ফন্ট সাইজ:
থিম:
কদম গুচ্ছের কাব্য গাঁথা

পর্ব 44

লেখক: তাবাসসুম তাজ্বওয়ারী

#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(৪৪)
#তাবাসসুম_তাজ্বওয়ারী

রাজশাহীতে ফিরতে ফিরতে সকাল সাড়ে নয়টা। দীর্ঘ বাসযাত্রার ক্লান্তি দুজনের চোখেমুখেই স্পষ্ট। বাসা পর্যন্ত এসে কোনো রকমে লাগেজগুলো ভেতরে রেখেই ঊষসী সোজা বিছানায় গিয়ে গা এলিয়ে দিয়েছিল। নির্ঝরও ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিল। সমুদ্র ভ্রমণের আনন্দের রেশ তখনো কাটেনি তবে শরীরের কাছে ক্লান্তিটাই জিতে গেল।

ঘুম ভাঙল বেশ কয়েক ঘণ্টা পর।
জানালার গ্লাস বন্ধ থাকলেও ফাঁক গলে আলো এসে পড়েছে। ঊষসী পাশ ফিরে শুয়ে ছিল। ঘুমঘুম চোখে কিছুক্ষণ সিলিংয়ের দিকে তাকিয়ে থেকে হঠাৎই তার মনে পড়ল, তারা তো বাসায় ফিরে এসেছে! একটা দীর্ঘ হাই তুলে উঠে বসতে গিয়েও থেমে গেল। পাশের দিকে তাকিয়ে দেখল নির্ঝর বিছানার অন্য পাশে ঘুমিয়ে আছে। এক হাত বালিশের পাশে, চুলগুলো এলোমেলো। সাধারণত এতটা নিশ্চিন্তে তাকে ঘুমাতে দেখা যায় না। বেশিরভাগ সময় ঊষসীর আগে সে উঠে যায় কিন্তু আজ সে গাড়িতে ভালোই ঘুমিয়েছে কিন্তু নির্ঝর সেই সুযোগ পায় নি তাই বোধহয় ক্লান্ত। নির্ঝরের দিকে তাকিয়ে ঊষসীর ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল। ছেলেটাকে এমন নিশ্চিন্তে ঘুমাতে দেখে আজ আর ডাকতে ইচ্ছে হলো না। বরং কয়েক মুহূর্ত চুপচাপ তাকিয়ে রইল। এলোমেলো চুলগুলো কপালের ওপর এসে পড়েছে। ঘুমের মধ্যেও মুখে সেই চিরচেনা গাম্ভীর্য। মনে মনে ভাবল, মানুষটা বোধহয় সত্যিই খুব ক্লান্ত। পুরো ভ্রমণে তার আবদার পূরণ করতে করতেই সময় কাটিয়েছে। কখনো সমুদ্রের ধারে নিয়ে যাওয়া, কখনো ছবি তুলে দেওয়া, কখনো আবার ঘোড়ায় চড়ার ব্যবস্থা করা। নিজের ক্লান্তির কথা তো একবারও বলেনি!

ঊষসী ধীরে ধীরে বিছানা থেকে নামল। পা টিপে টিপে জানালার কাছে গিয়ে পর্দাটা একটু টেনে দিল যাতে আলো নির্ঝরের মুখে না পড়ে। তারপর ঘরের ছড়িয়ে থাকা জিনিসপত্রের দিকে চোখ বুলিয়ে নিল। লাগেজ দুটো এখনো একপাশে পড়ে আছে। সেগুলো গোছাতে হবে, ভ্রমণের কাপড়চোপড়ও ধুতে দিতে হবে।

কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বেরিয়ে এসে রান্নাঘরের দিকে গেল। এতক্ষণে দুজনেরই খিদে পাওয়ার কথা। ঘরে কী আছে দেখে কিছু একটা বানিয়ে নেওয়া যায়।কাজ করতে করতে মনে হলো কতদিন পর নিজের বাসায় ফিরল! এই বাসাটাই তার নিজের বাসা এই কথাটা ভাবতেই ঠোঁটের কোণে অজান্তে হাসি ফুটে উঠল। কাটাকুটা শেষ করে রান্না বসিয়েছে এমন সময় ওর মা কল দিলো। ঊষসী হাসি মুখে উনার সাথে গল্প করতে করতে রান্না শেষ করে ফেললো। রান্না শেষ করে দুজনের জন্য খাবার টেবিলে সাজিয়ে রাখল সে। নির্ঝর ততক্ষণে ফ্রেশ হয়ে এসেছে। চুলগুলো ভেজা, পরনে ঘরোয়া টি-শার্ট আর ট্রাউজার। খাবার টেবিলের দিকে তাকিয়ে বলল,

– এত কিছু রান্না করলে কখন?

ঊষসী প্লেটে ভাত তুলে দিতে দিতে বলল,

– আপনি ঘুমাচ্ছিলেন, সেই ফাঁকে।

– আমাকে ডাকতে পারতে।

– এইটুকু আমি পারি।

দুজনের খাওয়া শেষ হতে বেশ কিছুটা সময় লাগল। ঊষসী অবশ্য খেতে খেতেই কক্সবাজারের নানা গল্প জুড়ে দিল। কোন জায়গাটা তার সবচেয়ে ভালো লেগেছে, কোন ছবিটা সবচেয়ে সুন্দর হয়েছে, আর পরেরবার গেলে কী কী করবে সবকিছুর পরিকল্পনা যেন এখন থেকেই শুরু করে দিয়েছে।
নির্ঝর বরাবরের মতো শান্ত। মাঝেমধ্যে উত্তর দিচ্ছিল, কখনো শুধু শুনছিল।

তারপর দুজন বসলো লাগেজ খুলতে। ঊষসী প্রথমে লাগেজের পাশে বসে পড়ল। প্রথমে ব্যাগের চেইন খুলে একে একে কাপড়গুলো বের করতে লাগল। ভ্রমণের ব্যবহৃত কাপড়গুলো আলাদা করে রাখল ধোয়ার জন্য। নির্ঝরও অন্য ব্যাগ খুলে জিনিসপত্র গোছাতে শুরু করল।
কিছুক্ষণ পর ঊষসীর হাতে একটা ছোট্ট শপিং ব্যাগ এল। ব্যাগটা খুলতেই ভেতর থেকে কয়েকটা রঙিন প্যাকেট বেরিয়ে পড়ল। একটা একটা করে জিনিস বের করতে শুরু করল। প্রথমে নিজের কয়েকজন বান্ধবীর জন্য কেনা ছোট ছোট শেল ব্রেসলেট আর কানের দুল। এরপর দুটো সুন্দর শোপিস, কয়েকটা শেল দিয়ে তৈরি কী-রিং, আর পরিবারের সদস্যদের জন্য কেনা ছোটখাটো উপহার।
প্রতিটা জিনিস বের করার সময়ই তার মুখে আলাদা উচ্ছ্বাস।

– এটা রেহনুমার জন্য। ওর খুব পছন্দ হবে। আর এগুলো রুহি আর মীরার জন্য। দেখুন না, কত সুন্দর!

নির্ঝর হাতে থাকা একটা ছোট্ট শেল দিয়ে তৈরি শোপিসের দিকে তাকাল।

– এগুলো কিনতে গিয়ে দোকানদারকে কতক্ষণ বিরক্ত করেছ?

ঊষসী সঙ্গে সঙ্গে প্রতিবাদ করল,

– আমি বিরক্ত করিনি। আমি শুধু সবগুলো ভালো করে দেখেছি।

– একটা জিনিস কিনতে গিয়ে পুরো দোকানের সব জিনিস দেখা লাগে?

– অবশ্যই! টাকা দিয়ে কিনব, না দেখে কিনব কেন?

নির্ঝর আর কথা বাড়াল না। এরপর ঊষসী আরেকটা প্যাকেট বের করল। ভেতরে কয়েকটা সুন্দর শেল দিয়ে তৈরি সাজানোর জিনিস। তার মধ্যে একটা ছোট্ট নৌকার আকৃতির শোপিস হাতে নিয়ে বলল,

– এটা আমাদের বাসায় রাখব। ড্রয়িংরুমে রাখলে কেমন হবে?

নির্ঝর একবার জিনিসটার দিকে, তারপর ঊষসীর দিকে তাকাল।

– ভালোই হবে।

ঊষসী খুশি হয়ে শোপিসটা আলাদা করে রাখল।
তারপর দুটো বড় বড় প্যাকেট বের করে দেখলো শুটকি আছে। সে বলল,

– একটা আমরা রাখবো আরেক প্যাকেট আম্মুদের জন্য পাঠিয়ে দিবো ভালো হবে না?

– হু সেই ভেবেই তো কেনা।

ঊষসী হঠাৎই আরেকটা ব্যাগের ভেতর হাত ঢুকিয়ে ছোট্ট একটা প্যাকেট বের করল।

– আচ্ছা, আপনার জন্য একটা জিনিস এনেছি।

নির্ঝর ভ্রু তুলল।

– আমার জন্য?

—হ্যাঁ। খুলে দেখুন।

নির্ঝর প্যাকেটটা হাতে নিয়ে খুলল। ভেতরে সমুদ্রের নীল রঙের একটা সুন্দর কী-রিং। ছোট্ট একটা শেলের সঙ্গে নীল পাথরের মতো দেখতে অংশ বসানো।

– কেমন?

নির্ঝর কিছুক্ষণ জিনিসটার দিকে তাকিয়ে থেকে বলল,

– সুন্দর।

ঊষসী একটু অভিমানী গলায় বলল,

– শুধু সুন্দর? আপনি কি সুন্দর, ভালো এগুলো ছাড়া আর কিছু বলতে পারেন না? আপনার জন্য এত পছন্দ করে কিনলাম আর আপনি!

নির্ঝর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল,

– ধন্যবাদ, ঊষসী।

ঊষসী হেসে বলল,

– এটা আপনার বাইকের চাবির সঙ্গে লাগিয়ে রাখবেন কিন্তু। হারিয়ে ফেলবেন না।

– ঠিক আছে।

লাগেজ গোছাতে গোছাতে হঠাৎ নির্ঝর বলল,

– তুমি আমার বার্থডের কথা কিভাবে জানলে সেটা এখনও বলো নি কিন্তু?

হঠাৎ এহেন প্রশ্নে ঊষসীর মানসকপাটে ভেসে উঠলো সেদিন রাতে দৃশ্য। মুহূর্তেই কেমন শিউরে উঠলো সে। লজ্জায় রাঙা হয়ে এলোমেলো দৃষ্টি ফেলতে লাগল। ঊষসীর অস্বস্থিবোধ বুঝতে পেরে নির্ঝর বলল,

– আ’ম জাস্ট আস্কিং! তোমার জানার তো কোনো স্কোপ নেই!

– আপনার জানারই বা দরকার কি?

– শাড়ি পরে উষ্কে দেওয়ার সময় এত লজ্জা পাও নি এখন এমন করছো কেন?

ঊষসী চোখ বড় বড় করে নির্ঝরের দিকে তাকাল। লোকটা যে সুযোগ পেলেই তাকে লজ্জায় ফেলার চেষ্টা করবে, সেটা এখন বেশ ভালোভাবেই বুঝে গেছে সে।

– আমি আপনাকে উসকে দিয়েছি?

নির্ঝর ভ্রু তুলে তাকাল।

– তাহলে কী? ওভাবে শাড়ি পরে, এত সাজগোজ করে সামনে এসে দাঁড়ানোর অন্য কোনো উদ্দেশ্য ছিল?

– জন্মদিনের সারপ্রাইজ দেওয়ার উদ্দেশ্য ছিল!

– সারপ্রাইজ তো দিয়েছো! সঙ্গে আরও কিছু উপহার দেওয়ার ইচ্ছাও ছিল নাকি কমপ্লিমেন্ট নেওয়ার আই ডোন্ট নো!

ঊষসী সঙ্গে সঙ্গে পাশের একটা কাপড় তুলে নির্ঝরের দিকে ছুড়ে মা’রল।

– আপনি একদম অস’ভ্য!

নির্ঝর কাপড়টা ধরে বলল,

– আই নো! এবার ঝগড়া না করে বলো কিভাবে জেনেছো?

ঊষসী মুখ ঘুরিয়ে কাপড় গোছাতে লাগল। কিছুক্ষণ চুপ থেকে বলল,

– তানভীর ভাইয়া বলেছে।

– তানভীর?

– হুম। উনিই তো আমাকে বলেছিলেন আপনার জন্মদিন। আর বলেছিলেন আপনাকে সারপ্রাইজ দিতে।

নির্ঝর কিছুক্ষণ চুপ করে রইল। তারপর মাথা নেড়ে বলল,

– বুঝেছি। এখানেও তবে ওর কারসাজি! তা তুমি শাড়ি টারি পড়ে একদম ওর চেয়েও এগিয়ে?

ঊষসী ইনিয়ে বিনিয়ে বলল,

– না ওইটাও তানভীর ভাইয়া বলেছিল। উনি বলেছিলেন আপনি নাকি সারপ্রাইজ পেয়ে খুব খুশি হবেন। সাথে আমি শাড়ি পড়লে নাকি আরো খুশি হবেন এরকম অনেক কিছু এবার আপনি ব্যাগ গুছান এত প্রশ্ন করলে আমি আর গুছাতে পারবো না।

নির্ঝর মনে মনে আওড়ালো,

– এই ব্যাটায় তো খত’রনাক! হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে আমার পেছনে পড়েছে!

ঊষসীকে বসে থাকতে দেখে বলল,

– গোছাও দ্রুত।

এরপর ঊষসী ব্যাগ থেকে সেই লাল শাড়ি বের করতেই নির্ঝর বলল,

– ওয়েট, তুমি এই শাড়ি কোথায় পেয়েছো? তোমাকে তো আমি জাস্ট একটা শাড়ি কিনে দিয়েছিলাম।

– বাসা থেকে আসার সময় আম্মুর কাছ থেকে দুটো শাড়ি নিয়ে এসেছিলাম সেখান থেকে একটা কক্সবাজার নিয়ে গিয়েছি। আসলে আমি শাড়ি পড়লে অনেকে আড়াল থেকে আমায় দেখে তো তাই!

নির্ঝর কেশে উঠলো। মেয়েটা ওকে উল্টো খোঁ’চা দিচ্ছে!

– কী বললে?

ঊষসী শাড়িটা ভাঁজ করতে করতে নিরীহ মুখে বলল,

– কী বললাম?

– শেষের কথাটা, কে দেখে তোমায়?

– আমি তো কাউকে মিন করে বলিনি। গায়ে লাগলো নাকি?

নির্ঝর গম্ভীর মুখে বলল,

– গায়ে লাগতে যাবে কেন?

ঊষসী এবার হেসে বলল,

– না মানে আমি আপনাকে দেখেছিলাম রান্নাঘরে দাঁড়িয়ে আমাকে দেখছিলেন।

নির্ঝর সরু চোখে চেয়ে বলল,

– কবে? আমি তোমাকে দেখি টেকি নি। তাড়াতাড়ি কাপড় গোছাও অনেক কাজ বাকি।

বলে সে উঠে চলে গেল। ঊষসী হেসে ফেলল ওর এমন পালায় পালায় করা দেখে।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়াটাও একটু ঠান্ডা হয়ে এল। সারাদিন ঘরদোর গোছানোর ব্যস্ততায় সময়টা কখন যে গড়িয়ে গেছে, খেয়ালই করেনি দুজন। রাতের খাবার শেষ করে উষসী বিছানায় এসে বসতেই নাকটা কেমন সুড়সুড় করে উঠল। কয়েকবার হাঁচি দিয়ে নাক টানল সে।
নির্ঝর তখন আলমারি থেকে নিজের একটা টি-শার্ট বের করছিল। হাঁচির শব্দ শুনে ফিরে তাকাল।

– কী হয়েছে?

ঊষসী নাক কুঁচকে বলল,

– কিছু না।

কথা শেষ হতে না হতেই আবার দুটো হাঁচি দিল। নির্ঝর এবার ভ্রু কুঁচকে এগিয়ে এল।

– লেগেছে তো ঠান্ডা?

ঊষসী তড়িঘড়ি করে মাথা নাড়ল,

– না ঠান্ডা লাগে নি।

নির্ঝর হাত বাড়িয়ে তার কপালে হাত রাখল। জ্বর নেই। তবে নাকের ডগাটা একটু লাল হয়ে আছে।

– সমুদ্রে পানিতে পা ভিজিয়ে ঘণ্টার পর ঘণ্টা ঘুরে বেড়ালে এমনই হবে। ইচ্ছে মতো লাফিয়েছো এখন ভুগো।

উষসী প্রতিবাদ করল,

– আমি কি একা ঘুরেছি? আপনিও তো ছিলেন!

– আমি তো আর ঢেউয়ের সঙ্গে লুকোচুরি খেলিনি।

ঊষসী কিছু বলতে যাবে তার আগেই আরো একটা হাঁচি এসে হাজির! নির্ঝর বলল,

– তোমার কথার প্রতিবার তোমার নাকই করছে।

ঊষসী মুখ কালো করে নিলো। নির্ঝর মেয়েটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলল।

– আচ্ছা, এখন আর কথা না বাড়িয়ে গরম পানি খাও।

সে রান্নাঘরের দিকে চলে গেল। উষসী পেছন থেকে বলল,

– আমার গরম পানি খেতে ইচ্ছে করছে না।

– ইচ্ছে করার দরকার নেই।

– আপনি এত কড়া ডাক্তারি করেন কেন?

– কারণ রোগীটা কোনো কথা শোনে না।

কিছুক্ষণ পর নির্ঝর এক কাপ কুসুম গরম পানি নিয়ে ফিরে এল। উষসী অনিচ্ছাসত্ত্বেও কাপটা হাতে নিল। কয়েক চুমুক খেয়ে মুখ কুঁচকে ফেলল কিন্তু নির্ঝরের তীক্ষ্ণ দৃষ্টির জন্য কিছু বলল না।
ঘুমনোর আগে নির্ঝর লাইট বন্ধ করে বিছানায় এল। উষসী পাশ ফিরে শুয়ে তার দিকে একটু এগিয়ে গেল। নাকটা আবার সুড়সুড় করতেই সে মুখ চেপে দুটো হাঁচি দিল।
নির্ঝর পাশ ফিরে তাকাল।

– আবার?

উষসী নাক টেনে মৃদু গলায় বলল,

– আপনার সমুদ্র আমাকে অসুস্থ করে দিয়েছে।

– আমার সমুদ্র?

– হ্যাঁ। আপনি তো নিয়ে গিয়েছিলেন!

– কিন্তু সমুদ্র তো তোমার বন্ধু ছিলো?

– ওটা তো গিয়ে ভাব হলো!

– বেশি কথা না বলে ঘুমাও।

উষসী চোখ বন্ধ করেই বলল,

– পরেরবার গেলে কিন্তু আরও বেশি ঘুরব।

– তুমি ঠিক হবে না? আগে এইবারের সর্দিটা সারাও তারপর বাকি কথা বলবে।

কথাটা বলে নির্ঝর পাশ ফিরে শুয়ে পড়ল। আর উষসী নাক টানতে টানতেই তার পাশেই গুটিসুটি মে’রে শুয়ে রইল। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে নাক বন্ধ হয়ে যাওয়ায় ঘুমটা আর তেমন স্বস্তির হলো না।

.

পরের দুটো দিন বেশ ধীরগতিতেই কাটল। ঊষসীর সর্দিটা খুব একটা সারল না। সিজন চেঞ্জ আর বেশ দৌড় ঝাঁপ গেছে তাই এই অবস্থা! কখনো নাক বন্ধ হয়ে থাকছে, কখনো আবার অনবরত হাঁচি। তবে জ্বর বা অন্য কোনো সমস্যা না থাকায় খুব একটা গুরুত্ব দিতে চাইছিল না সে। নির্ঝর অবশ্য বিষয়টা মোটেও হালকাভাবে নেয়নি। বারবার মনে করিয়ে দিয়েছে, ঠান্ডা পানি যেন না খায়, ভেজা চুল নিয়ে যেন ঘোরাঘুরি না করে। ঊষসীও মুখে মুখে সবকিছু মেনে নিয়েছে, যদিও সব নির্দেশ যে অক্ষরে অক্ষরে পালন করেছে, তা নয়।

আজ থেকে ভার্সিটি খুলেছে। সকালে ঘুম থেকে উঠে ঊষসী বেশ তাড়াহুড়ো করেই তৈরি হতে লাগল। অনেকদিন পর ক্লাসে যাবে। ছুটির পর বন্ধুদের সঙ্গে দেখা হবে, কত গল্প জমে আছে! ঊষসী রেডি হয়ে আসতেই নির্ঝর নিজের ফোন, মানিব্যাগ আর বাইকের চাবি নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। ঊষসী ব্যাগ কাঁধে নিয়ে পেছন পেছন বেরিয়ে এল।
বাইকের কাছে এসে নির্ঝর হেলমেটটা এগিয়ে দিল। ঊষসী হেলমেট পরতে পরতে বলল,

– আপনার ক্লাস আছে?

– না। থিসিসের একটা কাজ জমা দিতে হবে। সেটা দিয়েই বের হবো।

– আচ্ছা।

– তোমার যদি কোনো দরকার হয়, আমাকে জানাবে। আমি ক্যাম্পাসেই থাকব।

– আপনার কাজ শেষ হলে চলে যাবেন না?

– দরকার হলে ফোন দিও। কাজ শেষ করে কোথাও না কোথাও থাকব।

ঊষসী একটু হেসে বলল,

– আমি কি ছোট বাচ্চা যে দরকার হলেই আপনাকে ডাকতে হবে?

নির্ঝর শান্ত গলায় বলল,

– ছোট বাচ্চা হলে অন্তত কথা শুনতে। এবার উঠো। ক্লাসে দেরি হবে।

ঊষসী সাবধানে উঠে বসলো। নির্ঝর বাইক স্টার্ট দিতে দিতে বলল,

– ধরে বসো।

ঊষসী ওকে ধরে বসতেই নির্ঝর বাইক টান দিলো। সকালের রাস্তায় যানবাহনের চাপ খুব বেশি না থাকলেও বিশ্ববিদ্যালয়ের দিকে যেতে যেতে শিক্ষার্থীদের ভিড় বাড়তে লাগল। কোথাও বাসের জন্য অপেক্ষা করছে কেউ, কোথাও রিকশায় দু-তিনজন বন্ধু একসঙ্গে যাচ্ছে। ক্যাম্পাসের কাছাকাছি পৌঁছাতেই পরিচিত পরিবেশটা দেখে ঊষসীর মুখে হাসি ফুটল। কয়েকদিনের ভ্রমণ আর ছুটির পর আবার সেই চেনা ব্যস্ততায় ফিরে আসা। বিশ্ববিদ্যালয়ের গেটের কাছে এসে নির্ঝর বাইক থামাল। ঊষসী নামতে যাবে, তার আগেই নির্ঝর বলল,

– শোনো।

– জি?

– রোদে রোদে ঘুরবে না। সর্দি এখনো কমেনি। ক্লাস শেষ হলে ক্লাসে বা লাইব্রেরিতে থাকবে। বাইরে অযথা ঘোরাঘুরি করার দরকার নেই।

– আমি কি রোদে ঘুরতে যাচ্ছি নাকি?

– তোমাকে বলে কিছু লাভ আছে?

– আপনি শুধু শুধু আমাকে বকেন।

– বকা খাওয়ার মতো কাজ করো বলেই বকি।

ঊষসী আর তর্ক বাড়াল না। হেলমেটটা নির্ঝরের হাতে দিয়ে ব্যাগটা ঠিক করে নিল।

– আচ্ছা, যাচ্ছি। আপনি থিসিস জমা দিয়ে আমাকে জানাবেন কিন্তু।

নির্ঝর ভ্রু কুঁচকে তাকাল।

– কেন?

– এমনি। আপনি তো আমাকে সবসময় খবর দিতে বলেন। আজ আমি বললাম।

– ঠিক আছে। যাও এবার।

ঊষসী কয়েক পা এগিয়ে আবার ফিরে তাকাল। নির্ঝর তখনো বাইকের পাশে দাঁড়িয়ে আছে। তাকে তাকাতে দেখে বলল,

– কী?

– কিছু না। যাচ্ছি।

কথাটা বলে হেসে ঘুরে দাঁড়াল ঊষসী। ক্যাম্পাসের ভেতরের পরিচিত পথ ধরে হাঁটতে হাঁটতে সে ফোন বের করল। এতদিন পর বন্ধুদের সঙ্গে দেখা হবে ভেবে মনটা বেশ ফুরফুরে লাগছে।
কিন্তু তখনো রেহনুমারা না আসায় সে এদিক সেদিক হাঁটা হাঁটি করছিল। হঠাৎই সামনে পড়লো চেনা এক মুখ। আর কেউ নয়, আনিকা!

– কি অবস্থা?

ঊষসী না চাইতে জবাব দিল,

– আলহামদুলিল্লাহ ভালো।

ঊষসী এবারও কিছু বলল না। ফোনের স্ক্রিনে চোখ রাখল। কিন্তু আনিকা যেন কথা বলার সুযোগ খুঁজেই এসেছে।

– তা, তোমাদের সংসার কেমন চলছে?

– আলহামদুলিল্লাহ, ভালো।

– ভালো তো চলারই কথা। নির্ঝরকে পেয়ে তো আকাশে উড়ছো। তবে একটা কথা বলি? কিছু মনে কোরো না।

ঊষসী এবার ফোন থেকে চোখ তুলে তাকাল।

– বলুন।

আনিকা একটু কাছে এগিয়ে এসে নিচু গলায় বলল,

– নির্ঝরকে আমি অনেক আগে থেকে চিনি। ওর সঙ্গে আমার বন্ধুত্বও ছিল। মানুষটা কেমন, সেটা আমার বেশ ভালোই জানা। ও খুব সহজে কাউকে নিজের জীবনে জায়গা দেয় না। আর ভালোবাসার ব্যাপারেও ওর মধ্যে বিশেষ আগ্রহ কখনো দেখিনি।

ঊষসী চুপ করে রইল। মেয়েটা এসেছে কি করতে এখানে?

– তোমাদের বিয়েটা যেভাবে হয়েছে, সেটাও তো সবাই জানে। পরিস্থিতি এমন ছিল যে নির্ঝরের হয়তো আর কিছু করার ছিল না। তোমার সম্মান বাঁচানোর জন্যই বিয়েটা করতে হয়েছে ওকে। তাই বলে বিয়েটাকে ভালোবাসার বিয়ে ভেবে বসো না যেন!

#চলবে…?

[ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল]

(বন্ধ পেয়ে গল্প লিখতে বসে গেলাম🫣 খুশি হয়ে সুন্দর করে কমেন্ট করে ফেলুন তো!)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 44 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন