একটা মানুষ কতটা হাল না ছাড়ার পাত্র হলে ৬ বার একই জায়গায় প্রস্তাব পাঠাতে পারে? তবুও বলছে আবারও নাকি পাঠাতো!
আমি তার পাগলামিগুলো আগে কখনো মন থেকে অনূভব করতে পারিনি। সবসময়ই মনে হয়েছে এসব বয়সের দোষে পড়া সাময়িক আবেগ, কেটে যাবে! কিন্তু তার বয়সে পরিপক্কতা এলেও এই পাগলামোগুলো কমলোনা। আর প্রথমবার তার চোখের দিকে তাকিয়ে আমার মনে হলো এসব নিছক আবেগ নয়, সত্যিই সে আমাকে খুব করে চায়!
আমি ফিরে আসার তাড়ায় বললাম,
' আচ্ছা বাড়ি যাই, সূর্য ডুইবা গেলো। আজান পইড়া যাইবো।
সে হাত বাড়িয়ে বললো,
' তাইলে আমি তোমারে আগায়া দেই? একলা যাইতে পারবানা।
' আমি একলা যাইতে পারি।
আমি হাঁটা ধরলাম। টিটু আমার পিছু নিলো। আমি কয়েক পা হেঁটে দাঁড়িয়ে বললাম,
' বললাম তো একলাই যাইতে পারুম।
' আইচ্ছা যাও। আমি সামনে টঙ্গে যামু চা খাইতে।
' অজুহাত!
টিটু হাসলো। আমিও হয়তো হাসলাম, তবে আমার হাসি মুখে দৃশ্যমান নয়।
আমার পিছু পিছু কয়েক কদম এসে বললো,
' আমি তোমার সব খোঁজ রাখি, তুমি যা যা করতাছো মাশাল্লাহ, এইসব মাইয়া মানুষ স্বপ্নেও ভাবতে পারেনা।
' আমার খোঁজই রাখেন ক্যান? বয়স তো ভালাই হইলো, অন্য কোনো মাইয়া মানুষের খোঁজ নিলে তো এতদিন একলা থাকন লাগেনা।
' মন যারে চায় তারে ছাড়া অন্য মানুষের খোঁজ নেওয়ার মন চায়না কি করুম?
' তারে তো হারাইছেন মেলা আগে, এর ভেতরে কাউরে মন চাইলো না ক্যান? পুরুষ মানুষের তো বউ রাইখাও অন্যদিক নজর যায়, আপনার কেউ নাই তাও ক্যান নজর স্থির?
' জানিনা, চেষ্টা করি নাই, সেই ইচ্ছাও জাগে নাই।
' বাড়িত কে কে আছে?
' আপাতত কেউ নাই।
' কেউ নাই বলতে? আম্মা আব্বা ভাই-বইন?
' আব্বা তো আমি ছোটকালেই মইরা গেছে। আম্মাও দুই বছর আগে আব্বার কাছে চইলা গেলো। বড়ভাই বিয়া কইরা ঢাকা, লগে আমিও থাকি। বইন একটা আছে সংসার নিয়া এতো ঝামেলায় থাকে যে বাপের বাড়ি আওনের সময় নাই। আম্মা থাকতে কাইন্দা কাইট্টা আনতো, তার মরনের পরে আর আইয়েনা!
' আপনেরাও কাইন্দা কাইট্টা আনবেন। প্রত্যাকটা মাইয়ারই আত্মার একটা অংশ বাপের বাড়িত পইড়া থাকে। না আসলেও বাড়িত আইলে দেখনের লাইগা যাইবেন।
টিটু চুপ করে রইলো। দুইজন লোক কথা বলতে এদিকে আসতে দেখে টিটু অনেকটা পিছিয়ে গেলো। আমি সামনে এগিয়ে গেলাম। বুঝলাম সে আমার সম্মানের কথা ভাবে! মাগরিবের আজান পড়ছে। দুজন লোক আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে আমাকে পার হয়ে গেলো। মুখ দেখেনি তবে কি জানি বুঝার চেষ্টা করছিলো। আমিও টিটুর জন্য কোনো প্রকার অপেক্ষা না করে দ্রুত হাঁটতে লাগলাম।
লোকগুলোও বড় বড় কদম ফেলে আমাকে কিছুক্ষণের মধ্যেই ছাড়িয়ে গেলো। টিটুও কিছুক্ষণের মধ্যে আমাকে ধরে ফেললো।
আমার শ্রবণ এরিয়া পর্যন্ত এসে বললো,
' ঘটক পাঠামু নাকি আমরা নিজেরা যামু?
' ঘটকই পাঠায়েন।
' ঠিক আছে, এরপর তাইলে ভাইরে আইতে কমু আর রুজিনারেও নিয়া আমু।
' এতো আগানোর দরকার নাই, ঘটক যাক কথা হোক এরপর। আজম ভাইয়ের মতেরও তো দরকার আছে।
' আজম ভাই? বাবাগো! আজম ভাই আমার আজরাইল। এখনো মনে হইলে নাক দিয়া রক্ত ঝরে! তারে বাদ দিয়া কিছু করন যায়না?
আমি হেসে বললাম,
' টঙ দোকান পার হইয়া গেছেন।
পেছনে তাকিয়ে টিটু বললো,
' ওহ খেয়ালই নাই। থাক সামনে আরেকটা আছে।
' ওইডা তহ আমার বাড়ির লগে।
' ওইখানকার চা-ই খাইতে মনে কইতাছে।
' আপনার মনে যে কি কইতাছে বুঝতাছি।
টিটু হাসছে, দাঁত বের করে মন খুলে হাসছে। আমি দু একবার পেছনে তাকিয়ে তাকে দেখছি আর সামনে হাঁটছি। আমাদেরকে আরো কয়েকজন পার করে গেছে আবার সামনে থেকেও এসেছে, কেন জানি তাদেরকে আমার পরোয়া হয়নি। একবারও মনে হয়নি পরিচিত কেউ দেখলো কিনা! কেউ কিছু আবার বলে কিনা। কিন্তু টিটু ভাবছিলো, তাই একটু দূরত্ব রেখেই আসছিলো।
আমি আমার বাড়ির মোড় পর্যন্ত এসে পেছনে শেষ আরেকবার তাকিয়ে হনহন করে ঢুকে গেলাম। সে গলির মুখে দাঁড়িয়ে তাকিয়ে রইলো। আমার ঘর দেখা যাচ্ছে, মেয়েরা তখনও কাজ করছে, ঘরের আলো জ্বলে আছে, দরজা জানালা সবই খোলা।
আমি ঘরে দরজার পা রাখার পর টিটু সেখান থেকে সরে গেলো। সে যে চা খেতে আসেনি সেটা আমি ভালো করেই জানি! সন্ধ্যায় আমাকে একা ছাড়তে চায়নি বলে পেছন পেছন এতদূর এসেছে। তার মিথ্যা অজুহাতে পেছন পেছন আসার বিষয়টা ভেবে আমি এবার মনে মনে নয় প্রকাশ্যেই হেসে ভেতরে ঢুকলাম। নিকাব সরাতেই কাজ ফেলে সবাই আমার দিকে তাকিয়ে বললো,
' আফারে খুব খুশি খুশি লাগতাছে কারণ কি?
আমি বোরকা খুলতে খুলতে বললাম,
' আফা কি খুশি হইতে পারেনা?
' আপনারে হাসিমুখে কমই দেখি, তাই হাসলে ভালা লাগে। কিন্তু বাইরে থেকে হাইসা হাইসা ঢুকনের কারণ বুঝতাছি না।
' এমনি এমনি।
বলেই আমি আবারও হাসতে লাগলাম। সবাই এসে কাজ ছেড়ে আমার সামনে দাঁড়িয়ে পড়লো। কারণ একটাই আমাকে বলতে হবে হাসার কারণ কি? শেষে একজন বললো,
' মনে হয় দুলাভাইয়ের সাথে সাক্ষাৎ হইছে।
আমি ভ্রু কুঁচকে বাহুতে থাপ্পড় মেরে বললাম,
' তোরা সবসময় এক ধাপ বেশি বুঝস! কাজ শেষ কর তাড়াতাড়ি। সব গুছাইয়া ওইবাড়িত যামু।
আমার মিষ্টি ধমকে ওরা আবারও কাজে বসলো। আধা ঘণ্টার মধ্যে তারা তাদের কাজ শেষ করলো। এর মধ্যে একজন দূরের চাচাতোবোন, বাড়ির পাশেই তাদের ঘর। তাকে আমার সাথে যাওয়ার জন্য রেখে দিলাম। সবকিছু গুছিয়ে বাড়ি ভালো করে তালাবদ্ধ করে আমি তাকে নিয়ে ভাইয়ের বাড়ির সামনে পা রাখলাম। আম্মা আগে আগেই চলে আসছিলো। উঠানে দাঁড়িয়ে আম্মাকে দেখলাম ভেতরে কথা বলছে। আমি ভেতরে গেলাম না। ফিরে কাকার ঘরে গেলাম। আমাকে দেখে কাকী বেশ উৎফুল্লের সাথে আমাকে জড়িয়ে ধরলো। গালে মুখে হাত দিয়ে আদর করতে করতে বললো,
' তোরে নিয়া আমার কি যে গর্ব হয়! লোকে তোর প্রশংসা করে আর আমার কইলজাডা ভইরা যায়।
আমি কাকীকে বসিয়ে বললাম,
' কাকী কাকা আসে নাই?
' না তোর কাকা এখনো আসে নাই, আশেপাশেই কোনো জায়গায় বইসা হয়তো বন্ধুরার লগে আলাপ মারে। তারে কিছু কইবি?
' কাকী আসলে বিষয়ডা আম্মাই আপনারে কইলে ভালা হইতো, তাও প্রসঙ্গ আইছে যেহেতু কই, আমি আবার বিয়া করনের কথা ভাবতাছি।
কাকীর উচ্ছ্বাস যেন বেড়ে গেলো, বসা থেকে দাঁড়িয়ে বললো,
' আমিও তোর কাকারে কইতেছিলাম। সোহানার বিয়া নিয়া ভাবন উচিত, ভাবতাছিলাম..
কাকীর কথা শেষ হওয়ার আগেই আমি বলে ফেললাম,
' একটা ছেলে আমারে ৬-৭ বার প্রস্তাব দিছে কাকী, ছেলের আগে কোনো বিয়া নাই। ফিরায়া দেওনের পরেও বারবার প্রস্তাব দিতেই আছে, তার বিষয়ডা কাকারে জানাইতে চাই। কাকা কিছু কইবোনা তো আবার?
কাকীর মুখটা ফ্যাকাসে হয়ে গেলো৷ কিছু বলতে চাইলো, কিন্তু তার মুখে এসে কথা লেগে যাচ্ছিলো। আমি তার অস্বস্তি বুঝতে পেরে বললাম,
' কি কইতে চাইছিলেন?
' অই আসলে..
' কি?
' জামিলের লগে তোরে বিয়া দেওনের চাইছিলাম।
এটা শুনতেই আমি ভড়কে গেলাম। অস্বস্তির নিয়ে বললাম,
' কাকী এসব কি কইতাছেন? জামিল ভাই আমার আপন ভাইয়ের মতো। তারে নিয়া এসব কইয়েন না। আপনার আর আমাদের সম্পর্ক এমনেই খুউব সুন্দর কাকী, অযথা কোনো অযাচিত সম্পর্ক টাইনা বিষয়ডা অসুন্দর বানাইয়েন না।
কাকী চুপ করে রইলো। আমিও চুপ করে আছি। একটু সময় পরই কাকী বললো,
' ভাত দেই তোরে?
' কাকা আসুক।
' তোর আম্মা কই?
' ভাইদের ঘরে।
' তুই যাইবিনা?
' না কাকী।
' তাইলে আমার লগে ঘুমা আজকে, ছোডবেলায় তুই আমার লগে থাকতে চাইতি গল্প শুননের লাইজ্ঞা। তোর আব্বা দিতোনা, রাইতে আইসা নিয়া যাইতো। কইতো আমার মাইয়াডারে লগে না রাখলে আমার ঘুম আইয়ে না। আহারে ভাই, একটা বছর তো হইয়া যাইতাছে! মানুষ চইলা যায় কিন্তু তার ছায়া মায়া মনের ভিত্তে রইয়া যায়।
আব্বার কথা মনে হতেই আমার মন খারাপ হলো। কাকী কি যেন কাজের জন্য পাশের ঘরে গেলো। তখনই দরজায় আওয়াজ এলো। আমি খুলে দেখি আম্মা আর ভাবী দাঁড়িয়ে আছে। আম্মা ভেতরে আসতে আসতে বললো,
' তুই আইয়া এইখানে বইছত? আমি আরো গিয়া ওই বাড়িত খুইজ্জা আইছি।
' খুঁজতে গেছো ক্যান? আমি তো জানিই তুমি এইখানে, চইলাই আসতাম।
' ভাবছি একলা থাকনের কথা ভাবছত কিনা?
ভাবী পেছন থেকে উঁকি মেরে বললো,
' একলা থাকবা ক্যান? তাই আনতে গেছিলাম। লও বাড়িত আইয়ো।
' কোন বাড়িত যামু? আমার বাড়ি তো উত্তর মোড়ায়। ওইডা তো আপনাদের বাড়ি, ওইখানে আমি যামু ক্যান?
' তোমার ভাইয়ের বাড়িত যাইবানা?
' ভাইয়ের বাড়ি হইলে আপনে নিতে আইছেন ক্যান? ভাই আসুক।
' হে আমারে পাঠাইছে।
' ও তার কথায়? আপনে কবে থেইকা তার কথা শুনেন?
ভাবী চুপ করে গেলো। আম্মা বললো,
' আয় তো, এতো কথা কইস না।
' তোমার ছেলের বাড়িত তুমি থাকবা, তোমার অধিকার আছে। আমি কার বাড়িত যামু? তারা কি মানে তারার কোনো বইন আছে? কাকীর লগে থাকমু আজ।
ভাবী কিছু বলতে গিয়েও বললোনা। আম্মা বললো,
' আইয়ো, হেরে মানানো অসম্ভব। থাকুক ওর কাকীর লগে।
আম্মা চলে গেলো। তারপর ঘরে কাকা এলো। কাকাকে দেখেই কাকী খাবার বাড়লো। কাকা হাতমুখ ধুয়ে এসে আমাকে ডেকে নিলো খাওয়ার জন্য। আমি বসে খাবার পাতে নিতে নিতে বললাম,
' জায়েদ বাড়িত আইয়েনা?
' পড়ালেখা, পরীক্ষা এসব বইলা বইলা সারা বছর হোস্টেলেই থাকে। টাকা নেওনের সময় হলে আসে আবার চইলা যায়।
কাকা এটা বলার পর আমি বললাম,
' আমার ওইখানে গেছিলো কয়েকমাস আগে। আমি ব্যস্ত ছিলাম দেইখা ঘরের ভেতরে যায় নাই। এরপর আর দেখি নাই। যায়ও নাই।
' রুস্তম তোর কাছে একদিনও যায় নাই?
' না।
' আজমও তো আর বাড়িত আইলোনা। তোর আব্বার মরনের কথা শুইনা আইছিলো, আর তিনদিন পরে তার মৃত্যু বার্ষিকী, এর মইধ্যেও পোলাডা একবার আইলোনা।
' থাক কাকা, আবার আম্মার মৃত্যুর খবর পাইয়াই আইবোনে।
কাকা মাথা নেড়ে বড় বড় লোকমা দিয়ে ভাত মুখে পুড়তে লাগলো।
'
পরেরদিন সকালবেলা ফজরের নামাজ পড়ে ভাবলাম চলে যাবো, কিন্তু কাকী নাস্তা ছাড়া যেতে দিতে চাইলোনা। আমি কাকীর সাথে রুটি বানাচ্ছিলাম। কাকা খেয়ে বেড়িয়ে যাওয়ার পরপরই আমার রুস্তম ভাই এসে রান্নাঘরে বসলো। কাকী বললো,
' নাস্তা খাবি আমরার লগে।
' হ দেন।
কাকী গরম গরম রুটি ভাইয়ের দিকে বাড়িয়ে দিলো। পরপর চারটা রুটি খেয়ে বললো,
' একজনের ভাগ শেষ কইরা ফেলছি, তারে কও আমরার ঘরে গিয়া খাইয়া নিতে।
কাকী আমার দিকে তাকিয়ে বললো,
' যাবি?
আমি বললাম,
' আপনার ভাগেত্তে একটা রুটি দিয়েন তাতেই চলবো।
ভাই বললো,
' আরেকজনের খাওন থেইকা খাইলে কি পোষায়?
আমি রুটি বেলতে বেলতেই বললাম,
' এক বেলা আরেকজনের খাওন পোষাইবোনা মনে হইলো? তখন বেলা পর বেলা আম্মার খাওন থেইকা দুইমুঠো কইরা খাইয়া টিক্কা আছিলাম, একবারও তো কারো মনে হইলোনা পোষায় কিনা? তখন যাওনের উপায় আছিলোনা বইল্লা?
ভাই চুপ করে রইলো। কাকী আমার ভাইয়ের দিকে তাকিয়ে বললো,
' বইনডার দিকে একটাবার চাইলিনা! সবচেয়ে অসহায় হইয়া পরনের পরও তোরা দুইডা ভাই কেমনে পারলি মুখ ফিরিয়া থাকতে? তখন অইতো তোরারে তার সব চাইতে বেশি দরকার আছিলো! এখন তেলা মাথায় আর তেল দিয়া কি হইবো?
ভাই শান্ত গলায় বললো,
' কাকী?
তারপর একটু চুপচাপ। এরপর বলতে লাগলো,
' আসলে আমি আব্বার সিদ্ধান্তরে কোনোদিন ভালাভাবে নেই নাই। মনে হইতো আমরারে বাদাইম্মা ভাবে, কোনো সিদ্ধান্তে জিগায় না, মানেনা। নিজে যা মনে করে তাই করে। একটা সময় আব্বার উপ্রে রাগ কইরা তার সব প্রিয় জিনিসগুলারে ঘৃণা করতে শুরু করলাম। সোহানারে সবকিছুতে এতো গুরুত্ব দেওয়া মানতে পারতাম না, বিশেষ কইরা জায়গা বেইচা বিয়া দেওনডা৷ একবার জিগাইলোও না। তখন মনে হইছিলো আমরারে আব্বা পা দিয়াও মাপে না, জিদ্দি কইরা ভাবলাম মাপেনা যখন তাইলে দেখি কেমনে মাইয়ারে নিজে দেখাশোনা কইরা পার কইরা দেয়! সেই থেইক্কা কেমন জানি হইয়া গেলাম। সুজনের মাও আমারে এইটা ওইটা কইলে বিরক্তি আরো বাইড়া যাইতো। সবকিছুরে চাপায়া যেইদিন আম্মা বাড়ি ছাড়লো, আমি ফাঁকা হইয়া গেলাম, এতিম কারে কয় ভেতর থেইক্কা তখন অনুভব হইতো। কিন্তু নত হইতে না চাওয়ার দরুন আমি চাপাইয়া গেলাম। দিনদিন মনের অশান্তি বাড়তে বাড়তে আমি বুঝলাম রক্তের বন্ধন ছাইড়া মানুষ ভালা থাকতে পারেনা। আম্মাও কেমন কইরা আমরারে ভুইলা গেলো? কত চাইলাম একটু কথা কইতে,কইলোনা আম্মা। শেষে আজকে যখন আম্মারে দেখলাম আমি গইলা পানি হইয়া গেলাম কাকী! আম্মার কোলে মাথা রাইখা খালি কানলাম। একবারও মুখ ফুইটা কিছু কই নাই, তারে ছাড়া আমি কেমন আছিলাম? কিন্তু আম্মা তো আম্মা, বুইঝা গেছে আমারে। কতো আদর করলো। কিন্তু আমার বইন? হে তো বুঝতোনা, আব্বার রগ পাইছেনা? আর আমি বড় ভাই হইয়া কেমনে ছোট বইনের সামনে মাথা নুয়াই?
আমার চোখ বেয়ে অঝোরে পানি পড়ছে। মাথা নিচু করে মুখ লুকিয়ে বসে আছি। আমার ইচ্ছে করছিলো ভাইকে জড়িয়ে ধরে বলি,
' আমার মন পাওনের লাইগা কিচ্ছু লাগতোনা ভাই, খালি বইন কইয়া ডাক দিলেই চলতো। বইনের হৃদয়ে ভাইদের লাইগা যে হাহাকার হয় তা দুনিয়ার কারে বুঝান যায়? ভাই খালি পাশে দাঁড়াইলে কোনো জন্তু জানোয়ারও হাঁ করনের আগে চিন্তা করে! সেই ভাই থাকার পরও না থাকা কেমন যন্ত্রণার তা কেমনে বুঝামু?
কিন্তু পারলাম না। কোথায় যেন একটা জড়তা দমিয়ে রাখলো।
এর মধ্যে ভাবী এসে ডাক ছেড়ে বললো,
' আরে আপনে সোহানারে নিতে আইয়া নিজেই খাইতে বইয়া গেলেন?
ভাই উঠতে উঠতে বললো,
' ও যাইবোনা।
আমি চোখ মুছে তাকিয়ে বললাম,
' না আমি যামু।
ভাই আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিলো। এই হাসিকে মনে হলো আমার আব্বার প্রতিচ্ছবি, কি টান সেই হাসিতে!