#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(২১)
#তাবাসসুম_তাজ্বওয়ারী
সকাল ৭ টার দিকে নির্ঝরের ঘুম ভাঙল। মাথাটা ভার হয়ে আছে। আবার মনে হচ্ছে ডান হাত আর কাঁধের উপর ভারি কিছু একটা। টেনে চোখ খুলে পাশে ঘাড় ঘুরিয়ে দেখলো থমকে যাওয়ার মতন একটা ঘুমন্ত বদনখানি! যে তারই হাতের উপর জড়োসড়ও হয়ে কাঁধে মাথা রেখে এলোমেলো ঘুমিয়ে আছে। নির্ঝর কয়েক সেকেন্ড স্থির চোখে তাকিয়ে রইল।
রাতের আবছা স্মৃতিগুলো নির্ঝরের মাথায় ভিড় করে এলো। মুষলধারে বৃষ্টি, সেই বৃষ্টিতে ভেজা আর তারপর মাঝরাতে বাসার দরজায় ঊষসীর উপর ঢলে পড়া! শরীরটা কেমন যেন হালকা লাগছে এখন, সেই তপ্ত জ্বরটা নেই বললেই চলে। কিন্তু বুকের ভেতর আচমকা প্রকাণ্ড একটা তোলপাড় শুরু হয়ে গেল।
এই মেয়েটা সারারাত ওর পাশে বসে জলপট্টি দিয়েছে? ওকে সামলেছে?
নির্ঝর অতি সাবধানে নিজের ডান হাতটা সরানোর চেষ্টা করল যাতে ঊষসীর ঘুম না ভেঙে যায়। কিন্তু হাতটা একটু নাড়াতেই ঊষসী ঘুমের মধ্যেই ছোট এক শিশুর মতো ভ্রু কুঁচকে আরও একটু আঁকড়ে ধরল নির্ঝরের টি-শার্টের হাতা। মুখে মৃদু একটা অস্বস্তির রেখা। নির্ঝর আর নড়লো না। সে নিষ্পলক চোখে চেয়ে রইল ঊষসীর মাসুম মুখের দিকে। আবছা আবছা মনে পড়লো এই পাজি মেয়েটা কাল রাতে ওকে ধমক দিয়েছে! কী দাপটের সাথে ওকে শাসিয়েছে! কিন্তু কেন যেন একটুও রাগ হলো না নির্ঝরের বরং ঠোঁটের কোণে এক চিলতে হাসির দেখা মিললো। অজান্তেই বাঁ হাতটা বাড়িয়ে ঊষসীর কপালে পড়ে থাকা দু-একটা এলোমেলো চুল কানের পেছনে গুঁজে দিল নির্ঝর। তার বুকের স্পন্দন এক লাফ দিয়ে বেড়ে গেলে দ্রুত হাত সরিয়ে এনে দৃষ্টি সরিয়ে ফেললো। নিজের এই অজানা অনুভূতি অস্থিরতার কারণ জানতে চায় না সে!
নিজেকে সামলে নিতে হঠাৎই নির্ঝরের মনে পড়ে গেল কাল রাতের কিছু অস্পষ্ট কথা। সে জ্বরে থাকলে হুঁশ জ্ঞান থাকে না কি কি বলে সে নিজেও জানে না… সে কি কাল ঘোরের মাথায় কোনো কথা কথা বিড়বিড় করেছিল? ঊষসী কি কিছু শুনে ফেলেছে? নির্ঝর জানে জ্বরের মাঝে সে দুর্বল। অতীতের একটা মানুষই শুধু জানত জ্বরের ঘোরে নির্ঝর কতটা দুর্বল, কতটা বাধ্য আর অবুঝ হয়ে পড়ে আর তার কাছ থেকেই জেনেছে সে নিজে! সে চায় না অন্য কেউ জানুক! নির্ঝরের চিন্তার সুতোয় হুট করেই যেন বিষাদের টান পড়ল। কপালে আবার ভাঁজ ফুটে উঠল ওর। কাল রাতে নিজের অজান্তে এমন কিছু মুখ দিয়ে বেরিয়ে যায়নি তো, যা সে ঊষসীর কাছে অজানাই রেখেছিলো? সে কোনোভাবেই চায় না এই নতুন জীবনে ঊষসী তার সেই চরম দুর্বলতার বিন্দুগুলো টের পাক কিংবা দয়া দেখাক।
ভাবনার মাঝেই ঊষসী নড়েচড়ে উঠল। চোখের পাতা দুটো কয়েকবার পিটপিট করে ধীরে ধীরে চোখ মেলল সে। সামনে নির্ঝরের গম্ভীর আর চিন্তিত মুখটা দেখতেই এক মুহূর্তের জন্য থমকে গেল ঊষসী।
তার পর মুহূর্তেই খেয়াল হলো সে কার হাতের ওপর মাথা দিয়ে, কাকে এমন আঁকড়ে ধরে শুয়ে আছে! লজ্জা আর আড়ষ্টতায় ঊষসীর গাল দুটো লাল হয়ে উঠল। সে তড়িঘড়ি করে সোজা হয়ে উঠে বসল, যেন ভুল করে কোনো জ্বলন্ত কয়লায় হাত দিয়ে ফেলেছে! তোতলিয়ে বলল,
– স্যরি আসলে… আ… আপনি উঠে পড়েছেন? জ্বর কমেছে?
– হু। তবে যেভাবে তুমি আমার কাঁধের ওপর চেপে ঘুমোচ্ছিলে মনে হচ্ছিল হাড়গোড় ছাড়াই উঠত হতো।
ঊষসী লজ্জা পেল। নির্ঝর গম্ভীর কণ্ঠে বলল,
– তুমি সারারাত জেগে ছিলে?
ঊষসী উপর নিচ মাথা নাড়ল। নির্ঝর একটা দীর্ঘশ্বাস ছাড়ল। মেয়েটা কষ্টই করলো ওর জন্য। এতকিছু করার দরকার ছিলো?
– এবার রুমে যেতে পারো সারারাত জেগে ছিলে যেহেতু…
নির্ঝর নিজের সংকোচ কোনোভাবেই যেন কাটাতে পারছে না। একটা থ্যাংক ইউ বলে যে রুমে গিয়ে রেস্ট নিতে বলবে ওটাও যেন মুখে আসছে না! ঊষসী সেসব না শুনে বলল,
– জ্বরটা মেপে যায়?
– না লাগবে…
ঊষসী থামিয়ে দিয়ে বলল,
– চুপ করে থাকুন। কাল রাতে তো ধমক খেয়ে চুপচাপ সুবোধ বালকের মতো কথা শুনেছিলেন! আজ একটু সুস্থ হতেই হম্বিতম্বী বেরিয়ে গেছে?
কাল রাতের মতো আজ সকালেও এই পুতুল সদৃশ মেয়েটার মুখে এমন অনায়াস শাসন শুনে সে নিজের মনের অগোচরেই বেশ অবাক হলো। লোকটা গম্ভীর চেহারা বানিয়ে একটু চোখ রাঙানোর চেষ্টা করল, কিন্তু মুখের ওপর জমানো শক্ত খোলসটা যেন আর আগের মতো কার্যকর হচ্ছে না।
– এই তুমি আমাকে ধমকাচ্ছো? সাহস তো কম না তোমার!
– সাহসের এখনো কি দেখলেন আপনি?
– ধমক দেওয়াটা অভ্যাস বানিয়ে ফেলছ কিন্তু ঊষসী! কাল রাতে আমি অসুস্থ ছিলাম বলে কিছু বলিনি। তার মানে এই না যে তুমি সকাল-সন্ধ্যা আমাকে ধমক দেওয়ার লাইসেন্স পেয়ে গেছো!
ঊষসী নিজের ঠোঁট চেপে হাসি সামলাল। সে ও কম যায় না। জোর করে জ্বর মেপে দেখলো জ্বর আগের চেয়ে কমেছে কিন্তু নির্ঝরকে রেস্ট নেওয়ার জন্য শাসিয়ে যাচ্ছে। ও যাওয়ার সময় নির্ঝর বলল,
– আমার জন্য নিজের শরীর খারাপ করতে যেয়ো না। যাও, গিয়ে রেস্ট নাও। আর… সকালে না খেয়ে আবার ক্লাসে দৌড়ে যেয়ো না।
ঊষসী কিছু বলল না শুধু একবার পিছু ফিরে তাকালো এরপর রান্নাঘরে চুলায় চা বসিয়ে নিজের রুমে গেল। প্রথমেই ফোন দিলো রেহনুমাকে। সকাল সকাল ঊষসীর কল দেখে চিন্তায় পরে গেল সে। তড়িঘড়ি করে কল ধরেই বলল,
– ঊষা? এতো সকালে ফোন হঠাৎ? কিছু হয়েছে?
– আরে আরে অস্থির হোস না কিছু হয় নি।
– তাহলে?
– শোন আমি আজকে ক্লাসে যেতে পারবো না রে তুই একটু নোটগুলো আমায় পাঠিয়ে দিস।
– কি হয়েছে রে? ক্লাসে আসবি না কেন?
ঊষসী একটু চুপ থেকে ইতস্তত করে বলল,
– উনার কাল রাত থেকে অনেক জ্বর। এখন যদিও কমেছে কিন্তু এভাবে ফেলে যেতে…
রেহনুমা থামিয়ে দিয়ে বলল,
– উনার মানে? ওয়েট তুই কি নির্ঝর ভাইয়ার কথা বলছিস?
রেহনুমার কণ্ঠের খোঁচাটায় বাক্যহারা হয়ে গেল ঊষসী। গাল দুটো যেন না চাইতেও লাল হয়ে উঠল। এই মেয়েটার কান এড়ানো যে কী কঠিন, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না!
রেহনুমা ওপাশ থেকে বেশ রসিয়ে রসিয়ে বলে উঠল,
– হুমম! 'উনার' জ্বর এসেছে বলে ম্যাডাম আজকে ভার্সিটি ফাঁকি দিয়ে সেবাশ্রমে যোগ দিয়েছেন? বাহ্! ঘটনা তো বেশ দূর এগোচ্ছে মনে হচ্ছে!
উষসী অপ্রস্তুত হয়ে মেকি রাগ দেখিয়ে বলল,
– ফালতু কথা বলিস না তো রেহনুমা! কাল যে কি অবস্থা হয়েছে সেটা তোকে কিভাবে বুঝায়!
– থাক তোদের দাম্পত্য জীবনের গল্প আমাকে শোনাতে হবে না!
পদে পদে প্রতিটা কথায় রেহনুমা ওকে অস্বস্থিতে ফেলছে।
– ধ্যাৎ! তোকে কিছু বলাই বেকার!
ঊষসী গাল লাল করে ফোঁস করে উঠল।
রেহনুমা ওপাশ থেকে হো হো করে হেসে উঠল। তারপর হাসি থামিয়ে বেশ আন্তরিক সুরেই বলল,
– আচ্ছা ঠিক আছে, আর ক্ষ্যাপাচ্ছি না। কিন্তু এখন বল নির্ঝর ভাইয়া কেমন আছেন? জ্বর কমেছে তো?
– হু এখন কিছুটা কমেছে।
– কাল তো পুরো গা আ’গুনের মতো গরম ছিলো! সারারাত জলপট্টি দিয়ে আজ সকালে জ্বরটা একটু নেমেছে। এখন এই অবস্থায় একা ফেলে আমি ক্লাসে আসি কী করে, বল তো? মানুষ তো, নাকি?
রেহনুমা হেসে বলল,
– আরে আমি মজা করছি রে! অতো এক্সপ্লেনেশন দিচ্ছিস কেন? যেমনই হোক তোরই তো জামাই!
বলে আবার হো হো করে হেসে উঠলো। ঊষা রাগ দেখিয়ে বলল,
– তুই থামবি এবার? আর একটা ফালতু কথা বললে কিন্তু আমি ফোন কেটে দেব!
ঊষসীর ধমক শুনে রেহনুমা হাসতে হাসতেই বলল,
– আচ্ছা বাবা আর বলছি না! কিন্তু এখন সত্যি করে বল, তোদের বাসার কী অবস্থা? রান্না-বান্না কিছু করেছিস, নাকি রোগী আর সেবা প্রদানকারী দুজনেই খালি পেটে আছিস?
– চুলায় চা বসিয়েছি। কিন্তু লোকটা তো আবার ভীষণ ত্যাড়া! সকাল থেকে চ্যা,বুউ শুরু করে দিয়েছে।
রেহনুমা হেসে ফেলল ওর কথায়। তার কাছেও মনে হয় যে উষাও নির্ঝরকে পছন্দ করতে শুরু করেছে। এটলিস্ট ওর আচরণে তো এমনই মনে হয়! আরো বেশ কিছুক্ষণ কথা বলে তারপর রেখে হাত মুখ ধুতে চলে গেল।
.
ভার্সিটিতে এসে রেহনুমা ব্যাগ কাঁধে ঝুলিয়ে ক্যাফেটেরিয়ার দিকে এগোতেই তানভীর চট করে হাত তুলে ডাকল,
– রেহনুমা! এই যে এদিকে!
রেহনুমা ওদের টেবিলে এসে দাঁড়ালে মিরাজ চেয়ার টেনে দিয়ে বলল,
– বোসো রেহনুমা। আর কেউ আসেনি?
– না ভাইয়া। ঊষা আসবে না আর মীরা রুহি এখনো এসে পৌঁছায় নি।
হাবিব ভ্রু কুঁচকে বলে উঠল,
– ঊষার কি হয়েছে? আসবে না কেন? শরীর খারাপ নাকি?
রেহনুমা একটু রহস্যের সুর ছড়িয়ে দিয়ে বলল,
– না ঊষার শরীর একদম ভালো আছে। কিন্তু ঊষার 'উনার' কাল রাত থেকে প্রচণ্ড জ্বর! তাই ম্যাডাম আজ হোম নার্সিংয়ে ব্যস্ত আছেন, বুঝতেই পারছেন!
তানভীর, মিরাজ, হাবিব, নুরী, তাহফিয়া সকলেই উপস্থিত ছিলো। ওরা বুঝতে না পেরে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। রেহনুমা হেসে বলল,
– আরে নির্ঝর ভাইয়ার নাকি জ্বর তাই সে আসতে পারবে না।
– কি বলছো! নির্ঝরের জ্বর? কই আমরা তো জানতে পারলাম না!
ঊষসী যা যা বলল রেহনুমা ওদের সবটাই বলল। তানভীর হেসে বলল,
– যাক আমাদের প্ল্যানের আগেই একটা ব্যবস্থা হয়ে গেল মনে হচ্ছে!
– মানে?
– কাল সারারাত জেগে ঊষসী নির্ঝরের সেবা করলো। আমি আগেই বলেছি নির্ঝর ওর প্রতি দুর্বল আর এতো কাণ্ড দেখে ও আরো দুর্বল হবে। বউ তাকে সেবা-শুশ্রূষা করেছে। এবার নির্ঝর আবেগে আপ্লুত হয়ে বউকে আরো বেশি ভালোবেসে ফেলবে এরপর মানতে না চাইলেও মন…
নুরী ওকে থামিয়ে দিয়ে বলল,
– এই এই তানভীর থাম। তোর এসব মন গড়া নাটক সিনেমা এখানে বানাস না! সিরিয়াস বিষয়ে সিরিয়াস কথা বল!
– আমার মন গড়া মানে? তোরা তো চিনিস না ব্যাটাকে! যতই ত্যাড়া ভাব দেখাক না কেন এই বরফ গলতে বাধ্য। ওদের দুজনের মনের কথা যদি মুখে এনে এক না করেছি তবে আমার নাম তানভীরই না!
#চলবে…?
(অসুস্থতা এখনো কমে নি বহুকষ্টে এইটুকু লিখলাম,বড় করে লেখা সম্ভব হয়নি🤧)