#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(৪৮)
#তাবাসসুম_তাজ্বওয়ারী
– এক মিনিট! আপনি কি ভুল নম্বরে ফোন করেছেন? আমি তো কোনো জমি বিক্রির চুক্তি করিনি।
– আপনার নামেই একটি বায়নাপত্র রয়েছে। সেখানে বিক্রেতা হিসেবে আপনার নাম এবং স্বাক্ষর উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অগ্রিম অর্থ গ্রহণের বিষয়টিও লেখা আছে।
নির্ঝর এবার সোজা হয়ে বসল।
– আমি কোনো বায়নাপত্রে স্বাক্ষর করিনি। কোনো জমি বিক্রির সম্মতিও দিইনি। আর কোনো টাকাও গ্রহণ করিনি।
– আপনার বক্তব্য তাহলে সম্পূর্ণ ভিন্ন। তবে আমার কাছে থাকা কাগজপত্রে আপনার স্বাক্ষর রয়েছে। আমার মক্কেলও চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ করেছেন। এখন তিনি জমির দখল বুঝে নিতে চাইছেন।
– আপনার কাছে থাকা কাগজপত্রের একটা কপি আমাকে পাঠাতে পারবেন?
– অবশ্যই। তবে বিষয়টি বেশ কিছুদিন ধরে ঝুলে আছে। আমার মক্কেল ইতিমধ্যে যথেষ্ট অর্থ পরিশোধ করেছেন। তিনি আর অপেক্ষা করতে চাইছেন না। নির্ধারিত সময়ের মধ্যে সমাধান না হলে তিনি আইনি নোটিশ পাঠানোসহ পরবর্তী আইনগত পদক্ষেপ নিতে পারেন।
নির্ঝর শান্ত কণ্ঠে বলল,
– সেটা আপনার মক্কেলের অধিকার। তবে আমি যেহেতু এমন কোনো চুক্তি করিনি, তাই কাগজপত্র না দেখে কিছু বলা সম্ভব নয়। আপনি সবকিছু আমাকে পাঠিয়ে দিন। আমি যাচাই করে জানাচ্ছি।
– ঠিক আছে। আজই পাঠিয়ে দেব। আশা করি বিষয়টি দ্রুত নিষ্পত্তি হবে।
– জি, ধন্যবাদ।
কল কেটে নির্ঝর কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে রইল। তার মুখে স্পষ্ট বিস্ময়। ঊষসী এতক্ষণ নির্ঝরের কথাবার্তা শুনছিল। কাছে এসে জিজ্ঞেস করল,
– কী হয়েছে? কার ফোন ছিল?
নির্ঝর ফোনটা টেবিলে রেখে বলল,
– জমি বিক্রির একটা চুক্তির ব্যাপারে ফোন করেছিল।
– জমি বিক্রির চুক্তি? কার?
– নানুমনির রেখে যাওয়া সম্পত্তির একটা অংশের। লোকটার দাবি, আমার স্বাক্ষর করা বায়নাপত্র রয়েছে। এমনকি আমি নাকি অগ্রিম টাকাও নিয়েছি।
ঊষসী অবাক হয়ে বলল,
– আপনি?
– হ্যাঁ। অথচ আমি এসবের কিছুই জানি না।
– তাহলে এখন কী হবে?
– আগে কাগজটা দেখতে হবে। কে বা কারা আমার নামে চুক্তি করেছে, সেটাও জানতে হবে।
ঊষসী কিছুক্ষণ নির্ঝরের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর একটু চিন্তিত গলায় বলল,
– কিন্তু আপনার নামে এমন একটা চুক্তি হলো, অথচ আপনি কিছুই জানেন না! এটা কিভাবে সম্ভব?
নির্ঝর সোফায় হেলান দিয়ে বলল,
– কাগজে কী লেখা আছে, সেটা না দেখে কিছু বলা যাচ্ছে না। হতে পারে কোথাও কোনো ভুল হয়েছে। আবার অন্য কিছুও হতে পারে।
– আপনার নানুমনির সম্পত্তির ব্যাপারটা কি আগে থেকেই এমন ঝামেলাপূর্ণ ছিল?
– সম্পত্তি নিয়ে কিছু জটিলতা আছে। তবে এই ধরনের কোনো চুক্তির কথা কখনো শুনিনি।
ঊষসী একটু ভেবে বলল,
– আচ্ছা, জমিটা কোথায়?
– রাজশাহীর পবা উপজেলার কাটাখালী এলাকায়। নানুমনির কিছু জমি ওদিকে আছে।
ঊষসী ভাবতে ভাবতে বলল,
– যা বলা হচ্ছে এসব তো অসম্ভব ব্যাপার মনে হচ্ছে! আপনার সাইন অথচ আপনি ইনভলবডই নন!
নির্ঝর ওকে আশ্বস্ত করে বলল,
– তুমি চিন্তা করো না। মেইবি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমি দেখছি, খুব শীঘ্রই সল্ভ হবে।
– হু।
ঊষসী মাথা দোলালো।
.
প্যারিস রোডে দাঁড়িয়ে আছে রেহনুমা আর তানভীর। আশপাশে শিক্ষার্থীদের আনাগোনা থাকলেও রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকা দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ ধরেই অস্বস্তিকর নীরবতা। ঊষসী এক প্রকাশ ট্রিকস খাটিয়ে রেহনুমাকে পাঠিয়েছে। রেহনুমা একবার হাতঘড়ির দিকে তাকাল। তারপর বিরক্ত মুখে বলল,
– এটা তাহলে আপনার প্ল্যান? ঊষসীকে দিয়ে ডেকেছেন?
তানভীর বলল,
– না, আমি নিজেও জানি না তুমি যে এখানে থাকবে। আমাকে নির্ঝরই ডেকেছিল।
রেহনুমা অবাক কণ্ঠে বলল,
– নির্ঝর ভাইয়া? ওনিও আপনাদের সাথে যোগ দিয়েছে নাকি?
– হয়তো আমাদের একটু একা সময় দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
রেহনুমা দীর্ঘশ্বাস ফেলল।
– সবাই মিলে এসব করার কী দরকার ছিল?
– কারণ তুমি তো নিজে থেকে আমার সঙ্গে কথা বলার সুযোগ দাও না।
কথাটা শুনে রেহনুমা চুপ করে গেল। তানভীরও আর মজা করল না। কিছুক্ষণ পর শান্ত গলায় বলল,
– রেহনুমা, একটা কথা জিজ্ঞেস করব?
রেহনুমা চোখ তুলে তাকালো। তারপর নিচু স্বরে বলল,
– হুম।
– আমাকে এড়িয়ে যাওয়ার কারণটা কি? অপছন্দ করো? আমি তোমায় বিরক্ত করি?
রেহনুমা চোখ নামিয়ে নিল। উত্তরটা তার অজানা নয়, তবু মুখে আনতে প্রতিবারই কেমন যেন বাধে। কিছু সময় যাওয়ার পর তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে বলল,
– তুমি আমাকে মুখ ফুটে কিছুই বলবে না বুঝতে পেরেছি। আমি সবই জানি। কিন্তু তুমি আগে থেকে পিছিয়ে যাচ্ছো এটা কি ঠিক?
রেহনুমা কিছুক্ষণ চুপ থেকে বলল,
– আমি আমার পরিবারকে কষ্ট দিতে চাই না, তানভীর। আপুর বিয়ের পর থেকে বাসায় যা হয়েছে, তুমি হয়তো সবটা জানো না। বাবা এখনো আপুকে মেনে নিতে পারেননি। মা আপুর সঙ্গে কথা বললেও সেটা লুকিয়ে করতে হয়। আমি চাই না আমার জন্যও একই ঘটনা ঘটুক।
তানভীর মনোযোগ দিয়ে শুনল। মাঝখানে একবারও বাধা দিল না। রেহনুমা আবার বলল,
– নিজের পরিবার থেকে দূরে থাকাটা যে কতটা কষ্টের, সেটা আপু প্রতিদিন অনুভব করেন। আমি মাকে ওই অবস্থায় দেখতে চাই না। বাবার সঙ্গে মায়ের সম্পর্কটাও আরও খারাপ হোক, সেটা চাই না।
– বুঝতে পারছি।
– আপনি বুঝবেন না। আপনার কাছে হয়তো ব্যাপারটা সহজ মনে হচ্ছে। কিন্তু আমার কাছে না। আমি এখনো পড়াশোনা করছি। নিজের কোনো অবস্থানও তৈরি হয়নি। পরিবারকে অগ্রাহ্য করে কোনো সিদ্ধান্ত নেওয়ার সাহস আমার নেই।
তানভীর এবার একটু এগিয়ে এসে দাঁড়াল। কণ্ঠে আগের মতো হাস্যরস নেই বরং দৃঢ় স্বর,
– তোমার কাছে সহজ মনে হচ্ছে না বলেই তুমি চেষ্টা করবে না? অস্বীকার করতে পারবে আমার জন্য কোনো ফিলিংস নেই তোমার?
রেহনুমা তানভীরের দিকে তাকাল। প্রশ্নটা শুনে যেন মুহূর্তের জন্য তার বলার মতো কিছুই রইল না। চোখ সরিয়ে নিয়ে ধীর স্বরে বলল,
– সবকিছু কি ফিলিংস দিয়ে হয়?
– না, হয় না। কিন্তু ফিলিংস না থাকলে তো তুমি আমাকে এড়িয়ে যেতে পারতে। তাহলে এত ভয় পাচ্ছ কেন?
– আমি ভয় পাচ্ছি না।
– তাহলে আমার চোখের দিকে তাকিয়ে বলো, তুমি আমাকে পছন্দ করো না।
রেহনুমা এবার বিরক্ত হয়ে তাকাল।
– এভাবে জোর করছেন কেন?
– জোর করছি না। শুধু জানতে চাইছি, এতদিন ধরে যে মানুষটা তোমার একটা উত্তরের অপেক্ষায় আছে, তার জন্য তোমার মনে আদৌ কিছু আছে কি না।
রেহনুমা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর খুব নিচু স্বরে বলল,
– থাকলেও কী হবে?
তানভীরের মুখের অভিব্যক্তি বদলে গেল। ঠোঁটের কোণে ছোট্ট একটা হাসি ফুটে উঠলেও সে সেটা প্রকাশ করল না।
– অন্তত এটুকু জানব, আমার অপেক্ষাটা একতরফা নয়।
রেহনুমা চোখে চোখ রেখে বলল,
– যদি একতরফা হয়?
– সরে যাবো।
ফটাফট উত্তর তানভীরের। কোনো প্রকার সময় নিলো না জবাবের জন্য। রেহনুমা চমকে তাকালো। অজানা কারণে বুকের ভেতর চিনচিনে ব্যথা করে উঠলো। মুহূর্তেই মাথা নিচু করে নিলো সে। এটাই তো চায় সে! তাহলে এখন কেন এমন অনুভূতি হচ্ছে?
তানভীর রেহনুমার মুখের দিকে তাকিয়ে রইল। মেয়েটার হঠাৎ চুপ হয়ে যাওয়াটা তার চোখ এড়াল না। তবে সে আর কথাটা টেনে নিল না।
কিছুক্ষণ পর স্বাভাবিক গলায় বলল,
– কী হলো? চুপ করে গেলে যে?
রেহনুমা মাথা না তুলেই বলল,
– কিছু না।
– কিছু না হলে এমন মুখ করে আছ কেন?
– কেমন মুখ?
– মনে হচ্ছে আমি তোমাকে খুব বড় কোনো দুঃসংবাদ দিয়ে দিয়েছি।
রেহনুমা এবার তাকাল। কণ্ঠে সামান্য অভিমান মিশিয়ে বলল,
– না ভাবছি, আপনি তো খুব সহজেই সরে যাওয়ার কথা বলে দিলেন।
তানভীর একটু হেসে বলল,
– তুমি যদি আমাকে না চাও, তাহলে জোর করে তোমার জীবনে থাকার কোনো মানে হয়? ভালোবাসি বলে তোমার ওপর নিজের ইচ্ছেটা চাপিয়ে দিতে পারি না।
– তাহলে এতদিন ধরে পেছনে পড়ে আছেন কেন?
– কারণ এখনো তো তুমি আমাকে সরে যেতে বলোনি।
রেহনুমা কিছু বলতে গিয়েও থেমে গেল। তানভীর তার দিকে তাকিয়ে মৃদু হাসল। তানভীর বলল,
– একটা কথা বলি, নিজে নিজে ভবিষ্যত ভেবে বর্তমান নষ্ট কোরো না।
রেহনুমা চুপচাপ তাকিয়ে রইল তার দিকে। তানভীর এবার একটু গম্ভীর হয়ে বলল,
– ভবিষ্যতে কী হবে, সেটা আমরা কেউই জানি না। তোমার বাবা রাজি হবেন কি না, আমাদের পরিবার কীভাবে বিষয়টা নেবে, সবকিছুই অনিশ্চিত। কিন্তু সেই অনিশ্চয়তার ভয়ে এখন থেকেই সবকিছু শেষ করে দেওয়ার তো কোনো মানে হয় না।
– কিন্তু আমি চাই না আমার জন্য বাসায় আবার অশান্তি হোক।
– হবে না, এমন নিশ্চয়তা দিতে পারব না। তবে অশান্তি এড়ানোর জন্য আমি আমার দিক থেকে সবরকম চেষ্টা করব। তোমাকে কোনো কঠিন পরিস্থিতিতে একা দাঁড় করাব না।
রেহনুমা কিছু বলল না। তানভীর একটু হেসে পরিবেশটা হালকা করার চেষ্টা করল।
– আর শোনো, আমি কিন্তু এখনই তোমার কাছে বিয়ের তারিখ চেয়ে বসিনি। এত তাড়াহুড়ো কিসের?
রেহনুমা ভ্রু কুঁচকে বলল,
– কে বলেছে আমি বিয়ের তারিখ নিয়ে ভাবছি?
– তুমি না ভাবলেও আমি ভাবি। তবে সেটা তোমাকে এখনই জানিয়ে ভয় দেখানোর ইচ্ছা নেই।
– আপনি আসলে একদম অসহ্য!
– জানি। তবু তোমার আশপাশে সহ্য হয়ে যাচ্ছি, এটাই অনেক। চলো এবার একটু বসি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি।
দুজন বেঞ্চের দিকে এগিয়ে গেল। বসার পর রেহনুমা ব্যাগটা পাশে রেখে বলল,
– একটা কথা বলব?
– বলো।
– আপনি সত্যিই অপেক্ষা করবেন?
– হুম।
– কতদিন?
তানভীর এবার তার দিকে তাকাল। ঠাট্টার কোনো ছাপ নেই মুখে। গম্ভীর গলায় বলল,
– যতদিন প্রয়োজন হয়।
– যদি অনেক সময় লাগে?
– লাগুক।
– আর যদি শেষ পর্যন্ত কিছুই না হয়?
তানভীর কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর শান্ত গলায় বলল,
– তখনকার সিদ্ধান্ত তখন নেব। তবে একটা কথা মনে রেখো, তোমাকে পাওয়ার জন্য আমি তোমার পরিবারকে তোমার বিরুদ্ধে দাঁড় করাতে চাই না। তোমার মুখে হাসি দেখতে চাই, তোমাকে দুশ্চিন্তায় ফেলতে নয়। তাই সব চিন্তা ফেলে নিজের কাজে ফোকাস করো। বিয়ের ব্যাপারে তোমার ভাবতে হবে না। ওইটা ভাবার জন্য আমার মাথায় যথেষ্ট যদিও এটা আমার চেয়ে তুমি ভালো জানো।
রেহনুমা চোখ গরম করে তাকাল। তানভীর পকেট থেকে ফোন বের করে এমন ভাব করলো যেন আশেপাশে কাউকেই দেখছে না সে!
.
– আপনি সিওর আপনার প্ল্যান কাজে আসবে?
– না।
– তাহলে এই প্ল্যানে ভরসা করছেন কিভাবে?
– তুমি একটা প্ল্যান বানাও আমরা ভরসা করি।
ঊষসী চুপ হয়ে গেল। ফ্ল্যাটে হঠাৎ বিদ্যুৎ চলে গেছে তাই ওরা তাদের ফ্ল্যাটের সবচেয়ে ব্যালকনিতে বসে আছে। ফ্লোর সিটিংয়ে নির্ঝরের গা ঘেঁষে বসে আছে ঊষসী। আজকের চাঁদটা বেশ আলো ছড়িয়েছে।
নির্ঝর ঊষসীর দিকে একবার তাকিয়ে আবার সামনের অন্ধকার রাস্তার দিকে চোখ ফেরাল। বিদ্যুৎ না থাকায় আশপাশের ফ্ল্যাটগুলোর বারান্দাতেও মানুষজন বসে আছে। কোথাও মোমবাতির আলো, কোথাও মোবাইলের টর্চ জ্বলছে।
ঊষসী একটু নড়েচড়ে বসে বলল,
– আচ্ছা, রেহনুমা আর তানভীর ভাইয়ার ব্যাপারটা কি সত্যিই ঠিক হবে?
– সেটা ওদের দুজনের ওপর নির্ভর করছে।
– তানভীর ভাইয়া তো বেশ সিরিয়াস মনে হলো। রেহনুমাও যে কি করবে বুঝতে পারছি না। পছন্দ করে এটা আমি সিওর!
নির্ঝর মৃদু স্বরে বলল,
– তোমার বান্ধবীকে নিয়ে তোমার পর্যবেক্ষণ বেশ ভালো।
– অবশ্যই। ওকে আমি চিনি না?
নির্ঝর মাথা নেড়ে চুপ হয়ে গেল। একটু পর ঊষসী আবার বলল,
– আচ্ছা, বিয়ে হলে কিন্তু অনেক মজা হবে!
নির্ঝর কোনো উত্তর দিল না। ঊষসী নিজেই উৎসাহ নিয়ে বলতে শুরু করল,
– ভাবুন তো, রেহনুমার বিয়েতে আমরা কত আনন্দ করব! আচ্ছা, আমরা কোন পক্ষ হব? কনেপক্ষ, নাকি বরপক্ষ?
নির্ঝর এবার তার দিকে তাকাল।
– তুমি কোন পক্ষ হতে চাও?
– আরে, আমরা তো দুই পক্ষেই আছি!
কথাটা বলেই ঊষসী হেসে উঠল। প্রখর উৎফুল্য হাউ বলল,
– উফ! কী দারুণ হবে! কনেপক্ষের হয়ে রেহনুমাকে সাজাব, আবার বরপক্ষের হয়ে তানভীর ভাইয়াকে নিয়ে মজা করব। দুজনেরই খবর আছে তখন!
– বিয়ে হওয়ার আগেই দুজনের খবর নেওয়ার ব্যবস্থা করে ফেলেছ দেখছি।
– আরে, সেসব বাদ! বিয়ে হলে তো আরও কত কাজ! শপিং করতে হবে, গয়না কিনতে হবে, শাড়ি বাছাই করতে হবে। রেহনুমার বিয়ের শাড়িটা কিন্তু খুব সুন্দর হতে হবে। ওর জন্য লাল রঙের একটা শাড়ি হলে বেশ মানাবে। আমি কিন্তু সব কিছুতে থাকব বলে রাখছি!
– ওকে!
ঊষসী নিজের মতো কথা বলতে বলতে নিজের কল্পনায় ডুবে গেল।
– মেয়েদের বিয়ে নিয়ে কত রকম শখ থাকে! ছোটবেলা থেকে কত কিছু কল্পনা করে। লাল শাড়ি পরবে, হাতে মেহেদি থাকবে, চুড়ি পরবে, চুলে ফুল গুঁজবে... তারপর বিয়ের দিন সবাই মিলে সাজিয়ে দেবে। রেহনুমাকেও খুব যত্ন করে সাজাব। মেহেদী দেবে, টুকটুকে বউ সাজবে… ওর পছন্দমতো সবকিছু হবে। আর তানভীর ভাইয়াকে তো...
কথা বলতে বলতে হঠাৎ থেমে গেল ঊষসী। তারপর নিজেই হেসে বলল,
– উনাকে নিয়ে ভাবার কিছু নেই। উনি এমনিতেই বিয়ের জন্য প্রস্তুত হয়ে বসে আছেন!
– সবার শখ থাকে?
– হ্যাঁ অবশ্যই!
নির্ঝর আচমকা বলল,
– তোমার নিজের বিয়েতে এত শখ ছিল?
প্রশ্নটা করে নিজেই ঠোঁট চেপে রাখলো। ঊষসী একটু থমকাল। তারপর নির্ঝরের দিকে তাকিয়ে হেসেই বলল,
– নিজের বিয়ে নিয়ে শখ থাকবে না কেন?
– নাহ এমনি জিজ্ঞেস করছিলাম।
নির্ঝর স্বাভাবিকভাবেই প্রসঙ্গ ঘুরিয়ে দিতে চাইলো কিন্তু ঊষসী কিছুক্ষণ চুপ করে রইল। তাদের বিয়েটা তো এমন পরিকল্পনা করে হয়নি। লাল শাড়ি, মেহেদি, গয়না, আত্মীয়স্বজনের ভিড় কোনোটাই সেভাবে ছিল না। ঘটনাচক্রে একদিনেই বদলে গিয়েছিল তার জীবনের পরিচয়।
ঊষসী হালকা হেসে বলল,
– ছিল তো। তবে সব শখ তো আর পূরণ হয় না।
নির্ঝর তার মুখের দিকে তাকিয়ে রইল। অন্ধকারে মুখটা স্পষ্ট দেখা না গেলেও কণ্ঠের হালকা পরিবর্তনটুকু বুঝতে অসুবিধা হলো না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে আশেপাশে তাকিয়ে বলল,
– বিদ্যুৎটা কখন আসবে বলা যাচ্ছে না। মনে হয় কোথাও কোনো সমস্যা হয়েছে। এভাবে কতক্ষণ বসে থাকতে হবে কে জানে!
একটু থেমে আবার বলল,
– এখানেই থাকবে, নাকি রুমে যাবে?
ঊষসী সঙ্গে সঙ্গে উত্তর দিল না। বরং একটু নড়েচড়ে নির্ঝরের দিকে সরে এল। দুজনের মাঝখানের বাকি দূরত্বটুকু কমিয়ে নির্ঝরের হাত জড়িয়ে কাঁধে মাথা রেখে বসে রইল। তারপর ধীরে ধীরে তার হাতের ওপর হাত রাখল। মৃদু স্বরে বলল,
– রুমে তো অন্ধকার, চাঁদের আলোয় এখানে থাকলেও মন্দ হবে না।
– দাঁড়াও।
নির্ঝর উঠে গেল। বেলকনির গ্রিলে লাগানো নেটের পর্দাটা টেনে দিলো। যদিও এত উপরে খুব একটা মানুষ নেই তবুও টেনে দিলো। এরপর ফিরে এসে ফ্লোর সিটিংয়ের ওপর লম্বা হয়ে শুয়ে পড়ল।
এক হাত মাথার নিচে রেখে অন্য হাতটা ঊষসীর দিকে বাড়িয়ে দিল।
– এদিকে এসো।
ঊষসী একবার তার বাড়িয়ে দেওয়া হাতের দিকে, তারপর নির্ঝরের মুখের দিকে তাকাল। আর প্রশ্ন না করে নির্ঝরের পাশে শুয়ে পড়লো। তারপর বেশ স্বাভাবিকভাবেই তার দিকে ঘেঁষে গিয়ে বিড়ালছানার মতো গুটিসুটি মে’রে রইল। আবারও নড়েচড়ে নির্ঝরের বুকে চেপে গেল। নির্ঝর ওর কাণ্ড দেখে বলল,
– বুকটা ছি’দ্র করে দিই? একদম ভেতরে ঢুকে পড়বে?
ঊষসী মুখ তুলে তাকাল। অন্ধকারেও তার মুখের দুষ্টু হাসিটা যেন টের পাওয়া গেল।
– আপনার সমস্যা কী? একটু আরাম করে শুতে দিচ্ছেন না কেন?
– আরাম করে শোয়ার নামে পুরো বুকের ওপর উঠে বসেছ।
ঊষসী নাছোড়বান্দা ভঙ্গিতে বলল,
– আমার নামে দলিল করা আছে। যখন ইচ্ছে উঠব, বসব, শুয়ে পড়ব। আপনাকে এত কৈফিয়ত দিতে হবে নাকি?
নির্ঝর হেসে ফেলল। মেয়েটা এখন বেশ অধিকার দেখায়, তার অবশ্য এটা খুব ভালো লাগে।
– দলিলটা কে করে দিয়েছে শুনি?
– বুকের মালিক।
– বেশ! তাহলে বুকের মালিকের জন্য একটু জায়গা ছেড়ে দাও। আমারও তো ঘুমোনোর অধিকার আছে।
ঊষসী এবার একটু সরে গেল বটে তবে নির্ঝরের বুক থেকে মাথা সরাল না। বরং তার শার্টের একপাশ মুঠোয় ধরে চোখ বন্ধ করে ফেলল। অর্ডার দেওয়ার মতো করে বলল,
– এইটুকু জায়গায় হয়ে যাবে। এর বেশি দিতে পারবো না, আপনি মানিয়ে নিন।
নির্ঝর নিচের দিকে তাকিয়ে মেয়েটার মুখ দেখার চেষ্টা করল। ঊষসী ততক্ষণে চোখ বন্ধ করে ফেলেছে, ঠোঁটের কোণে দুষ্টু হাসি। নির্ঝরও একটু হেসে নিজের দু হাত দিয়ে বুকের উপর থাকা বিড়াল ছানাটাকে আগলে নিলো। শালিক পাখি যেন খাঁচা ছেড়ে বেরোতে না পারে তাই মনের পাশাপাশি বন্দি করে নিলো বাহুবন্ধনে। ঊষসীর চুলে মুখ গুঁজে চোখ বুজলো। ঊষসীও নিশ্চিন্তে তার হাতের বেষ্টনীর মধ্যে নিশ্চিন্তে শুয়ে রইল। বাইরে তখনও বিদ্যুৎহীন শহরের ওপর চাঁদের আলো ছড়িয়ে আছে।
#চলবে…?
(ভুল ত্রুটি হলে দেখিয়ে দিবেন অবশ্যই☺️)