#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(২৪)
#তাবাসসুম_তাজ্বওয়ারী
– কিরে মামাহ! বউ পাইয়া তো আমাদের ভুইলা গেছস দেখতাছি!
ভার্সিটিতে আসতেই তানভীরের কথা শুনে ভ্রু কুঁচকে তাকালো নির্ঝর। হঠাৎ এমন কথার কারণ বুঝতে পারছে না।
– মানে কি?
– মানে হইলো বউয়ের সেবা যত্নে তুই এখন বউ পাগল হচ্ছিস।
– বাজে কথা বলবি না একদম! সোজা সুজি বল কি বলতে চাইছিস?
– তোর নাকি খুব জ্বর হয়েছিলো? তা আমাদের জানাস নি কেন?
নির্ঝর অবাক হলো কিছুটা। সে কপাল কুঁচকে বলল,
– তোর কিভাবে জানলি?
– এটাই তো বলছি অন্যের থেকে শুনলাম কেন আমরা? বউয়ের সেবা যত্নে বলতে ভুলে গেছিস বুঝি?
নির্ঝর দাঁত কটমট করে তাকালো তানভীরের পানে। পরে বলল,
– ঊষসী তোদের বলেছে?
তানভীর ফিক করে হেসে বলল,
– আরে না না ঊষসী তো আমাদের এই ‘ভাবি’ টাইপ পাঙ্খা কথা পা’চার করেই না! আসলে রেহনুমা থেকে শুনেছি ওর ভার্সিটিতে না আসার কারণ আরকি!
নির্ঝর মনে মনে বলল, "এই তাহলে ম্যাডামের ক্লাসে না আসার কারণ? অথচ আমাকে বলে বেড়ালো আমার ক্লাস ক্যানসেল হয়েছে!"
মিরাজ গলা খাঁকারী দিয়ে বলল,
– ঊষসী সিরিয়াসলি বেশ ওয়াইফ মেটেরিয়াল! নির্ঝরের জন্য এখনি ক্লাস মিস দিচ্ছে সামনে যে আরো কত কিছু করবে। আর এতো সেবা-শুশ্রূষার ঠেলায় আমাদের কথা তো এমনিতেও মনে থাকার কথা না নির্ঝরের!
নির্ঝর মুখে বিরক্তি ফুটিয়ে তুলে বলল,
– তোদের কি সত্যিই আর কোনো কথা নেই? শুধু আমাদের টেনে গসিপ করিস সময় পেলেই!
তানভীর টেনে টেনে বলল,
– আআ… মা… দে… র… ওহ আচ্ছা!
নির্ঝর এবার সত্যি সত্যি বিরক্ত হল। দাঁতে দাঁত চেপে বললো,
– তোর এই ফালতু বকবক বন্ধ না করলে আজ তোর এই ভার্সিটির চত্বরেই হাত-পা ভেঙে দেব, তানভীর!
মিরাজ সিরিয়াস হয়ে বলল,
– হয়েছে ওর কথা রাখ! তুই আগে বল জ্বর বাঁধালি কি করে?
নির্ঝর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল,
– বৃষ্টিতে ভিজেছিলাম জানিসই তো বেশি বৃষ্টিতে ভিজলে শরীরটা খারাপ করি।
হাবিব তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল,
– আর এটাও জানি তুই ইচ্ছে করেই বৃষ্টিতে ভিজেছিস।
– আরে না…
– আমাদের কথা কাটবি না নির্ঝর! আমরা কিন্তু জানি সেদিন তোর ওই মামাই তোকে ডেকে পাঠিয়েছিল।
নির্ঝর চোয়াল শক্ত করে চুপ করে রইল। হাতের মুঠো দুটো শক্ত হয়ে এলো ওর। বন্ধুদের তীক্ষ্ণ দৃষ্টি এড়িয়ে যাওয়ার কোনো পথ নেই জেনে সে চোখ দুটো এক মুহূর্তের জন্য বন্ধ করে ভারী একটা নিশ্বাস ফেললো। তারপর গম্ভীর স্বরে স্বীকার করল,
– হুম, ডেকেছিল।
তানভীর আর মিরাজের হাসিখুশি মুখটা মুহূর্তেই থমথমে হয়ে গেল। তানভীর এগিয়ে এসে নির্ঝরের কাঁধে হাত রেখে নিচু স্বরে শুধাল,
– আবার কিসের জন্য ডেকেছিল বল তো? সেই পুরোনো প্যাচাল?
