ফন্ট সাইজ:
থিম:
কদম গুচ্ছের কাব্য গাঁথা

পর্ব 34

লেখক: তাবাসসুম তাজ্বওয়ারী

#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(৩৪)
#তাবাসসুম_তাজ্বওয়ারী

নির্ঝর বাসায় ফিরেছে অনেকক্ষণ। নিজের মতো বসে কাজ করছে। এদিকে উষসী ঘুরঘুর করে ওর মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে। কারণ এসেছে অব্দি নির্ঝর প্রয়োজনের বাইরে একটা কথাও বলে নি।
ঊষসী রান্নাঘরের কোণে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল তারপর আবার রুমে এসে সোফার পাশ দিয়ে হেঁটে গেল। কিন্তু নির্ঝরের নজর যেন ল্যাপটপের ব্রাইট স্ক্রিনে একেবারে আঁঠা দিয়ে আটকে আছে!
ঊষসী একটা ছোট দীর্ঘশ্বাস ফেলে সোফার কোণটায় এসে একটু শব্দ করেই বসল। উদ্দেশ্য একটাই যদি নির্ঝর একবার চোখ তুলে তাকায়! কিন্তু নির্ঝর পুরোপুরি নির্বিকার। খসখস করে কি যেন লিখল একটা ডায়েরিতে, তারপর ল্যাপটপের মাউস স্ক্রল করছে। ঊষসী ঠোঁট দুটো উল্টে একপ্রকার অভিমানী গলায় বলল,

– কি হয়েছে আপনার?

নির্ঝর এবার চোখ তুললো, ভ্রু কুঁচকে বলল,

– কি হবে আমার আবার?

– এসেছেন অব্দি কথাবার্তা নেই!

– কাজ করছি।

নির্ঝর আবার চুপ হয়ে গেলে উষসী মুখ বাঁকাল। একটু পর আবার বলল,

– আপনি কি আইসক্রিম খাওয়া নিয়ে রেগে আছেন? বিশ্বাস করুন আমি ফেলে দিয়েছিলাম একটুও খাই নি আর!

– আমি কিছু বলেছি তোমাকে?

– এটাই তো সমস্যা!

নির্ঝর কপাল কুঁচকালো। উষসী বিড়বিড় করে বলল,

– এমন এক বিয়ে করেছি যেখানে বাবার বাড়ি চলে যাব এই হুমকিও দিতে পারছি না! কি মাইনকার চিপায় পড়লাম আমি!

– কী বললে?

উষসী চমকে উঠে সোজা হয়ে বসল।

– কই? কিছু না তো!

– মাইনকার চিপায় পড়েছে কে?

উষসী মনে মনে নিজের কপালে একটা চড় মা’রল। এই লোকটার কান এত ভালো কেন? ভালো ভালো কথা শুনতে না পেলেও নিজের বউয়ের বিড়বিড়ানি ঠিকই শুনে ফেলে!
সে মুখে একটা নিরীহ হাসি ফুটিয়ে বলল,

– আমি বলেছি, আপনি কাজের মধ্যে পড়েছেন। মানে, কাজের চাপে একেবারে...

– মাইনকার চিপায়?

– আপনি কথাটা বারবার বলছেন কেন?

নির্ঝর চেয়ারে হেলান দিয়ে হাত দুটো বুকের ওপর ভাঁজ করল।

– তা বাবার বাড়ি যাওয়ার হুমকি দিতে পারছ না কেন?

উষসীর চোখ কপালে উঠল।

– আপনি আমার সব কথা শুনেছেন?!

– না। শেষেরটুকু শুনেছি। বাকিটা আন্দাজ করছি।

– আপনার আন্দাজ করার ক্ষমতা একটু কমানো যায় না?

– তোমার কথা বলার ক্ষমতা কমলে আমিও কমিয়ে দেব।

উষসী মুখ হাঁ করে তাকিয়ে রইল। এ কেমন কথা! সে কি সারাদিন কথা বলে? একটু-আধটু বলে, এই যা! ও আবার কিছু বলতে হা করতেই নির্ঝর মুখে আঙুল দিয়ে বলল,

– চুপ।

উষসী থেমে গেল। নির্ঝর গম্ভীর গলায় বলল,

– যাও পড়তে বসো! সারাদিন বকবক করে মাথাটা খেয়ে ফেলছো!

– হুহ!

উষসী উঠে চলে গেল। নির্ঝর ল্যাপটপ স্ক্রিনে তাকিয়ে অতিষ্ঠ ভঙ্গিতে মনে মনে বলল,

– কি মেয়েরে বাবা! প্রয়োজনের বাইরে একটাও কথা না বলা আমাকে এতগুলো কথা বলিয়ে ছাড়ছে! কি অধঃপতন তোর নির্ঝর!

নির্ঝর নিজের কাজে মনোযোগ দিলো। ওদিকে উষসী নিজের আগের রুমে এসে বিছানার ওপর বইখাতা ছুড়ে দিয়ে বসে পড়ল।

– হুহ! এমন ভাব যেন আমি সারাদিন ওনার মাথা খাই! মুখ খুললেই ধমক নয় গম্ভীর কথা! মানুষকে একটু ভালোভাবে কথা বলতে হয় সেটাও জানে না!

পড়তে বসে নিজের অজান্তেই মিটিমিটি হাসলো। পরক্ষণেই নিজের হাসি দেখে বিরক্ত হলো।

– ধুর! হাসছি কেন আমি? রাগ করেছি আমি! একদম রাগ করেছি!

সে বই খুলে পড়তে বসল। অঙ্ক করতে বসে পাঁচ মিনিট পর একটা পাতা উল্টাল, আরও পাঁচ মিনিট পর কলম নিয়ে খাতায় আঁকিবুঁকি কাটতে শুরু করল। মাথায় অঙ্ক ঢুকছে না কিছুতেই। কি যে হয়েছে তার!
শেষমেশ বই বন্ধ করে উঠে দাঁড়াল।

– একটা বই আনতে হবে।

বই আনতে পাশের রুমে এসে দেখে নির্ঝর আগের জায়গাতেই বসে আছে। ল্যাপটপ খোলা, পাশে ডায়েরি। উষসী এমনভাবে টেবিলের দিকে এগিয়ে গেল যেন ওই ঘরে বসে থাকা মানুষটার অস্তিত্ব সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা নেই। বই খুঁজতে খুঁজতে আড়চোখে একবার তাকাল। নির্ঝর তাকাল না। বই নেওয়া শেষে উষসী পাশ থেকে গ্লাসে পানিও নিলো। তারপর একটু শব্দ করে গ্লাসটা টেবিলে রাখল। কোনো প্রতিক্রিয়া নেই। সে এবার বইটা হাতে নিয়ে ঘরের দিকে ফিরল। যাওয়ার সময় সোফার পাশ দিয়ে এমনভাবে হেঁটে গেল যেন পৃথিবীর সবচেয়ে ব্যস্ত মানুষ সে। নির্ঝর এবারও মুখ তুলল না। উষসী ঘরে ঢুকেই ফুঁসে উঠল।

– অসভ্য! নির্ঘাত ইচ্ছা করে এমন করছে!

পরক্ষণেই আবার নিজেকে বোঝাল,

– করুক! আমার কী? আমি কি ওনার সঙ্গে কথা বলার জন্য ম’রে যাচ্ছি নাকি?

এদিকে নির্ঝর কিছুক্ষণ ওর রুমের দরজার দিকে তাকিয়ে রইল। তারপর নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। মেয়েটা যে কী চায়, সেটাই বোঝা দায়! একটু কথা না বললে অভিমান, কথা বললে অভিযোগ, বকলে রাগ, আর না বকলেও শান্তি নেই!

তারপর দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল,

– নিজের জীবনটা তো বেশ ভালোই চলছিল। এখন একটা মেয়ের হাসি-কান্না, রাগ-অভিমান সবকিছুর হিসাব রাখতে হচ্ছে!

একটু থেমে তার ঠোঁটে আবারও হাসি ফুটল। তবে মন্দও লাগছে না।
একটু পর বাইরে থেকে নির্ঝরের গলা শোনা গেল,

– উষসী!

মেয়েটা এক লাফে দরজার দিকে তাকাল।

– জি!

উত্তর দেওয়ার পরেই তার মুখটা মলিন হয়ে গেল।
ধুর! এত তাড়াতাড়ি উত্তর দিলাম কেন?

– পড়া হয়েছে?

উষসী কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল,

– হচ্ছে!

– অঙ্কগুলো নিয়ে এসো।

– আল্লাহ, এখনই?

– না, আগামী বছর। এখন বলে রাখছি!

উষসী বিড়বিড় করল,

– একটু শান্তিতে থাকতে দিলেও তো পারেন!

তবু খাতা নিয়ে বাইরে এল। নির্ঝরের সামনে খাতাটা রাখতেই সে একটা পাতা খুলে দেখল। দু-একটা অঙ্কের সমাধান দেখে ভ্রু কুঁচকে তাকাল।

– এগুলো কে করেছে?

উষসী গর্বিত মুখে বলল,

– আমি।

নির্ঝর পাতা উল্টে বলল,

– মাঝে এমন ফুলপাতা আঁকা কেন?

উষসী খাতার দিকে তাকিয়ে থতমত খেয়ে গেল। সত্যিই তো! একটা অঙ্কের পাশে সে ছোট্ট একটা ফুল এঁকে রেখেছে। আরেক পাশে লেখা, বিরক্তিকর অঙ্ক। নির্ঝর খাতাটা ওর দিকে ঘুরিয়ে দিল।

– তোমার পড়াশোনার অগ্রগতি দেখে আমি মুগ্ধ।

উষসী লজ্জা পেয়ে খাতা টেনে নিল।

– আরে, অঙ্ক করতে করতে একটু আঁকাআঁকি করেছি। তাতে কী হয়েছে?

– কিছু হয়নি। অঙ্কগুলোও তোমার আঁকাআঁকির মতো সুন্দর হয়েছে।

উষসী চোখ সরু করে তাকাল।

– আপনি আমাকে অপমান করছেন?

– না। প্রশংসা করছি। তোমার শিল্পীসত্তা অসাধারণ।

– আপনি না...

নির্ঝর ওকে থামিয়ে দিয়ে বলল,

– চুপ! আগামী এক ঘণ্টা পড়ালেখার বাইরে একটা কথাও বলবে না। পরের টপিকগুলো বুঝিয়ে দিচ্ছি চুপচাপ শুনবে মাথায় ঢুকাবে। এর বাইরে যদি একটাও অহেতুক কথা শুনেছি তাহলে সোজা মা’ইর পড়বে।

বলেই একটা স্কেল হাতে নিয়ে ইশারা করলো। উষসী মুখ কালো করে পড়ায় মনোযোগ দিলো।

.

পরেরদিন ভার্সিটিতে যাওয়ার আগে নির্ঝর চোখ রাঙিয়ে বলল,

– আমতলায় বসো আপত্তি নেই। তবে ছায়ায় থাকবে, রোদে বেশি ঘুরে বেড়াবে না। আর আইসক্রিম ভ্যানের আশেপাশে যদি আজ তোমার ছায়াও দেখি...

ঊষসী চট করে দুই কানে হাত দিয়ে চোখ বড় বড় করে বলল,

– তৌবা তৌবা! আমি আইসক্রিম চিনিই না! আজ শুধু লাল চা আর শিঙাড়া খাব, প্রমিজ!

এই দুঃখের কথা বান্ধবীদের সাথে শেয়ার করে নিজের দুঃখ প্রকাশ করছে উষসী।

– কার হিল্লে করার কথা হচ্ছে শুনি?

তাদের কথার মাঝখানে কোথা থেকে তানভীর এসে হঠাৎ হাজির হলো। পেছনে হাবিব আর মিরাজও হাত নেড়ে আসছে। ওদের সাথে নির্ঝরকে না দেখে ভ্রু কুঁচকালো উষসী। তানভীর হেসে বলল,

– ওই রোবটটাকে মানুষ বানিয়েছো কিভাবে বলো তো উষসী?

উষসী না বুঝে বলল,

– হু?

– আরে ওই পাথরটাকে নরম বানিয়েছো কিভাবে?

রেহনুমা বেগড়া দিয়ে বলল,

– এসব জেনে আপনি কি করবেন তানভীর ভাই?

তানভীর হাত দুটো বুকের ওপর ভাঁজ করে খুব গম্ভীর হওয়ার ভান করল, তবে চোখের কোণে দুষ্টুমির হাসি স্পষ্ট। সে রেহনুমার দিকে একটু ঝুঁকে বলল,

– আরে রেহনুমা ম্যাডাম! আপনারা তো শুধু ভাবির দুঃখের গল্প শুনছেন, কিন্তু আমার হৃদয়ের দীর্ঘশ্বাস কি দেখতে পাচ্ছেন না?

রেহনুমা থতমত খেলো। এদিকে উষসীরা মিটিমিটি হাসছে। তানভীর আবার বলল,

– নির্ঝর আর উষসীকে এক করার যুদ্ধে তো আমরা নেমেই গেছি তবে একটা শর্ত আছে।

হাবিব পেছন থেকে হেসে উঠে বলল,

– তানভীরের শর্ত কিন্তু মারাত্মক! ও চায় নির্ঝরের শুভপরিণয়ের পূর্ণতার পাশাপাশি যেন ওরও একটা গতি হয়! কিন্তু নির্ঝর তো ফার্স্ট হয়ে যাচ্ছে এদিকে তানভীরের তো দেখছি চিরকুমার থাকতে হবে!

তানভীর ধমকে উঠলো,

– এই উল্টোপাল্টা কথা বলবি না!

তানভীর উষসীর দিকে তাকিয়ে হেসে বলল,

– তোমাকে কে যেন ডাকছে।

উষসী ভ্রু কুঁচকে বলল,

– কে ডাকবে?

– ওই যে দেখো…

ঊষসী ভ্রু কুঁচকে তানভীরের ইশারার দিকে তাকাতেই দেখল, মমতাজ উদ্দিন কলা ভবনের সামনের সিঁড়ির কাছে একটা ছেলে দাঁড়িয়ে এদিকেই তাকিয়ে আছে। উষসী প্রশ্ন করলো,

– আমাকে ডাকছে কেন?

– আমি তো জানি না আমায় বলল তোমাকে ডাকতে।

ঊষসীর বিশ্বাস হতে চাইল না। সে বলল,

– আমি যাবো না। কে না কে ডেকেছে…

তানভীর এবার কথা ঘুরিয়ে বলল,

– আরে নির্ঝরই তো বলল তোমাকে পাঠাতে। হয়তো ও আছে ওখানে।

উষসী একটু চোখ বুলালো তারপর বলল,

– কোথায় উনি?

– গিয়ে দেখো থাকবে। আরে আমরা কি মিথ্যা বলবো নাকি?

উষসীকে সবাই জোর করে বুঝিয়ে পাঠালো। উষসী দ্বিধা দ্বন্দ নিয়ে এগিয়ে গেল। সিঁড়ির কাছে পৌঁছাতেই ছেলেটি বেশ বিনয়ের সাথে হালকা হাসল। তারপর ব্যাগ থেকে ছোট সাইজের তিনটি চমৎকার লাল গোলাপের তোড়া বের করে ঊষসীর দিকে বাড়িয়ে দিয়ে বলল,

– আপনিই তো উষসী?

উষসী একবার ফুলের দিকে আরেকবার ছেলেটার দিকে তাকালো। সে উত্তর না দিয়ে প্রশ্ন করলো,

– এগুলো আমায় দিচ্ছেন কেন?

– এগুলো আপনার তাই!

– মানে কি! আমার কেন হতে যাবে? আপনার কোথাও ভুল হচ্ছে!

ছেলেটা হেসে বলল,

– না ভুল হবে কেন? এগুলো আপনার জন্যই। নির্ঝর ভাই পাঠিয়েছেন।

নির্ঝরের নাম শুনে উষসী চমকে উঠল। নির্ঝর! ওকে ফুল পাঠিয়েছে? এটা কি বিশ্বাসযোগ্য? পেটের ভেতর ছোট্ট প্রজাপতিগুলো আবারও ডানা ঝাপটাতে শুরু করেছে। ছোট তোড়া লাল গোলাপে মোড়ানো, দেখতে যেমন চমৎকার লাগছে, ঘ্রাণটাও তেমনি সতেজ! নির্ঝরের এমন কাণ্ড সে একদমই আশা করেনি। মনের সবটুকু সংশয় একপাশে রেখে সে বিনীত মুখে ফুল তিনটি নিজের হাত বাড়িয়ে গ্রহণ করল।
ছেলেটি কাজ শেষ করে সোজা উল্টো ঘুরে হাঁটা দিল। ঊষসী ফুলগুলো বুকের কাছে ধরে হালকা হেসে পেছনে ফিরতে যাবে তখনই কেউ এসে ওর হাত থেকে ফুলগুলো কেঁড়ে নিলো।

ঊষসী ভীষণ চমকে উঠে মাথা তুলে তাকাল। নির্ঝরকে দেখে সে অবাকই হলো! এভাবে কেড়ে নিলো কেন?

ওদিকে আড়ালে দাঁড়িয়ে তানভীর, হাবিব আর মিরাজ নিজেদের মধ্যে হাত মিলিয়ে ফিসফিস করে হাসছে! তানভীর টিপ্পনি কেটে বলল,

– প্ল্যান ডিরেক্ট হিট!

– নির্ঝর এসে গেছে! এবার কি হয় দেখি!

– বাপরে বাপ! আমি তো ভেবেছিলাম হালকা রাগবে, এ তো দেখছি সোজা কা’মান দাগতে এসেছে!

এদিকে উষসী কিছু বলতে চাইল,

– আপনি…

কিন্তু তার আগেই আগেই নির্ঝর হাতের সুন্দর গোলাপের তোড়ার দিকে এক পলক তাকাল তারপর সোজা পাশে থাকা ডাস্টবিনের ভেতর ফুলগুলো ছুঁড়ে ফেলে দিল! ঊষসী চোখ বড় বড় করে ডাস্টবিনের দিকে তাকাল। বুকটা ধক করে উঠল তার। সে চেঁচিয়ে উঠল,

– এসব কি! আপনি ওগুলো ফেলে দিলেন কেন?

– খারাপ লাগছে খুব?

ওর কথার টোন শুনে উষসী থেমে গেল। নির্ঝর রেগে বলল,

– ক্লাস না করে এখানে দাঁড়িয়ে কি করছো হ্যাঁ?

– গ্যাপ আছে তাই…

– গ্যাপ থাকলেই একটা ছেলের সাথে কথা বলতে হবে? ক্লাস না থাকলে লাইব্রেরিতে বসেও তো পড়া যায়!

উষসীরও রাগ চড়ে গেল। অভিমান আর ক্ষোভ নিয়ে নির্ঝরের দিকে তাকিয়ে বলে উঠল,

– আপনি... আপনি কেন এমন করছেন? সবসময় এমন অকারণে রাগ দেখান কেন? ফুলগুলো ফেলে দিলেন কেন?

নির্ঝর দাঁতে দাঁত চেপে বলল,

– কেন করছি জানো না তুমি? নাকি বুঝো না? কোনটা?

উষসী আচমকা এহেন বাক্যে মাথা তুলে নির্ঝরের চোখের দিকে তাকালো। চোখাচোখি হতেই নির্ঝর চোখ সরিয়ে ফেলল। আশপাশ তাকিয়ে বড় বড় শ্বাস ছেড়ে নিজেকে শান্ত করার চেষ্টা চালালো। একটু পর উষসীর দিকে তাকিয়ে গম্ভীর এবং অধিকারবোধে আচ্ছন্ন গলায় আওড়ালো,

– তুমি মানো আর না মানো, ইউ আর মাই ওয়াইফ! তুমি আমার স্ত্রী! আর আমার স্ত্রী হয়ে তুমি কোন আক্কেলে একটা অচেনা ছেলের হাত থেকে হেসে হেসে ফুল নিচ্ছিলে বলতে পারো আমাকে? কোন সাহসে? আমি বেঁচে থাকতে অন্য কোনো ছেলের দেওয়া ফুল কেন তোমার হাতে থাকবে?

উষসী কিছু বলতে গিয়েও থেমে গেল। কী বলবে সে? ছেলেটা তো জানেই না, ফুলগুলো সে নিজের ইচ্ছায় নেয়নি। তানভীর ভাই নির্ঝরের নাম করে পাঠিয়েছে বলেই তো বিশ্বাস করে নিয়েছিল! তার ওপর ফুলগুলো হাতে নিয়ে একটুখানি ভালো লাগাও কাজ করেছিল। নির্ঝর সত্যিই পাঠিয়েছে ভেবে মনে মনে কত কী যে ভেবেছিল! কিন্তু এখন সেই ভালো লাগার জায়গাটা জুড়ে অভিমান জমছে। একে তো এগুলো ফেলে দিয়েছে তার উপর সে নাকি পাঠায়ই নি!
নির্ঝরের চোখের দিকে তাকিয়ে মনে হলো, এই মুহূর্তে সে কোনো ব্যাখ্যাই শুনতে প্রস্তুত নয়। সে কোনোমতে বলল,

– কিন্তু আপনি যেটা ভাবছেন, ব্যাপারটা আসলে…

– আমি কী ভাবছি, সেটা তোমাকে বুঝিয়ে দিতে হবে না!

নির্ঝরের ধমকে উষসী থেমে গেল। নির্ঝর আবার বলল,

– ভার্সিটিতে পড়তে এসেছো, পড়াশোনা করবে। ক্লাসের ফাঁকে এখানে ওখানে দাঁড়িয়ে অপরিচিত ছেলেদের সঙ্গে গল্প করার জন্য না!

এবার উষসীর রাগ আরো বাড়ল। দিনক্ষণ ভুলে রেগে বলল,

– আপনার সমস্যা কি? ফুলগুলো আমার হাতে দিয়েছে, আমি নিয়েছি। তাতে কী এমন হয়ে গেল? আর আপনি সেগুলো ডাস্টবিনে ফেলে দিলেন কেন? আমার তো ভালো লাগছিল ফুলগুলো!

শেষ কথাটা বলেই উষসী ঠোঁট কামড়ে ধরল। কথাটা একটু বেশিই বেরিয়ে গেছে। কিন্তু এখন আর ফিরিয়ে নেওয়ার উপায় নেই। নির্ঝরের চোয়াল শক্ত হয়ে উঠল।

– খুব ভালো লাগছিল?

উষসী এবার আর চোখ নামাল না। নিজে তো দিবে না আবার ফুল নিয়েও সমস্যা! অভিমানী গলায় বলল,

– হ্যাঁ, ভালো লাগছিল! ফুলগুলো সুন্দর ছিল। আপনি ফেলে দেওয়ার আগে একবারও ভাবলেন না, ওগুলো কত সুন্দর ছিলো?

নির্ঝর কয়েক মুহূর্ত ওর দিকে তাকিয়ে রইল। তার ভেতরে জমে থাকা রাগটা যেন আরও বেড়ে গেল। অথচ রাগের কারণটা উষসীকে বোঝানোর মতো ভাষা সে খুঁজে পেল না। কীভাবে বোঝাবে, অন্য একটা ছেলের হাতে ফুল দেখে তার নিজের ভেতরটা কেমন জ্বলে উঠেছিল? কীভাবে বলবে, ওই ছেলেটার সামনে উষসীর হাসিমুখটা তার একেবারেই সহ্য হয়নি? এসব বলার অধিকার কি তার আছে?
আছে! উষসী তার স্ত্রী। কিন্তু শুধু এই পরিচয়টুকু দিয়ে কি মেয়েটার ওপর নিজের সমস্ত অনুভূতির বোঝা চাপিয়ে দেওয়া যায়?

নির্ঝর একটা দীর্ঘশ্বাস ফেলে মুখ ফিরিয়ে নিল। তারপর নিচু অথচ কঠিন গলায় বলল,

– তোমার সঙ্গে এই মুহূর্তে কথা বলার কোনো ইচ্ছা নেই আমার। ক্লাসে যাও।

উষসী হতভম্ব হয়ে তাকিয়ে বলল,

– কিন্তু আমাকে তো কিছু বলতে…

– আমার মাথা আর গরম করো না! বলেছি, ক্লাসে যাও!

নির্ঝরের গলা শুনে উষসী কেঁপে উঠল। উষসীর চোখ দুটো অজান্তেই ছলছল করে উঠল। সে একবার নির্ঝরের দিকে অভিমানী চোখে তাকিয়ে এরপর মুখ ঘুরিয়ে নিল। দ্রুত সেখান থেকে চলে গেল সে।
নির্ঝর একটু দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। মেয়েটার ছলছল চোখ সে দেখেছে! রাগের মাথায় কথাগুলো একটু বেশিই কঠিন হয়ে গেছে কি?
নির্ঝর ক্লাসের দিকে চলে গেল।

উষসী হাঁটতে হাঁটতে ভাবলো,

– এমন করলো আমার সাথে! উনি কি সত্যিই ফুল পাঠাননি?

প্রশ্নটা মনে আসতেই মুখটা ছোট হয়ে গেল ওর।

– পাঠালে তো নিজেই বলতেন! নিশ্চয়ই পাঠাননি। আমি এমন বোকা কেন? একটু ভালো লাগলেই বিশ্বাস করে ফেলি!

চোখের পানি মুছে মনে মনে ভেবে নিলো, "নির্ঝরের প্রতি আর অতিরিক্ত আবেগ, চিন্তা, অনুভূতি কিছুই আসতে দিবে না সে।"

.

এদিকে দূরে দাঁড়িয়ে তানভীর, হাবিব আর মিরাজ পুরো ঘটনাটাই দেখেছে। নির্ঝরের এমন রূপ দেখে প্রথমে তিনজনের মুখে হাসি থাকলেও শেষের অংশ দেখে হাসি মিলিয়ে গিয়ে মুখ ভার হয়ে গেছে!
তানভীর ঠোঁট কামড়ে বলল,

– ভেবেছিলাম নির্ঝর একটু জেলাস হবে, তারপর উষসীকে নিজে ফুল কিনে দেবে। দুজনের মধ্যে একটু রোমান্টিক কিছু হবে। কে জানতো ফুলসহ পুরো ঘটনাটাই ডাস্টবিনে চলে যাবে!

– জেলাস তো হচ্ছেই কিন্তু নির্ঝরের জেলাসি আর সাধারণ মানুষের জেলাসি এক না দেখছি!

– মজা করতে গিয়ে বেশি হয়ে গেল না তো? উষসীর মুখটা দেখেছিস? একদম মন খারাপ করে ফেলেছে।

তানভীরের মুখটাও মলিন হয়ে গেল। সে দূরে উষসীর চলে যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করল,

– ইশ! নির্ঝরকে একটু নরম করার প্ল্যান করতে গিয়ে উল্টো দুজনের মধ্যে ঝামেলা লাগিয়ে দিলাম মনে হচ্ছে।

মিরাজ দাঁতে দাঁত চেপে বলল,

– আরেকটা প্ল্যান করার আগে অন্তত দশবার ভাববি!

তানভীর মুখ বাঁকাল।

– আচ্ছা, বুঝেছি। জীবনে আর কোনো প্ল্যান করব না!

দুজন একসঙ্গে বলে উঠল,

– এই কথাটা লিখিত দিয়ে রাখ!

তানভীর কোণা চোখে তাকিয়ে বলল,

– আগে বল কি করবি? নির্ঝরকে বুঝিয়ে বলি চল?

মিরাজ সঙ্গে সঙ্গে মাথা নাড়ল।

– এখনই? ওর মুখ দেখেছিস? কাছে গিয়ে দাঁড়ালে আমাদের তিনজনেরই জানাজা পড়ে ফেলবে! ক্লাসে চল আগে!

ওরা ক্লাসে চলে গেল। আর নির্ঝর ক্লাসে বসেও মনোযোগ দিতে পারল না কিছুতেই। কলম হাতে নিয়ে খাতার দিকে তাকিয়ে রইল সে। কয়েক মিনিট পর বিরক্ত হয়ে কলমটা নামিয়ে রাখল। আজ ক্লাসটা এত বিরক্ত লাগছে কেন? ক্লাস কখন শেষ হবে?
নির্ঝর চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। মনে মনে বলল,

– উফফ! একটা মেয়ে কীভাবে মানুষের মাথার ভেতর ঢুকে পড়ে, সেটাই তো বুঝতে পারছি না!

আজ উষসীর চোখের পানি দেখার পর থেকে নিজের ওপরই তার সবচেয়ে বেশি রাগ হচ্ছে। মেয়েটার ওপর এভাবে রাগ দেখিয়ে কি নিজের মনের কথাটা বোঝানো যায়?
এক পর্যায়ে নিজে নিজেই উপলব্ধি করলো,যা-ই হোক না কেন, উষসীকে সে কোনোভাবেই অন্য কারও কাছ থেকে ফুল নিতে দেখতে চায় না। তাকে অন্য কারো সাথে দেখলে তার সহ্য হয় না! এই অনুভূতিটা যতই অস্বীকার করুক, সত্যিটা তো বদলাচ্ছে না!

#চলবে…?

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 34 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন