ফন্ট সাইজ:
থিম:
কদম গুচ্ছের কাব্য গাঁথা

পর্ব 46

লেখক: তাবাসসুম তাজ্বওয়ারী

#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(৪৬)
#তাবাসসুম_তাজ্বওয়ারী

রাত তখন গভীর। চারিদিক নিস্তব্ধ। শুনশান নীরবতার মাঝে ঘুমিয়ে ছিলো নির্ঝর। হঠাৎ বুকের কাছটায় কোনো কিছুর নড়চড়ে ঘুমে ব্যাঘাত ঘটলো তার। চোখ মেলে তাকানোর চেষ্টা চালালো ভীষণভাবে! ঘুম হালকা হওয়া মাত্রই চোখ মেলল সে। ডিম লাইটের হালকা আলোয় দেখতে পেল তার বুকের মাঝে গুটিশুটি মেরে ঘুমিয়ে আছে এক বিড়াল ছানা! উহু বিড়াল ছানা নয় আসলে! এটা ঊষসী। বোধহয় শীত লাগছিলো ঘুমের মাঝেই নির্ঝরের বুকের মধ্যে ঢুকে পড়েছে।
নির্ঝর কয়েক মুহূর্ত স্থির হয়ে রইল। মেয়েটার একটা হাত তার বুকের ওপর রাখা, মুখটা বুকের একপাশে গুঁজে রেখেছে। এলোমেলো চুলগুলো গাল ছুঁয়ে আছে। ঘুমের মধ্যেও যেন একটু একটু কুঁকড়ে যাচ্ছে।
নির্ঝর নিচু হয়ে ওর মুখের দিকে পুরো মুখে চোখ বুলিয়ে বিড়বিড় করে আওড়ালো,

– বুনো শালিক হঠাৎ বিড়াল ছানার মতো আচরণ করছে কবে থেকে? সারাদিন এক মুহূর্ত স্থির থাকতে পারো না আর রাতে এসে একেবারে বুকের মধ্যে বাসা বাঁধো!

ঊষসী আরেকটু নড়েচড়ে উঠতেই নির্ঝর ওর কপালের ওপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিল। তারপর কপালে হাত রাখতেই ভ্রু কুঁচকে গেল তার। শরীরটা স্বাভাবিকের চেয়ে বেশ গরম মনে হচ্ছে। হাতটা গলার কাছে নামিয়ে দেখল, সেখানেও উষ্ণতা। ঠান্ডা লাগছে নিশ্চয়ই এইজন্যই এভাবে গুটিয়ে যাচ্ছে। নির্ঝর ওর থেকে নিজেকে ছাড়িয়ে নেমে কাবার্ড থেকে একটা কমফোর্টার বের করে ঊষসীর গায়ের উপর দিয়ে দিলো। এরপর নিজেও এসে কমফোর্টারে ঢুকে পড়লো। উষ্ণ ছোঁয়া পেয়ে ঊষসী আরো একটু কাছে সরে আসতেই নির্ঝর ওকে বুকে জড়িয়ে ধরে মাথায় নিজের ঠোঁট ছুইয়ে নিচু স্বরে বলল,

– একটা "বুনো শালিক" সারাদিন যতই ডানা ঝাপটাক, দিনশেষে এসে আমার বুকেই বাসা বাঁধে! কিন্তু এমন অসুস্থ হয়ে পড়লে সারাদিন আমাকে জ্বালাবে কে?

ওকে বুকে জড়িয়েই ঘুমিয়ে পড়লো নির্ঝর।

সকালে প্রথমেই ঘুম ভাঙল ঊষসীর। কেউ একজন আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে এমন ফীল হচ্ছে। ঘুমের রেশ কাটিয়ে নড়েচড়ে ওঠার চেষ্টা করতেই বুঝতে পারল, সে কারও বুকের সঙ্গে মিশে আছে। একটু মাথা তুলে তাকাতেই নির্ঝরের ঘুমন্ত মুখটা চোখে পড়ল। নিজেকে নির্ঝরের এত কাছে দেখে চমকে উঠলো সে। মুহূর্তের জন্য চোখ দুটো বড় বড় হয়ে গেল ঊষসীর। এতক্ষণ সে নির্ঝরের বুকের ওপর মাথা রেখে ঘুমিয়েছে! কখন, কীভাবে এখানে এল কিছুই মনে করতে পারছে না।
নির্ঝরের হাতটা তখনো তার পিঠের ওপর রাখা। হাত সরিয়ে ধীরে ধীরে একটু দূরে সরে যাওয়ার চেষ্টা করল ঊষসী। ওর নড়চড়ে ঘুম ভেঙে গেল নির্ঝরের। চোখ খুলে তাকাতেই ঊষসী এলোমেলো দৃষ্টি ফেলল। তবে নির্ঝর কিছু বলল না। ওকে ছেড়ে দিয়ে উল্টো ঘুরে আবারো চোখ বুজলো। ঊষসী উঠে বসার পর ঘুম ঘুম কণ্ঠে বলল,

– ড্রয়ারে থার্মোমিটার আছে জ্বর মেপে নাও।

ঊষসী অবাক কণ্ঠে বলল,

– আমার তো জ্বর নেই।

– কাল রাতে ঠান্ডায় তো কাঁপছিলে। যেটা বলছি সেটা করো।

ঊষসী এবার বুঝল কাহিনি। মনে মনেই লজ্জায় পড়ে গেল সে। ঠান্ডায় কাঁপতে কাঁপতে নির্ঝরের কাছে চলে এসেছিল। ইশ কি ভাববে সে? আর নির্ঝরও ওকে টেনে নিলো? একটু সরিয়ে দিলেই হতো। পরক্ষণেই ভাবলো, এত ভাবার কি আছে হুহ? আমারই তো জামাই! অন্য কারো জামাইকে তো জড়িয়ে ধরি নি।

নিজের মনেই এমন অদ্ভুত যুক্তি দাঁড় করিয়ে ঊষসী ঠোঁট টিপে হাসল। নির্ঝরের দিকে একবার তাকিয়ে বিছানা থেকে নেমে এলো। নির্ঝর ততক্ষণে আবার চোখ বন্ধ করেছে। মেয়েটা যে মনে মনে কীসব ভাবছে, তা জানার কোনো উপায় নেই!

ড্রয়ার খুলে থার্মোমিটার বের করল ঊষসী। তাপমাত্রা মাপার পর বেশ স্বস্তি পেল। জ্বর নেই বললেই চলে। থার্মোমিটারটা যথাস্থানে রেখে ওয়াশরুমে চলে গেল।

ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখল নির্ঝর বিছানায় নেই। সম্ভবত ঘুম থেকে উঠে গেছে। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে ঘর থেকে বের হতেই রান্নাঘরের দিকে চোখ গেল। নির্ঝর সেখানে নাশতার আয়োজন করছে।
ঊষসী দরজার কাছে দাঁড়িয়ে বলল,

– কী করছেন?

নির্ঝর পেছন ফিরে একবার তাকাল।

– নাশতা।

– আমি করতাম তো!

– আজকে করতে হবে না।

– কেন?

– কারণ তোমার শরীর ভালো নেই। তোমার জন্য অপেক্ষা করতে করতে আমায় না খেয়ে থাকতে হবে।

ঊষসী একটু এগিয়ে এসে চেয়ারে বসল। লোকটা এমন ভাব করবে যেন কিছু যাই আসে না। সে মুখে মৃদু হাসি নিয়ে বলল,

– আমার তো এখন জ্বর নেই।

– মেপেছ?

– হ্যাঁ। একদম কমে গেছে।

– তাহলে আমি ফ্রেশ হয়ে আসি তুমি রান্নাটা দেখো।

ঊষসী আর কিছু বলল না। নাশতা হয়ে গেলে গুছিয়ে টেবিলে এনে রাখল। নির্ঝর ফ্রেশ হয়ে এসে নিজেও বসে পড়ল।

ঊষসী খুব ধীরে খাওয়া দাওয়া করছে। বেশ কয়েকদিন ধরেই তার মুখে রুচি কম ঠান্ডার কারণে। আজও খাবার নিয়ে বাহানা করবে বুঝতে পেরে নির্ঝর বলল,

– সব খাওয়া শেষ করো। তারপর ওষুধ খেতে হবে।

ঊষসী মুখটা সামান্য বাঁকিয়ে খাবারে মনোযোগ দিল। নাশতা শেষ হলে নির্ঝর পানি আর ওষুধ এগিয়ে দিল। ঊষসী ওষুধের পাতার দিকে তাকিয়ে মুখ কুঁচকে বলল,

– আবার ওষুধ! আমার তো জ্বর নেই এখন।

– ঠান্ডা আছে।

– একটু সর্দি।

– সেটাই তো।

– ওষুধ না খেলেও তো

– ঊষসী!

নির্ঝরের গলার স্বর শুনে মেয়েটা থেমে গেল। লোকটা যখন নাম ধরে এভাবে ডাকে, তখন আর তর্ক বাড়ানো বুদ্ধিমানের কাজ নয়। অগত্যা ওষুধটা হাতে নিয়ে পানি দিয়ে খেয়ে ফেলল।

নির্ঝর আর কিছু না বলে রুমের দিকে চলে গেল। আর ঊষসী চেয়ারে বসে বসেই আড়চোখে তার চলে যাওয়া দেখল। মুখে কিছু না বললেও মানুষটা যে তার অসুস্থতা নিয়ে বেশ সতর্ক, সেটা বুঝতে তার অসুবিধা হলো না। ঊষসীও উঠে ঘরে চলে এল।

আজকে ভার্সিটি বন্ধ, তাই ক্লাসের কোনো তাড়া নেই। তবে সামনে পরীক্ষা থাকায় পড়াশোনার চাপ বেশ। বই-খাতা নিয়ে টেবিলে বসে পড়ল সে। প্রথমে কিছুক্ষণ রুটিনটা দেখল, তারপর দরকারি বইগুলো বের করে পড়ায় মনোযোগ দিল।

নির্ঝরও নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। মাঝে একবার ঘরে এসে ঊষসীর দিকে তাকিয়ে দেখে গেল। মেয়েটা তখন বইয়ের ওপর ঝুঁকে কী যেন লিখছে। নির্ঝর কিছু না বলে আবার বিছানায় বসে পড়লো। ঊষসী বুঝে পায় না এই লোকটার সব কিছু ল্যাপটপে কেনো!

বেশ কিছুক্ষণ পড়ার পর ঊষসী কলমটা হাতে ঘোরাতে ঘোরাতে হঠাৎ বলে উঠল,

– আচ্ছা, আমিও একটা জব করব।

নির্ঝর ওর কথাটা শুনে চোখ তুলে তাকাল। ভ্রু সামান্য কুঁচকে গেল তার।

– কেন? কী দরকার?

ঊষসী চেয়ারে হেলান দিয়ে বলল,

– এমনি। সময় কাটানোর জন্য।

– সময় কাটানোর আর কোনো উপায় নেই?

– আছে। কিন্তু সারাদিন বাসায় বসে থাকতে ভালো লাগে না। ভার্সিটি, পড়াশোনা সব মিলিয়ে একটা রুটিন আছে। পড়াশোনা শেষ হয়ে গেলে তো আরও বেশি সময় ফাঁকা থাকবে।

নির্ঝর সরু চোখে চেয়ে বলল,

– এখনই পড়াশোনা শেষ হওয়ার চিন্তা শুরু হয়ে গেছে? এখনো সেকেন্ড সেমিস্টার শেষ হয় নি! ফাইনাল এক্সামে পাশ করলেই সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে উঠবে!

ঊষসী ঠোঁট উল্টে বলল,

– আরে, ভবিষ্যতের কথা ভাবছি।

– আগে পরীক্ষা দাও।

– পরীক্ষা তো দেবই। পরীক্ষা দেওয়ার পর কী করব, সেটাও তো ভাবতে হবে! সেকেন্ড ইয়ার থেকে কিছু তো করা উচিত!

– পরীক্ষা শেষ হোক। তারপর এসব নিয়ে ভাবা যাবে।

ঊষসী কিছুক্ষণের জন্য একটু চুপ করে থেকে আবার বলল,

– কিন্তু আমি সত্যিই একটা জব করতে চাই। নিজের একটা ব্যস্ততা থাকবে, নতুন কিছু শেখা হবে। সারাক্ষণ বাসায় বসে থাকতে হবে না।

নির্ঝর কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল। তারপর শান্ত গলায় বলল,

– জব করতে চাইলে করবে। আমি তো নিষেধ করছি না। তবে আপাতত পড়াশোনায় মন দাও। সামনে পরীক্ষা, এখন অন্য কিছু নিয়ে ভেবে পড়ার ক্ষতি করার দরকার নেই।

ঊষসীর মুখে এবার হাসি ফুটল। সে উৎফুল্যের সাথে বলল,

– তার মানে আপনি রাজি?

– আমি কখন না বললাম? কিন্তু আমি কি তোমাকে ইফোর্ট করতে পারছি না? তুমি যা চাইছো বা সখ আহ্লাদ হয়তো সবটা এক্ষুনি পারছি না সবকিছু তোমার ইচ্ছেমতো গুছিয়ে দেওয়াও সম্ভব হচ্ছে না। তার মানে এই নয় যে তোমার চাওয়াগুলো আমার কাছে গুরুত্বহীন। আমি চেষ্টা করছি, ভবিষ্যতেও করব। হয়তো সবটা একসঙ্গে পারব না, তবে তোমাকে যেন কোনো কিছুর অভাব বোধ করতে না হয়, সেই চেষ্টাটুকু আমার থাকবে।

ঊষসী বিস্ময় নিয়ে বলল,

– আমি কি আপনাকে কখনো বলেছি যে আপনি আমার কোনো শখ পূরণ করেন না?

– বলোনি।

ঊষসী ভ্রু সামান্য তুলল।

– তাহলে এসব কথা বলছেন কেন?

– তোমার কথার উত্তর দিলাম জাস্ট। তবে তুমি যদি চাও আমি অবশ্যই সাপোর্ট দিবো বাট এতে তোমারই কষ্ট সো ভেবে চিন্তে ডিসিশন নিবে।

– ওকে সেটা…

নির্ঝর ওকে থামিয়ে দিয়ে বলল,

– বাট হ্যাঁ সেসব পরীক্ষা শেষ হওয়ার পর। এখন কথা কমিয়ে পড়ায় মন দাও!

ঘণ্টাখানেক পর,

– একটা ম্যাথ একদমই বুঝতে পারছি না আমি! একটু বুঝিয়ে দিন প্লিজ! মাথাটা নষ্ট করে দিলো আমার!

নির্ঝর ল্যাপটপ সরিয়ে রেখে উঠে গেল টেবিলের দিকে। চেয়ার টেনে বসতে বসতে বলল,

– মাথায় অন্য চিন্তা চললে ম্যাথ ঢুকবে কি করে?

নির্ঝরের কথা শুনে ঊষসী মুখ কাঁচুমাচু করে খাতাটা তার দিকে এগিয়ে দিল।

– মাথায় অন্য চিন্তা নেই। এই অঙ্কটাই মাথা খারাপ করে দিচ্ছে। কতবার যে করেছি, কিছুতেই মিলছে না!

নির্ঝর খাতাটা নিজের দিকে টেনে নিল। অঙ্কটার ওপর একবার চোখ বুলিয়ে বলল,

– এটা তো খুব কঠিন কিছু না। কোথায় আটকে যাচ্ছ?

ঊষসী আঙুল দিয়ে খাতার একটা অংশ দেখিয়ে বলল,

– এইখানে। প্রথমে সব ঠিকঠাকই হয়, তারপর এই লাইনটায় এসে কীভাবে কী করতে হবে বুঝতে পারি না।

নির্ঝর কলম হাতে নিয়ে খাতার পাশে কয়েকটা হিসাব লিখল। তারপর বলল,

– আচ্ছা, তুমি আগে বলো তো, এই ধাপটা কেন নিয়েছ?

ঊষসী একটু ভেবে উত্তর দিল,

– কারণ... এখানে এটা বসালে পরের অংশটা সহজ হয়ে যায়।

– কিন্তু বসালে কীভাবে? আগের ধাপটার সঙ্গে এর সম্পর্কটা কী?

ঊষসী কয়েক মুহূর্ত খাতার দিকে তাকিয়ে রইল। তারপর ইতস্তত করে বলল,

– আসলে... সেটা ঠিক বুঝিনি। বইয়ে এভাবেই করা আছে।

নির্ঝর একবার ওর দিকে তাকাল। গম্ভীর গলায় বলল,

– বইয়ে যেভাবে করা আছে, সেটা মুখস্থ করলেই তো হবে না। কেন করা হয়েছে, সেটাও বুঝতে হবে।

– আমি কি আর মুখস্থ করতে চাই? বুঝতে চেয়েই তো আপনাকে ডাকলাম!

– বেশ। তাহলে মনোযোগ দিয়ে শোনো।

নির্ঝর ধীরে ধীরে অঙ্কটা বোঝাতে শুরু করল। প্রথমে মূল সূত্রটা বুঝিয়ে দিল, তারপর ছোট ছোট ধাপে হিসাব এগিয়ে নিয়ে গেল। কোথাও ঊষসীকে নিজে করতে বলল, কোথাও আবার ভুল হলে থামিয়ে দিয়ে কারণটা বুঝিয়ে দিল।

ঊষসী প্রথমদিকে মনোযোগ দিয়েই শুনছিল। কিন্তু নির্ঝর যখন একই বিষয় অন্যভাবে বুঝিয়ে বলতে শুরু করল, তখন তার চোখেমুখে একটু একটু করে বিরক্তি ফুটে উঠল। সে নির্ঝরের মুখের দিকে তাকিয়ে নিজের কল্পনায় ডুবে গেল।

– বইয়ের দিকে তাকাও। আমার দিকে নয়।

ধ্যান ভ্যাঙল ঊষসী মুখ বাঁকিয়ে খাতাটার দিকে তাকালো যেটাতে নির্ঝর লিখে বুঝিয়ে দিচ্ছে। নির্ঝর বোঝানো শেষে শুধাল,

– বুঝেছো পারফেক্টলি?

ঊষসী উপর নিচ মাথা নাড়ল। তারপর হেসে বলল,

– এটা তো খুবই ইজি! আমি এতক্ষণ বুঝিনি কেন!

নির্ঝর চুপচাপ চেয়ে। ঊষসী ভাবলো, না একটু ক্রেডিট দিতেই হয়। তাই হেসে হেসেই বলল,

– আজকে আপনি না থাকলে যে আমার কী হতো?

– ফে’ল করতেন। আমার প্রেমে পড়ার পর থেকে তো আপনার পড়াশোনা গো’ল্লায় গেছে।

নির্ঝর টেবিল ছেড়ে উঠে মোবাইল হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ঊষসী চোখ বড় বড় করে চেয়ে সেথায় চেয়ে। বলে গেল কি সে? লোকটা কি তাকে খোঁচা দিলো নাকি লজ্জা দিলো? ভালো কথার জবাবেও এমন বলতে হয়?

.

– হঠাৎ ডাকলি কেন?

নির্ঝরের প্রশ্নে তানভীর একবার মিরাজ আর হাবিবের দিকে তাকাল। তিনজনই তখন রাস্তার পাশের পরিচিত চায়ের দোকানটায় বসে আছে। দোকানের সামনে কয়েকটা বেঞ্চ পাতা, একপাশে চুলার ওপর কেটলি থেকে ধোঁয়া উঠছে। বিকেলের দিকে লোকজনের আনাগোনা থাকলেও ওরা একটু নিরিবিলি কোণায় বসেছে।
নির্ঝর বেঞ্চে বসে বাইকের চাবিটা পকেটে রাখল। তারপর তানভীরের দিকে তাকিয়ে বলল,

– কী হয়েছে? ফোনে তো ঠিকমতো কিছুই বললি না।

তানভীর চায়ের কাপটা হাতে নিয়েও চুমুক দিল না। কিছুক্ষণ চুপ থেকে বলল,

– দেখ সিরিয়াস আলাপে ডেকেছি।

– সোজাসুজি বল কি ব্যাপার?

তানভীর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল,

– রেহনুমার ব্যাপারে।

নির্ঝর ভ্রু কুঁচকে তাকাল। এটা আবার নতুন কি? তানভীর আবারও বলল,

– আমি এবার সিরিয়াস। আর কতদিন এভাবে?

– হয়েছে কি সেটা বলবি তুই?

– ওকে নিয়ে আমি আর কতদিন এভাবে চলব বুঝতে পারছি না। যখনই একটু এগোতে চাই, রেহনুমা কোনো না কোনোভাবে এড়িয়ে যায়। কখনো কথা ঘুরিয়ে দেয়, কখনো ব্যস্ততার অজুহাত দেখায়। আবার কখনো এমনভাবে আচরণ করে, যেন আমার কথাগুলো বুঝতেই পারছে না। আমি তো বলছি আমি বিয়ে করবো সরাসরি!

হাবিব বলল,

– ও তোকে অপছন্দ করে, এমন তো কখনো মনে হয়নি। বরং তোর প্রতি আলাদা একটা দুর্বলতা আছে বলেই আমাদের মনে হয়।

তানভীর মৃদু হেসে বলল,

– সেটা আমি জানি। নির্ঝর আর ঊষসীর ব্যাপার ধরতে পেরেছি আর এইটুকু পারব না? কিন্তু ও নিজে কখনো কিছু স্বীকার করে না। বরং প্রতিবারই একটা দূরত্ব তৈরি করে রাখে।

নির্ঝর এতক্ষণ চুপচাপ শুনছিল। এবার প্রশ্ন করল,

– কখনো সরাসরি জানতে চেয়েছিস, কেন এড়িয়ে যায়?

– চেয়েছি। কিন্তু প্রতিবারই একই কথা বলে। ওর পক্ষে এসব সম্ভব না, আমাকে এসব নিয়ে ভাবতে নিষেধ করে। অথচ কারণটা ঠিকমতো বলে না।

মিরাজ এবার বলল,

– কারণটা তো আমাদের আন্দাজের বাইরে নয়। ঊষসীর ক্ষেত্রে দেখিস নি? এসব বিষয়ে মেয়েদের পারিবারিক পরিস্থিতি খুব একটা সহজ না। হয়তো পরিবারের কথা ভেবেই নিজেকে আটকে রাখছে।

তানভীর মাথা নাড়ল।

– হ্যাঁ, আমিও সেটাই বুঝি। ওর পরিবার নিয়ে কিছু সমস্যা আছে, সেটা জানি। কিন্তু তাই বলে কি নিজের পছন্দের মানুষটাকে একটা সুযোগ দেওয়ার কথাও ভাবতে পারবে না? আমি তো ওকে কোনো সিদ্ধান্ত নিতে চাপ দিচ্ছি না। শুধু চাই, একবার অন্তত নিজের মনের কথাটা বলুক।

– হুমম!

– দেখ তোর শুরু থেকেই সবটা জানিস। ও এসব পছন্দ করে না বলেই আমি দূরে দূরে থাকি ওকে ডিসটার্ব করি না। তাই প্রথমেই আমি ওকে পছন্দের কথা জানিয়ে ডাইরেক্ট বিয়ের কথা বলেছিলাম। আমি তো বলি নি আমার সাথে প্রেম করো বা কথা বলো! আমি নিজেও চাই না এসব করতে। সরাসরি হালাল করে নেবো।

নির্ঝর চায়ের কাপে চুমুক দিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর কাপটা নামিয়ে তানভীরের দিকে তাকাল।

– তুই বিয়ের কথা বলেছিস, ঠিক আছে। কিন্তু ওর দিকটাও তো বুঝতে হবে। শুধু তোর চাওয়া থাকলেই তো আর সবকিছু সম্ভব হবে না।

তানভীর মাথা নাড়ল।

– আমি কি বুঝি না? ও নিজেও আমাকে কয়েকবার বুঝিয়েছে ওর পক্ষে এসব সম্ভব না। কিন্তু আমি জানি, কথাগুলো ও নিজের ইচ্ছায় বলছে না। পরিবারকে নিয়ে ওর ভয় আছে। হয়তো ভাবে, আমাকে মেনে নিলেও শেষ পর্যন্ত পরিবার থেকে সম্মতি পাবে না। সেই ভয়েই শুরু হওয়ার আগেই সবকিছু শেষ করে দিতে চাইছে।

হাবিব চায়ের কাপে চুমুক দিয়ে বলল,

– কিন্তু তুই কি ওর পরিবারের সঙ্গে কথা বলার কথা ভেবেছিস?

– ভেবেছি। অবশ্যই ভেবেছি। কিন্তু রেহনুমা নিজে যদি আমাকে সেই সুযোগই না দেয়, তাহলে কীভাবে এগোব? ওর অমতে ওর পরিবারের কাছে গিয়ে কথা বলাটাও তো ঠিক হবে না।

মিরাজ এবার একটু সামনে ঝুঁকে বসল।

– তাহলে তুই আসলে ওর কাছ থেকে কী চাস?

– খুব বেশি কিছু না। শুধু একবার পরিষ্কার করে জানতে চাই, ও কি সত্যিই আমাকে নিজের জীবনে চায় না নাকি পরিবারের কথা ভেবে নিজেকে সরিয়ে রাখছে? যদি ওর নিজেরই কোনো ইচ্ছা না থাকে তবে আমি সরে যাব। কিন্তু যদি শুধু পরিস্থিতির কারণে পিছিয়ে যায় তাহলে আমি অন্তত ওর পাশে দাঁড়ানোর সুযোগটা চাই।

– একটা কাজ কর। ওর ফ্যামিলিতে নিশ্চয়ই এমন কোনো সমস্যা আছে যার কারণে ও আগাতে পারছে না?

– সমস্যা কি ওটাই বুঝতে পারছি না। আমাকে কি মেনে না নেওয়ার মতো কিছু আছে? আমি কি ওকে ভালো রাখতে পারবো না? বাবার বিজনেস আমি দেখি, না কোনো ভাই বোন আছে আমার। এছাড়া টুকটাক তো সবই পারি!

নির্ঝর ঠান্ডা স্বরে বলল,

– একটা কথা মনে রাখিস, কাউকে নিজের জীবনে চাওয়া আর তার জন্য সিদ্ধান্ত নেওয়ার অধিকার নিজের হাতে তুলে নেওয়া এক জিনিস না। তুই ওকে ভালোবাসিস, বিয়ে করতে চাস সেটা ঠিক। কিন্তু ওর পরিস্থিতি আর সিদ্ধান্তকেও সম্মান করতে হবে। ও যদি তোকে সুযোগ দেয়, তখন বাকিটা নিয়ে ভাবিস।

তানভীর একটু ভেবে বলল,

– আচ্ছা, তুই ঊষসীকে কিছু জিজ্ঞেস করে জানতে পারবি না? রেহনুমার ফ্যামিলি বা কি সমস্যা?

– ওকে জিজ্ঞেস করব?

– হ্যাঁ দোস্ত! তোর জন্য এত কিছু করলাম তুই আমার জন্য এইটুকু কর প্লিজ।

– কি বলতে চাইছিস?

নির্ঝর তীক্ষ্ণ চোখে তাকিয়ে প্রশ্ন করল। তানভীর চেঁচিয়ে বলল,

– কি মানে? তোকে আর ঊষসীকে এক করার জন্য আমি নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছিলাম! হায়রে দিন রাত ভুলে গেছিলাম আর তুই এখন আমাকেই ভুলে গেলি! নির্ঝররর!

হাবিব কেশে উঠে বলল,

– হয়েছে এবার ওভারএক্টিং হয়ে যাচ্ছে!

তানভীর গলা খাকারি দিয়ে বলল,

– কিসের ওভারএক্টিং হ্যাঁ? তুম কিয়া সমঝোগে, এক চুটকি পেয়ার আই মিন ফ্রেন্ডশিপ কি কিমত! তুম কিয়া জানো হাবিব বাবু!

তানভীরের এমন নাটকীয় সংলাপে মিরাজ চায়ের কাপটা মুখ থেকে নামিয়ে ফেলল। হাবিব বিরক্ত হয়ে কপালে হাত ঠেকাল।

– আল্লাহ! এই ছেলে কোনদিন সিরিয়াস হবে না? এর সঙ্গে বসে চা খাওয়াটাও এখন শাস্তির পর্যায়ে চলে গেছে!

তানভীর ওদের কথায় কর্ণপাত না করে নির্ঝরের দিকে ঘুরল।

– বল নির্ঝর! বল, তুই কি ভুলে গেছিস সেই দিনগুলোর কথা? যখন তোর মুখে হাসি ফোটানোর জন্য আমি নিজের রাতের ঘুম হারাম করেছি? তোর প্রেমের জন্য কত প্ল্যান, কত ষড়যন্ত্র…

নির্ঝর ভ্রু কুঁচকে তাকাল।

– ষড়যন্ত্র করেছিলি?

– আরে, ভালোবাসার ষড়যন্ত্র! এতটুকু সাহিত্যবোধও নেই তোর?

মিরাজ হেসে বলল,

– তুই থাম। নির্ঝরকে এক করার জন্য তুই কী করেছিস, সেটা আমরা জানি। বরং তোর জন্যই আমাদের কয়েকবার সন্দেহ হয়েছিল, তুই নিজে ঊষসীকে পছন্দ করিস নাকি!

– এই যে! আমার চরিত্রে দাগ লাগাচ্ছিস কেন? রেহনুমা ছাড়া এই তানভীরের মনে কেউ নেই! আমি তো বন্ধুর জন্য জীবন উৎসর্গ করেছি!

নির্ঝর এতক্ষণ চুপচাপ ওদের কথোপকথন শুনছিল। এবার ফোনটা পকেটে রাখতে রাখতে বলল,

– তোরা কি এসবের জন্য আমাকে ডেকেছিস? সাহায্য করতে বলছিস নাকি তোদের এইসব কাহিনি দেখতে?

তানভীর মুহূর্তেই নাটকীয় ভঙ্গি ছেড়ে সোজা হয়ে বসল।

– সাহায্য করতে বলেছি। ঊষসীকে একটু জিজ্ঞেস করিস। তোর বউয়ের সঙ্গে রেহনুমার বন্ধুত্ব ভালো। হয়তো কিছু জানে।

– আচ্ছা, দেখব।

– শুধু দেখবি বললে হবে না। একটু গুরুত্ব দিয়ে দেখবি। আমার জীবন-ম’রণ প্রশ্ন!

মিরাজ সঙ্গে সঙ্গে বলে উঠল,

– বিয়ে না হলে ম’রেই যাবি নাকি?

– তোর মতো অবিবাহিত মানুষের কাছে এসব অনুভূতি ব্যাখ্যা করা বৃথা!

– বাহ! নিজে তো এখনো বিয়ে করতে পারিসনি, আবার অন্যকে অবিবাহিত বলে খোঁচা দিচ্ছিস!

তানভীর সেসব ভ্রুক্ষেপ না করে নির্ঝরকে বলল,

– ঊষসীকে কিন্তু বলবি, তানভীর ভাইয়ের জন্য একটু কষ্ট করে যেন তথ্য সংগ্রহ করে। দরকার হলে আমি ওকে চকলেট খাওয়াব।

– নিজের বিয়ের ব্যবস্থা নিজে করতে পারছিস না, আবার আমার বউকে ঘুষ দেওয়ার পরিকল্পনা করছিস?

মিরাজ আর হাবিব একসঙ্গে হেসে উঠল। তানভীর প্রথমে হেসে ফেলল। পরক্ষণেই গম্ভীর মুখে করে দুই হাত তুলে আকাশের দিকে তাকিয়ে বলল,

– হায় আল্লাহ! এই দুনিয়ায় আমার বিয়েটা কি কেউ হতে দেবে না!

নির্ঝরও একটু হাসলো। মিরাজ হাসতে হাসতে বলল,

– তোর এই বিয়ের ইচ্ছার কথা শুনতে শুনতে আমাদের কান প’চে গেছে।

তানভীর বিরক্ত চোখে তাকাল।

– তুই একটু চুপ থাকবি?

হাবিব হেসে বলল,

– ও আর কি চুপ করবে? গত কয়েকটা মাস ধরে যা দেখছি তাতে মনে হচ্ছে নির্ঝর বাচ্চাকাচ্চা নিয়ে তোর বিয়ে খেতে আসবে।

নির্ঝর ওদের দিকে চোখ পাকিয়ে তাকালো। সেসব ভ্রুক্ষেপই করলো না কেউ! কারণ নির্ঝরের কাজই হলো চোখ পাকানো। তাই বলে কি সত্যি বলা বন্ধ করে দেবে নাকি?

#চলবে…?

(গাইস, তানভীরকে ছ্যা’কা দিয়ে চুপ করিয়ে দিলে কেমন হয়? একদমই সিরিয়াস হয় না, ছ্যা’কা খেয়ে যদি একটু সিরিয়াস হয়!🤐)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 46 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন