#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(৩৫)
#তাবাসসুম_তাজ্বওয়ারী
ঊষসী নিজের আগের রুমটায় পড়তে বসেছে। বুকের ভেতর তখনও রাগ, অভিমান আর ক্ষোভের এক প্রবল ঝড় বইছে। ভেতরে ভেতরে ফুলছে তো ফুলছেই! সে ফুসে উঠে নিজের মনেই বলতে লাগল,
– নিজের মুখে তো কখনো একটা ভালো কথা বলবে না, আর কেউ ফুল দিলে সেটা সহ্যও হবে না! ডাস্টবিনে ফেলে দিল ফুলগুলো! কত সুন্দর ছিল... উফ! কেন যে ওই তানভীর ভাইয়ার কথায় বিশ্বাস করতে গেলাম! নির্ঝর ভাইয়া তো ঠিকই বলে, আমি একটা গাধা!
বলতে বলতে চোখে পানি এসে গেল। পরে নিজেকে নিজেই বুঝালো,
– না! আমি কাঁদব কেন? আমি কি উনার জন্য ম’রছি নাকি? আর কোনো দিন ওনার সামনে গিয়ে বকবক করব না। এমন ভাব দেখাবো যেন উনি কি করছে না করছে সে নিয়ে আমার যাই আসে না! গম্ভীর মানুষ... আস্ত একটা পাথর! যার মনের ভেতর কোনো অনুভূতি নেই, যার কাছে মানুষের আবেগের কোনো দাম নেই তার জন্য আমি কেন কষ্ট পাব? আছে তো শুধু ধমক আর শাসন। আজকে ভার্সিটিতে কতগুলো কথা বলল আমায়? আমারই দোষ আসলে!
কিন্তু সে জানতো না সামনে কি হচ্ছে! সন্ধ্যার পর বাইরে থেকে তার ডাক পড়লো। নির্ঝরের গলা শোনা যাচ্ছে,
– উষসী… এই উষসী? বাইরে এসো।
উষসী ওর গলা শুনে নিজেকে চেপে ধরে বসিয়ে রেখেছে। বইয়ের ওপর চোখ রেখে বসে রইল। যদিও বইয়ের একটা অক্ষরও মাথায় ঢুকছে না, তবুও এমন ভাব করছে যেন পৃথিবীর সবচেয়ে মনোযোগী ছাত্রী সে! বাইরে থেকে আবারও নির্ঝরের গলা শোনা গেল,
– উষসী! শুনতে পাচ্ছ না? বাইরে এসো।
উষসী বইয়ের পাতা উল্টে বিড়বিড় করল,
– শুনতে পাচ্ছি তো! কান কি আর আপনার মতো খারাপ হয়েছে? ইচ্ছা করেই যাচ্ছি না। কী করবেন?
কয়েক সেকেন্ড চুপ করে থেকে আবার নিজেই উত্তর দিল,
– কী আর করবেন! ধমক দেবেন। ধমক দেওয়া ছাড়া আর কোনো কাজ আছে নাকি?
নির্ঝরের ডাকাডাকি বন্ধ হয়ে গেল। একটু পর কোনোরকম নক না করে নিজেই ভেতরে চলে এলো সে। উষসী চমকে মাথা তুলল।
– এই যে! দরজা না নক করে এভাবে...
কথাটা শেষ করার আগেই চোখ পড়ল দরজার কাছে দাঁড়িয়ে থাকা নির্ঝরের দিকে। পরনে গেঞ্জির উপর কালো শার্টের হাতা কনুই পর্যন্ত গোটানো। মুখে সেই চিরচেনা গম্ভীর ভাব। তবে আজ তার হাতে এমন কিছু একটা রয়েছে, যেটা দেখে উষসীর মুখের বাকি কথাগুলোও হারিয়ে গেল। একটা বিশাল ফুলের তোড়া! উষসীর চক্ষু কোটর থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম! সে প্রথমে নির্ঝরের মুখের দিকে তাকাল তারপর তোড়াটার দিকে। চোখের পলক পর্যন্ত পড়ছে না তার। উঠে এসে প্রশ্ন করলো,
– এগুলো কি?
নির্ঝর বিরক্ত হয়ে বলল,
– চেনো না কি?
– ফুল!
– তাহলে আবার জিজ্ঞেস করছ কেন?
উষসী ঠোঁট দুটো চেপে ধরল। ইচ্ছে করছে এক্ষুনি একটা বালিশ ছুড়ে মারে লোকটার মুখের ওপর! নিজের ইচ্ছে চেপে সে বলল,
– এতগুলো ফুল এখানে কেন?
– বেশি না একশো একটা।
– কার জন্য?
নির্ঝর বিরক্ত হয়ে দাঁতে দাঁত চেপে বলল,
– আমার জন্য! তোমাকে দেখাতে এনেছি। আবার রুমে নিয়ে যাবো এগুলো নিয়ে বসে থাকবো।
উষসী একটা ঢোক গিলে বলল,
– আমার জন্য? কিন্তু এতগুলো কেন?
– তুমিই তো বলেছো ফুল পছন্দ!
উষসী অবাক চোখে তোড়াটার দিকে তাকিয়ে আছে দেখে নির্ঝর সেটা ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল,
– নিচ্ছো না কেন? নিবে না নাকি?
উষসী হাত বাড়াল ফুলগুলো নেওয়ার জন্য। ফুলের তোড়াটা নেওয়ার সময় তার হাত দুটো কেমন কাঁপল। এত বড় তোড়াটা কোলে নিতেই গোলাপের মিষ্টি ঘ্রাণ নাকে এসে ঠেকলো।।
মেয়েটা কিছুক্ষণ ফুলগুলোর দিকে তাকিয়ে রইল। তারপর একটা গোলাপের পাপড়িতে আলতো করে আঙুল ছোঁয়াল। চোখেমুখে ফুটে উঠল এমন এক আনন্দ, যেটা লুকিয়ে রাখার কোনো উপায় নেই।
নির্ঝর ওর দিকে তাকিয়ে ছিল। তবে উষসী যখন মুখ তুলে তাকাল তখনই সে দৃষ্টি সরিয়ে নিল। গম্ভীর গলায় বলল,
– ফুল লাগলে আমাকে বলবে।
উষসী থমকে গেল।
– জি?
নির্ঝর এবার ওর দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বলল,
– তোমার ফুল পছন্দ। ফুল লাগলে আমাকে বলবে, আমি এনে দেব। শুধু ফুল নয়, যাই লাগবে আমায় বলবে অন্য কারো থেকে যেন নিতে না দেখি!
কথাটা শুনে উষসীর বুকের ভেতরটা ধক করে উঠল।
আবার সেই একই কথা! তার মানে, ফুলগুলো ডাস্টবিনে ফেলে দেওয়ার পরও সাহেবের রাগ কমেনি। আর আজ এতগুলো গোলাপ নিয়ে এসেছে শুধু এটাই বোঝাতে যে ফুল চাইলে তার কাছেই চাইতে হবে! উষসী মাথা নিচু করে গোলাপগুলোর দিকে তাকাল। ঠোঁটের কোণে ছোট্ট একটা হাসি ফুটে উঠল। তবে নির্ঝরকে সেটা বুঝতে দেওয়া যাবে না। মুখটা যথাসম্ভব স্বাভাবিক রেখে বলল,
– আচ্ছা, যদি আপনি না দেন?
নির্ঝর ভ্রু কুঁচকে তাকাল।
– কী দেব না?
– এই যে, আপনি যা বিরস লোক! আমি ফুল চাইলাম, আপনি দিলেন না। তখন কী করব?
– দেব না কেন?
– দিলেন না ধরুন!
নির্ঝর কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে থেকে বলল,
– তাহলে ফুল দিয়ে কি পানি খাবে? ফুলের কি দরকার? ফুল ছাড়া থাকবে।
উষসী সঙ্গে সঙ্গে মুখ তুলে চাইলো। রাগের বদলে মস্তিষ্ক জুড়ে দুষ্টুমি খেলে গেল তার। ইনিয়ে বিনিয়ে বলল,
– যদি আপনার কাছ থেকে নিতে না চাই?
নির্ঝর ওর দিকে স্থির দৃষ্টিতে চেয়ে থাকলো। এরপর বলল,
– আমি দিয়ে গেলাম এবার রাখলে রাখো ফেলে দিতে ইচ্ছে হলে ফেলে দাও। ইটস আপ তো ইউ।
উষসী মুখ বাঁকিয়ে মনে মনে বলল,
– ফেলে দেবো কোন দুঃখে? এতো সুন্দর সুন্দর ফুল নাকি ফেলে দিতাম! কলিজাটায় তো কেঁপে উঠে আমার!
নির্ঝর আবার বলল,
– যা করার করো কিন্তু অন্য কারো থেকে ফুল নিলে খবর আছে!
বলেই নির্ঝর অন্য রুমে চলে গেল। বাইরে থেকে এসে ফ্রেশ হওয়া হয় নি। তার উপর এই মেয়েটার সামনে বেশিক্ষণ থাকলে মেয়েটা খুঁচিয়ে খুঁচিয়ে কথা বের করবে তার চেয়ে কেটে পড়াই ভালো! যাওয়ার আগে বলে গেল,
– খাবার দাও সকাল থেকে দৌড়াদৌড়িতে আছি খিদে পেয়েছে।
উষসী ফুলগুলো ড্রেসিং টেবিলে রেখে উঠে গেল খাবার বাড়তে। খাবার দিতে দিতে ভাবল, লোকটা সারাদিন এত দৌড়াদৌড়ি করে আবার তার জন্য একশো একটা গোলাপের তোড়াও জোগাড় করেছে! কথাটা ভাবতেই উষসীর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল।
খাবার টেবিলে প্লেট সাজিয়ে সে গম্ভীর গলায় ডাকল,
– খাবার দিয়েছি, আসুন।
নির্ঝর হাত-মুখ ধুয়ে ফ্রেশ হয়ে টেবিলে এসে বসল। ঊষসী শুধু তার প্লেটটা সামনে দিয়ে নিজে দূরে দাঁড়িয়ে থাকতে গেল, তখনই নির্ঝর হাত টেনে ধরে ঠান্ডা গলায় বলল,
– একা একা দাঁড়িয়ে থেকে পাহারা দিচ্ছ নাকি? বসে পড়ো।
– আমি তো কেবল...
– অপশন দিই নি অর্ডার দিয়েছি বসো।
ঊষসী আর কথা বাড়াল না, নির্ঝরের ঠিক বিপরীতে চুপচাপ চেয়ার টেনে বসে প্লেটে ভাত তুলে নিল। কিছুক্ষণ দুজনেই নীরব থেকে খাওয়া দাওয়া করল। ঘরের ভেতর চামচ আর প্লেটের হালকা শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। তবে ঊষসীর ভেতরের কৌতূহলটা বারবার তাকে কেমন যেন আনচান করে তুলছিল। অনেকদিন ধরেই তার মাথায় প্রশ্নটা আসছিলো। ভার্সিটি তো দুপুরেই ছুটি হয়ে যায় কিন্তু নির্ঝরকে প্রায়ই ফিরতে অনেক দেরি করতে দেখা যায়। উষসী কৌতূহল থেকে প্রশ্নটা করেই বসলো,
– আচ্ছা... একটা কথা জিজ্ঞেস করার ছিল।
নির্ঝর ভাত থেকে মুখ তুলে ভ্রু কুঁচকে তাকাল।
– কী কথা?
– ভার্সিটি তো দুপুরেই শেষ হয়ে যায়, তাই না? তাহলে প্রতিদিন এই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি ঠিক কোথায় থাকেন বলুন তো? এতক্ষণ কীসের দৌড়াদৌড়ি থাকে আপনার?
নির্ঝর একটু থেমে ওর দিকে তাকাল। তারপর বাঁকা ও রহস্যময় হাসি হেসে বলল,
– কেন? সারাদিন আমাকে দেখতে পাও না বলে কি খুব মিস করো নাকি আমি কোথায় যাই সেটার ওপর গোয়েন্দাগিরি করছো? হু?
ঊষসী চট করে চোখ সরিয়ে নিজের প্লেটে তাকিয়ে বিরক্তি প্রকাশ করে বলল,
– হুহ! আপনারে দেখার জন্য আমার জীবনটা একদম বরবাদ হয়ে গেছে আর কি! এমনিই জিজ্ঞেস করলাম। এত ভাব নেওয়ার তো কিছু নেই!
ততক্ষণে নির্ঝরের খাওয়া শেষ। সে উঠে হাত ধুয়ে নিলো। সোফায় একটু হেলান দিয়ে বসে অনায়াসে বলল,
– আমি পার্ট টাইম জব করি।
উষসী অবাক হয়ে বলল,
– আপনি জব করেন? মানে পড়াশোনার পাশাপাশি?
– হ্যাঁ। শুধু বসে না থেকে ওই সময়টায় কিছু কাজ করি আরকি।
ঊষসীর কৌতূহল যেন আরও বেড়ে গেল। সে একটু ভ্রু কুঁচকে বলে বসল,
– আপনার তো এমন নয় যে না করলেই চলছে! আপনার তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, সব মিলিয়ে অনেক কিছুই তো আছে! এমনিতেই তো সারাদিন দৌড়াদৌড়ি করেন। আবার চাকরিও করেন! তাহলে এত কষ্ট করে পার্ট-টাইম জব করার কী দরকার?
নির্ঝর সোফায় একটু আরাম করে হেলান দিয়ে বসল। তার মুখের ভাব একই রকম গম্ভীর। সে শান্ত গলায় বলল,
– এসব তো আমার নয়। এসব আমার নানুর সম্পত্তি যেগুলো আমাকে দিয়ে গিয়েছে কিন্তু এগুলো কোনোটাই আমার অর্জন করা নয়। সবকিছুর জন্য এসবের ওপর নির্ভর করে থাকতে আমার ভালো লাগে না। আমি চাই আমি কিছু করবো যেটা আমার চেষ্টায় আমার পরিশ্রমে হবে।
উষসী চুপ করে শুনছিল। নির্ঝর আবার বলল,
– তাছাড়া আমি আগে থেকেই পার্টটাইম জব করতাম সময় কাটানোর জন্য।
– সময় কাটানোর জন্য?
– হ্যাঁ, নানু চলে যাওয়ার পর একা থাকতে থাকতে আমি চাইতাম নিজেকে কাজে ব্যস্ততায় ডুবিয়ে রাখতে আর তাই… তখন তো আরও দেরি করে ফিরতাম। এখন বরং আগে আগে চলে আসি। তখন হলে থাকতাম, সকালে বেরোতাম রাতে দেরি করে ফিরতাম। এর মাঝে পড়াশোনা, বন্ধুদের সঙ্গে সময় কাটানো, জব সব মিলিয়ে দিনটা কখন শেষ হয়ে যেত, বুঝতেই পারতাম না।
উষসী ফট করে প্রশ্ন করে বসল,
– তাহলে এখন যে আগে ফিরেন?
নির্ঝর তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল,
– তোমার সমস্যা? অসুবিধে হয় নাকি আমি ফিরলে?
উষসী মুখ চেপে বলল,
– এই না না! এমন কিছু না আমি তো…
– সমস্যা হলে বলে দাও আমি হলে চলে যাবো!
উষসী ফুঁসে উঠে বলল,
– আমি একটা বলি আপনি উল্টোটা বুঝেন। আমি এমনিই জিজ্ঞেস করেছি…
নির্ঝর সময় নিয়ে বলল,
– যেদিন এসেছো সেদিনই তো ওয়ার্নিং দিয়ে দিয়েছো তুমি নাকি রাতে একা ভয় পাও!
নির্ঝর উঠে ঘরে যেতে যেতে বলল,
– তাড়াতাড়ি খেয়ে উঠো। এইটুকুনি এক প্লেট খেতে এতক্ষণ!
.
– কি রে মামা! তুই দেখি বউ পেয়ে বউয়ের ন্যওটা হয়ে গিয়েছিস!
– আউল ফাউল কথা বলবি না তানভীর!
– বলবোই তো! তুই আগে রাতে মাঝে মাঝে আড্ডা দিতি এখন আমরা কল দিলেও তোরে পাই না!
ওপাশ থেকে হাবিব খিলখিল করে হেসে উঠল,
– হ্যাঁ আমরা কিন্তু সত্যিটাই বলছি! তুই আগে রাতে আমাদের সাথে আড্ডা দিতি,ক্যাম্পাসের চত্বরে বা রেস্টুরেন্টে তোর দেখা মিলত। আর এখন তো তোকে কল দিলেও পাবি না, আর পেলেও তোর গলায় সেই আগের মতো ক্যাডার টাইপের ভাব থাকে না!
নির্ঝর এবার মুখ খুললো,
– তোর কি আমাকে ঠান্ডা দেখতে পারিস না? তোদের কিছু বলছি না বলে বাড় বেড়েছিস?
তানভিররা থেমে গেল। ইনিয়ে বিনিয়ে জিজ্ঞেস করল,
– কিসের কথা বলছিস তুই?
– উষসীকে ওখানে পাঠিয়ে অন্য ছেলেকে দিয়ে ফুল কেন দিয়েছিস?
মিরাজ বলল,
– উষসী বলে দিয়েছে?
– উষসীর কেন বলতে হবে? আমি জানি না? কিছু দেখি না?
হাবিব বলল,
– এতই যখন জানিস তাহলে রাগ দেখালি কেন?
– মাথা গরম হয়ে গিয়েছিল। সামনে যে ছিলো তার উপর ঝেড়ে দিয়েছি। তোরা বলেছিস ও বিশ্বাস করেছে! এত বোকা কেন ও?
মিরাজ হেসে উঠলে নির্ঝর নিজেকে সামলে নিয়ে বলল,
– তোদের দোষ মাফ নেই। একেকটা কাজের জন্য তোদের যে কি করবো ভাবতে পারছিস না!
– আমরা তো জাস্ট একটু মজা করতে চেয়েছিলাম, কিন্তু বুঝিনি যে তোর এই পসেসিভ পাগলামি এত দূর গড়াবে!
– কীসের পাগলামি? আমার বউয়ের হাতে অন্য কোনো ছেলের দেওয়া ফুল দেখতে হবে এত বড় উদারতা আমার মধ্যে নেই আর তোদের এই ফালতু বুদ্ধিগুলোর ফলও ভালো হবে না।
হাবিব ওপাশ থেকে ফিক করে হেসে উঠে বলল,
– আরে বুঝলাম দোস্ত! তোর বউ, তোর অধিকার, কেউ হাত বাড়াতে পারবে না! কিন্তু এখন বল কিছু করেছিস? মেয়েটা তো কষ্ট পেয়েছে!
নির্ঝর চুপ করে রইলো। বন্ধুগুলো যা পাজি! এই ফুলের কথা বলা যাবে না পরে এটা নিয়ে ক্যাচাল করবে। সে চেপে গিয়ে বলল,
– ওসব তোদের ভাবতে হবে না। ঠিক হয়ে যাবে পরে।
হাবিব ওপাশ থেকে আরও একটু গলা উঁচিয়ে খিলখিল করে হেসে উঠল। তারপর দুষ্টুমিভরা গলায় বলে বসল,
– ও আচ্ছা! ঠিক হয়ে যাবে মানে? তুই কি অলরেডি কোনো কাজ করেছিস? আমাদের একটুও বলবি না? সেই যে দুপুরের পর থেকে তোকে আর খুঁজে পাওয়া গেল না, কনফিডেন্টলি বল তো গোপনে গিয়ে কোনো বিশাল উপহার-ট উপহার দিয়ে মন গলানোর চেষ্টা করিসনি তো?
মিরাজ সাথে সাথে তালি বাজানোর ভঙ্গিতে চেঁচিয়ে উঠল,
– একশো ভাগ শিওর দোস্ত! টাইগার এমনি এমনি নরম হওয়ার পাত্র নয়! নিশ্চয়ই এমন কিছু একটা করেছে, যেটা আমাদের কল্পনারও বাইরে! বল না নির্ঝর, গোপনে গোপনে কী কাণ্ড করেছিস একটু আমাদেরও শোনা! তোর গম্ভীর খোলসের আড়ালে আসল রোমান্টিকতার দেখা কি পাওয়া গেছে?
তানভীর এবার আরও এক ধাপ বাড়িয়ে টিপ্পনি কেটে বলল,
– শোন তবে! o হলো রহস্যের বাক্স! মুখে ব’লদ টাইপের ভাব দেখাবে আর ভেতরে ভেতরে ঠিকই কোনো বিশাল রাজকীয় সারপ্রাইজ দিয়ে ম্যানেজ করে ফেলবে! বল না রে ভাই, কতগুলো লাল গোলাপ কিনেছিস? নাকি আস্ত একটা ফুলের দোকানটাই নামিয়ে দিয়েছিস উষসীর ঘরের সামনে?
নির্ঝরের কান দুটো পর্যন্ত গরম হয়ে উঠল। এই তিনটাকে সে যতই ধমকাক না কেন, ঠিক ঠিক ঠিক জায়গায় গিয়ে ঠিকই তীর হানতে জানে এরা! সে দাঁতে দাঁত চেপে রাগী গলায় বলে উঠল,
– তোদের জবান দিন দিন বড্ড বেশি বেড়ে গেছে, তানভীর! ফুল নিয়ে কার কী হলো বা না হলো, সেটা নিয়ে তোদের এত মাথা ব্যথা কেন শুনি? পড়াশোনা বাদ দিয়ে সারাদিন মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে মাথা ঘামানো কি তোদের ফুলটাইম প্রফেশন হয়ে দাঁড়িয়েছে?
তানভীর একটুও দমে না গিয়ে উল্টো আরও জোরে হেসে বলল,
– ব্যক্তিগত জীবন আবার কার রে ভাই? তুই তো এখন পাবলিক প্রপার্টি! এমনভাবে বিয়ে করলি পাবলিক এখন তোকে তোর বিয়ে নিয়ে গসিপ করে!
– আই ডোন্ট কেয়ার!
– হ্যাঁ তা তো করবি না। উষসী যে তোকে আস্ত একটা রোবট থেকে ফুল লোলুপ প্রেমিক পুরুষ বানিয়ে ছেড়েছে! তুই এখন ওকে ছাড়া আর কাউকে কেয়ারই করবি না!
নির্ঝর কড়া গলায় বলে উঠল,
– তোদের এই ফালতু বকবক শোনার সময় আমার নেই। কাল ক্যাম্পাসে আসিস, তারপর তোদের এই গসিপের শখ চিরতরে মিটিয়ে দিচ্ছি! রাখছি এখন!
বলেই সে আর বিন্দুমাত্র অপেক্ষা না করে সোজাসুজি কলটা কেটে দিল। ওদিকে বাকি তিনজন হাসিতে ফেটে পড়লো।
#চলবে…?