#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(৩০)
#তাবাসসুম_তাজ্বওয়ারী
রান্নাঘরের প্রবেশপথে দাঁড়িয়ে হতভম্ব হয়ে আছে ঊষসী। নির্ঝর পর্দা টেনে দিয়ে চলে গেল। রান্নাঘরের পর্দাটা একপাশে একটু সরিয়ে উঁকি দিল ঊষসী। এখান থেকে সদর দরজাটা স্পষ্ট দেখা না গেলেও ড্রয়িংরুমের বেশ খানিকটা দেখা যায়। সে পর্দার আড়ালেই দাঁড়িয়ে রইল। নির্ঝর দরজা খুলতেই বাইরে দাঁড়িয়ে থাকা মধ্যবয়স্ক ভদ্রলোক মুখে হাসি নিয়ে বলে উঠলেন,
– এই তো! কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি বাবা! ঘুমিয়ে ছিলি নাকি?
নির্ঝর হালকা হাসল।
– না। আসুন, মামা। বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন।
মামা ভেতরে এলেন। ভদ্রলোকের চোখ ইতিমধ্যে বাড়ির ভেতরটা ঘুরে দেখতে শুরু করেছে। দরজার পাশের সাজসজ্জা, ড্রয়িংরুমের আসবাব, দেয়ালে টাঙানো ছবি কিছুই তাঁর নজর এড়াল না। নির্ঝর পেছনে দাঁড়িয়ে থাকা মামিকে দেখে বলল,
– আসুন, মামি। নাবিদ আয়।
নির্ঝর ব্যাগ পত্র নিয়ে ওদের ড্রইং রুমে বসতে দিলো। প্রথমেই ওর মামি বললো,
– নির্ঝর? তুমি নাকি বিয়ে করেছো? তা তোমার বউ কই দেখছি না যে তাকে!
নির্ঝর স্বাভাবিকভাবেই জবাব দিলো,
– আছে। রান্নাঘরে একটু ব্যস্ত। আমি ডাকছি।
নির্ঝর রান্নাঘরে এসে ওকে আপাদমস্তক দেখে বলল,
– ওড়না ভালো করে পেঁচিয়ে নাও।
ঊষসী নিজের দিকে একবার তাকালো। সে তো ওড়না পেচিয়েই রেখেছে! তবুও ওড়না টেনে বলল,
– আর কি পেঁচাব?
নির্ঝর কিছু বলল না। ওকে সাথে আসতে বলে বলল,
– এক্সট্রা কথা বলবে না। আমাদের বিয়ের ব্যাপারে কিছু জিজ্ঞেস করলে আমি সামলে নেবো তুমি আগ বাড়িয়ে কিছু বলতে যেও না যেন!
ঊষসী মাথা নাড়ল। নির্ঝর ঊষসীকে সঙ্গে নিয়ে ড্রয়িংরুমে ঢুকতেই তিন জোড়া চোখ একসঙ্গে ওদের দিকে ঘুরে গেল। ঊষসী মাথা নিচু করে নির্ঝরের পাশে এসে দাঁড়াল। অপরিচিত মানুষগুলোর সামনে এমনিতেই তার একটু অস্বস্তি হচ্ছিল, তার ওপর নির্ঝর যেভাবে বারবার সাবধান করে দিয়েছে, তাতে মুখ খুলতেও এখন ভয় লাগছে! নির্ঝরের মামি সোফায় বসে ছিলেন। ঊষসীকে দেখামাত্রই মুখে হাসি ফুটিয়ে বললেন,
– ওমা! এটাই তাহলে আমাদের নির্ঝরের বউ! এসো মা, এসো। এদিকে এসে বসো।
ঊষসী মৃদু হেসে সালাম দিলো।
– আসসালামু আলাইকুম।
– ওয়ালাইকুম আসসালাম। তা মা, তোমার নাম কী?
– ঊষসী।
– বাহ! সুন্দর নাম তো! নির্ঝর, বিয়ে করেছিস অথচ আমাদের একবার জানানোরও প্রয়োজন মনে করলি না? আমরা কি তোর পর হয়ে গেছি নাকি?
মামার কণ্ঠে অভিযোগের সুর। নির্ঝর নির্বিকারভাবে সোফার একপাশে বসতে বসতে বলল,
– এমন কিছু না, মামা। জানানো হয় নি।
মামি স্বামীর কথায় সায় দিয়ে বললেন,
– হ্যাঁ নির্ঝর! বিয়ে করবে অথচ আত্মীয়স্বজনের কেউ জানবে না এটা কেমন কথা? অন্তত আমাদের তো জানাতে পারতে!
নির্ঝর ঠান্ডা গলায় বলল,
– হয়ে গেছে তো এখন। যা হওয়ার হয়েছে, সেটা নিয়ে আর কথা বাড়িয়ে লাভ কী?
নির্ঝরকে ওরা খুব ভালো করেই চেনে। ছেলেটার সাথে অহেতুক কথা না বাড়ানোই শ্রেয় মনে করলো। ওর মামি ঊষসীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন,
– তুমি রান্নাবান্না পারো তো মা?
ঊষসী এবার একটু হেসে বলল,
– জি, আলহামদুলিল্লাহ। পারি।
– ভালো, ভালো। আজ তাহলে তোমার হাতের রান্নাই খাব। দেখি, আমাদের নির্ঝরকে কী খাওয়াচ্ছ!
কথাটার মধ্যে মজা থাকলেও ঊষসী ঠিক বুঝতে পারল না, মামি সত্যিই মজা করলেন নাকি কথার ভেতরে অন্য কিছু বোঝাতে চাইলেন। তবু সে স্বাভাবিক গলায় বলল,
– জি, রান্না করা আছে। আপনারা ফ্রেশ হয়ে নিলে নাশতা দিয়ে দিচ্ছি।
মামি খুশি হয়ে মাথা নাড়লেন।
– বেশ, বেশ। তা নির্ঝর, তোমার বউ তো বেশ গুছিয়ে কথা বলে!
– জি, কথা বলতে ওর কোনো সমস্যা নেই।
ঊষসী পাশ ফিরে নির্ঝরের দিকে তাকাল। কথাটা প্রশংসা, নাকি খোঁচা তা বোঝার চেষ্টা করল সে। নির্ঝরের মুখ দেখে অবশ্য কিছুই বোঝার উপায় নেই। নির্ঝর ওর দিকে তাকিয়ে বলল,
– তুমি যাও নাস্তা রেডি করো।
ঊষসী রান্নাঘরে চলে গেল। একটু পর সবাই ফ্রেশ হয়ে খেতে বসলো। ঊষসী সব বাটিতে সার্ভ করে রেডিই রেখেছিলো। সবাই খেতে বসলে ও একটু দূরেই দাঁড়িয়ে রইলো। নির্ঝর টেবিলের সামনে দাঁড়িয়ে ওদের এগিয়ে দিচ্ছে। এতক্ষণ পর নির্ঝরের মামার ছেলে নাবিদ মুখ খুললো। হাসি মুখে বলল,
– কি যেন নাম.. হুম ঊষসী! তুমি কি নিজেই সব রান্না করেছো?
এভাবে নাম ধরে ডেকে প্রথমবারে তুমি করে ডাকাটা খুব একটা পছন্দ হলো না তবুও ঊষসী তার দিকে তাকিয়ে বলল,
– জি।
নাবিদ মৃদু হেসে বলল,
– বাহ! ভাই তো তাহলে বেশ ভাগ্যবান। এত সুন্দরী বউ, আবার রান্নাও পারে!
কথাটা বলার সময় নাবিদের দৃষ্টি ঊষসীর মুখে কয়েক মুহূর্ত বেশি আটকে রইল। কেমন একটা চাহনি ঊষসী অস্বস্তি বোধ করল। সে কিছু বলার আগেই নির্ঝর একটা গ্লাস বাড়িয়ে দিয়ে নাবিদের দিকে তাকাল।
– নাবিদ।
নাবিদ মুখ ঘুরিয়ে তাকাল।
– হ্যাঁ, ভাই?
নির্ঝর রাখঢাক রাখলো না, সরাসরি বলল,
– কথা বলার সময় একটু খেয়াল রাখিস।
নাবিদ ওর দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল,
– কেন ভাই? আমি কি ভুল কিছু বললাম? আমি তো ওর প্রশংসা করলাম!
– প্রশংসা করতে গিয়ে সীমা ছাড়ানোর দরকার নেই। প্রথমত ওকে নাম ধরে ডাকছিস, আবার তুমি সম্বোধন?
– তো কি হয়েছে? তুমি আমার ভাই, ভাইয়ের বউয়ের সাথে একটু আধতু মজা করা যায় সেখানে তুমি করে বললে সমস্যা কই? আর ও তো আমার ছোটই হবে।
– কিন্তু আমার বউয়ের সাথে ওসব মজা ফাজলামি করার অধিকার আমি দেবো না। বয়সে ছোট হওয়া আর সম্পর্কের সম্মান বজায় রাখা এক জিনিস না।
– কেনো? তোমার বউও কি তোমার মত নাকি নিজে গম্ভীর আরেকজনকেও জোর করে গম্ভীর বানাবে? ওকে দেখলেই বোঝা যায় ও খুব মিশুকে…
নির্ঝর ওকে থামিয়ে দিয়ে কড়া চোখে ঊষসীর দিকে তাকালো। মেয়েটা থতমত খেলো। নির্ঝর শক্ত গলায় বলল,
– তুমি ভেতরে যাও।
ঊষা চুপচাপ চলে গেলে নাবিদ ঠোঁট বাঁকিয়ে হাসল।
– আরে ভাই, তুমি এমন করছ কেন? ভাবি তো কিছু বলল না!
– ওকে কিছু বলতে হবে কেন? তোর আচরণটা বোঝার মতো বয়স আমার হয়েছে।
টেবিলে মুহূর্তের জন্য নীরবতা নেমে এল। নির্ঝরের মামা এতক্ষণ সব শুনেও চুপ ছিলেন। এবার তিনি গলা খাঁকারি দিয়ে বললেন,
– কী হয়েছে তোদের? সামান্য একটা কথা নিয়ে এত বাড়াবাড়ি করার কী আছে? নাবিদ তোকে ছোটবেলা থেকে ভাইয়ের মতোই দেখে এসেছে। একটু মজা করেছে, তাতেই এত রাগ করার কী আছে?
নির্ঝর মামার দিকে তাকাল।
– মামা, মজা তখনই মজা থাকে, যখন দুজনেই সেটা উপভোগ করে। একজন অস্বস্তি বোধ করলে সেটাকে মজা বলে চালিয়ে দেওয়া যায় না। আর আমি চুপ থাকি বলে কিছু জানি না, এমনটা ভাববেন না। সব খবরই আমার কানে আসে। তারপরও আমি আপনাদের আমার বাসায় এলাও করেছি মানে এই নয় যে যার যা ইচ্ছা তা করবেন!
– আহা নির্ঝর শোন…
– ঊষসী আমার ওয়াইফ ওর ভালো লাগা বা খারাপ লাগাটাও আমার দেখতে হবে। নাবিদ যেই দৃষ্টি দিয়েছে সেটা ঊষা কেন? কোনো মেয়েরই ভালো লাগবে না। ইভেন আমারও লাগে নি তাই সাবধান করেছি।
নির্ঝরের মামি ওদের থামিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে বলল,
– আরে, নির্ঝর! ছেলেটা মজা করছে। তুমি সব কথায় এমন গম্ভীর হয়ে যাও কেন? ওকে চেনো না?
নির্ঝর আর কিছু বলল না। ওর মামা আবার বলল,
– তুই আগের মতোই আছিস, নির্ঝর। ছোট একটা বিষয়কেও সহজভাবে নিতে পারিস না।
নির্ঝর মৃদু হাসল।
– আমি সহজভাবেই নিচ্ছি, মামা। নইলে এতক্ষণে কথাবার্তা অন্য জায়গায় চলে যেত। খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাচ্ছে।
মামা চুপ করে গেলেন। সবাই খাবারে মনোযোগ দিলো।
ঊষসী রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপন মনে বিড়বিড় করে রান্নাঘর গুছাচ্ছে। "হুহ! গম্ভীর লোক একটা। একটু আগে এমন চোখ রাঙাচ্ছিল, মনে হচ্ছিল আমিই বুঝি অপরাধী!" কথাটা শেষ করে সে আবার কাজে মন দিল। টেবিলের ওপর রাখা প্লেটগুলো গুছিয়ে একপাশে রাখল। তাদের নাস্তা খাওয়া বোধহয় শেষ এখন চা-টা নিয়ে যায় আর নির্ঝরের জন্যও এক কাপ দিতে হবে কি না, সেটা ভাবতে গিয়েই আবার মুখটা গম্ভীর হয়ে গেল তার।
দেব না। "একদম দেব না। নিজে গিয়ে বানিয়ে খাক। আমি কি তার চায়ের দোকান খুলে বসেছি নাকি?"
ঠিক তখনই পেছন থেকে গম্ভীর কণ্ঠ ভেসে এল,
– কার চায়ের দোকান খুলে বসেছ?
ঊষসী চমকে পেছনে ফিরল। নির্ঝর হাতে কয়েকটা বাটি নিয়ে ভেতরে এলো। সিংকে রেখে ওর দিকে তাকাল। ঊষসী আমতা আমতা করে বলল,
– আপনি চা খাবেন? আপনার জন্য চা দেবো?
নির্ঝর প্রশ্নের পিঠে প্রশ্ন করে শুধাল,
– তুমি নাস্তা করেছো? নাকি সকাল থেকে খালি ট ট করে যাচ্ছ?
– হু।
– কি হু?
– সবাই খেয়ে নিক আমি খাবো। আপনি বসেন নি কেন?
– চা আমি নিয়ে যাচ্ছি তুমি খেয়ে নাও।
– আ…
– চুপচাপ কথা শুনো তর্ক করবে না একদম!
বলেই সে চা নিয়ে ট্রে হাতে চলে গেল।
.
– আপনার বোধহয় টায়ার্ড। রুমে গিয়ে রেস্ট নিতে পারেন।
নির্ঝরের মামা বললো,
– তোর সাথে কথা বলি এদিকে আয়। রেস্ট পরে নেব।
নির্ঝর ঊষসীকে বলল ওদের রুমে নিয়ে যেতে এরপর ও এসে মামার সাথে বসলো। ঊষসী গেস্টরুমে নাবিদকে থাকতে বলে ও যেই রুমে থাকতো ওখানে ওর মামিকে যেতে বলল। তারপর নিজেও নির্ঝরের রুমে চলে এলো। সকালে খুব ভোরে উঠে টায়ার্ড লাগছে তার। ওদিকে ড্রইং রুমে নির্ঝর ও তার মামা বসে।
– তোর বাড়িটা তো বেশ সুন্দর করে সাজিয়েছিস! আগে তো এমন গোছানো ছিল না। বিয়ের পর বউমা এসে সব সামলাচ্ছে বুঝি?
নির্ঝরের ভ্রু সামান্য কুঁচকে গেল।
– কি বলতে চাইছেন সোজাসুজি বলুন মামা।
– তুই এমন করে বলছিস কেন? নিজের মানুষের সঙ্গে একটু কথা বলতেও এখন অনুমতি নিতে হবে নাকি?
– কথা বলার জন্য অনুমতি লাগে না। তবে কথার উদ্দেশ্যটা পরিষ্কার থাকলে বুঝতে সুবিধা হয়।
এবার তিনি হেসে উঠলেন।
– তুই তো সেই ছোটবেলার মতোই আছিস! কথায় কথায় এমন গম্ভীর হয়ে যাস যে মানুষ ভয় পেয়ে যায়।
– তাহলে সরাসরি কথায় আসি।
নির্ঝরের শান্ত কণ্ঠে এবার আর হাসির অবকাশ রইল না। তার মামা একটু গলা খাঁকারি দিলেন।
– আসলে তোর বিয়ের খবরটা শুনে অবাক হয়েছি। এত বড় একটা সিদ্ধান্ত নিলি, অথচ কাউকে কিছু জানালি না। তোর মা বেঁচে থাকলে নিশ্চয়ই…
– আমার মা বেঁচে নেই, মামা। আর তাঁর কথা টেনে এনে আমাকে কোনো সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে বাধ্য করার চেষ্টা করবেন না।
কথাটা নির্ঝর খুব স্বাভাবিকভাবেই বলল। কিন্তু সেই স্বাভাবিকতার আড়ালে এমন একটা কঠিন সুর ছিল যে মামা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর অন্য প্রসঙ্গ তুললেন।
– আচ্ছা, বিয়ে যখন করেই ফেলেছিস, তখন তো এখন সংসার নিয়ে ভাবতে হবে। একা মানুষ আর সংসারী মানুষের মধ্যে অনেক তফাত। দায়িত্বও বাড়ে।
– জানি।
– তাই বলছিলাম, তোর নানির রেখে যাওয়া সম্পত্তিগুলোর ব্যাপারেও একটু ভাবা দরকার। সবকিছু তো আর এভাবে ফেলে রাখা যায় না। কাগজপত্র, দেখাশোনা, ভবিষ্যতের পরিকল্পনা এসবের জন্য অভিজ্ঞ মানুষের সাহায্য লাগে।
নির্ঝর এবার সোজা হয়ে বসল। এই তো! এতক্ষণে কথার আসল জায়গায় পৌঁছানো গেছে। সে ঠোঁটের কোণে সামান্য হাসি টেনে বলল,
– আমার সম্পত্তির কথা বলতে ডেকেছেন?
মামা একটু অপ্রস্তুত হলেন। তড়িঘড়ি করে বললেন,
– কী বলিস এসব! তুই আমার ভাগনে। তোর ভালো-মন্দের কথা ভাবব না?
– অবশ্যই ভাববেন। তবে আমার ভালো-মন্দের কথা ভাবতে গিয়ে আমার সম্পত্তির কাগজপত্র নিয়ে এত চিন্তা করছেন কেন, সেটাই বুঝতে পারছি না।
– আরে, তুই ব্যাপারটা ভুল বুঝছিস! আমি তো শুধু বললাম, চাইলে আমি সবকিছু দেখাশোনার দায়িত্ব নিতে পারি। তোর তো এখন সংসার হয়েছে। এত কিছু একা সামলাতে কষ্ট হবে।
নির্ঝর হেসে ফেলল। তারপর বলল,
– এত বছর যখন একা গোটা একটা জীবন চালাতে পেরেছি এখন সংসার হয়েছে বলে এইটুকু সামলাতে পারবো না সেটা কিভাবে হয়? এখন তো সাথে ঊষসী আছে!
নির্ঝর মাথাটা সামান্য ডানদিকে ঝুঁকিয়ে খুব স্থির দৃষ্টিতে মামার দিকে তাকিয়ে রইল। তার চোখের সেই শীতল চাউনি দেখে মামা যেন কিছুটা অস্বস্তিতে পড়ে গেলেন।
– কষ্ট তোদের করতে হবে কেন রে পাগল? আমি তো আছিই! আম্মা মা’রা যাওয়ার পর থেকে তো আর সেভাবে খোঁজ নেওয়া হয়নি। এখন তোকে একটু সাহায্য করতে পারলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না। তাছাড়া... এই ফ্ল্যাট আর ওই যে জমিটার কাগজপত্রগুলো কি ঠিকঠাক আছে তো? আইনি ঝামেলা তো বুঝিসই, একটু এদিক-সেদিক হলেই হাতছাড়া হয়ে যায়। ভাবলাম, দলিলগুলো আমার কাছে দিলে আমি সব যাচাই বাছাই করে পাকাপাকি করে রাখতে পারতাম।
মামার কণ্ঠে অতিরিক্ত দরদ আর মেকি উদ্বেগের গন্ধ এতটাই প্রকট ছিল যে নির্ঝরের বমি আসার উপক্রম হলো। ছেলেবেলা থেকেই লোকটার এই শ’কুনের স্বভাব সে দেখে আসছে। নানুর মৃত্যুর পর থেকেই সম্পত্তির লোভে এই মানুষটা কীভাবে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল, তা নির্ঝরের হাতের তালুর মতো চেনা।
নির্ঝর চালে চালে গেমটা এবার নিজের হাতে তুলে নিল। সে ধীরস্থির গলায়, অত্যন্ত বিনয়ের আবরণে মোড়ানো এক বি’ষাক্ত তীর ছুড়ল,
– দলিলপত্র আর আইনি ঝামেলা নিয়ে আপনার এত ভাবতে হবে না, মামা। ওগুলোর সব ব্যবস্থা আমি নিজেই করে রেখেছি। তা ছাড়া, আপনি যখন চট্টগ্রাম থেকে এত কষ্ট করে এলেনই তখন বরং সম্পত্তি নিয়ে না ভেবে একটু ঘুরেফিরে দেখুন। এই শহরটা আগের চেয়ে অনেক বদলে গেছে। নাবিদকে নিয়ে একটু বাইরে বেরোবেন, ঘুরে বেড়াবেন। আমার প্রজেক্টের কাজ শেষ হলেই না হয় আমরা একসাথে বসে ফ্যামিলি প্রপার্টি নিয়ে ভেবে দেখব কি না ভাবব, কেমন?
কথাটার মধ্যে দিয়ে নির্ঝর খুব পরিষ্কারভাবেই বুঝিয়ে দিল যে, সম্পত্তি হাতানোর কোনো সুযোগ এখানে নেই এবং মামার এই ফন্দি সে শুরুতেই ধরে ফেলেছে। বুড়ো শকু’নের প্রথম চালটা যে ভাগনের কাছে খাটল না, তা বুঝতে পেরে মামা ভেতরে ভেতরে তেলে-বেগুনে জ্বলে উঠলেও দেখালেন না। তিনি দীর্ঘশ্বাস ফেলার নাটক করে উঠে দাঁড়ালেন।
– ঠিক আছে বাবা, তুই যেভাবে ভালো মনে করিস। আমি তো কেবল তোর ভালোর জন্যই বলছিলাম!
.
মাঝে একটা দিন কেটে গেছে। এই একদিন ঊষসীর বেশ খাটনি গিয়েছে। একেকজনের সূক্ষ্ম খোঁচা মাঝে মাঝে নাবিদের এমন সব প্রশ্ন আর কথাবার্তা! নির্ঝর যদিও সবসময়ের মতো ওর ঢাল হয়ে দাঁড়িয়েছে।
আজ সকালে চারপাশ বেশ কুয়াশাচ্ছন্ন। নির্ঝরের আজ ভার্সিটিতে জরুরি প্রেজেন্টেশন আর প্রজেক্ট সাবমিশন, তাই সকালেই বেরোতে হবে। নির্ঝর নাস্তা করছিল। মামা-মামী এখনো ঘুম থেকে ওঠেননি আর নাবিদও পাশের ঘরে নাক ডেকে ঘুমাচ্ছে। রান্নাঘর থেকে ধোঁয়া ওঠা কফির মগ হাতে নিয়ে ড্রয়িংরুমে এল ঊষসী। নির্ঝর খাওয়া শেষ করে গম্ভীর গলায় বলল,
– সারাদিন নিজের খেয়াল রাখতে পারবে তো? আজ সারাটা দিন আমি ভার্সিটিতে থাকব। বাসায় একা এই মানুষদের ফেস করতে হবে তোমাকে। আমি চেষ্টা করবো আগেই ফেরার।
– আমি সামলে নেব...
ও উঠে দাঁড়িয়ে বলল,
– রুমে দরজা লক করে বসে থাকবে। অত বেশি বাইরে বের হওয়ার দরকার নাই। ফোন সাথে সাথে রাখবে।
– আপনি এসব কী বলছেন? ওনারা তো আপনার আত্মীয়...
– আত্মীয় কতদূর যেতে পারে, তা তোমার ধারণার বাইরে!
নির্ঝর থামিয়ে দিল তাকে। তারপর ব্যাগ তুলে নিয়ে বলল,
– আসছি আমি।
ঊষসী ঘাড় নাড়ল। এরপর শুরু হলো যুদ্ধ! মামা-মামী একে একে ঘুম থেকে উঠে এলেন। মামী ড্রয়িংরুমে এসে মুখ বাঁকিয়ে নানা খুঁত ধরতে শুরু করলেন, "এখানে তো দেখি গ্যাস থাকে না ঠিকমতো, চা-নাস্তা পেতে এত দেরি হলো কেন বউমা? এতো দেরিতে নাস্তা করে কেউ?" ঊষসী সব সহ্য করে শান্ত মুখে নাশতা এগিয়ে দিল। নাবিদ তখনো ঘুমাচ্ছে।
দুপুর গড়িয়ে যখন রোদের তেজ কিছুটা কমল, তখন মামা বাইরে গেলেন কোনো এক দরকারে, আর মামী গোসলে ঢুকলেন। ফ্ল্যাটটা পুরোপুরি নিস্তব্ধ হয়ে গেল।
রান্নাঘরের কাজ গুছিয়ে ঊষসী মাত্র রুমে আসলো। দরজা লক করলো না। হাতে একটু সময় থাকায় সে নির্ঝরের স্টাডি টেবিলটার পাশে বসল। অনেকদিন পড়ালেখা আকাশে উঠেছে। মাত্র ফোনটা হাতে নিয়ে কি যেন করছে হঠাৎ পেছনে দরজার শব্দ হলো। ঊষসী চমকে পিছন ফিরে তাকাল। তার বুকের ভেতরটা এক মুহূর্তে ভয়ে হিমে পরিণত হলো। সে তো দরজা লক করেনি! দরজার মুখে দাঁড়িয়ে থাকা নাবিদের মুখে এক চিলতে বিকৃত আর লোলুপ হাসি। তার চোখ দুটো যেন গিলে খাওয়ার ভঙ্গিতে ঊষসীর ওপর আটকে আছে। মামা বাইরে আর মামী বাথরুমে এই মোক্ষম সুযোগটার জন্যই বোধহয় সে ওত পেতে ছিল। ঊষসী চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কিন্তু ভয় গিলে নিয়ে সে চালাকি করে উঁচু গলায় বলল,
– কিছু লাগবে নাবিদ ভাই? হঠাৎ আমার রুমে?
– তুমি… মানে আপনি তো রুমের ভেতর বসে থাকেন আপনি কিভাবে জানবেন? তাই এলাম! ভাই তো ভার্সিটিতে তাই না? কথা আছে আপনার সাথে।
– হ্যাঁ। আপনি রুমে গিয়ে বসুন। মামি বের হোক বা মামা আসুক তারপর ড্রইং রুমে নাহয় কথা বলবো?
– কেন এখানে কথা বলতে সমস্যা আছে?
– হ্যাঁ অবশ্যই আছে। আমি এভাবে আপনার সাথে একা কথা বলবো না। নির্ঝরও বাড়িতে নেই তাই…
নাবিদ দরজা চাপিয়ে দিয়ে এগিয়ে আসতে আসতে বলল,
– সমস্যা নেই আমি কথা বলেই চলে যাবো। ভয় পাচ্ছেন নাকি?
ঊষসী যথাসম্ভব নিজেকে শক্ত রেখে বলল,
– ভয় পাবো কেন? আপনি বের হন রুম থেকে!
নাবিদ বাঁকা হেসে বলল,
– বের হবো কেন? আপনিই তো আমায় ডাকলেন!
ঊষসী অবাক হয়ে বলল,
– আমি ডেকেছি মানে? আমি কখন ডাকলাম?
– সেটা তো আমি আপনি জানি বাকিদের বলবো আপনি আমাকে ডেকেছেন। নির্ঝরকে দমানোর একটা সুযোগ কিভাবে হাতছাড়া করি কিভাবে বলুন তো? তাছাড়াও আপনাকে আমার হেব্বি লেগেছে!
নাবিদের মুখে এমন কথা শুনে ঊষসীর বুকের ভেতরটা ধক করে উঠল। লোকটা যে এতটা নিচে নামতে পারে, তা সে কল্পনাও করেনি। নির্ঝরকে শায়েস্তা করার জন্য তাকে ব্যবহার করতে চাইছে! তার ওপর মিথ্যা অপবাদ দেওয়ার হুমকি! তার রন্দ্রে রন্দ্রে ভয় চলে এলেও সে নিজেকে শক্ত দেখালো। বিভিন্ন কথা বলে নিজেকে প্রস্তুত করে নিলো যেন। কোনোভাবে বেরোনোর পথ খুঁজছে যেন!
– আমাকে দুর্বল ভাববেন না। আর এক পা এগোলে আপনাকে আমি ছাড়ব না।
– কে ছাড়তে বলেছে?
নাবিদের ইঙ্গিতপূর্ণ কথায় ঊষসীর চোখেমুখে ঘৃণা ফুটে উঠল।
– ছিঃ! এসব কথা বলতে আপনার একটুও লজ্জা করছে না?
– লজ্জা? লজ্জা তো আপনার করা উচিত। এত সুন্দরী একটা মেয়ে, অথচ এমন গম্ভীর একটা লোকের সঙ্গে জীবন কাটাচ্ছেন! আপনার জায়গায় অন্য কেউ হলে…
– চুপ করুন! বাড়াবাড়ি করবেন না! রুম থেকে বেরোন নাহলে…
বলতে না দিয়ে নাবিদ দ্রুত এসে ওর হাত চেপে ধরলো।
– নাহলে? হু? নিজেকে নিয়ে অহংকার খুব তাই না? নির্ঝর ভাই আর তুমি একই ক্যাটাগরির! এতো ভালো সুযোগ হাত ছাড়া করছি না স্যরি!
ঊষসীর বুকের ভেতর হৃদস্পন্দন এত দ্রুত হচ্ছিল যে মনে হচ্ছিল, নাবিদও বুঝি তা শুনতে পাচ্ছে। সে চিৎকার করে উঠলো,
– হাত ছাড়ুন! আমি কিন্তু চিৎকার করবো।
– হ্যাঁ করো! কে কে আসে আমিও দেখি! মনে রাখবে, এই সমাজে কলঙ্গ শুধু মেয়েদের হয়, ছেলেদের নয়।
হাসতে হাসতে এক পর্যায়ে জোর জবরদস্তি শুরু করলো। ঊষসীর এখন নিজেকে অসহায় লাগছে মনে মনে আল্লাহর কাছে চাইছে নির্ঝরের উপস্থিতি! নির্ঝর আজই কেন বাইরে গেল? এসব ভাবতে ভাবতে চোখ বেয়ে পানি নেমে এলো! নিজেকে কিভাবে এই পরিস্থিতি থেকে বাঁচাবে! কি হতে পারে এসব ভাবতেই বুক কেঁপে উঠছে। মাথা ভনভন করতে শুরু করেছে অলরেডি। শরীর কেঁপে কেঁপে উঠে সব শক্তি ফুরিয়ে আসছে। অস্ফুট স্বরে ডাকার চেষ্টা করলো,
– নি… নির্ঝর কোথায় আপনি?
বলতে বলতে ফুঁপিয়ে উঠলো। জীবনে সকল জটিলতা, সকল খারাপ পরিস্থিতি যেন উষসীর পিছু ছাড়ছে না! নিজের এই পরিস্থিতি নিয়ে আফসোস করতে করতে আপ্রাণ চেষ্টা চালালো নিজেকে নাবিদের হাত থেকে ছাড়ানোর।
#চলবে…?
[ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কিসব ছাতার মাথা লিখছি জানি না🙂]