ফন্ট সাইজ:
থিম:
কদম গুচ্ছের কাব্য গাঁথা

পর্ব 17

লেখক: তাবাসসুম তাজ্বওয়ারী

#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(১৭)
#তাবাসসুম_তাজ্বওয়ারী

অচেতন হয়ে পড়ে আছে ঊষসী। পাশেই ভ্রু কুঁচকে বুকে হাত ভাজ পরে বসে আছে নির্ঝর। নির্ঝর ১০ মিনিট হলো এসে বসে আছে। একটু আগে ওকে দেখেই ভয়ে জ্ঞান হারিয়েছিল সে। অচেতন মেয়েটার দিকে তাকিয়ে মনে মনে বিড়বিড় করল নির্ঝর,

– আজব এক মেয়ে তো! পুরো ঘরের সব আলো নিভিয়ে একটা পিটপিটে ডিম লাইট জ্বালিয়ে ভূত সেজে বসে ছিল নিজে আর আমি ঘরে আসতেই আমায় দেখে ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলল?

নির্ঝর একটা বিরক্তিমাখা দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটার ফ্যাকাসে মুখের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে আবার স্বগতোক্তি করল,

– শরীরে রক্ত জল বলতে কিছু আছে নাকি? নির্ঘাত রক্তশূন্যতা আর আয়রন-ভিটামিনের অভাব! এইটুকুন একটা শরীরে ভাবের শেষ নেই আর একটা ছায়ামূর্তি দেখেই পগারপাড় হয়ে গেল! পুরো আয়রন-ভিটামিনের ডিফিসিয়েন্সির রোগী একটা!

বিরক্ত হলেও নির্ঝর উঠে দাঁড়াল। কিচেনে গিয়ে একটা গ্লাসে সামান্য ঠান্ডা পানি নিয়ে আবার ঊষসীর পাশে এসে বসল। আঙুলের ডগায় পানি ছিটিয়ে ঊষসীর চোখে-মুখে হালকা করে ছিটিয়ে দিল সে। পানির শীতল ছোঁয়া পেতেই ঊষসীর চোখের পাতা দুটো কেঁপে উঠল। সে ধীরহে চোখ মেলার চেষ্টা করে নড়েচড়ে পিটপিট করে তাকালো। নির্ঝর ডাকলো ওকে,

– হেই ঊষসী! ওঠো। ভয় পাওয়ার কিছু হয় নি।

নির্ঝরকে এতো কাছে দেখে ধড়ফড়িয়ে উঠে বসলো ঊষসী। নির্ঝর দূরে সরে দাঁড়ালো। ঊষসী উঠে বসে বলল,

– আ… আপনি?

নির্ঝর ভ্রু কুঁচকে অস্ফুট আওড়ালো,

– হু?

– না মানে আপনি কখন এসেছেন?

– তুমি কাকে দেখে ভয় পেয়েছো?

ঊষসী চোখ বড় বড় করে তাকিয়ে বলল,

– আপনি কিভাবে জানেন?

– তোমার শরীরে যে আয়রন ভিটামিন কিছু নেই সেটা জানো?

ঊষসী অবাক আর চরম বিস্ময় নিয়ে নির্ঝরের দিকে তাকাল। ভয়ের রেশটা এখনো পুরোপুরি কাটে নাই, বুকটা ঢিপঢিপ করছে।

– মানে?

ঊষসীর প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে বিরক্তিভরা কণ্ঠে নির্ঝর বলল,

– মানে খুব সোজা। যার শরীরে র’ক্ত বলতে কিছু নেই, পুষ্টির অভাব সে-ই সামান্য একটা ছায়ামূর্তি দেখে হাত-পা ঠাণ্ডা করে জ্ঞান হারায়! সান্ধ্যকালীন অন্ধকার ঘরে সব লাইট নিভিয়ে নিজে ভূত সেজে বসে আছ আর আমি দরজায় চাবি ঘুরিয়ে ঢুকতেই আমার ছায়া দেখে সোফায় ঢলে পড়লে! কোনো সেন্স আছে?

ঊষসী একটু ক্ষুব্ধ চোখে নির্ঝরের দিকে তাকাল। জ্ঞান হারিয়েছে বলেই কি এভাবে কথা শোনাতে হবে? মিনমিন করে বললো,

– আমি ভূত সেজে বসে থাকব কেন? ভালো লাগছিল না তাই লাইট বন্ধ করে রেখেছিলাম। আর আপনি যেভাবে হুট করে কোনো শব্দ ছাড়া ছায়ার মতো দরজায় এসে দাঁড়ালেন... যেকোনো মানুষই ভয় পেত!

– অন্য কেউ হলে চিৎকার দিত বা লাইট জ্বালানোর চেষ্টা করত, এভাবে ড্রামা করে সেন্সলেস হতো না!

তারপর টি-টেবিলে রাখা পানির গ্লাসটার দিকে ইঙ্গিত করে বলল,

– পানিটা খাও। আর খাওয়াদাওয়া করো যেন আমার কাছে এসে অসুস্থ হয়েছো শুনতে না হয়। তোমার এই দুর্বল শরীর নিয়ে নতুন কোনো ঝামেলার জন্ম দিয়ো না।

নির্ঝর উঠে রুম থেকে বেরিয়ে গেল। দরজার দিকে তাকিয়ে ঊষসী সোফায় গা হেলিয়ে বিরক্তিমাখা একটা নিঃশ্বাস ফেলল। বিড়বিড় করে আওড়ালো,

– অদ্ভুত মানুষ একটা! সহানুভূতি বা সৌজন্য প্রকাশের কোনো বালাই নেই, খালি গায়ে পড়া মেজাজ আর অপমানসূচক কথা! উনি কী ভাবেন নিজেকে?

নির্ঝর আবার দরজায় উঁকি দিয়ে বলল,

– তেমন কিছু ভাবি না, মানুষ ভাবি।

– আপনি আড়ি পেতে কথা শুনছেন?

– জ্বি না! আমি একটা কথা বলতে এসেছি কিন্তু তুমি আমাকে নিয়ে এতো সুন্দর কথা বলছো যে আমার কানে না এসে থাকতে পারে? ভাবলাম জবাব দিয়েই যাই।

ঊষসী লজ্জা পেল বটে! নির্ঝর গম্ভীর কণ্ঠে বলল,

– শুনো, দুদিন পর থেকে তুমি ক্লাসে যাবে।

ঊষসী সোজা হয়ে বসে অবাক গলায় বলল,

– ক্লাসে যাব মানে? ওখানে সবাই সব জানে! কি কি বলবে কি চোখে তাকাবে…

– তুমি ভুল কিছু করোনি তাই লুকিয়ে থাকারও কোনো যৌক্তিকতা নেই। তুমি মুখ লুকিয়ে বসে থাকলে লোকজনের বানানো কুৎসিত ধারণাটাই আরও শক্ত ভিত্তি পেয়ে যাবে। মাথা উঁচু করে ফেস করতে শেখো, পালায়নবাদী হয়ে তো সারাজীবন চলতে পারবে না।

ঊষসী ভারি গলায় বলল,

– বলা যতটা সহজ করা ততটা কঠিন! আমার ভয় হচ্ছে!

– সোজা হয়ে দাঁড়ানোর সাহসটা নিজের ভেতর থেকেই আনতে হয় ঊষসী কেউ এসে থালায় সাজিয়ে দিয়ে যাবে না। আর না কেউ তোমাকে সবার সামনে রক্ষা করতে আসবে! নিজেকেই নিজেরই তৈরি করতে হয়।

নির্ঝর ওর চোখের দিয়ে তাকিয়ে গম্ভীর গলায় বলল,

– ক্যাম্পাসে বা মানুষের সামনে গিয়ে তোমার থমকে যাওয়ার কিছু নেই। সবাই জানবে যে আমাদের বিয়েটা পরিবারের সম্মতিক্রমেই হয়েছে। আমাদের দুই পরিবারই এই বিয়েতে পুরোপুরি রাজি এবং তারা খুব আনন্দ নিয়ে আমাদের বিয়ে দিয়েছে। ব্যাস, এটুকুই সবাই জানবে।

ঊষসী পিটপিট করে তাকিয়ে রইলো নির্ঝরের গলা আবার শক্ত হলো। বেরিয়ে যাওয়ার আগে আবার বলল,

– আর একটা কথা মনে রাখবে, তুমি যদি ভেতরে দুর্বলতা দেখাও মানুষ তোমাকে আরও বেশি চেপে ধরবে। তাই কোনো ইতস্তত ভাব বা অপরাধবোধ যেন তোমার চোখেমুখে না থাকে।

কথাটা শেষ করেই নির্ঝর আর উত্তরের অপেক্ষা করল না। সোজা পাশের ঘরে ঢুকে দরজাটা আটকে দিল।

রাতে খেতে বসলো দুজন একসাথে। নির্ঝর চুপচাপ খাবার টেবিলে বসলো। ঢাকনা উল্টাতেই খাবার দেখে ভ্রু কুঁচকে গেল তার। কেমন অন্য রকম লাগছে। যেদিন এখানে আসে সেদিনই রহিমা আন্টি রান্না করে দিয়ে যাই কিন্তু সেসব পাতলা রান্না আর আজকের রান্না যেন এক নয়। নির্ঝর ভ্রু কুঁচকে একবার দাঁড়িয়ে থাকা ঊষসীর দিকে তাকালো। ঊষসী নির্বিকার দাঁড়িয়ে।

নির্ঝর চামচটা পাত্রে ডুবিয়ে একটু মাংস আর ঝোল তুলে প্লেটে নিল। সুবাসটা নাকে আসতেই তার খটকা আরও বাড়ল। রহিমার রান্নায় মসলার একটা নিজস্ব ভারী গন্ধ থাকে কিন্তু এই ডিশটা থেকে ভেসে আসছে আলাদা, বেশ যত্ন নিয়ে বানানো গৃহস্থালি রান্নার মৌ মৌ ঘ্রাণ। নির্ঝর খাবারের দিকে তাকিয়ে মুখ তুলে ঊষসীর দিকে তাকাল। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল,

– রহিমা আন্টি আজ এসব রান্না করেছে?

ঊষসী প্লেটের দিকে তাকিয়ে শান্ত গলায় জবাব দিল,

– না। রহিমা আন্টি সকালে ঘর পরিষ্কার আর চা-নাস্তা বানিয়ে দিয়ে চলে গিয়েছিলেন। দুপুরে উনি আর আসেননি তাই বিকেলবেলা আমিই রান্না করেছি।

নির্ঝর কেমন করে যেন তাকাল। ঊষসী কিছুটা অস্বস্তিতে পড়ে গেল নির্ঝর কি ভুল ভাবলো ওকে? ও নির্ঝর আর নির্ঝরের বাড়ির উপর অধিকার ফলাচ্ছে ভাবছে? হঠাৎ অস্থির হয়ে উঠলো ঊষসী। কিছু বলতে গেলে নির্ঝর বলল,

– তুমি রান্না জানো?

ঊষসীর বুকের ভেতরের ধুকপুকানি এক নিমেষে বেড়ে গেল দ্বিগুণ। নির্ঝর যে এভাবে সোজাসুজি প্রশ্ন ছুড়ে দেবে তা সে একদমই আশা করেনি।
ঊষসী নিজের ওড়নার খুঁটটা আঙুলে জড়াতে জড়াতে নিচু স্বরে বলল,

– আ… হ্যাঁ, সামান্য জানি। জানতে হয়… মা বলতো বিয়ে দিয়ে দিবে তাই শেখাতেন। খুব বেশি ভালো হয়তো হয়নি, তবে খাওয়ার মতো…

– বসে পড়ো খেতে।

ওর কথা থামিয়ে দিয়ে নির্ঝর বলল। ঊষসী অস্ফুট কণ্ঠে বলল,

– অ্যাহ…?

– বললাম খেতে বসতে। আমার খাওয়ার জন্য বসে থাকার কোনো দরকার নেই বা এখানে এমন কোনো নিয়মও নেই।

ঊষসী আর কথা না বাড়িয়ে চুপচাপ মুখোমুখি চেয়ারটা টেনে বসে পড়ল। প্লেটে সামান্য ভাত আর মাংস নিয়ে চামচ দিয়ে নাড়াচাড়া করতে লাগল সে। কেন যেন খাওয়ার ইচ্ছে হচ্ছে না। এত সব রান্না নিজে করলো কিন্তু খেতে আগ্রহ পাচ্ছে না কি আজব!

নির্ঝর প্লেটের খাবার শেষ করতে করতে আড়চোখে ঊষসীর দিকে তাকাল। মেয়েটার প্লেটের ভাতগুলো আগের মতোই অস্পৃশ্য পড়ে আছে। সে নিঃশব্দে পানির গ্লাসটা সরিয়ে রেখে গম্ভীর গলায় বলল,

– ভাত নিয়ে খেলনা তৈরি করার জন্য তোমাকে খেতে বসতে বলিনি। পুরো খাবারটা শেষ করবে।

ঊষসী চুপ করে দুই লোকমা মুখে দিল। নির্ঝর নিশব্দে আরও কিছুটা খাবার প্লেটে নিয়ে খাওয়া শেষ করল। খাওয়া শেষে গ্লাসের পানিটুকু খেয়ে টিস্যু দিয়ে মুখ মুছে দাঁড়াল। মুখ ফুটে প্রশংসা করার লোক সে নয় আর যদি হয় ঊষসীর সেক্ষেত্রে তো একদমই নয়! যাওয়ার আগে টেবিলের দিকে ইশারা করে একদম স্বাভাবিক কণ্ঠে বলল,

– রান্না খারাপ হয়নি। তবে এখন থেকে বেশি ধকল নেওয়ার দরকার নেই, রহিমা আন্টিকে বলে দেব দুবেলাই এসে রান্না করে দিয়ে যেতে।

ঊষসী ভাত মুখে নিয়ে অস্ফুট কণ্ঠে বলতে চাইল,

– আ.. আমি রান্না…

নির্ঝর তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল,

– আগে মুখের খাবার শেষ করো তারপর কথা বলো এভাবে কথা বলবে না মাথা গরম হয়ে যায়!

ঊষসী দ্রুত কিন্তু চুপচাপ খবর গিলে নিলো। খাবার খেয়েই বলল,

– আমি রান্না পারি! অভ্যাস ও আছে কিছুটা রাতের রান্না আমিই করতে পারবো রহিমা আন্টিকে লাগবে না।

– সেটা আজকে কালকে পারবে। এরপর রেগুলার ভার্সিটিতে যেতে হবে তখন কেঁদে কুল না পেলেও আমি রহিমা আন্টিকে ডাকব না বলে দিলাম!

ঊষসী থতমত খেয়ে গেল। এই ছেলেটা এমন জেদ করছে কেন? সে নিজেও জিদ দেখিয়ে বলল,

– কাঁদব না আমিও বলে দিলাম!

– ওকে যেটা ইচ্ছে করো।

বলে নিজের রুমে চলে গেল। ঊষসী নিজের খাওয়া শেষ করল। জিদ তারও আছে। সব কিছুতে কেন নির্ঝরের কথা মেনে চলবে সে! হুহ!

.

মিরাজ, তানভীর, হাবিব বসলো তানভীরের রুম জাঁকিয়ে। তাদের আজকের আলোচনা সভা নির্ঝরকে নিয়ে হলেও নির্ঝর অনুপস্থিত। এতে অবশ্য ওদের সুবিধায় হয়েছে। তানভীরের রুমের আড্ডায় যেন একটা অলিখিত ঝড় বইছে। খাটের ওপর পা ছড়িয়ে বসেছে মিরাজ আর হাবিব। সামনে একটা ল্যাপটপ ওপেন করা।

মিরাজ চোখ ছোট ছোট করে বলল,

– ভাইরে ভাই, নির্ঝর ছেলেটা যে কী পরিমাণ পাষাণের বরফ! বিয়েটা হয়ে গেল মেয়েটার পরিবার মেনেও নিল অথচ ছেলেটার ভাব দেখলে মনে হবে যেন সে এই বিয়ের ব্যাপারে কিছুই জানে না!

হাবিব ল্যাপটপের স্ক্রিন থেকে মুখ তুলে হাসল,

– আরে ধুর! তোরা নির্ঝরকে চিনিস না? ও তো এমনিতেই মুখচোরা আর সিরিয়াস স্বভাবের। মুখে বলবে ‘নাহ, আমার কিছু যায় আসে না’ কিন্তু ভেতরে ভেতরে যে মেয়েটার প্রতি ওর কতো খেয়াল, তা কি আর ও মুখে স্বীকার করবে? আমি নিশ্চিত, ঊষসীকে ও মনে মনে বেশ ভালোই পছন্দ করে। শুধু ওই যে, ইগো আর ডিসিপ্লিনের মাঝে নিজেকে ঢেকে রাখতে চায়!

তানভীর সোজা হয়ে বসল,

– একদম ঠিক বলেছিস হাবিব! ঘটনা কিন্তু এটাই। আমার তো মনে হয় ঊষসীও ওকে মনে মনে পছন্দ করে কিন্তু নির্ঝরের কড়া ধমক শুনে কবে যে প্রেমে পড়েছে বেচারি বুঝতেও পারে নি আর বুঝলেও মুখ ফুটে কিছু বলতে সাহস পায় না।

হাবিব হেসে বলল,

– ওদিকে নির্ঝরও কম যায় না, নিজের অনুভূতি নিজের ভেতরেই চেপে রেখে একদম আইসবার্গ সেজে বসে আছে!

মিরাজ এবার হা হা করে হেসে উঠল,

– শোন, এই দুটো পাথরকে যদি আমরা নিজেরা উদ্যোগ নিয়ে না মিলাই তবে সারাজীবনেও এদের মধ্যে কোনো কেমিস্ট্রি তৈরি হবে না! নির্ঝর তো মুখে কোনোদিন স্বীকার করবেই না যে ও ঊষসীর ছায়া দেখলেও নজর সরাতে পারে না। আমাদেরই এখন কোনো মাস্টারপ্ল্যান বানিয়ে এদের দুজনকে এক সুতোয় বাঁধতে হবে!

তানভীর চোখ টিপে হেসে বলল,

– সহমত, কাল থেকে ওদের ওপর আমাদের নজরদারি শুরু। নির্ঝরকে বুঝিয়ে ছাড়ব, ভাইরে, প্রেমে পড়লে ইগোটাকে পকেটে পুরে রাখতে হয়। ওভাবে পাথরের মতো গাম্ভীর্য দেখালে ভালোবাসার কদম ফুল আর ফুটবে না! পাথরে কি আর ফুল ফোটে?

মিরাজ নাটক করে হাততালি দিয়ে উঠল,

– অসাধারণ কথা বলেছিস তানভীর! পাথরে কি আর ফুল ফোটে? কিন্তু ওই যে বলে না, ভালোবাসার পরশ পেলে পাথরের বুক চিরেও কদম ফুল ফুটে ওঠে! আমাদের কাজই হবে নির্ঝরের ওই বরফ-হৃদয়ে একটুখানি ভালোবাসার উত্তাপ দেওয়া!

হাবিব ল্যাপটপটা একপাশে সরিয়ে রেখে একটু ঝুঁকে বসল,

– প্ল্যানটা তাহলে কী? শুধু মুখে বললে তো হবে না। নির্ঝর এর ধারালো নজর এড়ানো এত সহজ নয়। একটু ভুল চাল চাললেই আমাদের প্ল্যান ধরে ফেলবে আর তারপর আমাদের কী দশা করবে চিন্তা করেছিস?

তানভীর কুশনটা কোলে টেনে নিয়ে শয়তানি হাসি হাসল,

– ধুর বোকা, এত ভাবার কী আছে? নির্ঝর যতই বুদ্ধিমান হোক, নিজের অনুভূতির ব্যাপারে ও একদম আনাড়ি। ও ভাবছে ও খুব শক্ত, কিন্তু ঊষসী যখন একটু অভিমান করবে বা দূরত্ব বাড়াবে তখন দেখবে আমাদের বুদ্ধিমান এর মাথার সব ক্যালকুলেশন এলেমেলো হয়ে গেছে!

হাবিব ভ্রু কুঁচকে বলল,

– কি করতে চাইছিস তাহলে?

তানভীর রহস্যময়ী হেসে বলল,

– আব্বে বেটা! আগে আগে দেখো হোতা হ্যা কিয়া। আগে ঊষসী আসুক। আজকে নির্ঝরকে বুঝাইলাম ওরে যেন ভার্সিটিতে আসতে বলে ক্লাস গুলো খুব ইম্পোর্টেন্ট যে!

তানভীরের কথার ইঙ্গিত শুনে মিরাজ হাবিব উচ্চস্বরে হেসে উঠলো।

#চলবে…?

(আমি বাসায় নেই অনেক ব্যস্ততার মধ্যেও যেইটুকু সম্ভব লিখছি🤧)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 17 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন