#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(২৬)
#তাবাসসুম_তাজ্বওয়ারী
ভার্সিটি থেকে বাসায় এসে ঊষসী রান্নাবান্না করলো। কেন যেন নির্ঝরের কথাগুলো মাথা থেকে যাচ্ছে না! বরং ওগুলো মনে পড়লেই গাল দুটোতে রক্তিম আভা ছড়িয়ে পড়ছে! খুন্তি নাড়তে নাড়তেই সে নিজের মাথায় আলতো করে এক কিল বসিয়ে বিড়বিড় করে উঠল,
– ধুর! আমি কেন এত ভাবছি ওই খিটখিটে ইটের টুকরোটাকে নিয়ে? খামোখা মাথা খারাপ করার কোনো মানে হয় না! আমার ব্যবহার আমার কাছেই তো অদ্ভুত লাগছে!
রান্নাবান্না শেষ করে গোসল সেড়ে নিয়েছিল আগেই। নির্ঝর এসেছে সন্ধ্যা পেরিয়ে যাওয়ার পর। সেই থেকে দরজায় দোর দিয়ে বসে আছে ঊষসী। জোর করে বই খুলে বসে পড়ল সে। সামনে নির্ঝর মুখোমুখি হলে আবার না জানি কী আজেবাজে রসিকতা করে বসে! তাই ভালো মেয়ের মতো ঘরের ভেতর সেঁটে থাকাই শ্রেয়।
এদিকে ঊষসীর জন্য অপেক্ষা করে ঘণ্টা পেরোনোর পরও ঊষসীর দেখা মিললো না দেখে ঊষসীর রুমের সামনে এসে দাঁড়াল নির্ঝর। হাতে একটা মাঝারি সাইজের বক্স। সে দরজায় নক করে গম্ভীর স্বরে ডাকলো,
– ঊষসী! দরজা খোলো।
ঊষসী চমকে তাকালো। হঠাৎ ডাকছে কেন তাকে? ঊষসী চট করে উঠে গিয়ে দরজার পাশে দাঁড়াল। কিন্তু দরজা না খুলে উঁকি মে’রে জিজ্ঞেস করল,
– কী দরকার? এতো রাতে ডাকাডাকি কেন?
– রাত আটটা বাজে, এটাকে অত রাত বলে না! দরজা খোলো আর বাইরে আসো।
ঊষসী আনমনে ঠোঁট কামড়ে আস্তে করে ছিটকিনিটা টেনে দরজাটা ফাঁক করল। সামনে দাঁড়িয়ে আছে নির্ঝর, পরনে একটা টিশার্ট চুল থেকে টপটপ করে পানি পড়ছে। এক্ষুনি শাওয়ার সেরেছে বুঝা যাচ্ছে। নির্ঝর ওর দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে বলল,
– সন্ধ্যা থেকে দরজা লাগিয়ে বসে আছো কেন? সেই কখন থেকে ওয়েট করছি বাইরে আসার নাম নেই!
– পড়তে বসেছিলাম।
নির্ঝর একবার রুমের ভেতর চোখ ঘুরিয়ে বলল,
– আজকে এমন কি পড়ে উল্টে ফেলছো যে দরজা লাগিয়ে পড়তে হচ্ছে? কি এমন স্পেশাল ক্লাস?
নির্ঝরের খোঁচা শুনে ঊষসী কোমড়ে হাত দিয়ে বলল,
– কি বললেন আপনি? স্পেশাল ক্লাস মানে কি বুঝিয়েছেন হ্যাঁ?
– না তোমার যা পড়ালেখা এভাবে তো পড়ো না তাই আজকে একটু অস্বাভাবিক লাগছে আরকি!
ঊষসীও কম না, জায়গামতো খোঁচা দিতে ভুলে না সে! রসিয়ে রসিয়ে বলল,
– সে তো আমিও আপনাকে কারো সাথে হেসে হেসে কথা বলতে দেখিনা… আজ দেখলাম আর কি সুহানি আপুর সাথে!
নির্ঝরের মুখ তেঁতো হয়ে এলো। মুখ কুঁচকে ভাবলো এই মেয়েটা যে কি চিজ! সে অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নেড়ে হাতের বক্সটা এগিয়ে দিলো ওর দিকে। ঊষসী একবার বক্সার দিকে তাকিয়ে নির্ঝরের মুখের দিকে এক পলক চেয়ে কপাল কুঁচকে বলল,
– এটা কী? আমাকে দিচ্ছেন কেন?
– খুলেই দেখো কি আছে।
নির্ঝর ওর হাতে বক্স ধরিয়ে নিজের রুমে চলে গেল। ঊষসী বক্সটা নিয়ে ভেতরে এসে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে ভাবলো বক্সটা চেনা চেনা লাগছে কি আছে দেখি! বক্স খুলতেই দেখলো তিলের পুলি পিঠা! সে তো খুশিতে পারে না লাফিয়ে উঠতে! সে বিড়বিড় করে নিজেকেই বলল,
– এটা কি আম্মুর বানানো? কিন্তু উনি তো সেদিন সাফ সাফ জানিয়ে দিয়েছিল ওনার নাকি সময় নেই! তাহলে আজ…?
সে উঠে রুম থেকে বেরিয়ে দেখলো নির্ঝর ড্রইং রুমে বসে ফোন স্ক্রল করছে। সে হেসে শুধাল,
– আপনি আমাদের বাড়ি গিয়েছিলেন?
নির্ঝর ফোন থেকে চোখ সরিয়ে ভ্রু কুঁচকে বলল,
– তোমাদের বাড়ি কেন যাবো?
– তাহলে তিলের পুলি পিঠা…?
নির্ঝর আবারও ফোনের দিকে তাকিয়ে নির্বিকার গলায় বলল,
– ওহ ওদিকে একটা কাজে গিয়েছিলাম তখন ইশরাক ভাইকে বললাম আমি ওখানে আছি যেন দিয়ে যায়। বাকিটা আমি নিয়ে এলাম।
ঊষসী মৃদু হাসলো। লোকটা মুখে যত বড় ত্যাড়া হোক না কেন ভেতরের মানুষটা যে এতখানি যত্নশীল, সেটা ভেবেই ঊষসীর বুকের ভেতরটা কেমন যেন দুলে উঠল। গালে রক্তিম আভা ছড়িয়ে পড়ল। পর পর সে মনে মনে নিজেকেই ধমক দিয়ে বলল, "এত কেন ভাবিস তুই এই মানুষটাকে নিয়ে, ঊষা? মাথাটা পুরো গেছে!"
ওকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নির্ঝর সন্ধিহান কণ্ঠে আবার বলল,
– এভাবে দাঁড়িয়ে আছো কেন? এই তুমি কি পিঠাটা শান্তিমতো খেয়ে চাও নাকি সকালের কাসুন্দির মতো এই পিঠার ভেতরের তিল গুনে গুনেও আবার নতুন করে জেরা শুরু করবে? সকালে স্যান্ডউইচ গেলাতে যা ড্রামা করেছ, রাতে আর সেই ধৈর্য বা এনার্জি কোনোটাই আমার নেই!
ঊষসী চোখ বড় বড় করে তাকিয়ে লজ্জা পেল। সকালের ঘটনা যেন না ঘাটায় সেজন্যই তো দরজা বন্ধ করে বসে ছিলো কিন্তু সে হতাশ! সেই ঘুরে ফিরে অপ্রস্তুত করে দিলো ওকে! বিড়বিড় করে বলল, "অসভ্য একটা মানুষ! কথায় কথায় সোজা পথে না হেঁটে বাঁকা পথ ধরা অভ্যাস! আমার বয়েই গেছে পিঠার তিল গুনতে!" বলতে বলতে দ্রুত ওখান থেকে কেটে পড়লো। কখন আবার কি বলে ওকে অস্বস্তিতে ফেলবে!
.
রাতে পড়তে বসেছিল রেহনুমা। হঠাৎ রেহনুমার ফোনে অচেনা নাম্বার থেকে একটা কল এলো। সে কপাল কুঁচকে ফোনটা রিসিভ করে কানে তুলতেই ওপাশ থেকে তানভীরের অতি-পরিচিত, নাটকে কণ্ঠস্বর ভেসে এলো,
– হ্যালো, মাই ডিয়ার রেহনুমা ম্যাডাম! কেমন আছেন?
রেহনুমা কপালে ভাঁজ ফেলে বলল,
– তানভীর ভাই! আপনি? আবার এটা কার নাম্বার?
– কার আবার? আমার! নতুন সিম। আজকেই নিয়েছি ভাবছিলাম কাকে কল দিবো তাই ফার্স্ট কলটা তোমাকেই দিলাম ডিয়ার!
তানভীরের নাটকগুলো অতোটা বিরক্ত না লাগলেও রেহনুমা কণ্ঠে বিরক্তি ঢেলে বলল,
– আমারে ডিয়ার ডিয়ার ডাকবেন না তো একদম! একটা সিম দিয়ে হচ্ছিলো না? আরেকটা নিয়ে এসেছেন!
– একদমই হচ্ছিলো না বিশ্বাস করো!
– ফালতু কথা বন্ধ করে বলুন, কেন ফোন করেছেন? আমার পড়া আছে।
– তুমি পড়ছো? আজ তোমার সাথে দেখা হয় নি তাই আমি পড়াতেও মনোযোগ দিতে পারছি না আমি…
রেহনুমা ওকে থামিয়ে দিয়ে বলল,
– হয়েছে রাখুন আপনার এসব ঢঙ! সারাদিন খালি প্যাঁচাল পাড়েন, পড়ার নামগন্ধ নেই।
তানভীর হতাশার সুরে বললো,
– দুনিয়াটা কত নিষ্ঠুর! ওইদিকে নির্ঝরের মতো আস্ত একটা জলজ্যান্ত কাঠখোট্টা, রোবট মার্কা লোক কিছু না করেও বউকে গলিয়ে একদম আইসক্রিম বানিয়ে ফেললো! আর আমি এত দরদ, এত শায়রি ঢেলে দিচ্ছি... তবুও ম্যাডামের মন গলছে না! ভাগ্য রে ভাই!
রেহনুমা ফোনটা কান থেকে এক ইঞ্চি দূরে সরিয়ে আবার কানে এনে বলল,
– তো? সেটা নিয়ে আপনার এত মাথাব্যথা কেন বলুন তো? উনি আড়ালে হোক বা সামনে অন্তত নিজের বউয়ের কদর আর কেয়ার করতে জানেন!
তানভীর এবার বুক চিরে একটা দীর্ঘশ্বাস ছাড়ার নাটক করে বলল,
– আমি জানি না? নির্ঝরের মতো কঠিন লোক যদি বউয়ের তোপে গলে পানি হয়ে যেতে পারে তবে আমার মতো একজন খাঁটি, নিভে যাওয়া প্রেমিককে একটু সুযোগ দিলে কী এমন ক্ষতি হবে? আমি তো সারাদিন তোমার পেছনে ছায়ার মতো ঘুরছি, তাও তোমার মন একটুও গলে না! তবুও তুমি বলো আমি কদর করতে জানি না?
রেহনুমা অতিষ্ঠ গলায় বলে উঠল,
– ফালতু বকবক বন্ধ করবেন তানভীর ভাই? নির্ঝর ভাইয়ার সাথে নিজের তুলনা করতে আসবেন না তো! উনি কাজের কাজটা ঠিকই করেন আর আপনি শুধু সারাদিন ফোনে আর করিডোরে ঘ্যানঘ্যান করেন!
তানভীর হেসে ফেললো ওর কথা শুনে। কণ্ঠে দুষ্টুমি আর রসিকতা মিশিয়ে বলল,
– আরে! তার মানে তুমি বলতে চাইছো… কাজের কাজ মানে কি বুঝিয়েছো?
কি বলেছে বুঝতে পেরে রেহনুমা চোখ বড় বড় করে ফেলল। সাফাই গাইতে গেলে তানভীর ফোনের ওপাশ থেকে এক প্রকার চিল্লিয়ে উঠল,
– তুমি শুধু একবার "হ্যাঁ" বলে দেখো, কাল সকালেই কাজী ডেকে তোমাকে বিয়ে করে ফেলব! নির্ঝর তো দুমাস সময় নিয়েছে বউকে মেনে নিয়ে মন গলাতে কিন্তু আমার দুদিনও সময় লাগবে না, তখন বুঝবে আমি কতটা কাজের লোক!
রেহনুমা পাথরের মতো জমে গেল। এইসব আলাপ করা তার ব্যক্তিত্বের সাথে যায় না! কোনোভাবেই না! সে উঁচু স্বরে বলে উঠলো,
– তানভীর ভাই! আপনার মাথা কি একদম আউলে গেছে? মুখে যা আসছে তাই বকছেন!
– মাথা ঠিকই আছে। যা বলছি সজ্ঞানে বলছি!
– বাড়াবাড়ি করবেন না! আপনার নাম্বার কিন্তু ব্লক করে দিবো আমি!
তানভীর বাঁকা হেসে বলল,
– তুমি ব্লক করলে আমি কি করতে পারি তুমি ভালো করেই জানো! করতে চাইলে করতে পারো অনেকদিন গেঞ্জাম করা হয় না। মানুষ যা জানে না তা-ও জানিয়ে দেওয়া যাবে।
রেহনুমা একটা দীর্ঘশ্বাস ছাড়লো। এই ছেলেটা যে কেমন নাছোড়বান্দা তার দেখা হয়ে গেছে! একবার ব্লক করেছিল শুরুর দিকে তখন হলের নিচে এসে হাজির হয়েছিল! বন্ধুদের নাম্বার থেকে হুমকি দিয়েছিলো এবার গলা ফাটিয়ে নাম ধরে ডাকবে আর যা যা বলবে তাতে সবাই বুঝে নিবে রেহনুমা আর তানভীর কি! সত্যিই হাজির হয়েছিল শুধু গলা ফাটিয়ে ডাকা বাকি ছিলো। শেষমেশ রেহনুমা ব্লক খুলতেই সে ফিরে গেছে। যদিও সে জানে ছেলেটা এমন কিছু করবে না কিন্তু পাগ’লের তাল উঠলে কি করে ঠিক নেই তাই তাকে বেশি ঘাটায়নি! সে হার মানার সুরে বলল,
– আপনার কি একটুও ক্লান্তি আসে না আমাকে জ্বালাতে? এতবার ফিরিয়ে দিই তবুও ইচ্ছে হয় না ছেড়ে দিই এই মেয়েটার পিছু?
ফোনের ওপাশ থেকে তানভীর একটু হাসলো। মিষ্টি করে বলল,
– অফকোর্স নট! কজ আমি মনে করি, কদম গাছে যেমন বর্ষায় ফুল ফোটে তেমনই আমার প্রেমেও একদিন বৃষ্টি নামবেই! চলো আজ আর ডিস্টার্ব করব না, মন দিয়ে পড়ালেখা করো। রাখছি!
টুট টুট করে কলটা কেটে গেল। রেহনুমা ফোনের দিকে তাকিয়ে রইলো। কিসব বলে গেল ছেলেটা। অবশ্য এসব সবসময়ই বলে সে! ছেলেটা খারাপ নয় কিন্তু এসব তার ফ্যামিলি মেনে নিবে না আর না তো সে এমন কিছু চায়! তানভীরের চঞ্চলতা, ফাজলামো আর তার প্রতি এই নাছোড়বান্দা অধিকারবোধটুকুর মাঝে যে কোনো খাদ নেই, তা সে মনে মনে খুব ভালো করেই জানে। কিন্তু বাস্তবতার হিসাব তো আর গল্প উপন্যাসের মতো সহজ হয় না! তার পরিবার যথেষ্ট রক্ষণশীল; প্রেম ভালোবাসা তো দূরের কথা, তানভীরের মতো এমন নাটুকে ও উড়াধুড়া স্বভাবের ছেলেকে মেনে নেওয়া তাদের পক্ষে প্রায় অসম্ভব। তাই তো শত আবেগ সামলে সে নিজেকে সবসময় গুটিয়ে রাখতে বাধ্য হয়। তানভীর যে ওকে প্রতিদিন ফোন করে বা দেখা করে এমনটা নয়। সে জানে রেহনুমা এসব পছন্দ করে না। বেশি খুশি থাকলে কিংবা বেশি মন খারাপ থাকলে সে ফোন দেয়। তখন সে নিজেকে একটু সামলে নিয়ে একটা ফোন কল বা দুটো মজার কথায়ই ক্ষান্ত থাকে। সীমানা পেরিয়ে চেপে বসার স্বভাব তানভীরের কখনোই ছিল না। সে খুব ভালো করেই জানে রেহনুমার সাথে তার সীমারেখা কোথায় আর ঠিক কতটুকু এগোলে মেয়েটা অস্বস্তিতে পড়বে।
রেহনুমা ফোনটা পড়ার টেবিলে রেখে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। মনের এক কোণে চেপে রাখা অনুভূতির মেঘগুলোকে দূরে ঠেলে দিয়ে সে বিড়বিড় করে নিজেকেই বলল,
– ছেলেটা খারাপ নয়, সত্যিই খারাপ নয়। কিন্তু মাঝখানের বাস্তবতার শক্ত দেয়ালটা কীভাবে পার হবে সে? না পারবে ভেঙে ফেলতে, না পারবে মেনে নিতে... খামোখা আমার পিছু পড়ে নিজের আর আমার সময় নষ্ট করছে ছেলেটা! কপালে যা নেই, তা নিয়ে এত বাড়াবাড়ি করার কী মানে?
#চলবে…?
(একে তো কারেন্টের ডিস্টার্ব তার উপর ফোন নিয়ে বসে থাকার জন্য বকা খেতে খেতে কোনোরকম এই পর্ব লিখলাম🤧 যাইহোক, আজ চেষ্টা করেছি দুই জোড়াকে রাখার🫣)