#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(৩৬)
#তাবাসসুম_তাজ্বওয়ারী
– ক্লাস নেই আজ?
উষসীকে সকাল সকাল বেলকনিতে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে নির্ঝর প্রশ্ন করল। উষসী মেকি হেসে বলল,
– আছে। একটু পর বেরোচ্ছি।
নির্ঝর ভ্রু কুঁচকে তাকালো। মেয়েটার কি মন খারাপ? এভাবে তো আগে দেখে নি ওকে। সবসময় মুখে হাসি লেগে থাকা, সারাক্ষণ বকবক করতে থাকা মেয়েটাকে আজ কেমন যেন অচেনা লাগছে।
সে আবার বলল,
– মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন?
– কই? মন খারাপ কোথায়? এমনিই দাঁড়িয়ে আছি।
– আমাকে মিথ্যা বলার চেষ্টা কোরো না। তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে।
ঊষসী এবার নির্ঝরের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করল।
– সবকিছুর যে কিছু একটা হতে হবে, এমন তো না। মাঝে মাঝে চুপচাপ থাকতেও ভালো লাগে।
– তোমার আবার চুপচাপ থাকতে ভালো লাগে? তোমাকে তো চুপ করানোর জন্য রীতিমতো যুদ্ধ করতে হয়। আজ সূর্য পশ্চিম দিকে উঠেছে নাকি?
কথাটা বলে উষসীর দিকে তাকালো নির্ঝর। সাধারণত এমন কথা শুনলে ঊষসী মুখ ফুলিয়ে দশটা কথা শুনিয়ে দেয়। কিন্তু আজ মেয়েটা কেবল মৃদু হাসল। সেই হাসিতে প্রাণ নেই
নির্ঝরের গম্ভীর হয়ে জিজ্ঞেস করল,
– কী হয়েছে, ঊষসী?
– কিছু হয়নি তো!
– এক কথা বারবার বলতে ভালো লাগে না আমার!
উষসী একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আবারও বাহানা দেওয়ার চেষ্টা করে বলল,
– সত্যি বিশ্বাস করুন আমার…
নির্ঝরের দিকে চোখ পড়তেই থেমে গেল। তীক্ষ্ণ আর কড়া দৃষ্টিতে তাকিয়ে আছে সে। উষসী মাথা নিচু করে নিলো।
– বাসার কথা মনে পড়ছে।
নির্ঝর থমকে গেল। নির্ঝর এত দিন বিষয়টা নিয়ে আলাদা করে ভাবেনি। ঊষসীকে সারাক্ষণ হাসিখুশি দেখেছে, তার সঙ্গে ঝগড়া করতে দেখেছে, ছোটখাটো বিষয় নিয়ে অভিমান করতে দেখেছে। কখনো মনে হয়নি, এই হাসিখুশি মেয়েটার বুকের ভেতরেও হয়তো অনেক না বলা কষ্ট জমে আছে।
অথচ বিয়ের পর থেকে ঊষসীর পরিবারের সঙ্গে আর কোনো যোগাযোগ নেই। হুট করে হয়ে যাওয়া বিয়েটা যে পরিস্থিতি সৃষ্টি তৈরি করেছে, সেই দূরত্বের মাঝখানে সবচেয়ে বেশি আটকে পড়েছে মেয়েটাই। নিজের পরিচিত মানুষগুলো, নিজের ঘর, নিজের ছোটখাটো অভ্যাস সবকিছু ছেড়ে হঠাৎ করেই অন্য একটা জীবনে এসে পড়েছে সে। নির্ঝর একটু নরম সুরে জিজ্ঞেস করলো,
– অনেক দিন কথা হয় না, তাই না?
– হু
নির্ঝর চুপ করে দাঁড়িয়ে রইল। কী বলে সান্ত্বনা দেবে, বুঝতে পারল না। তার নিজের জীবনে এমন মুহূর্ত এলে হয়তো চুপচাপ এড়িয়ে যেতো। কোনদিন কাওকে তো সান্ত্বনা দেয় নি। উষসীকে কি বলবে? উষসী নিজেই বলল,
– আগে প্রতিদিন আব্বু আম্মুর ফোন আসতো জানেন? কোনো একটা দিন যায় নি কারো ফোন আসে নি এমন! অথচ এখন আমার এমন দিন এসেছে যে আমার যেন পরিবার নেই…! এখন খুব ইচ্ছে হয় কেউ যদি জিজ্ঞেস করতো কেমন আছি? কেউ যদি একবার জিজ্ঞেস করতো, খেয়েছি কি না…
বলতে বলতে গলা ধরে আসলো তার।
– ফোন করতে পারো না?
প্রশ্নটা করেই নির্ঝর বুঝল, কতটা বোকা শোনাল কথাটা। যোগাযোগ করতে পারলে কি মেয়েটা এতটা কষ্ট পেত? ঊষসী মাথা নাড়ল।
– পারি, কিন্তু কী বলব? কীভাবে বলব? ওরা আমার উপর রাগ করে আছে আর এত দিন পর ফোন করে বলব, আমি ভালো আছি? অথচ আমি জানি না ওরা ভালো আছে কি না। আমার ওপর রাগ করে আছে কি না…
একটু থেমে সে আবার বলল,
– আমি তো ইচ্ছে করে কিছু করিনি, নির্ঝর। তবুও সবকিছু এমন হয়ে গেল যে নিজের মানুষগুলোর সঙ্গে কথা বলার অধিকারটুকুও হারিয়ে ফেললাম।
কথাটা নির্ঝরের বুকের কোথাও গিয়ে লাগল। সে কিছুক্ষণ একদম পিনপতন নীরবতা নিয়ে দাঁড়িয়ে রইল। নিজের মতো মানিয়ে বড় হওয়া মানুষটা জীবনকে দেখেছে খুব নিখুঁত নিয়মে, খুব বাস্তবতার মাপকাঠিতে। কিন্তু এই মুহূর্তে ঊষসীর এই কান্নার পেছনের আকুলতা তাকে ভেতর থেকে কাঁপিয়ে দিল। সে কখনো কাউকে সান্ত্বনা দেয়নি কারণ তার জীবনে নিজের প্রয়োজন ছাড়া অন্য কারও আবেগকে সামলানোর অবকাশ ছিল না। কিন্তু আজ… উষসীকে ভালো রাখার সম্পূর্ণ দায়িত্ব এবং ইচ্ছেকে সে ফেলে দিতে পারবে না!
– হঠাৎ করে আমাদের এই বিয়েটা ওদের ওপর একটা বড় ধাক্কা ছিল, সেটা আমি অস্বীকার করছি না। কিন্তু তার মানে এই নয় যে তুমি তোমার নিজের পরিবার থেকে চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাবে। যে পরিস্থিতিই তৈরি হোক না কেন, মা-বাবার মন সন্তানের ওপর চিরকাল রাগ করে থাকতে পারে না। আর যদি থেকেও থাকে সেটা একটু বোঝালেই গলে যাবে।
উষসী ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকলো। নির্ঝর একটু চুপ থেকে বলল,
– ক্লাসের সময় হয়ে যাচ্ছে। এসো।
বলে সে বেরিয়ে গেল। উষসী নিজেকে সামলিয়ে একটু পরই বেরিয়ে এলো। ভার্সিটিতে আজকে টানা ক্লাস আছে।
ভার্সিটিতে পৌঁছে ঊষসী নিজেকে পুরোপুরি বন্ধুদের আড্ডায় ডুবিয়ে দিল। আজকে টানা ক্লাস, তার ওপর ক্লাসের ফাঁকে ফাঁকে বন্ধুদের সঙ্গে আড্ডা। আজ তার মনে হচ্ছে সে ও যদি নির্ঝরের মতো চাকরি করতো তাহলেই ভালো হতো। সময়টা কেটে যেত! বাড়ির কথা মনে পড়লে বুকের ভেতর যে শূন্যতাটা তৈরি হয় সেটা কিছুটা কমানো যেতো!
– এই যে, নবাবজাদি! এদিকে আয়। তোর জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি!
রেহনুমার ডাকে হুঁশ ফিরলো উষসীর। সে হেসে বলল,
– কি হয়েছে? এত অপেক্ষা কীসের?
রেহনুমা একটা বক্স বের করে ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল,
– নে তোর ফেভারিট পাস্তা এনেছি খেয়ে নে। বহু কষ্টে ওদের থেকে বাঁচিয়ে রেখেছি।
উষসী হেসে ফেলল। রুহি আর মীরার দিকে তাকিয়ে বলল,
– তোরা আমার ভালোবাসায় ভাগ বসিয়েছিস? বড্ড হিংসুটে তো তোরা!
– তোর জামাইয়ের ভালোবাসায় ভাগ বসালে নাহয় বলতে পারতি হিংসুটে কিন্তু এইজন্য কি বলিস? জামাইয়ের ভালোবাসা নিয়ে অহংকার না করে এই রেহনুমার ভালোবাসা চাইছিস? বিয়ে করে কি হলো বল তো?
উষসী লজ্জা পেয়ে বলল,
– এই থাম! কি শুরু করেছিস তোরা? উল্টো পাল্টা কথা ছাড়া কিছু নেই তোদের?
– তোর বিবাহিত জীবন থেকে ইন্টারেষ্টিং তো কিছুই নেই বিশ্বাস কর!
উষসী মুখ বাঁকিয়ে পাস্তা খেতে খেতে বলল,
– নিজের বিয়ে কর তারপর ইন্টারেষ্টিং বোরিং সব ফীল নে। আমাকে জ্বালাস না তো!
সবাই একসঙ্গে খিলখিল করে হেসে উঠল। ক্লাসের ফাঁকের এই কটা মুহূর্ত যেন ঊষসীকে মন খারাপ থেকে কিছুক্ষণের জন্য হলেও ভুলিয়ে রাখল। মনটা অন্যমনস্ক হলেও সে বন্ধুদের সাথে হাসিমুখে গল্প করে সময় কাটাতে লাগল।
ক্লাস শেষে রেহনুমা হঠাৎ বলল,
– এখনই বাসায় যাওয়ার প্রয়োজন নেই। চল একটু ঘুরে আসি।
– না না এমনিতেই অনেক দেরি তার উপর বাসায় রান্না করতে হবে।
– আরে এত তাড়াহুড়ো করছিস কেন? নির্ঝর ভাইয়া তো সন্ধ্যার পর আসবে।
উষসী ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে একটু ইতস্তত করে বলল,
– না রে রেহনুমা, আজ আর কোথাও ঘুরতে ইচ্ছে করছে না।
রেহনুমা এবার ওর হাত ধরে টেনে বলল,
– কোনো বাহানা শুনছি না চুপচাপ চল। বেশি দূরে যাব না। সময়ও লাগবে না!
মীরা আর রুহিও সাথে সাথে সুর মিলিয়ে সায় দিল,
– একদম! সারাদিন একটানা ক্লাস করে মাথার ঘিলু সব গলে একাকার হয়ে গেছে। একটু কফি না খেলে বাড়ি ফেরার শক্তিই পাব না! তোকেও যেতেই হবে, কোনো বাহানা শুনছি না।
ওকে এক প্রকার টেনে নিয়ে গেল ওরা। আর এই সেই করে বিকেল করে ছাড়লো। উষসী তো চিন্তায় পড়ে গেছে। বাড়িতে রান্না করা বাকি! ওদিকে নির্ঝর এসে যাবে সন্ধ্যার পর। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে তখন তার ত্রাহি অবস্থা! ঘড়িতে প্রায় সাড়ে পাঁচটা ছুঁইছুঁই। সে অস্থির গলায় বন্ধুদের উদ্দেশ্যে বলল,
– তোদের বললাম না এত দেরি করিস না! দেখ এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। বাড়ি গিয়ে চাল-ডাল চড়াব কবে আর উনিও কাজ শেষ করে ফিরে এসে যদি দেখে ঘরে কেউ নেই, তাহলে আমার খবর আছে! তোরা প্লিজ আর এক মিনিটও দেরি করিস না, আমায় ছাড়!
রেহনুমা আয়েশ করে কফিতে একটা চুমুক দিয়ে মুখে এক চিলতে দুষ্টু হাসি ঝুলিয়ে বলল,
– আরে ধুর পাগল! এত প্যারা নিচ্ছিস কেন? নির্ঝর ভাইয়া তোকে কি কোনো টাইম টেবিল ধরে দিয়েছে নাকি? আর এত জলদি বাড়ি ফিরে কী এমন তীর মা’রবি? চিল কর একটু!
রুহি আর মীরাও গলা মিলিয়ে সায় দিল,
– একদম! সারাদিন আমাদের সাথে আড্ডা দিলি, এখন বাড়ি যাওয়ার নাম শুনলেই তোর যত রাজ্যের দুশ্চিন্তা শুরু হয়ে গেল? কেউ কিছু বলবে না চুপ থাক।
কোনোমতে ওদের কাছ থেকে মুক্তি পেয়ে উষসী যখন রিকশায় চেপে হুড়মুড় করে বাসার ফ্ল্যাটের সামনে এসে পৌঁছাল তখন ঘড়িতে প্রায় সন্ধ্যা সাড়ে ছ’টা। তার বুকটা তখন ঢিপঢিপ করছে। আজ নির্ঝর আগেভাগে ফিরে এসে যদি দরজা বন্ধ পায় তাহলে তো আর রক্ষা নেই! নির্ঝরকে জানানও হয় নি! ইশ! কিন্তু সে তখনো বিন্দুবিসর্গও জানত না যে এই পুরো ঘটনাটার পেছনে রয়েছে আস্ত এক মাষ্টারপ্ল্যান!
উষসী দ্রুত লিফটে উঠে ফ্ল্যাটে পৌঁছতেই অবাক হয়ে গেল! দরজা খোলা কেনো? নির্ঝর কি এসে গেছে? কল দিল না কেন তাহলে?
সে এক প্রকার বুক চিতিয়ে দরজাটা আলতো করে ঠেলে ভেতরে প্রবেশ করল। ড্রয়িংরুমে পা রাখতেই তার পায়ের নিচের মাটি যেন এক মুহূর্তে সরে যাওয়ার উপক্রম হলো! ড্রয়িংরুমটা অসম্ভব সুন্দর করে ছোট ছোট ফেস্টুন, রঙিন বেলুন দিয়ে সাজানো। মাঝখানে সেন্টার টেবিলে রাখা একটা চমৎকার চকোলেট কেক। আর সবচেয়ে বড় ধাক্কাটা লাগল সোফার দিকে তাকিয়ে!
সোফার ঠিক সামনে দাঁড়িয়ে আছেন ঊষসীর বাবা, মা আর তার ছোট ভাই! রান্নাঘর থেকে মাত্র বেরিয়ে এসেছে নির্ঝর! গায়ে তার ছাই রঙের শার্ট, মুখে বরাবরের মতো গম্ভীর ভাব থাকলেও চোখের কোণে উপচে পড়ছে অপেক্ষা! উষসীর চোখ দুটো বড় বড় হয়ে কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো! সে বিশ্বাসই করতে পারছে না যে তার নিজের বাবা-মা আর ভাই চোখের সামনে দাঁড়িয়ে আছে! মাথায় কিছুই ঢুকছে না! এরা এখানে কিভাবে এলো? তাকে কিছু জানালো না কেন? এতদিন যাদের মুখ দেখার জন্য বুকের ভেতরটা হাহাকার করত, যাদের সঙ্গে কথা বলার জন্য কতবার ফোন হাতে নিয়েও আবার রেখে দিয়েছে, আজ তারা সবাই তার সামনে দাঁড়িয়ে আছে!
– ঊষু?
মায়ের কণ্ঠটা কানে আসতেই ঊষসীর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এই ডাকটা! কতদিন পর শুনছে সে! বাড়িতে থাকতে প্রতিদিন সকালে এই ডাকেই ঘুম ভাঙত তার। কখনো বিরক্ত হতো, কখনো বালিশের নিচে মুখ লুকিয়ে আরও পাঁচ মিনিট ঘুমানোর বাহানা করত। অথচ আজ এই একটা ডাক শোনার জন্য তার বুকটা কতটা ব্যাকুল ছিল, তা কাউকে বোঝানোর ভাষা তার জানা নেই।
– আম্মু...
কাঁপা কণ্ঠে শব্দটা বের হতেই আর নিজেকে সামলাতে পারল না ঊষসী। চোখ বেয়ে টপটপ করে পানি পড়তে লাগল। পরমুহূর্তেই ব্যাগটা একপাশে ফেলে ছুটে গেল মায়ের দিকে। মাকে জড়িয়ে ধরে এমনভাবে কেঁদে উঠল, যেন এতদিনের জমে থাকা সব কষ্ট একসঙ্গে বেরিয়ে আসতে চাইছে।
– আম্মু! তুমি এসেছ! সত্যিই এসেছ? আমি স্বপ্ন দেখছি না তো?
মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মাও কেঁদে ফেললেন।
– না রে মা, স্বপ্ন না। আমি এসেছি। তোর আম্মু এসেছে।
ঊষসী তার মাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। তার বাবা এগিয়ে এসে মাথায় হাত রাখতেই উষসী নিজেকে আটকালো না। তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল,
– তুমি জানো আব্বু, তোমাকে আমার কত মনে পড়ে? কতবার ফোন করতে গিয়েও করতে পারিনি! কতবার মনে হয়েছে, তুমি যদি একবার ফোন করে জিজ্ঞেস করতে আমি কেমন আছি! আমি ঠিকমতো খেয়েছি কি না! আমার খুব কষ্ট হতো, আব্বু। খুব!
কথাগুলো বলতে বলতে তার গলা ধরে এল। ফুঁপিয়ে কাঁদতে লাগল সে।
– আমারও তোকে কম মনে পড়েনি, মা। তুই কি ভাবিস, তোর কথা আমাদের মনে পড়ে না? তুই আমাদের মেয়ে। রাগ করেছি, কষ্ট পেয়েছি, কিন্তু তোকে ভুলে থাকব কী করে?
ঊষসী হঠাৎ মুখ তুলে বাবার দিকে তাকাল। চোখ দুটো কান্নায় লাল হয়ে গেছে।
– তাহলে ফোন করোনি কেন? একবারও না? আমি ফোন দিলেও ধরো নি! আমি তো ভেবেছি, তোমরা আমাকে আর চাও না!
তার বাবার মুখটা মুহূর্তেই মলিন হয়ে গেল। তিনি মেয়ের গাল ছুঁয়ে বললেন,
– তোর ওপর আমাদের অনেক অভিমান ছিল রে মা! যা হয়েছে, সেটা আমরা সহজে মেনে নিতে পারিনি। কিন্তু অভিমান করে তোকে ভুলে থাকা যায় নাকি? তোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করেনি, এমন একটা দিনও যায়নি।
ঊষসী মাথা নাড়তে নাড়তে কাঁদল।
– আর কখনো এমন করে দূরে থেকো না, আব্বু। আমার খুব কষ্ট হয়।
– আমরাও তো তোকে ছাড়া ভালো ছিলাম না, মা।
বাবার বুকের কাছে মুখ লুকিয়ে ঊষসী ছোটবেলার মতো কেঁদে চলল। কিছুক্ষণ আগেও যে মেয়েটা বন্ধুদের সামনে হাসিমুখে থাকার চেষ্টা করছিল, এখন তার সমস্ত অভিমান, সমস্ত অভিযোগ যেন কান্না হয়ে বেরিয়ে আসছে। নির্ঝর গলা খাঁকারী দিয়ে বলল,
– কান্নাকাটি করেই কি সময়টা কাটিয়ে ফেলবে?
সবাই নির্ঝরের দিকে তাকালো। উষসী মুখ তুলে তাকাতেই নির্ঝর বলল,
– জন্মদিনে কি কান্নাকাটিই করতে চাও?
উষসী চমকে তাকাল। নির্ঝর জানল কিভাবে? সে তো কাওকে বলে নি! উষসীর বাবা ওর মাথায় হাত রেখে বলল,
– অনেক অনেক সুখী হ মা! দুনিয়ার সকল সুখ আল্লাহ তোকে দিক। নির্ঝরের সাথে চিরকাল, দুনিয়া আখিরাতে সুখে থাক এই দুআ করি।
উষসী একবার চোখ তুলে নির্ঝরের দিকে তাকাল। নির্ঝর তখন ওরই দিকে তাকিয়ে কিন্তু উষসী তাকানোর পরও আজ চোখ সরালো না সে। চুপচাপ স্থির দৃষ্টি নিক্ষেপ করে চেয়ে রইলো যেন দুজন চোখে চোখে বার্তা বিনিময় করছে!
#চলবে…?