ফন্ট সাইজ:
থিম:
কদম গুচ্ছের কাব্য গাঁথা

পর্ব 49

লেখক: তাবাসসুম তাজ্বওয়ারী

#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(৪৯)
#তাবাসসুম_তাজ্বওয়ারী

– ঊষসী শোনো।

ঊষসী ভ্রু কুঁচকে বলল,

– বলুন?

– আমি চট্টগ্রাম যাব, তুমি কি থাকতে পারবে নাকি তোমাদের বাসায় দিয়ে আসবো?

ঊষসী ভ্রু কুঁচকে বললো,

– হঠাৎ? চট্টগ্রাম কেন?

– জমির বিষয়টা দিনদিন জটিল হচ্ছে। ওরা চাইছে সামনাসামনি বসে সমাধান করতে।

বেশ কয়েকটা দিন এই জটিলতা নিয়ে নির্ঝরের ব্যস্ততার মধ্যেই কেটেছে। আইনজীবীর কাছ থেকে বায়নাপত্রের কপি পাওয়ার পর সে বিষয়টি নিয়ে বেশ কয়েকবার কথা বলেছে। কাগজপত্রগুলো একাধিকবার খুঁটিয়ে দেখেছে। কিন্তু প্রতিবারই নতুন কিছু প্রশ্ন সামনে এসেছে, যার উত্তর তার কাছে নেই।
সবচেয়ে বড় কথা, যে জমি বিক্রির কথা বলা হচ্ছে, সেটি তার নানির সম্পত্তি। অথচ জমিটি বিক্রির বিষয়ে সে কিছুই জানে না। এমনকি বায়নাপত্রে উল্লেখ করা অগ্রিম অর্থ গ্রহণের বিষয়টিও তার সম্পূর্ণ অজানা। কাগজপত্রে স্পষ্টভাবে তার নাম ও স্বাক্ষর রয়েছে। সেখানে বিক্রেতা হিসেবে তাকেই দেখানো হয়েছে এবং অগ্রিম অর্থ গ্রহণের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। কিন্তু নির্ঝর জানে, সে কখনো এমন কোনো চুক্তিতে স্বাক্ষর করেনি কিংবা কারও কাছ থেকে কোনো টাকা গ্রহণ করেনি।

এদিকে ক্রেতাপক্ষও আর অপেক্ষা করতে রাজি নয়। তাদের বক্তব্য, টাকা পরিশোধের পরও জমির দখল কিংবা চূড়ান্ত দলিল কোনোটিই তারা পায়নি। তাই এবার সরাসরি আলোচনার মাধ্যমে সমাধান না হলে তারা আইনগত পথে এগোবে।

ঊষসী কৌতূহলী হয়ে বলল,

– ওরা মানে?

– আইনজীবী। উনি জানিয়েছেন, তাঁর মক্কেল চট্টগ্রামে থাকেন। তাই আমাকে সেখানে গিয়ে সরাসরি কথা বলতে বলেছেন।

কয়েক মুহূর্ত থেমে আবার বলল,

– উনারা আর দেরি করতে চাইছেন না। অনেকদিন ধরেই বিষয়টা ঝুলে আছে। এবারও যদি কোনো সমাধান না হয়, তাহলে আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।

ঊষসীর মুখের ভাব কিছুটা বদলে গেল। সে দুশ্চিন্তা মাখা গলায় বলল,

– কিন্তু আপনি তো বলেছিলেন, ওই জমি বিক্রির ব্যাপারে আপনি কিছুই জানেন না। তাহলে আপনার একা গিয়ে কথা বলার কী দরকার?

– সেটা তো আমরা বলছি কিন্তু কাগজপত্রে আমার স্বাক্ষর আছে, অগ্রিম টাকা গ্রহণের কথাও উল্লেখ আছে। অথচ আমি এসবের কিছুই জানি না। খুব জটিল বিষয় তাই সামনাসামনি কথা বলে বিষয়টা পরিষ্কার করা দরকার।

ঊষসী কিছুক্ষণ চুপ করে রইল। তারপর জিজ্ঞেস করল,

– কবে যাবেন?

– কাল।

– তাহলে আমিও যাব আপনার সঙ্গে।

নির্ঝর সঙ্গে সঙ্গে মাথা নাড়ল।

– না, তোমাকে যেতে হবে না।

– কেন? আমি গেলে সমস্যা কোথায়?

– সমস্যা নেই। কিন্তু সেখানে গিয়ে কতদিন থাকতে হবে, কী পরিস্থিতি তৈরি হবে, কিছুই জানি না। অনেক দৌড়াদৌড়ি আছে তাছাড়া তোমার ক্লাসও আছে। তুমি এখানেই থাকো।

ঊষসী মুখ ভার করে বলল,

– তার মানে আপনি একাই যাবেন?

– হ্যাঁ। দু-এক দিনের বেশি লাগার কথা নয়। চলে আসব। তুমি কোথায় থাকবে সেটা বলো।

– এখানেই থাকবো আবার কোথাও থাকতে যাবো কেন?

নির্ঝর ভ্রু কুঁচকে বলল,

– তুমি না রাতে একা ভয় পাও? কি করে থাকবে?

– যেমনই হোক আমার তো দুটো দিন পরই এক্সাম কিভাবে যাবো?

নির্ঝর ভাবলো তারপর বলল,

– তাহলে কিভাবে থাকবে?

ঊষসী একটু ভেবে বলল,

– রেহনুমা এসে থাকবে। ওকে বললেই চলে আসবে।

– সিওর?

– অবশ্যই, আমার জন্য দু-একদিন ম্যানেজ করতে পারবে।

নির্ঝর কিছুক্ষণ চুপ থেকে বলল,

– আগে ওর সঙ্গে কথা বলে দেখো। শুধু আমার যাওয়ার কথা শুনে ওর ওপর হুট করে দায়িত্ব চাপিয়ে দিয়ো না।

– হু।

ঊষসী আর কথা বাড়াল না। মনে মনে ঠিক করল, আজই রেহনুমার সঙ্গে কথা বলে নেবে। সত্যিই নির্ঝর না থাকলে ফ্ল্যাটে একা থাকতে পারবে না সে। তাই একা থাকার চেয়ে রেহনুমা পাশে থাকলে মন্দ হয় না।
রাতের খাবারের পর নির্ঝর নিজের ঘরে বসে ব্যাগ গুছাচ্ছিল। প্রয়োজনীয় কাগজপত্রগুলো একটি ফাইলে গুছিয়ে রাখছে। ঊষসী বিছানার একপাশে বসে ফোনে রেহনুমাকে কল দিল।
দুবার রিং হতেই ওপাশ থেকে রেহনুমার কণ্ঠ ভেসে এল।

– কী রে? এত রাতে হঠাৎ মনে পড়ল?

– একটা দরকার ছিল।

– বল। কী হয়েছে?

ঊষসী একটু ইতস্তত করে বলল,

– নির্ঝর কাল চট্টগ্রাম যাবে।

– আচ্ছা। তারপর?

– আমি কয়েকদিন একা থাকব। তাই ভাবছিলাম, তুই যদি দু-একদিন আমার এখানে থাকতি!

ওপাশে কয়েক মুহূর্ত নীরবতা। তারপর রেহনুমার দুষ্টু স্বরে বলল,

– ওহ! নির্ঝর ভাই বাসায় থাকবেন না, তাই আমাকে স্মরণ করা হয়েছে?

ঊষসী চোখ ছোট করে বলল,

– বেশি কথা বলিস না। থাকবি কি না বল।

– থাকব না বলেছি নাকি?

– তাহলে কাল ক্লাসের পরই আমার সাথে চলে আসবি!

– হ্যাঁ রে। এবার ফোন রাখ, পড়তে বসেছিলাম।

– আচ্ছা, কাল দেখা হবে।

কল কেটে ঊষসী ফোনটা পাশে রাখল। মুখে স্বস্তির ছাপ ফুটে উঠেছে। ঠিক তখনই নির্ঝর ফাইল হাতে ঘরে ঢুকল।

– কথা হয়েছে?

– হ্যাঁ। কাল ক্লাস শেষ করে চলে আসবে।

নির্ঝর মাথা নাড়ল।

– ভালো। ও এলে আমাকে একবার জানাবে।

ঊষসী বিছানা থেকে নেমে নির্ঝরের কাছে এসে দাঁড়াল।

– আপনি এত চিন্তা করছেন কেন? আমি ঠিক থাকতে পারব।

– জানি।

– তাহলে বারবার একই কথা বলছেন কেন?

নির্ঝর ফাইলটা টেবিলে রেখে ওর দিকে তাকিয়ে বলল,

– কারণ তোমার নিজের খেয়াল রাখার কথাটা বিশ্বাস হয় না।

ঊসসী সরু চোখে তাকালো। এবার মুখ গম্ভীর করে বলল,

– আপনি চট্টগ্রামে গিয়ে নিজের খেয়াল রাখবেন। ঠিকমতো খাবেন, সময়মতো ঘুমাবেন। শুধু আমাকে উপদেশ দিলেই হবে?

নির্ঝর কয়েক মুহূর্ত ওর দিকে তাকিয়ে থেকে বলল,

– আচ্ছা, রাখব।

– আর পৌঁছে আমাকে ফোন করবেন।

– করব।

– শুধু পৌঁছে না। মাঝেমধ্যেও করবেন।

নির্ঝর মৃদু হেসে মাথা নাড়ল। মিষ্টি গলায় বলল,

– ঠিক আছে, ম্যাডাম।

ঊষসী ঘুমোতে চলে গেল। কাল সকাল সকাল উঠতে হবে।

পরদিন ভোর,
নির্ঝর বের হওয়ার জন্য তৈরি। পরনে হালকা রঙের শার্ট, কালো প্যান্ট। এক হাতে ট্রাভেল ব্যাগ।
ঊষসী দরজার পাশে দাঁড়িয়ে তার ব্যাগের চেইনটা আরেকবার পরীক্ষা করে দিল।

– সব নিয়েছেন তো?

– হ্যাঁ।

– ফাইল?

– আছে।

– চার্জার?

নির্ঝর ব্যাগের দিকে তাকিয়ে বলল,

– সেটাও আছে।

ঊষসী কিছুক্ষণ চুপ করে থেকে বলল,

– সাবধানে যাবেন।

– হুম।

– আর পৌঁছে ফোন করবেন।

– বলেছি তো করব।

ঊষসী একটু এগিয়ে এসে তার শার্টের কলারটা ঠিক করে দিল। তারপর নিচু স্বরে বলল,

– তাড়াতাড়ি ফিরে আসবেন।

নির্ঝর ওর দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। তারপর মাথায় আলতো করে হাত রেখে বলল,

– চেষ্টা করব।

– চেষ্টা না। আসবেন।

নির্ঝরের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটল। ঊষসীর আরেকটু কাছাকাছি এসে ওর কপালে ঠোঁট ছুঁইয়ে বলল,

– আচ্ছা, আসব ইনশাআল্লাহ্। তুমি সাবধানে থাকবে। ভার্সিটিতে গিয়ে জানাবে। কোনো সমস্যা হলে তানভীরদের জানাবে। ওকে?

– ওকে স্যার।

নির্ঝর মৃদু হেসে বিদায় দিয়ে সে বেরিয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে ঊষসী কিছুক্ষণ তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে দরজাটা বন্ধ করে দিল। তখন মাত্র ভোর পাঁচটা বেজেছে। সে আরেকটু ঘুমিয়ে নিবে তারপর উঠে ভার্সিটি।

.

সকাল আটটা পেরিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনা বাড়তে শুরু করেছে। কেউ ক্লাসের তাড়ায় ছুটছে, কেউ আবার বন্ধুদের সঙ্গে চায়ের দোকানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে।
ঊষসী ব্যাগ কাঁধে নিয়ে রেহনুমার পাশে হাঁটছে। সকালবেলা নির্ঝর বেরিয়ে যাওয়ার পর আর ঘুমায়নি সে। তাড়াহুড়ো করে তৈরি হয়ে ভার্সিটিতে চলে এসেছে। ঊষসী একবার ওর দিকে তাকিয়ে বলল,

– কী রে, এত চুপচাপ কেন?

– কই?

– ভার্সিটিতে জামাই নেই তাই?

ঊষসী চোখ পাকিয়ে তাকালো। রেহনুমা হেসে বলল,

– এভাবে তাকিয়ে লাভ নেই সব বুঝি আমি হু!

ঊষসীও পাল্টা জবাব দিল,

– কেন তানভীর ভাই না থাকলে বুঝি তোর খারাপ লাগে?

রেহনুমা সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নিল।

– আমার আবার খারাপ লাগবে কেন? ও থাকলেই তো শান্তি নেই। সারাক্ষণ পেছনে লেগে থাকে।

ঊষসী মুচকি হেসে বলল,

– তাই নাকি?

– তুই নিজের কথা বল। আমার পেছনে লাগতে হবে না।

– আমি তো কিছু বলিনি। শুধু জানতে চাইলাম, তানভীর ভাইকে আজ এখনো দেখলাম না কেন?

রেহনুমা বিরক্ত হয়ে বলল,

– দেখার এত শখ হলে ফোন করে খোঁজ নে।

ঊষসী হেসে উঠল।

– আমার শখ নেই। তোর আছে কি না সেটাই জানতে চাচ্ছি।

– ঊষসী!

রেহনুমার ধমকে ঊষসী আরও জোরে হেসে ফেলল। দুজন কথা বলতে বলতে ডিপার্টমেন্টের দিকে এগিয়ে গেল।

বিকেলে ফ্ল্যাটে রেহনুমাকে নিয়ে এলো। ঊষসী তখন নিজের ঘরে বসে ফোন হাতে নিয়ে নির্ঝরকে কল দিল।
দুইবার রিং হতেই ওপাশ থেকে নির্ঝরের কণ্ঠ ভেসে এল।

– হ্যাঁ, বলো।

ঊষসীর মুখে হাসি ফুটল।

– কী করছেন?

– গাড়ি ব্রেক দিয়েছে একটু বাইরে এসেছি।

– খেয়েছেন?

– হ্যাঁ, দুপুরে খেয়েছি। তুমি?

– আমিও খেয়েছি। রেহনুমা এসেছে।

– ভালো। ওর সঙ্গে থেকো। আমি ফিরতে একটু দেরি করতে পারি।

– আচ্ছা। পৌঁছে ফোন করবেন।

– ঠিক আছে।

কথা শেষ করে ঊষসী ফোনটা নামিয়ে রাখল। নির্ঝরের সঙ্গে কথা হয়ে যাওয়ায় মনটাও হালকা লাগছে। একটু পর রেহনুমা রুমে এসে বলল,

– কী রে, জামাইয়ের সঙ্গে কথা বলা শেষ?

ঊষসী ফোনটা বিছানায় রেখে বলল,

– হ্যাঁ। তোর স্পেশাল চা বানিয়ে দে তো!

– বুঝলাম। আমি এখানে চা বানিয়ে আনবো আর তুই ফোনে মধুর আলাপ করছিস!

– তুই চাইলে তোর জন্যও একজনের ব্যবস্থা করে দিতে পারি।

রেহনুমা চোখ বড় বড় করে তাকিয়ে ধমকে বলল,

– খবরদার! আমার নামের সঙ্গে আর কারও নাম জড়াবি না।

ঊষসী হেসে চায়ের কাপ হাতে নিল। এভাবেই প্রথম দিনটা কেটে গেল। পরদিনও ক্লাস, বন্ধুদের সঙ্গে আড্ডা আর পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকল দুজন। নির্ঝরের সঙ্গেও কথা হলো। সে জানাল, কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি তবে চেষ্টা করছে দ্রুত ফিরে আসার। ঊষসীও বেশি কিছু জিজ্ঞেস করল না। শুধু বারবার মনে করিয়ে দিল, ঠিকমতো খাওয়া-দাওয়া করতে।
পরদিন সকালে ঘুম থেকে উঠে ঊষসী প্রথমেই ফোনটা হাতে নিল। নির্ঝরের কোনো কল বা মেসেজ নেই। অবশ্য এত সকালে ফোন না করাটা অস্বাভাবিক নয়। সে নিজেই একটা মেসেজ পাঠাল।

– ঘুম থেকে উঠেছেন?

কিছুক্ষণ পরও কোনো উত্তর এল না। ঊষসী ভাবল, হয়তো ব্যস্ত আছে। তাই আর বিরক্ত করল না।
দুপুর গড়িয়ে বিকেল হলো। রেহনুমা তখন পড়ার টেবিলে বসে নোট দেখছিল। ঊষসী নিজের পড়া শেষ করে নির্ঝরকে ফোন দিল। বেশ কিছুক্ষণ রিং হলেও কেউ ধরল না। সে ফোনটা নামিয়ে রাখল।
কিছুক্ষণ পর আবার কল দিল। এবারও একই অবস্থা। এবার তার কপালে চিন্তার ভাঁজ পড়ল।
ওর চেহারা দেখে রেহনুমা বই থেকে মুখ তুলে তাকাল।

– কী হয়েছে?

– নির্ঝরকে ফোন দিচ্ছি। ধরছে না।

– হয়তো কোনো কাজে ব্যস্ত আছে। চট্টগ্রামে গিয়ে তো আর বসে নেই।

– হ্যাঁ, তা তো বটেই।

ঊষসী কথাটা স্বাভাবিকভাবেই বললেও ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। কিন্তু কেমন যেন চিন্তা হচ্ছে।

সারাদিন নির্ঝরের ফোন না পেয়ে ঊষসী সন্ধ্যার দিকে আবার কল দিল। কিন্তু এবার ওপাশ থেকে যান্ত্রিক কণ্ঠ ভেসে এল,
"আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।"

ঊষসী আঁতকে উঠল। তারপর তড়িঘড়ি করে আবার চেষ্টা করল। একই বার্তা! তার বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। দুদিন আগে যাওয়ার সময় মানুষটা নিজেই বলেছিল, পৌঁছে ফোন করবে, মাঝেমধ্যে খোঁজ নেবে। অথচ আজ সারাদিন কোনো যোগাযোগ নেই। কোনো কল নেই, মেসেজ নেই এখন ফোন বন্ধ! এবার আতঙ্ক ছড়িয়ে পড়লো গোটা মস্তিষ্কে। মাথাটা ভনভন করে ঘুরছে কেমন দিশেহারা হয়ে অস্থির হয়ে উঠলো সে। কোথায় নির্ঝর? ফোন বন্ধ কেন? কার কাছে খোঁজ নেবে সে?

#চলবে…?

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 49 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন