ফন্ট সাইজ:
থিম:
কদম গুচ্ছের কাব্য গাঁথা

পর্ব 37

লেখক: তাবাসসুম তাজ্বওয়ারী

#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(৩৭)
#তাবাসসুম_তাজ্বওয়ারী

রাতের খাওয়াদাওয়া শেষ করে মাত্রই রুমে আসলো উষসী। নির্ঝর কম আয়োজন করে নি! খাবার বাইরে থেকে আনিয়েছে। উষসীর জন্য একটা কেক ও নিজের হাতে বানিয়েছে! এটা শুনে উষসী ভীষণ অবাক হয়েছে। নির্ঝর আধশোয়া হয়ে বসে ছিলো বিছানায়। উষসীকে রুমে আসতে দেখে সোজা হয়ে হেলান দিয়ে বসলো। উষসী দরজা লাগিয়ে ভেতরে এসে বলল,

– আপনার ক্লাস আর জব ছিলো না? আপনি এত কিছু কিভাবে করলেন?

– হু।

নির্ঝর এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেই উষসী বিরক্ত মুখে বলল,

– কি হু হা? তখন সবার সামনে এড়িয়ে গিয়েছেন কিন্তু এবার ছাড়ছি না!

নির্ঝর কপাল কুঁচকে তাকাল। একটা শ্বাস ছেড়ে বলল,

– কি বলবে বলো তাড়াতাড়ি। অনেক টায়ার্ড লাগছে, ঘুমোবো।

উষসী আয়েশ করে বসে প্রশ্নের ফুলঝুরি খুলে বলল,

– আজ আমার জন্মদিন আপনি জানলেন কিভাবে? আর মা বাবাই বা এখানে আসলো কিভাবে? ওরা এত সহজে মানলো কিভাবে? কি থেকে কি করলেন? কিভাবে করলেন? কেন মানে হঠাৎ…

– এই চুপ! থামো!

টানা কথা বলায় বাঁধ সাধলো নির্ঝর। উষসী মুখে কুলুপ আঁটলো। নির্ঝর বিরক্তি দেখিয়ে বলল,

– এতো প্রশ্ন করলে উত্তর দিবো কখন? তোমার এতো প্রশ্ন কিসের হ্যাঁ? মন মতো বাবা মাকে পেয়েছো চুপচাপ এনজয় করো! তা না হাজারটা প্রশ্ন!

উষসী গাল ফুলিয়ে তাকালো। একটু নাহয় কৌতূহল দেখিয়েছে তাই বলে এভাবে বলবে? সে উঠে বিছানার অন্য পাশে গিয়ে শুয়ে পড়লো। নির্ঝর নিঃশব্দে ওর কর্মকাণ্ড পর্যবেক্ষণ করলো। ঠোঁটের কোণে একটা হাসি দেখা গেল। চাদর মুড়ি দেওয়া উষসীর দিকে তাকিয়ে বলল,

– লাইট কে বন্ধ করবে?

চাদরের নিচ থেকে উত্তর এলো,

– যার লাইটে ঘুমোতে সমস্যা সে বন্ধ করুক!

নির্ঝর হেসে ফেলল। পরক্ষণেই গম্ভীর হয়ে এক পলক তাকিয়ে একটু পর বলল,

– উঠো উঠো বলছি।

উষসী নড়লো না। নির্ঝর এক হাতে চাদর টেনে সরিয়ে ফেলল। উষসী কিছু বলার আগে নির্ঝর ওকে টেনে বসিয়ে দিল। ঘটনার আকস্মিকতায় উষসী বাকরুদ্ধ! কিছু বলার আগে নির্ঝর নরম সুরে বলল,

– শুনে তারপর ঘুমাও। তোমার যে ঘুম হবে না এগুলো না শুনলে সেটা ভালো করেই জানি! পরে মাঝ রাত্রে আমার ঘুম নষ্ট করার কোনো ইচ্ছে নেই!

উষসী বুঝলো না ওর রাগ করা উচিত নাকি খুশি হওয়া? নির্ঝর বলল,

– তোমার বেশ কিছু সার্টিফিকেট আমার কাছে রাখতে দিয়েছো না যেন হারিয়ে না যায়? যেগুলো ইশরাক ভাই পাঠিয়েছিল?

উষসীর মনে পড়লো হ্যাঁ কিছুদিন আগে ভার্সিটিতে কিছু কাগজ পত্র লেগেছিল কিন্তু সে তো কিছুই সাথে আনে নি তাই ইশরাক ভাই-ই তো পাঠিয়েছিল আর সেগুলোর মধ্যে যেগুলো ভার্সিটিতে লাগে নি সেগুলো নির্ঝরের কাছে রাখতে দিয়েছিল।

– হু।

– ওখানে দেখেছিলাম তবে আজ সকাল অব্দিও সেটা খেয়াল ছিলো না।

উষসী আবার উৎসুক হয়ে তাকালো। কৌতূহল নিয়ে শুধাল,

– তাহলে?

– আজ সকালে তানভীর বলছিল রেহনুমা নাকি তোমার জন্য কি যেন বানিয়ে এনেছে তোমার বার্থডে বলে! তারপর মনে পড়েছে।

উষসী মন খারাপ দেখিয়ে বলল,

– ওহ, এভাবে মনে পড়েছে?

– আমি কি তোমার সার্টিফিকেট বার্থ ডেট মুখস্থ করতে যাবো নাকি?

উষসী টপিক পাল্টে বলল,

– ওইসব বাদ! আম্মু আব্বুকে আনলেন কি করে? ওরা তো ভীষণ রেগে ছিল... আপনি কীভাবে মানালেন ওদের?

– বিষয়টা এমন যে রাগ তো করারই কথা।

উষসী একটি ভয়ে ভয়ে বলল,

– আপনাকে কিছু বলেছে আম্মু আব্বু? মানে কথা…

– না। ওনাদের রাগ অনেকটা পড়ে গিয়েছে। তবে যেভাবে ওনাদের মেয়েকে নিয়ে এসেছি সেটাতে আমায় মাথায় তুলেও নাচবে না। যেমনটা স্বাভাবিক তেমনই ছিলো। ওনাদের বোঝানোর চেষ্টা করলাম। সব ঘটনা আর পরিস্থিতি বুঝিয়ে বলেছি। আমি অত ভালো বোঝাতে পারি না তবে যতটুক পেরেছি বলেছিলাম আর ওনারাও তোমার জন্য কষ্ট পাচ্ছিলেন আর ইশরাক ভাই তো আছেই। উনি এক ধাপ উপরে গিয়ে বুঝিয়েছেন। আমি নাকি ভালো ছেলে তোমাকে খুব ভালো রেখেছি হেন তেন যা পেরেছে সবই বোধহয় ওখানে বলেছে!

উষসী খুব মনোযোগ দিয়ে শুনেছে। নির্ঝর একটু থেমে আবার বলল,

– রাগ তো সবারই ছিল, ঊষা। কিন্তু দিনের শেষে সবাই তো তোমার ভালোই চায়। কিন্তু সবাই নিজের রাগটা ধরে বসে ছিলে এটাই এতদিন পার করেছে। তোমার কষ্টটা যখন ওরা বুঝতে পেরেছে তখন আর রাগটা টিকতে পারেনি। আর তোমার ভাই... সে তো এক পায়ে খাড়া ছিল তোমাকে আর বাবা-মাকে এখানে নিয়ে আসার জন্য।

উষসী নাক টানছে দেখে নির্ঝর বলল,

– আবার শুরু করছো? কিছুই বলবো না তোমাকে। সারাদিন হম্বিতম্বী করে এখন ভেজা বেড়াল হয়ে বসে আছে!

উষসী মুখ ভেংচি দিয়ে ঘুরে গেল। পরক্ষণেই কিছু মনে পড়তেই আবার ঘুরে বলল,

– এক মিনিট! রেহনুমাদের ঘুরতে যাওয়াটাও কি আপনার প্ল্যানের অংশ?

নির্ঝর ঠোঁট চেপে বলল,

– এত বুদ্ধিমতী কবে হলে?

– আপনি কি নিজেকে একই বুদ্ধিমতী মনে করেন নাকি?

– জ্বি না। বুদ্ধিমান মনে করি।

উষসী হা করে তাকালো। নির্ঝর হাই তুলে বলল,

– এবার সরো আমি ঘুমোবো।

উষসী নির্ঝরের জায়গা থেকে সরে বসলো। নির্ঝর আরাম করে শুয়ে বলল,

– লাইট বন্ধ করে দিও। গুড নাইট!

উষসী একটু তাকিয়ে ছোট্ট করে বলল,

– থ্যাংক ইউ।

নির্ঝর চোখ বুজে বলল,

– থ্যাংক ইউ বলতে হবে না, শুধু রোজ রোজ আমাকে এভাবে ব্যতিব্যস্ত করা বন্ধ করো, তাতেই ঢের! ঘুমাও এখন।

উষসী আর কোনো কথা বাড়াল না। ছোট একটা নিঃশ্বাস ফেলে সে উঠে লাইটার সুইচ অফ করে দিল। ঘরের চারপাশ নিমেষে ঘুটঘুটে অন্ধকারে ঢেকে গেল। বাইরে তখন রাত গভীর হচ্ছে, গাছের ডালপালা ছুঁয়ে আসা স্নিগ্ধ বাতাস জানালার কাঁচ ভেদ করে ঘরে এক অদ্ভুত শীতল আমেজ ছড়িয়ে দিচ্ছে। বিছানার এপাশে শুয়ে উষসী অনেকক্ষণ ধরে চোখের পলক না ফেলে ছাদের দিকে তাকিয়ে রইল। সারাদিনের এই অবিশ্বাস্য ঘটনাগুলো যেন কোনো রূপকথার গল্পের চেয়েও সুন্দর। সকালে ঘুম থেকে ওঠার সময় যার মনের আকাশটা কালো মেঘে ঢাকা ছিল, সেই মানুষটার আজ রাতে তার আপনজনদের পেয়ে খুশিমনে ঘুমাতে এসেছে!

পরদিন সকালে উষসীর পরিবারের সবাই একসাথে নাস্তা খেতে বসেছে। উষসীর মা বলল,

– আজ দুপুরে আমরা ফিরে যাবো।

উষসী ব্যাকুল কণ্ঠে বলল,

– আজকেই কেন?

নির্ঝরও সায় দিয়ে বলল,

– আরো কয়েকটা দিন থেকে তারপর যাবেন।

– না বাবা। মেয়ের শ্বশুরবাড়িতে এতদিন থাকা যায় নাকি? তো আমরা একটা কথা ভাবছিলাম।

– কি কথা বলুন?

– সামনে তো তোমাদের ভার্সিটি ছুটি তাই চাইছিলাম তোমাকে আর উষসীকে আমাদের সাথে নিয়ে যেতাম। কয়েকটা দিন থেকে আসবে। আমরা তো আগেরবার কোনো আপ্যায়ন করতেই পারি নি।

নির্ঝর সময় নিয়ে কিছুটা চিন্তিত মুখে বলল,

– আমার তো কাজ আছে আসলে। আমি এই মুহূর্তে হয়তো যেতে পারবো না।

উষসীর বাবা তখন হাসিমুখে বললেন,

– আজ উষসী আমাদের সাথেই যাক না তবে! আর দু-একটা ক্লাস পরই বন্ধ ওটা মিস দিলে এমন কিছু হয়ে যাবে না! কী বলো, উষা?

বাবার মুখে এই কথা শোনার পর উষসীর মনের ভেতর এক অদ্ভুত দোলাচল শুরু হয়ে গেল। এত মাস পর বাড়ি ফিরবে সে! খুশিতে নাচতে মন চাইছে। কিন্তু পরক্ষণেই মনে পড়ল নির্ঝর যাবে না। তার যে এই মানুষটাকে ছেড়ে যাওয়ার তীব্র অনীহা! নির্ঝর কি কোনোভাবেই যেতে পারে না? উষসীর অভ্যাসে পরিণত হয়েছে সে! তাকে ছেড়ে কোথাও গিয়ে থাকার কথা ভাবতেই উষসীর বুকটা মোচড় দিয়ে উঠল। সে ফ্যালফ্যাল করে একবার নির্ঝরের মুখের দিকে চাইল। নির্ঝর নির্বিকার নাস্তা করছে যেন তার কোনো যায় আসে না। নিজের দিকে উষসী চেয়ে আছে বুঝতে পেরে মুখ তুলে তাকালো নির্ঝর। ওর চাহিনী দেখে চোখ ফিরিয়ে বলল,

– যেতে ইচ্ছে করলে... তুমি যেতে পারো, উষা। এমনিও সামনে বন্ধ আসছে ঘুরে এসো।

– ব্যাস! হয়ে গেল। ব্যাগ গুছিয়ে ফেল ঊষা।

ঊষার যে মন খারাপ হয়ে গেল। লোকটা তাকে এত সহজে যেতে দিলো? একবারও বলল না ও নাহয় আমার সঙ্গে যাবে? এইটুকু তো বলতেই পারতো। উষসী আস্তে করে মাথা নিচু করে ফেলল। বাপের বাড়ি যাওয়ার আনন্দটা যেন নিমেষে কোথায় উবে গেল।

নাস্তা শেষ করে রুমে আসতেই নির্ঝরের মুখোমুখি দাঁড়িয়ে বলল,

– আমি কি যাবো?

নির্ঝর নির্বিকার বলল,

– ওখানে তো বললাম যেতে। জিজ্ঞেস করার কি আছে?

উষসী মুখ কালো করে নিলো। পর পর ইতস্তত করে বলল,

– আপনিও চলুন আমাদের সাথে? ঘুরে আসলেন..

– আমার সত্যিই কাজ আছে। নাহয় আমি যেতাম!

নির্ঝরের মুখের এই সপাটে জবাব শুনে উষসীর ভেতরের জমিয়ে রাখা অভিমান আর ক্ষোভ যেন একসাথে উপচে পড়ল। সে রাগ ও ক্ষোভে টকটকে লাল মুখ করে বলল,

– বাহ! কী সুন্দর কথা! আমি একা একা যাব আর আপনি এখানে রাজা-বাদশার মতো একা একা রাজত্ব করবেন, তাই তো? আপনি তো মনে মনে ভাবছেন কবে আমি এই বাসা থেকে বিদায় হব আর আপনি শান্তি পাবেন!

নিজের মতো বলে বেরিয়ে গেল সে। নির্ঝর চুপচাপ দাঁড়িয়ে। কপালে আঙুল ঘষে বিড়বিড় করে আওড়ালো,

– একে ভার্সিটিতে তুলেছে কে? তারপর আবার ঘুরে ফিরে আমার গলায়!

নির্ঝরের নিজেরও ভেতরের মনটা চাচ্ছিল না মেয়েটা এই মুহূর্তে কোথাও যাক। অথচ মুখে সে কোনো বাধা দিতে পারছে না। কারণ সে ভালো করেই জানে, নিজের পরিবারের অভাব এই মেয়েটাকে ভেতর থেকে কতটা কুড়ে কুড়ে খেয়েছে! তাছাড়াও কি বাহানা দিবে? সত্যিই তো সামনে ছুটি। আর এখন কিছু বললে মেয়েটা মাথায় উঠবে। এতদিন তানভীররা বলতে ছাড়তো না পরে উষসীও যোগ হবে। সে চাই না তার অনুভূতির ছিটে ফোঁটাও প্রকাশিত হোক!

রাগী মুখে ঘর থেকে বেরিয়ে এসে উষসী সোজাসুজি কিচেনে গিয়ে ঢুকল। দুপুরের দিকে ওরা রওনা দেবে, অথচ তার মনটা বি’ষাদে ভরে আছে। নিজের রাগ সামলানোর কোনো উপায় না পেয়ে সে আওয়াজ করে সবজি কা’টা শুরু করল। তার আম্মু পাশ থেকে এসে বললেন,

– কিরে মা, তোর মন খারাপ কেন? বাপের বাড়ি যাবি শুনলে তো মেয়েরা খুশিতে গদগদ হয়ে যায় আর তোর মুখ দেখে মনে হচ্ছে তোর ওপর পাহাড় ভে’ঙে প’ড়েছে!

উষসী সবজিতে কাঁচামরিচ কা’টতে কা’টতে মুখ ফুলিয়ে মনে মনে বলল, "পাহাড় তো ভে’ঙে পড়েইছে, আর তার নিচে চা’পা প’ড়ে আছি আমি একা!" মুখে অবশ্য জোর করে একটা মেকি হাসি এনে বলল,

– না আম্মু, মন খারাপ কেন হবে! এমনিই... একটু ইয়ে হচ্ছিল আর কি। এতদিন পর বাড়ি ফিরবো খুশি তো খুব!

খাওয়াদাওয়ার টেবিলে সবাই যখন বসল, তখন উষসীর আম্মু একটু হেসে নির্ঝরকে বললেন,

– আমরা খেয়ে দেয়েই বেরোবো। তোমার একা থাকতে হবে। আর তুমিও পারলে দু-এক দিনের মধ্যে কাজ শেষ করে একবার ঘুরে এসো।

নির্ঝর শান্ত গলায় প্লেটের দিকে তাকিয়ে জবাব ডিল,

– হ্যাঁ আমি চেষ্টা করবো।

উষসী টেবিলের নিচে বসে নিজের প্লেটের ভাতের ওপর হাত দিয়ে গুঁতোতে গুঁতোতে মনে মনে ফুঁসে উঠল "কী নির্দয় মানুষ রে বাবা! একটুও মায়া নেই! মনে হচ্ছে কবে আমি বাড়ি থেকে পা বাড়াব আর সে হাঁফ ছেড়ে বাঁচবে!"

খাওয়া দাওয়া শেষ করে ব্যাগপত্তর নিয়ে যখন বিদায় নেওয়ার সময় হলো তখন ফ্ল্যাটের দরজায় দাঁড়িয়ে উষসী এক পলক নির্ঝরের দিকে চাইল। লোকটা দরজার ফ্রেমের সাথে হাত গুটিয়ে এমনভাবে দাঁড়িয়ে আছে, যেন সে কোনো অতিথিকে বিদায় দিচ্ছে!
উষসী একটু আড়ালে ডেকে নিয়ে গিয়ে রাগী গলায় বলল,

– আমি তো চলে যাচ্ছি। একা একা সময় কাটবে কীভাবে শুনি? সারাদিন তো শুধু একা একা ল্যাপটপ নিয়ে বসে থাকবেন! রান্না করে ফ্রিজে সব রেখে দিয়েছি, গরম করে খেয়ে নেবেন প্লিজ! আর বেশি রাত জাগবেন না!

নির্ঝর একটু ভ্রু কুঁচকে, গলার স্বর নামিয়ে খুব নির্বিকার গলায় জবাব দিল,

– এসব নিয়ে তোমার এত ভাবতে হবে না, উষসী! আমি আগে একা একা থেকেছি, এখনো পারব। তুমি কোনো চিন্তা কোরো না,গিয়ে চিল করো, মা-বাবার সাথে এনজয় করো!

নির্ঝরের মুখে "এনজয় করো" কথাটা শোনার পর উষসীর মাথাটা যেন গরম হয়ে ভাতের মা’রের মতো ফুটতে লাগল। সে চোখ ছোট ছোট করে মনে মনে বিড়বিড় করে বলে উঠল,

– এনজয় করো! বাহ রে বাহ! আপনাকে ছাড়া আমি যেতে চাইছি না আর ইনি বলছেন কি? আস্ত একটা অনুভূতিহীন পাথর মানুষ! কবে বুঝবেন যে আপনাকে ছাড়া আমার এক মুহূর্তও ভালো লাগে না? এভাবে যদি চলতে থাকে, তবে তো আপনার প্রেমে ধুঁ’কতে ধুঁ’কতে আমার বুড়ি হয়ে যাওয়ার দশা হবে দেখছি!

চোখের কোণে জমতে থাকা পানিটা জোর করে লুকিয়ে উষসী মুখ ফিরিয়ে গাড়ির দিকে হেঁটে চলে গেল। আর পেছনে দাঁড়িয়ে থাকা নির্ঝর নিজের পকেটে হাত গুঁজে সেই চলে যাওয়া গাড়িটার দিকে তাকিয়ে রইল।
ফ্ল্যাটে ফিরে এসে নির্ঝর যখন দরজা খুলল, তখন চারপাশের এই নিস্তব্ধতা তাকে গ্রাস করে নিল। সেই আগের মতো! একা আর নিস্তব্দ!
নির্ঝর ড্রয়িংরুমের সোফায় গিয়ে বসল। পকেট থেকে চাবিটা বের করে টেবিলে রাখতে গিয়ে তার চোখ গেল ডাইনিং টেবিলের এক কোণে। উষসী যাওয়ার আগে তার দুপুরের খাবার খাওয়ার পর সব গুছিয়ে রেখে গেছে, সাথে টেবিলটাও ঝকঝকে করে মুছে গেছে। অথচ মেয়েটার স্বভাব ছিল যেকোনো জায়গায় কিছু না কিছু ছড়িয়ে রাখা কখনো পড়ার বই, কখনো বা ক্লিপ বা চিরুনি। সে নিজের কপালে হাত ঘষে চোখ বুজে সোফায় হেলান দিয়ে বসল। মনে মনে নিজেকে নিজে বোঝাতে লাগল,

– আগের দু’টা বছরও তো তুই এভাবেই একা কাটিয়েছিস, নির্ঝর! তখন তো কারও জন্য এমন ছটফট করতে হয়নি। উষসী কেবল তোর একটা অভ্যাসে পরিণত হয়েছে, আর কিছু না। কাজে মন দে, সব ঠিক হয়ে যাবে।

কিন্তু মন কি আর সহজে বোঝে? যে মানুষটা সারাক্ষণ বকবক করে মাথা খেয়ে ফেলতো তার অনুপস্থিতি যে এত ভারি হতে পারে, সেটা নির্ঝর এই কন্টাক্টলেস আধ ঘণ্টায় টের পেল।

#চলবে…?

(আর বড় লিখতে পারলাম না। সকাল থেকে কারেন্ট যা ডিস্টার্ব শুরু করেছে!)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 37 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন