ফন্ট সাইজ:
থিম:
কদম গুচ্ছের কাব্য গাঁথা

পর্ব 19

লেখক: তাবাসসুম তাজ্বওয়ারী

#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(১৯)
#তাবাসসুম_তাজ্বওয়ারী

– কেমন আছিস ঊষা?

– ভালো আছি ভাইয়া। তোমরা সবাই কেমন আছো?

ইশরাক ফোন দিয়েছিল ঊষসীকে। ঊষসী ভাইয়ের ফোন পেয়ে খুব খুশি।

– খাওয়া-দাওয়া ঠিকমতো করছিস তো? নাকি আগের মতোই না খেয়ে ঘুরছিস?

ঊষসী হালকা হেসে বলল,

– না গো ভাইয়া, একদম নিয়ম করে সব করছি। আম্মু আব্বু কেমন আছেন?

– আছে কোনোরকম। আম্মু তো তোর জন্য মন খারাপ করে বসেই থাকে। আব্বুর সামনে কিছু বলতে পারে না। তবে আব্বুও যে তোর জন্য মন খারাপ করে সেটা বুঝি।

ঊষসী হাসলো। মৃদু স্বরে বলল,

– ওরা কেউ তো আমাকে ফোনই দেয় না রে ভাইয়া!

ইশরাক একটা ভারী শ্বাস ফেলে বলল,

– আব্বু একটু রাগ করে আছে রে ঊষা… রাগ পড়লে ঠিক হয়ে যাবে। আব্বু যে ভেতরে ভেতরে তোর জন্যও কষ্ট পায় রে!

ঊষার মন খারাপ হয়ে গেল। ছোট্ট বাচ্চার মতো অভিমানের সুরে বলল,

– আমি তো সবটাই বললাম কিন্তু তাদের কাছে আমার চেয়ে সমাজ বেশি গুরুত্বপূর্ণ আর বিশ্বাসী হয়ে গেল? ভাইয়া? তুমি মানো আমি কখনো খারাপ পথে গেছি? ইচ্ছাকৃত তোমাদের না জানিয়ে এতো বড় সিদ্ধান্ত নিয়ে নিবো? আমি তো কখনো আব্বুর ইচ্ছার বিরুদ্ধে যেতে চাইনি ভাইয়া। পরিস্থিতির মুখোমুখি হয়ে যা হয়েছে, তাতে কি আমার একারই সব দোষ ছিল? আমার কথা মনেই যদি পড়ে তবে রাগ ধরে বসে থাকে কেন বলো তো? একটা ফোন দিলে কি হয়?

ইশরাক ওপাশ থেকে শান্ত গলায় বোঝানোর ভঙ্গিতে বলল,

– তুই তো জানিস আব্বুর ব্যক্তিত্ব কেমন। মুখ ফুটে নিজের আবেগ প্রকাশ করা ওনার স্বভাবে নেই। আর তোদের ঘটনা টা কিভাবে সামনে এসেছে বুঝতেই তো পারছিস বোন তাই ওনার একটু খারাপই লেগেছে। তুই একটা ফোন দে না!

ঊষা বিষণ্ণ মনে বলল,

– আম্মুকে ফোন দিয়েছিলাম একবার। বলেছিলাম আব্বু পাশে থাকলে ফোনটা দিতে কিন্তু আব্বু সরাসরি না করে দিয়েছে। আমার সাথে নাকি কোনো কথা নেই। আমার আর কে রইলো ভাইয়া?

ইশরাকের বুকটা যেন ছোট বোনের এই নিভে আসা কণ্ঠস্বর শুনে হাহাকার করে উঠল। ওপাশ থেকে কিছুক্ষণ কোনো শব্দ এল না, শুধু ইশরাকের একটা লম্বা ও ভারী শ্বাসের শব্দ পাওয়া গেল। তারপর খুব নরম, স্নেহমাখা স্বরে ইশরাক বলল,

– কে বলল তোর কেউ নেই, বোকা মেয়ে? আমি আছি না? তোর ভাইয়া তো বেঁচে আছে এখনো! আব্বু এখন ক্ষোভের মাথায় এসব কথা বলছে রে ঊষা। তুই তো জানিস, পরিবার আর সমাজের কাছে আব্বুর আত্মসম্মানটা কত বড়। কিন্তু তাই বলে উনি তোকে একেবারে পর করে দিয়েছেন, এটা ভাবলে তোর বড় ভুল হবে। কিছুদিন পর দেখবি আব্বুই তোকে নিজে থেকে কল দিবে। তুই আব্বুকে কল দিস দেখবি আস্তে আসতে সব ঠিক হয়ে যাবে। কা’লচে রক্ত জমলে যেমন ধীরে ধীরে জমাট বেঁধে উঠে যায়, মনে আঘা’ত লাগলে ঘা শুকাতে একটু সময় লাগে। সব ঠিক হয়ে যাবে তুই দেখিস।

– হু।

ইশরাক কথা ঘুরিয়ে বলল,

– আচ্ছা এবার নির্ঝরের খবর বল তো? কেমন আছে ও? ও তোর খেয়াল রাখছে তো ঠিকঠাক?

নির্ঝরের কথা উঠতেই ঊষা কেমন আনমনা হলো। মৃদু স্বরে বলল,

– উনি আছে উনার মতোই।

– সহজ হওয়ার চেষ্টা কর রে ঊষা। বিয়েটা যখন হয়েছে এখন কি কিছু করার আছে? আর তাছাড়াও নির্ঝর ছেলেটাকে খারাপ মনে হয় নি। যথেষ্ট দায়িত্বজ্ঞান আছে বলেই মনে হলো তোর কি মনে হয়?

ঊষা ফট করে জবাব দিল,

– আমার কি মনে হবে?

– মানে কি? তুই ওর সাথে আছিস তুই জানিস না ও কেমন? দেখাশোনা করে তোর?

– ভালোই। তবে হ্যাঁ দায়িত্বজ্ঞান আছে তবে খিটখিট করে আর ত্যাড়া জবাব দেয়।

ইশরাক একটু হাসলো তারপর হাসতে হাসতেই বলল,

– সবাই কি এক নাকি? ওর ফ্যামিলির সাথে দেখা হয়েছে? ওর ফ্যামিলির মানুষ কেমন? কিছু বলেছে তোকে?

ঊষা চুপ হয়ে গেল। নির্ঝর তো ওকে নিজের ফ্যামিলির কারো সাথে দেখা করা তো দূর! ফ্যামিলির কথা উঠলেই ঝাড়ি দেয়! এটা কি ভাইয়াকে বলা ঠিক হবে? না থাক! টেনশন বাড়িয়ে লাভ নেই। সে কথা কাটানোর উদ্দেশ্যে বলল,

– না আমি মাত্রই ভার্সিটি যাওয়া শুরু করেছি দুদিন এখন আপাতত সামনের এক্সাম নিয়ে ভাবি।

– আচ্ছা শোন, একটা কাজ করবি? আম্মু তোর জন্য পছন্দের তিলের পুলি পিঠা বানিয়ে রেখেছে। আমার ওদিকে যাওয়া হচ্ছে না তাই নিতে পারছি না। তুই আর নির্ঝর এসে নিয়ে যা কোনভাবে…

– মাথা খারাপ? আমি ওখানে গেলে অনেক ঝামেলা হবে রে ভাই!

– নির্ঝরকে আসতে বল?

ঊষসী ক্ষণিকের জন্য দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল।

– উনি যাবে? মনে হয় না আমার।

– বলে দেখ…

ঊষসী একটা ছোট দীর্ঘশ্বাস ফেলে থমথমে গলায় বলল,

– আমি… আমি উনাকে বলে দেখব ভাইয়া। কিন্তু উনি রাজি হবেন কি না বলতে পারছি না।

– তুই বলে দেখ একবার। না হলে আমিই কোনোদিন ছুটির দিনে তোর ওখানে গিয়ে দিয়ে আসব। মন খারাপ করিস না একদম, ঠিকমতো খাওয়া-দাওয়া করবি। নিজের খেয়াল রাখিস ঊষা।

– তুমিও ভালো থেকো ভাইয়া। আম্মুকে বলবে আমি ভালো আছি…রাখছি।

কথা বলতে বলতে কবে যে চোখ ভিজে এসেছে ঊষার সে নিজেও জানে না। রুম থেকে বেরোতেই দেখলো নির্ঝর বসে আছে। ঊষা থতমত খেয়ে অন্যদিকে ঘুরে চোখের পানি মুছে নিলো। নির্ঝরের চোখ এড়ালো না অবশ্য! তাছাড়া তার রুম পাশে হওয়ার সুবাদে রুমে যাওয়ার সময়েই সে আগেই শুনেছে বেশ কিছু কথা। কিন্তু কিছু বলল না। ঊষা স্বাভাবিক গলায় বলল,

– আপনি কখন এসেছেন?

আশ্চর্যজনকভাবে নির্ঝর আজকে কথা প্যাচালো না। যথেষ্ট নরম সুরে বলল,

– একটু আগেই। ফ্রিজে ঠান্ডা পানি আছে? থাকলে এক গ্লাস দাও।

ঊষা অবাক হলো বেশ। এই লোকটা নিজে থেকে কিছু চেয়েছে ওর কাছে? তাও আবার এতো নরমালি? লোকটার হুটহাট মেজাজ আর আচরণের এই বৈপরীত্য কোনোভাবেই মাথায় ঢোকে না। তবে সে আর ঘাটালো না পানি আনতে চলে গেল। নির্ঝর সোফায় মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে বসে ছিল। ঊষা পানি এনে টেবিলে রাখতেই গ্লাসের শব্দ পেয়ে সে চোখ মেলল। টেবিল থেকে পানির গ্লাসটা হাতে নিয়ে এক নিঃশ্বাসে অনেকটাই গিলে নিল। ঊষা তখন থেকেই কেমন উশখুশ করছে। নির্ঝর ধীরে সুস্থে পানি খেয়ে গ্লাস রাখতে রাখতে বলল,

– কিছু বলতে চাও?

– হ্যাঁ… না না…

নির্ঝরকে কথাটা বলবে কি বলবে না এই ভেবে আচমকা উত্তর দিয়ে ফেললো সে। নির্ঝর ওর দিকে তাকিয়ে বলল,

– ইওর উইশ। চাইলে বলতে পারো, আমি স্পষ্ট বুঝতে পারছি তুমি কিছু বলতে চাইছো।

দ্বিধা ঝেড়ে ফেলে ঊষসী খুব সাবধানে কথা সাজিয়ে বলল,

– আচ্ছা… আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল।

নির্ঝর শার্টের ওপরের বোতামটা একটু আলগা করতে করতে বলল,

– বলো।

– মানে… ইশরাক ভাইয়া বলছিল, আম্মু নাকি আমার জন্য কিছু তিলের পুলি পিঠা বানিয়ে রেখেছে। ভাইয়া আপাতত এদিকটায় আসতে পারছে না তাই… আপনি কি কোনো একদিন ওদিক দিয়ে যাওয়ার সময় ওগুলো একটু নিয়ে আসতে পারবেন? বা আমি কি আপনার সাথে…

কথাটা শেষ না করতেই ঊষসী থেমে গেল। সে ভয়ে ভয়ে নির্ঝরের মুখের এক্সপ্রেশন খেয়াল করার চেষ্টা করল।
নির্ঝর চোখ দুটো ছোট করে ঊষসীর দিকে তাকাল। তার চেহারায় ক্ষণিকের জন্য একটা জটিল ভাব ফুটে উঠে পরক্ষণেই মিলিয়ে গেল। শান্ত গলায় বলল,

– আমি এখান থেকে কিনে আনবো।

– না না এখানের গুলো তো খেয়ে চাইনি।

নির্ঝর এবার গম্ভীর স্বরে বলল,

– তোমার কি মনে হয় আমার হাতে এত সময় আছে? অহেতুক কাজের জন্য শহরের এক মাথা থেকে আরেক মাথায় দৌড়াব?

ঊষসী এক মুহূর্তেই দমে গেল। ভাবল "হ্যাঁ, এই তো! নিজের চেনা রূপে ফিরে এসেছে লোকটা!" সে দ্রুত মুখ নামিয়ে বলল,

– আমি ভেবেছিলাম যদি কোনো কাজে ওদিকে যান, তবেই… ঠিক আছে, প্রয়োজন নেই। আমি ভাইয়াকে মানা করে দেব।

ঊষসী আর অপেক্ষা না করেই নিজের বরাদ্দকৃত রুমে চলে গেল। নির্ঝর ওর যাওয়ার পানে তাকাল। কেন যেন অজান্তেই ঠোঁটের কোণে মৃদু হাসির দেখা মিললো!

.

– কিরে ব্যাটা এমন ফুঁসছিস কেন তুই?

তানভীরকে রেগে থাকতে দেখে মিরাজ প্রশ্ন করলো। তানভীর তীব্র ক্ষোভ প্রকাশ করে বলল,

– আরে ভাই, নির্ঝরের বাচ্চা তো এক নম্বর নাটকবাজ! এত বড় ধোঁ’কাবাজ আর ভ’ণ্ড আমি জীবনেও দেখি নাই!

হাবিব ভ্রু দুটো কুঁচকে এগিয়ে এসে বলল,

– আরে হয়েছে কী সেটা বলবি তো নাকি খালি গালাগালিই দিয়ে যাবি?

– কী হয় নাই বল?

তানভীর কিঞ্চিৎ হাঁপাতে হাঁপাতে বলতে শুরু করল,

– আজ ভার্সিটিতে ওকে কত করে বোঝালাম! বললাম, "দোস্ত, ঊষসীর সাথে যা হইছে হইছে এবার সব ঠিকঠাক করে নে। মেয়েটার চোখের দিকে তাকালে বুঝবি ও কতটা অসহায়। আর মেয়েটা যথেষ্ট ভালো, তোর সাথেও ভালো মানাবে। বিয়ে যখন হয়েছে ট্রাই কর সব ঠিক করে নেওয়ার…" এমনকি আমি নির্ঝরের মুখের ওপর স্পষ্ট বলছি যে ও ভেতরে ভেতরে ঊষসীকে পছন্দ করে! অথচ ব্যাটা এমন এক্সপ্রেশন দিল যেন কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না! পুরাই নির্লিপ্ত ভাব ধরে বসে ছিল। জেনে-বুঝে একেবারে নাটক মা’রছে শা’লা। ইচ্ছাকৃত নিজের ভেতরের অনুভূতিটা স্বীকার করতেই চায় না!

মিরাজ মুখে হাত দিয়ে হেসে ফেলে বলল,

– তুই আবার ওর পেছনে লেগেছিলি? ভাই, তুই তো জানিস নির্ঝর কেমন একগুঁয়ে। নিজের আবেগ তো ও নিজের ছায়ার কাছেও প্রকাশ করে না সেখানে আমাদের সামনে প্রকাশ করা তো বিলাসিতা!

– রাখ তোর একগুঁয়েমি! মেয়েটাকে হারায় ফেললে তারপর তার একগুঁয়েমি কাটবে? তোর কি মনে হয় এই ছেলের এমন নির্লিপ্ত স্বভাবের পরও মেয়েটা ওর কাছে পরে থাকবে? ঊষসী পরিস্থিতির কারণে এখনো ওখানে আছে। নির্ঝর একবার কথায় কথায় বলেছিলো ভার্সিটির পরিবেশ বুঝে নাকি ও আবার হলে উঠবে বলেছে কিংবা বাইরে হোস্টেল এ থাকবে।

হাবিব একটু চিন্তিত মুখে বলল,

– ভাই, ঊষসী যদি সত্যিই দূরে তবে নির্ঝর কী করবে রে? আমরা যা ভাবছি আদৌ কি সেরকম কিছু? নাকি নির্ঝর সত্যিই রোবট?

তানভীর একগাল তিক্ত হাসি হেসে বলল,

– তখন ব্যাটা মাথায় হাত দিয়ে বসে বসে কাঁদবে! মুখে যতই "আমার কিছু যায় আসে না" ভাব দেখাক, আমি বেশ ভালো করেই জানি ওর ভেতরের অবস্থাটা কেমন।

তানভীর মুখটি বাঁকিয়ে একটা কুটিল হাসি দিল,

– আড্ডা দেওয়ার মাঝখানে আমি ইচ্ছা করেই একটা চাল চাললাম। হঠাৎ নির্ঝরের কাঁধে চাপ দিয়ে খুব সিরিয়াস মুখে বললাম, "ওই দেখ, ঊষসীর সাথে ওই ছেলেটা কে রে? বেশ তো হেসে হেসে কথা বলছে!"

– তারপর?

হাবিব আর মিরাজ দুজনই একসঙ্গে ঝুঁকে এল। তানভীর হেসে বলল,

– আর কী! কথা শেষ হওয়ার আগেই ব্যাটা এক ঝটকা মে’রে পেছনে ফিরে তাকাল! চোখের পলক ফেলার সময়টুকুও নেই নি! একদম অস্থির হয়ে পেছনের দিকে চোখ ঘোরাল। আর আমি যখন হো হো করে হেসে উঠলাম তখন টের পেল যে ধরা খাইছে! তখন আবার আগের মতো কাঠখোট্টা মুখ বানিয়ে গম্ভীর গলায় বলল, "ফালতু ফাজিলামি করবি না তানভীর।" চিন্তা কর! বান্দা যে ভেতরে ভেতরে হিংসেয় জ্ব’লে ছার’খার হয়ে যাচ্ছে আর অস্থির হয়ে উঠেছে, সেটাও স্বীকার করবে না! এত ত্যাড়া লোক আমি বাপের জন্মে দেখি নাই!

মিরাজ আর হাবিব একবার একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো তারপর হো হো করে হেসে উঠলো। তানভীরও রাগ ভুলে যোগ দিলো!

দেখতে দেখতে দুটো সপ্তাহ পার হয়ে গেল। দুটো সপ্তাহের দিনগুলো বেশ শান্তভাবে গড়িয়ে যেতে লাগল। এই দিনগুলোর সাথে সাথে ঊষসী আর নির্ঝরের মধ্যকার অস্বাভাবিক এবং শক্ত বরফটাও ধীরে ধীরে গলতে শুরু করেছিল। সম্পর্কের তিক্ততা একদম মুছে না গেলেও তাদের দৈনন্দিন আচরণের অনমনীয়তা অনেকটা নরম হয়ে এসেছে। দুজনে এখন পরস্পরের সাথে আগের মতো সারাক্ষণ তপ্ত বাক্যবিনিময় করে না বরং তাদের আচরণে একটা সহনশীল ও বন্ধুভাবাপন্ন ছোঁয়া স্পষ্ট হয়ে উঠছে। কেউই জানে না এটা কি তবে এক প্রকাশ অভ্যাস হয়ে গিয়েছে।

রাত ১১টা পেরিয়ে গেছে। বাইরে বৃষ্টির তান্ডব থামার কোনো লক্ষণ নেই। ঊষসী ড্রইংরুমে পায়চারি করছে আর বারবার ফোনটা কানে ধরছে। সেই একই যান্ত্রিক কণ্ঠ ভেসে আসছে "আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ রয়েছে"
ঊষসীর হাতের মুঠোয় ফোনটা শক্ত হয়ে আসে। বুকের ভেতরে অজানা এক ভয় আর উৎকণ্ঠায় তোলপাড় সৃষ্টি হচ্ছে। সকালে যে নির্ঝর বেরিয়েছে আর ফেরেনি। আজকে ঊষার ক্লাস ছিলো না তাই সে বাসাতেই ছিলো কিন্তু নির্ঝরের কোনো খোঁজ নেই! এদিকে বিকেল থেকে তুমুল বৃষ্টি হচ্ছে। এর মধ্যে কোথায় গেল নির্ঝর? ঊষসীর চিন্তা বাড়তেই আছে! কাওকে যে কল দিয়ে জানবে সেই উপায়ও নেই কারণ নির্ঝরের কোনো বন্ধুর নাম্বার নেই তার কাছে। একটাই উপায়, রেহনুমার কাছ থেকে তানভীরের নাম্বার চাওয়া এটা ছাড়া আপাতত রাস্তা খুঁজে পাচ্ছে না।

অপেক্ষা করতে করতে ঘড়ির কাঁটা বারোটার কাছাকাছি ছুঁইছুঁই। বাইরে বৃষ্টির শব্দটা এখন একটু কমেছে। একটানা ভারী বর্ষণে জানালার কাঁচগুলো ঝাপসা হয়ে এসেছে। থেকে থেকে বিজলি চমকানোর আলো ড্রয়িংরুমে এসে পড়ছে আর প্রতিটা আলোর ঝলকানিতে ঊষসীর বুকের ভেতরটা এক অজানা আশঙ্কায় কেঁপে উঠছে। কোনোদিন তো এমন হয়নি। রাগ-অভিমান, মেজাজ দেখানো সব ঠিক আছে, কিন্তু নির্ঝর কখনোই এত রাতে বিনা নোটিশে বাইরে কাটায় না। আর আজ গভীর রাত পেরিয়ে গেলেও লোকটার কোনো খবর নেই! সে এবার উঠে ফোনটা হাতে নিলো রেহনুমাকে ফোন দিবে এমন সময় হঠাৎ করেই দরজায় একটা ভারী কিছুর ধাক্কার মতো শব্দ হলো। ঊষসী কিছুটা ভয় পেল। নির্ঝর তো এভাবে বেল না দিয়ে ধাক্কা দিবে না! এই মাঝরাতে এমনভাবে দরজায় কে আঘা’ত করবে? ঊষসী আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে গেল। দরজার আই-হোল দিয়ে উঁকি দিতেই চিনে গেল সে। তড়িঘড়ি করে লক খুলে দরজা টেনে দিল। বাইরে দাঁড়িয়ে নির্ঝর। একদম মাথা থেকে পা পর্যন্ত ভিজে জবুথবু হয়ে আছে। চোখ দুটো লাল, চেহারায় ক্লান্তি আর রাগ মাখানো।

ঊষসী ভয়ের ধাক্কাটা সামলে নিয়ে উৎকণ্ঠা আর রাগের মিশ্রণে চেঁচিয়ে উঠতে গেল,

– কোথায় ছিলেন এতক্ষণ? আপনি জানেন সময় কত হয়েছে? ফোন কেন বন্ধ রেখে…

কিন্তু কথা শেষ করতে পারল না সে। নির্ঝর নিস্তেজ পায়ে এক পা সামনে বাড়িয়ে দিল। খুব অস্পষ্ট আর ভাঙা গলায় বলল,

– ঝাঁজ দেখিয়ো না তো ঊষা... মাথাটা ফেটে যাচ্ছে।

কথাটা শেষ করেই নির্ঝর এগোতে নিলো। ওদিকে নির্ঝরকে দেখে ঊষসীর চিন্তা হচ্ছে, কি হয়েছে ওর? হঠাৎ এমন লাগছে কেন? কেমন ঢুলুঢুলু টাইপ অবস্থা!
অজানা কোনো কিছু আশংকা করার আগেই নির্ঝরের শরীর নিয়ন্ত্রণ হারালো। আচমকা তার শরীর পুরোটাই হেলে পড়ল ঊষসীর দিকে। অপ্রত্যাশিত এই ওজন সামলাতে না পেরে ঊষসী দু'হাতে শক্ত করে নির্ঝরের চওড়া পিঠ জড়িয়ে ধরল যাতে লোকটাকে নিয়ে ফ্লোরে ঢলে না পড়ে কিন্তু ঊষসী ওকে ধরে রাখতে গিয়ে দু’কদম পিছিয়ে গেল। আর নির্ঝর চোখ বুজে ঊষসীর কাঁধে মাথা রেখে সম্পূর্ণ ভার ছেড়ে দিলো! জ্ঞান আছে কি না কে জানে? সজ্ঞানে কি শেহজাদ শাহরিয়ার নির্ঝর ইচ্ছাকৃত ঊষসী ইসরাত হায়দারের গায়ে ঢলে পড়বে?!

#চলবে…?

(কেমন হচ্ছে জানাবেন। রাইটিং ব্লক এসে ঘুরঘুর করে খালি!😫)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 19 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন