ফন্ট সাইজ:
থিম:
কদম গুচ্ছের কাব্য গাঁথা

পর্ব 28

লেখক: তাবাসসুম তাজ্বওয়ারী

#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(২৮)
#তাবাসসুম_তাজ্বওয়ারী

ডাইনিং টেবিলে বসে নির্ঝর হাতঘড়ির দিকে তাকিয়ে তাড়া হুড়ো করে নাস্তা খাচ্ছিল। শার্টের হাতা দুটো তখনো এলোমেলো অবস্থায়। ঊষসী প্লেটে আরও একটা গরম পরোটা তুলে দিতে যেতেই নির্ঝর হাত তুলে বারণ করল। তারপর চা হাতে নিয়ে এক চুমুক চা গিলে নিয়ে শান্ত গলায় বলল,

– কাল মামারা আসবে। সকালে ফোন করেছিল, চট্টগ্রাম থেকে রাতের ট্রেনে রওনা হয়ে কাল ভোরেই পৌঁছাবে।

ঊষসী একটু ভেবে বলল,

– কাল সকালে আসবে? তাহলে তো আজকে বিকেলের মধ্যেই সব রান্নাবান্না আর প্রিপারেশন সেরে রাখতে হবে।

নির্ঝর চায়ের কাপটা টেবিলে রেখে একটা হালকা নিঃশ্বাস ফেলল। ঊষসীর এই দায়িত্ববোধ আর সহজভাবে সবকিছু মেনে নেওয়ার বিষয়টা সে মনে মনে তারিফ করলেও মুখে প্রকাশ করল না। সামান্য মাথা নেড়ে ধীরকণ্ঠে বলল,

– হুম, তাই কোরো। অত বেশি হুলস্থুল কিছু করার দরকার নেই।

ঊষসী হালকা হেসে ঠোঁট উল্টে বলল,

– আপনি এত চিন্তা করছেন কেন বলুন তো? আমি করছি সব এতো ভাবতে হবে না আপনার।

নির্ঝর চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। ব্যাগটা কাঁধে ঝুলিয়ে এক পলক ঊষসীর মুখের দিকে তাকিয়ে রইল। তারপর বেরিয়ে যেতে যেতে বলল,

– আচ্ছা আমি আসছি। ক্লাস গ্যাপ দিতে থাকো আমি নোট ফোট এনে দিতে পারবো না।

নির্ঝর বেরিয়ে যাওয়ার পর ঊষসী কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে রইল। মুখ বাঁকিয়ে প্লেটগুলো হাতে তুলে নিল সে।

– হুহ! এমন ভাব যেন আমি ক্লাস ফাঁকি দিয়ে বসে থাকলে নোট হাতের কাছে এনে হাজির করে রাখে!

ঊষসী বিড়বিড় করতে করতে প্লেটগুলো নিয়ে রান্নাঘরে ঢুকল। প্লেটগুলো সিঙ্কে রেখে কল ছেড়ে দিল সে। প্রথমেই সকালের এঁটো বাসনগুলো ধুয়ে ফেলল ঊষসী। তারপর ফ্রিজ খুলে ভেতরে কী কী আছে দেখে নিল। মাছ আছে, মুরগিও আছে তবে সবজি বলতে আলু, পেঁয়াজ আর দু-একটা টমেটো ছাড়া তেমন কিছু নেই। লোকটাকে বলেছিল বাজার করতে অথচ শুধু মাছ মাংস নিয়ে এসেছে। সবজি তো কিছু লাগে! হাত মুছে ফোনটা হাতে নিল সে। একটা কাগজে বাজারের তালিকা লিখে নির্ঝরকে পাঠিয়ে দেওয়ার কথা ভাবল। পরক্ষণেই মনে পড়ল, লোকটা ক্লাসে আছে। পরে আবার ঝামেলা হবে তার চেয়ে নিজেই নিচে গিয়ে নিয়ে আসবে। বাসা থেকে পাঁচ মিনিট হাটলেই একটা সবজির দোকান আছে। এছাড়াও ভ্যানে বসে নানা রকম সবজি বিক্রি করে। সেখান থেকে প্রয়োজনীয় সবজি কিনে নিলেই হবে। বেশি কিছু তো আর লাগবে না। ফোনটা টেবিলে রেখে নিজের বোরকা পড়ে একটা কাপড়ের ব্যাগ হাতে নিল ঊষসী। বাইরে বের হতেই রোদের তেজ চোখে পড়ল। দুপুর হতে এখনো কিছুটা বাকি কিন্তু রাস্তায় গরমের কমতি নেই। ফ্ল্যাট থেকে কয়েক মিনিট হাঁটলেই ছোট্ট একটা বাজার। রাস্তার একপাশে সবজির দোকান, আরেক পাশে ফলের ভ্যান। বেশ কিছু সবজি আর ফল কিনে নিলো। নির্ঝর ওকে প্রতি মাসেই কিছু এমাউন্ট দিয়ে রাখে নিজের খরচের জন্য আর বাদ বাকি কিছু খরচ দেয় বাসার কিছু লাগলে যেন আনে। যদিও নির্ঝরই সব এনে রাখে। টাকা মিটিয়ে ফেরার সময় হাতে থাকা ব্যাগটার দিকে তাকিয়ে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে বলল,

– বিয়ে করার আগে তো ভাবিনি, সংসার করতে এসে নিজেই বাজারের ব্যাগ টানতে হবে!

কথাটা মনে হতেই নিজেই হেসে ফেলল। বিয়ে করার পরিকল্পনাই যেখানে ছিল না সেখানে সংসারের হিসাব নিয়ে আগে থেকে ভেবে রাখার প্রশ্নই আসে না। এখন যা হয়েছে তা নিয়েই চলতে হবে।

ফ্ল্যাটে ফিরে দরজা খুলে ব্যাগটা রান্নাঘরে রাখল ঊষসী। প্রথমে সবজিগুলো ধুয়ে পানি ঝরানোর জন্য ঝুড়িতে রাখল। তারপর রান্নাঘরের তাক থেকে মসলার বয়ামগুলো বের করে রাখলো। রান্নার সময় যেন মাঝপথে কোনো কিছু খুঁজে বেড়াতে না হয় সেজন্য প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছে গুছিয়ে রাখল।
এরপর শুরু হলো ঘর গোছানোর কাজ। প্রথমে বসার ঘরের সোফার কুশনগুলো ঠিক করল। টেবিলের ওপর পড়ে থাকা নির্ঝরের দুটো বই আর একটা ফাইল তুলে একপাশে রাখল। তারপর ধুলো ঝেড়ে মেঝে পরিষ্কার করল। জানালার পর্দাগুলো একটু সরিয়ে দিয়ে ঘরে আলো-বাতাস ঢোকার ব্যবস্থা করল। গেস্টরুমের দরজা খুলে ঢুকতেই চোখে পড়ল বিছানার ওপর এলোমেলো হয়ে থাকা চাদরটা। নির্ঝর গত সপ্তাহে একবার ঘরটায় বসে কাজ করেছিল। তারপর থেকে আর গোছানো হয়নি। ঊষসী আলমারি থেকে পরিষ্কার চাদর বের করে বিছানার ওপর বিছিয়ে দিল। বালিশের কভার পাল্টাল, পাশের ছোট টেবিলটা মুছে দিল। ঘরের এক কোণে একটা পানির জগ আর দুটো গ্লাসও রেখে দিল। মোটামুটি পুরো ঘর ধোয়া মুছা করে নিলো সে। কাজ শেষ হতে হতে বেশ খানিকটা সময় পেরিয়ে গেল। রান্নাঘরে ফিরে এসে ঘড়ির দিকে তাকিয়ে চমকে উঠল ঊষসী।

– আল্লাহ! এত বেলা হয়ে গেল!

সকালে নাশতা খেয়েছিল ঠিকই, কিন্তু তারপর থেকে একটানা কাজ করায় পেটের ভেতরটা খালি খালি লাগছে। ফ্রিজ থেকে দুপুরের জন্য রাখা খাবার বের করে গরম করল। সঙ্গে ডাল আর একটা ডিম ভেজে নিজের জন্য খাবার বেড়ে নিল। খাওয়া শেষ করে কিছুক্ষণ বসার ঘরের সোফায় বসে রইল সে। পা দুটো কেমন ব্যথা করছে। সকাল থেকে একবারও ঠিকমতো বসার সুযোগ হয়নি। চোখ বন্ধ করে কয়েক মিনিট বিশ্রাম নিলো। কিন্তু মাথায় কাজের হিসাব ঘুরতে থাকল। মাছটা পরিষ্কার করা বাকি, মাংস মেরিনেট করতে হবে, নাশতার জন্য কী কী বানাবে সেটাও ঠিক করা হয়নি। তার ওপর সন্ধ্যার আগে রান্নাঘরের বাকি কাজগুলো গুছিয়ে রাখতে হবে।
অগত্যা আবার উঠে পড়ল ঊষসী।
কাজের ফাঁকে ফোনের স্ক্রিনে নির্ঝরের নামটা ভেসে উঠল। নির্ঝর মেসেজ করেছে, "কিছু আনতে হবে?"

ঊষসী ভ্রু কুঁচকে মেসেজটার দিকে তাকাল। এতক্ষণে মনে পড়েছে মহাশয়ের?

"না আমি গিয়ে নিয়ে এসেছি যা লাগবে"

"বাজার করেছো?"

"না, বাজারের ব্যাগগুলো নিজে নিজে বাসায় চলে এসেছে।"

ওপাশ থেকে উত্তর আসতে খুব বেশি সময় লাগল না।

"ভালো। তাহলে রান্নাটাও নিজে নিজে হয়ে যাবে।"

ঊষসী দাঁতে দাঁত চেপে মেসেজের দিকে তাকিয়ে রইলো। ঊষসী মনে মনে ঠিক করল, আজ লোকটাকে দিয়ে কিছু কাজ করিয়েই ছাড়বে।
কিন্তু নিজের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়ল যে দুপুরের খাবার খাওয়ার কথাটাই ভুলে গেল।
ফ্রিজ থেকে মাছ বের করে পরিষ্কার করতে বসেছিল, এমন সময় হাত ফসকে ছুরির ধার আঙুলের পাশে লেগে গেল।

– আহ্‌!

ব্যথায় হাতটা সরিয়ে নিল সে। আঙুলের পাশে ছোট্ট একটা কাটা দাগ, সেখান থেকে সামান্য র’ক্ত বের হচ্ছে। ঊষসী কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে তাড়াতাড়ি কলের নিচে আঙুলটা ধরল। পরিষ্কার পানি দিয়ে ধুয়ে টিস্যু দিয়ে চেপে রাখল।

– উফ্‌! এত কাজ বাকি! এবার হাতও কাটতে হলো!

বিড়বিড় করে ফার্স্ট এইড বক্সটা খুঁজতে লাগল সে। নির্ঝর কোথায় রেখেছে, ঠিক মনে পড়ছে না। শেষ পর্যন্ত ড্রয়ারের ভেতর থেকে বক্সটা বের করে একটা ব্যান্ডেজ লাগিয়ে নিল। আঙুলটা একটু জ্বলছে, তবে খুব বেশি কিছু হয়নি। বিকেলের দিকে রান্নাঘরের কাজ প্রায় শেষ। সব রেডি শুধু রান্না বসাবে রাতে কিংবা সকালে। সারাদিনের পরিশ্রমে শরীরটা ক্লান্ত, তবু ঘরের দিকে তাকিয়ে তার মনটা ভালো হয়ে গেল। সবকিছু পরিপাটি করে রাখা হয়েছে। কাল সকালে শুধু রান্না আর নাশতার আয়োজন করলেই চলবে। সে সোফায় বসে পা দুটো একটু ছড়িয়ে দিল। তারপর নিজের হাতের ব্যান্ডেজটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল।
– এই সংসার করতে গিয়ে একদিন যে কী হবে আমার!

কথাটা বলেই থেমে গেল ঊষসী। সংসার? শব্দটা এখন তার কাছে একটুও অচেনা নয়। অথচ প্রতিদিন সকালে নির্ঝরের জন্য নাশতা বানানো, তার জিনিসপত্র গুছিয়ে রাখা, রাতে একসঙ্গে খেতে বসা এসব কখন যেন তাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে।

.

সন্ধ্যার দিকে ফ্ল্যাটে ফিরল নির্ঝর। সারাদিনের ক্লাস আর বিশ্ববিদ্যালয়ের নানা ঝামেলায় শরীরটা বেশ ক্লান্ত লাগছে। দরজা খুলে ভেতরে ঢুকতেই ঘরের পরিপাটি অবস্থা চোখে পড়ল। সোফার কুশনগুলো গোছানো, টেবিলের ওপরের অপ্রয়োজনীয় জিনিসপত্র সরানো, এমনকি গেস্টরুমের দরজাটাও আধখোলা। বোঝাই যাচ্ছে, আজ ঘরদোর গোছানোর পেছনে বেশ সময় ব্যয় হয়েছে।
নির্ঝর একবার চারপাশে চোখ বুলিয়ে নিল। ঊষসীকে কোথাও দেখা যাচ্ছে না।

– ঊষসী?

কোনো উত্তর এল না। তবে রান্নাঘরের দিক থেকে ক্ষীণ গুনগুন শব্দ ভেসে আসছে। নির্ঝর আর দ্বিতীয়বার ডাকল না। কাঁধ থেকে ব্যাগ নামিয়ে নিজের ঘরের দিকে চলে গেল।
রুমে ঢুকে শার্টের হাতা গুটিয়ে নিল। তারপর বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে বের হলো। ভেজা চুলে তোয়ালে ঘষতে ঘষতে আলমারি থেকে একটা আরামদায়ক টি-শার্ট বের করে পরে নিল। সারাদিনের ক্লান্তি কাটাতে এক কাপ চা হলে মন্দ হয় না। এই ভেবে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে পা বাড়াল নির্ঝর। হাতে একটা খালি বোতল।
রান্নাঘরের দরজার কাছে আসতেই নির্ঝরের পা দুটো হঠাৎ থেমে গেল। চুলার সামনে দাঁড়িয়ে ঊষসী রান্না করছে। পরনে কালকের আনা শাড়িটা আঁচলটা সুন্দর করে মাথার ওপর টেনে নেওয়া। মাথার সামনের চুলগুলো যত্ন করে বাঁধা থাকলেও কয়েকটা চুল কপালের পাশে বেরিয়ে এসেছে। খুন্তি দিয়ে কড়াইয়ের ভেতর নাড়ছে আর ফোনটা পাশে রেখে গুনগুন করে গান গাইছে।
নির্ঝর দরজার কাছে দাঁড়িয়েই রইল। হাতে থাকা খালি বোতলটার কথা তার আপাতত মনেই নেই। একটু আগে যে মানুষটা এক কাপ চা খাওয়ার আশায় রান্নাঘরে এসেছিল সে এখন চুপচাপ সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখছে।
ঊষসী শাড়ি পরে আছে! বিষয়টা খুব অস্বাভাবিক কিছু নয়। মেয়েরা শাড়ি পরবে, এটাই স্বাভাবিক। অথচ ঊষসীকে এভাবে রান্না করতে দেখে নির্ঝরের কেমন যেন লাগল। সকালেও তো মেয়েটাকে সাধারণ পোশাকে দেখেছিল। এখন এই শাড়ি, কাঁধে আলগা আঁচল আর আপনমনে গান গাইতে গাইতে রান্না করার দৃশ্যটা দেখে কয়েক মুহূর্তের জন্য তার মাথা থেকে সারাদিনের ক্লান্তি যেন উধাও হয়ে গেল।
ঊষসী তখনো নির্ঝরের উপস্থিতি টের পায়নি। কড়াইয়ের ঢাকনা তুলে একবার তরকারিটা দেখে নিল। তারপর পাশের বাটিতে রাখা মসলা থেকে একটু নিয়ে কড়াইয়ে দিয়ে আবার গুনগুন করতে লাগল। নির্ঝরের ঠোঁটের কোণে অতি সামান্য হাসি ফুটে উঠল।

— বাহ্! শাড়িতে তো বেশ মানিয়েছে। একদম নতুন বউ…

নির্ঝর আচমকা থেমে গেল। বউ তো সে সত্যিই। কাগজে-কলমে, সামাজিকভাবে সবদিক থেকেই।
পরক্ষণেই নিজের প্রশ্নের উত্তরও নিজেই দিয়ে বসল।

– নতুন বউ লাগবে না তো কী? তোরই তো…!

কথাটা শেষ করার আগেই নিজের ভাবনার গতিপথ বুঝতে পেরে থেমে গেল সে। তারপরই ভ্রু কুঁচকে নিজেকেই মনে মনে ধমকাল।

– এই নির্ঝর! কী শুরু করেছিস এসব? মেয়েটা শুধু একটা শাড়ি পরেছে আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে বউ বউ করছিস! সারাদিন ক্লাস করে মাথাটা গেছে নাকি?

নির্ঝরের মুখের হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল। সে বিরক্ত হয়ে চোখ বন্ধ করে একবার মাথা ঝাঁকাল। তারপর গলা খাঁকারী দিলো। হঠাৎ পেছন থেকে আওয়াজ পেয়ে ঊষসী চমকে উঠল। হাতের খুন্তিটা কড়াইয়ের ওপর থামিয়ে ঘাড় ঘুরিয়ে তাকাল।

– আরে! আপনি কখন এলেন?

– অনেকক্ষণ মানে একটু আগেই।

– তাহলে এতক্ষণ নীরবে ঘুরছিলেন কেন?

নির্ঝর উত্তর না দিয়ে পানি নিতে গেল। ঊষসী মুখ ফুলিয়ে ভাবলো আজ শাড়ি পড়েছে কিন্তু নির্ঝর একবার তাকাল না? এই শাড়ি কি সে চিনতে পারে নি?
ও একটু বাজিয়ে দেখতে বলল,

– কাল যে শাড়ি এনেছেন আমি পড়েছি ঠিক আছে না?

নির্ঝর একবার চোখ বুলিয়ে আবার পানি নিতে মনোযোগ দিয়ে বলল,

– হু ভালো।

– শুধু ঠিক আছে?

– হ্যাঁ তুমি তো তাই জিজ্ঞেস করলে?

ঊষসী ফুলে উঠে রান্নায় মনোযোগ দিল। বেরসিক লোক একটা! নির্ঝর পানি নেওয়া শেষে বলল,

– আজকে এত আয়োজন কিসের? সকাল থেকে দেখছি পুরো বাড়িটাকে নতুন করে সাজিয়ে ফেলেছ।

ঊষসী এবার ঘুরে তাকাল। নিজের মেজাজ কন্ট্রোল করে বলল,

– আপনার মামা-মামি আসবেন না কাল? ঘরদোর গোছানো লাগবে না?

– ঘর গোছাতে বলেছি, বাড়ি পাল্টে ফেলতে বলিনি।

– আমি কি বাড়ি পাল্টে ফেলেছি? একটু পরিষ্কার করেছি মাত্র।

– একটু?

নির্ঝর চারপাশে তাকিয়ে আবার তার দিকে ফিরল।

– গেস্টরুমের চাদর পাল্টানো, সবকিছু ধোয়া-মোছা, এত রান্নার আয়োজন... এগুলো যদি তোমার কাছে একটু হয়, তাহলে বেশি বলতে কী বোঝো?

ঊষসী ঠোঁট বাঁকিয়ে বলল,

— আপনি চুপচাপ পানি নিয়ে নিজের ঘরে যান তো! আমাকে রান্না করতে দিন।

নির্ঝর কিছু বলল না। শুধু বোতলটা হাতে নিয়ে বেরিয়ে যাওয়ার আগে আরেকবার তাকাল ঊষসীর দিকে। তার চোখ আটকে গেল তার আঙুলে।

– তোমার হাতে ব্যান্ডেজ কেন?

ঊষসী এক মুহূর্তের জন্য থমকে গেল। তারপর এমনভাবে হাতটা সরিয়ে নিল, যেন ব্যাপারটা খুবই তুচ্ছ।

– ও, কিছু না।

– কিছু না মানে?

– সামান্য কেটেছে। মাছ পরিষ্কার করতে গিয়ে।

নির্ঝর ওর হাত টেনে ধরে ঝুঁকে মনোযোগ দিয়ে আঙুলের ব্যান্ডেজটা দেখল। তারপর চোখ তুলে গম্ভীর দৃষ্টিতে ঊষসীর দিকে তাকিয়ে বলল,

– মাছ কাটতে গিয়ে হাত কাটে কে এভাবে? সাবধানে কাজ করতে পারো না? সারাদিন খালি হুলস্থুল কাণ্ড বাঁধাতে ব্যস্ত থাকো!

ঊষসীর মেজাজটা এমনিতেই চড়ে ছিল, তার ওপর এই উল্টো কথা শুনে সে হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে খাপ্পা হয়ে বলে উঠল,

– বাহ! আমি একা একা সব কাজ সামলাচ্ছি, একটু হাত কেটে গেছে তো কী হয়েছে? আপনার এসব কিছু দেখতে হবে না। রান্নাঘর থেকে জলদি বের হন তো, আমার রান্নার বারোটা বাজাচ্ছেন!

নির্ঝর ওর দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বেরিয়ে গেল। কেন ফুলেছে সেটাও একটু আধতু বুঝতে পারছে সে।

রাতের খাবার শেষ করে দুজন যখন নিজেদের ঘরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন নির্ঝর হঠাৎ বসার ঘরে দাঁড়িয়ে ঊষসীকে ডাকল।

– ঊষসী, একটু এদিকে আসবে?

ঊষসী তখন রান্নাঘরের শেষ বাসনটা মুছে রাখছিল। নির্ঝরের গলা শুনে হাত মুছে বাইরে এল।

– কী হয়েছে?

– একটা কথা ছিল।

ঊষসী ভ্রু কুঁচকে তাকাল।

– বলুন।

– কাল মামা-মামি আসবে। সঙ্গে ওদের ছেলেও আসছে। ছেলেটা আমার বয়সীই।

– হ্যাঁ, সেটা তো জানি। সকালে আপনি বলেছিলেন।

– হুম। তো... ব্যাপারটা হচ্ছে... আসলে ঘর তো একটা খালিই আছে।

ঊষসী কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে থেকে বলল,

– তো?

– মানে... মামা-মামি দুজন ওই ঘরে থাকবে। কিন্তু ওদের ছেলেটা এলেও তো রুম লাগবে।

কথাটা শেষ না করেই নির্ঝর থেমে গেল। ঊষসী এবার ব্যাপারটা বুঝতে পারল। সে একবার গেস্টরুমের দিকে তাকিয়ে আবার নির্ঝরের দিকে ফিরল।

– তাহলে আপনার ঘরে থাকবে?

– আমার ঘরে কেন থাকবে? আমার ঘরে তো আমি থাকি!

– তাহলে আমি কি ওনাকে আমার ঘরে থাকতে বলব?

নির্ঝর ভ্রু কুঁচকে বলল,

– তোমার ঘরে মানে? তোমার ঘরে থাকবে কেন!

– মামা মামির ঘরেও নয় আপনার ঘরেও নয় তাহলে আপনি কি বলতে চাইছেন?

নির্ঝর একটু চুপ থেকে বলল,

– একটা সমস্যা আছে, তুমি আর আমি আলাদা আলাদা ঘরে থাকি, এটা এমনিতেই মামা-মামির চোখে ভালো লাগবে না। তার ওপর বাড়িতে এসে যদি দেখে আমাদের ঘর আলাদা তাহলে হাজারটা প্রশ্ন করবে। বুঝতেই পারছ, ব্যাপারটা ব্যাখ্যা করতে করতে মাথা খারাপ হয়ে যাবে।

ঊষসী চুপ করে রইল। কথাটা একেবারে অযৌক্তিক নয়। তাদের বিয়ের পরিস্থিতি যেমনই হোক, বাইরের মানুষ তো আর সবকিছু জানে না। আত্মীয়স্বজনের সামনে আলাদা ঘরে থাকার বিষয়টা নিয়ে প্রশ্ন ওঠা অস্বাভাবিকও নয়। কিন্তু তাই বলে...
ঊষসী সন্দেহের চোখে নির্ঝরের দিকে তাকাল।

– তাহলে এখন কী করতে হবে?
নির্ঝর এবার যেন মনে মনে প্রস্তুতি নিয়ে রাখা কথাটা বলার সাহস পেল।

– তুমি... আমার রুমে শিফট হয়ে যাও।

– আপনার রুমে?

– হ্যাঁ। কোনও সমস্যা? কয়েকদিনেরই ব্যাপার!

ঊষসী আর কিছু বলার সাহস পেল না। নির্ঝর ভুলও বলেনি। নির্ঝর উঠে দাঁড়িয়ে রুমে যেতে যেতে বলল,

– যাও নিজের জিনিস পত্র নিয়ে এসো। কোনো হেল্প লাগলে ডাক দিয়ো।

ঊষসী একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের রুমের দিকে পা বাড়াল। মনে মনে ভাবলো, "নিজেদের হ্যাপি কাপল দেখাতে রুম শিফট করতে বলেক্জে নাহয় শাড়ি যে পড়েছে একটা কমপ্লিমেন্টই দেয় নি। আর পড়বো না শাড়ি!"

#চলবে…?

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 28 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন