যেই স্বার্থপর দুনিয়ায় বিনিময় ব্যতীত কোনো কিছুই হয়না সেখানে বিবাহিত ছেলের কাছে এতকিছুর বিনিময়ে মেয়ে বিয়ে দেওয়া দৃষ্টিকটু। আবার তার আর্থিক ঘাটতি পূরণ করতে তার যেন মরিয়া!
আমার প্রাক্তন স্বামী জামান খুবই সাধারণ একটা মানুষ, তার মধ্যে আহামরি কিছু নেই যে তার জন্য কেউ লাখ লাখ টাকা খরচ করবে! কিন্তু তার শ্বশুরবাড়ির লোকজন সেটা করতেছে! এতটাই করতেছে যে অন্যজনের দেনমোহর অব্দি পরিশোধ করে দিচ্ছে। আবার কাজের জন্য মধ্যপ্রাচ্যের সবচেয়ে ব্যয়বহুল দেশে নেওয়ার কথাও দিয়েছে!
কাকা যখন বললো তারা কোনো দলিল নিয়ে কথা বলছিলো যেটা কিনা হতে পারে বউকে বাড়িটাড়ি লিখে দেওয়ার মতো কিছু! তখন কেন জানি আমার খারাপ লাগলো। জামানের বাড়িটা প্রায় দেড় বিঘা সমপরিমাণ জায়গা নিয়ে, সামনে একটা পুকুর। আর তাদের এইটুকু জায়গাই আছে। জামানের সবকিছু করে দেওয়ার বিনিময়ে তারা যদি জায়গাটা আফসানার নামে লিখিয়ে নেয় অবাক হওয়ার কিছুও নেই, কেননা সবাইই বিনিময় চায়। অন্যথায় কেন আর কোন ভরসায়ই বা তারা এতকিছু করবে?
তার সাথে তিনটা বছর ছিলাম, আর সেই তিন বছরে আমি তার অবনতিই দেখছিলাম শুধু। যদিও সবকিছুর দায় আমার উপরে ছিলো, তাই ভেবেছিলাম আমি চলে এলে হয়তো তাদের ভালো অবস্থা হবে কিন্তু যা আছে তাও যদি হারিয়ে ফেলে তাহলে আর কিই বা উন্নতি হলো!
জামান আমার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি, শুধু কখনো তার মায়ের কথার বাইরে যেতে পারেনি। হয়তো বিয়েটাও তার মায়েরই ইচ্ছে ছিল!
তার এই মা ভক্তিময় পূন্যের জীবনে আমি পাপ না থাকাই উত্তম ছিলো, তাই সরে এসেছি। এতটুকু সাহায্য তো করাই যায়!
পরেরদিন ছিলো বাজারবার, কাকাকে দিয়ে বাজার করিয়ে আনালাম। আম্মা ঘরের পাশ ঘেঁষে একটা চুলা বানিয়ে দিলো। সেদিনই বিকাল বেলা আমার সব মালামাল পাঠানো হলো। কিছু জিনিস কাকার ঘরে আর কিছু জিনিস গাদাগাদি করে আম্মার ঘরটায়ই রাখলাম। সেদিন বিকাল থেকেই আমি প্রথম আলাদা রান্নার আয়োজন করলাম। এতদিন আম্মাকে তারা যে খাবার দিতো, সেখান থেকে ভাগ করে আম্মা আমাকে দিতো। আমি আছি জেনেও তারা কোনোদিন দুইপিস মাছ কিংবা দুই প্লেট সমান ভাত দেয়নি। ততটুকুই দিয়েছে যতটা আম্মার প্রয়োজন। আব্বা মারা যাওয়ার দিন কিছু আত্মীয় স্বজন মুড়ি চিড়া আর কিছু শুকনো খাবার এনেছিলো, দুই মুঠো ভাত খেয়ে ওসব খেয়েই মা মেয়ের দিন চলছিলো। কিন্তু এবার সিদ্ধান্ত নিলাম ওদের দুইটা ভাতের নির্ভরতায় পড়ে থাকবোনা।
তার উপর তারা দুইবউ সারাক্ষণ ফিসফাস করে আর আমাদের ঘরের দিকে তাকিয়ে তাকিয়ে হাসে। আমার সংসার ভাঙাটাকে শেষ পর্যন্ত আমার জীবনের ব্যর্থতা হিসেবেই ধরে নিয়েছে তারা। তাদের এই রসিকতা আমার ভেতরে অন্য রকম একটা জেদ তৈরি করছিলো, তারা যেটাকে ব্যর্থতা বলে ধরে নিচ্ছিলো সেটাকেই আমি শক্তিতে রূপ দিতে চাইছিলাম।
আমাকে রান্না করতে দেখার পর সেদিন থেকে খাবার দিতেও এলোনা তারা, যদিও দরকার ছিলোনা তবুও শাশুড়ীর জন্য একবার আসতেই পারতো কিন্তু তাদের দায় যেন শেষ গেলো। দায়সারা হতে পেরে দুজনকেই বেশ ফুরফুরে লাগছিলো। আমারও ফুরফুরে লাগছিলো কারো উপর দায়বদ্ধ না থেকে।
পরেরদিন থেকে সেলাই মেশিনটাকে ছোট্ট খিড়কির পাশে রেখে আমার জামাগুলোই প্রথমে সেলাই শুরু করলাম। আমাদের বাড়ির আশেপাশে কারোরই সেলাই মেশিন নেই, কেউ সেলাই কাজ জানেও না। আমার মেশিনের আওয়াজে কয়েকজনই উঁকি মেরে দেখে গেলো বিষয়টা। সেদিন বিকাল থেকেই আমার কাছে একটা দুইটা করে কাপড় আসতে শুরু করলো। এতদিন যারা হাটে সেলাই করতে দিতো তারা ধীরে ধীরে আমার কাছে কাপড় নিয়ে আসতে লাগলো। সেলাই মেশিনটা আব্বা কিনে দিয়েছিলো, আমি যখন এইটের পর আর স্কুলে যেতে পারিনি তখন আব্বার কাছে বলেছিলাম আমি সেলাই কাজ শিখবো তখন একজন টেইলার মাস্টার দিয়ে আমাকে বেশ ভালোভাবে সবকিছু শিখিয়েছিলো। আর মেশিনটাও কিনে দিয়েছিলো। বিয়ের আগে আমি নিজেদের কাপড় চোপড়ই সেলাই করতাম। তাই বিয়ের পর শুরুতে মেশিনটা বাড়িতেই ছিলো, যখন জামানের অবস্থা বেশ করুণ, একেবারে শূন্য হাতে ঘরে বসে ছিলো তখন আমি মেশিনটা নিয়ে গিয়েছিলাম। প্রথমে খুবই অল্প আয় ছিলো সেটা কিন্তু তবুও তখন ভরসা দিতে চেয়েছিলাম। পরে তার দোকানে টুকটাক আয় শুরু হওয়ার পর আমি আর টাকা দেইনি, তখন যা পেতাম জমাতাম। জমাতে জমাতে ৮ হাজার টাকার মতো হয়েছিলো সেটা।
আমার ডিভোর্সের সপ্তাহ দশদিন পর থেকেই আমার জন্য এলাকার লোকজন বিয়ের প্রস্তাব নিয়ে আসতে লাগলো। যারা আমার জন্য মায়া করতো বিশেষ করে তারা। তারা আমাকে আবারও সংসারী হতে দেখতে চাওয়ার দরুন একের পর একটা প্রস্তাব নিয়ে আসতো, তবে প্রায় সবগুলোই বিবাহিত কোনো পুরুষ, যাদের বউ মারা গেছে কিংবা চলে গেছে, আবার কারো কারো বাচ্চাও আছে। কিন্তু আমার আম্মা সবাইকে বললো,
' তালাক হওনের তিনমাস অন্তত যাইতে দেন, এর আগে তো বিয়া দেওন যাইবোনা।
এর মধ্যে একটা বিয়ে আসলো যেটা ছিলো অবিবাহিত ছেলে, ছেলের নাম সাজ্জাদুর রহমান। আম্মার কাছে যাওয়ার পর আম্মা সেই একই কথা বলে দিলো,
' তিনমাস পরে আইয়েন।
অন্যদিকে আমি আম্মাকে বিয়ের ব্যপারে মত দিতে বারণ করলাম। আমি শারীরিক ও মানসিক দুইভাবেই বিধ্বস্ত তখন!
বুঝালাম, আগে নিজের শরীর ঠিক হোক, অবস্থান ঠিক হোক। বিয়ে তো একবার করেছিই। কুমারী তো আর নেই, আর সংসার না পাতলেই বা কি হবে!?
অন্যদিকে হাটের চেয়ে কম দাম রাখি বলে বাড়িঘরের সবাই ধীরে ধীরে আমার কাছে এনে কাপড় দিতে লাগলো। আমি বেশ যত্ন নিয়ে, সময় নিয়ে সুন্দর করে সবার কাজগুলো করে দিতে লাগলাম।
দামে কম আবার কাজ সুন্দর হওয়ায় আস্তে আস্তে এতো বেশি কাপড় জমতে লাগলো যে আমি সেলাই করে শেষ করতে পারছিলাম না। এদিকে আমি বেশিক্ষণ বসে থাকলে কোমরের ব্যথায় অস্থির হয়ে যেতাম।
আমাকে দেখে অনুপ্রাণিত হয়ে কয়েকজন আমার কাছে সেলাই শিখতে আসতো, শেষমেষ আমার চাপের কথা ভেবে তাদেরকে আমি ফ্রিতে সেলাই শেখানোর কথা ভাবলাম। শুরুও করলাম। সব জায়গায় মোটা অংকের ফি দিয়ে শিখতে হয় বলে শেখার জন্যও আমার কাছে লাইন লেগে গেলো। বিকাল বেলা এক ঘণ্টা করে শেখাতাম আর তাদের দিয়েই ধরিয়ে ধরিয়ে সেলাইগুলো করাতাম। তারপর আম্মা আমাকে বললো আমি যেন আরো দুইটা মেশিন কিনি আর তাদেরকে বেতন দিয়ে সেলানোর জন্য রাখি। যেহেতু গ্রামের একেবারেই সাধারণ ঘরের মেয়ে তারা, নিজেদের দুই টাকা উপার্জনেরও সুযোগ নেই, ভাবলাম আসলেই এটা খুব ভালো হবে। আমি আমার হাতে থাকা ৮ হাজার টাকা থেকে অবশিষ্ট ৬ হাজার টাকা দিয়ে দুইটা মেশিন কিনে নিলাম। যেহেতু আমাদের ঘরে জায়গা ছিলোনা, জায়গা নিয়ে একটা সমস্যা বেঁধে গেলো, চাচা তখন তার খাবার ঘরে দুইটা মেশিন রাখার অনুমতি দিলো।
এরপর আমার কাছে এসে কাজ করতে চাওয়া প্রায় ৭-৮ জনকে তাদের মতো করে সময় বের করে দুই তিন ঘণ্টা যাই পারে এসে সেলাই করতে বলতাম। যাই সেলাই করে তার অর্ধেক তাদেরকে দিয়ে বাকি অর্ধেক আমার থাকতো।
মাত্র দুই তিনমাসে আমার আয় ভালো একটা সংখ্যায় দাঁড়ালো। এখন সংসারের খরচ চালিয়ে কিছু সঞ্চয়ও থাকে। আম্মা আমাকে পরামর্শ দিলো আমি যেন আমার হাতে থাকা এক লাখ টাকা কাজে লাগিয়ে অন্যের অধিন থেকে এবার বের হই। কেননা তারা এসব সহ্য করতে পারছিলোনা। এতো মানুষের আনাগোনা হয় বলে প্রতিদিনই গালাগালি করতো। আবার দেখছিলো আমি তাদের দারস্থ হওয়া ছাড়াই আয় উন্নতি করে ফেলতেছি! কোনোভাবেই এসব মানতে পারছিলোনা। ভাইদের খুশি অখুশি বুঝতে পারিনি। তারা সবসময় একরকমই থাকে, গম্ভীর আর গা ছাড়া ভাব। কিন্তু ভাবীদের চেহেরায়ই ঈর্ষা স্পষ্ট। ছোটজন মাসখানেক বাড়িতে থেকে আবারও স্বামীর সঙ্গে নিজেদের কর্মস্থলে ফিরে গেছে। তাই বড়জনের সঙ্গী না থাকায় তাকে আর মন ভরে উপহাস করতে দেখিনি, যদিও উপহাসের পথ আমি কয়দিনেই বন্ধ করে দিয়েছি। এবার করলে শুধুই ঈর্ষাই করতে পারবে! যার দরুন বাড়িতে যেই আসে এটা ওটা বলে আমাকে খারাপ প্রমাণের চেষ্টা করে।আর বলে মা মেয়ে বাড়িঘর চিরদিনের জন্য দখল করে ফেলার পায়তারা করতেছে!
শেষ পর্যন্ত এসব কথা থেকে মুক্তি পেতে আম্মার প্রস্তাব গ্রহণ করলাম, পাশের বাড়ির চাচার অযথা পড়ে থাকা ৮ শতক জমি কিনলাম আশি হাজার টাকা দিয়ে। এর কম হলেও আমার হতো, কিন্তু চাচা ৮ শতকের কমে বেচতে রাজী ছিলোনা। টাকা বেশি খরচ হয়ে যাওয়ায় একটা ঘর করতে গিয়ে টাকায় আর কুলাতে পারলাম না। বাধ্য হয়ে আমার স্বর্ণ আর ফার্নিচারগুলোর একাংশও বিক্রি করে দিলাম। তারপর টিন দিয়ে দুচালা একটা ঘর করলাম।
তারপর সেই তিনটা মেশিন দিয়েই আমার আবার নতুন শুরু হলো!
আমার নিজস্ব একটা ঘর হলো, যেটা আমার আশ্রয় আবার রিজিকেরও মধ্যমণি হলো! এখন আর কেউ কথা শুনায় না, চোখের সামনে কারো উপহাস দেখিনা। ঘরটার দিকে তাকালেই ভেতরটা প্রশান্তিতে ভরে যায়!
আমার এই পরিবর্তনের পর লোকে এবার বিয়ের প্রস্তাব নিয়ে আসতে দুবার ভাবতো! বিশেষ করে এতদিন যারা বিবাহিতদের দ্বিতীয় বউ কিংবা বউ চলে যাওয়া বাচ্চাকাচ্চাসহ লোকেদের জন্য প্রস্তাব নিয়ে আসতো সেসব যেন হুট করে থেমে গেলো।
শুধু তালাকের প্রায় চারমাস পর সাজ্জাদুর রহমান নামক লোকটার জন্য বাড়িতে আবারও ঘটক এলো। আমার আম্মা বিষয়টাকে দেখতে বললো। আমি মানা করলাম। মানা করাতে আম্মা বললো,
' ছেলেডা আবিয়াইত্তা, দুইবার বিয়ার প্রস্তাব দিছে, দেখলে তহ কোনো দোষ নাই।
আমি তখন অন্যসময়ের মতো বললাম ,
' বিয়া করনের ইচ্ছা নাই আম্মা। বিয়াইত্তা আবিয়াইত্তা বিষয় না। আর আবিয়াইত্তাদের গুরুত্ব দেওনেরও দরকার নাই, আমার সমস্যা তহ জানোই, আমারও লাগেনা আমার কোনোদিন সুস্থ বাচ্চাকাচ্চা হইবো। অযথা এমন জীবনে ভালা মানুষ জড়াইয়া লাভ কি?
আমার কথায় আম্মা জবাব দেয়,
' তোর কোনো সমস্যা আছে আমার তো লাগেনা। আমার তো লাগে ইচ্ছা কইরা তোর সাথে খারাপ কিছু করছে কেউ!
' আন্দাজি কথা কইয়োনা আম্মা। তাদের তো বাচ্চার খায়েশ আছিলো, খারাপ কিছু ক্যান করবো?
' আইচ্ছা ঘটকরে তুই গিয়া কিছু কইয়া ফিরায়া দে।
আম্মার কথায় আমি বাইরে বসে থাকা ঘটকের কাছে গেলাম। আমাকে দেখেই ঘটক বললো,
' সোহানা আম্মাজান। আপনার লাইজ্ঞা পোলাডা পাগল বানাইয়া ফেলতাছে আমারে। রাজী হইয়া যান। আমি কইতাছি খুব ভালা থাকবেন।
' না চাচা , আমি বিয়াসাদী করুম না। তারে কইয়েন আমার অই সংসারে মেলাবার পেটনষ্ট হইছে। সামনেও এমনই হইবো। এইডা শুনলে আশা করি ফিরা যাইবো।
' আম্মাজান হে এইসব জানে। তাও বিয়া করনের চায়।
' আমারে কি চিনে?
' হ চিনে, কইলো আপনারাও চিনেন। তারে বাড়ির লোক টিটু কইয়া ডাকে।
টিটু শুনতেই আমি একটা ধাক্কা খেলাম। থতমত করে বললাম,
' কি কইলেন?
' টিটু। আপনার ওই বিয়ার আগেও হে নাকি বিয়ার প্রস্তাব দিছিলো?
' জ্বী চাচা চিনছি। তারে গিয়া কইবেন ভালা কাউরে খুইজ্জা বিয়া করতে। আমার জীবন তার জীবনের মতো ফকফকা না। হুদাই যেন সময় নষ্ট না করে।
' তাও চিন্তা কইরা দেইখেন আম্মাজান।
' কোনো চিন্তা করনের দরকার নাই চাচা। আমি বিয়া করুম না।
' আইচ্ছা তাইলে আমি যাই। দেখি বুঝাইতে পারি নাকি।
' আইচ্ছা যান।
সে চলে যেতে লাগলো। আম্মা আমার পেছনে এসে দাঁড়িয়ে বললো,
' এমনে মানা না করলেও হইতো।
' হে আমারে কিশোরী থাকতে চাইতো, তখনের আমি আর এখনের আমি কি এক আছি আম্মা? বিয়ার পরে তার আমারে ভালা না লাগলে তখন আমি কই যামু? দুইবার তো সংসার ছাড়নের দায় গায়ে মাখাইতে পারুম না আম্মা। একবার জানি পারছিলাম।
আম্মা আমাকে জড়িয়ে ধরে বললো,
' থাক এত খারাপ চিন্তা আনন লাগতোনা। আল্লাহ কপালে যা রাখছে হইবোই।
'
বেশ ভালো চলছিলো সবকিছু। সঞ্চয় দিয়ে আরো একটা মেশিন বাড়িয়ে নিলাম। চার কোণায় চারটা মেশিন অনবরতই চলতো। হাটে দোকান বসিয়ে একজন পুরুষ দর্জি যেমন আয় করতো, আমি বাড়িতে বসেই তেমন আয় করতাম। সবচেয়ে ভালো লাগতো, আমার জন্য কয়েকটা মানুষ নিজেরা আয় করতে পারছিলো। যাদের কেউ ছিলো পরিবারের বোঝা, কেউ ছিলো তালাক প্রাপ্ত সংসারচ্যূত আবার কেউ ছিলো বিধবা সাথে একটা বা দুইটা বাচ্চা, কোথায় যাবে কি করবে কোনো দিশা পাচ্ছিলোনা! তারা এখানে নিজেদেরকে নির্ভরযোগ্য করার উপায় পেলো।
চলে গেলো ৬-৭ মাস। আমার শরীরও যেন সবকিছু কাটিয়ে উঠেছে, এখন আর অল্পতেই ক্লান্তি আসেনা, পেটে ব্যথা হয়না কিংবা শরীরেও কোনো অশান্তি নেই। কাজ করতেও ভালো লাগে।
৭ মাস পর নূরপুরের আমার চাচী শাশুড়ী যে ছিলো, সে তার মেয়ের বাড়িতে বেড়াতে এসে আমার বাড়িতে আসলো। এসে আমার কান্ডকারখানায় যেন হাঁ হয়ে গেলো। আমাকে দেখেই বললো,
' সোহানারে তো আর চিননই যায়না, কি চেহেরা ছবি হইছে মাশাল্লাহ!
আমি তখন একটা জামার হাতের কাজ করছিলাম। তার কথায় হাসলাম। সে ভাবলো আমি জামানদের নিয়ে প্রশ্ন করবো। কিন্তু আমার কোনো আগ্রহ নেই দেখে নিজে থেকেই বললো,
' জানো জামানের বউয়ের ঘরে পোলা হইছে। বিয়ার আষ্টমাসও হইলোনা, বাচ্চা হইয়া গেলো।
আমি মৃদু হাসলাম। আমার অনুমান মিথ্যা হয়নি তাহলে। তারপর সে আবার বললো,
' জামানের মা'ডার দিকে তাকান যায়না, কঙ্কালের মতন হইয়া গেছে শরীলডা। জামান বিদেশ চইলা যাওনের পর সব তার মায়েরই করন লাগে, আর কিছু কইলেই জামানের বউডা এতো খারাপ আচরণ করে কি কমু! এইসব খালি শুনি আর তোমার কথা মনে হয়, কি যত্নটাই করতা তারে। আরে কি সোনার টুকরা হারাইলো বেডি।
আমি তার দিকে তাকিয়ে বললাম,
' চা পানি খাইবেন চাচী?
' না পান দেও খালি।
আমি পাশ থেকে আম্মার পানের বাটা এগিয়ে দিলাম। পান সাজাতে সাজতে চাচী বললো,
' সবাই কয় ওই বেডির বাপ ভাইয়ে জামানের সিঙ্গাপুরের টেহা উশুলের লাইগা হের বাড়ি পুকুইর পুরাডা লেইক্কা লইছে। জামানের মা স্বীকার আইয়েনা, কিন্তু আমারও তাই লাগে বুঝছো? নাইলে কি হুদা হুদাই কেউ এতকিছু করবো?
আমার আম্মা নামাজ পড়ছিলো, কোনো রকম শেষ করে এসে তার পাশে বসলো, জামানদের পরিণতি শুনতে। আম্মাকে দেখেই চাচী বললো,
' আপনার মাইয়ারে দেখলে জামানের মা'র চোখ উল্টাইয়া যাইবো আফা। তা আর বিয়াসাদী দিবেন না?
' আপনার কি মনে হইতাছে আমার মাইয়ারে বিয়া না দিলে হে কোনো জায়গায় আটকাইবো? উল্টা দুই তিনডা বেডারে আমার মাইয়া একলাই পালতে পারবো!