#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(৩৩)
#তাবাসসুম_তাজ্বওয়ারী
দুদিন কেটে গেছে। উষসীর জ্বর কমেছে কাল থেকে ভার্সিটি যাবে সে। স্টাডি টেবিলে বসে কলম ঘুরাচ্ছে সে। মাথায় কিছুই ঢুকছে না। একটু আগে রেহনুমা থেকে এতদিনের পড়ার টপিক সব কালেক্ট করেছে কিন্তু বেশ কিছু টপিক দেখে মাথাটা আউলে ঝাউলে যাচ্ছে তার। বিরক্ত মুখে খাতার দিকে চেয়ে আছে সে।
– ধুর পড়ালেখা আর ভাল্লাগে না। কিসব ম্যাথ দিয়েছে মাথাতেই ঢুকছে না!
বলেই সে উঠে গেল। নির্ঝর বিছানায় ল্যাপটপ নিয়ে বসে ছিলো। সে উষসীর দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল,
– কি হয়েছে?
– এতদিন যে ক্লাস মিস দিয়েছি ওগুলোর মাশুল।
নির্ঝরের বুঝতে অসুবিধে হলো না। সে আবার ল্যাপটপ স্ক্রিনে চোখ দিয়ে বলল,
– টপিকগুলো আছে?
উষসী ঠোঁট উল্টে মাথা নাড়ল,
– হু।
নির্ঝর কিছু না বলে উঠে গেল। ওর বিশাল পার্সোনাল লাইব্রেরিতে কিছুক্ষণ ঘাটাঘাটি করে একটা বই বের করলো। সেই বই থেকে হলুদ হয়ে যাওয়া একটা খাতা বের করলো। খাতাটার করুন দশা হলে লেখা বুঝা যাচ্ছে সাথে হাতের লেখা দারুণ! এটা উষসীর দিকে এগিয়ে দিয়ে বলল,
– নাও।
এরপর নিজের কাজে ফিরে এসে বসলো। উষসী কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে রইল। ছেলেটা তার ফার্স্ট ইয়ারের খাতাও এত যত্ন করে রেখেছে? এদিকে তার ফার্স্ট ক্লাসের খাতাটা কোথায় আদৌ আছে কি না সেটাই সে জানে না! সে একটা ঢোক গিলে বলল,
– আপনি এগুলো এত যত্ন করে রেখেছেন? অতো আগের খাতা?
নির্ঝর কাজ করতে করতেই জবাব দিল,
– অতো আগের কোথায়? আর এখানের অনেক জিনিস ফাইনাল ইয়ার অব্দি লাগে। পড়ালেখা একটার সাথে একটা কানেক্টেড।
উষসী কিছু না বলে খাতা নিয়ে এবার পাতা উল্টাতে শুরু করলো। তার কাছে মনে হচ্ছে এই হাতের লেখা সে আগেও কোথাও দেখেছে! কিন্তু কোথায়? ভ্রু কুঁচকে ভাবতে ভাবতে মনে পড়ে গেল লাইব্রেরিতে ব্যাগের মধ্যে খুঁজে পাওয়া একটা খাতার কথা! সে তড়িঘড়ি করে ওইটা খুঁজে বের করলো তারপর সেই লেখার সাথে এই লেখা মিলিয়ে দেখলো। একদম শতভাগ মিল! তাছাড়াও নির্ঝর কয়েক পেজ পর পর একটা দাগ বা সাইন দিয়ে রেখেছে এবং ওই খাতাতেও সেই সাইন পেয়েছে সে! উষসী স্বাভাবিক কণ্ঠে নির্ঝরকে বলল,
– এটা কি দিয়েছেন?
নির্ঝর এক পলক তাকিয়ে বলল,
– আমি সিরিয়াল ওয়াইজ পড়তাম না। একটা নির্দিষ্ট টপিক বা নির্দিষ্ট অংশ যেটা একসাথে কানেক্টেড সেটা কানেক্ট করে পড়তাম তাই যেইটা যেইটুকু তার পড়া হয়েছে বা রিভিশিন হয়েছে ওইটুকুতে একটা সাইন দিয়ে রাখতাম।
উষসী কিছুক্ষণ চুপচাপ খাতাটার দিকে তাকিয়ে রইল। তার মাথার ভেতর যেন হঠাৎ করে কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা একসঙ্গে জোড়া লাগতে শুরু করেছে। লাইব্রেরিতে পাওয়া সেই খাতা, পাতায় পাতায় এই একই হাতের লেখা, আর নির্দিষ্ট বিরতিতে দেওয়া একই রকম সাইন! সে ধীরে ধীরে চোখ তুলে নির্ঝরের দিকে তাকাল। ছেলেটা তখনো ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে একমনে কাজ করে যাচ্ছে। যেন পৃথিবীতে তার সামনে থাকা কাজটা ছাড়া আর কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই। সে হুট করে বলল,
– আপনি আমার ব্যাগে কোনো খাতা রেখেছিলেন?
নির্ঝর হুট করে ধরতে না পেরে ভ্রু কুঁচকে বলল,
– কীসের খাতা? আমিই বা রাখতে যাবো কেন?
উষসী সেই খাতাটা মেলে ধরে বলল,
– এই যে এটা। এটাও তো আপনারই খাতা!
নির্ঝর চমকে গেল। খাতাটার কথা ভুলেই গেছে সে। উষসীর কাছ থেকেও নেওয়া হয় নি বাসাতেই তো আছে ও এই ভেবে। সে নিজেকে স্বাভাবিক রেখে বলল,
– এটা কোথায় পেয়েছো?
– লাইব্রেরিতে। কে যেন আমার ব্যাগে এটা রেখে দিয়েছে। এটা আপনি রেখেছিলেন?
– আমি কেন রাখতে যাবো? আকাশ কুসুম না ভেবে না লাগলে আমার তাকে রেখে দাও।
উষসী রেখে দিলো তবে মিটিমিটি হেসে নিলো। নির্ঝর স্বীকার না করলেও যে সেই তার ব্যাগে খাতাটা রেখেছে এটা সে বুঝতেই পারলো। মনে মনে আবারও প্রজাপতিগুলো জেগে গেছে! এরপর সে আবারও পড়ায় মনোযোগ দিলো কিন্তু না পড়ে সে খাতা নিয়ে গবেষণায় মনোযোগ নষ্ট করছে দেখে নির্ঝর গম্ভীর মুখে বলল,
– তুমি কি আদৌ পড়ছো?
– ভাবছি আপনার খাতাটা কেমন যত্ন করে রেখেছেন যে নষ্ট হয় নি? ফর্মালিন কেমিক্যাল কিছু দিয়েছেন নাকি?
– নষ্ট হওয়ার মতো জিনিস আমি কায়েম রাখি না। আর ওটা শুধু খাতা নয়, ফার্স্ট ইয়ারের আমার স্ট্রাগল পিরিয়ডের ব্লু-প্রিন্ট। যাকগে, বসে বসে মেমোরি লাউঞ্জিং না করে কঠিন টপিকগুলো বের করো। যেগুলো বুঝতে সমস্যা হচ্ছে, মার্ক করে রাখো। ক্লাস করেই ডাব্বা মা’রার দশা তোমার সেখানে ক্লাস না করে যে কি হবে বুঝতেই পারছি দ্রুত মার্ক কর!
ঊষসী আর কথা বাড়াল না। সে অনেক টপিক বের করলো যেগুলোতে সমস্যা। নির্ঝর একটা চেয়ার নিয়ে ওর পাশে বসলো। খাতা হাতে নিয়ে ভ্রু কুঁচকে বলল,
– কি দেখছি এসব! তোমার সমস্যা নেই কোন টপিকে? কি করেছো সারাবছর?
উষসী মুখ কালো করে বসে রইলো। নির্ঝর একটা একটা টপিক বোঝাতে শুরু করলো। একটা টপিক শেষে প্রথম কয়েকটা ম্যাথও বুঝিয়ে দেওয়ার সময় উষসী মনোযোগ দিয়েই শুনছিল। নির্ঝর একটা ধাপ দেখিয়ে থেমে গেলে সে নিজে পরের ধাপটা করার চেষ্টা করছিল। কোথাও ভুল হলে নির্ঝর সঙ্গে সঙ্গে উত্তর বলে দিচ্ছিল না বরং ভুলটা কোথায় হয়েছে, সেটা খুঁজে বের করতে বলছিল।
একসময় বিরক্ত হয়ে উষসী কলমটা টেবিলে রেখে বলল,
– আপনি উত্তরটা বলে দিলেই তো হয়! এত ঘুরিয়ে ঘুরিয়ে শেখাচ্ছেন কেন?
– আমি কি তোমার হয়ে পরীক্ষা দেব?
উষসীর মুখ ফসকে বেরিয়ে গেল,
– দিলে ক্ষতি কী?
– আমার ডিগ্রি তোমার হয়ে নিলে তোমার ডিগ্রি কে নেবে?
উষসী কিছুক্ষণ চুপ করে থেকে বিড়বিড় করল,
– বিয়ে করে কী লাভ হলো, যদি ম্যাথও নিজেকেই করতে হয়! জামাইয়ের ডিগ্রিও নিতে না পারলে?
কথাটা খুব নিচু স্বরে বললেও নির্ঝরের কানে ঠিকই পৌঁছাল। সে মুখ ঘুরিয়ে উষসীর দিকে তাকাল।
– কী বললে?
উষসী চমকে উঠল।
– কিছু না!
– বিয়ে করে কী লাভ হয়েছে, সেটা জানতে চাচ্ছিলে না?
– আপনি শুনেছেন?!
– আমার কান এখনো ভালো আছে।
উষসী মনে মনে নিজের জিভকে কয়েকটা বকা দিল। তারপর মুখে হাসি টেনে বলল,
– আমি আসলে বলতে চাচ্ছিলাম, বিয়ের পর আমার পড়াশোনার এত ভালো ব্যবস্থা হয়েছে যে আমি কৃতজ্ঞতায় আবেগপ্রবণ হয়ে পড়েছি।
নির্ঝর কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে আবার খাতার দিকে চোখ নামাল। গম্ভীর কণ্ঠে বলল,
– আবেগ কমাও। অঙ্ক করো।
উষসী মুখ বাঁকিয়ে কলম তুলে নিল। এই লোকটা আজকে পড়া শেষ না করে উঠতে দিবে বলে মনে হচ্ছে না!
.
পরদিন ভার্সিটিতে এসে দুনিয়ার সব গল্প উষসীর পেট থেকে বেরিয়েছে! সকাল থেকে বকবক করতে করতে দুটো ক্লাস শেষ। শুধু মাত্র নাবিদের ঘটনাটা জানায় নি সে। ওই ট্রমা সে সামনে আনতে চায় না। নির্ঝরও এসব ভুলে যেতে বলেছে কাওকে জানানোর দরকার নেই। দুটো ক্লাসের পর একটা গ্যাপ আছে। ওই গ্যাপে রেহনুমা, ঊষসী, রুহি আর মীরা চারজন মিলে সোজা বেরিয়ে পড়ল ডিপার্টমেন্টের সামনের চত্বরে। শীতের এই কড়া রোদের মধ্যে একটু স্বস্তি পেতে চারজনেরই সিদ্ধান্ত হলো আইসক্রিম খাওয়া যাক!
– চল টুকিটাকি চত্বরে যাবো। আইসক্রিম মামা ভ্যান নিয়ে ওদিকে বসেছে মনে হয়!
উষসী হৈহৈ করে বলল,
– হ্যাঁ হ্যাঁ চল। এতদিন লাল চা খেতে খেতে আমি বিরক্ত এবার একটু আইসক্রিম খাওয়া যাক!
চারজন মিলে টুকিটাকি চত্বরের দিকে এগিয়ে গেল। চারজন নিজেদের পছন্দমতো আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে গেল। উষসী স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিমটা হাতে নিয়ে প্রথম কামড় দিতেই চোখ বন্ধ করে ফেলল।
— আহা! এই খাবারটায় মনে হয় সব থেকে মজার! শীতের মিষ্টি রোদে ঠান্ডা আইসক্রিম খাওয়ার মজাই আলাদা!
ওরা হাসাহাসি করতে করতে এগিয়ে আসছিলো হঠাৎ রুহি উষসীকে ধাক্কা দিল। উষসী বিরক্ত মুখে বলল,
– কি হয়েছে?
– ওই দেখ!
– কি দেখবো?
– তোর জামাই!
উষসীর হাতের আইসক্রিমটা মাঝপথে থেমে গেল।
– কোথায়?
– ওই যে, ডিপার্টমেন্টের দিক থেকে আসছে।
উষসী ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখল, নির্ঝররা কয়েকজন ছেলের সঙ্গে কথা বলতে বলতে ওদের দিকেই এগিয়ে আসছে। পরনে কালো রঙের শার্ট, হাতে ঘড়ি, কাঁধে ব্যাগ। মুখটা বরাবরের মতোই গম্ভীর। পাশে থাকা ছেলেটার কোনো কথায় সামান্য মাথা নাড়ল সে, তারপর চোখ চলে গেল রাস্তার পাশের আইসক্রিমের ভ্যানটার দিকে। আর ঠিক তখনই চোখে পড়ল চারজন মেয়েকে।
বিশেষ করে একজনকে। যে কি না দুইদিন দিন আগেও জ্বরে কাহিল হয়ে বিছানায় পড়ে ছিল!
নির্ঝরের পা থামল না। তবে ওর দৃষ্টি উষসীর হাতে থাকা আইসক্রিমের ওপর গিয়ে স্থির হলো। তারপর ধীরে ধীরে উঠল উষসীর মুখে। চোখের চাহনিটা মুহূর্তেই বদলে গেল। সেই চাহনি উষসীর বুকের ভেতর ধক করে উঠল। এই চাহনি সে চেনে।
বাসায় পড়তে বসে অঙ্কে ভুল করলে যেমন তাকায়, রাত জেগে ফোন চালাতে দেখলে যেমন তাকায় কিংবা নিজের শরীরের যত্ন না নিলে যেমন গম্ভীর হয়ে যায়! একদম সেই চাহনি! শাসনমিশ্রিত চাহনি!
তানভীর দুর থেকে বলল,
– আরে উষসী যে! কেমন আছো? আইসক্রিম পার্টি চলছে বুঝি?
হাবিব ওর কনুইয়ে ধাক্কা মেরে নিচু গলায় বলল,
– আরে ব্যাটা, আইসক্রিম দেখা বাদ দে, পাশে দাঁড়ানো আমাদের টাইগার সাহেবের মুখের দিকে তাকা!
এদিকে নির্ঝরের গরম চাহনি দেখে উষসীর গলার কাছে আইসক্রিম আটকে যাওয়ার উপক্রম হলো! উষসী আর এক সেকেন্ডও সময় নষ্ট করল না। ভয়ে বোকা হেসে এক পা পিছিয়ে সোজা রেহনুমার পিঠের পেছনে গিয়ে আত্মগোপন করল! যেন নির্ঝরের ওই রাগী দৃষ্টির হাত থেকে তাকে কেউ আড়াল করে রাখে।
রেহনুমা প্রথমে কিছু বুঝতে না পেরে পেছনে তাকাল। তারপর উষসীর অবস্থা দেখে তার হাসি পেয়ে গেল।
– এই যে, আমি কি তোর বডিগার্ড নাকি?
উষসী ফিসফিস করে বলল,
– চুপ! উনি রাগ করেছেন।
– তো রাগ ভাঙা! তোর জামাইয়ের রাগ কি আমি ভাঙাবো নাকি?
– তুই বুঝবি না। ওই আ’গুন চোখের দিকে তাকিয়ে থাকলে মানুষের আত্মা শরীর ছেড়ে বেরিয়ে যেতে চায়!
– তাহলে করিস কেন উল্টাপালটা কাজ?
এর মধ্যে তানভিররা সরে গেল। বাকিদেরও ইশারা দিলো সরে যেতে। ওরা যেতেই উষসী মুহূর্তের মধ্যে নিজেকে আড়াল করার শেষ আশ্রয়টুকুও হারাল।
এবার নির্ঝরের সামনে সে একেবারে একা।হাতে অর্ধেক খাওয়া আইসক্রিম। মুখে ধরা পড়ে যাওয়ার অপরাধবোধ। আর চোখেমুখে এমন একটা ভাব যেন এই মুহূর্তে কেউ এসে তাকে উদ্ধার করলে সে সারাজীবন তার কাছে কৃতজ্ঞ থাকবে।
নির্ঝর ধীর গলায় বলল,
– জ্বর কবে কমেছে?
উষসী আঙুল গুনে হিসাব করার ভান করল।
– এই তো... কাল থেকে।
– আর আজ?
– আজ তো জ্বর নেই!
– খুব ভালো। তাহলে জ্বর না থাকলে বরফ খেতে হবে, তাই না?
উষসী ঠোঁট উল্টে বলল,
– এটা বরফ না। আইসক্রিম।
নির্ঝর স্থির তাকিয়ে আছে দেখে উষসী বোকা হেসে বলল,
– আপনি চাইলে একটা খেতে পারেন। খুব ভালো ফ্লেভার!
নির্ঝর আইসক্রিমের দিকে তাকাল। তারপর ওর মুখের দিকে।
– আমাকে দিয়ে নিজের অপরাধের ভাগ কমানোর চেষ্টা করছ?
– না তো! ভাগাভাগি করলে ভালোবাসা বাড়ে।
কথাটা বলেই উষসী নিজের মুখ চেপে ধরলো। নির্ঝর একটু চুপ থেকে এদিকে সেদিক তাকিয়ে বলল,
– বাসায় গিয়ে কথা হবে।
ব্যস! উষসীর মুখের হাসি নিমেষে উধাও।
– বাসায় গিয়ে আবার কী কথা?
– এখনই বলব?
– না! মানে... এখানে এত মানুষের সামনে বলার দরকার নেই। বাসায় গিয়ে বলবেন।
উষসী কেটে পড়তে গেলে নির্ঝর আবার বলল,
– আইসক্রিমটা দাও।
উষসী অবিশ্বাসের চোখে তাকাল।
– কেন?
– খাবো।
উষসী কয়েক মুহূর্ত ওর মুখের দিকে তাকিয়ে রইল। তারপর বাচ্চাদের মতো নিজের আইসক্রিমটা বুকের কাছে টেনে নিল।
– এটা আমার!
নির্ঝর নির্বিকার গলায় বলল,
– এতক্ষণ তো খুব ভাগাভাগির কথা বলছিলে! যাও ক্লাসে। আর যদি আমাকে বলো ঠান্ডা, জ্বর ফিরেও তাকাবো না।
নির্ঝর শেষলাইনটা শক্ত কণ্ঠে বলে নিজের গন্তব্যে চলে গেল। উষসী দূরে দাঁড়িয়ে থাকা রেহনুমাদের দিকে এগিয়ে গিয়ে হাতের কাগজ ছুঁড়ে দিয়ে বলল,
– তোরা আমার বান্ধবী নাকি ওনার গোয়েন্দা?
ওরা হেসে উঠলে উষসী দীর্ঘশ্বাস ছেড়ে ভাবল, সামান্য পড়াশোনার ম্যাথগুলো নির্ঝর বুঝিয়ে দেয় সেখানে নিজের জামাইয়ের মুডের ম্যাথটা যে কীভাবে সমাধান করবে! তার কাছে তো সূত্রটাই এখনো তার অজানা!
#চলবে..?