#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(২০)
#তাবাসসুম_তাজ্বওয়ারী
– অ্যাই! অ্যাই কি হয়েছে আপনার?
নির্ঝরকে সোজা করে ধরে রাখতে হিমশিম খাচ্ছে ঊষসী। ছেলেটা নিজের পুরো ভর ছেড়ে দিয়ে অচেতন হয়ে গেছে। ঊষসীর এতটুকুন শরীরে এই দীর্ঘদেহী মানুষটার ওজন সামলানো সহজ কথা নয়!
– নির্ঝর! শুনছেন?
ঊষসীর কণ্ঠ কাঁপছে। এক হাতে নির্ঝরের কোমর শক্ত করে ধরে অন্য হাতে কোনোমতে ওর তপ্ত গালটা আলতো করে থাপ’ড়াতে লাগল। কিন্তু নির্ঝরের কোনো সাড়াশব্দ নেই। গায়ের তাপমাত্রা এত বেশি যে মনে হচ্ছে হাত দিলেই ছ্যাঁকা লাগবে।
পায়ের ওপর সমস্ত শক্তি প্রয়োগ করে বেশ কিছুটা কসরত করে নির্ঝরকে টেনে ড্রয়িংরুমের সোফায় বসিয়ে দিল ঊষসী। নির্ঝরের অবচেতন মুখের দিকে তাকিয়ে ঊষসীর বুকটা ধড়ফড় করে উঠল। আতঙ্ক হয়ে ভাবলো,
– উনি তো পুরোপুরি জ্বরে পড়ে আছেন! কি করবো আমি একা একা?
ও আবার নির্ঝরকে ডাকলো,
– নির্ঝর? শুনছেন? উঠতে পারবেন আপনি? রুমে চলেন…
নির্ঝর বেঘোরে মাথা নেড়ে বলল,
– হাঁটতে পারবো না।
– এখানে বসে থাকা যাবে না উঠুন।
নির্ঝর এবার চুপ হয়ে গেল। নিজের ভয় আর আতঙ্ককে আপাতত একপাশে সরিয়ে বড় বড় শ্বাস নিলো ঊষসী। এই ছোট সোফায় নির্ঝরকে রাখতে তো পারবে না তাই সোফায় হেলে পড়া নির্ঝরের একটা হাত নিজের কাঁধের ওপর টেনে তুলে নিল সে। তারপর অন্য হাত দিয়ে নির্ঝরের কোমরটা যথাসম্ভব শক্ত করে চেপে ধরে নিজের সমস্ত শক্তি একত্র করে সোজা হয়ে হাঁটার চেষ্টা করল।
দীর্ঘদেহের ভারী মানুষটার পুরোটাই যেন ঊষসীর পুতুল সদৃশ ছোট শরীরটার ওপর এসে পড়ল। ওজনের চাপে ঊষসীর হাঁটু দুটো কেঁপে উঠে মচকে যাওয়ার মতো হলো। কিন্তু দাঁতে দাঁত চেপে সে নিজেকে সামলে নিল। হাঁটতে হাঁটতে বিড়বিড় করে বলল,
– উফ… এত ওজন মানুষের হয়?
পা টেনে টেনে খুব কষ্টে ড্রয়িংরুম পার হয়ে নির্ঝরের শোবার ঘরের দিকে এগোতে লাগল ঊষসী। প্রতিটা পদক্ষেপে মনে হচ্ছিল এই বুঝি দুজনে একসাথে ফ্লোরে আ’ছাড় খেয়ে পড়বে! প্রতিটি পদক্ষেপে যেন পাহাড় ঠেলার মতো লড়াই করতে হচ্ছিল ওকে। নির্ঝরের মাথাটা ঢলে এসে ঊষসীর ঘাড়ে আর গালে ছুঁয়ে আছে। নির্ঝরের অবচেতন নিঃশ্বাসের তপ্ত ছোঁয়া ঊষসীর ঘাড়ে এসে লাগতেই ওর বুকের ভেতরের ধড়ফড়ানি যেন আরও এক ধাপ বেড়ে গেল। এসব পাত্তা না দিয়ে ঊষসী হাঁটতে লাগলো। অবশেষে সমস্ত শক্তি প্রয়োগ করে দরজার চৌকাঠ পার হয়ে খাটের কাছে পৌঁছাল ঊষসী। তারপর আর ভারসাম্য ধরে রাখতে না পেরে নির্ঝরকে সহ সোজা খাটের ওপর ঢলে পড়ল। নির্ঝরের ভারী শরীরটা খাটের তোশকে আছড়ে পড়তেই ঊষসীও ওর বুকের ওপর গিয়ে পড়ল। মুহূর্তের জন্য দুজনের শ্বাস-প্রশ্বাস একদম কাছাকাছি এসে একাকার হয়ে গেল। নির্ঝরের তীব্র জ্বরে পু’ড়তে থাকা বুকের ছ্যাঁ’কা স্পষ্ট অনুভব করল ঊষসী। কয়েক সেকেন্ড ওভাবেই স্তব্ধ হয়ে পড়ে রইল সে, বুকের ভেতর হৃদপিণ্ডটা যেন ড্রাম পেটার মতো বাজছে। তারপর ধীরে ধীরে নিজের শ্বাস সামলে নিয়ে অত্যন্ত সাবধানে নির্ঝরের বুক থেকে নিজেকে ছাড়িয়ে উঠে বসল ঊষসী। নির্ঝর তখনও জ্ঞান আছে কি না কে জানে তবে হালকা চোখ পিটপিট করছে যেন জোর করে চোখ খুলবে। কিন্তু ঊষসী ওর দিকে তাকাতে পারছে না কেমন যেন লজ্জা লাগছে তার। বড় বড় শ্বাস ছেড়ে নির্ঝরের দিকে তাকালো সে। শার্টটা একদম কাদা আর পানিতে চুপসে আছে, চুল থেকে পানি গড়িয়ে বিছানা ভিজে যাচ্ছে। ঊষসী উদ্ধিগ্ন কণ্ঠে বলল,
– কি যে অবস্থা হয়েছে! জামা না পাল্টালে তো ঠান্ডা লেগে আরও খারাপ অবস্থা হবে!
নির্ঝরকে নড়েচড়ে উঠতে দেখে তোয়ালে আর শুকনো জামাকাপড় বের করার জন্য আলমারির দিকে পা বাড়াল সে। তোয়ালে আর শুকনো জামা কাপড় এনে ওকে আবার ডাকলো উঠে বসার জন্য। নির্ঝর আবার একটু নড়েচড়ে উঠতেই ঊষসী বলল,
– আপনি কি উঠে একটু বসবেন? জামাটা খুব ভিজে গেছে, বদলে না নিলে আরও বেশি অসুস্থ হয়ে পড়বেন।
নির্ঝর চোখ না খুলেই ভারী একটা দীর্ঘশ্বাস ফেলল। জ্বরের প্রচণ্ড তাপে তার চোখের পাতা দুটো যেন শিসা হয়ে আটকে আছে। অতি কষ্টে পিটপিট করে চোখ মেলতেই আবছা আলোয় সামনে ঊষসীকে দাঁড়িয়ে থাকতে দেখল সে। নির্ঝরের চোখ দুটো র’ক্তবর্ণ লাল, কপালে আর দুই রগে যন্ত্রণার স্পষ্ট ছাপ। সে অস্পষ্ট ভাঙা কণ্ঠে কোনোমতে শুধাল,
– এত... এত রাতে তুমি এখানে কী করছো?
– আমি কী করছি মানে? আপনি যে সারাদিন ভিজে মাঝরাতে বাসা এসে ঢলে পড়লেন, খবর আছে আপনার? জলদি উঠে বসুন তো!
নির্ঝর ঊষসীর ব্যাকুল মুখটার দিকে একপলক তাকিয়ে রইল। তারপর নিজের জড়ানো কণ্ঠটা যথাসম্ভব স্বাভাবিক করার ব্যর্থ চেষ্টা চালিয়ে অত্যন্ত ধীরে বলল,
– আমার... আমার কিছু হয়নি। তুমি তোমার রুমে যাও, ঊষসী যাও...
ঊষসী ক্ষুব্ধ চোখে তাকিয়ে বলল,
– আপনার মাথা ঠিক আছে? শরীর থেকে আগুনের ছ্যাঁকা বের হচ্ছে আর বলছেন কিছু হয়নি? এই অবস্থায় কি করবেন আপনি?
– বলছি তো যাও... আমি জামা বদলে নেব। আমি পারব...
বলতে বলতেই নির্ঝর কনুইয়ে ভর দিয়ে খাটে উঠে বসার একটা ব্যর্থ চেষ্টা করল। কিন্তু শরীরের ভেতরের জ্বর আর প্রচণ্ড দুর্বলতার কারণে সোজা হয়ে বসার আগেই মাথাটা চক্কর দিয়ে উঠল ওর। চোখ দুটো আবার বুজে এলো যন্ত্রণায় আর শরীরটা আবার তোশকের দিকে ঢলে পড়তে চাইল। ঊষসী তড়িঘড়ি করে এসে ওকে টেনে ধরে চোখ গরম করে তাকিয়ে বলল,
– হয়েছে? কী দরকার এত বাহাদুরি দেখানোর?
নির্ঝর বিছানায় হেলান দিয়ে বসে চোখের পাতা বন্ধ রেখেই এক হাত দিয়ে নিজের কপাল চেপে ধরে বলল,
– মাথাটা বড্ড ঘুরছে... একটা প্যারাসিটামল খেয়ে নিলে ঠিক হয়ে যাবে... তুমি ঘুমাতে যাও কষ্ট…
ঊষসী ওকে থামিয়ে দিয়ে ধমকের সুরে বলল,
– মাতব্বরি করবেন না একদম! আমারটা ভাবতে হবে না আপনার। অহেতুক তর্ক না করে চুপচাপ বসে থাকুন। আপনার এই মেজাজ আর ত্যাড়া উত্তরগুলো অন্তত সুস্থ হওয়ার পর দেখাবেন, এখন না!
নির্ঝর একটু থতমত খেলো ঊষসীর এমন ধমক খেয়ে। পরক্ষণেই চোখ রাঙিয়ে আওড়ালো,
– এই তুমি আমাকে ধমকাচ্ছো?
কথাটা বলেই নির্ঝর চোখ দুটো একটু বড় বড় করে তাকানোর চেষ্টা করল। কিন্তু প্রচণ্ড জ্বরে চোখ রাঙানোর সেই চেষ্টাটা বেশিক্ষণ টিকল না; দুই সেকেন্ড পরেই তীব্র যন্ত্রণায় কপাল কুঁচকে সে আবার চোখ বুজে ফেলল। ঊষসী এক হাত কোমরে দিয়ে শক্ত গলায় বলল,
– হ্যাঁ, ধমকাচ্ছি! একশো বার ধমকাব! সারাদিন যে বাসায় না এসে বৃষ্টিতে ভিজে তাকে ধমকাব না তো আর কি করব? একদম তর্ক করবেন না।
নির্ঝর বিছানার মাথার কাঠে পিঠ ঠেকিয়ে ওর দিকে তাকিয়ে অস্ফুট স্বরে কিছু একটা বিড়বিড় করল, যার অর্থ উদ্ধার করা ঊষসীর পক্ষে সম্ভব হলো না। তবে লোকটার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এই অবস্থায় একটা ওর কাছে ধমক খাওয়াটা তার অহংকারে বেশ জোরেশোরেই লেগেছে! ঊষসীর একটু হাসি পেল সাথে নিজের উপর গর্ববোধও হলো। সে তোয়ালে দিয়ে নির্ঝরের মাথা মুছে দিতে এগিয়ে গেল। নির্ঝর কিছু বলার আগেই নিজের হাত চালালো। একটু পর নির্ঝর বিরক্ত হয়ে বলল,
– উফ মাথাটা কি ভেঙ্গে ফেলবে? এভাবে কে মাথা মুছে?
– এভাবেই মাথা মুছে! মাথায় পানি থেকে গেলে জ্বর আরো বাড়বে।
– ছাড়ো তো!
ঊষসী সরে এসে ওর কাছে টিশার্ট দিয়ে বলল,
– এটা চেঞ্জ করুন ভেজা জামা পড়ে থাকবেন না।
নির্ঝর একটু চুপ থেকে বলল,
– তুমি রুমে যাও।
ঊষসী নিজেও কিছু বলল না। বেরিয়ে যেতে যেতে বলল,
– জলপট্টি আনতে যাচ্ছি এসে যেন দেখি যা বলেছি তা করা হয়েছে।
নির্ঝর অবাকই হলো ঊষসীর এমন হুকুম শুনে। ঊষসী কিচেনে গিয়ে একটা কাঁচের বাটিতে ঠান্ডা পানি আর পরিষ্কার একটা সুতি তোয়ালে নিয়ে যখন রুমে ফিরল তখন দেখে নির্ঝর বেশ কসরত করে শার্টটা খুলে পাশের চেয়ারে ফেলে রেখেছে আর ট্রাউজার আর টিশার্টটা কোনোরকম শরীরে গলিয়ে শুয়ে পড়েছে। যাক তাও ভালোই হলো। ঊষসী এসে বাটিটা পাশে রেখে নিজেও বসলো। নির্ঝর আবারও পিটপিট করে তাকাল। সে ঠান্ডায় কাঁপছে তবুও জড়ানো গলায় বলল,
– ওষুধ খেয়ে নিয়েছি আমি এসবের দরকার…
– চুপ করে থাকুন।
নির্ঝর কিছু বলল না, আসলে তর্কের জোর পেল না। মাথাটা যন্ত্রণায় ফে’টে যাচ্ছে, আর চোখ জোড়া কিসের এক গভীর অবসাদে বুজে আসছে। কয়েক মিনিট পরপর ঊষসী তোয়ালেটা পানিতে ভিজিয়ে আবার কপালে চেপে দিচ্ছিল। নির্ঝরের তপ্ত নিঃশ্বাস এসে লাগছিল ঊষসীর হাতে। লোকটা সুস্থ থাকলে যেখানে তাকে ছোঁয়া তো দূর, দুটো সোজা কথা বলতেও দশবার ভাবতে হতো সেখানে আজ এই কঠিন নির্ঝর কতটা নিস্তেজ, কতটা বাধ্য!
ঘড়ির কাঁটা দেড়টা পেরিয়ে গেছে। ততক্ষণে নির্ঝর ঘুমিয়ে পড়েছে। বেশ কিছুক্ষণ জলপট্টি দেওয়ার পর ঊষসী আবার জ্বর চেক করলো কমার তো নাম নেই বরং বাড়ছে! এবার ঊষসীর চিন্তা বাড়তে লাগল। আবারও জলপট্টি দেওয়া শুরু করলো সে।
– আমার কেউ নেই… তুমিও আমার নও, তাই না?
কিছুক্ষণ পরই আচমকা বাঁ হাতের উপর তপ্ত একটা হাতের স্পর্শে চমকে উঠলো ঊষসী। নির্ঝর র’ক্তবর্ণ চোখ দিয়ে পিটপিট করে ওর দিকে চেয়ে ওর হাত টেনে ধরল। ঊষসী ভরকে গেল কিছুটা। ছেলেটা প্রচন্ড জ্বরে কাঁপছে আর বিড়বিড় করছে। জ্বর কমানোর চেষ্টা করলেও জ্বর ক্রমশ বাড়ছে আর নির্ঝরের বকবকানি।
ঊষসী সেসব পাত্তা না দিয়ে বাটি থেকে জলপট্টিটা নিয়ে নিংড়ানোর জন্য অন্য হাত দিয়ে খুব হালকাভাবে নির্ঝরের তপ্ত হাতটা ছাড়ানোর চেষ্টা করতেই নির্ঝর কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলল। ঘুমের ঘোরেই আরও কিছুটা কাছে টেনে নিয়ে বিড়বিড় করল,
– কোথায় যাও? এখানেই বোসো...
– কোথাও যাচ্ছি না, এক হাতে জলপট্টি দেওয়া যায় নাকি?
নির্ঝর কোনো উত্তর দিল না। একটা তপ্ত শ্বাস ফেলে মাথাটা অন্যদিকে একটু কাত করল। তবে হাত ছাড়ল না। অস্পষ্ট, জড়ানো গলায় বলল,
– এত কথা বলো কেন? মাথায় শব্দ হচ্ছে...
ঊষসীর চিন্তা উবে গিয়ে হালকা একটা অমলিন হাসি ফুটাল ঠোঁটের কোণে। এই লোকটা এখন জ্বরের ঘোরেও তাকে ঝাড়ি দেওয়ার চেষ্টা করছে!
– আমি কথা বলছি, নাকি আপনি আবোল তাবোল বলছেন? সারা দিন ভিজে ভূত হয়ে এসে এখন আমার ওপর মেজাজ দেখানো হচ্ছে?
নির্ঝর অচেতন কন্ঠে বলল,
– মেজাজ দেখানোর কেউ নেই যে।
ঊষসী কেমন থমকে গেল। নির্ঝর আবারও এলোমেলো শব্দে বিড়বিড় করে আওড়ালো,
– মেজাজের… জন্য হারিয়ে যায়… সব্বাই!
ঊষসীর হাতের গতি থমকে গেল। তোয়ালে থেকে নিংড়ানো কয়েক ফোঁটা পানি বাটিতে টিপটিপ করে ঝরে পড়ল। লোকটা ঘুমাচ্ছে না কি আধা-অচেতন মনে কথাগুলো বলছে, তা বুঝে উঠতেই ঊষসীর কয়েক সেকেন্ড সময় লেগে গেল। নির্ঝরকে সে এতদিন আত্মকেন্দ্রিক আর অনুভূতিহীন পাহাড়ের মতো মনে করতো কিন্তু সে যে ভেতরে ভেতরে এমন কোনো গোপন ক্ষ’তের বোঝা বয়ে বেড়াচ্ছে, তা যেন এই অস্পষ্ট বাক্যগুলোতে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। কেন যেন মনে পড়লো ওর পরিবারের কথা! নির্ঝর কি সেই নিয়ে কোনো কিছু বলছে? কিন্তু যেটা নির্ঝর বলতে চায় না সেটা জোর করে জ্বরের সুযোগ নিয়ে জিজ্ঞেস করতে কেমন জানি লাগছে তবুও ঊষসী খুব সাবধানে নিজের হাতটি ছাড়িয়ে নিয়ে ঠান্ডা জলপট্টিটা আবার নির্ঝরের কপালে বসিয়ে দিল। নরম গলায় শুধাল,
– কিসের কথা বলছেন? আপনার মেজাজের জন্য কে হারিয়ে গেছে?
– মা… না…
এরপর হঠাৎ চুপ হয়ে গেল। অলস ঘুমে আবার শিথিল হয়ে এলো। গায়ের অনবরত কাঁপনটাও যেন এক অজানা ক্লান্তিতে ধীরে ধীরে থিতিয়ে যেতে লাগল।
ঊষসী স্তব্দ হয়ে গেল। সে কতবার জিজ্ঞেস করেছে ওর ফ্যামিলির কথা প্রতিবারই কৌশলে এড়িয়ে গেছে। কিন্তু আজ এই জ্বরের প্রচণ্ড ঘোরে অবচেতন মনে মানুষটা কেন এত ব্যাকুল হয়ে উঠল?
ঊষসী আকুল গলায় ফিসফিস করে শুধাল,
– নির্ঝর ভাই? আপনার মায়ের কথা বলছেন? কী হয়েছিল বলুন না… আম্মু কোথায় আপনার?
নির্ঝরের কোনো সাড়াশব্দ মিলল না। ওর বন্ধ চোখের পাতা দুটো অল্প একটু কেঁপে উঠল মাত্র। জড়ানো গলায় আর কোনো স্পষ্ট বাক্য ফুটল না কেবল অস্পষ্ট কিছু গোঙানির শব্দ মিলিয়ে গেল বাতাসে। এরপর নির্ঝর আবার বেঘোরে ঘুমিয়ে পড়লো।
ঊষসী কিছুক্ষণ ওভাবেই চেয়ে রইল। ভেবেছিল নির্ঝর হয়তো আর কিছু বলবে, নিজের ভেতরের কোনো না বলা কথা আজ ভুল করে প্রকাশ করে ফেলবে। কিন্তু না, শক্ত মনের মানুষটার অবচেতন মনও বোধহয় নিজের ক্ষতের কথা কাউকে টের পেতে দিতে চায় না।
একটা দীর্ঘশ্বাস ফেলে ঊষসী আবার বাটি থেকে তোয়ালেটা আবার তুলে নিয়ে নিংড়ে নির্ঝরের কপালে বসিয়ে দিল। এরপর আর জোর করে কিছু জিজ্ঞেস করার ইচ্ছে হলো না তার। যে সত্য নির্ঝর সুস্থ মাথায় চেপে রাখে, জ্বরের সুযোগ নিয়ে তা জেনে নেওয়া ঊষসীর নিজের রুচিতেও বাধল। ঊষসী জলপট্টি দিতে দিতে সেখানেই ঘুমিয়ে পড়লো।
.
– কি হয়েছে আপনার? আমার পিছন ছাড়ছেন না কেন?
– আমার কথাটা একটু শুনো। দেখো আমি তো তোমাকে আমার সাথে হারাম সম্পর্কে জড়াতে বলছি না! আমি শুধু বলছি আমি তোমার ফ্যামিলির সাথে কথা বলবো তুমি জাস্ট সেই পথটা সহজ করে দাও!
তানভীরের এমন কথা শুনে রেহনুমা শক্ত কণ্ঠে বলল,
– আমি এখন বিয়ে করতে রেডি না সো এইসব ছাড়া অন্য কথা না থাকলে রাস্তা ছাড়ুন।
তানভীর এক গভীর হতাশার শ্বাস ফেলে রেহনুমার দিকে তাকাল। তানভীর কিছুটা গম্ভীর হয়ে এলো। তার হালকা-ফুলকা হাসিখুশি রূপটা উবে গেল। থমথমে গলায় বলল,
– শোনো, আমার কথা বাদ দাও। আমি তোমার বন্ধু ঊষসী আর নির্ঝরকে নিয়ে ভীষণ চিন্তায় আছি। তুমি তো জানো ওদের পরিস্থিতিটা কেমন! আচমকা একটা এক্সি’ডেন্টাল বিয়ের কারণে দুটো মানুষ এক ছাদের নিচে থেকেও কেমন পর হয়ে আছে।
রেহনুমা ভ্রু দুটো কিছুটা কুঁচকে তানভীরের দিকে তাকাল। তানভীর বলতে লাগল,
– নির্ঝর বান্দা এক নম্বর একগুঁয়ে! মুখে সারা দিন কুল আর ড্যাম কেয়ার ভাব ধরে রাখলেও, ও যে ভেতরে ভেতরে মেয়েটার প্রতি দুর্বল হয়ে পড়ছে সেটা আমি খুব ভালো করেই বুঝি। অথচ মুখে সে কিচ্ছু স্বীকার করবে না! আর ওদিকে ঊষসীও নিশ্চয়ই ভীষণ আতঙ্কে আর সংকোচে আছে। এভাবে চলতে থাকলে ওদের সম্পর্কটা শুরুর আগেই শেষ হয়ে যাবে রেহনুমা!
রেহনুমা একটি দীর্ঘশ্বাস ফেলে শান্ত স্বরে বলল,
– ঊষাও খুব চুপচাপ হয়ে গেছে ইদানীং। ওপর ওপর নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করলেও আমি জানি ও ভেতরে কতটা ভাঙা আর একা অনুভব করছে। কিন্তু আমরা কী করতে পারি বলুন? এটা তো ওদের ব্যক্তিগত ব্যাপার।
তানভীর একটু এগিয়ে এসে বলল,
– আমরা যদি ওদের দুজনকে একটু সাহায্য না করি, তবে এই ত্যাড়া লোক দুটো কোনোদিন নিজের মনের কথা মুখে আনবে না। নির্ঝর তো রোবটের মতো আচরণ করবে! আমি ভেবেছি ওদের দুজনের মাঝে প্রেম জমানোর জন্য আমরা সবাই মিলে একটা ছোট প্ল্যান করব। অন্তত ওদের একটু কাছাকাছি আনার সুযোগ তো করে দিতে পারি, তাই না? তুমি আর তোমার বান্ধবীরা মিলে কি ঊষসীকে একটু বুঝিয়ে রাজি করাতে পারবে না?
রেহনুমা এক মুহূর্ত চিন্তা করল। একটু ভেবে বলল,
– ঠিক আছে, আমরা চেষ্টা করতেই পারি। নির্ঝর ভাইয়া খারাপ না; ঊষা ওনার সাথে ভালোই থাকবে। কিন্তু করবো কি?
তানভীরের মলিন মুখে মুহূর্তের মধ্যেই এক চিলতে হাসি ফুটে উঠল।
– ডান! থ্যাঙ্ক ইউ সো মাচ। প্ল্যান আমরা বলবো তোমরা জাস্ট ঊষসীকে সামলাবে আর ওদিকে নির্ঝরকে সাইজ করার দায়িত্ব আমাদের!
#চলবে…?
(আগামী পর্বে নির্ঝরের ফ্যামিলির বিষয় সামনে আসবে ইনশাআল্লাহ্)