– আবার কী? সম্পত্তির জন্য!
নির্ঝর আবার একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল,
– লোকটার লোভ দিন দিন আরও বিশ্রী রূপ নিচ্ছে। নানুমণি যে ফ্ল্যাটটা আর যেই জমিটুকু আমার নামে লিখে দিয়ে গেছেন, সেটার দলিল চাই তার।
মিরাজ রেগে গিয়ে বলল,
– লোকটা কি পাগল নাকি রে? তোর মায়ের মৃ’ত্যুর সময় তোদের একফোঁটা সাহায্য করেনি, উল্টে তোদের বাড়ি থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল! আর এখন নানু মা’রা যাওয়ার পর তোদের হক মা’রতে এসেছে?
– মায়ের মৃত্যুর পেছনেও তো এই লোকের কটু কথা আর অবহেলার হাত কম ছিল না! যে লোকটা নিজের বোনকে একফোঁটা শান্তি দেয়নি, সে এখন আমার কাছে এসে সম্পর্কের দোহাই দিচ্ছে। এতদিন বলতো , "তুই তো একা ছেলে, এত সম্পত্তি দিয়ে কী করবি? মামাদের দিয়ে দে!" সেদিন কি বলেছে জানিস?
– কি?
নির্ঝর বাঁকা হেসে বলল,
– আসল রূপ বেরিয়েছে। ঊষসীর সাথে আমার বিয়ের খবর পেয়েছে। আমি নাকি সম্পত্তি না দেওয়ার জন্য নিজের উত্তরাধিকার আনতে চাইছি আর সেই কারণেই লুকিয়ে বিয়ে করেছি।
নির্ঝরের কথাগুলো শোনার পর তানভীর আর মিরাজের চোখ কপালে উঠে গেল। হাবিব এক ধমক দিয়ে বলে উঠল,
– কী বলছিস এসব? ওই লোকটার মাথা কি একদম খারাপ হয়ে গেছে নাকি? একটা আস্ত জঘন্য মানসিকতার মানুষ হলে তবেই না এমন নোংরা একটা কথা ভাবতে পারে!
তানভীর রেগে গিয়ে ফুঁসে উঠল,
– বাড়াবাড়ির একটা সীমা থাকা দরকার! তোর নানুমণি নিজের স্বাধীন ইচ্ছায় তোকে সবকিছু দিয়ে গেছেন, সেখানে এই লোভী লোকটার চুল পরিমাণ হক নেই! তুই একটা কাজ কর নির্ঝর, সোজা পুলিশে খবর দে অথবা আইনগত ব্যবস্থা নে। এগুলোর সাথে আর নরমভাবে কথা বলার কোনো মানে হয় না!
– আইনি ঝামেলা বা পুলিশের চক্করে আমি যেতে চাই না।
– তাহলে কি করবি তুই?
নির্ঝর একটা দীর্ঘশ্বাস ফেলে ঠান্ডা গলায় বলল,
– ওই ধূলিবালি আর কাগজের টুকরো সম্পত্তির পেছনে আমার বিন্দুমাত্র মায়াদয়া নেই। ভাবছি সবকিছু ওই লোকটার মুখে ছুড়ে দিয়ে চিরকালের মতো এই ঝামেলা মিটিয়ে দেব। ওই সম্পত্তিগুলো দেখলেই আমার মায়ের তিলে তিলে শেষ হয়ে যাওয়ার চেহারাটা চোখের সামনে ভেসে ওঠে!
তানভীর ধমকে উঠলো ওকে,
– একদম না! তুই মাথা খারাপ করবি না নির্ঝর! ওই ফ্ল্যাট আর সম্পত্তি তোর নানুমণি অনেক কষ্টে তোর জন্য রেখে গেছেন যাতে তোকে কারো সামনে হাত পাততে না হয়। তুই কোনো দলিল ওই লোভী লোকটাকে দিবি না!
নির্ঝর নিজের মাথার চুলে হাত ঘষে অস্থিরভাবে বলল,
– কিন্তু এসব ঝামেলা সহ্য করা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না রে! ওসব কথা মনে পড়লেই আমার মাথা ঝিমঝিম করে, মেজাজ একদম বশে থাকে না। সেদিন বের হয়ে মাথা এত গরম হয়ে ছিল যে বাইক নিয়ে ওই মুষলধারার বৃষ্টির মধ্যেই এক জায়গায় ঘণ্টাখানেক দাঁড়িয়ে ছিলাম। বাড়িতে গেলে ঊষসীকে আবার কি নিয়ে রাগ দেখিয়ে ফেলবো এই ভেবে যায়নি। বৃষ্টিতে দাঁড়িয়ে ভাবছিলাম বৃষ্টি আমার ভেতরের এই জ্বালাটা কমিয়ে দেবে... কিন্তু উল্টে ধুম জ্বর বাঁধিয়ে বসলাম!
হাবিব যুক্তি দেখাতে চাইল,
– দেখ নির্ঝর, এখন তুই একা না তোর সাথে ঊষসী আছে। ওকে কি মাঝপথে ফেলে দিতে পারবি তুই?
তানভীর এবার নির্ঝরের মুখোমুখি দাঁড়িয়ে বেশ শক্ত কণ্ঠে বলল,
– তুই চাস বা না চাস, মেয়েটা এখন তোর সাথে একই ছাদের নিচে থাকে। স্বীকার কর বা না কর তুই ওকে ছেড়ে আসতে পারবি না! আর না তো আমরা চাই তোরা আলাদা হোস।
নির্ঝর ওদের থামিয়ে দিয়ে বলল,
– এখানে ওর কথা আসছে কেন?
– কারণ এখন যা ভাববি দুজনকে নিয়ে ভাবতে হবে!
– আমার কি কম আছে? আমি কি ওকে রাখতে পারবো না মনে করিস তোরা? হ্যাঁ হয়তো খুব বেশি হাইফাই বিলাসবহুল জীবন দিতে পারবো না বাট খুব খারাপ ও রাখবো না।
এই সিরিয়াস মোমেন্টেও তানভীর মুখ টিপে হাসল। মিরাজের ঠোঁটের কোণেও ফুটে উঠল প্রশান্তির ছায়া। এতদিন নির্ঝর যতই ঊষসীকে মানবে না মানবে না বলুক না কেন, নিজের অজান্তেই যে সে ঊষসীর দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছে এবং তাকে আগলে রাখার কথা ভাবছে তা আজ নিজের মুখেই স্বীকার করে ফেলল।
মিরাজ এগিয়ে এসে নির্ঝরের কাঁধে চাপড় দিয়ে বলল,
– এই তো! আসল কথাটা তো নিজের মুখেই বের হলো তোর! হ্যাঁ মানলাম তুই ভালো করেই জানিস, ঊষসী কোনো বিলাসবহুল জীবন চাইতে তোর কাছে আসেনি। মেয়েটা শুধু একটু নিরাপত্তা আর সম্মান চায়। আর তুইও ওকে সেইটুকু দিতে পারবি কিন্তু তবুও তোর নানুর দিয়ে যাওয়া সম্পত্তি খারাপ একটা লোকের হাতে দেওয়া ঠিক হবে বলে আমার মনে হয় না!
মিরাজের কথায় তানভীর সম্মতি জানিয়ে মাথা নাড়ল।
– ঠিক বলেছে মিরাজ! সম্পত্তি তো কেবল কাগজের টুকরো বা চার দেওয়ালের ফ্ল্যাট নয় রে, ওটা তোর নানুমণির বুকভরা ভালোবাসার শেষ স্মৃতিচিহ্ন।
নির্ঝর কোনো কথা বলল না। সে মাথা নিচু করে একদৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে রইল। চোখের সামনে ভেসে উঠছে নানুমণির সেই বয়স্ক, মায়াবী মুখটা যিনি মৃ’ত্যুর আগে নিজের সমস্ত কষ্ট বুকে চেপে এই নাতিটার ভবিষ্যতের কথা ভেবেই সবকিছু গুছিয়ে রেখে গিয়েছিলেন। সেই স্মৃতিকে ওই নোংরা লোভী মানুষটার হাতে তুলে দেওয়া মানে নানুমণিকে কষ্ট দেওয়া! একটু পরে উঠে দাঁড়িয়ে বলল,
– আচ্ছা ভেবে দেখবো এবার চল।
বাকিরা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়াল। এই ছেলেটা যে কিছুই বলবে না বা কিছু না ভেবে তালে তাল মিলাবে না সেটা ওরা খুব ভালো করেই জানে!
.
ক্লাসে বসে ঊষসী ছটফট করছে। নির্ঝরের জ্বর আছে কি না কে জানে! কাল রাতেও জ্বর ছিলো আজ তো চেক করতেই দেয় নি লোকটা। দুটো ক্লাস শেষের পথে তার কিন্তু এখন নিয়ে বিশবার ফোন ধরেছে মেসেজ দিবে কি না ভেবে ভেবে। না! এবার একটা মেসেজ দিতেই হবে। খোঁজই তো নিবে প্রেম তো আর করতে আসবে না! ক্লাস শেষ হতেই সে ফোন হাতে নিয়ে নির্ঝরের নাম্বার বের করে ওয়াটসঅ্যাপে টেক্সট করলো,
– জ্বর এসেছিলো আর?
শুধু তিনটে শব্দ পাঠিয়ে সে ফোন রেখে দিয়েছে। কোনো উত্তর আসেনি এখনো এদিকে আবার ক্লাস শুরু হলো। সে ফোনটা পাশে রেখে ক্লাসে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো কিন্তু চোখ বারবার ওদিকেই চলে যাচ্ছে। নিজের উপর বিরক্ত হয়ে মনে মনে বিড়বিড় করে বললো,
– ধুর কি যে হয়েছে আমার! এমন করছি কেন আজব!
নিজের মনে মনে একশোবার বিরক্তি প্রকাশ করেও ফোনের স্ক্রিনের ওপর থেকে চোখ সরাতে পারছে না ঊষসী। লেকচারারের গলার আওয়াজ কান দিয়ে ঢুকলেও ব্রেইনে যেন কিচ্ছু ঢুকছে না। বোর্ডের দিকে তাকিয়ে বিড়বিড় করে মনে মনে বলছে,
– লোকটা এত কাঠখোট্টা কেন বল তো? একটা মেসেজের সিন-রিপ্লাই দেওয়ার ফুসরতটুকুও নেই!
ঠিক তখনই টেবিলের ওপর রাখা ফোনটা সাইলেন্ট থাকলেও আলো জ্বলে মৃদু কেঁপে উঠল! ঊষসীর হৃৎপিণ্ডটা যেন এক সেকেন্ডের জন্য লাফিয়ে গলা পর্যন্ত উঠে এলো। সে এক লাফে ফোনটা হাতে তুলতেই দেখল, হোয়াটসঅ্যাপে নির্ঝরের একটা ছোট্ট মেসেজ ভেসে উঠেছে,
– জ্বর আসেনি। ম’রিনিও এখনও। ক্লাস করো ঠিকমতো।
– আস্ত একটা বেয়াদব মানুষ! কে মরতে বলেছে নাকি? আমি তো জাস্ট নরমালি...
ঊষসী দাঁতে দাঁত চেপে মনে মনে ফুঁসে উঠল, এমন ভাব করবে যেন ও ভালো করে কথা বলায় শিখে নি! একটু সুন্দর করে দুটো কথা বললে কি জিভ খসে পড়তো লোকটার?
ক্লাস শেষে বেরিয়ে এসে রেহনুমাদের সাথে হেঁটে বাংলা ডিপার্টমেন্টের দিকে যাচ্ছিল সে। হঠাৎ মাঝপথে চোখ আটকে গেল। পা দুটো যেন আপনা থেকেই থমকে গেল মাটিতে।
সামনে কদম গাছের ছায়ায় দাঁড়িয়ে আছে নির্ঝর। পরনে কালচে নীল শার্ট, হাতা দুটো কনুই পর্যন্ত গোটানো। কিন্তু সমস্যা নির্ঝরকে নিয়ে নয়, সমস্যা নির্ঝরের ঠিক মুখোমুখি দাঁড়িয়ে থাকা মেয়েটাকে নিয়ে! মেয়েটাকে সে চিনে, মেয়েটা ইংরেজী সাহিত্যের থার্ড ইয়ারের। নাম সম্ভবত সুহানা নাকি সুহানি। দেখতে বেশ সুন্দরী, মিষ্টি চেহারা, আর ক্যাম্পাসে একটু বেশিই চঞ্চল বলে পরিচিত। সুহানি বেশ ঝুঁকে, চোখ বড় বড় করে হেসে হেসে নির্ঝরের সাথে কথা বলছে, উহু শুধু নির্ঝর নয় ওর পুরো ফ্রেন্ড সার্কেলই আছে সেখানে কিন্তু ঊষসী শুধু ওকেই দেখলো। মেয়েটা কথা বলার মাঝে মাঝে নিজের ওড়নার আঁচল ঠিক করার বাহানায় আঙুল ছু্ঁয়ে যাচ্ছে নির্ঝরের শার্টের হাতায়। আর সবচেয়ে বড় ধাক্কা, যে লোকটা সারাটা দিন ক্ষ্যাপা ষাঁড়ের মতো মুখ হাড়িপানা করে ঘুরে বেড়ায়, কারো সাথে যেচে দু'টো কথাও বলে না, সেই নির্ঝর সুহানির কথার জবাবে হালকা করে ঠোঁট বাঁকিয়ে হাসল! দৃশ্যটা দেখা মাত্রই ঊষসীর মেজাজ হলো এমন যেন যেন এক বালতি ফুটন্ত তেলে কেরোসিন ঢেলে দেওয়া হলো! সকাল থেকে যার জ্বরের চিন্তায় ঊষসীর চিন্তা হচ্ছিল ক্লাস করতে পারছিলো না সে এখন এখানে অন্য একটা মেয়ের সামনে দাঁড়িয়ে এমন স্মিত হাসি বিলাচ্ছে! এইজন্যই তাকে রিপ্লাই করতে পারছিলো না বুঝি!
ঊষসী নিজের অজান্তেই দাঁতে দাঁত চেপে হাতের মুঠো দুটো শক্ত করে ফেলল। গাল দুটো রাগে লাল হয়ে উঠল ওর যেন ধোয়া বের হবে এবার! পাশে দাঁড়িয়ে থাকা রেহনুমা ঊষসীর থমকে যাওয়া দেখে নজর অনুসরণ করে সামনে তাকাল। তারপর এক গাল হেসে ঊষসীর কনুইয়ে একটা আলতো ধাক্কা দিয়ে বলল,
– অরে বাবারে! আমাদের কড়া দুলাভাই মানে নির্ঝর ভাইয়ের সুহানির সাথে কিসের এত ফুসুরফুসুর গল্প রে? নির্ঝর ভাইয়াকে তো সুহানির সামনে বেশ খোশমেজাজে দেখা যাচ্ছে! তুই আবার জেলাস হচ্ছিস নাকি রে ঊষা?
ঊষসী এক ঝটকায় চোখ ফিরিয়ে নিল। গলায় তড়িঘড়ি করে কৃত্রিম অবহেলা ফুটিয়ে কাঠখোট্টা সুরে বলল,
– ধুর! আমার বয়েই গেছে জেলাস হতে! ওই কাঠের পুতুল যার সাথে ইচ্ছা দাঁত কেলিয়ে হাসুক, আমার তাতে কী? আমি শুধু ভাবছি মানুষের কতগুলো রূপ থাকে! কারো কাছে এলে বি’ষ ঢালে আর রাগ ঝাড়ে আর অন্যদের দেখলে একদম গলে পানি হয়ে যায় তাদের কাছে মধু ঝড়ে ঝড়ে পড়ে কি না!
কথাটা বলেই ঊষসী আর এক সেকেন্ডও দাঁড়াল না। পা দুটো শক্ত করে ফেলে হনহন করে হাঁটা লাগাল উল্টো দিকে। কোথাও যাওয়ার মন নেই আর কেন যেন। কিন্তু ভেতরের দাউদাউ করে জ্ব’লে ওঠা হিংসার আগুনটা কিছুতেই আর নিভতে চাইছে না!
এদিকে ঊষসীকে নির্ঝর দেখেছিল। বাকিরা কথা বলছে দেখে দাঁড়িয়ে ছিলো। কথা শেষ করেই ওদের এদিকে আসতো কিন্তু হঠাৎ এভাবে হনহন করে হেঁটে গেল কেন বুঝতে পারছে না! সে তো ভেবেছিল সকাল সকাল না খেয়ে বেরিয়েছে দেখে দেখা হলে ওকে বলবে খেয়ে নিতে এটা অবশ্য তানভীরদের কথা। ওরাই রেহনুমাকে দিয়ে ঊষসীকে এদিকে আনতে বলেছে কিন্তু এই সুহানি যে কোনদিক থেকে চলে এলো ওরাও বুঝতে পারছে না আবার ঊষসীও এভাবে চলে গেল কেন? ওকে থামাতে তো রেহনুমাও ছুটল পিছু পিছু কিন্তু ঊষসীর থামার নাম নেই।
হাবিব ফিসফিস করে বলল,
– কি ব্যাপার? ঊষসী এভাবে চলে গেল কেন? প্ল্যান করার আগে প্ল্যান ফ্লপই হয়ে যাবে নাকি?
বাকিদের দৃষ্টি এমন যেন বলছে "আমাদেরও একই প্রশ্ন" নির্ঝর তৎক্ষণাৎ মাথা ঘুরিয়ে ডিপার্টমেন্টের করিডোরের দিকে তাকাল। সে দেখল, ঊষসী ঝড়ের বেগে হনহন করে ক্লাসে দিকে হেঁটে চলে যাচ্ছে। অথচ ক্লাসের আরো এক ঘণ্টা বাকি। মেয়েটার মুখের এক্সপ্রেশন দূর থেকেই স্পষ্ট চোখমুখ কুঁচকে আছে, আর চলার ভঙ্গিতে পরিষ্কার জিদ আর ক্ষোভ ফুটে উঠছে! নির্ঝরের কপালে মুহূর্তেই ভাঁজ পড়ে গেল। সকালে যে মেয়েটা জ্বর নিয়ে এত দুশ্চিন্তা করল সে তাকে দেখেও কিছু বললো না কেন? মিরাজরা আছে তাই? এদিকে সে নাস্তা না করায় ওর জন্য নিজে খাবার নিয়ে এসেছে বন্ধুদের জোরাজুড়িতে। কিন্তু মেয়েটা তো হঠাৎ ফায়ার হয়ে চলে গেল!
#চলবে…?