#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(৪৫)
#তাবাসসুম_তাজ্বওয়ারী
– তোমাদের বিয়েটা যেভাবে হয়েছে, সেটাও তো সবাই জানে। পরিস্থিতি এমন ছিল যে নির্ঝরের হয়তো আর কিছু করার ছিল না। তোমার সম্মান বাঁচানোর জন্যই বিয়েটা করতে হয়েছে ওকে। তাই বলে বিয়েটাকে ভালোবাসার বিয়ে ভেবে বসো না যেন!
শেষ কথাটুকু বলেই আনিকা হালকা হাসল। যেন খুব স্বাভাবিক কোনো পরামর্শ দিচ্ছে। ঊষসীর স্থির চেয়ে আছে । আনিকা আবারও বলল,
– নির্ঝর যথেষ্ট দায়িত্বশীল ছেলে। কারও বিপদে পড়লে দায়িত্ব এড়িয়ে যায় না। তোমার ক্ষেত্রেও হয়তো সেটাই করেছে। কিন্তু দায়িত্ব আর ভালোবাসা তো এক জিনিস নয়, তাই না?
ঊষসী এবার ধীর গলায় বলল,
– আপনি কী বোঝাতে চাইছেন?
– আরে, কিছু না! শুধু বাস্তবতাটা বুঝিয়ে বলছি। তুমি হয়তো ওকে নিয়ে অনেক স্বপ্ন দেখছো। স্বামী হিসেবে নির্ঝরের কাছ থেকে আদর, ভালোবাসা, সময় এসব আশা করছো। কিন্তু সেসব পাওয়ার জন্য তো দুজনেরই ইচ্ছা থাকা দরকার। একতরফা চাওয়ায় কি আর সংসার হয়?
একটু থেমে অনিকা আরও যোগ করল,
– নির্ঝর এমন ছেলে নয় যে কারও কথায় বা আবেগে গলে যাবে। ওর নিজের একটা জগৎ আছে। সেখানে কাউকে ঢুকতে দেওয়ার মানুষ ও নয়। তাই অযথা ওর কাছ থেকে বেশি কিছু আশা কোরো না। পরে কষ্ট পাবে।
আনিকার এমন কথায় ঊষসীর ভেতরটা জ্বলে উঠলো। এই মেয়েটাকে সিনিয়র বলে এখনো সম্মান দিচ্ছে কিন্তু ছাড় দিবে না! সে মেকি হেসে বলল,
– আমার স্বামীর কাছে আমি কি চাইবো না চাইবো সেসব আপনাকে শেখাতে হবে না আপু। আসলে কি জানেন তো? নির্ঝরের কাছে আমার না কিছু চাইতে হয় না বা আশা করতে হয় না যে সে এটা দিবে ওটা দিবে কারণ আমি কিছু ভাবার আগেই সে এনে দেয়।
আনিকার ঠোঁটের হাসিটা মুহূর্তেই কিছুটা ম্লান হয়ে গেল। ঊষসীকে এতটা আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে দেখবে, বোধহয় আশা করেনি। তবে মুখের ভাব সামলে নিয়ে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল,
– বাহ! বেশ তো! বিয়ের অল্প কয়েক মাসেই স্বামীকে বেশ হাতের মুঠোয় নিয়ে ফেলেছো দেখছি!
ঊষসী মুচকি হাসল।
– হাতের মুঠোয় নেওয়ার কিছু নেই আপু। উনি এমনিতেই আমার সব আবদার পূরণ করেন। বরং মাঝে মাঝে আমিই লজ্জা পাই এত কিছু চাইতে।
– তাই নাকি? নির্ঝরকে তো এমন দেখিনি কখনো।
– মানুষকে সবসময় একইভাবে দেখায় না আপু। সবার সঙ্গে তো আর একরকম ব্যবহার করবে না।
কথাটা বলেই ঊষসী ভ্রু উঁচু করে তাকাল। আনিকা কিছুক্ষণ চুপ করে থেকে বলল,
– তোমার কথা শুনে তো মনে হচ্ছে নির্ঝর তোমাকে মাথায় তুলে রেখেছে!
– মাথায় তুলে রাখলে তো বিপদ আপু। আমি আবার পড়ে যাওয়ার ভয়ে থাকব! তার চেয়ে মাটিতে রাখুক, হাতটা ধরে রাখলেই হবে।
নিজের কথাতেই হালকা হেসে ফেলল ঊষসী। কিন্তু আনিকার মুখে হাসি ফুটল না। ঊষসী এবার শান্ত আর দৃঢ় গলায় বলল,
– আপু, একটা কথা বলি? নির্ঝরের মন বোঝার দায়িত্বটা আমার। ওকে নিয়ে আমার কী ভাবা উচিত, সেটা অন্য কারও কাছ থেকে শিখতে চাই না। আর আপনি যেহেতু ওকে আগে থেকে চেনেন, নিশ্চয়ই এটাও জানেন যে নির্ঝর নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে। ওকে বুঝতে পারাটাও যে সবার কাজ নয় সেটাও নিশ্চয় জানেন!
একটু থেমে আবারও বলল,
– আর একটা কথা, আমাদের বিয়েটা কীভাবে হয়েছে সেটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। কারণ এখন আমরা দুজনেই এই সম্পর্কটা নিয়ে ভীষণ হ্যাপি আছি!
আনিকার যেন গা পিত্তি জ্বলে যাচ্ছে তবুও হেসে বলল,
– তা বেশ ভালো তো!
– আর বাকি রইলো স্বামীর আদর সোহাগের কথা! নির্ঝর সবার কাছে গম্ভীর হলেও আমাকে কিন্তু খুব ভালোবাসে! বরং আলহামদুলিল্লাহ, যতটা পেয়েছি, এক্সপেক্টেশনের বেশি! তাতে আমার কোনো অভিযোগ নেই। এই যেমন দুদিন আগেই সমুদ্র থেকে ফিরলাম দুজন! বিয়ের পর প্রথমবার দুজন একসাথে ঘুরতে গিয়েছি! আমার অবশ্য বলতে হয় নি! উনি নিজেই টিকিট কেটে আমাকে সারপ্রাইজ দিয়েছে।
ঊষসী একটু লজ্জা পাওয়ার ভান ধরলো। আনিকা একটু থমকাল। ঊষসী তার মুখের পরিবর্তনটা বেশ উপভোগ করল।
– তাই নাকি?
ঊষসী ঠোঁটের হাসিটা আরও চওড়া করে বলল,
– জি আপু! ওনার বার্থডেও তো গেল এর মাঝে! কি যে আনন্দ করেছি আমরা! বলতে পারেন হ্যাপি হ্যাপি সংসার করছি আলহামদুলিল্লাহ!
অনিকা এবার একটু বিরক্ত হয়েই বলল,
– ভালোই! যাই হোক, আমি শুধু তোমাকে সাবধান করছিলাম। নির্ঝরকে নিয়ে বেশি আবেগী হয়ো না। ওর মন বোঝা এত সহজ নয়।
– আপনার কথা শুনে তো মনে হচ্ছে নির্ঝর বউয়ের দিকে ফিরেও তাকায় না। অথচ আমার তো উল্টো অভিজ্ঞতা! আমি তো খুব ভালোভাবেই ওনাকে বুঝতে পারি।
আনিকা এবার ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি টেনে বলল,
– বিয়ে হয়েছে কয়েক মাস। নতুন নতুন সবকিছুই ভালো লাগে। সময় যেতে দাও, বুঝতে পারবে।
ঊষসী ভান করে দীর্ঘশ্বাস ফেলল।
– হায়! তাহলে তো আপনার কথা শুনে ভয়ই পেয়ে গেলাম! তবে কী জানেন আপু, আমাদের মধ্যে কী হয়েছে, আর কী হয়নি, সেটা তো আপনাকে বলতে পারছি না। নাহয় আরও ভালোভাবে বুঝিয়ে দিতাম!
আনিকা ভ্রু কুঁচকে তাকাল। ঊষসী এবার কথাটা একটু টেনে, মুখে দুষ্টু হাসি নিয়ে বলল,
– বুঝেনই তো আপু... হাজব্যান্ড-ওয়াইফের পার্সোনাললল ব্যাপার-স্যাপার! সেসব কি আর সবার সামনে বলা যায়?
শেষের শব্দগুলো এমনভাবে টেনে বলল যে আনিকার মুখের হাসি পুরোপুরি উধাও হয়ে গেল।
ঊষসী মনে মনে বেশ মজা পেল। এতক্ষণ ধরে মেয়েটা তাকে নির্ঝরের ভালোবাসা নিয়ে সন্দেহে ফেলতে চাইছিল। এবার একটু বুঝুক, অন্যের সংসার নিয়ে অযথা নাক গলাতে কেমন লাগে! আনিকা এবার প্রসঙ্গ ঘুরিয়ে বলল,
– আমার ক্লাস আছে আমি আসি হ্যাঁ।
– কিন্তু নির্ঝর তো বলেছিল আজ ক্লাস নেই থিসিসের কাজ আছে সেসব সেরেই আমাকে নিয়ে ঘুরতে বেরোবে! আপনাদের তো একই ডিপার্টমেন্ট তাই না? ক্লাস পড়েছে নাকি?
আনিকা বিরূপ পরিস্থিতিতে পড়ে আমতা আমতা করে বলল,
– আমার অন্য কাজ আছে। আসছি।
বলেই আর দাঁড়ালো না। ঊষসী তার চলে যাওয়ার দিকে তাকিয়ে মৃদু হাসল। তারপর নিজের ব্যাগের ফিতা ঠিক করে বিড়বিড় করল,
– হুহ! এসেছে আমাকে স্বামীর আদর-সোহাগ শেখাতে! নিজেরটা সামলান আপু!
এদিকে ঊষসী করিডোর পেরিয়ে একটু নিরিবিলি জায়গায় এসে দাঁড়াল। মুখে হাসি থাকলেও ভেতরে ভেতরে রাগটা তখনো কমেনি।
নির্ঝরের কাছ থেকে ঊষসী কী পায়, সেটা নিয়ে তার এত মাথাব্যথা কেন? কারণটা তো সে নিজেও জানে। একসময় দেখতো আনিকা কেমন নির্ঝরের পিছু পিছু ঘুরতো। যে মানুষটার সঙ্গে নিজের একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল, আজ সেই মানুষটাই অন্য একজনের স্বামী। আর সেই অন্য মানুষটা কীভাবে এত সহজে নির্ঝরের জীবনে জায়গা করে নিল, সেটাই নিশ্চয়ই আনিকার সহ্য হয় না। মেয়েটা কে তাকে স্বামী-স্ত্রীর সম্পর্ক শেখানোর!
নিজের রাগ সামলে সে ক্লাসে ফিরে গেল। রেহনুমারা সবাই ততক্ষণে এসে পড়েছে। রেহনুমা, মীরা আর রুহি তিনজনই ওর দিকে তাকিয়ে হাসছে। ঊষসী ভ্রু কুঁচকে তাকাল।
– কী হয়েছে? এমনভাবে তাকিয়ে আছিস কেন?
মীরা পাশ থেকে বলে উঠল,
– আরে, আমাদের হানিমুন ফেরত বান্ধবীকে একটু অভ্যর্থনা জানাচ্ছি। নাকি এখন থেকে আপু বলে ডাকতে হবে?
রুহি খিলখিল করে হেসে উঠল।
– আপু না, ভাবি! নির্ঝর ভাইয়ের বউ বলে কথা!
ঊষসী চোখ পাকাল।
– আবার শুরু করবি না!
রেহনুমা ওর হাত ধরে নিজের পাশে বসিয়ে বলল,
– আগে বল, হানিমুন কেমন কাটল?
– তোদের লজ্জা করে না এসব বলতে?
– আমাদের কেন লজ্জা করবে? হানিমুনে তো তুই গিয়েছিস, আমরা না!
মীরা এবার গম্ভীর মুখে বলল,
– আচ্ছা, সিরিয়াসলি বল তো, কক্সবাজার কেমন লাগল? কেমন সব ঘুরেছিস?
ঊষসীর মুখটা মুহূর্তেই উজ্জ্বল হয়ে উঠল।
– উফ! কী বলব! অসম্ভব সুন্দর! সমুদ্রের ধারে কতক্ষণ যে ছিলাম! আর হিমছড়িতে গিয়েছিলাম। একটা ঘোড়ায়ও চড়েছি!
রুহি অবাক হয়ে বলল,
– তুই ঘোড়ায় চড়েছিস?
– হ্যাঁ! প্রথমে একটু ভয় লাগছিল। পরে অবশ্য ভালোই লেগেছে।
রেহনুমা চোখ ছোট করে তাকাল।
– ঘোড়ায় ওঠার সময় নির্ঝর ভাই হাত ধরেছিল?
ঊষসী একটু থমকাল।
– তো? ঘোড়ায় উঠতে সাহায্য করবে না?
– ওমা! আমরা তো শুধু জানতে চাইলাম। এত আত্মপক্ষ সমর্থনের কী আছে?
মীরা হাসতে হাসতে বলল,
– আচ্ছা, ছবি তুলেছিস নিশ্চয়ই? দেখাবি না?
ঊষসী সঙ্গে সঙ্গে ফোন বের করল। গ্যালারি খুলে একের পর এক ছবি দেখাতে লাগল। সমুদ্রের ধারে দাঁড়ানো ছবি, ঝিনুক কুড়ানোর মুহূর্ত, হিমছড়ির পাহাড়, ঘোড়ায় বসে থাকা ছবি সবই দেখাল। তবে নির্ঝরের সঙ্গে তোলা ছবিটা আসতেই একটু ইতস্তত করল।
রুহির চোখ এড়াল না।
– ওই যে! এই ছবিটা এতক্ষণ লুকিয়ে রাখছিলি কেন?
– লুকাইনি তো!
– তাহলে দেখাচ্ছিস না কেন?
রেহনুমা ফোনটা নিজের হাতে নিয়ে ছবিটা বড় করে দেখল। তারপর মুচকি হেসে বলল,
– বাহ! নির্ঝর ভাই তো বেশ ভালো ছবি তুলেছে। আর দুজনকে একসঙ্গে বেশ মানিয়েছেও।
মীরা মাথা নেড়ে সায় দিল।
– সত্যি! ছবিটা কিন্তু সুন্দর হয়েছে।
ঊষসী ফোনটা ফেরত নিয়ে বলল,
– হয়েছে।
রুহি দুষ্টুমি করে বলল,
– আচ্ছা, ছবি বাদ। জন্মদিনের সারপ্রাইজের গল্প বল। শুনেছি নির্ঝর ভাইয়ের জন্মদিনও ছিল তোদের ঘোরার মাঝখানে?
ঊষসী একটু চমকে তাকাল।
– তোকে কে বলেছে?
– খবর আমাদের কানেও আসে!
ঊষসী রেহনুমার দিকে তাকালে রেহনুমা চোরের মতো বলল,
– তানভীর ভাইয়া বলেছিল আমি…
ঊষসী আর কিছু বলল না। মিরা ওকে থামিয়ে দিয়ে বলল,
– বল বল। কী সারপ্রাইজ দিয়েছিলি? কেক কেটেছিস? মোমবাতি জ্বালিয়েছিস? নির্ঝর ভাইয়ের জন্য কী উপহার ছিল?
ঊষসী হাসল।
– কেক এনেছিলাম। রুমটাও একটু সাজিয়েছিলাম।
– আর তুই?
– আমি আবার কী?
মীরা চোখ টিপে বলল,
– তুই নিজে কীভাবে সাজছিলি, সেটাও জানতে চাই। জন্মদিনের রাতে নিশ্চয়ই বিশেষ কোনো আয়োজন ছিল!
ঊষসী এবার বুঝল, এদের প্রশ্নের শেষ নেই। সে ব্যাগ থেকে ওদের জন্য আনা গিফটগুলো বের করতে করতে বলল,
– এত প্রশ্ন করিস না, এই নে ধর। পছন্দ না হলেও কিন্তু ফেরত নেওয়া হবে না।
.
– থিসিসের কাজ শেষ।
ক্লাসে মাঝে পাশে রাখা ফোনের স্ক্রিন জ্বলে উঠতেই ঊষসী এক পলক তাকালো। তাকাতেই চমকে উঠল। নির্ঝর মেসেজ দিয়েছে! সকালে তো সে কেবল মজা করেই বলেছিল, নির্ঝরকে থিসিসের কাজ শেষ হলে জানাতে হবে। লোকটা যে সত্যি সত্যিই কাজ শেষ করে তাকে জানাবে, সেটা ভাবেনি। মনে মনে একটু অবাকও হলো। এই মানুষটার মাঝে কেমন একটা ব্যাপার আছে। সে ধরতে পারে না! ওর ভাবনার মাঝে আরেকটা মেসেজ আসলো,
– ক্লাসে বসে ফোন চালানো হচ্ছে?
ঊষসী টাইপ করতে শুরু করল,
– আপনি মেসেজ দিয়েছেন বলেই তো দেখলাম!
ওদিক থেকে রিপ্লাই আসতে সময় লাগল না। কিন্তু এর জবাব এলো না বরং এলো আরেকটা প্রশ্ন,
– ক্লাস আর কয়টা বাকি?
– এটাই শেষ। আর দশ মিনিট।
– ঠিক আছে। শেষ হলে জানিয়ো।
ঊষসী এবার আরেকটু দুষ্টুমি করে লিখল,
– আপনি কি সত্যিই আমার জন্য অপেক্ষা করবেন?
মেসেজটা পাঠিয়ে নিজেই মুচকি হাসল। ওপাশ থেকে উত্তর আসতে একটু সময় লাগল।
– তোমাকে নিতে আসব বলেছিলাম না?
ঊষসীর হাসিটা আরও গাঢ় হলো। কী অদ্ভুত মানুষ! একটু মিষ্টি করে কথা বলারও যেন কোনো অভ্যাস নেই। সব কথার উত্তর এত সোজাসাপ্টা!
– তাহলে আজ ঘুরতে যাবো।
– আগে ক্লাস শেষ করো। এই টেক্সট সীন করলে খবর আছে।
ঊষসী ঠোঁট উল্টে ফোন রেখে দিলো কিন্তু মনোযোগ আর ক্লাসে বসলো না। কবে ক্লাস থেকে বেরোবে সেই চিন্তায় আছে।
ক্লাস শেষ হতেই ঊষসী আর দেরি করল না। ওদের কাছ থেকে বিদায় নিয়ে দ্রুত পায়ে বিশ্ববিদ্যালয়ের গেটের দিকে এগিয়ে গেল। দূর থেকেই নির্ঝরের বাইকটা চোখে পড়ল। লোকটা বাইকের পাশে দাঁড়িয়ে ফোন দেখছিল। পরনে গ্রে কালার শার্ট আর জিন্স কাঁধে ব্যাগ।
ঊষসী বাইকের পাশে এসে দাঁড়াল। মুখে তখন বেশ ফুরফুরে ভাব।
– চলুন!
নির্ঝর হেলমেটটা এগিয়ে দিয়ে বলল,
– কোথায়?
ঊষসী হেলমেট হাতে নিয়ে অবাক হলো।
– কোথায় আবার? ঘুরতে যাব!
নির্ঝর ভ্রু তুলল।
– দুদিন আগে না ঘুরিয়ে আনলাম?
ঊষসী ঠোঁট উল্টে ফেলল।
– তো কী হয়েছে? দুদিন হয়ে গেছে!
– দুদিনে আবার কোথায় ঘুরতে হবে?
– আ…
– কোনো ঘুরাঘুরি না। নোটিশ বোর্ড দেখেছ?
ঊষসী ভ্রু কুঁচকে তাকাল।
– না তো। কেন?
নির্ঝর বাইকের সিটে বসে হেলমেট পরতে পরতে বলল,
– ফাইনাল পরীক্ষার ডেট দিয়েছে।
কথাটা শুনে ঊষসীর মুখের হাসিটা একটু একটু করে মিলিয়ে গেল।
– কীইই?
নির্ঝর এবার ওর দিকে তাকিয়ে মৃদু ভ্রু কুঁচকাল।
– কানে কম শোনো?
–
– না, শুনেছি। কিন্তু এত তাড়াতাড়ি পরীক্ষা কেন দেবে? সেমিস্টার তো এখনো...
কথা শেষ না করেই থেমে গেল। মনে মনে হিসাব করতে লাগল। ছুটির আগে কয়েকটা ক্লাস বাকি ছিল, সেগুলো এর মধ্যে হয়ে যাবে। কোন দিকে মাসের পর মাস চলে গেল তার খেয়াল হলো না! এখন পরীক্ষার তারিখ দিয়ে দিলে পড়াশোনার চাপ তো বাড়বেই।
নির্ঝর বলল,
– বাড়ি গিয়ে রুটিনটা দেখো। হাতে খুব বেশি সময় নেই।
ঊষসী ঠোঁট ফুলিয়ে বাইকের পেছনে উঠে বসল।
– আপনি না, একদম ভালো না!
– কেন?
– আমি ঘুরতে যাওয়ার কথা বললাম, আর আপনি পরীক্ষা নিয়ে বসে গেলেন!
নির্ঝর বাইক স্টার্ট দিতে দিতে বলল,
– পরীক্ষা তোমার, আমার না। তাই তোমারই চিন্তা হওয়ার কথা।
– আমার পরীক্ষা, আমার চিন্তা। কিন্তু দেখছি আমার চেয়ে আপনার চিন্তা বেশি।
– চিন্তা হবে না? পরীক্ষায় খারাপ করলে তো বলবে "নির্ঝরের বউ ফেল করেছে" মান ইজ্জত তো আমার যাবে!
ঊষসী পেছন থেকে বিরক্ত গলায় বলল,
– এমন বলছেন কেন? আমি কি একদমই পড়াশোনা করি না?
– সেটা নিজেকে জিজ্ঞেস করো।
ঊষসী আর কিছু বলল না। শুধু মুখটা অন্যদিকে ঘুরিয়ে বসে রইল। নির্ঝর একবার পেছনে তাকিয়ে বলল,
– ধরে বসো।
সে অনিচ্ছাসত্ত্বেও নির্ঝরের কাঁধের পাশটা ধরে বসল। বাইক চলতে শুরু করতেই ঊষসী মনে মনে হিসাব করতে লাগল কতগুলো অধ্যায় বাকি, কোন কোন বিষয়ের প্রস্তুতি ভালো, আর কোনগুলো এখনো ছোঁয়াও হয়নি।
ঘুরে আসার পর আনন্দটা যে এভাবে পরীক্ষার রুটিনের নিচে চাপা পড়বে, তা তো জানতো না!
আর সামনে বসে থাকা মানুষটা দিব্যি নির্বিকারভাবে বাইক চালিয়ে যাচ্ছে। যেন তার স্ত্রীর মন খারাপের কোনো অস্তিত্বই নেই।
একটু পর নির্ঝরের আওয়াজ শোনা গেল,
– আনিকা কি বলেছে তোমায়?
ঊষসী চমকে উঠল। নির্ঝর কিভাবে জানলো? আনিকা আবার উল্টো পাল্টা কিছু বোঝায়নি তো?
– আপনি কিভাবে জানলেন?
– আমার কোনো কিছু জানতে খুব একটা সময় লাগে না। তার উপর তোমার ব্যাপারে প্লাস ওই ক্যাম্পাসে যেখানে আমি প্রায় চারটা বছর কাটাচ্ছি।
ঊষসী কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর বলল,
– আনিকা আপু এসেছিলেন। আপনার কথা বলছিলেন।
– কী কথা?
– এই যে, আমাদের বিয়েটা নাকি পরিস্থিতির কারণে হয়েছে। আপনি নাকি শুধু আমার সম্মান বাঁচানোর জন্য বিয়ে করেছেন। তাই বলে যেন আপনার কাছ থেকে ভালোবাসা আশা না করি!
নির্ঝর এবার আর কিছু বলল না। বাইকের দিকে মনোযোগ রেখেই চালিয়ে যেতে লাগল। ঊষসী একটু থেমে আবার বলল,
– আরও কত কী! আপনি নাকি কাউকে নিজের জগতে ঢুকতে দেন না। আপনার কাছ থেকে বেশি কিছু আশা করলে নাকি পরে কষ্ট পাব।
নির্ঝর এবার সংক্ষিপ্তভাবে জিজ্ঞেস করল,
– তুমি কী বলেছ?
ঊষসী ঠোঁট বাঁকিয়ে বলল,
– কী আর বলব! বলেছি, আমার স্বামীকে নিয়ে কী ভাবব, সেটা আমি বুঝব। অন্য কারও কাছ থেকে শিখতে হবে না।
– হুম।
– শুধু হুম? এত কিছু বললাম!
– আর কী বলব?
ঊষসী বিরক্ত হয়ে বলল,
– আপনার সাবেক বান্ধবী এসে আমাকে এতগুলো কথা শুনিয়ে গেল, আর আপনি শুধু হুম বলছেন?
নির্ঝর এবার সামান্য মাথা ঘুরিয়ে পেছনে তাকাল।
– সাবেক বান্ধবী?
– হ্যাঁ। আগে তো আপনার পেছন পেছন ঘুরতেন। নিশ্চয়ই আপনার সঙ্গে একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্নও দেখেছিলেন। এখন আমাকে দেখে সহ্য হচ্ছে না।
নির্ঝর কিছুক্ষণ চুপ করে থেকে বলল,
– এসব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই।
ঊষসী কোনোরকম ইতস্তত না করে ঝাঁঝ নিয়ে বলল,
– আপনার দরকার নেই, আমার তো আছে! কারো বউকে এসে কেউ যদি বলে তার স্বামী তাকে ভালোবাসেন না, তাহলে তার রাগ হবে না?
নির্ঝরের ঠোঁটের কোণে অতি সামান্য হাসি ফুটল যেটা আড়ালেই থেকে গেল।
– তোমার রাগ হয়েছে?
– ভীষণ!
– তাহলে রাগ কমাও। বাসায় গিয়ে আগে নোটিশটা দেখবে। তারপর পড়ার একটা রুটিন করতে হবে।
ঊষসী হতাশ হয়ে চোখ বন্ধ করল।
– আবার পড়াশোনা!
নির্ঝর আর উত্তর দিল না। ঊষসী কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল,
– আচ্ছা, আপনি যদি সবটা শুনে থাকেন তাহলে আনিকা আপুর কথায় আপনার রাগ হয়নি?
– কেন হবে?
– উনি যে এতকিছু বললেন আমাদের সম্পর্ক নিয়ে, বিয়ে নিয়ে। আপনি নাকি শুধু…
নির্ঝর ওকে থামিয়ে বেশ স্বাভাবিক গলায় বলল,
– আমি কী করি, কি ভাবি না ভাবি সেটা তো আমি জানি। অন্য কেউ কী ভাবল, তাতে কী আসে যায়? অন্য কেউ আমাদের বিয়ে নিয়ে কী ধারণা পোষণ করল তাতে আমাদের সম্পর্কের বাস্তবতা বদলে যাবে না। আমাদের বিয়েটা কীভাবে হয়েছে, কেন হয়েছে সেসব নিয়ে বাইরের মানুষের কথা এত ভাবার কিছু নেই। আর তাদের কথায় আমাদের নিজেদের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে বসারও কোনো প্রয়োজন দেখি না। আসলে তাদের কথায় প্রভাবিত হলেই সমস্যা তাই সেসব মাথায় নেওয়ারই কোনো দরকার আছে বলেই আমি মনে করি না।
ঊষসী আর কিছু বলল না। নির্ঝরের কাঁধের পাশটা একটু শক্ত করে ধরে বসে রইল। আনিকার কথাগুলো নিয়ে নির্ঝরের এতটুকু বিচলিত না হওয়ায় তার নিজেরও কেমন যেন স্বস্তি লাগল।
#চলবে…?
(কালকে অপেক্ষা করিয়েন না🤧)