#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(৪০)
#তাবাসসুম_তাজ্বওয়ারী
বিছানার ওপর বড় একটা ট্রাভেল ব্যাগ খুলে বসে আছে ঊষসী। চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে ওর জামাকাপড়, ওড়না, প্রসাধনীর ব্যাগ আর নানান টুকিটাকি জিনিসপত্র।
একটা জামা ভাঁজ করে ব্যাগে রাখছে তো পরক্ষণেই সেটা বের করে অন্য জামার সঙ্গে মিলিয়ে দেখছে। কখনো একটা পোশাক হাতে নিয়ে কিছুক্ষণ ভাবছে আবার কখনো ফোন হাতে নিয়ে কিসব ঘাটছে।
সব মিলিয়ে মেয়েটার ব্যস্ততার শেষ নেই।
ঘরের দরজায় দাঁড়িয়ে নির্ঝর বেশ কিছুক্ষণ ওর কাণ্ডকারখানা দেখল। মুখে বরাবরের মতোই নির্লিপ্ত ভাব। নির্ঝর কাল রাতেই টিকিট বুকিং দিয়ে ওকে জানিয়েছে তারপর রাতে ঘুম হয় নি বোধহয় মেয়েটার সকাল থেকে যা তোড়জোড় শুরু করেছে। সে ঘরের ভেতরে এসে আলমারির পাশের চেয়ারটায় বসে বলল,
– কী কী নিচ্ছ?
– জামাকাপড়।
– সেটা তো দেখতেই পাচ্ছি। আর কী?
– আর কী আবার? সবই তো নিচ্ছি।
নির্ঝর একবার আলমারির ভেতর উঁকি দিয়ে আবার ওর ব্যাগের দিকে তাকিয়ে বলল,
– তুমি কি সমুদ্রে সংসার পাতার প্ল্যান করে যাচ্ছো?
উষসী ভ্রু কুঁচকে তাকালে আবার বলল,
– না তুমি যেভাবে পুরো আলমারি তুলে নিয়ে যাচ্ছো ভাবলাম বোধহয় ওখানেই থেকে সংসার করবে। রান্না ঘরের জিনিস পত্রও নিয়ে নিয়েছো?
উষসী ঠোঁট উল্টে তাকালো। ব্যাগের অবস্থা দেখে বলল,
– আমি বুঝতে পারছি না কোনটা নেবো কি নেবো!
নির্ঝর ওর কথা শুনে কয়েক মুহূর্ত চুপ করে রইল। মেয়েটার মুখের দিকে তাকিয়ে মনে হলো, সত্যিই বেশ দ্বিধায় পড়েছে। অথচ এই দ্বিধার কারণেই যে ব্যাগের অর্ধেকটা জামাকাপড়ে ভরে ফেলেছে, সেটা বুঝতে বাকি নেই তার।
সে বিছানার ওপর ছড়িয়ে থাকা পোশাকগুলোর দিকে তাকিয়ে বলল,
– আচ্ছা, একটা কাজ করো। যতগুলো পোশাক নিয়েছো, সেখান থেকে অর্ধেক বাদ দাও।
– কোন অর্ধেক বাদ দেবো সবই তো লাগবে!
নির্ঝর জবাব না দিয়ে বিছানার ওপর থেকে একটা পোশাক তুলে ধরল।
– এটা নেবে?
– হ্যাঁ।
– এটা?
– এটাও।
– আর এটা?
– এটাও নেবো।
নির্ঝর পোশাকটা আবার বিছানায় রেখে ওর দিকে তাকাল।
– তাহলে আমাকে জিজ্ঞেস করছো কেন? সবই তো নেবে।
নির্ঝর উঠে ল্যাপটপ নিয়ে বসলো। একটু পর ঊষসী ফোন হাতে নিয়ে কিছু একটা লিখতে শুরু করল। কয়েক সেকেন্ড পর হঠাৎ মুখ তুলে বলল,
– আচ্ছা, সমুদ্রের ধারে গেলে কি সন্ধ্যায় ঠান্ডা লাগে?
– যেহেতু শীতকাল চলেই এসেছে লাগতে পারে।
– তাহলে একটা শাল নেবো?
– নাও।
– আর যদি বৃষ্টি হয়?
নির্ঝর এবার ওর দিকে তাকিয়ে রইল। তারপর ধীর গলায় বলল,
– ঊষসী, আমরা সমুদ্রে যাচ্ছি। আবহাওয়া অধিদপ্তরের দায়িত্ব নিতে যাচ্ছি না।
মেয়েটা খিলখিল করে হেসে উঠল।
নির্ঝর মুখে বিরক্তির ভাব নিয়ে আবার নিজের কাজে মন দিল। উষসী এবার ভেবে চিন্তে কয়েকটা জামা আর বোরকা রেখে বাকিগুলো আলমারিতে তুলে রাখলো। ধপ করে বিছানায় বসে পড়ে বলল,
– ঘুরতে যাওয়ার আগে ব্যাগ গোছানোর মতো কষ্ট বোধহয় ঘুরতে গিয়েও হয় না!
নির্ঝর এক পলক তাকিয়ে আবার স্ক্রিনে মনোযোগ দিলো। নির্ঝর কাজ শেষ করে একটা একটা ছোট ব্যাগ নিয়ে এলে উষসী প্রশ্ন করল,
– এগুলো কি?
– চার্জার, পাওয়ার ব্যাংক, প্রয়োজনীয় ওষুধ, সানস্ক্রিন আর কিছু দরকারি জিনিস।
– ওষুধও নিতে হবে?
– মাথাব্যথা হলে, জ্বর হলে, পেট খারাপ হলে কী করবে? সমুদ্রে গিয়ে ফার্মেসি খুঁজবে?
– হু হু ঠিক!
নির্ঝর ব্যাগে রাখতে রাখতে ভাবল, মেয়েটা এসবের কিছুই জানে না। জানার প্রয়োজনও নেই। এরপর একটু খোঁ’চা দিয়ে বলল,
– তোমার যা অবস্থা দেখছি যাওয়ার আগেই না অসুস্থ হয়ে বসে থাকো চিন্তা করছি!
– এরকম বলবেন না তো! আমি একটু এক্সসাইটেড জাস্ট!
– ওকে।
উষসী কিচেনে চলে গেল। কিছু বাসন প্লেট ধোয়া বাকি আছে। খেয়ে দিয়ে সব গুছিয়ে রাখবে কাল সকালে তো বাস আছে রওনা দিতে হবে যে!
বেসিনের সামনে দাঁড়িয়ে একে একে প্লেটগুলো ধুচ্ছে সে। মুখে আপনমনে গুনগুন করছে কোনো একটা গান। মাঝে মাঝে আবার নিজের মনেই হাসছে। কাল এই সময়ে হয়তো সমুদ্রের সামনে দাঁড়িয়ে থাকবে সে! ভাবতেই কেমন অদ্ভুত ভালো লাগা কাজ করছে। লাগবে নাই বা কেন? সমুদ্রের নাম শুনলেই কার না মন কেমন করে ওঠে! আর সেখানে যদি সাথে থাকে এমন একজন মানুষ, যাকে সে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছে! তাহলে তো সেই যাত্রার রোমাঞ্চ দ্বিগুণ হয়ে যায়।
পরদিন ভোরের আলো পুরোপুরি ছড়িয়ে পড়ার আগেই ঘুম থেকে উঠে পড়েছে ঊষসী। সকাল সকাল গোসল করে তৈরি হয়ে নিয়েছে। পরনে কালো রঙের একটা বোরকা, মাথায় সুন্দর করে হিজাব বাঁধা আর মুখে নিকাব। ছোট্ট একটা ব্যাগ কাঁধে ঝুলিয়ে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে।
নির্ঝর ঘর থেকে বেরিয়ে এসে দেখল, মেয়েটা ডাইনিং টেবিলের পাশে দাঁড়িয়ে ফোন ঘাঁটছে।
সে একবার ঘড়ির দিকে তাকাল। তারপর ঊষসীর দিকে।
– নাশতা করেছো?
ঊষসী ফোন থেকে চোখ না তুলেই বলল,
– না।
– কেন?
এবার ঊষসী মুখ তুলে তাকাল। ঠোঁটে চাপা হাসি।
– খিদে লাগছে না।
– খিদে লাগার অপেক্ষায় থাকলে দুপুর হয়ে যাবে। বসো।
– এখন খাবো না। বাসে গিয়ে কিছু খেয়ে নেবো।
নির্ঝর কিছু বলতে গেলে উষসী থামিয়ে দিয়ে বলল,
– দেখুন নিকাব পড়ে নিয়েছি! বাইরে থেকে খেয়ে নেবো প্লিজ? এখন খেয়ে গুছিয়ে বের হতে দেরি হয়ে যাবে।
নির্ঝর কথা বাড়াল না। কালই সে শুকনো কিছু খাবার এনে রেখেছিল খেয়ে বেরোনোর জন্য কিন্তু মেয়েটা তো খাবেই না তাই সেগুলো ব্যাগে নিয়ে নিল। নির্ঝর খাবারের প্যাকেটগুলো ছোট ব্যাগে ঢুকিয়ে নিল। তারপর ডাইনিং টেবিলের ওপর রাখা পানির বোতলটা হাতে নিয়ে ঊষসীর দিকে বাড়িয়ে দিল।
– এটা নাও।
– আমার কাছে পানি আছে।
– তবুও এটা রাখো।
ঊষসী বোতলটা ব্যাগে ঢুকিয়ে নিল।
– নিজের জিনিসপত্র একবার দেখে নাও। কিছু ফেলে যাচ্ছো কি না।
ঊষসী দ্রুত নিজের ছোট ব্যাগটা খুলে ফোন, মানিব্যাগ আর প্রয়োজনীয় জিনিসগুলো দেখে নিল।
কিছুক্ষণ পর নির্ঝর বড় ব্যাগ দুটো নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। ঊষসী পেছন পেছন আসতে আসতে আবার ঘুরে ঘরটা একবার দেখে নিল।
– কী হলো? কিছু ভুলে গেছো?
– না। সব ঠিক আছে।
– তাহলে চলো।
দরজায় তালা লাগিয়ে নির্ঝর নিচে নামতে শুরু করল। ঊষসীও তার পাশে পাশে হাঁটছে। উষসীর মুখে আনন্দের হাসি লেপটে আছে। অথচ নির্ঝরের মুখে কোনো বিশেষ উচ্ছ্বাস নেই। অথচ বের হওয়ার আগে গাড়ির ব্যবস্থা, টিকিট, হোটেলের বুকিং সবকিছু কয়েকবার মিলিয়ে নিয়েছে সে। ঊষসীর জন্য প্রয়োজনীয় জিনিসগুলোও আলাদা করে রেখেছে। মেয়েটা শুধু আনন্দ করতে জানুক। বাকিটা সে সামলে নেবে।
নির্ঝর আগেই গাড়ি ঠিক করে রেখেছিলো ওরা নিচে নেমেই প্রথমে লাগেজগুলো গাড়ির পেছনে তুলে রাখল। এরপর দুজনই গাড়িতে উঠে বসলো। গাড়ি চলতে শুরু করতেই ঊষসী জানালার বাইরে তাকাল। সকালের রাজশাহী তখন ধীরে ধীরে ব্যস্ত হয়ে উঠছে। রাস্তার পাশে দোকানপাট খুলছে, কোথাও চায়ের দোকানে মানুষের জটলা।
ঊষসী ফোন বের করে জানালার পাশের দৃশ্যের একটা ছবি তুলল। নির্ঝর একবার ওর দিকে তাকিয়ে বলল,
– এখন থেকেই ছবি তোলা শুরু?
– হ্যাঁ। ভ্রমণের স্মৃতি তো শুরু থেকেই জমাতে হয়।
– হুম।
কিছুক্ষণ পর বাস কাউন্টারের সামনে গাড়ি থামল। নির্ঝর নেমে প্রথমে কাউন্টারে গিয়ে টিকিটের তথ্য মিলিয়ে নিল। এরপর লাগেজ নামিয়ে নির্দিষ্ট জায়গায় রাখল। ঊষসীও গাড়ি থেকে নেমে চারপাশে তাকাতে লাগল। কাউন্টারের সামনে কয়েকজন যাত্রী অপেক্ষা করছে, কেউ লাগেজ নিয়ে ব্যস্ত, কেউ আবার হাতে চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে আছে। নির্ঝর উষসীর হাত ধরে রেখেছে। উষসী উচ্ছ্বাস নিয়ে বলল,
– আমাদের বাস কোনটা?
– ওই যে সামনে দাঁড়িয়ে আছে।
এরপর নির্ঝর টিকিট দুটো ওর হাতে দিয়ে বলল,
– এগুলো নিজের কাছে রাখো। হারিয়ে ফেলো না।
মেয়েটা টিকিট দুটো ব্যাগের ভেতরের পকেটে যত্ন করে রেখে দিল। আজকের দিনটা নিয়ে তার কত পরিকল্পনা!
বেশ কিছুক্ষণ অপেক্ষার পর গাড়িতে উঠার পালা। নির্ঝর লাগেজ নিয়ে যাওয়ার আগে বলল,
– এখানেই দাঁড়াও, আমি লাগেজ দিয়ে আসছি চুপচাপ দাঁড়িয়ে থাকবে।
– ওকে।
উষসী দাঁড়িয়ে দাঁড়িয়ে আশপাশ দেখলো। একটু পর নির্ঝর ফিরে এসে বলল,
– চলো, বাসে ওঠার সময় হয়ে গেছে।
হাত বাড়িয়ে ওর ছোট ব্যাগটা নিজের হাতে নিয়ে নিল।
– চলো, বাসে ওঠো।
উষসী খুশি খুশি মনে বাসে উঠে গেল। বাসের ভেতরে উঠে ঊষসী প্রথমেই জানালার পাশের সিটটা খুঁজে নিল। টিকিটের নম্বরের সঙ্গে মিলিয়ে নিশ্চিত হয়ে জানালার পাশে বসে পড়ল সে। নির্ঝর ওর পাশের সিটে বসে ছোট ব্যাগটা সামনের সিটের নিচে রেখে দিল। এরপর একবার চারপাশে চোখ বুলিয়ে নিজের জায়গায় আরাম করে বসল।
– আচ্ছা, আমরা পৌঁছাতে কতক্ষণ লাগবে?
– রাস্তার অবস্থার ওপর নির্ভর করছে।
– মানে?
– যানজট থাকলে বেশি সময় লাগবে। না থাকলে কম।
ঊষসী মুখ বাঁকিয়ে জানালার বাইরে তাকাল। নির্ঝরকে দিয়ে যে খুব বেশি কথাবার্তা বের করা যাবে না, সেটা সে ভালো করেই জানে। তবু আজ তার কথা বলার ইচ্ছেটা একটু বেশিই। আবার ফিরে তাকিয়ে বলল,
– আচ্ছা, আপনি কি আগে কখনো কক্সবাজার গিয়েছেন?
– গিয়েছি।
– কার সঙ্গে?
– বন্ধুদের সঙ্গে।
ঊষসী একটু থেমে বলল,
– আমার সঙ্গে এই প্রথম, তাই না?
নির্ঝর একবার আয়নায় ওর দিকে তাকাল।
– হুম।
– তাহলে এবার কিন্তু আমার পছন্দমতো সবকিছু করতে হবে।
– কী কী করতে চাও?
ঊষসী যেন এই প্রশ্নটার অপেক্ষাতেই ছিল। সঙ্গে সঙ্গে বলতে শুরু করল,
– প্রথম দিন সমুদ্র দেখব। তারপর বিকেলে বিচে যাব। সূর্যাস্ত দেখব। রাতে আবার যাব। পরদিন সকালে খুব ভোরে উঠব, সূর্যোদয় দেখব। আর অনেক ছবি তুলব। অনেক! সারাদিন সমুদ্র দেখবো!
নির্ঝর নির্বিকার চেয়ে বলল,
– আগে পৌঁছাই। তারপর দেখা যাবে।
– আপনি সবকিছুর উত্তর 'দেখা যাবে' বলেন কেন?
– কারণ সবকিছু আগে থেকে বলে রাখা যায় না।
– তাহলে এটলিস্ট বলুন ইনশাআল্লাহ্ দেখবো, করবো।
নির্ঝর ওর দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর বেশ স্বাভাবিক গলায় বলল,
– ইনশাআল্লাহ, তোমার সব পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা হবে।
উষসী ভ্রু কুঁচকে তাকালো। এই ছেলেটা শুধরাবে না!
বাস ধীরে ধীরে কাউন্টার ছেড়ে মূল সড়কে উঠল। পরিচিত শহরটা পেছনে ফেলে নতুন পথের দিকে এগিয়ে চলল তারা।
নির্ঝর ব্যাগ থেকে নাস্তা বের করে ওকে দিল।
– নাও
– কি এটা?
– খাবার। সকালে কিছু খেয়ে বের হও নি চুপচাপ খাও।
ঊষসী কথা না বাড়িয়ে খেয়ে নিলো। খাওয়া জানালার পাশে মুখ ফিরিয়ে বসে রইল। সকালের আলোয় রাস্তার দুপাশের দৃশ্য দেখতে দেখতে কখনো ছবি তুলছে, কখনো নির্ঝরকে ডেকে কিছু দেখাচ্ছে। আর নির্ঝর বেশিরভাগ সময় চুপচাপ বসে থাকলেও ওর ডাকে একবার হলেও জানালার বাইরে তাকাচ্ছে।
প্রায় দুপুর গড়িয়েছে, এমন বসে থাকার পর চোখের পাতা এক হয়ে আসছে উষসীর। অনেক কষ্টে চোখ খুলে রেখেছে কিন্তু ঘুমের কারণে ঢলে ঢলে পড়ছে বারংবার! নির্ঝর সেটা খেয়াল করলো। মেয়েটা এমন জেদি ঘুম আসছে তবুও ঘুমোবে না! সে সোজা হয়ে বসে সামনে তাকিয়েই উষসীর মাথা টেনে কাত করে নিজের কাঁধে রাখলো। উষসী সেটা টের পেয়ে অদ্ভুত অনুভূতিতে শিউরে উঠলো। এমন অপ্রত্যাশিত স্পর্শে বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল তার। মুহূর্তের জন্য ঘুমটাও যেন উধাও হয়ে গেল।
নির্ঝর তখন সোজা তাকিয়ে। ছেলেটা মুখে সেই চিরচেনা গম্ভীর ভাব, অথচ এই ছোট্ট কাজটুকুতে মেয়েটার ভেতরটা কেমন এলোমেলো করে দিলো জানে কি?
ঠোঁটের কোণে আপনাআপনি মৃদু হাসি ফুটে উঠল ঊষসীর। সে ধীরে ধীরে নিজের হাত বাড়িয়ে নির্ঝরের হাতটা জড়িয়ে ধরল। দুই হাতে নির্ঝরের বাম হাত জড়িয়ে ধরে একটু আরাম করে কাঁধে মাথা রাখল।
নির্ঝর নিচের দিকে একবার তাকাল। ঊষসীর দু’হাত তার হাত জড়িয়ে আছে। সে কিছু বললোও না, সরিয়েও নিলো না।
বাস ছুটে চলল দীর্ঘ পথ ধরে। জানালার বাইরে দৃশ্য বদলাতে থাকল একের পর এক। আর জানালার পাশের সিটে, নির্ঝরের কাঁধে মাথা রেখে তার হাত জড়িয়ে ধরে নিশ্চিন্তে চোখ বুজল ঊষসী।
নির্ঝরও আর নড়ল না। শুধু একবার পাশ ফিরে ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে আবার সামনের দিকে চোখ রাখল।
সময় গড়াতে লাগল। বাসের ভেতরে কখনো কথাবার্তা, কখনো নীরবতা। প্রায় ঘণ্টাখানেক পর একটা ঝাঁকুনিতে ঊষসীর ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই প্রথমে নিজের অবস্থানটা বুঝতে চেষ্টা করল। নির্ঝরকে ছেড়ে এদিকে এসে বসে বলল,
– আপনার হাত ব্যথা করছে না?
– না।
উষসী চুপ হয়ে গেল। আশপাশ তাকিয়ে আবার বলল,
– আর কতক্ষণ লাগবে?
– আরো অনেকক্ষণ রাত হবে পৌঁছাতে।
ঊষসী একটু বিরক্ত মুখে জানালার বাইরে তাকিয়ে রইল। এতক্ষণে তার ভেতরের উত্তেজনাটা কিছুটা কমে এসেছে। সকাল থেকে একই সিটে বসে থাকতে থাকতে কোমরও কেমন ব্যথা হয়ে যাচ্ছে। বাইরে তাকিয়েও আর আগের মতো ভালো লাগছে না। সবকিছুই যেন একঘেয়ে মনে হচ্ছে।
একসময় বাস একটি নির্ধারিত বিরতিস্থলে থামল। চালকের ঘোষণা শুনে যাত্রীরা একে একে নামতে শুরু করল। নির্ঝরও উঠে দাঁড়িয়ে ঊষসীর দিকে তাকাল।
– নামবে?
– এখানে থামবে?
– হ্যাঁ। কিছুক্ষণ বিরতি।
ঊষসী তাড়াতাড়ি নিজের ব্যাগটা কাঁধে নিতে গেল। নির্ঝর আগে নামল, তারপর তার পেছনে ঊষসী।
বাইরে নেমে ঊষসী চারপাশে তাকাল। বেশ কয়েকটা খাবারের দোকান, চায়ের স্টল আর যাত্রীদের ভিড়। কেউ খাবার কিনছে, কেউ চা হাতে দাঁড়িয়ে আছে। দীর্ঘক্ষণ বাসে বসে থাকার পর একটু হাঁটতে পেরে তারও ভালো লাগল। নির্ঝর বলল,
– কিছু খাবে?
– কী আছে?
– সামনে গিয়ে দেখো।
ঊষসী খাবারের দোকানগুলোর দিকে এগিয়ে গেল। কয়েকটা খাবারের নাম পড়ে আবার নির্ঝরের দিকে তাকাল।
– আপনি কী খাবেন?
– যা খাও।
– না, আপনার পছন্দটা বলুন।
– আমার বিশেষ পছন্দ নেই।
ঊষসী চোখ ছোট করে তাকাল। তারপর নিজের মতো খাবার অর্ডার দিল। শেষ পর্যন্ত দুজনের জন্য খাবার নেওয়া হলো। নির্ঝর খাবারের প্যাকেট আর পানির বোতল হাতে নিয়ে একটা পাশে দাঁড়াল। ঊষসী খেতে খেতে আশপাশের দৃশ্য দেখছিল। খাওয়া শেষ হলে নির্ঝর হাত ধুয়ে এসে বলল,
– আর কিছু লাগবে?
– না।
– তাহলে চলো।
বাস ছাড়ার সময় হওয়ার আগেই দুজন নিজেদের সিটে ফিরে এল। উষসী বসে বসে বাইরে চেয়ে আছে। দীর্ঘ পথ এখনো বাকি। তবু তার মনে হচ্ছে, এই যাত্রাটাও আলাদা একটা অভিজ্ঞতা হয়ে থাকবে। গন্তব্যে পৌঁছানোর আগেই কত ছোট ছোট স্মৃতি জমে যাচ্ছে! সে একবার নির্ঝরের দিকে তাকাল। ছেলেটা ফোনে কিছু একটা দেখছে। ঊষসী চুপচাপ আবার জানালার দিকে মুখ ফেরাল। মনে মনে ভাবল, সমুদ্র দেখতে যাওয়ার আনন্দ তো আছেই, তবে এই মানুষটার সঙ্গে এতটা পথ পাড়ি দেওয়ার আনন্দটাও কম নয়।
.
শেষমেশ দীর্ঘ জার্নি শেষ করে রাত প্রায় বারোটার দিকে তারা পৌঁছাল। ঊষসী ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারপাশ দেখছিল। নির্ঝর এরই মধ্যে কাউন্টার থেকে লাগেজ বুঝে নিয়ে এসেছে। দুটো বড় ব্যাগ একপাশে রেখে ওর দিকে তাকাল।
– কী হলো? দাঁড়িয়ে আছো কেন?
ঊষসী মুখ তুলে তাকাল।
— আমরা সত্যি সত্যি কক্সবাজার চলে এসেছি?
নির্ঝর কয়েক মুহূর্ত ওর দিকে তাকিয়ে থেকে বলল,
– না, এখনো রাজশাহীতেই আছি।
ঊষসী ঠোঁট উল্টে তাকাল।
– এখানে সমুদ্র কোথায়?
– তোমার জন্য বাস কাউন্টারের সামনে সমুদ্র বানিয়ে রাখবে! চলো। গাড়ি অপেক্ষা করছে।
– গাড়ি?
– হোটেলে যাওয়ার জন্য আগে থেকেই ঠিক করা আছে।
ঊষসী আর কিছু না বলে ওর পেছন পেছন এগিয়ে গেল। নির্ঝর আগে থেকেই হোটেলে যোগাযোগ করে রেখেছিল। পৌঁছানোর সময় জানানো ছিল বলে গাড়ির ব্যবস্থাও করে দিয়েছে হোটেল কর্তৃপক্ষ।
গাড়িতে উঠে বসতেই ঊষসী আবার জানালার বাইরে তাকাল। রাস্তার দুপাশে কিছু দোকান এখনো খোলা। কোথাও আলো ঝলমল করছে, কোথাও রাতের নীরবতা। এতক্ষণ ধরে যে জায়গায় আসার অপেক্ষা করছিল, সেখানে এসে পৌঁছেছে সে! অথচ সমুদ্র এখনো দেখা হয়নি।
– আমরা কি এখন সমুদ্র দেখতে যাব?
নির্ঝর ফোন থেকে চোখ তুলে তাকাল।
– এখন?
– হ্যাঁ। একটু দেখে আসব। এত দূর এলাম!
– রাত বারোটা বাজে, ঊষসী।
– তাতে কী হয়েছে? সমুদ্র তো আর ঘুমিয়ে পড়েনি।
নির্ঝর আর তর্কে গেল না। ফোনটা পকেটে রেখে জানালার বাইরে তাকাল।
– কাল সকালে যাবে। এখন আগে হোটেলে গিয়ে ফ্রেশ হও, খেয়ে বিশ্রাম নাও।
ঊষসী আর কিছু বলল না। তবে মুখ দেখে বোঝা গেল, সমুদ্র না দেখে হোটেলে যাওয়ার সিদ্ধান্তটা তার খুব একটা পছন্দ হয়নি।
কিছুক্ষণের মধ্যেই গাড়ি হোটেলের সামনে এসে থামল। নির্ঝর নেমে প্রথমে লাগেজগুলো নামাল। এরপর হোটেলের ভেতরে গিয়ে রিসেপশনে বুকিংয়ের তথ্য জানাল। ঊষসী পাশে দাঁড়িয়ে চারপাশ দেখছিল। সুন্দর সাজানো লবি, নরম আলো, একপাশে কয়েকটা সোফা। রিসেপশনের আনুষ্ঠানিকতা শেষ করে নির্ঝর রুমের কার্ড নিয়ে ফিরে এল।
– চলো।
ঊষসী পেছন পেছন লিফটের দিকে এগিয়ে গেল। লিফটে দাঁড়িয়ে আবার প্রশ্ন করল,
– রুম থেকে কি সমুদ্র দেখা যাবে?
– জানি না।
– আপনি হোটেল বুক করলেন, অথচ এটা জানেন না?
– রুমে গিয়ে দেখে নিও।
ঊষসী মুখ বাঁকিয়ে চুপ করে গেল।
রুমের সামনে এসে নির্ঝর কার্ড দিয়ে দরজা খুলল। ভেতরে ঢুকেই ঊষসী একবার চারপাশে তাকাল। পরিপাটি একটা ঘর। মাঝখানে বড় বিছানা, পাশে সোফা, একপাশে টেবিল আর সামনে বড় জানালা। জানালার পর্দা টানা থাকায় বাইরে কিছুই দেখা যাচ্ছে না। ঊষসী ব্যাগটা নামিয়ে সোজা জানালার দিকে এগিয়ে গেল। পর্দা সরাতেই বাইরে রাতের অন্ধকারে দূরে কিছু আলো চোখে পড়ল। সে একটু ঝুঁকে বাইরে তাকাল।
– নির্ঝর!
নির্ঝর লাগেজগুলো ঘরের ভেতরে রেখে তাকাল।
– কী?
– এখানে তো সমুদ্র দেখা যাচ্ছে না!
নির্ঝর একবার জানালার দিকে তাকিয়ে বলল,
– রাতের বেলা অন্ধকারে কী দেখবে?
– তবুও! ঢেউয়ের শব্দও তো শুনতে পাচ্ছি না।
– কাল সকালে শুনবে।
ঊষসী দীর্ঘশ্বাস ফেলে জানালা থেকে সরে এল। এতক্ষণে অবশ্য ক্লান্তিটাও বেশ ভালোভাবে টের পাচ্ছে। পা দুটো ভার হয়ে এসেছে, কোমরেও ব্যথা। তবু মুখে সেটা প্রকাশ না করে বিছানার একপাশে বসে পড়ল। নির্ঝর বুঝলেও কিছু বলল না। তবে ব্যাগ থেকে বিস্কুটের প্যাকেট আর পানির বোতল বের করে টেবিলের ওপর রেখে দিল।
– খিদে পেলে এখন থেকে খেয়ে নিও।
ঊষসী মৃদু হেসে মাথা নাড়ল। নির্ঝর বাথরুমের দিকে ইশারা করে বলল,
– আগে তুমি ফ্রেশ হয়ে নাও। আমি ততক্ষণে জিনিসগুলো গুছিয়ে রাখছি।
ঊষসী উঠে দাঁড়াল। দ্রুত ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে বলল,
– কাল কিন্তু খুব সকালে উঠব।
– হুম।
– সূর্য ওঠার আগেই।
– আচ্ছা।
– আর ঘুম থেকে উঠতে না পারলে কিন্তু ডাকবেন।
নির্ঝর মাথা নেড়ে আবার নিজের কাজে মন দিল। দীর্ঘ যাত্রার ক্লান্তি তার শরীরেও কম নয়। তবু আগে সবকিছু গুছিয়ে রাখল। ঊষসীর জামাকাপড়ের ব্যাগটা আলাদা করে রাখল, চার্জার লাগিয়ে দিল, ফোনের পাওয়ার ব্যাংকটাও চার্জে বসাল। নির্ঝর ফ্রেশ হতে যাওয়ার আগে ওর দিকে তাকিয়ে বলল,
– এখন ঘুমিয়ে পড়ো। সকালে উঠতে হবে।
ঊষসী বিছানায় বসে আবারও জানালার দিকে তাকাল।
– কাল সকালে প্রথম কাজ সমুদ্র দেখতে যাওয়া।
– ঠিক আছে।
– কথা দিলেন?
নির্ঝর এবার ওর দিকে তাকাল।
– ইনশাআল্লাহ।
ঊষসীর মুখে সঙ্গে সঙ্গে হাসি ফুটে উঠল। সে বালিশটা ঠিক করে শুয়ে পড়ল। এতক্ষণ যে সমুদ্র দেখার জন্য অস্থির হয়ে ছিল, এখন তার চোখের পাতায় ঘুম নেমে আসছে। নির্ঝর ঘরের আলো কিছুটা কমিয়ে দিল। তারপর দ্রুত ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লো। সে শুতেই ঊষসীর ঘুম ঘুম গলার স্বর পাওয়া গেল,
– নির্ঝর?
– হুম?
– আমরা এসে গেছি, তাই না?
নির্ঝর একবার ওর দিকে তাকাল। মেয়েটার চোখ প্রায় বন্ধ।
– হ্যাঁ। এসে গেছি।
ঊষসীর ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল।
– কাল সমুদ্র দেখব...
কথাটা শেষ করতে পারল না। তার আগেই ঘুমে তলিয়ে গেল। নির্ঝর কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল। মেয়েটা সমুদ্র সমুদ্র করতে করতে ঘুমেও সমুদ্র দেখছে!
#চলবে…?
(আমি কোথাও যাওয়ার আগের এক্সসাইটমেন্টটা এত বেশি এনজয় করি যে, আজকের এতো বড় পর্ব পুরোটাতেই ওদের জার্নি চলে এসেছে😭)