মানুষ যখন অন্যের অধীন থেকে বের হয়ে নিজের জীবন উপভোগের স্বাদ বুঝে যায় তখন পৃথিবীর কোনো কিছুই তাকে আর আটকাতে পারেনা।
আমার জীবনটাও যেন উড়ন্ত প্রজাপতির মতো হয়ে গেলো, রঙিন আর আনন্দময়।
আমার সফলতা ১০ জনের মধ্যে ৯ জনকেই খুশি করতো, প্রেরণা দিতো! কিন্তু তার মধ্যে ১ জন থাকতো যে ঈর্ষা করতো আর শত্রুবনে যেতো। যাদের মধ্যে কেউ কেউ সামনে ভালো বলতো পেছনে খারাপ, আবার কেউ কেউ সামনেই বলে ফেলতো নিজের সংসার খেয়ে সেই অর্থ দিয়ে উন্নতি করে লাভ কি?
আমি চুপ থাকতাম, আমার কাজই যেন তাদের জবাব হয়! আমাকে থামানো এতো সহজ নয়। মেশিনে সেলাই ছাড়াও নকশিকাঁথা, সুতায় ফুটিয়ে তোলা বিভিন্ন কারুকার্যে জামাকাপড় বানানো সবকিছুই কাজে যোগ করতে লাগলাম। যে যেটা পারতো সেটাই করতো, আবার যেটা পারতোনা সেটা আস্তে আস্তে শিখতো। আমার এখানে আসলে সবারই কোনো না কোনো কাজ মিলে যেতো! প্রতিদিনের কাজের অর্থ প্রতিদিনই নিয়ে খুশিমনে বাড়ি ফিরে যেতো।
গ্রামেগঞ্জে আমার কথা, আমার কাজের কথা ছড়িয়ে পড়ছিলো। তখন গ্রামে গ্রামে পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে কাজ করা কয়েকজন আমার খবর পেলো। তারা এসে আমার ক্ষুদ্র ব্যবসা এবং নারীদের দক্ষ করে তোলার বিষয়টাকে খুব গুরুত্বের সাথে নিলো। প্রশংসার সাথে আমাকে তারা আরো বেশি বেশি কাজ করার তাগিদে সরকার থেকে সহায়তা করার আশ্বাসও দিলো৷ বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য একটা ভালো পরিমাণের অর্থ আমার জন্য তারা চেয়ারম্যানকে হস্তান্তর করলো।
সরকারি লোকজন বাড়িতে আসা আবার অনুদান পাওয়া এসব বিষয় অনেকে হজম করতে পারছিলোনা। নানান মানুষ নানান কথা বলতে শুরু করলো! তাদের ধারণা বেশি উড়তে গিয়ে আগুনে পুড়ে ছাই হয়ে যাবো, উইপোকার মতো!
কিন্তু লোকের কথাকে পাত্তা দিচ্ছিলাম না। আমি আমার মতো সবকিছু আরো গুছিয়ে তুলছিলাম। তবে আমি পাত্তা না দিলে কি হবে, লোকে আমাকে খুব পাত্তা দিচ্ছিলো! ধীরে ধীরে আমার গুছানো পরিপাটি জীবনটায় বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হতে লাগলো।
শুরুটা হলো একটা বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর থেকে।
যেটা এসেছিলো এলাকার সেই চেয়ারম্যানের জন্য! তার চার নাম্বার বউ হওয়ার প্রস্তাব। অনুদান দিতে এসে সে আমাকে দেখেছিলো, এরপর কয়েকদিনের মাথায়ই বিয়ের প্রস্তাব পাঠায়। এলাকার সবাই জানে চেয়ারম্যান নারীলিপ্সুক, ক্ষমতা হাতে যাওয়ার পর ক্ষমতার বড়াইয়ে প্রথম স্ত্রী রেখেও আরো দুইটি বিয়ে করেছে। এবার তার চোখ পড়েছে আমার উপর। ভেবেছিলো অবিভাবকহীন বলে কাজটা সহজেই হয়ে যাবে। কিন্তু ফিরিয়ে দেওয়ার পর সে বিষয়টা কোনোভাবেই মানতে পারলোনা।
তার বসবাস যদিও অনেক অন্য এলাকায়, কিন্তু প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর থেকে কীভাবে যেন তার ক্ষমতার প্রভাব আমাদের মা মেয়ের জীবনের উপর এসে পড়লো।
রাতটা গভীর হলেই শুরু হতো অজ্ঞাত চলাচল, দৌঁড়ঝাপ, ঢিল ছুঁড়া এমনকি দরজার সামনে এসে তাদের প্রকৃতির ডাকের সাড়া দেওয়া! প্রতিদিন দরজা খুলেই মা মেয়ের বমি করার উপক্রম হয়ে যেতো।
রাতে তাদের উপস্থিতি বুঝেও আম্মা দরজা খোলার সাহস করতোনা, শুধু ভেতর থেকে চিল্লাফাল্লা করতো। আশেপাশে অনেকটা জায়গা জুড়ে কোনো বাড়ি না থাকায় আমাদের চিৎকার কেউ শুনতে পেতোনা।
জীবনটাকে যখন একাই পার করে দেওয়ার কথা ভেবেছিলাম, তখন আমাদের একাকিত্বের দূর্বলতাকেই শত্রুরা হাতিয়ার বানালো। বুঝতে পারলাম আমার চারপাশের এই সমাজটা পুরুষতান্ত্রিক! এখানে একটা মেয়ের উপরে পুরুষের ছায়া না থাকলে তার পায়ের নিচের মাটি বড্ড নরম হয়। একটা পুরুষ যত সহজে উপরে উঠে যায়, একটা মেয়ের জন্য সেটা যেন বিরাট সমস্যা। কারণ একটাই, সে মেয়ে হয়ে এতকিছু কেন করবে? সে তো কেবল সংসার করবে!
আমাদের উপর রোজকার অত্যাচারটা এমন হয়ে দাঁড়ালো যে আমরা আশেপাশের কাউকে বলতেও পারছিলাম না, হয়তো আঙুল উঠবে আমাদের উপরেই, আমরা কেন জিদ করে পরিবার থেকে সরে এসেছি!
আম্মা চাচাকে বিষয়টা বলেছিলো। চাচা বিষয়টা দেখার জন্য কয়েক রাত এসে বাড়ির আশেপাশে ঘুরাঘুরিও করেছে, কিন্তু ক'দিন এভাবে পাহাড়া দিবে? কাকা চলে গেলে কিংবা না এলে আবারও একি কান্ডকারখানা হতো।
এর মধ্যে আবারও সেই চেয়ারম্যান ঘটক পাঠিয়েছে। ভেবেছে আমাদের হয়তো কিছুটা কাবু করতে পেরেছে।
কিন্তু ঘটক আসার পর আম্মা তাকে অপমানের সহিত বললো,
' আপনার চেয়ারম্যানরে গিয়া কইবেন আমরারে দূর্বল বুঝানের চেষ্টা কইরা লাভ হইবোনা। তার কাছে মাইয়া সইপা দিমুনা। আরো ক্ষমতা দেইখাইলেও না। আর কইবেন, মানুষের বাচ্চা হইয়া থাকলে রাত-বিরাতে অজাতদের দিয়া যেন আর বদমাইশি না করায়!
ঘটক এবারও হতাশ হয়ে ফিরে গেলো। কিন্তু পরেরদিন বেশ ভঙ্গি করে সেজেগুজে চেয়ারম্যান নিজেই এলো। হাতে বেশ কয়েকপদের মিষ্টি ফলমূল।
মনে হচ্ছে শ্বশুর বাড়িই এসেছে। আম্মাকে ডেকে বাইরে বের করলো। আম্মা মাথার কাপড় টেনে সামনে গিয়ে দাঁড়ালো। আম্মাকে দেখেই চেয়ারম্যান বললো,
' আম্মাজান আপনি আমার মায়ের মতন। আশা করি পোলার মনটা বুঝবেন, আপনার মাইয়ারে আমার খুব পছন্দ হইছে, তারে আমি রানী বানাইয়া রাখুম। এইসব সেলাই মেলাই কইরা হাত নষ্ট কইরা কি হইবো? হে এতো পরিশ্রম কইরা যা কামাইবো তার থেইকা বেশি আমি তারে দিমু। সোনায় মুড়ায়া রাখমু। শুধু বিয়াডা দিয়া দেন আমার লগে।
আম্মা সাথে সাথে বললো,
' দিমুনা আপনার লগে বিয়া। রানী হওনের দরকার নাই, নিজে খাইটা খায় এইডাই ঠিক আছে। নিজের কষ্টের পয়সায় তামাও ভালা।
' দেখেন আম্মাজান, সমাজের মানুষ ভালানা। একলা একা থাকেন, কোনদিন কোন অঘটন ঘইটা যায় কওন যায়না। মাইয়া মানুষ একলা থাকন ভালানা, লোকে কলঙ্ক করনের চেষ্টা করবো। তার চাইতে দাপটওয়ালা মানুষের ঘর করুক, লোকে দেখলেই দূর থেইকা সালাম দিবো।
আম্মা রাগে গড়গড় করতে করতে জবাব দিলো,
' সালাম লোকে এমনেই দেয়। দাপটওয়ালা লোক লাগবোনা! আর কলঙ্ক দাপটওয়ালা লোকেই করে, যেমন কইরা হুমকি দেয়! এমন লোকের কাছে বিয়া তো দূর ছেপ দেওয়ারও রুচি হয়না আমরার।
চেয়ারম্যানের এবার চোখ লাল হয়ে গেলো, ক্ষোভে নাকের ডগা ফুলে উঠেছে। হাত মুষ্টিবদ্ধ করে বললো,
' আপনাদের রুচিরে সাধুবাদ জানাই! গেলাম আজকা, পরে পস্তাইয়েন না।
' এইসব নিয়া যান, হারামের পয়সার জিনিসপত্র আমরা খাইনা।
চেয়ারম্যানের সাথে আনা জিনিসপত্রগুলো ফেরত নেওয়ার উদ্দেশ্যে আম্মা কথাটা ছুড়তেই তার সাথে থাকা চামচা লোকটা ফিরে এসে জিনিসপত্রগুলো হাতে নিয়ে আবার চেয়ারম্যানের পিছু পিছু চলে গেলো।
আমি ঘর থেকে বের হয়ে বললাম,
' আম্মা? চুপ থাকলেই পারতা। এখন যদি ঝামেলা করে?
' কি করবো? হে আমরারে একেবারে দূর্বল ভাবছে। চল আজকে ওইবাড়ি যামু।
' ওইবাড়ি যাইবা ক্যান আম্মা?
' আমার কি পোলা নাই নাকি? আমি কি দুইডা পোলা জন্ম দেই নাই? তারা কি আমার ঢাল না?
' আম্মা তোমার পোলা নিয়া গর্ব কইরো নাতো। ওরা আমরার কথা ভাবলে এইসব সহ্য করন লাগতোনা।
' সোহানা কয়েকদিন আগে রুস্তম আমার কাছে আইছিলো, তুই হাটে গেছিলি সেলাইয়ের জিনিসপত্র কিনতে। ওরে দেইখা আমি দরজা লাগাইয়া দিছিলাম। পরে চইলা গেছিলো। ওইদিন রাস্তায়ও আমারে ডাকছিলো। আমি দাঁড়াই নাই। তারা খারাপ হইতে পারে কিন্তু আমরার বিপদের কথা শুইনা চুপ থাকবোনা।
এমন অসময়ে ওরাই আমরার সঙ্গ দিবো, রক্ত ছাড়া কেউ পাশে থাকেনারে মা।
' আম্মা?
' কি ক?
' আমার কি বিয়া নিয়া ভাবন উচিত? আমার একলা থাকনের সিদ্ধান্তই কি আমার বিপদ ডাইকা আনতাছে?
' আমার তো লাগে উচিত। কিন্তু তোর তো কাউরে মনেই ধরেনা।
' আমার আবার সংসার নিয়া ভাবতে ডর লাগে আম্মা।
' কিয়ের ডর তোর আর?
' মাইন্না নেওয়ের ডর আম্মা! আমি আগে সব মাইন্না নিতাম, এই মাইন্না নেওয়া আমারে আকাশসমান দুঃখী বানাইয়া রাখতো। আবার সংসার হইলে আমি সবকিছু মাইন্না নিতে পারুম না আম্মা। নিজের ভালো থাকাডাই চামু খালি।
' সব সংসার এক হইবোনা, তুই আগে যা সহ্য করছত তা আবারও করন লাগবো এইডা ভাবিস না। আল্লাহ ভাগ্য ভালা রাখলে খুব সুন্দর একটা ঘর হইবো তোর। আমার মন টানে।
আমি চুপ করে রইলাম। আম্মা আবার বললো,
' আজকা বিকালে এই বাড়ির সবকিছু গুছাইয়া ওই বাড়িতে যামু বুঝছত?
' না আম্মা আমি যামুনা, বিকালে আমি এক জায়গায় যামু।
' হাটে যাবি?
' ওইদিকেই।
' তাইলে সন্ধ্যায় যামু।
' আম্মা আমি তারার মুখাপেক্ষী হইতে চাইনা। যদি তারা কোনোদিন নিজ থেইকা আমারে বোন বইলা কিছু করতে চায়, ওইদিন ভাইবা দেখুম।
আম্মা আমার জেদ দেখে চুপ করে গেলো। এটা জেদও না ঠিক, তাদের অবহেলায় তিলে তিলে হওয়া তীব্র অভিমান। এতো সহজে তো শেষ হওয়ার না।
বিকালে আমি হাটের দিকে রওয়ানা দিলাম। উদ্দেশ্য হাট নয়, হাটের পাশে বাস করা একটা আধ পাগল মানুষ!
আমি স্কুলের মোড়ের সেই টঙ দোকানের বেঞ্চিতে তাকে খুঁজলাম। না পেয়ে তার বাড়ি বরাবর গিয়ে দাঁড়ালাম। আশেপাশে তার কোনো দেখা নেই। এমনকি একটা মানুষও নাই খোঁজ নেওয়ার জন্য। অনেক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা ছোট বাচ্চা সাইলেকের পাঞ্চার হওয়া টায়ারকে লাঠি দিয়ে আঘাত করতে করতে দৌঁড়ে আসছিলো। আমি তাকে হাত দিয়ে থামিয়ে বললাম,
' টিটু ভাইরে চিনো?
' হ চিনি।
' তারে কইতে পারবা রাস্তায় একজন তার লাইগা দাঁড়ায়া আছে?
' হে তো বাড়িত থাকেনা।
' কই থাকে?
' ঢাহাশহর। ওইখানে কাম করে।
' আজকা বাড়ি নাই তাইলে?
' জানিনা আমি।
' দৌড় দিয়া দেইখা আইয়ো, তোমারে ৫ টেকা দিমু।
' মিছা কথা।
আমি ব্যাগ থেকে ৫ টাকা দেখিয়ে বললাম,
' মাথায় ধইরা কইলাম। দেইখা আইয়ো, তারপর এইডা তোমার।
ছেলেটা টায়ার হাতে নিয়ে একটা দৌঁড় দিলো। দুই মিনিটের মধ্যে ফিরেও আসলো। এসেই আমাকে বললো,
' দেন?
আমি টাকাটা হাতে দিতেই দিলো দৌড়। আমি ডেকে বললাম,
' তারে পাইছো নাকি কইলা তো?
কে শুনে কার কার কথা? চোখের পলকে আমার আয়ত্তের বাইরে চলে গেলো। বাচ্চাটার থেকে নজর সরিয়ে ওই বাড়ির দিকে ঘুরতেই দেখি টিটু আসছে, খুবই সাদামাটা শার্ট-প্যান্ট পরিহিত। বিধ্বস্ত চেহেরা। আমাকে দেখেই মলিন মুখটায় হাসি টানিয়ে কাছাকাছি পর্যন্ত এলো। এসেই বললো,
' আমার বিশ্বাস হইতাছেনা তুমি আমারে ডাকাইছো। আমি কিছুক্ষণ হয় বাড়িত আইলাম। আইয়ো বাড়িত আইয়ো?
' বাড়িতে যামুনা। ছোট্ট একটা কথা কওনের লাইগা আইছি।
' কি কথা?
' ৬ বার প্রস্তাব পাঠাইছেন, ফিরায়া দিছি। আরেকবার পাঠাইয়েন ভাইব্বা দেখমু।
আমার কথা শুনে সে এর গভীরতা কতটুকু বুঝেছে জানিনা, তবে তার খুশিটা চোখের সামনে দৃশ্যমান ছিলো। অনেক দূর থেকে বিশাল জার্নির পর বাড়িতে এসে যে বিশ্রামের সুযোগও পায়নি তা এতক্ষণ বুঝা গেলেও আমার কথার পর তার চেহেরা অদ্ভুতভাবে যেন চকচক করে উঠলো! কোনো ক্লান্তির রেশ অব্দি নেই!লজ্জা পাওয়ার দরুন তীব্র খুশির রেখাগুলোকে হাত দিয়ে আড়াল রাখার চেষ্টায় বললো,
' তুমি না কইলেও আমি প্রস্তাব পাঠাইতাম। প্রতিবার বাড়িত আওনের পরেই আমি ঘটক ধরি।