ফন্ট সাইজ:
থিম:
কদম গুচ্ছের কাব্য গাঁথা

পর্ব 43

লেখক: তাবাসসুম তাজ্বওয়ারী

#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(৪৩)
#তাবাসসুম_তাজ্বওয়ারী

সময় বড্ড অদ্ভুত! কখনো কিছু মুহূর্তকে দীর্ঘ করে রাখে আবার কখনো কত সুন্দর সময় যে চোখের পলকে পার করে দেয় তার হিসেবও রাখতে দেয় না। আকাশের বুকজুড়ে জমে থাকা অন্ধকার ধীরে ধীরে ফিকে হয়ে ভোরের আলোয় জায়গা করে দেয়। রাতভর সমুদ্রের বুকে যে ঢেউগুলো একের পর এক আছড়ে পড়েছে, সকালেও তাদের ছন্দে কোনো বিরতি নেই। শুধু বদলে গেছে চারপাশের রং। পূর্ব আকাশে ছড়িয়ে পড়া স্নিগ্ধ আলোয় সমুদ্রের জলরাশি নতুন রূপে ধরা দিয়েছে।

নির্ঝরদের হোটেল রুমে ফকফকা আলোতে ভরে গেছে। বড় বিছানায় একা ঘুমিয়ে আছে উষসী আলসি ভেঙ্গে উঠতে পারছে না সে। এই নিয়ে দুবার ডেকে গেল নির্ঝর! সকাল গড়িয়ে বেলা পার হয়ে যাচ্ছে। শেষমেশ চোখ ডলতে ডলতে উঠে বসলো সে। জানালার পর্দা সরানো থাকায় চোখের উপর রোদ এসে পড়ছে। উষসী বিরক্ত মুখে চোখের উপর হাত রাখলো। এই পর্দা কেন সরিয়ে দিয়েছে নির্ঝর? সে বিরক্ত হলো। এর মধ্যে দরজা খুলে রুমে আসলো নির্ঝর। উষসীকে বসে থাকতে দেখে হাতের প্যাকেটগুলো এক পাশে রেখে বলল,

– উঠে গেছো? দ্রুত নাস্তা করে নাও বাইরে থেকে এনেছি। হোটেলের নাস্তার টাইম ফেলে দিয়েছো ঘুমিয়ে ঘুমিয়ে। তোমার সাথে সাথে আমার নাস্তাও গেল।

নির্ঝরকে দেখে উষসীর গতকাল রাতের কথা মনে পড়ে। সে চোখ সরিয়ে নেয়। চেহারায় লাল আভা ছড়িয়ে পড়ছে। কিন্তু নির্ঝরের শেষ কথাটা শুনে সে সরু চোখে চেয়ে বলল,

– নিজের নাস্তা নিজে করে আসেন নি কেন? সব কিছুতে আমাকে দোষ দেওয়া? অসহ্য খারাপ লোক একটা!

নির্ঝর রুমের দরজা থেকে ভেতরে আসতে আসতে বলল,

– এই নিয়ে কাল রাত থেকে ৪৮ বার বলেছো আর দুবার বললেই হাফ সেঞ্চুরি।

নির্ঝর ওকে লজ্জা দিচ্ছে বুঝতে পেরে উষসী ফুঁসে উঠে বললো,

– ফাজলামি করবেন না একদম!

– ফাজলামি করছি না। তুমি রাগ দেখাচ্ছো কেন হু? আমি কি তোমায় জোর করেছি? আটকাওনি কেন আমাকে?

নির্ঝরের কথাবার্তা শুনে উষসী অস্বস্থিতে পড়ে যাচ্ছে। মেকি রাগ দেখিয়ে বলল,

– নির্ঝর! খু’ন করে দেবো কিন্তু!

নির্ঝর গম্ভীর মুখে চেয়ে তারপর বিছানার সামনে এসে বলল,

– ওকে, খু’ন করতে হবে না। একটা প্রবাদ আছে জানো তো, "কাঁটা দিয়ে কাঁটা তুলে" তাহ…

– নির্ঝররররর!

নির্ঝরের কথার ইঙ্গিত বুঝতে পেরে উষসী ওকে থামিয়ে পাশ থেকে বালিশ হাতে তুলে ওর দিকে ছুঁড়ে মে’রে দিলো। নির্ঝর মুহূর্তেই সেটা ক্যাচ করে নিলো। ঠোঁটের কোণে ফুটে উঠলো এক চিলতে হাসি!

– খারাপ লোক একটা! আপনাকে ভালো মানুষ ভেবেছিলাম সেটাই আমার ভুল!

– আমি তো…

– আপনি কথায় বলবেন না! বেরোন রুম থেকে।

– আরে…

– বেরোতে বলেছি!!

উষসীর চিল্লাফাল্লা শুনে নির্ঝর বেরিয়ে গেল। এই মেয়েটার জ্বালায় সে অতিষ্ঠ এখন শেষমেশ রুম থেকে বের করে দিলো? মেয়েটাকে একটু খেপানোর ইচ্ছে ছিল, কিন্তু এতটা লজ্জা পেয়ে যাবে ভাবেনি! নির্ঝর হোটেলের সামনে একটা ফাঁকা স্পেস আছে সেদিকে চলে গেল।

এদিকে উষসী বালিশটা বিছানায় ছুড়ে দিয়ে মুখ ফুলিয়ে বসে রইল। ওকে তো ভদ্র ভেবেছিল এখন দেখছে লোকটার লজ্জা-শরম বলতে কিছু নেই! সে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলো। বেশ কিছুক্ষণ পর নির্ঝর রুমে আসলো। উষসীকে বলল,

– বাইরে যাবে? গেলে রেডি হয়ে নাও, কাল সন্ধ্যার বাস আমাদের।

সময় কারো অপেক্ষায় থাকে না। চোখের পলকে হারিয়ে যায়! কক্সবাজারে কাটানো দিনগুলোও ঠিক তেমনই। দেখতে দেখতে কয়েকটা দিন পেরিয়ে গেছে। অথচ উষসীর কাছে মনে হচ্ছে, এই তো সেদিন প্রথমবার সমুদ্র দেখে বিস্ময়ে চোখ বড় বড় করে তাকিয়েছিল সে। সেই প্রথম দিনের উচ্ছ্বাস, নির্ঝরের সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্ত, খুনসুটি আর অজস্র আবদার সব মিলিয়ে দিনগুলো তার স্মৃতির পাতায় আলাদা একটা জায়গা করে নিয়েছে। আর গত রাতটা? সেটা বোধহয় এই সফরের সবচেয়ে বিশেষ রাত হয়ে থাকবে। জন্মদিনের সারপ্রাইজের আড়ালে যে সম্পর্কটাকে নতুন করে আপন করে নেওয়ার শুরু হয়েছে! সূচনা হয়েছে একটা স্বাভাবিক সুন্দর সংসারের।
নির্ঝরের কথায় উষসী মন খারাপ করে বলল,

– কালই ফিরে যাবো? এত তাড়াতাড়ি? আর ক’টা দিন থাকতে পারতাম না?

নির্ঝর বিছানায় বসে বলল,

– ভার্সিটি খুলবে দুদিন পর। এমনিতেই কম গ্যাপ দাও নি ক্লাস এরপর কোনো পড়াই বুঝতে পারবে না!

উষসী আবদার করে বসলো,

– আর দুটো দিন?

– আমরা আবার আসবো।

উষসী আর কিছু বলল না। নির্ঝর উঠে দাঁড়িয়ে বলল,

– রেডি হয়ে নাও।

নির্ঝরের কথায় উষসী আর দেরি করল না। বিছানা থেকে নেমে আলমারির সামনে গিয়ে দাঁড়াল। আজকের জন্য কী পরবে, সেটা নিয়ে খানিকক্ষণ ভাবল। শেষমেশ আরামদায়ক একটা পোশাক বের করে বাথরুমে চলে গেল।

প্রায় আধা ঘণ্টা পর দুজন হোটেল থেকে বের হলো। দুপুরের রোদ তখন বেশ চড়া। রাস্তার পাশে পর্যটকদের ভিড়, ছোট ছোট দোকানগুলোতে নানা রকম সামুদ্রিক জিনিসপত্র সাজানো। কোথাও ঝিনুকের মালা, কোথাও শামুকের তৈরি শোপিস, আবার কোথাও রঙিন টুপি আর সানগ্লাস। দোকানিদের ডাকাডাকি আর মানুষের কথাবার্তায় চারপাশ বেশ সরগরম।

উষসী বের হওয়ার পর থেকেই এদিক-ওদিক তাকাচ্ছে। নির্ঝর হোটেলের সামনে দাঁড়িয়ে একটা রাইডের ব্যবস্থা করছিল। উষসী পাশে এসে দাঁড়াতেই সে জিজ্ঞেস করল,

– কোথায় যেতে চাও?

উষসী একটু ভেবে বলল,

– যেখানে ইচ্ছা নিয়ে যান। তবে সমুদ্রের কাছে যাবো, এটা কিন্তু নিশ্চিত।

– গত কয়েকদিন ধরে সমুদ্রের কাছেই তো আছো।

– তাতে কী হয়েছে? সমুদ্র কি একদিনের জন্য দেখতে হয়?

– চলো আজকে একটু পাহাড় ঘুরে আসি।

উষসী কথাটা শুনে একটু থমকাল। তারপর চোখেমুখে আগ্রহ ফুটে উঠল।

– পাহাড়? কক্সবাজারে পাহাড়ও আছে?

নির্ঝর ওর দিকে তাকিয়ে ভ্রু তুলল।

– জানো না?

উষসী মাথা নাড়ল।

– হিমছড়ি। সমুদ্রের পাশাপাশি পাহাড়ও দেখা হবে।

উষসী খুশি হয়ে মাথা নাড়ল।

– তাহলে চলুন! আর কি কি আছে?

– ঝর্ণা আছে, সমুদ্রও আছে!

নির্ঝর গাড়ির ব্যবস্থা করতেই ওরা উঠে বসলো। উষসী আবার বলল,

– আজকে কিন্তু আমার অনেক ছবি তুলে দিতে হবে। পাহাড়ের সামনে, ঝরনার সামনে, সব জায়গায়।

নির্ঝর দীর্ঘশ্বাস ফেলার ভান করল।

– তোমাকে নিয়ে ঘুরতে আসার চেয়ে ফটোগ্রাফার হিসেবে চাকরি নেওয়া সহজ ছিল।

উষসী হেসে ফেলল।

– তাহলে আজ থেকে আপনাকে আমার পার্সোনাল ফটোগ্রাফার হিসেবে নিয়োগ দিলাম।

– বেতন কত?

– আপনার পছন্দমতো খাবার খাওয়াবো।

– আর কিছু?

– মাঝে মাঝে চকলেট!

নির্ঝর মাথা নাড়ল।

– বেশ লাভজনক চাকরি তো!

শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে গাড়ি যখন মেরিন ড্রাইভের দিকে এগোতে লাগল, উষসী জানালার পাশ থেকে বাইরের দৃশ্য দেখতে ব্যস্ত হয়ে পড়ল।

এক পাশে পাহাড়ের সবুজ ঢাল, অন্য পাশে বিস্তীর্ণ সমুদ্র। মাঝখান দিয়ে চলে গেছে আঁকাবাঁকা রাস্তা। কোথাও ছোট ছোট দোকান, কোথাও পর্যটকদের গাড়ি থেমে আছে। সমুদ্রের দিক থেকে আসা বাতাসে উষসীর নিকাব বারবার উড়ে চলে আসছে যাচ্ছে তবুও বাতাসগুলো ভালো লাগছে তার। সে এক হাতে সামলে অন্য হাতে ফোন বের করে ছবি তুলতে লাগল।

নির্ঝর ওর দিকে তাকিয়ে বলল,

– ঘুরাঘুরি বাদ দিয়ে সারাক্ষণ ছবি তোলার আবদার করলে কিন্তু মাঝপথে ফেলে চলে আসব।

উষসী মুখ বাকিয়ে বাইরে মনোযোগ দিলো। কিছুক্ষণ পর তারা হিমছড়ি পৌঁছাল। গাড়ি থেকে নেমে নির্ঝর ভাড়া মিটিয়ে দিল। আশপাশে বেশ কিছু পর্যটক ঘোরাঘুরি করছে। কেউ পাহাড়ের দিকে উঠছে, কেউ ছবি তুলছে, আবার কেউ ছোট দোকানগুলোতে দাঁড়িয়ে খাবার কিনছে।
ওরা সিঁড়ির কাছে যেতেই উষসী চারপাশে তাকিয়ে বলল,

– বাহ! এখানকার পরিবেশটা তো বেশ সুন্দর!

নির্ঝর হাত বাড়িয়ে উষসীর কব্জি চেপে ধরে হাঁটতে হাঁটতে বলল,

– আগে ধীরে ধীরে ওঠো। সিঁড়িগুলো একটু উঁচু।

উষসী আর কিছু বলল না। নির্ঝরের হাত ধরে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল। মাঝপথে উষসী একবার থেমে পেছনে তাকাল। নিচে সবুজ গাছপালার ফাঁক দিয়ে সমুদ্রের নীল জলরাশি দেখা যাচ্ছে। দূরে আকাশ আর সমুদ্রের মিলনরেখা। দৃশ্যটা দেখে সে মুগ্ধ হয়ে গেল।

– নির্ঝর, একটু দাঁড়ান না!
নির্ঝর ওর দিকে ফিরে তাকাল।

– কী হয়েছে?

উষসী সমুদ্রের দিকে আঙুল দেখিয়ে বলল,

– ওই যে দেখুন! ওপর থেকে সমুদ্রটা আরও সুন্দর লাগছে।

নির্ঝর ওর পাশে এসে দাঁড়াল। দুজন কিছুক্ষণ চুপচাপ দৃশ্যটা দেখতে লাগল। তারপর উষসী ফোনটা নির্ঝরের হাতে দিয়ে বলল,

– এবার একটা ছবি তুলে দিন তো। এমনভাবে তুলবেন যেন পুরো সমুদ্রটা দেখা যায়।

নির্ঝর ফোন হাতে নিয়ে বলল,

– তুমি দাঁড়াও আগে।

উষসী একটু সামনে গিয়ে দাঁড়াল। একবার হিজাব ঠিক করল, তারপর হাসিমুখে ক্যামেরার দিকে তাকাল।
ছবি তোলা শেষ হলে নির্ঝর ফোনটা এগিয়ে দিল। উষসী স্ক্রিনে ছবি দেখে খুশিতে বলে উঠল,

– ওয়াও! এটা তো অনেক সুন্দর হয়েছে!

নির্ঝর স্বাভাবিক গলায় বলল,

– ছবির পেছনের দৃশ্যটা সুন্দর, তাই।

উষসী সঙ্গে সঙ্গে চোখ তুলে তাকাল।

– আর সামনের মানুষটা?

নির্ঝর এক মুহূর্ত ওর দিকে তাকিয়ে থেকে বলল,

– সেও মন্দ না।

উষসী ঠোঁট চেপে হাসল। তারপর ফোনটা নিজের হাতে নিয়ে আবার সামনে এগিয়ে গেল। নির্ঝর ওর পেছন পেছন হাঁটতে হাঁটতে মনে মনে ভাবল, এই মেয়েটার প্রশংসা পাওয়ারও কত রকমের কৌশল জানা আছে!

পাহাড়ের ওপর থেকে সমুদ্র দেখা, ছবি তোলা আর আশপাশের সৌন্দর্য উপভোগ করতে করতেই তাদের বেশ কিছুটা সময় কেটে গেল। এরপর দুজন নিচে নেমে এল। উষসী একটা দোকানের সামনে দাঁড়িয়ে ঠান্ডা পানি কিনতে চাইলে নির্ঝরও নিজের জন্য একটা বোতল নিল।
পানি খেতে খেতে উষসী বলল,

– আজকে দারুণ গেছে!

– কেন এতদিন ভালো লাগে নি?

– লেগেছে অবশ্যই! তবে আজকে পাহাড় সমুদ্র ঝরনা সব একসাথে!

নির্ঝর পানির বিল দিয়ে এসে বলল,

– আর কোনো সখ বাকি আছে? পাহাড় , সমুদ্র, পানিতে লাফালাফি, রাতের সমুদ্র দেখা আরো কি কি যেন! সব শেষ? নাকি বাসায় গিয়ে অভিযোগ জানাবে?

উষসী পানির বোতলটা নির্ঝরের হাতে দিয়ে একটু ইতস্তত করে বলল,

– একটা শখ অবশ্য এখনো বাকি আছে।

নির্ঝর বোতলের ঢাকনা লাগাতে লাগাতে ওর দিকে তাকাল।

– কী?

উষসী ঠোঁটের কোণে হাসি টেনে বলল,

– প্যারাসেইলিং!

নির্ঝর ভ্রু কুঁচকে তাকাল। উষসী আবার বলল,

– প্যারাসেইলিং! ওই যে প্যারাসুটের মতো একটা জিনিসের সঙ্গে বেঁধে স্পিডবোট দিয়ে টেনে নিয়ে যায়। তারপর মানুষ আকাশে উড়তে থাকে! আমি করতে চাই।

কথাটা শেষ করেই উষসী উৎসুক চোখে নির্ঝরের দিকে তাকাল। নির্ঝর কয়েক সেকেন্ড ওর মুখের দিকে চেয়ে থেকে সোজাসাপটা বলল,

– না।

উষসীর মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল।

– কী? কেন?

– কারণ আমি বলেছি।

– এটা কোনো কারণ হলো? আপনি সবকিছুতেই না বলেন কেন?

– সবকিছুতে? তোমার বাকি শখ পূরণ করিনি?

– তা করেছেন কিন্তু এটা আমার খুব ইচ্ছে বিশ্বাস করুন!

নির্ঝর শান্ত গলায় বলল,

– উষসী, এসব অ্যাডভেঞ্চার স্পোর্টসের ক্ষেত্রে নিরাপত্তার বিষয় থাকে। এখানে যেসব ব্যবস্থা আছে, সেগুলোর সবকিছু কতটা নিরাপদ, যন্ত্রপাতি ঠিক আছে কি না, যারা করায় তারা কতটা প্রশিক্ষিত—এসব আমি জানি না। শুধু মজা হবে বলে তোমাকে ঝুঁকির মধ্যে ফেলতে পারব না।

উষসী মুখ ভার করে বলল,

– সবাই তো করে! কাউকে তো কিছু হতে দেখি না।

– সবাই করে বলেই যে নিরাপদ, এমন তো নয়।

– আমারও কিছু হবে না..এম

নির্ঝর এবার কঠোর গলায় বলল,

– তোমার শখ পূরণ করতে গিয়ে যদি তোমাকে নিয়ে হাসপাতালে দৌড়াতে হয়, তখন কী হবে?

উষসী কিছুক্ষণ চুপ করে রইল। তারপর নিচু গলায় বলল,

– তাহলে আপনি আমার সঙ্গে করতেন না?

– না।

– একদমই না?

– একদমই না।

উষসী মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকাল। নির্ঝর ওর অভিমানী মুখ দেখে দীর্ঘশ্বাস ফেলল। তারপর হাত বাড়িয়ে ওকে টেনে নিয়ে যেতে যেতে বলল,

– চলো অন্য শখ মিটায়। ঘোড়ায় চড়বে বলেছিলে না?

নির্ঝরের কথায় উষসী একটু থমকাল। প্রথমদিনে বলা ঘোড়ায় চড়ার কথা তার মনে আছে ঠিকই কিন্তু প্যারাসেইলিংয়ের আবদারটা যে এভাবে নাকচ হয়ে যাবে, সেটা ভাবেনি।

– ঘোড়ায় চড়ব না।

নির্ঝর ভ্রু তুলল।

– কেন? সেদিন তো বলেছিলে!

– এখন আর ইচ্ছে করছে না।

– আচ্ছা, তাহলে বাদ।

নির্ঝর একদম সহজভাবে কথাটা বলে হাঁটতে শুরু করল। উষসী কয়েক পা পেছনে দাঁড়িয়ে রইল। সে ভেবেছিল নির্ঝর হয়তো আরও একটু বোঝাবে, কিংবা অভিমান ভাঙানোর চেষ্টা করবে। কিন্তু লোকটা তো দিব্যি সামনে এগিয়ে যাচ্ছে!

– নির্ঝর!

নির্ঝর থেমে পেছনে তাকাল।

– কী?

– আপনি কি আমাকে একটুও আদর করে বোঝাতে পারেন না?

– তুমিই তো বললে চড়বে না!

উষসীর হাত পা ছড়িয়ে কাঁদতে মন চাচ্ছে! এতটা নিরামিষ কেউ হয়? একটু সুন্দর করে বলতেও পারে না? রাগে গজগজ করতে করতে সে হেঁটে চলে গেল।

হিমছড়ি থেকে ফিরে এসে আবার সমুদ্রে গেল। উষসীর মন খারাপ, সে নিজের মতো হেঁটে চলেছে। কিছুদূর যেতেই পেছন থেকে নির্ঝরের ডাক শোনা গেল। সে পেছন ফিরতেই দেখলো নির্ঝর একটা ঘোড়ার পাশে দাঁড়িয়ে আছে। উষসীকে ইশারায় ডাকতেই উষসী গেল। সে গিয়ে ঘোড়াটার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। নির্ঝর ওর মুখের দিকে তাকিয়ে বলল,

– কী হলো? এত চুপচাপ কেন?

– এমনিই।

নির্ঝর আর কথা বাড়াল না। ঘোড়ার মালিকের সঙ্গে কথা বলে ভাড়াটা ঠিক করে নিল। ঘোড়াটার গায়ে হাত বুলিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নির্ঝর উষসীর দিকে তাকাল।

– চড়বে তো?

উষসী এবার একটু এগিয়ে এল। ঘোড়াটার কাছে গিয়ে দাঁড়াতেই সেটি মাথা নাড়ল। উষসী সঙ্গে সঙ্গে এক পা পিছিয়ে গেল। নির্ঝর সেটা দেখে হেসে ফেলল।

– এই তো! বলেছিলে না চড়বে?

– ঘোড়াটা এমন করছে কেন?

নির্ঝর মালিকের সাথে কথা বলে উষসীর ওঠার ব্যবস্থা করতে করতে ঘোড়ার পাশে দাঁড়িয়ে উষসী একবার পা রাখার জায়গাটার দিকে তাকাল আবার ঘোড়ার পিঠের দিকে। যতটা উৎসাহ নিয়ে কিছুক্ষণ আগে ঘোড়ায় চড়ার কথা ভাবছিল, এখন ততটাই দ্বিধায় পড়ে গেছে।
নির্ঝর ওর দিকে হাত বাড়িয়ে দিল।

– এদিকে আসো।

উষসী হাত বাড়ালেও ঘোড়ার কাছে গিয়ে থেমে গেল।

– আমি যদি পড়ে যাই?

– পড়বে না।

– যদি ঘোড়া হঠাৎ দৌড় দেয়?

– দেবে না। ঘোড়ার মালিক সঙ্গে থাকবে। তুমি শুধু আমার হাত ধরো।

উষসী এবার নির্ঝরের হাতটা শক্ত করে ধরল। নির্ঝর ওর হাত ধরে সাবধানে পা রাখার জায়গায় পা তুলতে সাহায্য করল। অন্য হাত দিয়ে ওর বাহু ধরে একটু ভর দিল, যাতে সহজে ঘোড়ার পিঠে উঠে বসতে পারে। ওঠার সময় উষসী ভয়ে চোখ বন্ধ করে ফেলেছিল।

– নির্ঝর, আমার ভয় লাগছে!

নির্ঝর হাত ধরে ওকে স্থির হয়ে বসতে সাহায্য করল। উষসী বসে পড়ার পরও কিছুক্ষণ নির্ঝরের হাত ছাড়ল না। বরং নিচের দিকে তাকিয়ে বলল,

– আমি কিন্তু এখনো ভয় পাচ্ছি।

নির্ঝর পাশে দাঁড়িয়ে বলল,

– কিছু হবে না ভয় পেও না!

ঘোড়ার মালিক লাগাম ধরে সামনে দাঁড়াল। ঘোড়াটা ধীরে ধীরে হাঁটতে শুরু করতেই উষসী নির্ঝরের দিকে হাত বাড়িয়ে দিল।

– নির্ঝর! আমি পরে যাবো!

নির্ঝর ওর পাশে হাঁটতে হাঁটতে বলল,

– পড়বে না আমি এদিকে আছি।

প্রথমে উষসী একটু জড়সড় হয়ে বসে ছিল। কিন্তু কয়েক পা যাওয়ার পর ধীরে ধীরে ভয়টা কমতে লাগল। চারপাশের দৃশ্য দেখতে শুরু করল সে। একটু পরেই তার মুখে হাসি ফুটে উঠল।

– নির্ঝর! দেখুন, আমি ঘোড়ায় চড়ছি!

নির্ঝর ওর দিকে বলল,

– দেখছি তো। এতক্ষণ তো মনে হচ্ছিল ঘোড়ায় ওঠার আগেই নেমে যাবে।

– আপনি চড়বেন না?

– না।

– আসুন না আরেকটা ঘোড়া নিয়ে পাশাপাশি!

– তুমি চড়ো, আমি এদিকে আছি।

নির্ঝর ওকে কয়েকটা ছবি তুলে দিলো।

– আমাদের দুজনের একটা ছবি তুলবেন?

নির্ঝর একবার ওর দিকে তাকাল। তারপর ঘোড়ার মালিককে ফোনটা দিয়ে দুজনের একটা ছবি তুলে দিতে বলল। উষসী ঘোড়ার ওপর বসেই হাসলো। নির্ঝরও ওর পাশে দাঁড়িয়ে রইল।
ছবি তোলা শেষ হলে উষসী ফোনটা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ দেখল। ছবিটা পছন্দ হয়েছে তার। বিশেষ করে নির্ঝরকে পাশে নিয়ে ছবিটা।

– এই ছবিটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে।

– বুঝলাম। এবার নামবে?

উষসীর হাসিটা একটু ম্লান হলো।

– এত তাড়াতাড়ি?

– আর কতক্ষণ? ঘোড়াটাকেও তো বিশ্রাম দিতে হবে।

উষসী আর আপত্তি করল না। ঘোড়ার মালিক ঘোড়াটাকে থামিয়ে লাগাম ধরে রাখতেই নির্ঝর আবার ওর সামনে এসে দাঁড়াল। নামার সময়ও উষসী হাত বাড়িয়ে দিল। নির্ঝর হাত ধরে সাবধানে ওকে নিচে নামিয়ে আনল। মাটিতে পা রেখেই উষসী একবার নির্ঝরের দিকে তাকাল। তারপর বেশ উচ্ছ্বসিত গলায় বলল,

– জানেন, প্রথমে খুব ভয় লাগছিল। কিন্তু পরে কী যে ভালো লাগল!

– চলো এবার হোটেলে ফিরি। রাতে আবার বের হবো।

সেদিন তারা সারাটা দিন ভালোই কাটালো। পরেরদিন ব্যাগ গুছিয়ে চেক আউট করেই বেরিয়ে পড়লো তারা। ব্যাগগুলো কয়েকঘণ্টার জন্য হোটেলে রাখতে দিয়ে আবার শেষবার ঘুরতে বের হলো।

সমুদ্রে ঢেউ এসে পায়ের কাছে ছুঁয়ে ফিরে যাচ্ছিল। উষসী প্রতিবারই একটু সরে দাঁড়াচ্ছিল, আবার পরক্ষণেই পানির কাছে এগিয়ে যাচ্ছিল। নির্ঝর ওর কাণ্ড দেখে মুচকি হাসল।

– ঢেউয়ের সঙ্গে লুকোচুরি খেলছো?

– আপনি বুঝবেন না। সমুদ্রের সঙ্গে আমার অনেক কথা আছে।

– এতদিনেও কথা শেষ হয়নি?

– সমুদ্রের সঙ্গে কথা কি আর এত দ্রুত শেষ হয়?

উষসী এবার একটু দূরে গিয়ে দাঁড়িয়ে দুই হাত ছড়িয়ে সমুদ্রের বাতাস উপভোগ করতে লাগল। নির্ঝর ফোন বের করে ওর কয়েকটা ছবি তুলে দিল। ছবি তোলার ফাঁকে ফাঁকে দুজনের খুনসুটি চলল। কখনো উষসী তাকে ছবি ভালো না হওয়ার অভিযোগ করল, কখনো নির্ঝর বলল, এত ছবি তুলে কী হবে, একটা অ্যালবাম খুলে ফেলতে হবে। এরপর পাশের দোকান থেকে দুজন হালকা কিছু খাবার কিনে খেল। উষসী একটা ঝিনুকের মালা পছন্দ করে ফেলল। নির্ঝর দাম জিজ্ঞেস করতেই সে বাধা দিয়ে বলল,

– না না, এটা আমার লাগবে না।

– পছন্দ হয়েছে তো?

– হয়েছে। কিন্তু এমনিই দেখছিলাম।

নির্ঝর আর কিছু না বলে মালাটা কিনে ওর হাতে দিল। উষসী অবাক হয়ে তাকাল।

– এটা কেন কিনলেন?

– আমার ভালো লেগেছে তাই। দেওয়ার তো কেউ নেই তুমিই রেখে দাও।

উষসী মালাটা হাতে নিয়ে কিছুক্ষণ নির্ঝরের দিকে তাকিয়ে রইল। লোকটা এমনভাবে কথাটা বলল যেন খুব সাধারণ কিছু একটা করেছে! অথচ ছোট্ট এই উপহারটুকুও তার কাছে বেশ বিশেষ মনে হচ্ছে।

– আচ্ছা, তাহলে আমি রেখে দিলাম। পরে কিন্তু ফেরত চাইতে পারবেন না।

– দেওয়ার পর আবার ফেরত চাইব কেন?

– আপনার আবার বিশ্বাস নেই। পরে বলবেন, আমার মালা ফেরত দাও!

– তোমার কাছে আমার এত খারাপ ইমেজ কেন?

উষসী উত্তর দিলো না শুধু হাসলো। এরপর দুজন আরও কিছুক্ষণ সমুদ্রের পাশে ঘুরল। উষসী একটা দোকানে দাঁড়িয়ে রঙিন কিছু শামুকের তৈরি শোপিস দেখল। নির্ঝরকে ডেকে দেখাল, কোনটা ঘরের জন্য ভালো হবে। নির্ঝর প্রথমে আগ্রহ দেখাল না, কিন্তু শেষমেশ উষসীর পছন্দ করা ছোট্ট শোপিসটা কিনে নিল। উষসী সেটা হাতে নিয়ে বেশ খুশি।

– এটা আমাদের বাসায় রাখব।

নির্ঝর ওর দিকে তাকাল।

– আমাদের বাসায়?

– হ্যাঁ। দেখলেই মনে পড়বে যে আমরা এখানে এসেছিলাম।

দুপুর গড়িয়ে বিকেল হতে খুব বেশি বাকি নেই। এবার ফেরার সময় হয়েছে। উষসী শেষবারের মতো সমুদ্রের দিকে তাকাল। এই কয়দিনে কতবার যে এই নীল জলরাশির কাছে এসেছে, তার হিসেব নেই। তবু বিদায়বেলায় মনে হলো, সমুদ্রটা যেন আজ একটু বেশিই সুন্দর। ঢেউগুলো আগের মতোই তীরে এসে আছড়ে পড়ছে, আবার ফিরে যাচ্ছে আপন ঠিকানায়। অথচ আজ এই দৃশ্যের সামনে দাঁড়িয়ে তার বুকের ভেতরটা কেমন ভারী হয়ে উঠছে।

কয়েকটা দিন! সময়ের হিসাবে খুব বেশি নয়, অথচ এই অল্প সময়েই কত স্মৃতি জমে গেল এখানে। প্রথমবার সমুদ্র দেখে মুগ্ধ হওয়া, পানিতে পা ডুবিয়ে শিশুর মতো ছুটোছুটি, বালুর ওপর হাঁটতে হাঁটতে নির্ঝরের সঙ্গে খুনসুটি, রাতের নিস্তব্ধতায় সমুদ্রের গর্জন শোনা, আর কিছু মুহূর্ত যেগুলো মনের ভেতর আজীবন থেকে যাবে।

উষসী ধীরে ধীরে এক পা এগিয়ে গেল। ছোট্ট একটা ঢেউ এসে পায়ের পাতায় ছুঁয়ে দিয়ে ফিরে গেল। মেয়েটা মৃদু হাসল। মনে হলো, সমুদ্রও বুঝি তাকে বিদায় জানাচ্ছে। আনমনে বলল,

– আবার আসব আমার প্রিয় সমুদ্রে!

নির্ঝর ওর দিকে তাকালো শুধু। কিছু বলল না।

সমুদ্রের কাছে বিদায় চাওয়া শেষ হলো। পেছনে রয়ে গেল নীল জলরাশি, ভেজা বালু আর অসংখ্য ছোট ছোট স্মৃতি। সামনে অপেক্ষা করছে চেনা শহর, চেনা ব্যস্ততা, বিশ্ববিদ্যালয়ের ক্লাস আর তাদের ছোট্ট সংসার।

হোটেলে পৌঁছে নির্ঝর রিসেপশনের কাউন্টারে গিয়ে ব্যাগগুলো বুঝে নিল। উষসী পাশে দাঁড়িয়ে মন যে কিছুটা খারাপ বোঝায় যাচ্ছে।

– সব নিয়েছো তো?

উষসী সংক্ষেপে বলল,

– সব নিয়েছি।

– নিশ্চিত?

– হু।

– চলো তাহলে।

নির্ঝর ব্যাগ দুটো হাতে নিয়ে বেরিয়ে এল তারা। সন্ধ্যার বাস ধরার জন্য হাতে খুব বেশি সময় নেই। নির্ঝর আগে থেকেই টিকিটের ব্যবস্থা করে রেখেছিল।

একটা গাড়ি ঠিক করে ব্যাগগুলো তুলে রাখল সে। উষসী গাড়িতে ওঠার আগে আরেকবার হোটেলটার দিকে তাকাল। কয়েকটা দিনের কত স্মৃতি জমে গেল এখানে! শুরু থেকে সমুদ্র দেখে তার উচ্ছ্বাস, আনন্দ খুনশুটি, নির্ঝরের জন্মদিনের সারপ্রাইজ, আর কিছু বিশেষ মুহূর্তগুলো।

– কী হলো?

– কিছু না। জায়গাটাকে মিস করব।

– আবার আসব বলেছি তো।

– হু।

উষসী গাড়িতে উঠে বসলো। কিছুক্ষণ পর কাউন্টারে পৌঁছে ব্যাগগুলো নামিয়ে রাখল নির্ঝর। টিকিট দেখিয়ে নির্দিষ্ট বাসের জন্য অপেক্ষা করতে লাগল তারা। বাস কাউন্টারে যাত্রীদের আনাগোনা বাড়তে লাগল। কিছুক্ষণ পর তাদের বাসও এসে থামল। নির্ঝর ব্যাগগুলো নিয়ে উঠে গেল, উষসী তার পেছনে। নির্ধারিত আসনে বসে জানালার পাশে জায়গা নিল সে।
বাস ছাড়ার আগে বাইরে তাকিয়ে একবার দীর্ঘশ্বাস ফেলল উষসী। নির্ঝর পাশ থেকে বলল,

– আবার মন খারাপ?

– একটু।

– ঘুমিয়ে পড়ো। রাতের জার্নি, ক্লান্ত লাগবে।

উষসী কিছু না বলে নির্ঝরের কাঁধে মাথা রেখে চোখ বুজলো। ভেসে উঠলো অজস্র স্মৃতি! আবার চোখ খুলে জানালার বাইরে তাকাল একটু।
উষসীর মনে হলো, সমুদ্রকে তারা ফেলে যাচ্ছে না। সমুদ্রের কিছুটা নীল আর কিছু প্রয় স্মৃতি সঙ্গে নিয়েই ফিরছে দুজন। পাশাপাশি বসে থাকা দুজনের মাঝে আজ আর আগের মতো দূরত্ব নেই বরং একটা নতুন শুরু! আর সেই শুরুটার অবদানে সমুদ্র এগিয়ে আছে! এই সমুদ্রেই তার আর নির্ঝরের সবচেয়ে সুন্দর কিছু স্মৃতি!

হয়তো কোনো এক অবসরে আবার ফিরে আসবে এখানে একই সমুদ্রের সামনে তবে সেদিন তাদের গল্পে যোগ হবে আরও অনেকগুলো দিন, আরও অনেক স্মৃতি।

#চলবে…?

{৩০০০+ শব্দসংখ্যা}

(ওদের সমুদ্রের ঘটনা লিখতে গিয়ে এমনভাবে ডুবে গিয়েছি যেন আমিই সমুদ্র ফেলে আসছি অমন খারাপ লাগছে!🫠)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 43 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন