছিল। যারা ধৈর্য ধরেছেন তাদের জন্য কৃতজ্ঞতা। আমার সেই আত্মীয় মরহুমের জন্য দুআ করবেন, আল্লাহ তা’আলা যেন তার সকল গুনাহ মাফ করে জান্নাত নসিব করেন।)