ফন্ট সাইজ:
থিম:
অশুদ্ধ দরিয়া

7

লেখক: তাজরীন খন্দকার

প্রায় অর্ধ যুগ পর একটা মানুষকে দেখেছি, ভয়ে কোনোদিন তার চেহেরা কেমন সেটাও খেয়াল করা হয়নি। তবুও কেন জানি তাকে আমি চিনতে ভুল করিনি। তারও বয়স বেড়েছে, হাড্ডিসার শুকনো কাঠির মতো শরীরটায় এখন অল্প মাংস হয়েছে, মুখেও পরিপূর্ণ দাড়িগোঁফ গজিয়েছে। এবার কেন জানি ভয় হলোনা, আমার বুক কাঁপলোনা। তাই খুব স্বাভাবিক ভাবেই বললাম,

' মরনের আগে দেখা দিতে পাইরা আমারও ভাল্লাগতাছে, ওইদিনের লাইগা ক্ষমা চাওন উচিত আছিলো।

' ভুল আছিলো বইলাই সাজা পাইছিলাম, সেই সাজায় সাজায় ৩ বার তোমার বাড়িত প্রস্তাব পাঠানের পরেও তারা বিয়া দিতে রাজী হয় নাই।

এমন একটা আশ্চর্যজনক কথা শুনেও আমি দাঁত খিঁচিয়ে চুপ করে রইলাম৷ অবাক হইনি যে তা না, কারণ প্রস্তাবের ব্যপারে আমি কখনো শুনিইনি। কিন্তু এই মূহুর্তে আমি স্বাভাবিক কথা বলার অবস্থায় নেই। পেটে এতো ব্যথা হচ্ছে যে, আমি সোজা হতে পারছিলাম না। আমার চুপ থাকাকে সে বিরক্তি মনে করে বললো,

' অপ্রাসঙ্গিক কথা কওনের লাইগা মাফ চাই। আসলে শেষবার আমার বাপেরে অপদস্ত করনের পরে আর তোমারে পাওনের আশা করি নাই। ভালোই হইছে আমার কাছে বিয়ে দেয় নাই, তারা এর চেয়ে ভালা ঘরে বিয়া দিছে! সুখে আছো দেইখা আমারও আর দুঃখ নাই।

' হুম আল্লাহ রাখছে ভালাই। আপনিও ভালা থাইক্কেন। মানুষ আসা যাওয়া করতাছে, চেনা কেউ দেখলে আবার কলঙ্ক তুলবো। এমনেই মানুষ....

' মানুষ কোনডারে কলঙ্ক কয়? অইদিন তহ তুমি কিছু করোনাই।

পেটের তীব্র ব্যথায় কুঁকড়ে গিয়ে দুইহাত এবার পেটে চেপে ধরেছি। আমার খারাপ অবস্থা তার কাছে এবার আর অগোচর হলোনা। অস্থির গলায় বললো,

' তোমারে অসুস্থ মনে হইতাছে। কিছু হইছে?

আমি সাথে সাথে হাত সরিয়ে জোরপূর্বক হেসে কিছু না হওয়ার ভান করে বললাম,

' বাচ্চাডা ব্যাগ নিয়া যাওয়ায় পেছনে দৌঁড় দিছিলাম। পেটে টান খাইছি।

' বেশি খারাপ লাগলে আমারার বাড়িত আইয়ো, ওই যে বামের পইলা বাড়িটাই।

আমি একটু তাকালাম, বাড়ি বুঝা যাচ্ছেনা গাছের জন্য। তারপর নড়েচড়ে সোজা হয়ে দাঁড়িয়ে বললাম,

' ঠিক হইয়া গেছে। চইলা যাইতে পারুম।

বলেই আমি হাঁটা ধরলাম। আমার পেছনে সে তাকিয়ে রইলো। আমি ভান করেও স্বাভাবিকভাবে হাঁটতে পারছিলাম না। প্রতিটা হাঁটায় পেটের মাংসপেশিগুলো যেন ছিঁড়ে যাচ্ছিলো। রাস্তা সোজা বলে আমাকে স্পষ্ট দেখা যাচ্ছিলো। আমার সামনে থেকে আমাদের বাড়ির পাশের একজনকে হেঁটে হাটের দিকে আসতে দেখলাম। হোসেন ভাই বলে ডাকি তাকে। আমাকে দেখে দাঁড় করিয়ে বললো,

' সোহানা ওইদিনকার সালিশে তোর কথা শুইনা বহুত খারাপ লাগছে। তোর জামাই কেমনে পারলো আরেকটা বিয়া করতে?

আমি কোনো রকম অস্পষ্ট উচ্চারণে বললাম,

' ভাই কপালে আছিলো তাই হয়ছে। সবই আমার কিসমত ভাই, খণ্ডানের উপায় নাই।

' তোরে এমন লাগতাছে ক্যান?

' কিছু না ভাই, ছুডাইয়া হাঁটছি বইলা হয়রান হইয়া গেছি।

' গাছটার নিচে বইয়া জিরায়া ল, আস্তে আস্তে বাড়িত যা।

' আইচ্ছা।

আমি গাছের নিচে বসে পেছনে তাকালাম। তাকিয়ে দেখি ছেলেটাকে দূরে এখনো দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। তার ভালো নাম জানিনা, তখন তাকে সবাই টিটু ভাই বলে ডাকতো। এটাই আমি জানি। আমার সাথে কথা বলে হোসেন ভাই দ্রুত হেঁটে সামনে যেতে লাগলো। আমি আবারও কিছুক্ষণ পর তাকালাম, তাকিয়ে দেখলাম হোসেন ভাই তার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। তারা কথা বলতেছে এটা বুঝতে পেরে আমার ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠলো, টিটু আমার কথা জিজ্ঞাসা করছে কিনা সন্দেহ হলো আমার। হোসেন ভাই ঠোঁটকাটা মানুষ, একটু লেস পেলে পেটের কথাও সব বলে দেয়।

তাদেরকে প্রায় মিনিট পাঁচেক কথা বলতে দেখলাম। হোসেন ভাই যখন সেখান থেকে সামনে চলে যাচ্ছে, তখন আমি উঠে দাঁড়ালাম। ব্যথা কিছুটা কমেছে বলে আবারও হাঁটতে শুরু করলাম।

আমার পেছন পেছন ধীর পায়ে টিটুকে আসতে দেখলাম। প্রায় অনেকটা পথ পেছন পেছন আসলো। এরপর একটা মোড়ে ঢুকে যাওয়ার পরই তাকে আড়াল করতে পারলাম। হোসেন ভাই হয়তো টিটুকে কিছু বলে দিতে পারে, নয়তো আমি বসে পড়েছি বলে আমি ঠিক নেই এমন ধারণায় পিছু নিয়েছিলো, লোকে আবার খারাপ কিছু বলবে ভেবে সাথে আসার সাহস করেনি!

এদিকে পেছনে আর তাকে না দেখে স্বস্তি পেলাম।

বাড়িতে এসেই বিছানায় শুয়ে পড়লাম। আম্মা ব্যাগ খুলে কাপড়গুলো নেড়েচেড়ে দেখলো। দুই জোড়া জুতো দেখে বললো,

' দুই জোড়া জুতা আনছত ক্যান?

' তোমার লাইগা এক জোড়া।

' আমার জুতা আছেনা?

' হ আছে, পইড়া গেলাম তো। তলা ফাইটা গেছে।

' আমি কি বাইরে যাই? জুতা লাগেনা আমার।

' হ বুঝছি।

' তোর কি শইল খারাপ?

' পেটে ব্যথা আম্মা।

' এতবার পেটনষ্ট হলে কি মানুষ বাঁইচা থাকে? আল্লাহ যে তোরে টিকাইয়া রাখছে এইডাই শুকরিয়া।

' আম্মা?

' টিটু নামের পোলাডারে চিনো?

' তোরে যে চিঠি দিছিলো?

' হ।

' হ চিনুম না ক্যান?

' আমার লাইগা নাকি বিয়ার প্রস্তাব দিছিলো?

' হ দিছিলো তো। তোরে এই কথা কেডা কইলো?

' রাস্তায় দেখা হইছিলো।

' কি কস? তুই পোলার লগে রাস্তার মইধ্যে দাঁড়ায়া কথা কইছত?

' আমার ব্যাগ এক বাচ্চা নিয়া দৌঁড় দিছিলো, হে ফিরায়া দিছে। এমনে এমনেই দেখা, এরপর একটু কথা কইলাম।

' তিনবার প্রস্তাব দিছিলো, রাস্তাঘাটে মাইয়া মানুষদের চিঠি দেয়,ডিস্টাব করে! এইরম বজ্জাত বইলা তোর বাপে বিয়াত মত দেয় নাই। আজম তো কইয়া দিছিলো ওইডার লগে বিয়া দিলে বাড়ি ছাইড়া যাইবোগা।

আমি চুপ করে রইলাম। আম্মা আমার দিকে বিমর্ষ হয়ে তাকিয়ে বললো,

' এখন মনে হইতাছে ওই বজ্জাতের লগেই শান্তিতে থাকতি। একটু হইলেও দাম দিতো।

আমি চুপই রইলাম। আম্মা বুঝলো আমার খারাপ লাগছে। আমার পেটটার উপর হাত বুলিয়ে বুলিয়ে দোয়া দরুদ পড়ে ফুঁ দিতে লাগলো।

'

শুক্রবার জুম্মার এক ঘণ্টা পর আমাদের বাড়ির পেছনে বড় খোলা জায়গায় লোকজন জড়ো হলো, নূরপুর থেকে ১০-১২ জন লোক আসছে। সবাইকে নূরপুরের মনে হলোনা, অচেনা কয়েকজনও আছে। আমার কাকা গ্রামের জ্ঞানীগুনী, কাজী এবং গ্রাম্য মেম্বারকেও সেই সালিশে রাখলো। তারা সবাই যখন বসলো তখন আমার কাকা কথা শুরু করলো। আমরা ঘরের জানালা দিয়ে চুপ করে সবকিছু শুনছিলাম। কাকা বলতে লাগলো,

' কয়ডাদিন হইলো আমার ভাই দুনিয়া থেইকা গত হইছে, এই শোকের সময় তার আদরের মাইয়ার তালাকের কার্যকলাপ করতে খারাপ লাগতাছে কিন্তু সোহানা আমার মাইয়ার মতো, ওর কষ্ট সহ্য করতে পারি নাই। হেরে রাইখা হের জামাই না জানাইয়া আরেক বিয়া করছে। বেডা মানুষ বউ থুইয়া বিয়া করতে পারে, কিন্তু মিলের ভিত্তে না থাকলে এইডা মানন যায়না। তার উপ্রে মাইয়াডার উপরে শাশুড়ী সতীন মিইল্লা সবকিছু চাপায়া দেয়, অসম্মান করে। এই অবস্থায় আমরা তার ভাত খাওয়ামু না। তার অধিকার বুঝায়া তালাক দেওনের ব্যবস্থা করলে খুশি হমু। তার লাইগাই আপনারারে এক করছি।

নূরপুরের একজন মান্যগণ্য লোক কাকার কথার জবাবে দাঁড়িয়ে বললো,

' জামানের বউ সন্তান দেওনের উপযুক্ত না, হের বাচ্চা টিকেনা। তার উপ্রে তার বাপের বাড়িত্তে বিয়ার সময়ই কয়ডা জিনিস দিছিলো, এরপর ভালো কইরা মাইয়ার খোঁজ নেয় নাই, দুইডা ভাই থাকনের পরও কোনো করনদরন করে নাই। জামানের মা এইডা নিয়া অখুশি বইলা মাঝেমইধ্যে কথা শুনাইছে, কিন্তু জামান শেষ বেলায়ও কইছিলো তারে ন্যায্য অধিকার দিবো, অপেক্ষা করনের লাইগা, কিন্তু হে সেইডা করে নাই।

লোকটার কথা শেষ হওয়ার আগেই বিশাল দেহের কালো কুচকুচে একজন ব্যক্তি গর্জন দিয়ে দাঁড়িয়ে বললো,

' মুরব্বি থামেন! কি হইছে না হইছে ওইদিকে যামুনা। আজকে জামান ওই বেডিরে ছাড়বো এইডাই শেষ কথা।

আমাদের এখানকার কয়েকজন বলে উঠলো ' আপনে আবার কেডা? ওই পক্ষ থেইকা আইয়া এই পক্ষের কথা কন ক্যান?

লোকটা বললো,

' আমি আফসানার মামু, আফসানা হইলো জামানের পরের বউ। আমার ভাগ্নিরে সতীনের ঘরে রাখনের ইচ্ছা নাই। তাই এই তালাক কার্যকরনের লাইগা আমরা আইছি।

কাকা বললো,

' তাইলে তো হইলোই, জামান তুমি কিছু কওনের থাকলে কও।

' কাকা আমার মোহরানা ফিরায়া দেওনের মতন টাকাপয়সা নাই, তার জিনিসপত্র দুএকদিনের মইধ্যে ফিরায়া দিমু।

আফসানার ভাই এবার উঠে দাঁড়িয়ে গেলো, যিনি বোনের সবকিছু গোপন রাখার জন্য ওইদিন আমার শাশুড়ীকে হুশিয়ারি করছিলো। সে দাঁড়িয়ে বললো,

' মোহরানা কতো? আমরা দিয়া যামু।

কাকা বললো,

' এক লক্ষ এক টেহা।

সে সাথে সাথে বললো,

' জামাই তালাক দেন, টেহাপয়সা আমরার লগেই আছে।

কাকা আমাকে ডেকে নিয়ে গেলো। আর জামানকে বললো,

' তুমি পইলা মুখে তালাক দিবা, এরপর কাগজে সই দিবা।

আমাকে দেখে জামান সবার ভীড়েও স্থিরচক্ষে কিছু সময় তাকিয়ে রইলো। তারপর বললো,

' সবাইকে সাক্ষী রেখে আমার বড় বউ সোহানাকে তালাক দিতাছি। আজকের পর থেইকা তার উপরে আমার কোনো অধিকার নাই।

আমার চোখ বেয়ে অঝোরে পানি পড়ছিলো। আফসানার ভাই জামানের হাতে টাকার বান্ডিলগুলো দিয়ে বললো,

' জামাই এডি দিয়া দেন।

আমার কাকা বললো,

' এদিকে দেন, গুইনা লই। সোহানা তুই সই দিয়া ঘরে যা।

জামান সই করে মাথা নিচু করে বসে পড়লো, আমিও কাগজটা নিয়ে সই করলাম। তারপর আস্তে আস্তে ঘরের ভেতর চলে গেলাম। জামানের সঙ্গে আসা সবাই এক একে চলে যেতে লাগলো। আমাদের গ্রামের বহু মানুষ ভীড় করে দাঁড়িয়ে আছে। আমার দুই ভাইকেও কাকা বুঝিয়ে বসিয়েছিলো, তারা কেবল উপস্থিতি জানান দিতে বসেছিলো সেখানে। কিন্তু বোনের জন্য তাদের মুখ থেকে দুটো কথাও বের হয়নি।

সবাই ধীরে ধীরে চলে যাওয়ার পর আমার কাকা আমাদের ঘরে এলেন। এসে আমার হাতে টাকাগুলো দিয়ে বললেন,

' তুই চাস নাই, কিন্তু আমি তোর অধিকার আদায় কইরা দিলাম। জিনিসপত্র বাড়িত আইলে রাখবি কই?

' জানিনা কাকা।

' আমার ঘরে রাখিস কিছু, জায়গা কইরা দিমুনে।

' কাকা?

' কিছু কইবি?

' আফসানার বাড়ির লোক আমার দেহমোহর দিলো ক্যান?

' বুঝতাছিনা, যাওনের সময় কি জানি দলিলের কথা কইতেছিলো। বাড়িঘর আবার ওই বউয়ের নামে লেইক্কা নেয় কিনা কেডা জানে! যেই পার্টির হাতে পড়ছে কিছু ত্যাড়াব্যাকা হইলেই একবারে পিইষ্ষা ফালাইবো।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 7 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন