ফন্ট সাইজ:
থিম:
কদম গুচ্ছের কাব্য গাঁথা

পর্ব 42

লেখক: তাবাসসুম তাজ্বওয়ারী

#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(৪২)
#তাবাসসুম_তাজ্বওয়ারী

কক্সবাজারে এসে দেখতে দেখতে দুটো দিন কেটে গেল। প্রথম দিনের মতো সমুদ্র দেখার উচ্ছ্বাস অবশ্য উষসীর এখনো কমেনি। বরং প্রতিদিনই নতুন নতুন কিছু দেখার আবদার নিয়ে হাজির হয় সে। কখনো সৈকতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হাঁটা, কখনো পছন্দের ঝিনুক খোঁজা আবার কখনো নির্ঝরকে দিয়ে নিজের অসংখ্য ছবি তোলানো সব মিলিয়ে সময়টা বেশ ভালোই কাটছে দুজনের।

নির্ঝর অবশ্য আগের মতোই শান্ত। উষসীর প্রতিটি আবদার পূরণ না করলেও যতটা সম্ভব চেষ্টা করছে ওকে আনন্দে রাখতে। আর উষসীও প্রতিবারের মতো তার গম্ভীর মুখের আড়ালে লুকিয়ে থাকা যত্নটুকু খুঁজে নিতে শিখে গেছে।

আজ বিকেলেও তার ব্যতিক্রম হলো না।
সারাদিন ঘোরাঘুরি শেষে বিকেলের দিকে দুজন সৈকতে এসেছে সূর্যাস্ত দেখতে। সমুদ্রের পাড়ে তুলনামূলক একটু নিরিবিলি একটা জায়গা দেখে পাশাপাশি বসে আছে তারা। সামনের বিস্তীর্ণ জলরাশি ধীরে ধীরে বদলে যাচ্ছে। বিকেলের সোনালী আলো পানির ওপর ছড়িয়ে পড়েছে। দূরে আকাশের রঙে মিশেছে কমলা আর সোনালির আভা। ঢেউগুলো এসে তীরে ভেঙে পড়ছে, আবার নিঃশব্দে ফিরে যাচ্ছে।

উষসীর চক্ষুজোড় সমুদ্রের দিকে। মাঝে মাঝে বাতাসে হিজাবের পাশটা উড়ে মুখের কাছে চলে আসছে, সে হাত দিয়ে ঠিক করে নিচ্ছে।
কিছুক্ষণ নীরব থাকার পর হঠাৎ বলে উঠল,

– জানেন, আমার মনে হয় সমুদ্রের কাছে এলে সময়টা একটু ধীরে চলে।

নির্ঝর পাশে বসে ফোনের স্ক্রিন থেকে চোখ তুলে তাকাল।

– কেন?

– এই যে দেখুন, কতক্ষণ ধরে বসে আছি। অথচ একটুও বিরক্ত লাগছে না। বাসায় থাকলে এতক্ষণে অন্তত দশবার উঠে যেতাম।

নির্ঝর কিছু বলল না। কথাটা উষসী ভুল বলে নি। বাসায় অস্থির হয়ে থাকে এদিক সেদিক ছোটাছুটি করতেই থাকে! উষসী একটু পর আঙুল তুলে দূরের আকাশ দেখিয়ে বলল,

– ওই যে! সূর্যটা আস্তে আস্তে নিচে নামছে। দেখেছেন?

– হুম, দেখছি। কত সুন্দর লাগছে বলুন তো! ইশ, আমাদের বাড়ি যদি এখানে হতো? প্রতিদিন দেখতে পেতাম।

– বাড়ি এখানে হলে হয়তো এত সুন্দর লাগত না।
উষসী অবাক হয়ে তার দিকে তাকাল।

– কেন? সমুদ্র কি তখন আর সুন্দর থাকত না?

– সুন্দর তো থাকতোই। তবে প্রতিদিন একই দৃশ্য দেখতে দেখতে একসময় অভ্যাস হয়ে যেত। যেটা প্রতিদিন চোখের সামনে থাকে, সেটার সৌন্দর্য আমরা বারবার দেখতে দেখতে খেয়ালই করি না। বরং দূরে থাকলে, অনেকদিন পর ফিরে এলে তখন নতুন করে ভালো লাগে। মনে হয়, কতদিন পর দেখছি!

উষসী কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আবার সমুদ্রের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল,

– তার মানে, কোনো সুন্দর জিনিসের সৌন্দর্য ধরে রাখতে হলে মাঝেমধ্যে দূরে থাকতে হয়?

নির্ঝর বলল,

– সবকিছুর ক্ষেত্রে হয়তো না। তবে কোনো কিছুর কদর বুঝতে মাঝে মাঝে দূরত্বেরও প্রয়োজন হয়।

– হুমমম বুঝতে পারলাম! কিন্তু একটা কথা আপনি এত কাব্যিক হলেন কি করে? এমন গম্ভীর ভাবওয়ালা মানুষ বুঝি কাব্যিক হতে পারে?

নির্ঝর উষসীর দিকে তাকিয়ে ভ্রু সামান্য উঁচু করল।

– একটা সামান্য কথাকে তুমি কাব্যিক বানিয়ে ফেললে?

উষসী ঠোঁট চেপে হাসলো তারপর বলল,

– না আপনাকে দেখে তো মনে হয় না এরকম দার্শনিক কথাবার্তা বলতে পারেন। আর আপনি আগে এতো কথা বলতেনও না! এখন মাঝে মাঝে এমন সব কথা বলেন যে শুনে মনে হয়, আপনি বুঝি গোপনে কবিতা লেখেন!

– তোমার সঙ্গে থাকতে থাকতে হয়তো কথাবার্তার অভ্যাস হচ্ছে।

কথাটা শুনে উষসী কিছুক্ষণ চুপ করে রইল। তারপর মুখে দুষ্টু হাসি ফুটিয়ে বলল,

– তাহলে বুঝলাম, আমার সঙ্গ বেশ ভালোই লাগছে আপনার!

নির্ঝর সরু চোখে চেয়ে বলল,

– ঝগড়া শিখছি সেটা?

উষসী চটে গিয়ে কিছু বলতে চাইলো কিন্তু তার আগেই নির্ঝর এবার উঠে দাঁড়িয়ে প্যান্টের পেছনের অংশে লেগে থাকা বালু ঝাড়ল। তারপর উষসীর দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল,

– সবসময় কথায় জিততে হয় না তখন আবার জেতার আনন্দ থাকবে না। এবার উঠো সন্ধ্যা নেমেছে!

উষসী তার বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকিয়ে এক মুহূর্ত হাসল। তারপর হাতটা ধরে উঠে দাঁড়াল। সমুদ্রের দিকে তাকিয়ে মনে মনে ভাবল, এই মানুষটার কাছ থেকে একটা সহজ উত্তর পাওয়াও যেন বেশ কঠিন! অথচ তার ছোট ছোট কথার মধ্যেই কত অজানা উত্তর লুকিয়ে থাকে।

নির্ঝর হাঁটতে শুরু করল। উষসীও তার পাশে পাশে হাঁটতে লাগল। সন্ধ্যার আলো ততক্ষণে অনেকটা ম্লান হয়ে এসেছে। সৈকতের চারপাশে মানুষের ভিড় বাড়ছে, কোথাও কেউ ছবি তুলছে, কোথাও আবার দল বেঁধে বসে গল্প করছে। সমুদ্রের ঢেউয়ের শব্দের সঙ্গে মিশে যাচ্ছে মানুষের কোলাহল। হাঁটতে হাঁটতে উষসী হঠাৎ নির্ঝরের হাতের দিকে তাকাল। কয়েক মুহূর্ত ইতস্তত করে নিজের হাতটা ওর হাতের কাছে নিয়ে গেল। নির্ঝর একবার নিচে তাকিয়ে ব্যাপারটা খেয়াল করল, তবে কিছু বলল না। বরং স্বাভাবিকভাবেই হাতটা বাড়িয়ে উষসীর হাত ধরে নিল। তা দেখে উষসী মুখ নিচু করে হাসল।

নির্ঝরের এক হাত ধরে হাঁটতে হাঁটতে লাফাচ্ছে ঊষসী। নির্ঝর ওর হাত টেনে সোজা করে দাঁড় করিয়ে ধমক দিয়ে বলল,

– বাচ্চাদের মতো কি শুরু করেছো?

ঊষসী লাফানো থামিয়ে নির্ঝরের দিকে তাকাল। ঠোঁট ফুলিয়ে বলল,

– একটু লাফালেই বাচ্চা হয়ে গেলাম? সমুদ্রের কাছে এসে একটু আনন্দও করতে পারব না?

– আনন্দ করার জন্য লাফাতে হবে?

– হ্যাঁ। আমার ইচ্ছা!

নির্ঝর ওর দিকে তাকিয়ে মৃদু দীর্ঘশ্বাস ফেলল।

– তোমার ইচ্ছার কোনো শেষ আছে?

– নেই তো! আর আপনি আমার সব ইচ্ছা পূরণ করবেন, এমন তো কোনো কথা নেই। তবে চেষ্টা করতে পারেন।

– বেশ আত্মবিশ্বাস তোমার!

– সেটা তো থাকবেই।

মনে মনে বলল, "আমার শখ বলার আগে পূরণ করার জন্য তো আপনি আছেন মিস্টার নির্ঝর!"

ওদিকে নির্ঝর ঊষসীর হাসি মুখের দিয়ে চেয়ে ভাবলো, "মেয়েটার ছোট ছোট শখ পূরণ করতে পারলেই যদি এতটা খুশি হয়, তাহলে ওর সব শখ পূরণ করতে আপত্তি কোথায়? বরং এমন হাসিখুশি থাকুক সবসময়। আমার পাশে, এভাবেই।"

– শাল আনো নি তুমি?

নির্ঝরের কথায় ঊষসী ওর দিকে চেয়ে বললো,

– না! দিনে যা গরম পড়েছিল!

– এখন তো ঠান্ডা হাওয়া বইছে! অতদূর থেকে শাল কি ব্যাগে রাখার জন্য এনেছো? ঠান্ডা লাগিয়ে বসে থাকো দেখবে আমি কি করি!

ঊষসী ভ্রু কুঁচকে তাকাল।

– কী করবেন আবার? বকবেন? নাকি মা’রবেন?

– দরকার হলে সেটাও করব।

– আপনি শুধু বকতেই পারেন। একটু আদর করে বললেও তো পারেন, ঠান্ডা লাগবে শালটা নিয়ে নাও! আপনিই তো মনে করিয়ে দিলেন না!

নির্ঝর মাথা নাড়ল। মেয়েটার সঙ্গে তর্কে জেতা যে সত্যিই কঠিন, সেটা সে বেশ ভালোই বুঝতে পারছে। তবে এই মুহূর্তে তর্কে জেতার বিশেষ ইচ্ছেও হলো না তার। সন্ধ্যার ম্লান আলোয় হাত ধরে হাঁটতে থাকা উচ্ছল মেয়েটাকে পাশে নিয়ে পথটুকু আরেকটু দীর্ঘ হলেই বরং মন্দ হতো না।

হোটেলে ফিরে নির্ঝর আগে ফ্রেশ হতে চলে গেল। ঊষসীও সুযোগ বুঝে নিজের ব্যাগটা খুলে প্রয়োজনীয় জিনিসপত্র বের করার ভান করতে লাগল। অথচ তার মাথায় তখন অন্য চিন্তা ঘুরছে। কিছু গোছগাছ করে তারা গেল রাতের খাবার খেতে। এরপর রাতের খাবার শেষে দুজন হোটেল রুমে ফিরে এল। নির্ঝর ফোন হাতে নিয়ে বিছানার এক পাশে বসতেই ঊষসী এদিক-ওদিক তাকিয়ে অস্থিরভাবে বলে উঠল,

– শুনুন না!

নির্ঝর ভ্রু কুঁচকে শুধালো,

– কি হয়েছে?

– আমার জন্য কদম গুচ্ছ আনতে পারবেন?

নির্ঝর ফোন থেকে চোখ তুলে ঊষসীর দিকে তাকাল।

– কদম গুচ্ছ? হঠাৎ মাথায় কীসের ভূত চাপলো তোমার?

ঊষসী মাথা নেড়ে বলল,

– আরে না না ভূত না! আমার ফুলের ক্রেবিংস হচ্ছে খুব।

নির্ঝর কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে বলল,

– সিরিয়াসলি ঊষসী? ফুলের ক্রেবিংস?

সে ইনোসেন্ট মুখ বানিয়ে বলল,

– প্লিইইইইজ!

– কদম ফুল কোথায় পাব আমি এখানে? তাও আবার শীতের মৌসুমে?

উষসী মুখটা একটু ছোট করে বলল,

– জানি না। খুঁজে দেখুন না! পেলে নিয়ে আসবেন।

– এতো রাতে কদম ফুল খুঁজতে বের হতে হবে আমাকে? কাল সকালে বের হলে খুঁজবো আজ বায়না করো না!

– আহা! পেলে আনবেন বললাম তো। না পেলে সমস্যা নেই। আমার আরো কিছু খেতে ইচ্ছে হচ্ছে!

– আরো?

– হ্যাঁ, আরো! একটা চকলেট আইসক্রিম আনবেন। সঙ্গে চকলেট, চিপস, চকোলেট কুকিজ আর স্ট্রবেরি মিল্কশেকও।

নির্ঝর এমনভাবে তাকাল যেন একবার তালিকাটা শুনে আবারও যেন নিশ্চিত হতে চাইল।

– এত কিছু খাবে তুমি?

উষসী গম্ভীর মুখে মাথা নাড়ল।

– জি। আজকে আমার খুব খেতে ইচ্ছে করছে।

নির্ঝর এবার ঘড়ির দিকে তাকাল। রাত প্রায় বারোটা বাজতে চলেছে।

– এই রাতে? বারোটা বাজতে চলেছে, এখন তুমি এসব খেতে চাইছ?

উষসী মুখটা একটু মলিন করে বলল,

– হ্যাঁ। খুব ইচ্ছে করছে।

– সারাদিন বাইরে ঘুরে এসে এখন ঠান্ডা আইসক্রিম খেতে হবে? সকালে খেয়ো।

– সকালে তো আর এখনকার মতো ইচ্ছে করবে না!

নির্ঝর বিরক্তির ভান করে ফোনটা পাশে রাখল।

– তোমার আবদারেরও সময়জ্ঞান নেই দেখছি।

– প্লিজ! একটু এনে দিন না। আমি কিন্তু অপেক্ষা করব।

নির্ঝর কয়েক মুহূর্ত ওর দিকে তাকিয়ে রইল। তারপর উঠে দাঁড়িয়ে বলল,

– এতো কিছু আনতে পারবো কি না জানি না। না আনলে আমার দোষ দেওয়া যাবে না।

– পারবেন, পারবেন। আমার আপনার ওপর অনেক বিশ্বাস।

– সেই বিশ্বাসের সুযোগটাই তো নিচ্ছ তুমি।

কথাটা বলে নির্ঝর ফোনটা পকেটে রেখে দরজার দিকে এগিয়ে গেল। বের হওয়ার আগে আবার ফিরে তাকিয়ে বলল,

– দরজা লাগিয়ে বসে থাকবে। আমি আসছি।

– জি, জনাব!

দরজাটা বন্ধ হওয়ার শব্দ হতেই উষসী কয়েক সেকেন্ড নিশ্চুপ দাঁড়িয়ে রইল। তারপর মুখে দুষ্টু হাসি ফুটে উঠল।
অবশেষে! পরিকল্পনার প্রথম ধাপ সফল হয়েছে।
সে দ্রুত দরজার কাছে গিয়ে বাইরে থেকে নির্ঝরের পায়ের শব্দ মিলিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করল। নিশ্চিত হওয়ার পরই ছুটে গেল নিজের ব্যাগের কাছে। ব্যাগের ভেতর যত্ন করে লুকিয়ে রাখা কিছু জিনিসপত্র। এর মধ্যে রুমে নক পড়লো। উষসী দ্রুত গিয়ে দরজা খুলতেই মুখে ফুটলো হাসি!

.

ওদিকে নির্ঝর এই রাতে এত সব জিনিস খুঁজতে খুঁজতে বিরক্ত! আইসক্রিম চকলেট এসব নাহয় পাওয়া গেল কিন্তু ফুল কোথায় পাবে? আজব মেয়ের আজব আবদার! হাঁটতে হাঁটতে নিজেকে বলল,

– প্রেমে পড়লে বুঝি এমনই হয় বুঝলি? রাত বিরেতে তুই বেড়িয়েছিস ফুলের দোকান খুঁজতে?

নির্ঝর হাঁটতে হাঁটতে আশপাশের দোকানগুলো খেয়াল করছিল। রাত অনেক হয়েছে। বেশিরভাগ দোকান বন্ধ হয়ে গেলেও রাস্তার পাশে দু-একটা দোকান এখনো খোলা আছে। খাবারের জিনিসগুলো পেতে অবশ্য খুব একটা বেগ পেতে হয়নি। কিন্তু কদম ফুলের খোঁজ করতে গিয়েই যত বিপত্তি। একটা দোকানে দাঁড়িয়ে জিজ্ঞেস করেছিল, ফুল পাওয়া যাবে কি না। দোকানদার পাশের গলির একটা ফুলের দোকানের কথা বলতেই সেদিকে এগিয়ে গেল সে।

ফুলের দোকানটা ছোট হলেও বেশ গোছানো। দোকানের সামনে আর ভেতরে নানা রকম ফুল সাজানো। গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, বেলি কত রকমের ফুল! নির্ঝর দোকানের সামনে দাঁড়িয়ে একবার চারপাশে চোখ বুলিয়ে নিল।
দোকানদার এগিয়ে এসে বলল,

– কি লাগিবুদে ভাইয়্যে?

লোকটা চট্টগ্রাম বা কক্সবাজারের ভাষা বললেও সে কিছুটা বুঝে উত্তর দিলো,

– কদম ফুল পাওয়া যাবে?

দোকানদার একটু অবাক হয়ে তাকাল।

– এহন কদম ফুল তো নো পাইবেন এগুন বর্ষাহালে ফা-জাইদে

নির্ঝর মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটার আবদারও একেকটা! এই শীতের রাতে কদম ফুল খুঁজে বেড়াতে হবে!

– আচ্ছা, কদম না থাকলে অন্য ফুল দেখান তো।
দোকানদার কয়েক রকম ফুলের দিকে ইশারা করল। নির্ঝর একে একে সেগুলোর দিকে তাকাল।

গোলাপের দিকে হাত বাড়িয়েও আবার সরিয়ে নিল। উষসীর জন্য কোন ফুলটা ভালো হবে, সেটা বুঝতে পারছিল না। হঠাৎ চোখ আটকে গেল এক পাশে রাখা ছোট ছোট সাদা বেলি ফুলের গুচ্ছের দিকে। ফুলগুলো দেখতে খুব সাধারণ অথচ অদ্ভুত সুন্দর। সাদা পাপড়ির সঙ্গে হালকা সবুজ ডাঁটা, আর কাছে যেতেই মিষ্টি একটা সুবাস নাকে এল।
নির্ঝর কিছুক্ষণ ফুলগুলোর দিকে তাকিয়ে থেকে বলল,

– এগুলো দিন।

ওকে শুদ্ধ ভাষায় বলতে দেখে দোকানদারও শুদ্ধ ভাষায় কথা বলতে শুরু করলো,

– ঠিক আছে ভাই। ভালো ফুল এগুলো।

ফুলের গুচ্ছটা হাতে নিয়ে আবার একবার দেখল সে। কদম ফুল পাওয়া গেল না, তবে এই ফুলগুলোও মন্দ নয়। বরং উষসীর হাতে মানাবে বেশ।
ফুলের দোকান থেকে বেরিয়ে খাবারের ব্যাগগুলো হাতে নিয়ে হোটেলের দিকে রওনা হলো নির্ঝর। হাঁটতে হাঁটতে নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল।

– কদম চেয়েছিল, বেলি নিয়ে যাচ্ছি। দেখি এবার কী বলে!

একটু পরই হোটেলে ফিরে এলো সে। দরজায় নক দিতেই দুই মিনিট সময় গেল। নির্ঝর কপাল কুঁচকে দাঁড়িয়ে। এতক্ষণ লাগছে কেন দরজা খুলতে?
আরো মিনিট খানেক পর ভেতর থেকে অবশেষে দরজার ছিটকিনি খোলার শব্দ হলো। দরজাটা সামান্য ফাঁক হতেই উষসীর মুখটা দেখা গেল। নির্ঝর কিছু বলতে গিয়েও থেমে গেল।

সামনে শাড়ি পরা উষসী দাঁড়িয়ে আছে!

এক মুহূর্তের জন্য নির্ঝরের চোখ স্থির হয়ে রইল ওর ওপর। লাল রঙের একটা শাড়ি, পরিপাটি করে পরা আঁচল, সঙ্গে মানানসই সাজ। চোখে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক। খুব বেশি সাজগোজ করেনি মেয়েটা অথচ আজ যেন অন্যরকম লাগছে।
নির্ঝরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে উষসী একটু লজ্জা পেল। তবু মুখের হাসিটা ধরে রেখে বলল,

– কী হলো? দরজার সামনে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন!

নির্ঝর যেন হঠাৎ সম্বিত ফিরে পেল। চোখ সরিয়ে নিয়ে গম্ভীর স্বরে বলল,

– তোমার রাত বিরাতে কি হয়?

উষসী মুচকি হেসে একপাশে সরে দাঁড়াল।

– আগে ভেতরে আসুন। তারপর সব বলছি।

নির্ঝর ঘরে ঢুকতেই চারপাশে চোখ বুলিয়ে থমকে গেল। ঘরের ভেতর বেলুন দিয়ে সাজানো হয়েছে। ছোট ছোট সাজসজ্জায় রুমটাকে বেশ সুন্দর দেখাচ্ছে। খাটের ওপর ফুল আর বেলুন দিয়ে সাজানো তার মাঝে রাখা একটা কেক। সে উষসীর দিকে তাকিয়ে প্রশ্ন করল,

– এসবের মানে কী?

উষসী মুখে রহস্যময় হাসি নিয়ে বলল,

– সারপ্রাইজ!

– সারপ্রাইজ?

– হুম! হ্যাপি বার্থডে মিস্টার শেহজাদ শাহরিয়ার নির্ঝর ওরফে উষসীর একসি’ডেন্টাল হাসব্যান্ড!

নির্ঝর কয়েক মুহূর্ত ওর দিকে তাকিয়ে রইল। তারপর ঘড়ির দিকে চোখ বুলিয়ে আবার উষসীর দিকে তাকাল। আজ নভেম্বরের দুই তারিখ! দিনটা নিয়ে কখনোই বিশেষ কোনো পরিকল্পনা থাকে না তার।

– তুমি কিভাবে জানলে?

– সেসব পরে আগে বলুন সারপ্রাইজড না?

নির্ঝর আশপাশ চোখ বুলিয়ে মাথা নাড়ল।

– আসুন কেক কা’টবেন!

– তার মানে, আমাকে বাইরে পাঠানোর জন্যই এতগুলো খাবারের আবদার?

উষসী এক মুহূর্ত থমকে গেল। তারপর নিরীহ মুখ করে বলল,

– তবুও তো বারোটার আগে এসে পড়েছেন।

নির্ঝর মাথা নেড়ে মৃদু হাসল। এরপর হাতে থাকা বেলি ফুলের গুচ্ছটা ওর দিকে বাড়িয়ে দিল।

– তোমার কদম ফুল পাওয়া যায়নি। তাই এটা এনেছি।

উষসী ফুলের গুচ্ছটা হাতে নিয়ে চোখ বড় বড় করে তাকাল।

– বেলি ফুল!

সে ফুলগুলো নাকের কাছে নিয়ে সুবাস শুঁকল। তারপর খুশি হয়ে বলল,

– আমার খুব পছন্দ হয়েছে!

– ভালো। এত রাতে ফুলের দোকান খুঁজে অন্তত বৃথা গেল না।

উষসী ওকে টেনে নিয়ে গেল কেকের কাছে। কেক কেটে একজন অন্যজনকে খাইয়ে দিলো। উষসী টিস্যু দিয়ে আঙুল মুছতে মুছতে বলল,

– আচ্ছা, আপনার জন্মদিনে কী গিফট চাই?

নির্ঝর মাথা নাড়ল।

– কিছু চাই না।

– আরে! কিছু তো চাইতেই হবে। বলুন না, কী চান?

– বললাম তো, কিছু চাই না।

– এমন হয় নাকি? এটা কেমন কথা?

– আমার কিছু লাগবে না, উষসী। আমি এসব এতটা স্পেশালি সেলিব্রেট করতে পছন্দ করি না।

উষসী কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে রইল। মেয়েটা এবার একটু ভ্রু কুঁচকে বলল,

– আচ্ছা, ঠিক আছে। আপনি না চাইলে আমি আর জোর করব না। তবে আমার একটা রিটার্ন গিফট চায়।

নির্ঝর এতক্ষণ কথা বললেও তার চোখ দুটো ঘুরেফিরে উষসীর দিকেই যাচ্ছিল। লাল শাড়ি পরিহিত মেয়েটার আগাগোড়া পর্যবেক্ষণ করছে। কথাটা শুনতেই ভ্রু কুঁচকে বলল,

– তোমার রিটার্ন গিফট?

– হ্যাঁ! আমি যে এত সুন্দর করে আপনার জন্মদিনের আয়োজন করলাম, তার বিনিময়ে আমার একটা গিফট পাওনা আছে।

– এতকিছুর পরও… আচ্ছা, কি চাও?

উষসী মিটিমিটি হেসে বলল,

– আমাকে একটা কমপ্লিমেন্ট দিতে হবে!

নির্ঝর ভ্রু কুঁচকে তাকাল।

– কমপ্লিমেন্ট?

– হ্যাঁ। এতক্ষণ ধরে দেখছেন অথচ একটা কথাও বলছেন না!

– কী বলব?

উষসী এবার একটু অভিমানী গলায় বলল,

– কী বলবেন মানে? দেখছেন না আমি কত সুন্দর করে শাড়ি পরেছি? এতক্ষণ ধরে সাজলাম, আপনার জন্যই তো!

সরাসরি কথাটা বলেই মেয়েটা নির্ঝরের দিকে তাকাল। চোখেমুখে চাপা প্রত্যাশা। নির্ঝর কিছুক্ষণ চুপ করে রইল। মেয়েটা ওকে জায়গা মতো বাঁধতে পারে ঠিকই! মেয়েটাকে সত্যিই খুব সুন্দর লাগছে অথচ মুখে সেটা প্রকাশ করার মতো কোনো শব্দ যেন খুঁজে পাচ্ছে না সে।

– কী হলো? বলছেন না কেন?

নির্ঝর দৃষ্টি সরিয়ে নিয়ে গলা খাঁকারি দিল।

– ভালো লাগছে।

উষসী সঙ্গে সঙ্গে মুখ বাঁকাল।

– এইটুকু? শুধু ভালো লাগছে?

– শাড়ি পরার পর এত প্রশ্ন করতে হয়, নাকি?

– উত্তর দিলে কি হয়?

– উত্তর দিলে আবার সামলানো মুশকিল হবে।

উষসী কিছুক্ষণ তাকিয়ে থেকে বলবে,

– কী সামলানো মুশকিল হবে?

নির্ঝর কিছুক্ষণ চুপ করে ওর দিকে তাকিয়ে রইল। বারে বারে শুকনো ঢোক গিলছে। দৃষ্টি সরিয়ে রাখতে চাইলেও যেন দৃষ্টি নারাজ হচ্ছে! মেয়েটা সেসব বুঝে না! যতই নিজেকে দূরে রাখুক শুরু থেকেই চোখ শুধু ওর দিকেই যাচ্ছে এখন নাকি আবার মুখে বলতে হবে!
নির্ঝরকে চুপ থাকতে দেখে উষসী ফুলে উঠে বলল,

– উত্তর দিবেন না আপনি? একটা সুন্দর কমপ্লিমেন্টই তো চাইলাম!

আচমকা নির্ঝর এগিয়ে এসে উষসীর হাত ধরে নিজের কাছে টেনে এক হাতে কোমড় জড়িয়ে ধরলো। আকস্মিকতায় উষসী একটু থমকে গেল। নির্ঝরের বুকের কাছের শার্ট খামচে ধরে শক্ত হয়ে রইলো। নির্ঝরের চোখ তখন স্থির হয়ে আছে ওর চোখে। বরাবরের মতো গম্ভীর সুরে বলল,

– তোমার কি মনে হয় না, আমাদের সম্পর্কটা স্বাভাবিক করা উচিত?

উষসী নির্বাক! নির্ঝরের কথা বুঝতে খুব একটা অসুবিধে হলো না। সে-ও তো নির্ঝরকে চায় কিন্তু নির্ঝরের মনে ওর জন্য কিছু আছে কি না সেটা নিয়েই সে দ্বিধা দ্বন্দে ভুগে! নির্ঝর অপলক ওর দিকে চেয়ে আবার গভীর গলায় বলল,

– একটু আগে বলছিলে না গিফট হিসেবে কি চাই? সুযোগ পেলে হাত ছাড়া করতে নেই, এতক্ষণ ভাবছিলাম কিছুই লাগবে না কিন্তু এখন চাইছি। দিবে?

– ক… কি?

– তোমাকে! গিফট হিসেবে তোমাকেই চাইছি!

উষসীর বুক ধক করে উঠল। পেটের মধ্যে প্রজাপতিরা উড়াউড়ি শুরু করেছে! সে এলোমেলো দৃষ্টি ফেললে নির্ঝর ঠান্ডা স্বরে ওকে ডাকলো,

– লুক অ্যাট মি উষসী!

ওর ডাকে উষসী চোখ তুলে তাকালো। নির্ঝর ওর চোখে চোখ রেখে আওড়ালো,

– ডোন্ট ইউ ওয়ান্ট? ডোন্ট ইউ থিঙ্ক, আমাদের সুন্দর, ছোট্ট একটা সংসার হওয়া উচিত?

উষসীর বুকের ভেতর ধ্রিম ধ্রিম বাজনা বাজছে। কিন্তু সে তো এটাই চাই! এতদিন ধরে মনে মনে যে কথাগুলো শুনতে চেয়েছে, আজ নির্ঝরের মুখে সেগুলোরই আভাস পাচ্ছে। এবার সে-ও চোখ সরালো না বরং জড়তা ভেঙে একরাশ আকুলতা নিয়ে বলল,

– আপনি তো আমায় ভালোবাসেন না!

– সংসার করতে বুঝি ভালবাসতে হয়?

উষসীর ফটাফট উত্তর,

– হু…

– তুমি ভালবাসলে হবে না?

উষসী স্থির চেয়ে। খানেক সময় নিয়ে জবাব এলো,

– হবে! খুব হবে!

নির্ঝর ওর কোমরে রাখা হাতটা সামান্য শক্ত করে বলল,

– তাহলেই হবে! আমি নাহয় ভালবাসতে সাহায্য করবো। তুমি ভালোবেসে যাবে আর আমি আগলে রেখে যাবো!

উষসী আর কিছু বলল না। নির্ঝরের বুকে মাথা রাখতেই নির্ঝরও ওকে আগলে নিল। নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে নিলো মনের কোণে গোপনে সযত্নে লুকিয়ে রাখা সেই মানুষটিকে। তার ডান হাতের আঙুলগুলো আলতো করে গুঁজে দিল উষসীর ছড়ানো চুলে তারপর নিজের ঠোঁট ছুঁইয়ে দিল ওর কপালে। উষসী চোখজোড়া বুজে নির্ঝরের শার্টের কলারটা শক্ত করে খামচে ধরল। তার বুকের ভেতর তখন সমুদ্রের চেয়েও বড় কোনো জোয়ার বইছে। দু’জনেরই স্পন্দন যেন গতি হারিয়েছে!

বাইরে সমুদ্রের ঢেউ তখনো একের পর এক তীরে এসে আছড়ে পড়ছে। আর ছোট্ট রুমটায় দুজনের মাঝখানে এতদিন ধরে জমে থাকা অদৃশ্য দূরত্বটুকু যেন একটু একটু করে কমে আসছে।

#চলবে…?

(জনগন্সসসস! আমার পরীক্ষার জন্য একদিন পর পর দিচ্ছি। পরীক্ষা শেষ হলে রেগুলার পাবেন ইনশাআল্লাহ্)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 42 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন