একটা নারী যত সফলই হোক কিছু কিছু সমাজ আছে তাদের একার সফলতাকে ভালো চোখে নিতে পারেনা। যদি পেরেও যায় তবুও তাদের অর্জনের পেছনে নানান তকমা লাগিয়ে দেয়।
আমাকে নিয়েও লোকে অনেককিছু কানাকানি করে, শুধু উপযুক্ত প্রমাণ নেই বলে সেটা সরাসরি বলতে পারেনা। আবার দেখে আমার আপন ভাইরাও পাশে নেই, সুযোগটা যেনো আরো পেয়ে বসেছিলো। তাইতো চেয়ারম্যান আমাকে দূর্বল গুঁটি ভেবেছে।
রাত হলে জ্বালাতন করে আর দিন হলে প্রস্তাব দেয়!
মানুষের এই চিন্তাকে ধূলিসাৎ করতে হলেও আমার পাশে শক্ত ঢাল প্রয়োজন, যার জন্যই আম্মা নিজের সন্তানের কাছে ফিরে এসেছে। আমিও যেহেতু অভিমান ভুললে তাদেরকে পাশে পাচ্ছি তাহলে কেন নিজেকে দূরে সরিয়ে লোকের কাছে নিজেকে দূর্বল করে রাখবো?
আমি ভাইদের ঘরে প্রায় এক বছর পর প্রবেশ করলাম। আমার ভাতিজা সুজন আমাকে দেখে এগিয়ে এলো, হাত ধরে বললো,
' ফুফু আইয়ো খাইবা, আমরা তোমার আগে খাইয়া ফেলছি। তাড়াতাড়ি খাইয়া লও!
তারপর আমার আম্মাকে ডাক দিয়ে বললো,
' দাদী ফুফু আইছে।
আমি গিয়ে খাবার ঘরের চৌকিতে বসলাম। আম্মা পাশের ঘর থেকে আসলো। এসে বললো,
' আইছত সোহানা? তুই আইছত দেইখা খুশি হইছি। তোর ভাই কই?
' আইতাছে।
' আইচ্ছা আমি তোর কাকীর থেকে একটা পান মুখে দিয়া আইতাছি। তুই খাইয়া নে।
বলেই আম্মা বের হয়ে গেলো।
এদিকে ভাবী আমার পেছন পেছন এসে তাড়াহুড়া করে রান্নাঘরে গেলো। কিছুক্ষণের মধ্যে গরম গরম চিতই পিঠা আর আগের রাতের রান্না করা মুরগীর ঝোল এগিয়ে দিলো। ঝোলে দুই পিস মাংস আর এক টুকরো আলু ভেসে আছে।
আমি খাবারে আগ্রহ না দেখিয়ে চুপ করে বসে আছি।
ভাবী খাবার পানি আর হাত ধোয়ার জন্য অতিরিক্ত বাটি দিয়ে বললো,
' হাত ধুইয়া লও।
আমি তার চেহেরার দিকে তাকিয়ে রইলাম। এমন চেহেরাই কোনোদিন দেখিনি। কি হাস্যোউজ্জ্বল চেহেরা, আর কি যত্নেই না খাবার দিচ্ছে!
আমাকে চুপচাপ দেখে আবারও বললো,
' আরে হাত ধুইয়া খাইয়া লও সোহানা। তোমার লাইগা দুই টুকরা মাংস রাইতেই তুইল্লা রাখছিলাম।
আমি হাত বাড়িয়ে দিতেই দেখি আমার হাতের উপর নিজেই পানি ঢেলে দিচ্ছে। আমি হাত আলতো করে ঘষে ধুয়ে উঠিয়ে নিলাম। ভাবী বললো,
' তোমারে ডিম দিয়া একটা পিঠা বানাইয়া দেই? আমার বইন চিতইয়ের মইধ্যে ডিম পেঁয়াজ মরিচ দিয়া সুন্দর কইরা বানায়, মজা লাগে! দিমু?
আমি আস্তে করে বললাম,
' দেন।
আমার খাওয়ার ইচ্ছে থেকে নয়, আমি কেবল আমার প্রতি তার এই গুরুত্ব দেওয়ার প্রভাব বুঝার চেষ্টা করছিলাম। অবাক হয়ে দেখছিলাম সেটার বিস্তার কতটা প্রবল!
সে সত্যিই তাড়ার সাথে আবার চুলায় চলে গেলো। গিয়ে ৫ মিনিট পর হাতে একটা বড় সাইজের চিতই নিয়ে ফিরে এলো।
আমি হাত দিয়ে তুলে নিতেই গরমে আবার রেখে দিলাম। বিদ্যুৎ না থাকায় ফ্যান অফ দেখে ভাবী হাতপাখা নিয়ে জোরে জোরে পিঠার ওপর বাতাস করতে লাগলো।
আমি একটু একটু করে মুখে দিতে লাগলাম। ভাবী বাতাস করতে করতে বললো,
' তোমার ওইখানে যারা কাম শিখে, কয়দিন লাগে শিখতে?
' ৮-১০ দিন।
' শিইখাই কামে লাইগা পড়ে?
' তাদের ইচ্ছা, যার মন চায় করে, যার মন না চায় নিজে মেশিন কিইন্না বাড়িত কাম করে।
' শিখাইতে টাকা লও না?
' আগে নিতাম না, এখন নিই। অবস্থা বুইঝা লই, যারা দেওনের অবস্থায় নাই তাদের থেইকা লই না।
' আমারও ইচ্ছা কাম শিখনের। রান্নাবান্না সাইরা হুদাই এই বাড়ি ওই বাড়ি যাই, কাম করলে তো সময়ডা কাজে লাগলো, তাও আমি দুইটা ক্যাঁথা বানাইছি, দেখবা? তোমার ওইখান থেইকা তো পাইকাররা নিয়া যায়, আমারগুলা কেমন দাম হইবো দেখো তো।
বলেই ভাবী আলমারি খুলে দুইটা পরনের শাড়ি দিয়ে বানানো কাঁথা বের করে বললো,
' এই যে দেখো।
আমি খেতে খেতে বললাম,
' সোজা সেলাই, কাপড়ও পুরনো। ১৫০-২০০ কইরা নিবো। আমার ওইখানে নতুন কাপড় আর ডিজাইন দিয়া যেগুলা করে ওইগুলা ৫০০-৬০০ কইরা নেয়। মাঝেমইধ্যে ৮০০ও হয় একেকডা।
' আমি তো এর চাইতে ভালা পারিনা। ক্যাঁথা সেলাইও কি শিখাও?
' হুম।
' আমারে শিখাইবা সব কাম?
আমি পানি খেয়ে হাত ধুয়ে মুখ মুছতে মুছতে বললাম,
' যাইয়েন শিখতে চাইলে। আমার ওইখানে যারা খুব ভালা কাজ শিইখা গেছে ওরাই এখন বাকিদের শিখায়।
' আজক্কেতে যামু?
' আপনের ইচ্ছা। আমি এখন চইলা যামু, সবাই আইসা পড়বো।
আম্মা পান খেতে খেতে ঘরে এলো। আম্মার সাথে ভাইও এলো। আমি উঠে দাঁড়িয়ে বললাম,
' বাড়িত যাই এখন।
ভাই বললো,
' রাইতে আবার চইলা আসিস।
' হু।
' চেয়ারম্যানে কোনো লোক আইলে খবর দিস।
' আইচ্ছা। আম্মা যাইবানা?
' না তুই যা।
আমি বের হয়ে যাচ্ছি, আম্মা বললো,
' দুপুরে আইসা খাইয়া যাইস?
' আমি কামের ভিত্তে আইতে পারুম না। কয়ডা রাইন্দা লমুনে।
ভাবী বললো,
' না কষ্ট কইরা রানবা ক্যান? আমি না যামু? নিয়া যামুনে।
আমি কিছু না বলে বের হয়ে গেলাম। কাকাদের ঘরের সামনে গিয়ে যাওয়ার সময় কাকা ঘর থেকে ডেকে বললো,
' সোহানা, তুই কি কইতে চাইছিলি আমারে?
' কিছু না কাকা।
' তোর কাকী তো কইলো তুই কিছু কইতে চাইছিলি।
' পরে কমু কাকা। এখন দেরি হইতাছে, যাই।
' আইচ্ছা, সময় কইরা নাইলে আমি তোর বাড়িত যামুনে।
' না কাকা সন্ধ্যায় আবার আসুম। তখন কমু।
কাকা হাসিমুখে বললো,
' আইচ্ছা আইচ্ছা আসিস।
এদিকে আমি বাড়িতে গিয়ে দেখি ঘরের বাইরে দুইতিনজন দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই বললো,
' আফা বড় তালাডা দেখি ভাঙা, ছোট তালাডা খালি আটকাইয়া রইছে। লাগতাছে তালা ভাঙার লাইগা তালার উপরে কেউ হাতুড়ি পিডাইছে।
আমার কলিজা ছ্যাঁত করে উঠলো। দৌঁড়ে গিয়ে দেখি তালাগুলো ক্ষতবিক্ষত, বড়টা একেবারে খোলা, আর ছোটটা কোনোরকম আটকানো। আমি ভয়ার্ত কণ্ঠে আল্লাহ আল্লাহ ডাকতে ডাকতে দরজা খুলেই নাকমুখ চেপে ধরলাম। তারাও নাক চেপে ধরলো, সারা ঘর এলোমেলো আর দুর্গন্ধময়। আমি বাতি জ্বালিয়ে ঘরের চারপাশ তাকাতেই চিৎকার মেরে উঠলাম। আমার জিনিসপত্র কিচ্ছু নেই, চারটা সেলাই মেশিনই উধাও, আর আলমারি, শোকেস সুতার ঝুড়ি কিচ্ছু নেই। শুধু বিছানা তোশকগুলো এলোমেলো হয়ে নিচে পড়ে আছে।
আমি চিৎকার করে করে কাঁদতে লাগলাম। চেয়ারম্যান যেভাবে দেইখা নেওনের হুমকি দিয়েছিলো, সেই কথার প্রতিফলন ঘটাতে রাতে হয়তো ডাকাত চালান করে দিয়েছে । আমার কান্নাকাটিতে, রাস্তার লোক আশেপাশের লোক এসে ভীড় করতে লাগলো। কেউই ভেতরে আসতে পারলোনা, এতো বাজে অবস্থা করেছে যে কেউ বমি করতে করতে বেহুশ হয়ে যাবে।
আমি বাইরে বসে বিলাপ করে কাঁদতেছি, আমার এতদিনের তিলে তিলে গড়া সবকিছু এক রাতেই শেষ!
আমার আম্মা কিছুক্ষণের মধ্যেই ছুটে এলো। এই হাল দেখে আম্মাও জোরে জোরে কাঁদতে লাগলো। আমার অবস্থা খারাপ দেখে আম্মা নিজেকে কিছুক্ষণের মধ্যেই সামলে আমাকে শান্ত হতে বললো। কিন্তু আমি শান্ত হবো কীভাবে? আমার সবই তো শেষ করে দিয়েছে। আম্মা আমাকে বলতে লাগলো,
' আল্লাহ হেফাজত করছে, যদি রাইতটা সাহস কইরা থাইকা যাইতাম আইজকা কি হইতো চিন্তা কর? হে লোক পাঠাইছিলো তোরে কলঙ্ক করনের লাইজ্ঞা, বেইজ্জত করনের লাইগা। না পাইয়া লুট করছে। কেমন কইরা হুমকি দিছিলো দেখস নাই? আল্লাহ ইজ্জত বাঁচাইছে এইডাই শুকরিয়া। সব নিলে নিছে আবার শুরু করবি, শূন্যত্তে শুরু হইবো আবার। কান্দিস না সোহানা।
আমি কান্না বন্ধ করতে পারছিনা। আমার ভাই ভীড়ের মধ্যে এসে আমাকে ধরে শান্ত হতে বলতে লাগলো। আমি কাঁদতে কাঁদতে বললাম,
' আপনারার অবহেলা আমারে শেষ কইরা দিলো। তারা ভাবছে আমার কেডা আছে? আমার লগে খারাপি করলে কেডা প্রতিবাদ করবো?তাই রাইত নাই দিন নাই অত্যাচার করছে, শেষে আমারে একেবারে নিঃস্ব কইরা দিয়া গেলো। ক্যান একলা ছাইড়া দিলেন ভাই ক্যান দিলেন?
ভাই মাথায় হাত বুলাতে বুলাতে বললো,
' আর যামুনা একলা রাইখা। হেরে দেইখা লমু। হে ভাবছে আমার বইনের কেউ নাই? আমি একলাই হেরে মাটিতে গাড়ায়া ফালামু।
ভাইয়ের কথা শেষ হতে হতেই একজন বললো,
' আমি আপনার লগে চেয়ারম্যান বাড়িত যামু।
চাচা এসে দাঁড়িয়ে বললো,
' রুস্তম আয় এক্ষুনি।
মেয়ে, মহিলা,পুরুষ, বাচ্চা সবাই বললো,
' আমরাও যামু। আমার ভোটে চেয়ারম্যান হইয়া আমরার ঘরের মাইয়ার উপরে অত্যাচার, দেখি হের কেমন ক্ষমতা!
প্রায় ৩০-৪০ জন ছুটলো।
আমার এখানে কাজ করা মেয়েগুলো ইতোমধ্যে ঘর পরিষ্কার করে ফেলেছে। আমার ভাবীকেও এক নজর দেখেছিলাম ঘর গুছাচ্ছে। আমি কোনোভাবেই নিজেকে সামলাতে পারছি না।
চেয়ারম্যানের বাড়ি গিয়ে চিল্লাফাল্লা করলে কি হবে? তার সাথে কি সাধারণ মানুষ পেরে উঠবে? অযথা আমারই দোষ বের হবে।
সবাই আমাকে বিধ্বস্ত অবস্থায় দেখতে দূর দূর থেকে আসতে লাগলো। এর ভেতরে অনেকে মজা নিতেও হয়তো এসেছে, একেক জনের একেক কথা আমাকে আরো বিষিয়ে তুলছিলো। বলছিলো,
' মেয়েদের এতো সাহস ঠিক না।
' ক্যান বাড়ি রাইখা গেলোগা?
' বিয়াসাদী না কইরা এমনে থাকলে কুনজর তো পড়বোই।
' আহারে মাইয়াডার সব স্বপ্ন শেষ।
' ভাইডি এতদিন তাকাইলে এমনদিন আইতোনা।
' চেয়ারম্যানরে না খ্যাপাইয়া বিয়া কইরা নিলেই পারতো।
' তালাকের টেকার দিয়াই তো এ-সব করছিলো, এইসব কি টিকে?
আরো যে যা পারছিলো তাই বলছিলো। আজ যেন সবার মত বিনিময় সভা এখানে। সবাই সবার মতো মত বিনিময় করছে। হঠাৎ ভীড়ের মধ্যে ঘটক চাচার ডাকে আমার হুঁশ এলো।
' আম্মাজান কি হইলো এইখানে? এমনে মানুষ ভীড় কইরা আছে ক্যান?
আমি মাথা তুলে তাকিয়ে হাত দিয়ে ইশারা করে দেখিয়ে বললাম,
' চেয়ারম্যান ডাকাইত দিয়া আমার সবকিছু লুট কইরা নিলো চাচা।
' চেয়ারম্যান এমন করলো ক্যান?
' হেরে বিয়া করি বইলা।
ঘটক চাচা মুখে হাত দিয়ে বললো,
' কি কন, হে আবার বিয়া করতে চায়? কয়দিন পর পর তার বউ লাগে? আমারেও ধরছিলো, আমি এইসব চরিত্রহীন বেডা মাইনসের বিয়ার কাজকারবার করি না। কিন্তু আমি তো আবার ওই বিয়াডা নিয়াই আইলাম আম্মাজান, কিন্তু এখন কওন ঠিক হইবো কিনা বুঝতাছি না।
' চাচা তারে গিয়া কন আমরা রাজী, যেদিন আসতে পারে ওইদিনই বিয়া করুম।
আম্মা পাশ থেকে অবাক হয়ে বললো,
' কি কস এইডি? এতদিন না মানা কইরা আইলি?
' আমি আমি আর নিতে পারতাছিনা এইসব। একলা থাকতে চাইনা আর।
' তোর ভাই কাকা তাদের লগে কথা কমু?
' কইয়ো, তারা ফিরা আসুক।
ঘটক চাচা তার পুটলি থেকে একটা মিষ্টির হাঁড়ি বের করে সামনে দিয়ে বললো,
' এইডা আমারে দিয়া দিছিলো, আর কইছিলো আজকা বিয়াতে তারা মত দিবো, আর এইডা যেন দিয়া যাই।
আম্মা হাত নিয়ে বললো,
' আমরা মত দিমু ওইডা হে জানে কেমনে?
আমি আম্মার দিকে তাকাতেই আম্মা ঢুক গিলে বললো,
' আচ্ছা দিয়া যান, কিন্তু আজকা মিষ্টি খাওনের অবস্থায় নাই আমরা। আপনি একটু খাইয়া যান।
বলেই আম্মা তাকে একটা বাটিতে মিষ্টি দিলো। সে বাটির সবগুলো মিষ্টি খেয়ে বিদায় নিয়ে বের হয়ে গেলো।
আমি আস্তে আস্তে গিয়ে বিছানায় বসে আমার স্বপ্নের মতো সাজানো ঘরটায় চোখ বুলিয়ে আবারও হুঁ হুঁ করে কেঁদে উঠলাম।