#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(২৭)
#তাবাসসুম_তাজ্বওয়ারী
সকালের বাতাসে এখন এক চিলতে হিমেল ছোঁয়া। কদম গুচ্ছ ঝরে পড়ার দিন পেরিয়ে রূপসী প্রকৃতির বুকে এখন শীতের স্নিগ্ধ আগমনী বার্তা। ভোরের আলো ফোটার আগেই চারপাশ থমথমে কুয়াশার পাতলা চাদরে ঢেকে থাকে। ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দুগুলো যেন ভোরের রোদে মুক্তোর মতো চকচক করে ওঠে। ঋতু পরিবর্তনের এই মিষ্টি সময়ে ঊষসীর দিনগুলোও যেন কেমন অলস কাটে। দেখতে দেখতে ওদের বিয়ের দুটো মাস পেরিয়ে গেছে। এখন ওদের সম্পর্ক অনেকটা ভালো। অথচ প্রথমদিকের সেই তিক্ততা আর ঝগড়ার কথা ভাবলে এখন তার নিজেরই হাসি পায়। সম্পর্কের বরফ যে গলেছে তা আর অস্বীকার করার উপায় নেই। এখন আর আগের মতো হুটহাট খিটখিট নেই বরং তার জায়গায় এসে জুটেছে এক অলিখিত অধিকারবোধ আর যত্ন। নির্ঝর মুখে কিছু না বললেও ঊষসী ভালো করেই বোঝে ওর জন্য নির্ঝর অনেক কিছুই করে কিন্তু সেসব চোখে পড়ে না! আবার সে একটু অসুস্থ বোধ করলে গম্ভীর মুখে ডাক্তারি তোড়জোড় শুরু করে। আবার ঊষসী নিজেও কি কম? নির্ঝর রাতে ফিরতে দেরি করলে নিজেও না খেয়ে খাবারের থালা ঢেকে রেখে দরজার শব্দ শোনার জন্য অস্থির হয়ে থাকে সে। দুজন দুজনকে যেন চোখে হারায়! কিন্তু মুখের ওপর ভালোবাসার কথা স্বীকার করবে? উফ, কখনো না! দুজনই সমান জেদি আর ত্যাড়া!
আজকে কোনো ক্লাস না থাকায় ঊষসী বাড়িতে একা বসে রইলো। রহিমা আন্টিও এখন আসেন না। ঊষসী নিজেই বারণ করেছে। সে আছে সব কাজ সে-ই পারবে। নির্ঝর সকালেই ভার্সিটি চলে গেছে। ইদানিং খুব চাপ যাচ্ছে ছেলেটার। রাত জেগে জেগে প্রজেক্ট কমপ্লিট করে, দিনে ভার্সিটি আর দুপুরে কোথায় যায় সেটা সে জানে না। ভার্সিটি শেষ করে কোনোদিন বাসায় ফিরতে দেখেছে কি না মনে নেই!
বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা ছুঁইছুঁই, তখনই দরজায় চাবির শব্দ হলো। ঊষসী চমকে উঠে দরজার দিকে পা বাড়াল। দরজা খুলে ঢুকলো নির্ঝর। গায়ে তার কালো রঙের জ্যাকেট। মুখে ক্লান্তির স্পষ্ট ছাপ থাকলেও ঊষসীকে দেখেই সে নিজের গাম্ভীর্যটা আবার ধরে ফেলল। ব্যাগটা সোফায় রেখে নিজেও ধপ করে বসে পড়লো। জ্যাকেটটা খুলে সোফায় রেখে নির্ঝর ঊষসীর এগিয়ে দেওয়া এক গ্লাস পানি খেল। ঊষসী চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। নির্ঝর গ্লাসটা টেবিলে রেখে ঊষসীর দিকে তাকাল। কিছুটা ইতস্তত ভাব তার চেহারায়। সচরাচর নির্ঝরকে এমন দ্বিধায় পড়তে দেখা যায় না। সে গলা খাঁকারি দিয়ে বলল,
– ঊষসী... একটা কথা বলার ছিল।
ঊষসী ভ্রু কুঁচকে তাকাল,
– কী কথা?
নির্ঝর একটু সময় নিয়ে বলল,
– কাল কিংবা পরশু... মেহমান আসতে পারে বাসায়। চট্টগ্রাম থেকে মামা আর মামী আসবে বলেছেন। সাথে হয়তো ওদের ছেলেও আসতে পারে।
'মামা' শব্দটা শুনতেই ঊষসী একটু অবাক হলো। সে তো জানে নির্ঝরের কেউ নেই এখন বলছে মামা? ঊষসী কপাল কুঁচকে বিস্ময় নিয়ে শুধাল,
– মামা? আপনার মামা আছে নাকি? আমি তো জানতাম কখনো তো বলেন নি!
নির্ঝর এক পলকের জন্য চোখের দৃষ্টি অন্য কোথাও সরিয়ে নিল। চেহারাটা সামান্য গম্ভীর হয়ে উঠল তার। ঊষসী শুধু জানে নির্ঝর যতটুক বলেছে ঐতুক কিন্তু এই ফ্ল্যাট আর জমিটার পেছনে যে এই মামাই শকুনের মতো নজর দিয়ে বসে আছে, আর নানুর মৃ’ত্যুর পর থেকেই যে সম্পত্তি হাতানোর জন্য নানা ফন্দি আঁটছে সেটা ঊষসীকে ইচ্ছে করেই জানায় নি!
নির্ঝর গলার স্বর স্বাভাবিক রেখে অতি শান্ত গলায় বলল,
– দূর সম্পর্কের মামা। আম্মু মা’রা যাওয়ার পর যোগাযোগ তেমন ছিল না বললেই চলে। হুট করে আজ দুপুরে ফোন করে বলল এখানে একটা কাজে আসছে তাই এখানে উঠবে।
ঊষসী একটুক্ষণ চুপ করে নির্ঝরের ক্লান্ত মুখের দিকে তাকিয়ে রইল। তারপর হেসে শুধাল,
– তা ওনারা আসছেন আসুক, আপনি এভাবে ইতস্তত করছেন কেন?
– তুমি কিছুদিন আগেই রহিমা আন্টিকে আসতে বারণ করেছ, একা সব সামলাচ্ছ। এখন হুট করে মেহমান এলে তোমার ওপর ঝক্কি ঝামেলা পড়ে যাবে। রান্নাবান্না, ওদের দেখভাল করা... ক্লাস গ্যাপ দিতে হবে!
ঊষসী হালকা হেসে চোখ বড় বড় করে বলল,
– আপনার কি মাথা খারাপ হয়েছে? দূর থেকে মেহমান আসবে আর আপনি মানা করে দেবেন? আমার কোনো সমস্যা হবে না।
নির্ঝর এবার রাখঢাক না রেখে বলল,
– শুধু কাজের কথা বলছি না ঊষসী। ওনারা শুনেছেন আমি বিয়ে করেছি তাই মূলত তোমাকে দেখতে আর আমাদের পরিস্থিতি যাচাই করতেই আসছেন। মামীর মুখের লাগাম খুব একটা সুবিধার নয়। কথায় কথায় না বুঝে খোঁচা দেওয়ার বিশ্রী অভ্যাস আছে। আমি প্রায় পুরো দিনটাই ভার্সিটির ফাইনাল ইয়ারের প্রজেক্ট আর ক্লাসের চাপে বাইরে থাকব। তুমি বাসায় একা ওদের ফেস করবে। তাই বলছি... তোমার যদি একটুও আনকমফোর্টেবল ফিল হয় বা প্রেশার মনে হয়, আমাকে নির্দ্বিধায় জানাও। আমি সরাসরি মামাকে মানা করে দেব। বলব এখন আমাদের এক্সাম আর প্রজেক্ট চলায় বাসায় থাকা পসিবল না!
ঊষসীর স্বাচ্ছন্দ্য আর মানসম্মানের কথা কতটা গভীরভাবে ভাবে সেটা ভাবতেই ভালো লাগলো। ঊষসী আত্মবিশ্বাসের সাথে হেসে বলল,
– আপনার সাথে এই দুই মাস সংসার করে করে আমার ছাল-চামড়া এমনিতেই শক্ত হয়ে সহ্যক্ষমতা ডাবল হয়ে গেছে! আমাকে খোঁচা দিয়ে কথা বলা এত সহজ নাকি? আর আমাকে এতই দুর্বল মনে হয় যে সামান্য মেহমান এলে আনকমফোর্টেবল ফিল করব? আপনি একদম চিন্তা করবেন না তো, আমি সব সামলে নিতে পারব। আপনি ওনাদের আসতে বলুন। এমনিতেই ঘরে বসে বসে বোর হচ্ছি আমি! মানুষজন আসলে একটু ভালো লাগবে।
নির্ঝর ওর দিকে একবার চেয়ে নিজের মুখটা স্বাভাবিক রেখে সামান্য গম্ভীর কণ্ঠে বলল,
– কত সামলাতে পারো সেটাও দেখা যাবে! পরে দৌড়াদৌড়ি করে বলতে আসবে না এই লাগছে ওই লাগছে!
– হুহ বলবোও না!
ঊষসী উঠে চলে গেল রান্নাঘরে। নির্ঝর একটা দীর্ঘশ্বাস ছেড়ে সোফায় গা এলিয়ে দিলো। এখন নির্ঝর দেখতে চায় ওর মামা কি করতে চাইছে যার কারণে সে নিজেও জোর দিয়ে মানা করছে না। এই বিয়ে নিয়ে লোকটা বেশ চিন্তিত সেটা ভেবে হাসি পেল নির্ঝরের। সে এখন বিয়ে করে নিজের সংসার শুরু করেছে শুনে হয়তো বুড়ো শকুনের চোখ আরও বেশি আইঢাই করছে।
এর মধ্যে চা হাতে বেরিয়ে এল ঊষসী। ধোঁয়া ওঠা চায়ের কাপটা নির্ঝরের সামনের টি-টেবিলে রেখে কোমড়ে হাত দিয়ে দাঁড়িয়ে বলল,
– এই যে মিষ্টার নির্ঝর, চা ঠান্ডা হওয়ার আগেই খেয়ে নিন। আর কাল সকালে বাজার করতে হবে কিন্তু, ফর্দটা একটু পর লিখে দিচ্ছি!
নির্ঝর মুখ কুঁচকালো। এসব বাজার নামক যুদ্ধ তার কাছে একদমই বিরক্তিকর! এই ঊষসী এসেছে পর্যন্ত বাজার বেশিরভাগ ওকে দিয়েই করিয়েছে। আর রহিমা আন্টিকে বিদায় করার পর তো পুরোটাই তার কাঁধে!
– সেদিন না বাজার করলাম? শেষ?
– সেটা পনেরো দিন আগের কথা! ভালো ভালো তাজা জিনিস আনতে হবে বুঝলেন?
নির্ঝর একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে ভাবল, "এখনো মন দিয়ে সংসার করায় শুরু করলো না এইটুকুতেই মনে হচ্ছে সংসার করার সাধ তিঁতে!" তবুও ঊষসীর মুখের ওপর চট করে কিছু না বলে এক চুমুক চা গিলে নিল। চা-টা সত্যিই অসাধারণ বানায় মেয়েটা!
ঊষসী টি-টেবিলের পাশে দাঁড়িয়ে এক পলক নির্ঝরের মুখের দিকে তাকাল। লোকটার ক্লান্ত মুখটা দেখে কেমন যেন একটা অবাধ্য আবদার মাথার মধ্যে চাড়া দিয়ে উঠল। সে কিছুটা উৎফুল্য ভঙ্গিতে হুট করে বলে বসল,
– আচ্ছা... আসার সময় আমার জন্য একটা শাড়ি নিয়ে আসবেন?
আচমকা এমন আনকমন আবদার শুনে নির্ঝর চায়ের কাপে চুমুক দেওয়া থামিয়ে বিস্ময় নিয়ে তাকাল। ওর ওই চোখ বড় বড় করা দৃষ্টি দেখে ঊষসী নিমেষেই অপ্রস্তুত হয়ে পড়ল। সে তো সচরাচর নির্ঝরের কাছে কোনো কিছুর বায়না ধরে না! নিজের ভুলটা সামলাতে গিয়ে দ্রুত গলায় বলল,
– না মানে... আপনার মামা মামী আসছেন তো, তাই ভাবছিলাম আরকি! প্রবলেম নেই, যা আছে তাতেই চলে যাবে... কোনো দরকার নেই কেনার!
নির্ঝর স্বাভাবিক গলায় বলল,
– আমি তোমাকে টাকা দিয়ে দেব, কাল সময় করে তুমি গিয়ে নিজের পছন্দমতো কিনে নিও?
ঊষসী সাথে সাথে মাথা নেড়ে বলে উঠল,
– না না! কোনো দরকার নেই। আপনার ইচ্ছে হলে আপনি নিজেই আনবেন আমি যাবো না।
নির্ঝর একটু ভ্রু কুঁচকে শুধাল,
– কেন? আমি কি আগে কখনো মেয়েদের শাড়ি কিনেছি নাকি যে বুঝব কোনটা ভালো আর কোনটা খারাপ? তুমি নিজে গিয়ে পছন্দ করে নিয়ে আসলে সমস্যাটা কোথায়?
হঠাৎ ঊষসী মনে মনে ভীষণভাবে চাইল, শাড়িটা নির্ঝরই পছন্দ করে কিনে আনুক! লোকটা নিজের হাতে ওর জন্য একটা শাড়ি কিনে আনলে কেমন হয়, তা ভেবেই বুকটার ভেতর এক অচেনা অনুভূতি দোলা দিয়ে গেল। তবে মুখে তো আর তা স্বীকার করা যাবে না! তাই সে ঠোঁট উল্টে নির্ঝরের দিকে তাকিয়ে ধীরকণ্ঠে বলল,
– আপনার যেটা ভালো লাগে একটা আনলেই হবে। কাল আবার আমি কখন যাব কেনাকাটা করতে? অনেক কাজ বাকি ঘরে। আপনি না আনতে পারলে থাক, আনতে হবে না!
কথাটা বলেই ঊষসী দ্রুত পায়ে হেঁটে আবার রান্নাঘরের দিকে চলে গেল।
রাতের খাবার শেষ করে নির্ঝর নিজের পড়ার ঘরে প্রজেক্টের কাজে ব্যস্ত হয়ে পড়ল। টেবিলল্যাম্পের আলোয় ল্যাপটপের স্ক্রিনে তার তীক্ষ্ণ নজর। অন্যদিকে ঊষসী নিজেদের শোবার ঘরে এসে বিছানায় হেলান দিয়ে বসল। তখনই ফোনটা বেজে উঠলো হাতে নিয়ে দেখলো বান্ধবীদের গ্রুপ কল। সে খুশি হয়ে ফোনটা ধরলো। ফোনটা কানে ধরে উচ্ছ্বসিত গলায় বলে উঠল,
– হ্যালো! কী খবর তোদের? এত রাতে হঠাৎ সবাই মিলে গ্রুপ কল?
ফোনটা কানে তুলতেই ওপাশ থেকে একসঙ্গে ভেসে এলো মীরার খিলখিল হাসি আর রুহির চিল চিৎকার! রুহি ঢং করে বলে উঠল,
– ওরে বাবা রে! অবশেষে আমাদের বিবাহিত বান্ধবীর সময় হলো ফোন ধরার? আমরা তো ভাবলাম তুই বুঝি জামাইয়ের মানে তোর উনির সেবায় নিয়োজিত হয়ে বান্ধবীদের ভুলেই গেছিস!
– ধুর, চুপ করবি তোরা? সব সময় ফালতু কথা! তোরা কল দিয়েছিস কেন বল তো?
মিরা সঙ্গে সঙ্গে টিপ্পনী কেটে উঠল,
– কেন দেব না? দুই মাস পার হয়ে গেল, অথচ আমাদের ম্যাডাম সংসার করতে করতে এমন ডুব দিলেন যে ক্লাসেও ঠিকমতো দেখা পাওয়া যায় না! তা বল তো ঊষা, তোর নিরস জামাইয়ের কী খবর? এখনো কি তুই ওনার সামনে থরথর করে কাঁপিস নাকি অল্প স্বল্প শাসন চালানো শুরু করেছিস?
ঊষসী মুখ বাঁকিয়ে বলল,
– তোদের কি আর কোনো কাজ নেই বল তো? শাসন চালাতে যাব কোন দুঃখে? তোরা যা ভাবিস তেমন কিছুই না! এই রেহনুমা তুই কথা বলছিস না কেন?
রুহি বিরক্তি প্রকাশ করে বলল,
– উফ! ওর কথা আর বলিস না! তানভীর ভাই ওকে সেই কবে থেকে পছন্দ করে, এটা তো আমরা সবাই জানি। আমরা এতদিন এই নিয়ে কত ক্ষ্যাপাতামও! কিন্তু এখন তো দেখছি লোকটা সত্যি সত্যি সিরিয়াস লেভেলের নাছোড়বান্দা হয়ে উঠেছে।
ঊষসী হেসে ফেললো। মীরা বলল,
– তবে তানভীর ভাইয়া কিন্তু খারাপ না! ওনার সেন্স অব হিউমার বেশ ভালো, ফ্রেন্ডলি আর এত বছর ধরে রেহনুমার পিছু লেগে আছে, পছন্দটা যে খাঁটি তাতে কোনো সন্দেহ নেই।
রেহনুমা এবার একটা ভারী নিঃশ্বাস ফেলে চিন্তিত গলায় বলে উঠল,
– তোরা বাস্তবতা চিন্তা করছিস না মীরা! পরিস্থিতিটা যে দিন দিন জটিল হচ্ছে তা তোরা বুঝছিস না! উনার পার্সোনালিটি খারাপ না হতে পারে, কিন্তু উনি যে প্রতিদিন এভাবে ছায়ার মতো আমার পেছনে লেগে থাকেন উনি দিনদিন আরো অ্যাটাচ হয়ে যাচ্ছেন! এখন উনি ভীষণ সিরিয়াস! বাট…
ঊষসী এতক্ষণ চুপচাপ শুনছিল। ওপাশে রেহনুমার উদ্বিগ্ন কণ্ঠ শুনে ওর নিজের বুকের ভেতরটাও কেমন ভারী হয়ে উঠল। ঊষসী নিজেই তো জীবনে কোনো ভুল না করেও ঝড়ের কবলে পড়েছিল, পরিস্থিতির চাপে পড়ে কীভাবে জীবনের মোড় ঘুরে যায় তা তো ওর চেয়ে ভালো আর কেউ জানে না! কোনো দোষ না নিয়েও যে ফ্যামিলির প্রেশার আর অসমাপ্ত সিদ্ধান্তের বোঝা বইতে হয় তা ঊষসীর হাড়হাড় চেনা। সে দৃঢ় গলায় বলল,
– মীরা, রুহি তোরা যা-ই বলিস না কেন, রেহনুমার চিন্তাটাও কিন্তু ভুল না। অনর্থক ঝামেলা হওয়ার আগেই ব্যাপারটা হ্যান্ডেল করা দরকার। একটা বিহিত তো হতে হবে! আর কতদিন এভাবে চলবে?
– আমি অনেক বুঝিয়েছি কিন্তু ছেলেটার মাথা থেকে এসব যাচ্ছেই না! এসব কিছু বললে পাত্তায় দেয় না! কিছু বললেই বলে, "ওকে দ্যান চলো বিয়ে করে ফেলি! যা হওয়ার তখন দেখা যাবে!"
কথাটা শুনে মীরা খিলখিল করে হেসে উঠল,
– ওরে বাবা! এক্কেবারে ফিল্মি ডায়লগ! বলিস কী রে, তানভীর ভাই তো দেখি পুরো ডেস্পারেট লাভার!
রুহিও সায় দিয়ে বলে উঠল,
– মন্দ কী! লড়ে তো দেখুক ব্যাটা! তোর বাড়ির লোকজন যদি রাজি না হয়, তখন এই কাব্যিক প্রেম কোথায় পালায় সেটাই দেখার বিষয়!
রেহনুমা রাগে গরগর করে বলে উঠল,
– হাসিস না তোরা বলছি! আমার তো অবস্থা খারাপ হওয়ার জোগাড়, আর তোদের ফাজলামো শেষ হয় না! আমার ফ্যামিলি যদি একটুও টের পায় তাহলে খবর আছে!
আরো বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে তানভীরের বিষয়ে কিছু একটা করা যাবে এই সান্ত্বনা দিয়ে আজকের মতো বিদায় নিলো সকলে। তারপরই ঘুমাতে গেল ঊষসী।
ভালোবাসার হাজারো সমীকরণ চারপাশে খেলা করছে… কেউ দূর থেকে ছায়ার মতো পিছু নিয়ে মন পাওয়ার ব্যাকুলতায় ব্যস্ত, আর কেউ একই ছাদের নিচে থেকেও অলিখিত যত্নে নিজের অনুভূতিকে এক জেদি গাম্ভীর্যের আড়ালে লুকিয়ে রাখছে!
.
পরের দিনটা ঊষসীর কাটাল ভীষণ ব্যস্ততায়। সকাল হতেই তার দম ফেলার ফুরসত ছিল না। সকালে ভার্সিটি করে এসে দুপুরে নির্ঝর বাজার দিয়ে আবার বেরিয়েছে। আর ঊষসী সারাদিন ঘর পরিষ্কার করা, মেহমানদের বসার ঘর পরিপাটি করা আর রান্নার প্রস্তুতি নিতে নিতে ঊষসীর শরীর ক্লান্তিতে বুজে এল। সন্ধ্যা নামতেই সবসময়ের মতো নির্ঝর বাসায় ফিরলো। ক্লান্ত পায়ে ঘরে ঢুকল সে। সারাদিনের ধকলে ছেলেটার মুখ থমথমে, চোখের নিচে ক্লান্তির ছাপ। কিন্তু ঊষসীকে দরজায় দাঁড়াতে দেখে ওকে ডাকলো। তারপর একটা শপিং ব্যাগ ঊষসীর সামনে বাড়িয়ে দিয়ে হালকা খুকখুক করে গলা পরিষ্কার করে বলল,
– এটা... মানে, কাল রাতে বলছিলে না শাড়ির কথা? মামা মামী আসছে বাড়িতে, নতুন বউয়ের গায়ে সাধারণ কাপড় দেখলে আবার… তাই ভাবলাম একটা নিয়ে আসি। পছন্দ হয়েছে কি না জানি না, দেখে নাও।
ঊষসী পলকহীন তাকিয়ে রইল ব্যাগটার দিকে। বুকটার ভেতর প্রজাপ্রতি উড়া শুরু করেছে! সে তো ভাবে নি তার আবদার সত্যি সত্যি মনে রেখে এনে দিবে! ঊষসী নিজের ভেতর উপচে পড়া আনন্দটা কোনোমতে চেপে ধরে চোখ বড় বড় করে বলল,
– কে বলেছে আমার শাড়ি লাগবেই? আমি কি জোর করেছিলাম নাকি? নিজেই তো কিনে এনেছেন, এখন আবার আমার ঘাড়ে চাপাচ্ছেন কেন?
নির্ঝর ভ্রু কুঁচকে এক পলক তাকালো তারপর গম্ভীর স্বরে বলল,
– তাই নাকি? আমাকে বলেছো আমি এনেছি এবার যা ভাবার ভাবো! এখন নাও, প্যাকেট খুলে দেখে নাও ঠিকঠাক আছে কি না। পরে আবার বলো না যে তোমার পছন্দ হয়নি!
ঊষসী আর এক মুহূর্তও অপেক্ষা করল না। কিছুটা সংকোচ আর তীব্র কৌতূহল নিয়ে প্যাকেটটা খুলে ফেলল। ভেতর থেকে বেরিয়ে এল হালকা জলপাই রঙের একটা মসলিন শাড়ি, যার পাড়ে সুতোর নিখুঁত কাজ করা। শাড়িটার স্নিগ্ধ রঙ দেখেই ঊষসীর চোখ দুটো চকচক করে উঠল। তার উপর চেয়ে হোক না যেমনই হোক নির্ঝরের আনা প্রথম শাড়ি! স্পেশাল হবে না? ঊষসীর চোখের কোণের চকচকে উজ্জ্বলতা নির্ঝরের তীক্ষ্ণ চোখ এড়াল না। সে মনে মনে স্বস্তির হাসি হাসল। ঊষসী শাড়িটা বুক জড়িয়ে ধরে ভাব ধরে গম্ভীর সুরে বলল,
– মন্দ না... চলে আর কি!
নির্ঝরও গাম্ভীর্য ধরে রেখে ভ্রু কুঁচকে বলল,
– চলে মানে? পছন্দ না হলে কাল নিজেই গিয়ে পাল্টে নিও। আমি এর চেয়ে ভালো কিছু আনতে পারব না! উফ! এই শাড়ি নিতেই মার্কেটে দু ঘণ্টা ঘুরে বেরিয়েছি!
– হুহ, পাল্টাতে যাব কেন? যখন কষ্ট করে এনেইছেন, তখন এটাই পরব!
মুখ ফুলিয়ে কথাটি বলেই ঊষসী শাড়িটা বুকে চেপে দ্রুত ঘরের ভেতরে চলে গেল। ওর দরজা বন্ধ হতেই নির্ঝরের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটল।
#চলবে…?