ফন্ট সাইজ:
থিম:
কদম গুচ্ছের কাব্য গাঁথা

পর্ব 29

লেখক: তাবাসসুম তাজ্বওয়ারী

#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(২৯)
#তাবাসসুম_তাজ্বওয়ারী

ঊষসী রুমে এসে আগে শাড়ি চেঞ্জ করে নিলো। পরপর সেই শাড়ি ভাজ করে বিছানার উপর রেখে নিজের জিনিসপত্র গুছিয়ে নিলো।
জিনিসপত্র গোছাতে গোছাতে হঠাৎ তার হাত থেমে গেল। চোখ তুলে একবার নিজের ঘরটার দিকে তাকাল ঊষসী।
এই ঘরটায় আসার পর থেকে কত কিছুই না বদলে গেছে! অথচ এই ঘর ছেড়ে অন্য ঘরে যাওয়ার কথা ভাবতেই কেমন যেন লাগছে। অবশ্য অন্য ঘরটা আর কারও নয়, নির্ঝরের। যে মানুষটার সঙ্গে একই ছাদের নিচে থেকেও এতদিন আলাদা ঘরে থেকেছে, কাল থেকে তারই ঘরে থাকতে হবে!
ভাবনাটা মাথায় আসতেই ঊষসী নিজের কপালে একটা চাপড় দিয়ে ভাবলো,

– ধুর! কয়েকটা দিনের ব্যাপার। এমন ভাব করছি যেন একেবারে চিরদিনের জন্য চলে যাচ্ছি!

ব্যাগটা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে নির্ঝরের রুমের দিকে পা বাড়াল সে। দরজার কাছে পৌঁছে দেখল, দরজাটা আধখোলা। ভেতরে নির্ঝর বিছানায় বসে ল্যাপটপে কিছু একটা করছিল। ঊষসীকে ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকতে দেখে সে চোখ তুলে তাকাল। ঊষসীকে মিনিটের মধ্যে শাড়ি পাল্টে নরমাল সালোয়ার কামিজে দেখে ভ্রু কুঁচকে ফেলল নির্ঝর। গম্ভীর গলায় বলল,

– শাড়ি পাল্টে ফেললে যে?

ঊষসী ভ্রু তুলে তাকাল।

– তো? শাড়ি পরে ঘুমাব নাকি?

– আমি কি বলেছি ঘুমাতে?

– তাহলে শাড়ি পড়ে কি হবে? কাকে দেখাবো? শাড়ি পড়ে দেখানোর লোক আছে না কি আমার?

বলেই ভারি ব্যাগ নিয়ে ভেতরে আসলো। নির্ঝর এগিয়ে এসে বলল,

– এদিকে দাও, ব্যাগটা।

– কেন?

– তোমার হাতের অবস্থা তো দেখেছ। ব্যাগটা আমাকে দাও।

ঊষসী নিজের ব্যান্ডেজ বাঁধা আঙুলটার দিকে তাকিয়ে আবার ওর দিকে তাকাল। তারপর ভেতরে যেতে যেতে বলল,

– আমি পারবো আমাকে বলেন কোথায় রাখবো এই ব্যাগটা?

– ঊষসী, এক কথা বারবার বলতে ভালো লাগে না আমার।

– আর আমার ভালো লাগে না আপনি সবকিছুতে হুকুম করে!

নির্ঝর একটা শ্বাস ছেড়ে বলল,

– আলমারির ডান পাশে খালি আছে ওখানে রাখো।

– জিনিস পত্র রাখবো? দুদিনের জন্য শিফট হয়েছি জাস্ট ব্যাগ রাখলেই তো…

নির্ঝর আচমকা গম্ভীর হয়ে গেল। নির্দেশ দেওয়ার মতো করে বলল,

– আমি যা করতে বলেছি চুপচাপ সেটা করো।

এমন কণ্ঠ শুনে ওকে আর ঘাটাল না। চুপচাপ নির্ঝরের কথা মতো জামা কাপড় গুছিয়ে রাখলো। নির্ঝর ল্যাপটপে মনোযোগ দিয়ে বলল,

– এই মেয়েকে ভালো কথা বলে লাভ নেই!

কাপড়গুলো আলমারিতে রাখতে রাখতে হঠাৎ একটা কথা মনে পড়ল ঊষসীর।

– আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব?

ল্যাপটপ থেকে চোখ না তুলেই নির্ঝর বলল,

– করো।

– আপনার ঘরে আমার জিনিসপত্র রাখলে পরে আবার বলবেন না তো, আমি আপনার ঘর দখল করে ফেলেছি?

এবার নির্ঝর মুখ তুলে তাকাল। কয়েক সেকেন্ড ওর মুখের দিকে তাকিয়ে থেকে মৃদু বিরক্তির সুরে বলল,

– তোমাকে কি আমি ঘর থেকে বের করে দেওয়ার নোটিশ দিয়েছি?

– না, তবে আপনার কথাবার্তা যা! পরে বলবেন "ঊষসী তুমি আমার রুম দখল করেছো কেন?" ভেবে চিন্তে রুম দিবেন কিন্তু হ্যাঁ? আমি নিজের রুম ভাবলে নিজের মতো সব করবো।

নির্ঝর এবার ল্যাপটপ থেকে চোখ তুলে ঊষসীর দিকে তাকাল। মেয়েটার কথায় বিরক্ত হওয়ার কথা, অথচ কেন যেন তার মুখে হাসি চলে আসতে চাইছে। ঠোঁটের কোণে ফুটে ওঠা হাসিটা আড়াল করে গম্ভীর গলায় বলল,

– নিজের রুম ভাবলে নিজের মতো সব করবে মানে? আমার ঘরে এসে মাথায় উঠে নাচবে নাকি?

ঊষসী সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে তাকাল,

– এই তো! এখন থেকেই আপনার ঘর, আপনার ঘর করছেন! আমি তো আগেই বলেছি, পরে যেন আবার কথা শোনাতে না পারেন। তার চেয়ে এখনই বলে দিন, কী কী করা যাবে আর কী কী করা যাবে না। একটা নিয়মের তালিকা বানিয়ে দরজায় টাঙিয়ে রাখব।

নির্ঝর ভ্রু কুঁচকে বলল,

– তোমার কথা শেষ হয়েছে?

– না, আরও আছে। তবে আপনি যেহেতু বিরক্ত হয়ে যাচ্ছেন, আপাতত স্থগিত রাখলাম।

– অসংখ্য ধন্যবাদ!

– আপনাকে স্বাগতম!

কথাটা বলেই ঊষসী আবার আলমারির দিকে ফিরল। নির্ঝর কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে মাথা নাড়ল। ঊষসী সব গুছিয়ে কালকে পড়ার জন্য একটা জামা বের করে এক পাশে রাখলো। নির্ঝর সেটা দেখে বলল,

– এটা আলাদা রেখেছো কেন?

– এটা কাল পড়বো তাই।

নির্ঝর কপাল কুঁচকে বলল,

– শাড়ি পড়বে না?

– উহু।

– কেন? শাড়ি তো কাল পড়ার জন্য এনেছি।

– আজ পরে নিয়েছি

– কাল পড়া যাবে না কেন?

ঊষসী এবার ঠোঁট বাঁকিয়ে তাকাল। কিছুক্ষণ আগের সেই শাড়ি পরা অবস্থায় নির্ঝরের সামনে দাঁড়ানোর কথা মনে পড়তেই মনের ভেতর জমে থাকা অভিমানটা আবার মাথাচাড়া দিয়ে উঠল।

– আপনার মামা মামির সামনে শাড়ি পড়তে হবে কেন? যে শাড়ি পরে এতক্ষণ ঘুরলাম, সেই শাড়ি দেখে কেউ একটা ভালো কথাও বলল না। এখন আবার শাড়ি পরতে হবে কেন? নিজের শখে পরেছিলাম, নিজের শখেই খুলে রেখেছি। ব্যস!

নির্ঝর কয়েক মুহূর্ত চুপ করে রইল। মেয়েটার কথার ভেতরে যে চাপা অভিমানটা লুকিয়ে আছে, সেটা বুঝতে তার খুব একটা অসুবিধা হলো না। কিন্তু প্রশংসা তো সে করতে পারে না! কোনো দিন করেছে বলেও মনে পড়ে না! ঊষসী বিছানার ওপর পাশে গিয়ে বালিশ ঝাড়ছে। শুয়ে পড়বে এক্ষুনি।
নির্ঝর কয়েক মুহূর্ত চুপ করে রইল। মেয়েটার কথার ভেতরে যে চাপা অভিমানটা লুকিয়ে আছে, সেটা বুঝতে তার খুব একটা অসুবিধা হলো না। একটু পর ইনিয়ে বিনিয়ে বললো,

– শাড়িটা সুন্দর ছিল।

ঊষসীর হাত থেমে গেল। সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকাল। নির্ঝর আবার ল্যাপটপের দিকে মনোযোগ দিয়েছে, যেন এইমাত্র এমন কিছু বলেনি।
ঊষসী চোখ ছোট করে বলল,

– কী বললেন?

নির্ঝর এবারও স্ক্রিনের দিকে তাকিয়েই উত্তর দিল,

– কানেও সমস্যা আছে নাকি তোমার?

ঊষসী ঠোঁট বাকিয়ে বলল,

– শাড়িটা সুন্দর ছিল? আমি যে পরেছিলাম, সেটা বলেননি কিন্তু!

নির্ঝর এবার ল্যাপটপের ঢাকনা অর্ধেক নামিয়ে ওর দিকে তাকাল।

– তুমি কি প্রশংসা শোনার জন্যই শাড়ি পরেছিলে?

– না তো! আমি কি আর আপনার প্রশংসার জন্য বসে আছি? আপনি প্রশংসা না করলে কি শাড়ি সুন্দর থাকবে না?

– তাহলে এতক্ষণ ধরে অভিযোগ করছিলে কেন?

– অভিযোগ করিনি। গুড নাইট।

বলে বিছানার এক কোণে শুয়ে পড়লো। নির্ঝর রুমের লাইট নিভিয়ে ল্যাপটপ হাতে অন্য রুমে চলে গেল যেন ঊষসীর ঘুমের সমস্যা না হয়। ঊষসী ও বেরিয়ে গেছে বুঝতে পেরে একটু আরাম করে শুয়ে রইলো। খানিক্ষণের মধ্যে ঘুম চোখে ধরা দিলো। ঊষসী ঘুমিয়ে পড়ার পর নির্ঝর কাজ শেষ করে রুমে আসলো। বিছানার কাছে এসে থমকে দাঁড়াল নির্ঝর। এতদিন এই বিছানায় একাই ঘুমিয়েছে। আজ পাশে আরেকজন আছে! ঊষসীকে না জাগিয়ে সাবধানে বিছানার অন্য পাশে শুয়ে পড়ল সে। মাঝখানে যথেষ্টটা দূরত্ব রেখে পাশ ফিরে শুলো। কয়েক মুহূর্ত শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল সে। পাশ থেকে ঊষসীর ভারি নিঃশ্বাসের শব্দ ভেসে আসছে। সারাদিনের বকবকানি শেষে মেয়েটা এখন একেবারে চুপ। সারাদিনের ক্লান্তিতে সে ও দ্রুত ঘুমিয়ে পড়লো।

.

সকালে নির্ঝরের অ্যালার্মের শব্দে ঘুম ভাঙল। চোখ খুলতেই কয়েক সেকেন্ডের জন্য সে বুঝতে পারল না, পাশে কেউ শুয়ে আছে কি না । পরক্ষণেই মনে পড়ল, গতকাল রাতে ঊষসীকে নিজের ঘরে থাকতে বলেছিল সে কিন্তু পাশে সম্পূর্ণ খালি। মেয়েটা গেল কই? মাত্রই তো ছ’টা বাজে।
বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে এল সে। প্রথমে ভেবেছিল, হয়তো নিজের রুমে চলে গেছে। কিন্তু রুম থেকে বেরনো মাত্রই রান্নাঘর থেকে খুটখাট শব্দ কানে এল। সঙ্গে ভেসে আসছে হাঁড়ি-পাতিলের আওয়াজ। কৌতূহল নিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল নির্ঝর। দরজার কাছে এসে যা দেখল তাতে কয়েক মুহূর্তের জন্য থমকে দাঁড়াল সে।
ঊষসী রান্নাঘরে একেবারে মহাযজ্ঞ বসিয়ে রেখেছে!
চুলার ওপর দুটো হাঁড়ি বসানো। একটায় কী যেন ফুটছে, অন্যটায় তেল গরম হচ্ছে। পাশে কাটা সবজির বাটি, মসলা বাটা, ধোয়া চাল সবকিছু ছড়িয়ে-ছিটিয়ে আছে। ঊষসী একবার চুলার দিকে যাচ্ছে, আরেকবার ফ্রিজ খুলছে, কখনো ডান হাতে খুন্তি নাড়ছে, কখনো বাম হাতে ঢাকনা সামলাচ্ছে।
মনে হচ্ছে, রান্না নয় একাই একটা রেস্তোরাঁ চালু করে দিয়েছে!
সে কপাল কুঁচকে বলল,

– এত সকালে উঠে এত কিছু রান্না করার কী দরকার?

— আপনার মামা-মামি আসবেন না? তাঁদের জন্য নাশতা বানাচ্ছি। আর দুপুরের রান্নারও কিছুটা এগিয়ে রাখছি।

– তার মানে তুমি এতক্ষণ ধরে রান্না করছ?

– না, নাচছিলাম! আপনি এসে নাচের মাঝখানে বাধা দিলেন।

নির্ঝর বিরক্ত হয়ে দীর্ঘশ্বাস ফেলল।

– সকাল সকাল তোমার সঙ্গে কথা বলাটাই ভুল।

ঊষসী খুন্তি নাড়তে নাড়তে বলল,

– তাহলে কথা বলছেন কেন? গিয়ে ঘুমান। আমি সব সামলে নেব।

শেষ কথাটা বলেই ঊষসী হাঁড়ির ঢাকনা তুলল। গরম বাষ্প মুখে এসে লাগতেই চোখ বন্ধ করে একটু পিছিয়ে গেল সে। নির্ঝর দ্রুত এগিয়ে এসে চুলার আঁচ কমিয়ে দিল।

– সাবধানে! মুখের ওপর গরম ভাপ লাগতে পারত।

ঊষসী চোখ খুলে ওর দিকে তাকাল।

– আমার কিছু হয়নি।

– কিছু হলে তারপর বোঝা যেত! আর তোমার হাতের আঙুলটার কী অবস্থা, সেটা কি ভুলে গেছ?

নির্ঝরের দৃষ্টি গিয়ে পড়ল ব্যান্ডেজ বাঁধা আঙুলটার ওপর। ঊষসীও একবার তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নিল।

– একটা আঙুলে ব্যান্ডেজ হয়েছে, হাত তো আর ভেঙে যায়নি।

নির্ঝর চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলল।
সকাল সকাল এই মেয়ের সঙ্গে তর্ক করতে গেলে l মাথা গরম হয়ে যাবে যেটা সে চায় না! সে হাত বাড়িয়ে ঊষসীর হাত থেকে খুন্তিটা নিয়ে বলল,

– যাও, গিয়ে বসো। বাকিটা আমি করছি।

ঊষসী এমনভাবে তাকাল যেন নির্ঝর এইমাত্র তাকে রান্নাঘর থেকে চিরতরে বহিষ্কার করার ঘোষণা দিয়েছে।

– আপনি রান্না করবেন?

– হ্যাঁ কোনো সমস্যা?

– আপনি রান্না পারেন?

– না পারার কি আছে?

ঊষসী ঠোঁট বাঁকিয়ে রান্নাঘরের পাশের ছোট্ট টেবিলটায় বসে পড়ল। কিন্তু তার চোখ পুরোপুরি নির্ঝরের ওপর। নির্ঝর খুন্তি হাতে নিয়ে কড়াইয়ের দিকে তাকিয়ে রইল। তারপর বাটাগুলো দেখে কনফিউসড হয়ে গেল কোনটা কীসের বাটা. পাশের একটা বাটিটা তুলে ঊষসীকে জিজ্ঞেস করল,

– এটা কী?

– পেঁয়াজ বাটা।

– আর এটা?

– আদা-রসুন বাটা।

– কোনটা কখন দিতে হয়?

ঊষসী কয়েক সেকেন্ড চুপ করে থেকে মুখে হাত চাপা দিল। হাসি আটকাতে গিয়ে তার কাঁধ কেঁপে উঠল।
নির্ঝর চোখ তুলে তাকাতেই সে গম্ভীর মুখে বলল,

– কিছু না। কাঁদছি।

– হাসছ কেন?

– আপনার রান্নার প্রতি এত আগ্রহ দেখে আবেগে চোখে পানি চলে এসেছে!

নির্ঝর বাটিটা কাউন্টারে রেখে বলল,

– খুব হাসি পাচ্ছে, তাই না?

– ভীষণ!

– ঠিক আছে। তুমি বসে বসে হাসো। আমি রান্না শেষ করে তোমাকেই খাওয়াব।

ঊষসীর হাসি এবার আরও বেড়ে গেল।

– আমাকে খাওয়াবেন? কী দিয়ে? পেঁয়াজ বাটা আর আদা-রসুন বাটার ভর্তা?

– তুমি যেভাবে একই রকম বাটিতে একই কালার করে একই সাথে রেখেছো কিভাবে চিনবো?

নির্ঝর তীক্ষ্ণ চোখে তাকাতেই উষসী বলে উঠল,

– না না! আমি কিছু বলিনি। আপনি চালিয়ে যান। আমি আপনার পাশে আছি।

– পাশে না থেকে একটু দূরে থাকলেই আমার বেশি উপকার হতো।

ঊষসী হাসতে হাসতেই ড্রইং রুমের দিকে গেল। সব ঠিক আছে কি না একটু দেখে নিলো। এদিকে নির্ঝর রান্নায় লেগে পড়েছে। এতক্ষণ কেন এত কাহিনি করলো সে নিজেও জানে না! বলতে ইচ্ছে করলো তাই বলে ফেললো অথচ রান্না সে পারে, খুব ভালো করেই পারে!
ঊষসী যে কয়েকটা রান্না আগেই করে রেখেছিল। বাকি ছিল কয়েকটা পদ যেগুলো শেষের দিকে। মসলা দেওয়া থেকে শুরু করে তরকারির ঝোল ঠিক করা সবই করল বেশ দক্ষ হাতে।
কিছুক্ষণ পর রান্নাঘরে এসে ঢুকল ঊষসী। হাতে একটা পানির গ্লাস। এসে প্রথমেই চোখ পড়ল চুলার ওপর রাখা হাঁড়িগুলোর দিকে। তারপর নির্ঝরের দিকে তাকাল। লোকটা বেশ মনোযোগ দিয়ে একটা তরকারি নামাচ্ছে। ঊষসী কয়েক মুহূর্ত অবিশ্বাসের চোখে তাকিয়ে থেকে বলল,

– আপনি সত্যিই রান্না পারেন?

– কেন? আমাকে দেখে কি মনে হয় আমি রান্না পারি না?

– না মানে... আপনি আর রান্না! আমার একটু বিশ্বাস হচ্ছে না।

– বিশ্বাস না হলে খেয়ে দেখো। বি’ষ মেশানো থাকলে অবশ্য দায় আমার না।

ঊষসী চোখ বড় বড় করে তাকাল।

– আপনি নিজেই বলছেন বি’ষ মেশানো থাকতে পারে! আমি কি পাগল যে আপনার রান্না খাব?

– তাহলে খেয়ো না। তোমাকে খাওয়ানোর জন্য তো আর রান্না করছি না।

– হ্যাঁ, বুঝেছি। মামা-মামিকে বি’ষ খাওয়ানোর ব্যবস্থা করছেন!

মেয়েটা এখন এমন ফটর ফটর করার সাহস কোথায় পায়? নির্ঝর চোখ তুলে এমনভাবে তাকাল যে ঊষসী সঙ্গে সঙ্গে ঠোঁট চেপে হাসি আটকাল।

– আচ্ছা, আচ্ছা! আর বলব না। কিন্তু সত্যি করে বলুন তো, রান্না শিখলেন কোথায়?

নির্ঝর আবার চুলার দিকে মনোযোগ দিল। স্বাভাবিক গলায় উত্তর দিল,

– একা একা মানুষ হওয়া ছেলে আমি, এইটুকু পারব না?

কথাটা শুনে ঊষসীর মুখের হাসিটা একটু একটু করে মিলিয়ে গেল। নির্ঝর অবশ্য সেদিকে খেয়াল করল না। সে নিজের মতো করে বলে গেল,

– তার ওপর গত কয়েক বছর মেসে, হলে কত জায়গায় যে থেকেছি। সব সময় তো আর হোটেলের খাবার খেয়ে থাকা যায় না। নিজের কাজ নিজেকেই করতে হয়েছে। রান্নাটাও শিখে নিয়েছি। আর এখানে থাকতাম না বললেই চলে!

শেষের কথাটা বলতে গিয়ে নির্ঝরের কণ্ঠে বিশেষ কোনো পরিবর্তন হলো না। যেন খুব সাধারণ একটা অভিজ্ঞতার কথা বলছে সে। অথচ কথাগুলো ঊষসীর বুকের ভেতর কেমন একটা অস্বস্তি তৈরি করল। এতক্ষণ যে মানুষটাকে রান্না নিয়ে খোঁচা দিচ্ছিল, সেই মানুষটার হয়তো কোনো এক সময়ে রান্না শেখার পেছনেও ছিল নিজের খিদে মেটানোর তাগিদ। কেউ পাশে দাঁড়িয়ে বলার ছিল না, "তুমি বসো, আমি করে দিচ্ছি।"

ঊষসী ধীর গলায় বলল,

– তখন খুব কষ্ট হতো আপনার?

নির্ঝরের হাত থেমে গেল।

–কীসের?

– ওই যে... একা একা থাকতে হতো। নিজের সব কাজ নিজেকেই করতে হতো।

নির্ঝর থমকে গেল। এবার আর নিজের স্বভাব থেকে বেরোতে পারলো না। কথা এড়িয়ে যেতে বলল,

– টেস্ট করে দেখো তো লবণ ঠিক আছে কি না?

ঊষসী মন খারাপ করে টেস্ট করে মাথা নাড়ল। নির্ঝর ভ্রু কুঁচকে তাকাল।

– আবার কী হলো?

– কিছু না।

– তাহলে এভাবে দাঁড়িয়ে আছ কেন?

ঊষসী নিচু গলায় বলল,

– আপনি রান্না করছেন, আমি একটু দেখি।

– এতক্ষণ তো দেখেই হাসছিলে!

– এখন হাসব না।

– কেন? রান্না দেখে আবেগে আবার কান্না চলে আসবে?

ঊষসী এবারও হাসার চেষ্টা করল, কিন্তু হাসিটা ঠিক মুখে ফুটল না। নির্ঝর সেটা লক্ষ করল। কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল,

– কী হয়েছে তোমার?

– কিছু হয়নি তো!

– ঊষসী।

নাম ধরে ডাকতেই সে মুখ তুলে তাকাল। নির্ঝর একটু বিরক্তির সুরে বলল,

– তোমার মুখ দেখে মনে হচ্ছে আমি রান্না না, তোমার সামনে বসে আমার আত্মজীবনী লিখছি। এত মন খারাপ করার কী আছে?

ঊষসী ঠোঁট কামড়ে মাথা নাড়ল।

– মন খারাপ করিনি।

– ভালো। তাহলে ওই বাটিটা এগিয়ে দাও।

ঊষসী বাটিটা এগিয়ে দিল। নির্ঝর সেটা নিয়ে রান্নায় মন দিল। মেয়েটা আর কোনো প্রশ্ন করল না। শুধু চুপচাপ পাশে দাঁড়িয়ে রইল। নির্ঝরও আর কিছু বলল না। তবে তার মনে হলো, এই মেয়েটা বড্ড অদ্ভুত! একটু আগে যে তাকে রান্না না জানার জন্য নিয়ে হাসাহাসি করছিল এখন সেই মেয়েই কেমন চুপ হয়ে গেছে। কী এমন কথা বলে ফেলেছে সে?

– এই তো, রান্না শেষ। এবার বলো, তোমার কী মনে হচ্ছে? আমাকে দিয়ে কিছু হবে?

ঊষসী রান্নার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল,

– হবে। আপনাকে দিয়ে অনেক কিছুই হবে।

নির্ঝর দ্রুত মুখ ঘুরিয়ে তোয়ালে দিয়ে হাত মুছতে মুছতে বলল,

– বেশি প্রশংসা করার দরকার নেই। রান্না ঠান্ডা হয়ে যাচ্ছে। টেবিলে নিয়ে যাও।

ঊষসী এবার একটু স্বাভাবিক হলো।

– ওহ! এতক্ষণ তো বলছিলেন আমি দূরে থাকলে আপনার উপকার হবে। এখন আবার কাজের সময় আমাকে ডাকছেন?

– তোমার সঙ্গে তর্ক করে সময় নষ্ট করার চেয়ে কাজ করিয়ে নেওয়া ভালো।

– বাহ! কী সুন্দর স্বামী পেয়েছি আমি!

কথাটা মুখ ফসকে বেরিয়ে যেতেই ঊষসী নিজেই থমকে গেল। নির্ঝরও হাতের তোয়ালেটা নামিয়ে তার দিকে তাকাল। কয়েক সেকেন্ড দুজনের চোখাচোখি হলো। উষসী দ্রুত রান্নাঘর থেকে বেরিয়ে গেল।
কিছুক্ষণ পর ঘরে বেল পড়তেই,

– মনে হচ্ছে আপনার মামা-মামি এসে গেছেন!

নির্ঝর ঘড়ির দিকে তাকাল। তারপর দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলল,

– তুমি এখানেই থাকো। আমি দেখে আসছি।

ঊষসী ভ্রু কুঁচকে পেছন থেকে বলল,

– কেন? আমি কি অতিথিদের সামনে যেতে পারব না?

– পারবে তবে বেশি ঘুরঘুর করার প্রয়োজন নেই। কুশল বিনিময় করে কাজের অজুহাতে সরে আসবে। আর দরকারে যাবে এর বেশি দরকার নেই।

– কি বলছেন! মেহমান এসেছে আর আমি কি থাকব না নাকি?

নির্ঝর কঠোর কণ্ঠে বলল,

– আমি যা বলছি তা-ই যেন হয়। এর অমান্য যেন হতে না দেখি আমি।

নির্ঝর চলে গেল। ঊষসী হা করে রইলো। লোকটার মধ্যে আগের মতো রাগী রূপ আবার দেখা যাচ্ছে! হঠাৎ একটু আগেও সফটনেসটা কোথায় যেন হারিয়ে গেছে!

#চলবে…?

(অগোছালো মনে হতে পারে তার জন্য দুঃখিত, খুব চাপের মধ্যে লিখছি)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 29 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন