ফন্ট সাইজ:
থিম:
কদম গুচ্ছের কাব্য গাঁথা

পর্ব 47

লেখক: তাবাসসুম তাজ্বওয়ারী

#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(৪৭)
#তাবাসসুম_তাজ্বওয়ারী

– এদিকে এসো, একটা কথা আছে।

নির্ঝরের দিকে তাকিয়ে ঊষসী ভ্রু কুঁচকে বলল,

– কি কথা?

– এসে বসতে পারছো না?

ঊষসী এসে ধপ করে বিছানায় বসে পড়লো।

– বলুন।

নির্ঝর একটু সময় নিয়ে বলল,

– তানভীর রেহনুমার ব্যাপারে কিছু জানো?

ঊষসী ঠিক বুঝতে পারলো না কিসের কথা বলেছে। তার জানা মতে রেহনুমা আর তানভীরের মাঝে এমন কোনোও সম্পর্ক নেই। সে সন্দিহান হয়ে শুধাল,

– মানে?

– তানভীর যে রেহনুমাকে পছন্দ করে সেটা জানো?

ঊষসী হেসে বলল,

– না জানার কি আছে?

নির্ঝর কিছুটা ইতস্তত করতে করতে বলল,

– রেহনুমার দিক থেকে কিছু আছে কি না জানো?

ঊষসী চুপ হয়ে গেল। নির্ঝর আবার বলল,

– দেখো তানভীর সিরিয়াস। ওর বিষয়টা যেহেতু জানো তাহলে এটাও জানো ও রেহনুমাকে বিয়ে করতে চায় কিন্তু রেহনুমা নির্বিকার যেটা তানভীরকে আরো ভোগাচ্ছে।

ঊষসী ঠোঁট চেপে বলল,

– আমি ঠিক জানি না। তবে আমার ধারণা, রেহনুমাও তানভীর ভাইয়াকে পছন্দ করে।

নির্ঝর ভ্রু কুঁচকে তাকাল।

– তাহলে এড়িয়ে চলে কেন?

– সেটাই তো বুঝি না। তবে রেহনুমাকে যতটুকু চিনি, ওর এমন করার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমার মনে হয়, ওর পরিবারের ব্যাপারটা নিয়ে ভয় কাজ করে।

– পরিবারের ব্যাপারটা মানে?

ঊষসী একটু ইতস্তত করে এলোমেলো দৃষ্টি ফেলে বলল,

– হয়তো আমার সাথে যেমন হয়েছে অমন কিছু নিয়ে ভয় পাচ্ছে।

নির্ঝর কয়েকপল তাকিয়ে তারপর বলল,

– তুমি ওর সঙ্গে কথা বলে দেখতে পারবে?

– ট্রাই করবো আমি কখনো আগ বাড়িয়ে জিজ্ঞেস করিনি তবে এই বিষয়ে মজা করলে ও কিছুটা ভয়ই পেতো।

– বুঝলাম। তবে ওকে বোলো, তানভীর ছেলেটা কিন্তু ভালো। বাবার বিজনেসে আছে প্লাস নিজেও টুকটাক জব করে। শুরু থেকে ও রেহনুমার প্রতি দুর্বল। আমরা প্রথমে হালকা ভাবে নিলেও, তানভীর ইস অলওয়েজ সিরিয়াস এন্ড হি ওয়ান্ট তো ম্যারি হার! রেহনুমার উচিত কিছু একটা বলা এভাবে ওকে ঘুরিয়ে আর কতদিন?

ঊষসী ভাবলো, নির্ঝরের কথাটাও মিথ্যে নয়। তানভীরের বিহেভিয়ারে খারাপ কিছু কখনোই চোখে পড়ে নি। ভার্সিটিতে আসার পর থেকেই দেখেছে রেহনুমার প্রতি তার কেয়ার। শুরুতে রেহনুমাকে সরাসরি জানিয়েছিল তখন রেহনুমা রিফিউজ করে বলেছিল সে এসবে জড়াতে চায় না। ব্যাস! এরপর থেকে তানভীর বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে এবং খুব সম্ভবত তানভীর বিজনেসের পাশাপাশি জবটা রেহনুমার জন্যই করছে। ঊষসী মনে মনে ঠিক করল কালই ভার্সিটিতে গিয়ে কথা বলবে রেহনুমার সাথে। ওর সঙ্গে কথা বলা দরকার এভাবে তানভীরকে সাফার করতে দেওয়াও ঠিক না।

– ওকে। আমি কথা বলে দেখবো।

ঊষসী রান্নাঘরের দিকে চলে গেল। সন্ধ্যা হয়ে এসেছে রান্না বসাতে হবে। কেন যেন আজ তার বিরিয়ানি রান্না করতে ইচ্ছে হলো।

ঊষসী রান্নাঘরে ঢুকে ফ্রিজ খুলে দেখল, বিরিয়ানি রান্নার জন্য প্রয়োজনীয় সবকিছুই আছে। মাংস বের করে সিঙ্কে রাখল। এরপর চাল, আলু, পেঁয়াজ, মসলা সব একে একে কাউন্টারে সাজিয়ে নিল। আজ একটু সময় নিয়ে ভালোভাবে রান্না করবে সে।
নির্ঝর তখন ঘরে বসে ছিলো। কিছুক্ষণ পর রান্নাঘর থেকে সুবাস ভেসে আসতেই সে ঘর থেকে বেরিয়ে এল। রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে দেখল, ঊষসী বেশ মনোযোগ দিয়ে পেঁয়াজ ভাজছে। সে আশেপাশে দেখে বলল,

– কি রান্না করছো?

ঊষসী পেছন ফিরে তাকিয়ে হাসল।

– বিরিয়ানি!

– হঠাৎ?

– হঠাৎ আবার কী? বিরিয়ানি খেতে ইচ্ছে করেছে। তাই রান্না করছি।

– তুমি পড়ালেখা না করে বিরিয়ানি বানাতে বসেছো? বিরিয়ানি খেতে ইচ্ছে করলে বলতে! বাইরে থেকে আনিয়ে নিতাম।

ঊষসী মুখ কুঁচকে বলল,

– বাইরে থেকে আনবো কেন? আমি কি রান্না করতে পারি না?

নির্ঝর তর্ক করলো না। মাংসের বাটির দিকে তাকিয়ে বলল,

– কিছু সাহায্য লাগবে?

ঊষসী একটু ভেবে বলল,

– আলুগুলো কেটে দিন। তবে বড় বড় করে কাটবেন না।

– জি, ম্যাডাম।

নির্ঝর আলু কাটতে শুরু করল। ঊষসী মাংসে মসলা মাখাতে মাখাতে মাঝেমধ্যে তাকে নির্দেশনা দিচ্ছিল। নির্ঝরও কোনো প্রতিবাদ না করে কাজ করে যাচ্ছিল। একসময় ঊষসী খেয়াল করল, সে আলু কাটতে কাটতে ফোনের দিকে তাকাচ্ছে।

– এই যে! কাজে মনোযোগ দিন। আলুর সঙ্গে আঙুল কে’টে ফেলবেন কিন্তু।

– কা’টবে না। আমি রান্না পারি।

ঊষসী কথা বাড়ালো না। চুপচাপ রান্নায় মনোযোগ দিলো।
রান্না শেষ হতে বেশ সময় লাগল। এর মধ্যে নির্ঝর আর ঊষসীর মধ্যে কয়েক দফা খুনসুটিও হয়ে গেল। রান্না শেষে ঊষসী বিরিয়ানির হাঁড়ির ঢাকনা খুলে একবার দেখে নিয়ে খুশি হয়ে উঠল।

– হয়ে গেছে!

নির্ঝর কাছে এসে বলল,

– গন্ধ তো ভালোই লাগছে।

– শুধু গন্ধ? খেয়েও বলবেন।

টেবিলে খাবার পরিবেশন করে দুজন মুখোমুখি বসল। ঊষসী বেশ আগ্রহ নিয়ে নির্ঝরের মুখের দিকে তাকিয়ে রইল। সে এক লোকমা মুখে দিয়ে স্বাভাবিকভাবেই খেতে শুরু করল। কয়েক মিনিট গেলেও নির্ঝর নির্বিকার।
ঊষসী অপেক্ষা করতে না পেরে জিজ্ঞেস করল,

– কেমন হয়েছে?

– ভালো।

ঊষসী হতাশ হয়ে বলল,

– শুধু ভালো?

– বেশ ভালো।

– আপনি কি প্রশংসা করতে পারেন না? আরেকটু ভালো করে বলুন।

নির্ঝর এবার তার দিকে তাকিয়ে বলল,

– না। আমার প্রশংসা এইটুকুই। জানো না?

ঊষসী মুখ ফুলিয়ে নিজের প্লেটে খাবার নিলো। নির্ঝর ঊষসীর মুখের দিকে একবার তাকিয়ে আবার খাওয়ায় মনোযোগ দিল। মেয়েটা যে প্রশংসা না পেয়ে অভিমান করেছে, সেটা বুঝতে তার অসুবিধা হলো না। তবে মুখে কিছু বলল না।
ঊষসীও আর কথা বলল না। চুপচাপ খেতে লাগল। মাঝেমধ্যে আড়চোখে নির্ঝরের দিকে তাকাচ্ছে, কিন্তু নির্ঝর যেন কিছুই বুঝতে পারছে না।
খাওয়া শেষ করে নির্ঝর নিজের প্লেটটা সরিয়ে রাখল। তারপর ঊষসীর প্লেটের দিকে তাকিয়ে বলল,

– নিজে শখ করে রান্না করেছো খাচ্ছ না কেন?

ঊষসী মনে মনে বলল, "সে তো শখ করে রান্না করেছি কেউ তো মিথ্যে প্রশংসাও করতে পারতো!" কিন্তু মুখে বলল,

– খাচ্ছি তো!

ঊষসী মুখ না তুলেই উত্তর দিল। নির্ঝর তার প্লেটের দিকে তাকিয়ে দেখল, বেশ খানিকটা বিরিয়ানি এখনো পড়ে আছে।

– এটাকে খাওয়া বলে?

– আমার খিদে নেই।

– রান্না করার সময় তো বেশ উৎসাহ ছিল।

– তখন ছিল। এখন নেই।

নির্ঝর একটা দীর্ঘশ্বাস ছেড়ে চুপ করে রইলো তারপর ওর দিকে তাকিয়ে বলল,

– বেশ! আপনার রান্না করা বিরিয়ানি সত্যি দারুণ হয়েছে ম্যাডাম! এবার খেয়ে নিন ঠিকমতো।

ঊষসী মনে মনে খুশি হলেও প্রকাশ না করে বলল,

– তাহলে আগে বললেন না কেন?

– বলেছি তো, ভালো হয়েছে।

– ওটা প্রশংসা হয়? মানুষ রান্না করলে একটু ভালো করে বলতে হয়।

– ওহ আচ্ছা। ঠিক আছে।

ঊষসী সন্তুষ্ট হয়ে মাথা নাড়ল। তারপর আবার খেতে লাগল। নির্ঝর কিছুক্ষণ চুপচাপ তার খাওয়া দেখল। মেয়েটার অভিমান ভাঙাতে যে খুব বেশি কিছু করতে হয় না, সেটা দিন দিন বেশ ভালোই বুঝতে পারছে সে। এই মেয়েটা সত্যিই একটা বুনো শালিক! মেয়েটার স্বভাবের সঙ্গে নামটা বেশ মানিয়ে যায়। ছোটখাটো বিষয়েও তার কত আবদার, কত অভিমান! কখনো এক মুহূর্তে রেগে যায় আবার সামান্য একটু আদর কিংবা দুটো ভালো কথা পেলেই অভিমান ভুলে হাসতে শুরু করে। নিজের ইচ্ছেমতো উড়ে বেড়াতে ভালোবাসে, কথায় কথায় ডানা ঝাপটায় আবার দিনশেষে ঠিকই নির্ঝরের কাছে এসে নিজের সব আবদার আর অভিমান মেলে ধরে। নির্ঝরের কাছে ঊষসী অনেকটা সেই বুনো শালিকের মতোই চঞ্চল, স্বাধীনচেতা, একটু জেদি, অথচ ভীষণ মায়াবী। যাকে খাঁচায় আটকে রাখা যায় না বরং ভালোবাসা আর যত্ন দিয়ে পাশে থাকার একটা নিরাপদ জায়গা করে দিতে হয়।

মেয়েটার দিকে তাকিয়ে নির্ঝরের ঠোঁটের কোণে অজান্তেই হাসি ফুটে উঠল। সত্যিই, এই বুনো শালিকটা আসার পরই তার ঘরটা কেমন প্রাণ ফিরে পেয়েছে!

.

পরদিন ভার্সিটি শেষে ঊষসী বেশ তোড়জোড় করে রেহনুমাকে শহীদ ড. শামসুজ্জোহা চত্বরে নিয়ে এলো। রেহনুমা প্রশ্ন করলেও কিছু বলল না। এসে বসার পর অবাক কণ্ঠে সে বলল,

– কী হয়েছে? এত জরুরি কথা কী?

ঊষসী একটু হাসল।

– তোর সঙ্গে একটু গল্প করব।

রেহনুমা চোখ সরু করে তাকিয়ে বলল,

– তোর গল্প করার জন্য আমাকে আলাদা করে ডাকতে হলো? তাও আবার এখানে এনে?

– হ্যাঁ। তোর সঙ্গে ইদানীং গল্পই হয় না।

রেহনুমা ভ্রু কুঁচকে ওর দিকে তাকাল। ঊষসীকে আজ অন্যরকম লাগছে। ঊষসী একটু ইতস্তত করে বলল,

– আচ্ছা, তানভীর ভাইয়ের সঙ্গে তোর কথা হয়?

প্রশ্নটা শুনেই রেহনুমার মুখের হাসি মিলিয়ে গেল। সে ব্যাগের চেইন খুলতে খুলতে বলল,

– না তো। কেন?

– উনি তোকে নিয়ে বেশ চিন্তায় আছেন।

– ঊষসী, প্লিজ। এই প্রসঙ্গটা বাদ দে।

ঊষসী এবার ওর দিকে একটু ভালো করে তাকাল। রেহনুমা চোখ নামিয়ে ব্যাগের ভেতর কিছু একটা খুঁজছে, অথচ তার হাতের অস্থিরতা ঊষসীর চোখ এড়াল না।

– আমি তোকে কিছু জিজ্ঞেস করতে চাই। তুই চাইলে বলবি, না চাইলে বলবি না। কিন্তু একটা কথা বল, তানভীর ভাইকে কি তোর একেবারেই ভালো লাগে না?

রেহনুমা এবার হাত থামিয়ে ওর দিকে তাকাল। সময় নিয়ে চুপ করে থাকলো। ঊষসী ফের প্রশ্ন ছুঁড়তেই সে বলল,

– সবকিছুর উত্তর কি ভালো লাগা, ভালো না লাগা দিয়ে হয়?

– না। কিন্তু তুই তো ওনাকে অপছন্দ করিস এমনও না।

রেহনুমা কোনো উত্তর দিল না। ঊষসী একটু নরম স্বরে বলল,

– দেখ, আমি তোকে কোনো সিদ্ধান্ত নিতে বলছি না। শুধু বুঝতে চাই, তুই কেন এতটা দূরে থাকিস। তানভীর ভাই তোকে জোর করছেন না। উনি শুধু চান, তুই একবার নিজের মনের কথাটা বলিস। সেটা হ্যাঁ হোক কিংবা না।

রেহনুমা ঠোঁট চেপে ধরল। কিছুক্ষণ পর নিচু গলায় বলল,

– সবকিছু কি এত সহজ, ঊষসী?

– সহজ না হলে কঠিন জায়গাটা অন্তত আমাকে বলতে পারিস।

রেহনুমা এবার মুখ তুলে তাকাল। নিজের অস্বস্থি লুকোনোর চেষ্টা করে বলল,

– তুই জানিস, আমার আপুর বিয়েটা কীভাবে হয়েছিল?

ঊষসী মাথা নাড়ল।

– না। বিস্তারিত জানি না।

রেহনুমা দীর্ঘশ্বাস ফেলল। তারপর ধীরে ধীরে বলতে শুরু করল,

– আপু নিজের পছন্দে বিয়ে করেছিল। তখন বাসায় অনেক ঝামেলা হয়েছিল। আব্বু কোনোভাবেই রাজি ছিলেন না। অনেক বুঝিয়েও যখন আব্বু সিদ্ধান্ত বদলায়নি তখন আপুও নিজের সিদ্ধান্তে অটল। আব্বু বলেছিলেন, যদি বিয়ে করে তাহলে যেন তাদের সাথে সম্পর্ক না রাখে। আম্মু, ভাইয়া সবাই রাজি থাকলেও আব্বু রাজি হন নি। শেষমেশ বিয়েটা হয়েছে তবে আব্বু ওর সঙ্গে সব সম্পর্ক শেষ করে দেন। বিয়ের পরও আপু অনেকবার চেষ্টা করেছে যোগাযোগ করার। কিন্তু আব্বু কখনো মেনে নেননি।

ঊষসী চুপচাপ শুনছিল। রেহনুমা আবার বলল,

– আমি আপুর মতো সাহসী হতে পারব কি না জানি না। আমি চাই না আমার জন্য আম্মুকে আবার কষ্ট পেতে হোক। আপু চলে যাওয়ার পর থেকে আম্মু এমনিতেই অনেক কিছু সহ্য করেছে। আমি যদি নিজের পছন্দের কথা বলি, আব্বু হয়তো সেটাকেও মেনে নেবেন না। তখন যদি আমাকেও আপুর মতো দূরে সরিয়ে দেন? আমি কীভাবে থাকব বল?

– রেহনুমা, সবার ক্ষেত্রে সব একই হয় না!

– হয় না কিন্তু আমি নির্ভয়ে কিভাবে এগোবো? এখন আপু নিজের পরিবার থেকে আলাদা হয়ে আছে। ঈদে, কোনো অনুষ্ঠানে কোথাও আসতে পারে না। আম্মু লুকিয়ে লুকিয়ে কথা বলেন। আব্বু জানলে বাসায় কথা কাটাকাটি হয়। একটা সময় যে বাড়িতে আমরা সবাই একসঙ্গে থাকতাম, সেখানে এখন আপুর নামটাও ঠিকমতো নেওয়া যায় না।

ঊষসী এসব শুনে বেশ কিছুক্ষণ চুপ ছিলো। তারপর শুধালো,

– তোর আপুর স্বামী কি ভালো মানুষ?

– আপুর কোনো অভিযোগ নেই। আপু হয়তো সুখেই আছে। কিন্তু একটা মেয়ে সুখে থাকলেই কি তার নিজের পরিবারকে ভুলে যেতে পারে? আপু পারে না। আমিও জানি, ও এখনো আব্বুর সঙ্গে সম্পর্কটা ঠিক করার অপেক্ষায় আছে।

রেহনুমা একটু থামল। চোখের কোণে জমে থাকা আর্দ্রতা আড়াল করতে মুখটা অন্যদিকে ফিরিয়ে নিল।

– ওই ঘটনার পর আব্বু আমার ব্যাপারে আরও কঠোর হয়ে গেছেন। প্রায়ই বলেন, বড় মেয়ের মতো ছোট মেয়েও যদি নিজের পছন্দে বিয়ে করতে চায়, তাহলে এই বাড়ির দরজা তার জন্যও বন্ধ। কথাগুলো হয়তো রাগ করে বলেন, কিন্তু আমি জানি উনি কতটা জেদি।

ঊষসী এবার ধীরে করে ওর হাতের ওপর হাত রাখল।

– তুই তানভীর ভাইকে পছন্দ করিস?

রেহনুমা চোখ নামিয়ে ফেলল। বেশ কিছুক্ষণ চুপ থেকে মৃদু স্বরে বলল,

– মানুষটাকে অপছন্দ করি না, ঊষসী।

– তাহলে?

– তাহলে এই যে... ওর সঙ্গে কথা বললেই মনে হয়, এমন একটা স্বপ্ন দেখছি যেটা পূরণ করার সাহস আমার নেই। তানভীর খুব ভালো ছেলে। ও আমাকে বিয়ে করতে চায়, সেটা আমি জানি। কিন্তু আমি যদি ওর কথায় রাজি হয়ে যাই, তারপর আব্বু যদি সত্যিই আপুর মতো আমার সঙ্গেও সম্পর্ক শেষ করে দেন? আমি কি পারব আম্মুকে ছেড়ে থাকতে? আপুকে তো এখনো সেই কষ্ট পেতে দেখি।

– কিন্তু তানভীর ভাই তো ভালো একটা ছেলে। ওকে মেনে না নেওয়ার কোনো কারণ তো নেই। তুই নিজে থেকে কিছু একটা ভেবে নেওয়াটা কি ঠিক?

– ঠিক না। কিন্তু সবকিছু কি ঠিক-ভুল দিয়ে বিচার করা যায়? আব্বু আমার পড়াশোনার খরচ দেন, আমার সবকিছু দেখেন। আমি জানি, উনি আমাকে ভালোবাসেন। শুধু নিজের সিদ্ধান্তের বাইরে কিছু মেনে নিতে পারেন না। আমি চাই না আমার জন্য আবার বাসায় অশান্তি হোক।

ঊষসী কিছুক্ষণ চুপ করে রইল। রেহনুমার কথাগুলো শুনে তার নিজেরও মন খারাপ হয়ে গেল। সে বুঝতে পারল, বিষয়টা শুধু তানভীরকে হ্যাঁ কিংবা না বলার মধ্যে সীমাবদ্ধ নয়। রেহনুমা একদিকে নিজের অনুভূতি, অন্যদিকে পরিবারকে হারানোর ভয় দুটোর মাঝখানে আটকে আছে।

– তুই কি কখনো ভেবেছিস, তানভীর ভাইয়ের সঙ্গে সবটা খুলে বলবি?

রেহনুমা মাথা নাড়ল।

– না। বললে কী হবে? ও হয়তো বলবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সব ঠিক করার নিশ্চয়তা তো ওর হাতে নেই। আপুকেও ভাইয়া বলেছিল কিন্তু এত বছরেও কিছু ঠিক হয় নি।

ঊষসী মৃদু স্বরে বলল,

– নিশ্চয়তা হয়তো কারও হাতেই নেই। কিন্তু তুই একা একা সব সিদ্ধান্ত নিয়ে নিচ্ছিস কেন? তানভীর ভাইকে অন্তত তোর ভয়টা জানতে দে। উনি কী করতে চান, সেটা শোনার সুযোগ তো দিতে পারিস।

– কিন্তু আমি জানি না শেষ পর্যন্ত কী হবে। তানভীরের সঙ্গে কথা বাড়ালে, ওর প্রতি নিজের অনুভূতিটা স্বীকার করলে একসময় হয়তো পরিবারকে জানাতে হবে। তারপর? যদি আব্বু রাজি না হন? যদি সবকিছু আপুর মতো হয়ে যায়? আমি তানভীরকে আশা দেখিয়ে পরে এমন একটা পরিস্থিতিতে ফেলতে চাই না, যেখানে ওকেও আমার জন্য কষ্ট পেতে হবে।

রেহনুমার জবাব শুনে ঊষসী ওর হাত শক্ত করে ধরে কিছুক্ষণ পর বলল,

– একটা কথা বলি? কাউকে ভালোবাসার জন্য পরিবারকে ছেড়ে দিতে হবে, এমন তো কোনো কথা নেই। আবার পরিবারকে ভালোবাসিস বলে নিজের মনের সব দরজাও বন্ধ করে রাখতে হবে, সেটাও তো নয়।

রেহনুমা মৃদু হাসল। তবে সেই হাসিতে স্বস্তির চেয়ে বিষণ্নতাই বেশি। ঊষসী আর কিছু বলল না। শুধু বন্ধুর হাতটা ধরে বসে রইল।
কিছু কিছু কষ্টের সমাধান সঙ্গে সঙ্গে দেওয়া যায় না। কখনো কখনো শুধু পাশে বসে থাকাটুকুই যথেষ্ট।

.

ড্রইং রুমে চুপচাপ বসে আছে নির্ঝর আর ঊষসী। নির্ঝর ফেরার পর ঊষসী তাকে সবটা খুলে বলার পর দুজনই দ্বিধা দ্বন্দে পড়ে গেল কি করবে?
ঊষসী সোফায় হেলান দিয়ে বসে দীর্ঘশ্বাস ফেলল।

– এখন কী হবে বলুন তো? মেয়েটা তানভীর ভাইয়াকে পছন্দ করে, অথচ পরিবারের ভয়ে কিছুতেই এগোতে পারছে না। এভাবে চলতে থাকলে তানভীর ভাইয়াও একসময় হাল ছেড়ে দেবেন। আর রেহনুমাও হয়তো সারাজীবন আফসোস করবে।

নির্ঝর কিছুক্ষণ চুপ থেকে বলল,

– আমাদের কিছু একটা করা দরকার। তুমি কি ভাবছো?

ঊষসী একটু ভেবে বলল,

– প্রথমে তানভীর ভাইয়াকে সবটা জানাতে হবে। রেহনুমা যে উনাকে অপছন্দ করে না, সেটাও জানানো দরকার। তবে ওর পরিবারের ব্যাপারটা যেন উনি বুঝতে পারেন।

নির্ঝর মাথা নাড়ল।

– তানভীরকে আমি সেটা বোঝাতে পারব। কিন্তু এরপর?

– এরপর... উনি যদি সত্যিই সিরিয়াস হন, তাহলে রেহনুমার পরিবারের সঙ্গে কথা বলার একটা উপায় বের করতে হবে। ওনাকে বোঝালে যদি..এম

– এত সহজ হবে না। রেহনুমার বাবা যখন বড় মেয়ের বিয়ে মেনে নেননি, তখন ছোট মেয়ের ব্যাপারেও সহজে রাজি হবেন বলে মনে হয় না।

ঊষসী একটু মন খারাপ করে বলল,

– তাহলে কি কিছুই করার নেই?

নির্ঝর তার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল,

– করার আছে। তবে তাড়াহুড়ো করে কিছু করা যাবে না।

নির্ঝরের কণ্ঠস্বর শুনে ঊষসী বলল,

– মানে? কি করতে হবে?

নির্ঝর ওর দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল,

– একটা ড্রামা।

ঊষসী ভ্রু কুঁচকে বল,

– মানে? আপনি ফাজলামি করছেন?

– না। তানভীরের সাথেই রেহনুমার বিয়ে হবে খুব শীঘ্রই তবে দুজনের কেউই কাউকে আগে থেকে চেনে না। বিয়ের প্রস্তাবের মাধ্যমেই ওদের পরিচয়।

ঊষসী কিছুই বুঝতে পারলো না। ভ্রু কুঁচকে চেয়ে সে বলল,

– মানে? কি বলছেন আগা গোড়া কিছুই বুঝতে পারছি না।

– সোজা কথা ওদের বিয়ে হবে কিন্তু সেটা অ্যারেঞ্জ ম্যারেজ। বাট…

– বাট?

– অ্যারেঞ্জড বাই মি।

ঊষসী বিষয়টা আঁচ করতে পেরে হেসে কিছু বলতে যাবে এমন সময় অপরিচিত নম্বর থেকে ফোন এল। নির্ঝর কল রিসিভ করতেই ওপাশ থেকে একজন ভদ্রলোক বললেন,

– আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট রাশেদুল ইসলাম বলছি। আপনি কি শেহজাদ শাহরিয়ার?

নির্ঝর কিছুটা অবাক হলো।

– জি, বলুন।

– বিক্রয় চুক্তিপত্র এর ব্যাপারে কথা ছিলো।

নির্ঝর এবার সোফায় হেলান দেওয়া ছেড়ে সোজা হয়ে বসে বলল,

– বিক্রয় চুক্তিপত্র?

– জি। সম্প্রতি রাজশাহীর পবা উপজেলার কাটাখালী এলাকায় অবস্থিত বসতভিটার জমির একটি অংশ কেনার জন্য আমার একজন মক্কেল বায়নাপত্র সম্পাদন করেছেন। চুক্তি অনুযায়ী, তিনি নির্দিষ্ট পরিমাণ অগ্রিম অর্থও পরিশোধ করেছেন। কিন্তু এখন পর্যন্ত জমির চূড়ান্ত দলিল সম্পন্ন হয়নি, এমনকি জমির দখলও বুঝে পাননি।

নির্ঝর কিছুটা বিস্মিত হয়ে বলল,

– এক মিনিট! আপনি কি ভুল নম্বরে ফোন করেছেন? আমি তো কোনো জমি বিক্রির চুক্তিই করিনি।

– আপনার নামেই একটি বায়নাপত্র রয়েছে। সেখানে বিক্রেতা হিসেবে আপনার নাম এবং স্বাক্ষর উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অগ্রিম অর্থ গ্রহণের বিষয়টিও লেখা আছে।

#চলবে…?

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 47 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন