#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(৪১)
#তাবাসসুম_তাজ্বওয়ারী
অনবরত ঠকঠক আওয়াজে ঘুম হালকা হয়ে এলো উষসীর। সে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিলো। বেশ কিছুক্ষণ যাওয়ার পরও আওয়াজ থামছে না দেখে টেনে চোখ দুটো খুললো সে। ঘাড় ঘুরিয়ে দেখলো নির্ঝর নির্বিকার দাঁড়িয়ে শুধু শুধু এসির রিমোট টেবিলে বা’রি দিচ্ছে। উষসী বিরক্ত হয়ে ঘুম ঘুম কণ্ঠে বলল,
– ঘুমাচ্ছি দেখতে পাচ্ছেন না আপনি? শব্দ দূষণ শুরু করেছেন কেন?
নির্ঝর আওয়াজ থামিয়ে ওর দিকে তাকিয়ে বলল,
– কয়টা বাজে?
– ঘড়ি আছে তো দেখে নিন! এটা জিজ্ঞেস করার জন্য আমার ঘুম নষ্ট করছেন!
নির্ঝর উল্টো ঘুরে দরজার দিকে যেতে যেতে বলল,
– ঠিক আছে তুমি ঘুমাও। আমি গেলাম সমুদ্র দেখতে।
উষসীর ঘুম উবে গেল! সমুদ্র! ঘুমের কারণে সে তো ভুলতেই বসেছিল। একবার জানালার দিকে তাকাল। দিনের ফকফকা আলো। তাড়াহুড়ো করে বিছানা থেকে নামতে নামতে বলল,
– আপনি আমাকে…
নির্ঝর বলে উঠল,
– একদম বলবে না যে তোমাকে ডাকিনি! গত বিশ মিনিট ধরে আমি তোমাকে ডাকছি!
উষসী কথা না বাড়িয়ে ওয়াশরুমের দিকে ছুটে বলল,
– পাঁচ মিনিট হ্যাঁ? শুধু পাঁচ মিনিট আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি! প্লিজ দাঁড়ান!
উষসী দৌঁড়ে গেল ওয়াশরুম। পাঁচ মিনিটে ফ্রেশ হয়ে বেরিয়ে আবার ছুটে এসে দ্রুত রেডি হয়ে বোরকা হিজাব পড়ে নিলো।
– চলুন আমি প্রস্তুত।
নির্ঝর একবার ওর দিকে চেয়ে আবার ঘড়ির দিকে দেখে বলল,
– পাঁচ মিনিট বলে বিশ মিনিট নিয়েছো।
উষসী মিষ্টি করে হেসে বলল,
– আচ্ছা, সরি! এখন তো তৈরি হয়েছি। চলুন না এবার!
নির্ঝর আর কথা না বাড়িয়ে দরজা খুলে দিল। উষসী খুশিমনে আগে আগে বেরিয়ে গেল। নির্ঝর দরজাটা লক করে ওর পেছনে এগিয়ে এলো। উষসীকে সিড়ি দিয়ে নামতে দেখে নির্ঝর ডাকলো,
– ওদিকে কোথায় যাচ্ছো আগে উপরে চলো।
উষসী পা থামিয়ে ভ্রু কুঁচকে বলল,
– উপরে কেন? সমুদ্র তো নিচে!
– নাস্তা না করে কোথাও যাওয়া যাবে না।
বলেই নির্ঝর সিড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। নির্ঝরের পেছন পেছন উষসীও সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। মুখে তার অসন্তুষ্টির ছাপ।
– নাস্তা করার জন্য এত এত তোড়জোড় করে রেডি করিয়েছেন?
নির্ঝর পেছনে না তাকিয়েই বলল,
– তোমাকে তো সমুদ্র দেখানোর জন্যই নিয়ে যাচ্ছি। তবে খালি পেটে সমুদ্র দেখতে যাওয়ার কোনো ইচ্ছা আমার নেই।
– আমার তো আছে!
– তোমার ইচ্ছার তালিকা অনেক বড়। সব পূরণ করতে গেলে আগে তোমাকে সুস্থ রাখতে হবে।
উষসী কথাটা শুনে একটু চুপ করে রইল। তারপর নির্ঝরের পেছনে পেছনে হাঁটতে হাঁটতে বলল,
– আপনি সবসময় এমন কেনো? মানে, মানুষের আনন্দের মাঝেও খাওয়া-দাওয়া ঢুকিয়ে দেন?
– গতকাল রাতেও না খেয়ে ঘুমিয়েছো আজ সমুদ্রে গিয়ে মাথা ঘুরে পড়ে গেলে তখন কি তোমাকে নিয়ে টানাটানি করব নাকি?
– হুহ শুধু উল্টো পাল্টা চিন্তা! আমার মতো সুন্দর সুন্দর এস্থেটিক চিন্তা করলেও তো পারেন!
নির্ঝর আর উত্তর দিল না। চুপচাপ না শোনার ভ্যান করে সামনে এগিয়ে গেল।
হোটেলের রেস্টুরেন্টে এসে দুজন একটা জানালার পাশের টেবিলে বসল। জানালা দিয়ে বাইরে সকালের ব্যস্ততা দেখা যাচ্ছে। কয়েকজন পর্যটক সৈকতের দিকে যাচ্ছে, কেউ আবার সকালের নাস্তা সেরে ফিরছে।
নির্ঝর মেন্যু কার্ডটা উষসীর দিকে এগিয়ে দিল।
– কী খাবে?
উষসী মেন্যুতে চোখ বুলিয়ে বেশ কিছুক্ষণ ভাবল। তারপর আঙুল দিয়ে একটা আইটেম দেখিয়ে বলল,
– এটা খাব।
– আর কিছু?
– হ্যাঁ, সঙ্গে এটা। আর চা খাব।
নির্ঝর একবার মেন্যুতে চোখ বুলিয়ে ওর দিকে তাকাল।
– আর কিছু বাকি আছে?
উষসী নিষ্পাপ মুখ করে বলল,
– না! আপাতত এটুকুই।
নির্ঝর খাবারের অর্ডার দিয়ে ফোনটা টেবিলে রাখল। উষসী ততক্ষণে জানালার বাইরে তাকিয়ে আছে। তার মন যে এখনো সমুদ্রের কাছেই পড়ে আছে, সেটা বুঝতে নির্ঝরের অসুবিধা হলো না।
– এত অস্থির হচ্ছো কেন?
উষসী সঙ্গে সঙ্গে তার দিকে তাকাল।
– আপনি বুঝবেন না! দুইদিন ধরে সমুদ্রে আসার স্বপ্ন দেখেছি। আর এখন এখানে এসেও এখনো কাছ থেকে সমুদ্র দেখলাম না!
– বললাম তো, নাস্তা শেষ হলেই নিয়ে যাব।
উষসী আর কিছু বললো না। কিছুক্ষণের মধ্যেই খাবার চলে এলো। উষসী খেতে খেতেও মাঝেমধ্যে জানালার বাইরে তাকাচ্ছে।
নাস্তা শেষ করে দুজন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো। এবার আর নির্ঝরকে পথ দেখিয়ে নিয়ে যেতে হলো না। উষসী নিজেই বেশ দ্রুত পায়ে সামনে এগিয়ে যাচ্ছে। মাঝে মাঝে পেছনে ফিরে নিশ্চিত হচ্ছে নির্ঝর তার সঙ্গে আছে কি না।
নির্ঝর ধীর পায়ে হাঁটতে হাঁটতে বলল,
– এত তাড়া কিসের? আমরা তো আছি কিছুদিন এখানে! নাকি আজই ফিরে যাচ্ছি?
– আপনি আসলে সবকিছুতেই সিরিয়াস। একটু রোমান্টিক হওয়া শিখুন!
– রোমান্টিক হওয়ার ক্লাস কোথায় হয়?
– আমার কাছে। আমি শিখিয়ে দেব।
– আগে নিজের দৌড়াদৌড়ি সামলাও।
উষসী পেছন ফিরে জিহ্বা বের করে আবার সামনে তাকাল। উত্তেজনার বশে কীসব বলছে! নির্ঝর মাথা নেড়ে তার পেছনে হাঁটতে লাগল।
কিছুদূর এগোতেই সমুদ্রের নীল জলরাশি চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল। সকালের রোদে ঢেউয়ের ওপর চিকচিক করছে সোনালি আভা। বালুচরে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষের ভিড়ের মাঝেও সমুদ্রের বিশালতা যেন আলাদা করে চোখে পড়ে।
উষসী এক মুহূর্তের জন্য থমকে দাঁড়াল।
তারপর ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। পায়ের নিচে বালু, সামনে একের পর এক ঢেউ এসে আছড়ে পড়ছে। বাতাসে হিজাবের একাংশ উড়ে মুখের পাশে চলে এলো। হাত দিয়ে ঠিক করতে করতে সে মুগ্ধ চোখে চারপাশ দেখল।
– আল্লাহ! কী সুন্দর!
নির্ঝর তার পাশে এসে দাঁড়াল।
– ভালো লাগছে?
উষসী মুখ না ফিরিয়েই মাথা নাড়ল।
– অনেক!
সমুদ্রের কাছাকাছি পৌঁছানোর পর উষসীর ভেতরের লুকিয়ে থাকা ছোট্ট বাচ্চাটা যেন এক পলকে জেগে উঠল! চারপাশে বিশাল নীল জলরাশি আর আছড়ে পড়া ফেনার গর্জন দেখে সে আর নিজেকে ধরে রাখতে পারল না। ছুটে গিয়ে দাঁড়াল যেখানে ছোট ছোট ঢেউগুলো এসে পা ছুঁয়ে যাচ্ছে।
একটা ঠান্ডা ঢেউ এসে যখন ওর পায়ে ধাক্কা দিল, উষসী খিলখিল করে হেসে পেছনে নির্ঝরের দিকে তাকাল। নির্ঝর তখনও হেটে আসছে কেবল!
উষসী আর কিচ্ছু না ভেবে দুহাতে পানি ছিটিয়ে সমুদ্রের সাথে খেলা শুরু করে দিল! ঢেউয়ের তালে তালে সে এদিক-ওদিক ছুটোছুটি করছে, আর পানিতে পা দিয়ে ছোট ছোট ঝাপটা তুলছে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে সমুদ্রের কাছে আসার পর পৃথিবীর বাকি সবকিছু ভুলে গেছে।
কিছুটা এগিয়ে এসে নির্ঝর বালুর ওপর দাঁড়াল। উষসী তখন দুই হাত দিয়ে পানি তুলে নিজের দিকেই ছিটাচ্ছে। হঠাৎ একটা ঢেউ এসে পায়ের ওপর আছড়ে পড়তেই সে একটু লাফিয়ে উঠল।
– উফফ! কী ঠান্ডা!
নির্ঝর নিচের দিকে তাকিয়ে বলল,
– পানিতে নেমে ঠান্ডা লাগবে না তো কী লাগবে?
উষসী হেসে তার দিকে তাকাল।
– আপনি আসুন না! নিজে বুঝবেন।
– আমি এখান থেকেই বুঝতে পারছি।
– না, না। এভাবে হবে না। আপনাকে পানিতে নামতেই হবে।
– কেন?
– কারণ আমি একা একা খেলব না।
নির্ঝর চারপাশে একবার চোখ বুলিয়ে নিল। সৈকতে বেশ কিছু মানুষ পানিতে পা ভিজাচ্ছে। কয়েকজন বাচ্চা বালু নিয়ে খেলছে, কেউ কেউ আবার পরিবারের সঙ্গে ছবি তুলছে। একটু দূরে দু-একজন ফটোগ্রাফার পর্যটকদের ছবি তোলার জন্য ডাকাডাকি করছে। নির্ঝর যেমন চুপচাপ গম্ভীরই হোক সমুদ্রে এসে পানিতে পা না ভেজালে হয় নাকি? সে নিজের জুতা খুলে শার্টের হাতা আর প্যান্টের নিচের অংশ গুটিয়ে নিলো। ওকে আসতে দেখে তো উষসীর খুশি আরো বেড়ে গেল।
নির্ঝর পানিতে নেমে এসে পায়ের গোড়ালির উপর পর্যন্ত ভেজাল। উষসী এবার হেসে একটু ঝুঁকলো। একটা ছোট ঢেউ আসতেই দুই হাতে পানি তুলে নির্ঝরের দিকে ছিটিয়ে দিল। নির্ঝরের শার্টে কয়েক ফোঁটা পানি লাগল।
সে ভ্রু তুলে তাকাল।
– কী হলো?
উষসী নিষ্পাপ মুখ করে বলল,
– কিছু না তো!
– পানি নিজে নিজে উড়ে এসে লাগল?
– সমুদ্রের বাতাসে উড়ে আসতে পারে। আমাকে দোষ দিচ্ছেন কেন?
নির্ঝর কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে কিছু বলল না। উষসী আবার পানিতে মজে যেতেই সে সুযোগ বুঝে নিচু হয়ে পানি হাত দিয়ে তুলে ওর দিকে ছিটিয়ে দিল। উষসী অপ্রস্তুত হয়ে এক পা পিছিয়ে গেল।
– এই! আপনি আমাকে ভিজিয়ে দিলেন!
– বাতাসে উড়ে এসেছে।
উষসী হেসে ফেললো। কিছুক্ষণ এভাবেই পানির ধারে দাঁড়িয়ে কাটল। উষসী কখনো ঢেউয়ের সঙ্গে পা মিলিয়ে পিছিয়ে যাচ্ছে, কখনো আবার সামনে এগিয়ে যাচ্ছে। নির্ঝর অবশ্য খুব বেশি দূর এগোল না। ঢেউ একটু বড় হয়ে এলে সে উষসীকে ইশারা করে বলল,
– বেশি সামনে যেও না। পানির টান কখন কেমন হয় বোঝা যায় না।
উষসী এবার তার কথা শুনে পানির ধারের কাছেই দাঁড়াল। পায়ের কাছে ঢেউ এসে ফিরে যাওয়ার সময় বালু সরে যাচ্ছে, সেই অনুভূতিতে সে বেশ মজা পাচ্ছে। একটু পর নির্ঝরের সামনে গিয়ে আবদারের সুরে বলল,
– একটা ছবি তুলে দেবেন?
নির্ঝর পকেট থেকে ফোন বের করল।
– কোথায় দাঁড়াবে?
উষসী একটু সামনে গিয়ে দাঁড়াল। এক হাত দিয়ে হিজাবের উড়ে আসা অংশ সামলে অন্য হাতটা সামান্য ছড়িয়ে দিল। পেছনে নীল সমুদ্র আর পায়ের কাছে ফেনা হয়ে ভেঙে পড়ছে ঢেউ।
নির্ঝর কয়েকটা ছবি তুলে ফোনটা ওর দিকে বাড়িয়ে দিল। উষসী ছবিগুলো দেখে খুশিতে মুখ উজ্জ্বল করে বলল,
– ওয়াও! খুব সুন্দর হয়েছে!
– ভালো হয়েছে?
– অনেক! এবার আপনার সঙ্গে তুলব।
– আমার ছবি তুলে কী হবে?
– স্মৃতি থাকবে। ভবিষ্যতে দেখব আর মনে পড়বে…
– কি মনে পড়বে?
– কিছু না। আপনি আসুন তো চুপচাপ ছবি তুলবেন!
বলেই নির্ঝরের হাত ধরে টেনে নিয়ে গেল আরেকটু দূরে। পাশের অচেনা এক পর্যটককে বলল তাদের দুটো ছবি তুলে দিতে। মেয়েটা ফোন হাতে নিয়ে তাদের দুজনকে একটু পেছনে সরে দাঁড়াতে বললেন। উষসী নির্ঝরের পাশে গিয়ে দাঁড়াল। কিন্তু নির্ঝরকে নিজের মতো করে দাঁড়িয়ে থাকতে দেখে আবার একটু বিরক্ত হলো।
– এভাবে না! একটু ঠিক হয়ে দাঁড়ান।
নির্ঝর ওর দিকে তাকাল।
– আবার কী হলো?
উষসীর মেকি রাগ দেখিয়ে বলল,
– ছবি তুলব, নাকি পাসপোর্ট সাইজ ছবি তুলব? একটু স্বাভাবিক হন!
মেয়েটা হেসে বললেন,
– আপু, ভাইয়াকে একটু কাছে টেনে নিন। ভাইয়া মনে হয় লজ্জা পাচ্ছে!
উষসী নির্ঝরকে নির্বিকার দেখে নিজেই ওর হাত জড়িয়ে ধরে সুন্দর করে দাঁড়াল। নির্ঝর একবার ওর দিকে তাকাল। তবে কিছু বলল না।
– এবার ঠিক আছে?
উষসী জিজ্ঞেস করল। পর্যটক মেয়েটি ফোনটা ক্যামেরার সামনে ধরে বললেন,
– জি, এবার একটু ক্যামেরার দিকে তাকান। আর ভাইয়া, একটু হাসুন। এত গম্ভীর হয়ে আছেন কেন? সুন্দর একটা কাপল, ছবিটাও সুন্দর হওয়া চাই!
উষসী কথাটা শুনে লজ্জা পেলেও হেসে ফেলল। নির্ঝরও ঠোঁটের কোণে হালকা হাসি ফুটিয়ে ক্যামেরার দিকে তাকাল।
– এই তো! এবার একদম পারফেক্ট। একটু দাঁড়ান, আরেকটা নিচ্ছি।
পরপর কয়েকটা ছবি তুলে ফোনটা তাদের হাতে ফিরিয়ে দিলেন।
– নিন, দেখুন তো। ভালো হয়েছে কি না।
উষসী আগ্রহ নিয়ে ছবিগুলো দেখতে লাগল। একটা ছবিতে দুজন পাশাপাশি দাঁড়িয়ে, পেছনে নীল সমুদ্র। আরেকটায় উষসীর মুখে হাসি, নির্ঝরের মুখে সেই চেনা সংযত অভিব্যক্তি। তবু দুজনকে একসঙ্গে বেশ মানিয়েছে। নির্ঝরের হাসি মুখে একটা ছবির দিকে সে মুগ্ধ হয়ে মনে মনে বলল,
– এই তো! আপনাকে হাসলে বেশ ভালো লাগে!
তারপর মেয়েটার দিকে তাকিয়ে খুশি হয়ে বলল,
– আপু, অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ!
– আরে, ধন্যবাদ দিতে হবে না। দুজনকে বেশ মানিয়েছে কিন্তু! ভালো থাকবেন।
মেয়েটা চলে যেতেই নির্ঝর মুখ খুললো।
– সুন্দর ছবি পেয়েছো, হ্যাপি ম্যাডাম?
উষসী মিষ্টি হেসে বলল,
– খুব!
নির্ঝর ফোন পকেটে রাখতেই উষসী আরও একটু সামনে এগিয়ে যেতেই হঠাৎ একটা মাঝারি সাইজের ঢেউ বেশ জোড়েই আছড়ে পড়ল। অতটা সে আন্দাজ করতে পারেনি, তাই কিছুটা হকচকিয়ে গিয়ে হোঁচট খাওয়ার জোগাড় হলো! ঠিক তখনই চোখের পলকে নির্ঝর শক্ত করে ওর হাতটা খপ করে টেনে ধরল। নিজের শরীরের ব্যালেন্স হারিয়ে উষসী সরাসরি নির্ঝরের বুকের ওপর গিয়ে পড়ল।
নির্ঝর আরেক হাত দিয়ে আলতো করে ধরে ওকে সোজা করে দাঁড় করাল। তারপর একটু গম্ভীর গলায় বলল,
– এভাবে আছাড় খেয়ে পড়ার শখ তোমার কবে হলো, হু? বলেছি না একটু সাবধানে থাকতে! পা পিছলে গেলে এতক্ষণে তো সমুদ্রে ভাসতে হতো!
– হঠাৎ ঢেউ এমনভাবে…
– বুঝতে পেরেছি। তোমার কাণ্ডকারখানা দেখার জন্যই তো আমাকে পাহারাদার বানিয়ে এনেছো, তাই না? চলো, এবার একটু পাড়ে এসে দাঁড়াও
– না না এখনই না!
– ঠিক আছে আমি গেলাম। বেশি দূরে যাবে না বলে দিলাম।
নির্ঝর উঠে আসলেও উষসী পানির মধ্যেই দাঁড়িয়ে থাকল। সে এক পাশে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন বের করলো। বেশ খানিকক্ষণ পর পর উষসী আবার ওর কাছে ছুটে এসে ওকে ডাকলো,
– এই যে! এদিকে আসুন না!
নির্ঝর নড়ল না।
– কী হয়েছে?
– সমুদ্র ডাকছে!
– সমুদ্রের সঙ্গে তোমার কীসের এত ভাব?
ঊষসী হেসে বলল,
– আজ থেকে বন্ধুত্ব হলো। আপনিও আসুন, পরিচয় করিয়ে দিই!
নির্ঝর গম্ভীর গলায় উত্তর দিল,
– আমার পরিচয়ের প্রয়োজন নেই।
– উফফ! আপনি একটা আস্ত কাঠখোট্টা!
কথাটা বলেই আবার ঢেউয়ের দিকে ছুট দিল ঊষসী। নির্ঝর স্থির চোখে তাকিয়ে রইল। মেয়েটা দুই হাত দুদিকে ছড়িয়ে ঢেউয়ের দিকে ছুটছে। কখনো পানিতে পা ডুবিয়ে আবার পিছিয়ে আসছে, কখনো আনন্দে খিলখিলিয়ে হাসছে, যেন পৃথিবীর সব আনন্দ আজ এই সমুদ্রের বালুচরেই জমা হয়েছে।
নির্ঝর খুব আস্তে মাথা নাড়ল। মেয়েটা সত্যিই একটা ঝামেলা! তবে এমন ঝামেলা থেকে মুক্তি পাওয়ার কোনো ইচ্ছেই অবশ্য তার নেই!
নির্ঝর একটু এগিয়ে পানিতে নেমে আরেকবার পা ভিজিয়ে ওকে ডাকলো,
– হয়েছে উঠে এসো, উষসী।
– আরেকটু প্লিজ!
– আশেপাশে ঘুরবে না? এসো, অন্য পয়েন্টে নিয়ে যাবো।
– আচ্ছা পানির কাছে দিয়েই যেতে যাই?
– ওকে
উষসী ব্যাগে করে আনা একটা শুকনো তোয়ালে দিয়ে হালকা মুছে গায়ের উপরে একটা শুকনো ওড়না জড়িয়ে নিলো।
দুজন ধীরে ধীরে পানির ধার ধরে হাঁটতে লাগল। ভেজা বালুর ওপর পায়ের ছাপ পড়ছে, আবার পরের ঢেউ এসে সেগুলো মুছে দিচ্ছে। উষসী হাঁটতে হাঁটতে মাঝেমধ্যে নিচু হয়ে ছোট ছোট ঝিনুক কুড়িয়ে নিচ্ছে।
নির্ঝর একবার ওর হাতের দিকে তাকিয়ে বলল,
– এগুলো দিয়ে কী করবে?
– জমিয়ে রাখব।
– বাসায় নিয়ে যাবে?
– হ্যাঁ।
– তারপর?
উষসী একটু ভেবে বলল,
– তারপর সুন্দর একটা কৌটায় রাখব। দেখলেই মনে পড়বে আজকের দিনটার কথা।
উষসী অনেকগুলো ঝিনুক কুড়িয়ে পলিথিন মুড়িয়ে ব্যাগে রাখলো। একটু পর আবার বলল,
– আচ্ছা, এখানে কি ঘোড়ায় চড়া যায়?
– যায়।
কিউট ফেস বানিয়ে বলল,
– আমি কি চড়তে পারি?
নির্ঝর সোজা তাকিয়েই উত্তর দিল,
– আজ না! আমরা আরো জায়গায় যাবো ওখানে।
– আচ্ছা, আজকে কিন্তু অনেক ঘুরব। শুধু হোটেলে বসে থাকতে আসি নি।
– আগে এই সৈকতটা ঘুরে নাও।
– তারপর?
– তারপর দেখা যাবে।
উষসী সঙ্গে সঙ্গে চোখ ছোট করে তাকাল।
– আপনার এই 'দেখা যাবে' কথাটা আমার একদম পছন্দ না।
নির্ঝর শান্ত গলায় বলল,
– আচ্ছা।
সমুদ্রের ঢেউ তখনও একের পর এক তীরে এসে ভেঙে পড়ছে। আর তাদের দিনটা ধীরে ধীরে জমে উঠছে ছোট ছোট আনন্দময় স্মৃতিতে।
#চলবে…?
(পিও জনগন্স শুনুন, আগামী পরশু থেকে আমার পরীক্ষা বুঝলেন? তাই এখন থেকে একদিন পর পর আসবে গল্প। পরীক্ষা শেষ হলে আবার টানা গল্প দিবো ইনশাআল্লাহ্। কেউ ভুলে যাবেন না যেন🥹 দুআ’তে রাখবেন🤍)