#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(৩২)
#তাবাসসুম_তাজ্বওয়ারী
– ঊষা? দরজা খোলো, অনেকক্ষণ হয়ে গেছে।
নির্ঝর রুম গুছানো শেষে গিয়ে দেখে উষসী এখনো বের হয় নি সে দরজায় নক করে ডাকলো। মিনিট খানেক পর উষসী বেরিয়ে এলো। চুল থেকে অনবরত পানি ঝরছে। পানির তোড় এ জামা ভিজে যাচ্ছে। নির্ঝর ওর হাত থেকে টাওয়েল নিয়ে ওকে বলল,
– মাথা মুছনি কেন? ঠান্ডা লেগে যাবে!
উষসী কোনো উত্তর দিল না। নির্ঝর একটা দীর্ঘশ্বাস চেপে তোয়ালেটা নিয়ে ঊষসীর পেছনে গিয়ে দাঁড়াল। দ্রুত তোয়ালে দিয়ে ওর ভেজা চুলগুলো আলতো করে মুছে দিতে শুরু করল। নরম সুরে বলল,
– এভাবে ভিজা চুলে বসে থাকলে তো সোজা নিউমোনিয়া বাঁধাবে, ঊষা।
নির্ঝরের কথাগুলো যেন ঊষসীর কান পর্যন্ত পৌঁছালই না। মাথা মুছ শেষ হলে সে নিথর আর নিস্পৃহ ভঙ্গিতে বিছানার এক কোণে পা দুটি গুটিয়ে বসল। নির্ঝর ওর পাশে গিয়ে বসলো।
– কিছু খাবে? এখানে এনে দেবো? বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে কিছুই তো খাও নি!
ঊষসী এবার ধীর ধীরে চোখ তুলে তাকাল। তার চোখের কোণ দুটো টকটকে লাল, চোখের মণিতে জমে আছে এক বুক যন্ত্রণার পাহাড়ে ঘেরা গভীর অতলতা। চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। সে বলল,
– আমার সাথেই কেন এমন হয় বলতে পারেন? আমার জীবনটা কি কেবলই ঝড় আর অপমানের জন্য লেখা? এর চেয়ে কি মৃ-ত্যু ভালো নয়?
বলতে বলতে গলার স্বরটা ভেঙে চুরে একদম মিশে যাচ্ছিল। সে দুই হাতে মুখ ঢেকে নিজের বুক চাপড়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। তার ভেতরের সমস্ত অভিমান, যন্ত্রণা আর আত্মদ’হন যেন একসঙ্গে বাঁধ ভেঙে বেরিয়ে আসছে। নির্ঝরের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে হতবাক হয়ে বলল,
– ঊষা, এসব কী বলছ তুমি?
– আমি... আমি আর সহ্য করতে পারছি না! ওই ছেলেটা আমাকে ছুঁয়েছে, নির্ঝর! ওই নোংরা লোকটা আমাকে জঘন্যভাবে জড়িয়ে ধরেছিল... ওর হাত আমার গায়ে লেগেছে! আমি এখন এত অপবিত্র মনে করছি নিজেকে! পানির নিচে দাঁড়িয়ে হাজারবার গা ঘষেছি,চামড়া তুলে ফেলার ইচ্ছা হচ্ছিল আমার! তবুও তো সব মুছে গেল না... আমার তো ম’রে যাওয়া উচিত ছিল!
নির্ঝর এগিয়ে এসে ওর দু গালে হাত রেখে বলল,
– থামো, ঊষা! আল্লাহর ওয়াস্তে থামো!
উষসীর থামার নাম নেই। সে বলেই চলল,
– আমার ম’রে যাওয়াই উচিত ছিল! অন্তত এই নরক থেকে তো মুক্তি পেতাম! প্রতি বার এভাবে কুঁকড়ে কুঁকড়ে মরার চেয়ে একবার ম’রে যাওয়া অনেক শান্তির হতো...
নির্ঝর এবার সব দ্বিধা ঝেড়ে ফেলে ঊষসীকে টেনে এনে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরল।
– শান্ত হও কিছু হয় নি! তুমি বেশি ভাবছো বিশ্বাস করো!
ঊষসী শান্ত হলো না। সে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করল, ছোট ছোট হাত দিয়ে নির্ঝরের বুকে আঘাত করতে লাগল কিন্তু নির্ঝর তাকে আরও শক্ত বাহুডোরে পিষে ফেলল।
– আরেকবার যদি এমন কথা মুখ দিয়ে বের করেছ, তবে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না! কোনো কিছু হয়নি তোমার... কিচ্ছু হয়নি!
উষসী এবার ছটফট কমিয়ে দিয়ে নির্ঝরের কাঁধে কপাল ঠেকিয়ে কেঁদে উঠে বলল,
– আমার যে নিজের প্রতি বিতৃষ্ণা আর খারাপ লাগা এসে গেছে! আমারই দোষ আমি…
– একটা নর্দমার প’শুর স্পর্শ কখনোই তোমার পবিত্রতাকে ছুয়ে যেতে পারে না! তুমি আমার ঊষা... একদম আগের মতোই নিষ্কলঙ্ক,নিষ্পাপ। যা কিছু ঘটেছে, তা একটা দুর্ঘটনা আর তার শাস্তি ওই অমানুষটা জেলখানায় হাড়ে হাড়ে পাবে! তুমি কেন নিজেকে দোষ দিচ্ছ? তোমার কোনো দোষ ছিল না এতে!
ঊষসী অঝোরে কাঁদতে কাঁদতে নির্ঝরের চোখের দিকে তাকিয়ে রইল। সেখানে কোনো ঘৃণা, কোনো দ্বিধা দেখতে পেল না! সে নির্ঝরের শার্টটা হাত দিয়ে আঁকড়ে ধরে ভাঙা ভাঙা গলায় অস্ফুট স্বরে বলে উঠল,
– তবুও... তবুও তো অন্য কেউ আমাকে ছুঁয়েছে এটা আমি মানতে পারছি না কিছুতেই! নিজেকে ধিক্কার দিতে ইচ্ছা করছে... আমি কী করে এ দাগ মুছে ফেলব?
ঊষসীর প্রতিটি শব্দে নিজের প্রতি তীব্র এক বিতৃষ্ণা আর যন্ত্রণার আত্মদহন ফুটে বের হচ্ছিল। সে আবার বুকফাটা কান্নায় নিজেকে ছাড়িয়ে নিতে চাইল। নির্ঝরের ধৈর্যের বাঁধ এবার পুরোপুরি ভেঙে গেল। সে আর কোনো কথা বলল না, কোনো যুক্তি দাঁড় করানোর চেষ্টাও করল না। এক ঝটকায় ঊষসীর দুই গাল নিজের দু’হাতের মুঠোয় চেপে ধরল নির্ঝর। তারপর বিন্দুমাত্র সময় না নিয়ে ঊষসীর ভেজা কপালে, কানের পাশে, দুই গালে আর চোখের কোণে অস্থির হয়ে বারবার ঠোঁট ছোঁয়াতে লাগল! নির্ঝরের ব্যাকুল আর গাঢ় স্পর্শের প্রলেপে থমকে গেল ঊষসীর আর্তনাদ। সে একদম স্তব্ধ হয়ে গেল! নির্ঝর থামল না। ঊষসীর নাকের ডগায়, গালে আর থুতনিতে একের পর এক ঘন অনুভূতির ছোঁয়া এঁকে দিয়ে শেষে ওর ভেজা চোখের জলটুকু নিজের ঠোঁট দিয়ে মুছে নিল। ভালোবাসার এক উথালপাথাল জোয়ার যেন ভাসিয়ে নিয়ে গেল ঘরের সব কালচে আতঙ্ক।
অবশেষে নির্ঝর থামল। ওর হাঁপানোর শব্দ ঊষসীর মুখে এসে আছড়ে পড়ছে। দুই গালে হাত রেখেই সে ঊষসীর কপালে নিজের কপাল ঠেকিয়ে থামল। হাঁপাতে হাঁপাতে ওর চোখের দিকে তাকিয়ে বলল,
– কোথায়? কোথায় অন্য কারো স্পর্শ? বলো আমায়? কোথায় দেখতে পাচ্ছো অন্য কারো স্পর্শ?
উষসী অপলক চেয়ে। নির্ঝর ঊষসীর গালে বুড়ো আঙুল স্লাইড করে আবার বলে উঠল,
– আমি তো সারা মুখে, সারা অস্তিত্বে শুধুই আমার ছোঁয়া দেখতে পাচ্ছি! এখন বলো... এখন কার স্পর্শ অনুভব করছো, উষসী?
উষসী উত্তর দেওয়ার কিছু পেল না। নির্ঝর ওর চোখের গভীর অতলে নিজের দৃষ্টি ডুবিয়ে দিয়ে নিঃশ্বাস ছেড়ে বলল,
– ভূলে যাও ঊষা... আল্লাহর ওয়াস্তে ওই দৃশ্যটা নিজের ভেতর থেকে উপড়ে ফেলে দাও! যা অতীত, যা ভুল একটা এক্সি’ডেন্ট সেটাকে বুকে পুষে রেখে কেন নিজেকে প্রতিদিন তিল তিল করে শেষ করবে? কিছুই হয় নি! বি নরমাল! তুমি কেন নিজেকে অপবিত্র ভাববে! তুমি সম্পূর্ণ পবিত্র এবং নিষ্পাপ!
এবার মুখ খুললো উষসী। কেমন রোবটের ন্যায় বলল,
– আপনি... আপনি সত্যিই আমাকে অন্য নজরে দেখছেন না? আপনার ঘেন্না করছে না আমার ওপর?
নির্ঝর আবারও ঊষসীর কপালে নিজের ঠোঁট ছুঁইয়ে দিল। খুব দীর্ঘ আর গাঢ় সেই স্পর্শ। তারপর ঊষসীর চোখের জল মুছে দিয়ে মনে মনে বলল,
– তোমাকে ঘেন্না করার কথা ভাবার আগেই যে আমার দমবন্ধ লাগে, ঊষা। তুমি জানো না তুমি আমার কাছে কী!
এরপর উঠে দাঁড়িয়ে মুখে বলল,
– আমি থাকতে আর এমন কিছু হতে দিবো না। তোমার উপর যেন একটা ফুলের টোকাও না পরে সেটা আমি দেখবো। এখন এসব আর ভাবতে হবে না উঠো।
উষসীর হাত ধরে দাঁড় করিয়ে দিল। তারপর টেনে নিয়ে এলো ওর রুমে।
– তুমি বসো আমি খাবার নিয়ে আসছি।
– উহু খাবো না।
নির্ঝর নিজের গম্ভীর রূপে ফিরে গিয়ে বলল,
– জিজ্ঞেস করিনি অর্ডার করেছি।
উষসী চুপ হয়ে গেল। নির্ঝর দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে সোজা কিচেনে চলে গেল। ফ্রিজ খুলে দেখল দুপুরের জন্য রান্না করা খাবার ঢাকা দেওয়া রয়েছে। সে সেগুলো গরম করার জন্য ওভেনে বসাল। কিছুক্ষণ পর খাবার প্লেটে সুন্দর করে সাজিয়ে নির্ঝর যখন আবার রুমে প্রবেশ করল তখন দেখল ঊষসী আগের মতো গুটিশুটি মে’রে বসে নেই ,সে বিছানার একপাশে চুপচাপ পা ঝুলিয়ে বসে নিচের দিকে তাকিয়ে আছে। নির্ঝর ট্রে-টা স্টাডি টেবিলের ওপর রেখে প্লেটটা হাতে নিয়ে ঊষসীর সামনে এসে বসল।
– নাও, হাত ধুয়ে আসো
ঊষসী মৃদু স্বরে বলল,
– আমার খিদে নেই, নির্ঝর। প্লিজ...
নির্ঝর প্লেট থেকে নিজেই এক গ্রাস ভাত একটু মেখে ঊষসীর মুখের সামনে বাড়িয়ে ধরে গম্ভীর গলায় বলল,
– খিদে না থাকলেও খেতে হবে। সারাদিন পেটে কিচ্ছু পড়েনি, এভাবে না খেয়ে থাকলে শরীর খারাপ করবে।
– আ…
– আমি এক কথা দুবার বলতে পছন্দ করি না, ঊষা! আর কথা না শোনা আমার সবচেয়ে অপছন্দের কাজ!
নির্ঝরের রাশভারী কণ্ঠ শুনে উষসী আর কিছু বলল না। বাধ্য মেয়ের মতো একটু ঝুঁকে নির্ঝরের হাত থেকেই প্রথম গ্রাস খাবার মুখে নিল। চুপচাপ খাওয়া শেষ করে নিলো।
সন্ধ্যা পেরিয়ে রাতের প্রথম প্রহর। উষসী বিছানায় বসে ছিলো আর নির্ঝর ল্যাপটপ নিয়ে টেবিলে কি যেন করছে। ঠিক তখনই নিস্তব্ধতা ভেঙে কাশির একটা মৃদু আওয়াজ এল,
– হা... হাঁচ্চু!
নির্ঝর চমকে ল্যাপটপ থেকে চোখ তুলে তাকাল। বিছানায় শুয়ে থাকা ঊষসী কম্বলের ভেতর কুঁকড়ে হাত দিয়ে নাক চেপে ধরেছে। সে উঠে এসে হাত দিয়ে ঊষসীর কপালে স্পর্শ করতেই তার হাতটা যেন ছ্যাঁকা খেল! অসম্ভব গরম হয়ে আছে কপালটা। জ্বর আসছে নিশ্চয়ই! নির্ঝর উদ্বেগ নিয়ে বলল,
– এ কী! শরীর এত গরম কেন তোমার?
ঊষসী চোখ বন্ধ রেখেই ক্ষীণ গলায় ফিসফিস করল,
– শরীর খারাপ লাগছে আর ঠান্ডা লাগছে…
নির্ঝর আর এক মুহূর্তও দেরি করল না। দ্রুত উঠে গিয়ে ড্রয়ার থেকে থার্মোমিটার বের করে আনল। মেপে দেখা গেল জ্বর প্রায় ১০২ ডিগ্রির কাছাকাছি! নির্ঝরের মেজাজ চড়ে গেল। সে ওষুধ এনে ঊষসীকে খাইয়ে দিল এবং গম্ভীর গলায় তিরস্কারের সুরে বলে উঠল,
– তখন যখন বললাম মাথা মুছতে তখন তো তোমার মাথায় কোনো কথাই ঢুকল না! বাথরুমে শাওয়ারের নিচে গিয়ে আরো বসে থাকো মজা না খুব? নিজের শরীরের প্রতি একটুও কি খেয়াল নেই তোমার? এখন টের পাচ্ছো ফল?
উষসী মুখ কালো করে তাকাল। আর সেই অসহায় দৃষ্টি দেখে নির্ঝরের রাগ গলে পানি! আজও তার ব্যতিক্রম হলো না। তেজ ফেলে কপালে হাত ঘষতে ঘষতে বলল,
– ঠিক আছে, আর কিছু বলছি না তোমারও বকবক করতে হবে না। চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকো।
.
– নির্ঝরের কী হয়েছিল বল তো? ওভাবে হঠাৎ ফোন কানে নিয়ে যেভাবে ঝড়ের বেগে বের হয়ে গেল উত্তরও দিলো না!
গ্রুপ কলে আলোচনা সভা নামিয়েছে হাবিব, তানভীর এবং মিরাজ। হাবিব বিরক্তি দেখিয়ে বলল,
– আরে ভাই, বান্দাটারে চিনিস না? হুটহাট রণমূর্তি ধারণ করা ওদের র’ক্তের দোষ। কিন্তু কালকের কেসটা নরমাল ছিল না। বাইকের স্টার্ট দিয়েই যেভাবে টায়ার জ্বালিয়ে স্ট্রিট রেসিংয়ের মতো উধাও হলো, আমি পেছনে চিৎকার করতে করতে গলার মেদ কমিয়ে ফেলেছি, ব্যাটা ঘুরেও তাকায়নি!
মিরাজ দুজনের কথা শুনে মুচকি হেসে বলল,
– তোরা এখনো বুঝিসনি কেসটা কী? যে ছেলে ক্লাস শেষে ফ্রেন্ডদের আড্ডায় আসার কথা বললে এক শ বাহানা দিত, সেই ফ্ল্যাটে ফিরতো না। দেরি করে হলে যেতো সেই ছেলে এখন ভার্সিটি শেষ হতে না হতেই রকেটের গতিতে বাসায় ছোটে। কারণটা কী? ঘরে ভাবিজান উপস্থিত!
কথাটা শুনতেই তানভীর আর হাবিব একযোগে হসে উঠল। হাবিব সায় দিয়ে বলল,
– সত্য বলেছিস মিরাজ! ওই গম্ভীর কাঠখোট্টা নির্ঝর ভাই যে প্রেম-ভালোবাসার চক্করে পড়ে এমন গৃহপালিত প্রাণী থুক্কু স্বামী হয়ে যাবে সেটা তো ভাবতে পারি নি!
মিরাজ হাবিবকে থামিয়ে তানভীর বলল,
– হাসাহাসি ছাড় তোরা! এখন আসল মোদ্দা নিয়ে কথা বল। নির্ঝর আর ঊষসী ভাবির মাঝখানের বরফটা গলাবি কীভাবে? ব্যাটা তো নিজে মুখে কিছু বলবে না। এত দিন হয়ে গেল অথচ দুজনের সম্পর্কটা এখনো সেই আপনি-তুমি আর দূরে দূরে থাকার সীমানায় আটকে আছে।
– যা কর আর তা কর নির্ঝরকে দিয়েই যেন প্রথমে স্বীকার করানো যায় ওই ব্যবস্থা করতে হবে! নির্ঝর প্রথমবার কনফেস করছে! হোয়াট এ সিন! ভাবতে পারছিস?
মিরাজ হৈহৈ করে উঠলো,
– এক্সাক্টলি! ওর মুখ থেকে নিজের মুখে ভালোবাসার কথা বা কোনো ইমোশনাল কনফেশন বের করা মানে অসম্ভবকে সম্ভব করা! যদি একবার এ কথা বলানো যায়, তবে সেটা হবে সেঞ্চুরির চেয়েও বড় ব্যাপার!
– তো প্ল্যান কী বল? এভাবে তো আর ভাবির সাথে গিয়ে বলা যায় না, "উষসী, তোমার বলো তোমাকে ভালোবাসার কথা বলতে!"
– ফাজলামি ছাড় তো! অতো তাড়াহুড়োর কিছু নেই। আগে ওদের পুরো দমে ভার্সিটিতে ফিরতে দে যা করার এখানেই করতে হবে। আলাপের সূচনাটা যেহেতু ভার্সিটি ট্যুর থেকে সেহেতু অনুভূতির বাঁধ ভাঙার গল্পটার শুরুও ক্যাম্পাস থেকে হোক! ভালোবাসা যেখানে ডালপালা মেলেছিল, পরিণয়ের আসল সূচনাটাও তো সেখান থেকেই হওয়া চাই, তাই না?
#চলবে…?