#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(২২)
#তাবাসসুম_তাজ্বওয়ারী
তখন দুপুর পেরিয়েছে। নির্ঝর ঘুমিয়ে ছিলো হঠাৎ ঘুম ভাঙতেই আশপাশ দেখে বুঝলো কড়া রোদ পড়েছে। ধড়ফড় করে ওঠার বদলে কিছুক্ষণ স্থির হয়ে সিলিংয়ের দিকে চেয়ে রইল সে। জ্বর কিংবা শরীরের ম্যাজম্যাজ ভাবটা এখন আর নেই বললেই চলে। বেশ ঝরঝরে লাগছে নিজেকে।
পাশে টি-টেবিলে তাকাতেই চোখে পড়ল ঢাকনা দেওয়া একটি বাটি আর পানির গ্লাস রাখা। নিশ্চয়ই ওই অবাধ্য মেয়েটার কাণ্ড!
নির্ঝর বিছানা থেকে নেমে ধীর পায়ে রুম থেকে বের হয়ে এলো। ডাইনিং রুমে পা রাখতেই দেখতে পেল ডাইনিং টেবিলের এক কোণে বই খোলা রেখে গালে হাত দিয়ে ঘুমিয়ে পড়েছে ঊষসী। সারারাত নির্ঘুম থাকার ক্লান্তিতে মেয়েটা বোধহয় আর নিজের ঘুম চেপে রাখতে পারেনি!
নির্ঝর নিঃশব্দে এগিয়ে এসে ঊষসীর একদম মুখোমুখি দাঁড়াল। কপালে এলোমেলো হয়ে ঝুলে থাকা চুলে ডাইনিং রুমের কোণার জানলা দিয়ে রোদ এসে পড়েছে। ঘুমন্ত নিষ্পাপ মুখটার দিকে তাকাতেই নির্ঝরের বুকের ভেতর আচমকা অদেখা এক তোলপাড় শুরু হয়ে গেল। মানুষটা এত ছোট অথচ তার যত্নের পরিধি কতটা বিশাল! নির্ঝর নিজের চিন্তা ভাবনা সামলে গলা খাঁকারি দিয়ে ডাকলো,
– ঊষসী? ওঠো... ঘরে গিয়ে ঘুমাও।
ঊষসী একটু নড়ে আবার ঘুমিয়ে গেলে নির্ঝর কপালে হাত ঘষে বলল,
– উফ... এভাবে কেউ খাওয়ার টেবিলে ঘুমায়? ঊষা? এই উঠো!
হালকা করে ওর বাহু স্পর্শ করে ডাকলো। বার কয়েক এভাবে ডাকতেই ঊষসী আঁতকে উঠে চোখ মেলল। চোখের পাতা দুটো কয়েকবার পিটপিট করে সামনে নির্ঝরকে দাঁড়িয়ে থাকতে দেখেই তড়িঘড়ি করে সোজা হয়ে বসল সে। জড়ানো গলায় শুধাল,
– আ-আপনি? উঠে পড়লেন? জ্বর কি আবার এসেছে?
বলতে বলতেই ঊষসী কোনো কিছু না ভেবেই চট করে হাত বাড়িয়ে নির্ঝরের কপালে হাত দিয়ে তাপমাত্রা পরীক্ষা করতে চাইল। নির্ঝর এবার আর সরে গেল না, না সরলো তার স্বাভাবিক কাঠখোট্টা ভঙ্গি। ঊষসীর নরম হাতের ছোঁয়াটা নিজের কপালে অনুভব করে চুপচাপ দাঁড়িয়ে রইল।
– হুম, জ্বর একদম নেমে গেছে। এখন গা স্বাভাবিক।
ঊষসী স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে হাত নামিয়ে নিল। নির্ঝর গলায় প্রচ্ছন্ন কোমলতা ঢেলে বলল,
– তুমি এখানে এভাবে ঘুমাচ্ছ কেন? রুমে গিয়ে শুতে পারতে তো।
ঊষসী একবার ওর দিকে তাকিয়ে আবার চোখ ডলতে ডলতে বলল,
– একটু বই নিয়ে বসেছিলাম... কখন যে চোখ লেগে এসেছে বুঝতেই পারিনি। আচ্ছা আপনি বসুন আমি খাবার দিচ্ছি অনেক দেরি হয়ে গেছে।
– এতো তারাহুড়ো করতে হবে না।
কিন্তু কে শুনে কার কথা ঊষা এক দৌড়ে রান্নাঘরে দ্রুত সব খাবার গরম করে টেবিলে হাজির করলো। নির্ঝর শান্তভাবে চেয়ার টেনে বসল। দুজন দ্রুত খেয়ে নিলো। অনেকক্ষণ অস্থির অস্থির করে খেয়ে রুমে যাওয়ার আগে সে তবে মূল প্রশ্নটা করার জন্য নিজের ভেতরে ইতস্ততবোধ কাজ করতে লাগল ওর। গলার স্বর আরও খানিকটা নিচু করে শুধাল,
– আমি... আমি কি অন্য কোনো আবোল-তাবোল কথা বলছিলাম? মানে... ঘোরের মাথায় কিছু বলেছি বা…
ঊষসী এবার নিজের হাতের কাজ থামিয়ে শান্ত চোখে নির্ঝরের মুখটার দিকে তাকাল। লোকটার চোখে-মুখে স্পষ্ট একধরনের অস্বস্তি। ঊষসী উত্তর না দিয়ে প্রশ্ন করল,
– একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে?
নির্ঝর ভ্রু কুঁচকে তাকালো। ঊষসী নিজে নিজেই বলল,
– সত্যি করে বলুন তো আপনার পরিবার কোথায় থাকে? আপনি কালকে কিসব বলছিলেন ছেড়ে যাওয়ার কথা আর আপনার মায়ের কথা…
নির্ঝরের মুখ হঠাৎ কঠিন রূপ ধারণ করল। চোয়াল শক্ত করে বলল,
– জ্বরের ঘোরে মানুষ হাজারটা আবোল-তাবোল কথা বলে। ওসব বাজে কথায় কান দেওয়াটা বোকামি।
নির্ঝর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালে উষসী দাঁড়িয়ে বলল,
– বাজে কথা কেন হবে? মানুষ কখনো অসুস্থতার ঘোরে বা স্বপ্নে মিথ্যা বলে না! কাল আপনি কয়েকবার আপনার মায়ের কথা বলেছে অথচ আমি যখনই আপনার পরিবারের কথা কথা জানতে চাই তখনই আপনি এভাবে নিজেকে গুটিয়ে নেন কেন? আপনার পেছনে তো কেউ তাড়া করছে না নির্ঝর ভাই, কেন সবাইকে এতটা দূরে সরিয়ে রাখেন?
নির্ঝরের ধৈর্যের বাঁধ যেন মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। আঘাত করলে মানুষের ভেতরটা যেভাবে জ্বলে ওঠে, নির্ঝরেরও ঠিক তাই হলো। সে চোখ দুটো লাল করে ঊষসীর একদম কাছে এক পা এগিয়ে এলো। গলার রগগুলো ফুলে উঠল ওর, অত্যন্ত ধারালো ও শক্ত স্বরে ফোঁস করে উঠল,
– তুমি নিজের সীমার বাইরে চলে যাচ্ছ কিন্তু ঊষসী! বারবার আমার ব্যক্তিগত জীবনে উঁকি দেওয়ার চেষ্টা করা থামাবে এবার?
ঊষসী থমকাল শান্ত কণ্ঠে বলল,
– আমি উঁকি দিচ্ছি না! আমরা একসাথে থাকি আমি শুধু কৌতূহল থেকে জানতে…
– একদম চুপ!
নির্ঝর কড়া গলায় ওকে মাঝপথেই থামিয়ে দিল। ওর চোয়াল শক্ত হয়ে গেছে, চোখ দুটি রাগে ও অস্থিরতায় জ্বলজ্বল করছে। রেগে বলল,
– তুমি নিজেকে কী ভাবো বলো তো? কাল সারারাত একটু জলপট্টি দিয়েছ বলেই কি ভেবেছো আমার ওপর খুব বড় অধিকার জন্মে গেছে তোমার? কোন হকের জোরে আমার পরিবার, আমার অতীত নিয়ে প্রশ্ন তুলছো তুমি? আমার লাইফে নাক গলানোর এই রাইট তোমাকে কে দিয়েছে, হ্যাঁ? আমি বারণ করেছি আগেও! এতো কৌতূহল ভালো না! একসাথে থাকি বলে এই না সব কথা তোমার জানতেই হবে।
ঊষসী স্তব্দ হয়ে গেল। এই নির্ঝরকে দেখেনি আগে সে! চোখের কোণে এক ফোঁটা জল টলটল করে উঠলেও তা আড়াল করতে ঊষসী ঝটপট মুখটা অন্যদিকে ফিরিয়ে নিল। নিজেকে কোনোমতে সামলে নিয়ে ঠান্ডা স্বরে বলল,
– ভুল হয়ে গেছে আমার। আপনার ওপর আমার কোনো অধিকার নেই, আর কোনোদিন থাকবেও না। কাল রাতে যা করেছি, তা কেবল একটা মানুষের প্রতি মানবিকতা ছিল... এর বেশি কিছু না। এমন কিছু ভেবে এসব করিনি। আপনাকে বিরক্ত করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
কথাটা শেষ করেই ঊষসী আর এক সেকেন্ডও সেখানে দাঁড়াল না। দ্রুত পায়ে নিজের ঘরের দিকে হেঁটে গিয়ে দড়াম করে দরজা বন্ধ করে দিল।
ডাইনিং রুমে একা দাঁড়িয়ে রইল নির্ঝর। স্তব্ধ হয়ে সে শূন্য দরজার দিকে চেয়ে রইল কিছুক্ষণ। ঘরের থমথমে বাতাসে ঊষসীর শেষ কথাগুলোর অভিমানী প্রতিধ্বনি ভাসছে। নির্ঝরের হাতের মুঠো ঢিলে হয়ে এলো। বুকটা আচমকা যেন এক ভারী পাথরের চাপে দমবন্ধ হয়ে আসতে লাগল।
সে কী বলল এসব? মেয়েটা সারাটা রাত একফোঁটা চোখের পাতা এক না করে ওর পরিচর্যা করল, ওকে সুস্থ করে তুলল, আর সে সুস্থ হয়েই এভাবে ওকে অপমান করল? 'অধিকার' শব্দটা তুলে অহেতুক মেয়েটার আত্মসম্মানে আঘাত দিয়ে ফেলল?
নিজের রুমে এসে ধপ করে বিছানায় শুয়ে পড়লো। নিজের ওপর তীব্র বিরক্তি আর একটা ভীষণ বিতৃষ্ণা এসে ঘিরে ধরল ওকে। কপালে কনুই রেখে চোখ বন্ধ করতেই কে যেন কানের কাছে বিড়বিড় করে বলল,
– তোর কারণেই সবাই তোকে ছেড়ে যায় রে শেহজাদ শাহরিয়ার নির্ঝর! খুব অহংকার তোর নিজেকে নিয়ে? মেয়েটাকে তো বলেই বসলি সে নিজেকে কি ভাবে কিন্তু তুই নিজেকে কি ভাবিস? কি আছে তোর? কে আছে তোর এই স্বার্থের শহরে?
ভেতরের একটা চেনা, যন্ত্রণাদায়ক কণ্ঠস্বরটা তীব্র এক চা’বুকের মতো আ’ছড়ে পড়ল নির্ঝরের মস্তিষ্কে। বিছানা থেকে ঝটকা দিয়ে উঠে বসল নির্ঝর। বুকের ভেতর নিঃশ্বাসের তোড় এত বেড়ে গেছে যে মনে হচ্ছে দম আটকে আসছে। কপালে হাত দিয়ে দেখে ঘামে ভিজে গেছে পুরোটা। সে চোখ দুটো শক্ত করে বন্ধ করে রইল বেশ কিছুক্ষণ। চোখ বন্ধ করলেই ভেসে উঠছে একটু আগে ঊষসীর সেই টলটলে জ্বলজ্বলে দুটি চোখ। কত শত অভিমান, দুঃখ আর আঘাত জমে ছিল ওই এক ফোঁটা জলে!
– ছিঃ নির্ঝর! তুই এটা কী করলি?
নিজের চুলের মুঠো শক্ত করে চেপে ধরে বিড়বিড় করে উঠল সে। কৌতূহল তো স্বাভাবিক ছিল! তার কাছে সত্যিটা জানতে চাওয়া কি এত বড় অপরাধ ছিল? নাকি নির্ঝর নিজের ভেতরের দুর্বলতাটা ধরা পড়ে যাওয়ার ভয়েই এভাবে বি’ষাক্ত সা’পের মতো ফোঁস করে উঠল? নির্ঝর পায়চারী করতে শুরু করলো।
সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যাচ্ছে এদিকে ঊষসীর একবারও দেখা মিলেনি। আর ঊষসীর সাথে এক পলক দেখা না হওয়া কেমন অস্থির করে তুলছে নির্ঝরকে। সে তো চেয়েছিল সবাইকে দূরে সরিয়ে রাখতে, নিজের কঠিন খোলসে নিজেকে বন্দী করে রাখতে। কিন্তু এই মিষ্টি, অবাধ্য মেয়েটা যে কখন অলক্ষে তার বি’ষণ্ণ জীবনে একটু একটু করে আলো ছড়াতে শুরু করেছে, তা সে নিজেও টের পায়নি বোধহয়!
রাত ন’টার দিকে নির্ঝর গেল ঊষার রুমের সামনে। দরজায় নক করে নরম সুরে ডাকলো,
– উ… ঊষসী? খাবে না?
একটু পর রুমের ভেতর থেকে শব্দ এলো,
– আমি টেবিলে খাবার গরম করে বাটিতে ঢেকে রেখে এসেছি। আপনি খেয়ে নিন।
নির্ঝর ওর কণ্ঠ শুনে একটা ভারি শ্বাস ফেললো। মেয়েটা যথাসম্ভব শক্ত গলায় কথা বলার চেষ্টা করছে। সে আবার বলল,
– তুমি খাবে না?
– খিদে নেই।
– খেয়ে নাও শরীর খারাপ করবে…
– সেটা আপনার ভাবতে হবে না। আপনি নিজেরটা খেয়ে নিন।
ঊষসীর ত্যাড়া কথার কি জবাব দিবে বুঝতে পারছে না। কখনো কারও মন জুগিয়ে কথা বলতে না শেখা সেই নির্ঝর আজ কী করবে ভেবে পাচ্ছিল না। গলা ভিজিয়ে আবার বলল,
– একটু বাইরে আসবে? প্লিজ? একটা কথা ছিল…
ঊষসী কোনো উত্তর দিল না। কিন্তু কেন যেন নির্ঝরের ব্যাকুল ডাক তাকে আর বেশিক্ষণ শক্ত থাকতে দিল না। সে দীর্ঘশ্বাস ফেলে খাট থেকে নামল। ওড়নাটা গায়ে ভালোভাবে জড়িয়ে ধীর পায়ে গিয়ে দরজার সিটকিনিটা খুলল।
দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে থাকা দীর্ঘদেহী মানুষটার মুখোমুখি হলো সে। নির্ঝরের পরনে এখনো সেই ঢোলা টি-শার্ট আর ট্রাউজার, এলোমেলো চুল।
ঊষসী দরজার চৌকাঠে হাত রেখে একদম নির্লিপ্ত ও থমথমে মুখে দাঁড়াল। নির্ঝরের দিকে না তাকিয়ে অন্য দিকে চোখ রেখে বলল,
– বলুন।
নির্ঝর এক পলক ঊষসীর ফোলা, লাল হয়ে থাকা চোখ দুটোর দিকে তাকাল। মেয়েটা কেঁদেছে! আর এই কান্নার কারণ অন্য কেউ নয়, সে নিজে! কথাটা মনে হতেই নির্ঝরের গলাটা শুকিয়ে এলো। সে নিজের হাত দুটো টি-শার্টের পকেটে পুরে একটু অস্বস্তিতে এদিক-ওদিক তাকাল। সরাসরি 'স্যরি' শব্দটা লোকটার অহংকারী ঠোঁট গলে বের হতে যেন ভীষণ দ্বিধা করছিল, সে কখনোই নিজের শক্ত খোলস ছেড়ে কারও কাছে ক্ষমা চাইতে অভ্যস্ত নয়।
গলা খাঁকারি দিয়ে, বেশ আড়ষ্ট ও নিচু স্বরে নির্ঝর বলল,
– আসলে… আমি দুপুরে ওইভাবে কথাগুলো বলতে চাইনি। মানে… ওভাবে চেঁচানোটা ঠিক হয়নি।
ঊষসী মৃদু হেসে বলল,
– না না তা হবে কেন? আপনি তো ঠিকই বলেছেন নির্ঝর ভাই। আমার তো কোনো অধিকার নেই আপনার ব্যক্তিগত জীবন বা অতীত নিয়ে প্রশ্ন করার। আমি তো শুধু একজন আশ্রিতা যে পরিস্থিতিতে পড়ে আপনার এক ছাদের নিচে বাস করছে। কাল রাতে একটু সেবা করেছি বলে লাইসেন্স পেয়ে গেছি ভাবাটা আমারই বোকামি ছিল।
ঊষসীর মুখে ওই ‘আশ্রিতা’ শব্দটা শোনামাত্রই নির্ঝরের বুকটা যেন মোচড় দিয়ে উঠল। তীক্ষ্ণ কোনো যন্ত্রণা এক নিমেষে ছেয়ে ফেলল ওর ভেতরটা। নির্ঝর ব্যাকুল হয়ে এক পা এগিয়ে এলো। পকেট থেকে হাত দুটো বের করে অতি অস্বস্তি নিয়ে নিজের মাথার পেছনে হাত বুলাল। অস্থির হয়ে বলল,
– আশ্রিতা? তুমি নিজেকে আশ্রিতা ভাবছ? ঊষসী, অহেতুক এসব ভাবছো কেন বলো তো? আমি ওভাবে তোমাকে ছোট করার জন্য কিছু বলিনি! আর না তো আমি কখনো তোমাকে আশ্রিতা ভেবেছি!
– না বললেও…
নির্ঝর ওকে থামিয়ে দিয়ে আবার বলল,
– আমি ভুল করেছি, ঊষসী। খুব বড় ভুল করেছি। আমার ওভাবে রিয়্যাক্ট করা একদম উচিত হয়নি। কাল থেকে মেজাজটা ঠিক ছিল না, তার ওপর... তার ওপর ওই একটা বিষয় নিয়ে আমি একটু বেশিই রিয়্যাক্টিভ হয়ে পড়ি। তুমি তো জানো আমি কতটা কঠিন আর অগোছালো... চট করে মেজাজ সামলাতে পারি না।
ঊষা অবাক চোখে চেয়ে। কিছু বলার সুযোগ পেল না। নির্ঝর দৃষ্টি সোজা না রেখে সামান্য অন্যদিকে ফিরিয়ে, গলা খাঁকারি দিয়ে খুব নিচু স্বরে আবারও বিড়বিড় করল,
– স্যরি! মানে... দুপুরে ওভাবে বলাটার জন্য। আর কোনোদিন বলব না, প্রমিজ।
ঊষসীর বিষম খাওয়ার জোগাড়। 'স্যরি' শব্দটা খুব স্পষ্ট না হলেও নির্ঝরের ঠোঁট গলে বের হয়েছে! এটা বিশ্বাস করতেই যেন ঊষসীর কয়েক সেকেন্ড সময় লাগল! তার উপর এভাবে তাকে প্রাধান্য দেওয়া!
– মুখ বন্ধ করে কিছু বলো?
ঊষসীকে হা হয়ে থাকতে দেখে নির্ঝর বলল। ঊষসী নিজেকে সামলে নিয়ে গম্ভীর স্বরে বলল,
– ঠিক আছে। আমারও ভুল ছিলো আমিও আর বাড়াবাড়ি করবো না। নিজের লিমিটে থাকব।
নির্ঝর কপাল কুঁচকে তাকাল। এই মেয়েটা কি পাগল? এতো কষ্টে এত কিছু বলল আর ও কি বলছে? ঊষসী আবারো রুমে যেতে নিলে নির্ঝর তড়িঘড়ি করে বলল,
– এই এই! কই যাও?
– রুমে!
– কেন? যা জানতে চেয়েছিলে তা শুনবে না?
ঊষার কৌতূহল হলেও সে গম্ভীর হয়ে বলল,
– নাহ!
নির্ঝর চোখ বড় বড় করে বলল,
– না মানে? আমি বলবো ভেবেছি যখন তোমাকে শুনতে হবে!
– মানে কি! জোর করে শুনাবেন নাকি?
– হ্যাঁ! এত কিছু করে যখন বলতে চাইলাম তখন রিজেক্ট করলে আমি আর মেনে নিবো না!
– আ…
ঊষাকে কিছু বলতে সুযোগ না দিয়ে হাত ধরে টেনে নিয়ে গেল ড্রইং রুমে। পাশাপাশি গিয়ে বসলো নির্ঝর নিজেও। ঊষসী থমকে গিয়ে বড় বড় চোখে নির্ঝরের মুখের দিকে তাকিয়ে রইল। যে লোকটা একটু আগেও নিজের ব্যক্তিগত জীবন বা পরিবার নিয়ে একটা শব্দ উচ্চারণ করতে নারাজ ছিল, সে আজ নিজেই স্বেচ্ছায় সব বলতে চাইছে! বেশ কিছুক্ষণ চুপ থেকে বসে রইল। ঊষা বিরক্ত হয়ে বলল,
– শুধু শুধু বসিয়ে রেখেছেন কেন?
– বলছি তো ওয়েট! আমি যা বলবো চুপচাপ শুনবে বেশি কথা বলবে না।
মিনিট খানেক পর নির্ঝরও আবার বলল,
– আমার পরিবার… আমার পরিবার বলতে আসলে কেউই নেই। বাইরে থেকে হয়তো আমাকে দেখলে মনে হবে একটা সম্পন্ন, গোছানো পরিবার থেকে বিলং করি বাট আই হ্যাভ নো ফ্যামিলি!
ঊষা চমকে বলল,
– মানে?
– আমার মা বেঁচে নেই অনেক বছর হলো। আর না তো কোনো ভাই বোন।
– আপ… আপনার বাবা?
– জানি না আছে হয়তো কোনো এক কোণে কিংবা দুনিয়াতে আছে কিনা আমি জানি না!
ঊষসী থমকে গেল এই কথায়। নির্ঝরের কথায় স্পষ্ট তাচ্ছিল্য। নির্ঝর আবার বলল,
– আমার মায়ের স্বামী আমার জন্মদাতা ছিলেন ভীষণ প্রভাবশালী একজন মানুষ ছিলেন। আমার মায়ের ফ্যামিলিও ছিল ভীষণ ভালো স্ট্যাটাসে। ছোটবেলা থেকে আমরা একসাথেই ছিলাম যদিও আমার মনে নেই সেসব। যখন আমি স্কুলে যাই তখনের কিছু কথা মনে আছে। পরিবারের সেই ভাঙনটা আমি আমার চোখের সামনে ঘটতে দেখলাম। আমার মায়ের স্বামী আমার মাকে ছেড়ে কোথায় যেন চলে গিয়েছে কিন্তু কেউ জানে না কোথায় সে। আর তার ফ্যামিলিও কেন যেন আর মাকে আর আমাকে সহ্য করতে পারছিল না! যা নয় তা ব্যবহার করতো আমাদের সঙ্গে। একটা সময় অবশ্য খবর পেয়েছিলাম ওই লোক অন্য জায়গায় বিয়ে করেছে। ওই ফ্যামিলি পর্যন্ত আমার মাকে বলতো ওই লোক সেই বউকে নিয়ে আসলেই তারা খুশি। এতো অত্যাচার করতো যেটা বলার বাহিরে! আমার মা এত কিছু সহ্য করেও শুধু মাত্র পড়ে ছিলো সমাজ আর সম্মানের কথা চিন্তা করে আর ঠিক এই কারণেই আমি এই সমাজকে এতটা ঘৃণা করি!
ঊষসী বাকহীন হয়ে তাকিয়ে রইলো শুধু। নির্ঝর একটা ছোট্ট শ্বাস ছেড়ে আবার বলল,
– আমি যখন ক্লাস সিক্স কি সেভেনে পড়ি আমার মা আর না পেরে আমাকে নিয়ে তার বাপের বাড়ি চলে আসে। নানার বাড়ি এসে ভাবছিলাম হয়তো একটু শান্তি পাব। কিন্তু না...
নির্ঝর একটা তিক্ত হাসি হাসার চেষ্টা করে থমকে গেল,
– মামারা বা অন্যান্য আত্মীয়স্বজন, সবার কাছেই আমরা একটা বাড়তি বোঝা হয়ে গেলাম। বাবার সেই পালিয়ে যাওয়া আর সমাজের কথা শুনিয়ে নানার বাড়িতেও মা প্রতি মুহূর্তে তিলে তিলে মরতে শুরু করলেন। ঠিক এই ভয়গুলোর কারণেই মা এতবছর ওই বাড়িতে পড়ে ছিলো! মা শুধু আমার মুখের দিকে তাকিয়ে বেঁচে ছিলেন। কিন্তু আমি... আমি তখন ছোট একটা ছেলে না কিছু বুঝতাম আর না কিছু করতে পারতাম! শুধু আমার নানুমনির কারণেই মাকে এই বাড়ি থেকেও তাড়াতে পারে নি কেউ। তিনিই এক মাত্র সাপোর্টার ছিলেন।
চোয়ালের পেশিগুলো কেঁপে উঠল ওর। কাঁপা গলায় বলল,
– আমি যখন ক্লাস নাইনে উঠলাম... ঠিক সে সময়ই মা চলে গেলেন। চিরকালের মতো সব ছেড়ে চলে গেলেন আমাকে একা করে।
ঊষসী প্রস্তুত ছিলো না। এসব শুনে তার নিজেরই চোখ দিয়ে পানি ঝরছে নির্ঝর কিভাবে শক্ত আছে? নির্ঝরের হাত দুটো আপনাআপনি মুঠো পাকিয়ে শক্ত হয়ে গেল। শক্ত কণ্ঠে আবার বলল সে,
– আমার মা সহ্য করতে করতে ভেতর থেকে শেষ হয়ে গিয়েছিলেন। আর আমি আজও বিশ্বাস করি, আমার মায়ের এই তিলে তিলে মৃ’ত্যুর জন্য দায়ী ওই লোকটা, ওই লোকের ফ্যামিলি, আমার মায়ের নিজের ফ্যামিলি আর এই সমাজটা! যারা পদে পদে একজন অসহায় নারীকে কোণঠাসা করে মে’রে ফেলেছে।
#চলবে…?
(না মানে মান অভিমানী পর্ব হয়ে গেছে এট্টু বেশি🙂🤌🏻)