ফন্ট সাইজ:
থিম:
কদম গুচ্ছের কাব্য গাঁথা

পর্ব 38

লেখক: তাবাসসুম তাজ্বওয়ারী

#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(৩৮)
#তাবাসসুম_তাজ্বওয়ারী

সেদিন বাপের বাড়ি পৌঁছানোর পরও উষসীর মনের ভেতরটা কেমন যেন খালি খালি ঠেকল। মা ভাইরা কত আদর যত্ন করল, কত রকম খাবার তৈরি করল কিন্তু মন পড়ে আছে ওই বেরস লোকটার কাছে!

একদিন গেল, দুদিন গেল, তিনদিন হয়ে যাচ্ছে! নির্ঝর একবারও আসলো না! বাপের বাড়ি এসে যেখানে উষসীর মায়ের আদরে থাকার কথা সেখানে তার মেজাজ আজ সকাল থেকেই তিরিক্ষি হয়ে আছে। কারণটা খুব স্পষ্ট এই তিন দিনে নির্ঝরের তরফ থেকে একটা ফোন বা খোঁজখবর নেওয়ার মতো ন্যূনতম তাগিদও সে দেখেনি! সে নিজ থেকে অজুহাত দেখিয়ে ফোন দিলে কথা বলে নাহয় খোঁজ খবর নেই! সে ও ফোন দিয়েছে তবে মন চাইলে রাতে একবার দুমিনিটও কথা বলে না রেখে দেয়! ভীষণ অভিমান হলো উষসীর। একটা মানুষের ব্যস্ততায় কি একটা ফোন দেওয়ার সময় হয় না? অভিমান থেকে নিজে বোঝালো আজকে ফোন দিবে না সে! নির্ঝর দিলে কথা বলবে তার আগে তো নয়ই! দিবে না মানে দিবেই না! সে ফোন রেখে উঠে চলে গেল মায়ের ঘরে।

এদিকে নির্ঝর বন্ধুদের সাথে বসে আছে। উষসী যাওয়ার পর থেকে বেশিরভাগ সময়ই বন্ধুদের সাথে থাকে। বাসায় ফিরে দশটার পর। ইচ্ছে করেই দেরি করে ফিরে একা খালি বাসাটা কেমন খাঁ খাঁ করে। এতদিন একা থাকলে যেমন হলে থাকতো এখন উষসী ছাড়াও সে আর থাকতে চায় না। বাসায় ফিরলেই দমবন্ধ লাগে। উষসীকে ফোন দিতে ইচ্ছে হলেও সে নিজেকে দমায়। ওর সাথে কথা বললে ওকে নিয়ে আসতে ইচ্ছে হবে। উষসী যদি জিজ্ঞেস করে কেন আসতে বলছে তখন কি জবাব দিবে? তাছাড়াও মেয়েটা ফ্যামিলির সাথে একটু সময় কাটাক। কম কষ্টও পায় নি। এই সব ভেবে হুটহাট একবার কল দিয়ে শুধু একটু উপস্থিতি নেয় এছাড়া উষসী কল দিলে কথা বলে।

নির্ঝরকে অন্যমনস্ক দেখে হাবিব বলল,

– কিরে নির্ঝর? তুই এখন বেশিরভাগ সময় এখানে বসে থাকিস কেন? দশটা পার হতে চললো এখনও বাসায় যাওয়ার নাম নেই তোর!

তানভীর খোঁচা দিয়ে বলল,

– অ্যাই হাবিব, তুই বুঝিস না কিছু? উষসী তো বাবার বাড়ি গেছে তাই নির্ঝর ব্যাচেলর ঘুরছে। বউয়ের বিরহে ব্যাটায় এখানে বসে থাকে।

মিরাজ হাত দিয়ে টেবিলে একটা থা’প্পড় মে’রে জোর গলায় বলে উঠল,

– আর লুকোছাপা নয় দোস্ত! আজ তোকে আমরা ছাড়ছি না। পরিষ্কার করে বল তো, উষসীকে ছাড়া থাকতে গিয়ে তোর রাতের ঘুম কি একেবারে হাওয়া হয়ে গেছে? শুধু ওর কথা মনে পড়ে?

নির্ঝর তীক্ষ্ণ দৃষ্টি ফেলল বন্ধুদের ওপর। তার কপালে তখন বিরক্তির ভাঁজ। সে কঠোর গলায় বলল,

– তোদের জবান দিন দিন বড্ড বেশি বেড়ে গেছে! আউল-ফাউল বকবক করার কি আর কোনো জায়গা পাস না?

– ওরে বাবা! কী মারাত্মক ডিফেন্সিভ মোড! আমরা তো জাস্ট সাধারণ কিছু লজিক্যাল প্রশ্ন করলাম, আর তোর দেখি এখনই গলার র’গ ফুলে উঠেছে! জায়গা মতো মে’রে দিলাম নাকি?

নির্ঝর তেঁতো মুখে বলল,

– ফাজলামো বন্ধ কর তোরা। মেয়েটা কদিন নিজের ফ্যামিলির সাথে একটু শান্তিতে সময় কাটাচ্ছে, সেখানে আমি গিয়ে ক্যাচাল করব নাকি? তাছাড়া সারাদিন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি তাই বাসায় ফিরতে দেরি হয়। এতে সমস্যা কি?

হাবিব সাথে সাথে তীর্যক চোখে তাকিয়ে বলল,

– সমস্যা নেই বলেই তো তুই রাত দশটার আগে বাসায় পা রাখিস না! একা দমবন্ধ পরিবেশ থেকে বাঁচতেই তো তুই আমাদের ঘাড়ে চেপে আছিস, সেটা আমরা বুঝি না নাকি? স্বীকার করিস না কেন যে উষসীকে ছাড়া তোর আস্ত দুনিয়াটাই এখন ফাঁকা হয়ে গেছে?

নির্ঝর চুপ হয়ে আছে। সেটাকে সম্মতি ধরে নিয়ে তানভীর বলল,

– আরে ভাই, তুই তো দেখি পুরাই শেষ! এতদিন যে নির্ঝরকে আমরা চিনতাম, তার তো কারও জন্য এতটুকু মাথাব্যথাও ছিল না। আর এখন উষসীর একটা ফোনের জন্য অপেক্ষা করিস, অথচ নিজে ফোন দিতে গেলে আত্মসম্মানে লাগে!

– আমার আত্মসম্মান নিয়ে তোদের এত চিন্তা করতে হবে না।

– আত্মসম্মান না, ভাই। তোর ইগো! তুই ওকে মিস করিস, সেটা স্বীকার করতে সমস্যা কোথায়?

– আমি ওকে মিস করি, কে বলেছে?

– তোর মুখ বলেনি, তোর কর্মকাণ্ড বলেছে।

নির্ঝর দীর্ঘশ্বাস ফেলল। এই তিনজনকে নিয়ে কোথাও বসা যায় না। একটা কথা শুরু করলে শেষ না করে ছাড়বে না।

– তোদের ধারণা ভুল।

– আচ্ছা, ভুলই ধরলাম। তাহলে উষসীর সাথে কথা না হলে তোর কিছু যায়-আসে না?

– না।

– আজ সারাদিন ফোন না দিলে?

– না।

– আগামীকালও না দিলে?

– না।

– এক সপ্তাহ না দিলে?

নির্ঝর এবার বিরক্ত হয়ে বলল,

– কী সমস্যা তোদের? ফোন না দিলে না দেবে! ওর পরিবার আছে, ওদের সঙ্গে সময় কাটাচ্ছে। এখানে সমস্যা কোথায়?

মিরাজ হেসে বলল,

– দেখেছিস? আমরা তো শুধু ফোনের কথা বললাম, আর তুই পুরো ব্যাখ্যা দিয়ে দিলি! ওর পরিবার আছে, ও সময় কাটাচ্ছে, ওর কষ্ট হয়েছে সবই তোর মাথায় আছে। শুধু নিজের কষ্টটার নাম দিতে পারছিস না।

কথাটা শুনে নির্ঝর কয়েক মুহূর্ত চুপ করে থাকল। তারপর ফোনটা পকেটে রেখে গম্ভীর গলায় বলল,

– তোরা আসলে কী শুনতে চাস?

তানভীররা আজ আট ঘাট বেঁধে নেমেছে। নির্ঝরকে ছাড় দিবেই না। কেউ এবার আর হাসল না। সোজাসুজি বলল,

– শুনতে চাই, উষসীর প্রতি তোর অনুভূতিটা কী? যেটা তুই লুকিয়ে রেখেছিস। নিজে বুঝেও স্বীকার করতে চাইছিস না!

সেই শুরু হলো ওদের জেরা। বন্ধুরা সবাই মিলে যখন ওকে চারপাশে ঘিরে ধরে জবরদস্তি করে মুখ থেকে কথা বের করার চেষ্টা করছে, তখন নির্ঝর আর কোনো কথায় বলল না। এদের একেকজনের কথা আর প্রশ্ন শুনেই গেল। এক পর্যায়ে মাথাটা ধরে যাওয়ার জোগাড়। তবুও ওদের কিছু বলল না। ওরা বিরক্ত হয়ে থেমে গেল। তানভীর বলল,

– দেখ, আমরা তোকে জোর করে প্রেম স্বীকার করাতে বসিনি। তুই ভালোবাসিস কি না, সেটা তোর ব্যাপার। কিন্তু অন্তত নিজের অনুভূতি লুকিয়ে রাখিস না! দেরি হওয়ার আগে মেয়েটাকে নিজের করে নে! ভেবে দেখ তো মেয়েটা শুধুই কি তোর একটা রেসপন্সিবিলিটি নাকি এর বেশি কিছু?

প্রশ্নটা সে নিজেও নিজেকে করেছে। উষসীকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেওয়ার পর থেকে তার জীবনে অনেক কিছু বদলেছে। মেয়েটার অভিমান, হাসি, বকবকানি সবকিছুই অদ্ভুতভাবে তার প্রতিদিনের অংশ হয়ে গেছে। বাসায় ফিরে তাকে না দেখলে কেমন অস্বস্তি হয়। কিছু ভালো লাগলে মেয়েটাকে বলতে ইচ্ছা করে, আবার কোনো কারণে মন খারাপ থাকলে তার মুখটা মনে পড়ে। মেয়েটার মন খারাপ থাকলে ইচ্ছে হয় সব ঠিক করে দিক। মাঝে মাঝে ইচ্ছে হয় বুকে আগলে বসে থাকুক!
বেশ কিছুক্ষণ পিনপতন নীরবতার পর নির্ঝর একটা দীর্ঘশ্বাস ফেলল। নির্বিকার গম্ভীর হয়ে বলে উঠল,

– হ্যাঁ।

সবাই হতভম্ব হয়ে বলল,

– কি হ্যাঁ?

– তোরা যেটা নিয়ে এতক্ষণ মাথা খাচ্ছিস, সেটাই। তোরা জোর করে শুনতেই চাস তোদের উত্তরটা তাহলে শোন। হ্যাঁ... অস্বীকার করার কিছু নেই। মেয়েটার প্রতি আমার একটা অন্যরকম দুর্বলতা তৈরি হয়েছে, সেটা সত্য।

ওরা যেন হজম করতে পারছে না নিজেদেরই টোপ। হা করে চেয়ে আছে। নির্ঝর অন্যমনস্ক হয়ে বলল,

– তোরা ভালো করেই জানিস আমি কেন নিজের এইসব অনুভূতি প্রকাশ করতে চাই না। আমার জীবনে এইসব অনুভূতি এক প্রকার অভিশপ্তই মনে হয়। যেই বয়সে ছেলেরা বাবার হাত ধরে বড় হয় ওই বয়স থেকে আমি বাবাকে ঘৃণা করার অনুভূতি পেয়েছি। যখন মাকে ঘিরে আমার দুনিয়া তখন মা-ও চলে গেল। আর শেষমেশ নানুমনি… একটা মানুষকে ভালোবেসে তার ছায়ায় নিজেকে অভ্যস্ত করে তোলার পর যদি একদিন হুট করে সেও... কাউকে আপন করতে কি ভয় হবে না আমার?

সবাই চুপ হয়ে গেল এই কথায়। নির্ঝরের কথাটাও ভুল নয়। সে মাঝে মাঝেই ওদের বলতো এই জীবনে কাওকেই জড়াবে না তাহলে সে ও বাকিদের মতো হারিয়ে যাবে। নীরবতা ভাঙল হাবিব,

– আমরা মানছি, তোর জীবনে মা-বাবার কোল বা সুখে গড়া শৈশব ছিল না, নানুমনিকে হারানোর কষ্টটাও তো কম ছিল না। কিন্তু তাই বলে কি তুই তোর বর্তমানের এই সুন্দর অনুভূতিগুলোকেও সারাজীবন একা একা একা এক কোণে বন্দি করে রাখবি?

তানভীর নরম সুরে যোগ করল,

– একদম ঠিক! অতীতের ওই ভয়গুলো দিয়ে কি তোর আগামী দিনের ভালো লাগাগুলোকে জাস্টিফাই করা যায়? তুই যাকে হারানোর ভয়ে নিজের অনুভূতিগুলোকে লুকিয়ে রাখছিস, উষসী কি সেই মানুষগুলোর মতো কেউ? মেয়েটা তো তোকে ঘিরেই নিজের আস্ত দুনিয়া সাজাতে চায়! তুই এভাবে নিজেকে গুটিয়ে রাখলে তো দিনশেষে শুধু কষ্টটাই বাড়াবি, রে নির্ঝর!

– কি দরকার ভালোই তো চলছে! এভাবে…

ওকে থামিয়ে তানভীর বলল,

– ক’চু চলছে! তুই মেয়েটাকে হারিয়ে পস্তাবি নির্ঝর! এরকম করে কয়দিন চলে? একটা সময় ওর ও চলে যাওয়ার চিন্তা আসবে! ও তোর কাছে কি পাচ্ছে বল তো যে ও থেকে যাবে? তুই ওকে কাছেও টানছিস না আবার দুরেও ঠেলছিস না! ও তো বুঝতে পারবে না তুই ওকে চাস কি না! ওরও তো অধিকার আছে সুখী হওয়ার। ওর কি ইচ্ছে নেই তোর সাথে সুন্দর সংসার করার? তোর সাথে যেটা হয়েছে তাতে তো ওর দোষ নেই তাহলে ওকে কেন সুখ থেকে বঞ্চিত করবি তুই?

তানভীরের কথাগুলো যেন ঠিক তীরের মতো গিয়ে বিঁ’ধল নির্ঝরের বুকে। টেবিলে পিনপতন নীরবতা।
নির্ঝর থম মেরে বসে রইল বেশ কিছুক্ষণ। কাউকে ভালোবাসলে যে তাকে হারানোর এক অদৃশ্য যন্ত্রণা আজীবন বয়ে বেড়াতে হয়, সেই ট্রমাটাই তাকে বারবার পিছুটান দেয়। সে তো চায়নি উষসী তার জীবনের এত বড় একটা অংশ হয়ে যাক! অথচ মেয়েটা না চাইতেই তার সমস্ত অনুভূতির দেয়ালগুলো ভেঙে গুঁড়িয়ে ভেতরে প্রবেশ করেছে। আবার তানভীরও ঠিকই তো বলেছে! উষসী তো তার অতীতের কোনো ভুলের খেসারত দেওয়ার জন্য আসে নি। মেয়েটা তো সারাক্ষণ কেবল তার একটুখানি সান্নিধ্য, একটুখানি স্নেহের কাঙাল হয়ে থাকে। আর সে কি না নিজের ইগো আর অতীতের ট্রমার ভয়ে মেয়েটার অনুভূতিগুলোকে রোজ অবহেলা করে চলেছে! উষসী যদি একদিন সত্যিই ক্লান্ত হয়ে এই দূরত্ব মেনে নেয় কিংবা তার এই কাঠখোট্টা আচরণে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার কারণে চিরতরে দূরে সরে যেতে চায় সে তখন কি করবে? নিজেকে কখনো ক্ষমা করতে পারবে?
মাথাটা তার ভনভন করে ঘুরছে। সে উঠে দাঁড়ালো। তানভীর বলল,

– কই যাস?

– বাসায়।

বলে হেঁটে চলে গেল। এদিকে তানভীর দাঁতে দাঁত চেপে বলল,

– এতকিছু বলার পরও যদি ওর মত চেঞ্জ না হয় তাহলে ওই শা’লা আসলেই রোবট! আমি ওকে আর কিছু বললে আমি নাম পাল্টে ফেলবো।

মিরাজ বলল,

– নির্ঝর মানেই রিস্ক মামা, বুঝে শুনে বল! জা’নের উপ্রে রি’স্ক, নামের উপ্রেও রি’স্ক হইয়া যায়!

.

রাত বারোটা পেরিয়েছে। উষসী কল না করলেও কলের আশায় বসে ছিলো। কিন্তু এখনো কোনো কল কেন মেসেজও আসে নি। তখন বারোটা পার হয়ে প্রায় দেড়টার কোঠায় পৌঁছে গেছে। উষসী তখনও বিছানায় শুয়ে এপাশ-ওপাশ করছে, কিন্তু চোখের পাতা এক মুহূর্তের জন্যও এক করতে পারছে না। সেই মুহূর্তে হঠাৎ একটা মেসেজের টোন বাজলো। উষসী তড়িঘড়ি করে ফোন নিয়ে দেখলো নির্ঝরের মেসেজ।

– ঘুমিয়ে পড়েছো?

উষসী রাগ অভিমান ভুলে তড়িঘড়ি করে রিপ্লাই দিলো,

– না না, জেগে আছি।

নির্ঝর সীন করে কিছুক্ষণ সময় নিলো। উষসী এক মুহূর্ত চোখ সরালো না ফোন থেকে। একটু বাদেই ওর সকল উৎসাহের উপর পানি ঢেলে নির্ঝর বলল,

– তাহলে ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়েছে!

মেসেজটা স্ক্রিনে ভেসে ওঠার সাথে সাথেই উষসীর বুকের ভেতরটা তীব্র অভিমান আর ক্ষোভে ভরে গেল। মুখটা কালো হয়ে এলো। তার চোখের কোণে জমে থাকা পানিগুলো যেন এক পলকে আ’গুনের স্ফু’লিঙ্গে রূপ নিল। সে দাঁতে দাঁত চেপে ফোনটা শক্ত করে খা’মচে ধরে মনে মনে ফু’সে উঠল,

– অসহ্য লোক একটা! রাত দেড়টার সময় মেসেজ দিয়ে একটা মানুষ এভাবে তাড়িয়ে দেয়?! আমার সাথে কথা বলার বিন্দুপরিমাণ ইচ্ছে যার নেই, সে আবার মেসেজ দিতে গেল কেন শুনি? আমার ঘুম আসুক বা না আসুক, তাতে ওর কী?! ইচ্ছে করছে এই মুহূর্তে ফোনটা আ’ছড়ে ভেঙে টুকরো টুকরো করে ফেলতে!

রাগে থরথর করে কাঁপতে কাঁপতে সে ফোনটা সজোরে বালিশের ওপর উপুড় করে ফেলে দিল। মনের ভেতর তখন কষ্টের এক তীব্র হাহাকার আর দমবন্ধ করা অভিমান ডানা মেলছে। সে আর এক পলকও ফোনের দিকে তাকাল না। বালিশে মুখ গুঁজে গাল বেয়ে গড়িয়ে পড়া পানির ফোঁটাটুকু আর আটকাতে পারল না উষসী। লোকটা বুঝি কখনোই বুঝবে না যে তার ওই একটা উদাসীন কথা এই মেয়ের বুকটা কতটা চূর্ণ-বিচূর্ণ করে দিতে পারে! মনে মনে খুব আফসোস হলো, এই মানুষটাকেই কেন তার মনে ধরতে গেল? যার মনে সে নেই কেন তাকেই মনে মনে ভালবাসতে গেল সে? কষ্ট পাওয়ার জন্য?
কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে গেল সে।

সকাল সকাল নাস্তা করে মাত্রই বসেছিল সবাই। উষসী তখন ড্রইং রুমে বসে আছে। হঠাৎ দরজায় বেল পড়লো। উষসীর বাবা বলল,

– এই সকালে কে আসলো?

তিনি উঠে দরজা খুলতেই যে মানুষটাকে সামনে দেখা গেল, তাকে দেখে বাড়ির সবাই তো বটেই সাথে উষসীর চোখ দুটোও ছানাবড়ার মতো গোল হয়ে গেল! দরজার সামনে হাত পকেটে গুঁজে শান্ত ও গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে নির্ঝর! সে সালাম দিতেই উষসীর বাবা বলল,

– আরে আরে নির্ঝর ভেতরে এসো। আমরা তো জানতামই না তুমি আসবে! এই উষসী তুই কিছু বলিস নি কেন?

উষসী বাকহারা হয়ে তাকিয়ে। নির্ঝর বলল,

– না না ওকেও বলি নি। হুট করে চলে এসেছি। না বলে আসার জন্য দুঃখিত।

– বলো নি তো কি হয়েছে? তোমার বাসা যখন ইচ্ছে হবে আসবে।

উষসীর আম্মু তো বেজায় খুশি! তিনি তক্ষুনি ব্যস্ত হয়ে পড়ে বললেন,

– এই উষসী ঘরে নিয়ে যা। এখানে বসবে কেন? আমি নাস্তা পানির ব্যবস্থা করি।

ওনাকে এত অস্থির হতে দেখে নির্ঝর বলল,

– আপনি এত অস্থির হবেন না। কিছু করতে হবে না।

– না তা বললে হয় নাকি? মেয়ে জামাই প্রথমবার এসেছো আপ্যায়ন না করলে চলবে না। ইশরাকের বাবা, আপনি একটু বাজারে যান না!

– হ্যাঁ হ্যাঁ লিস্ট দাও আমি গিয়ে নিয়ে আসছি। নির্ঝর রেস্ট নাও। অনেক জার্নি হয়েছে।

উষসী তখন এক কোণে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে সব দেখছে। তার ভেতরের অভিমানের পারদটা তখন সাতশো ডিগ্রিতে গিয়ে ঠেকেছে। কালকে একবার জানালোও না আজ আসবে! মনে মনে ভাবলো, লোকটা গতকাল রাতে মেসেজ দিয়ে তাড়িয়ে দিল আর আজ সকালবেলা সোজা বাপের বাড়ি এসে হাজির! এ কোন দ্বিমুখী চরিত্র রে বাবা!

পরিবারের সবাই তখন ব্যস্ত হয়ে পড়ল জামাইয়ের খাতিরদারি নিয়ে। আব্বু লিস্ট হাতে নিয়ে বাজারের উদ্দেশ্যে জুতো পরতে লাগলেন,আর আম্মু ছুটলেন রান্নাঘরের দিকে। ড্রয়িংরুমে তখন শুধু নির্ঝর আর উষসী দাঁড়িয়ে। উষসী মুখ ঘুরিয়ে কিচেনে গিয়ে ওর মাকে টুকটাক সাহায্য করতে শুরু করলো।

– যা তো ঊষা এগুলো দিয়ে আয়। ছেলেটা সকাল সকাল এসেছে কিছু খেয়েছে কি না কে জানে!

মায়ের আদেশে ট্রে নিয়ে ড্রইং রুমে চলে গেল সে। ততক্ষণে ইশরাকও এসেছে। সে পাশে ফোনে কথা বলছে। উষসী খুব সাবধানে ট্রে এনে নির্ঝরের সামনে টেবিলে রাখল। তার মুখটা তখন থমথমে, যেন এখনই আষাঢ়ের কালো মেঘ নামবে।
নির্ঝর উষসীর দিকে তাকিয়ে ওর অন্ধকার চেহারা খেয়াল করল। কিন্তু সে বিন্দুমাত্র বিচলিত হলো না। বরাবরের মতো সেই গম্ভীর, স্বাভাবিক অভিব্যক্তি বজায় রেখেই সে চায়ে একটা চুমুক দিয়ে শান্ত গলায় বলল,

– চায়ে চিনিটা একটু কম হয়েছে, উষা।

উষসী চোখের দৃষ্টি কটমট করে তাকিয়ে বরফশীতল গলায় জবাব দিল,

– আমার হাতের চা এমনই তেতো লাগবে! মিষ্টি খাওয়ার শখ হলে অন্য কোথাও গিয়ে খেয়ে নেবেন!

– তেতো হলেও সমস্যা নেই, হজম করার অভ্যাস আমার আছে।

উষসী বুঝল এই মানুষের গায়ে কোনো এ’সিডও কাজ করবে না! সে আর একটা সেকেন্ডও সেখানে দাঁড়িয়ে নিজের মেজাজ খারাপ না করে মুখ ফিরিয়ে সোজা কিচেনে চলে গেল। কিচেনে গিয়ে দাঁড়াতেই শুরু হলো মায়ের বকাবকি,

– এই তুই এখানে দাড়িয়ে কি করছিস? যা নির্ঝরকে রুমে গিয়ে বসা। ওর কি লাগবে না লাগবে দেখ! এখানে পড়ে আছিস কেন? প্রথমবার ছেলেটা এসেছে ওর যেন খারাপ না লাগে।

উষসী বিরক্ত মুখে বলল,

– আম্মু ওনার লাগলে ওনি নিজেই বলবে তো।

– তুই পারবি হুট করে একজনের বাসায় গেলে সেখানে এটা লাগবে ওটা লাগবে বলতে? যা!

মায়ের ঠেলাঠেলিতে উষসী আর দাঁড়িয়ে থাকল না। ড্রইং রুমে এসে বলল,

– আম্মু আপনাকে রুমে যেতে বলেছে। চলুন।

ইশরাক বলল,

– হ্যাঁ নির্ঝর ভেতরে যাও। রেস্ট নাও কিছুক্ষণ।

নির্ঝর উঠে দাঁড়াল। উষসী হনহনিয়ে ভেতরে চলে গেল আর নির্ঝর ওর পিছন পিছন। নির্ঝর ভেতরে ঢুকে দরজাটা চাপিয়ে দিল। তারপর ঘরের চারপাশে একবার চোখ বুলিয়ে স্বাভাবিক গলায় বলল,

– তোমার রুম এটা?

উষসী ভ্রু কুঁচকে বলল,

– না, আপনার শ্বশুরবাড়ির অতিথিশালা!

নির্ঝর ঠোঁটের কোণে হাসি চেপে বলল,

– ওহ! তা অতিথির সঙ্গে এমন ব্যবহার করা হয় এখানে?

– অতিথি হলে অতিথির মতো থাকবেন। বাড়ির জামাই হয়ে গেছেন বলে মাথায় তুলে রাখতে হবে, এমন কোনো নিয়ম নেই।

– তা তো দেখতেই পাচ্ছি।

নির্ঝর আলগোছে একটা চেয়ার টেনে বসে পড়ল। উষসী তার দিকে একবার তাকিয়ে মুখ ফিরিয়ে নিল। এই লোকের সঙ্গে কথা বলাটাই বৃথা! সে যেখানে রাগে গজগজ করছে, সেখানে লোকটা দিব্যি আরাম করে বসে আছে। যেন কিছুই হয়নি!

– কী হয়েছে তোমার?

উষসী সঙ্গে সঙ্গে উত্তর দিল,

– কিছু হয়নি।

– তাহলে মুখ এমন করে রেখেছো কেন?

– ইচ্ছে হয়েছে তাই। আপনার সমস্যা?

নির্ঝর এবার একটু ভালো করে তার দিকে তাকাল। মেয়েটা তার সঙ্গে এমন ব্যবহার করছে যেন সে কোনো মহাপা’প করে ফেলেছে। অথচ সে তো শুধু হুট করে চলে এসেছে! আসার পর থেকে একবারও ঠিকমতো কথা বলছে না।

– আচ্ছা, আমার সমস্যা নেই। কিন্তু তোমার কি কোনো সমস্যা হয়েছে?

– না।

– নিশ্চিত?

– জি, একশো ভাগ নিশ্চিত।

– আচ্ছা।

উষসী অবাক হয়ে তার দিকে তাকাল। এ কী! লোকটা তাকে একটু রাগ ভাঙানোর চেষ্টা পর্যন্ত করবে না? উল্টো একবার জিজ্ঞেস করেই হাল ছেড়ে দিল! তার মানে সত্যিই তার প্রতি কোনো আগ্রহ নেই। সে রাগ করল কি না, অভিমান করল কি না কিছুতেই কিছু যায়-আসে না! উষসী যেতে নিলে নির্ঝর আবার বলল,

– তুমি কি আমার ওপর রাগ করেছ?

উষসী এবার মুখ তুলে তাকাল। ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি টেনে বলল,

– বাহ! আপনার আবার আমার ওপর রাগ-অভিমান খেয়াল করার সময়ও হয়? আমি তো ভাবতাম আপনার জীবনে আমার অস্তিত্বই নেই!

নির্ঝর স্থির দৃষ্টিতে চেয়ে রইলো।

– উষা, ঘুরিয়ে-পেঁচিয়ে কথা না বলে সরাসরি বলো। কী হয়েছে?

উষসী এবার আর নিজেকে সামলাতে পারল না।

– কী হয়েছে মানে? আপনি গতকাল রাতে আমাকে মেসেজ দিয়েছিলেন কেন?

নির্ঝর ভ্রু কুঁচকে তাকাল।

– কেন, মেসেজ দিতে পারি না?

– অবশ্যই পারেন! আপনার তো সবই করার অধিকার আছে। রাত দেড়টার সময় মেসেজ দিয়ে জিজ্ঞেস করবেন ঘুমিয়েছি কি না, আর আমি জেগে আছি শুনে বলবেন ঘুমিয়ে পড়তে! বাহ! এত কষ্ট করে মেসেজ দেওয়ার কী দরকার ছিল? একটা মানুষ ঘুমাচ্ছে কি না জানার জন্য এত রাতে বিরক্ত করতে হয়?

নির্ঝরের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠতে গিয়েও থেমে গেল। মেয়েটা যে কেনো ভীষণ অভিমান করেছে, সেটা এবার স্পষ্ট।

– আমি মেসেজ দিয়ে তোমাকে ঘুমাতে বলেছি বলে তোমার খারাপ লেগেছে?

– না, আমার ভীষণ ভালো লেগেছে! আনন্দে রাতে ঘুমাতে পারিনি, তাই তো এখন আপনাকে দেখে আরও খুশি হচ্ছি!

– উষা…

– কী?

– আজকে তুমি আমার সাথে ফিরবে।

উষসী অবাক হয়ে বলল,

– আজকেই!

– হু।

– আর কয়দিন থেকে যাই আমি তো ভেবেছি আপনি থাকবেন বলে এসেছেন!

– না পরে আবার আসিও। আমি নিয়ে আসবো তোমাকে।

উষসী একটু চুপ থেকে নির্ঝরকে পর্যবেক্ষণ করে বলল,

– আপনি তো আমাকে ছাড়া ভালোই ছিলেন তাহলে আবার এতো দ্রুত নিয়ে যেতে চাইছেন কেন?

নির্ঝর ওর কথার টোন শুনে ওর দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে ভাবলো সবাই ওকে চেপে ধরতে চাইছে!
এই মেয়েটা নেই দেখে কে তার গত তিন দিন তার বাসায় ফিরতে ইচ্ছে করত না, সেই কথাটা তো আর মুখ ফুটে বলা যায় না! তাই নির্বিকার বলল,

– বাসায় রান্না বান্না হচ্ছে না তো তাই।

উষসী দাঁতে দাঁত চেপে বলল,

– খুব তো বলেছিলেন একা থাকতে পারবেন। আপনি নাকি রান্না বান্না পারেন তাহলে এখন কেন সমস্যা হচ্ছে?

– সমস্যা হচ্ছে না। তবে তুমি থাকলে রান্না নিয়ে আমাকে ভাবতে হয় না।

উষসী চোখ বড় বড় করে তাকাল।

– ওহ! তার মানে আপনার রান্নার লোক দরকার, বউ দরকার না!

নির্ঝর ভ্রু উঁচু করল।

– আমি কখন বললাম বউ দরকার নেই?

– একটু আগে কি বললেন।

নির্ঝর অতিষ্ঠ হয়ে উঠল উষসীর একটানা অভিযোগে। একটু ভালো করে কথা বলার সুযোগ না দিয়েই মেয়েটা সেই থেকে ঝগড়া করে চলেছে! শেষমেশ আর নিজেকে সামলাতে পারলনা সে। আলগোছে উষসীর কনুই চেপে তাকে নিজের কাছে টেনে আনল। আকস্মিক ঘটনায় উষসী থমকে গেল। বিস্ময়ে বড় বড় চোখে তাকিয়ে রইল নির্ঝরের দিকে। নির্ঝরও চোখ সরাল না। বরং ওর চোখের দিকে অপলক তাকিয়ে, গম্ভীর কণ্ঠে বলে উঠল,

– তোমাকে ছাড়া থাকতে পারছি না তাই তো নিতে এসেছি। এবার বলো তুমি সত্যি আরো থাকতে চাও নাকি আমার সাথে ফিরবে?

#চলবে…?

(নিন, বড় করে দিলাম! আমার লেখা সবচেয়ে বড় পর্ব বোধহয়! সব ঠিক থাকলে সামনে প্রেম প্রেম পর্ব আসছে🤭)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 38 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন