অসময়েই মানুষ চেনা যায়! সুসময়ে সবাই খাতির দেখাতে আসলেও অসময়ে তাদের আসল রূপ না চাইতেও বেড়িয়ে আসে। আমি আমার সবচেয়ে বড় ক্ষতি হয়ে যাওয়ার পর খেয়াল করলাম এতদিন যারা জয়গান করছিলো তারাই বলছে আমি নাকি বেশি বেড়ে গিয়েছিলাম, এমনই নাকি আমার হওয়া উচিত! আমার বাড়িতে সরকারি লোক আসা, পাইকাররা আসা, আবার মেয়ে মানুষ হয়ে সবার সাথে মত বিনিময় করা, সমাজ ছেড়ে একলা থাকা! এরপর আর কি আশা করি? এমনই তো হবে তাইনা?
আমার আম্মা এইসব ইনিয়েবিনিয়ে বলা লোকেদের সাথে তর্কবিতর্ক করছে। আমার এসব একেবারেই সহ্য হচ্ছিলোনা। কানদুটো শব্দদূষনের প্রভাবে বিষিয়ে উঠেছে।
একটা সময় অধৈর্য হয়ে চিৎকার করে বললাম,
' সবাই চুপ করেন আর এইখান থেইকা বের হন। কাউরে দেখতে চাইনা আমার ঘরে।
মুখ ভেংচিয়ে এক এক করে সবাই চলে গেলো। কিছুক্ষণ পর আমি মাথা তুলে দেখলাম সামনে শুধু ভাবী বসে আছে। আমি আরো একটা চিৎকার করে বললাম,
' আপনে যান না ক্যান? আমার সময় ভালা দেইখা খাতির করছিলেন, আবার তো সময় খারাপ হইয়া গেলো, থাইকা কি করবেন আর? যান বাড়ি যান।
ভাবী থতমত করে বললো,
' সোহানা এমনে কইয়োনা, সময় ভালা তো অনেক আগেই হইছে, আমি কি কোনোদিন আইছি?
' তাইলে কাল থেইকা ক্যান ডাক খোঁজ করেন? আমার ভাইরে বিয়া করনের পর কোনোদিন কইতে পারবেন আমারে ডাক দিয়া এক গেলাস পানি দিছেন?
' না দেই নাই আমি মানি এইডা। কিন্তু..
' কিন্তু কি? এতোদিন আমাদের কাছে আইতে পারেন নাই, কারণ আমরা আপনেরার দিক ফিরাও চাই নাই। কাল সুযোগ দেওয়াতে সুযোগ পাইছেন, তাই খাতির যত্নেরও কমতি রাখেন নাই। এইসব তো সময় ভালার লাইগাই আছিলো তাইনা? না হইলে কি এমন করতেন?
ভাবী চুপ করে রইলো। আমি চোখমুখ মুছতে মুছতে বললাম,
' করতেন না। কোনোদিনও করতে না। আব্বা মরনের পর আম্মার খাওনের লগে আমার লাইগা কোনোদিন এক টুকরা আলুও বেশি দেন নাই। সেইখানে গতকাইল দুই টুকরা মাংস উঠায়া রাখছেন, কি অবিশ্বাসের কথা! আগে সময় খারাপ আছিলো, তাই খাতিরও ছিলোনা।
দেখেন আবার সময় খারাপ হইয়া গেছে! এক রাইতেই খারাপ হইয়া গেছে। সব ঠিক থাকলে আমি নাহয় আমার ভালা সময়ের বিনিময়ে আপনারার ভালোবাসা আদায় কইরা নিতাম, জীবনে পাই নাই তাই সাধও ছিলো সেইডার! কিন্তু খোদার ফয়সালা দেখেন, আমি আবার শূন্য হইয়া গেলাম। এখন তো আগের মতোই করবেন, সময় যে ভালানা তাই!
' সোহানা?
আমি ভাবীর ডাকে তার মুখের দিকে তাকিয়ে বললাম,
' বাড়ি যান ভাবী। আপনাদের উপরে রাগ নাই, দুনিয়াডাই এমন, যার আছে তার সব আছে, যার নাই তার কিছুই নাই, কেউ নাই!
ভাবী আস্তে করে মাথা নাড়িয়ে চলে যেতে লাগলো। আমার সাথে এই মূহুর্তে পেরে উঠবেনা জানে। সেই যোগ্যতাও নাই।
আমি ক্লান্তির সাথে বিছানায় শরীর হেলিয়ে দিলাম । আম্মা গালে হাত দিয়ে বসে আছে। ভাবী আর আমার মধ্যে একটা কথাও বলেনি, শুধু চুপ করে সব শুনেছে।
কিছুক্ষণ পর হঠাৎ বাইরে হাঙ্গামা শুনে উঠে বসলাম। আম্মা উঠে তাড়াতাড়ি করে বের হয়ে গেলো। আমিও উঠে বের হয়ে দেখি বাড়ির সামনে অনেক লোক জড়ো হয়ে আছে। আর সবার সামনে দাঁড়িয়ে আছে চেয়ারম্যান। আমাকে দেখেই চেয়ারম্যান হুংকার ছেড়ে বললো,
' তুমি জনগণরে ক্ষেপাইয়া দিছো আমি লুটপাট করছি বইলা? আমি? আমি শাহজাহান চৌধুরী, আমার চেয়ারম্যানি ছাড়া যেই সম্পদ আছে আমার ১০ আওলাদ খাইয়া শেষ করতে পারবোনা, আর আমার গায়ে কিনা দুই পয়সার জিনিসের লুটের দায়?
আমি এগিয়ে গিয়ে বললাম,
' তাইলে আপনার এলাকায় এই সাহস আর কার হইবো? আপনি কি আমার আম্মারে হুমকি দিয়া যান নাই? তারে কন নাই দেইখা লইবেন?
' এই এই এই মিছা কথা কইবানা। আমি এই কথা ক্যান কমু? আমি তোমার কষ্ট দেইখা মায়া কইরা সরকারি অনুদান আইনা দিছি। অস্বীকার করতে পারবা? এতকিছু কইরা আমি ক্যান তোমার লগে এমন করমু? জনগনরে আমার পিছে লেলায়া দেওনের আগে ভাবলা না আমি এলাকার একজন সম্মানি মানুষ?
আমি তার কথায় তাজ্জববনে গেলাম। আমারেই সবকিছুর দায় দিচ্ছে। এমন সব কথায় হিতাহিত জ্ঞান যেন হারিয়ে ফেলছে বসছি। তবুও জোরে চিৎকার করে তার প্রতিত্তোর দিলাম,
' অনুদান আপনার লাইগা আসে নাই, আমার কাজ দেইখা আইছে। আর আপনি করছেন কারণ আপনি আমারে বিয়া করতে চাইছিলেন, আমি রাজী হয় নাই তাই আমারে দূর্বল করনের লাইগা এমন করছেন। যাতে আপনারে বিয়া করতে বাধ্য হই। একদিন না, বহুদিন থেইকা আপনার লোকেরা আমার বাড়িতে অনাচার কইরা যাইতাছে। খালি বিয়াতে মত দেই নাই তাই আপনি এইগুলা করাইতাছেন।
চেয়ারম্যান অট্টহাসির সাথে বললো,
' দেখছেন আপনারা, দেখছেন? কি কথাডি কইলো? তার কোন নাগর রাইতে সাক্ষাৎ করতে আইয়ে হেই দোষ নাকি আমার? তারে বিয়া করনের লাইগা নাকি আমি এইসব করতাছি? হেরে আমি বিয়া করতে চামু ক্যান? আমার কি মাইয়া অভাব পড়ছে? আমি ৫০ বউ পালার ক্ষমতা রাখি, আবিইত্তা বেডিরা এমনেই লাইন ধইরা থাকে। এর মতো বিয়াইত্তা ডিভোর্সি বেডিরে কোন দুঃখে বিয়ার প্রস্তাব দিমু? বুঝছি, আমার টেকাপয়সা হাতানের উদ্দেশ্যে আমার উপ্রে দোষ চাপাইছে, মাইয়া বড় চালাক। সামনে ইলেকশন তো ভাবছে কিছু রটাইয়া বড় দান মারতে পারবো।
যাহ তোর ইচ্ছাই পূরণ কইরা দিমু। যাই হোক জনগনের দুঃখ দেখনও আমার দায়িত্ব, ক্ষতি যেই করছে আমিই পূরণ করমু, ২০ হাজার দিমু, চলবো? নাইলে আরো বাড়াইয়া দিমু। তাও কলঙ্ক তুলবিনা, তোর মানসম্মান না থাকতে পারে কিন্তু আমার আছে।
সবাই হাততালি দিতে শুরু করলো। আমি অসহায়ের মতো আমার ভাই আর চাচাদের খুঁজছি, তারা কেউ এখানে নেই। চেয়ারম্যানের সাথে যারা এসেছে সবাইকে চেয়ারম্যানের লোকই মনে হচ্ছে। আমি লজ্জায় অপমানে ভেতরে ভেতরে টুকরো টুকরো হয়ে যাচ্ছিলাম। অনেক কিছুই বলতে চাচ্ছিলাম, কিন্তু মুখে আসছিলোনা৷
আমাকে তৃণমূলে শেষ করে দিয়ে আমাকেই এতো মানুষের সামনে বেইজ্জত করতে লাগলো। লোকগুলো জোরে জোরে বলতেছে, এইসব মাইয়া মানুষের কামই ধান্ধা কইরা টাকা লওন। কেউ কেউ প্রকাশ্যেই ঢিল ছুঁড়তে উদ্যত হচ্ছিলো, কিন্তু সবার সামনে তাদের একমাত্র নিষ্ঠাবান চেয়ারম্যান সাহেব উগ্রদের থামিয়ে দিয়ে বললেন,
' খারাপের সাথে আমরা খারাপ হইয়া লাভ আছে? মশা মাইরা হাত ময়লা করনের কাম নাই, চলেন সবাই।
তারা চলে যাচ্ছে, আমি কেবল নির্বাক হয়ে তাকিয়ে আছি। আহা, কি ভালো মানুষী! যে কেউ এসব শুনলে তাকেই ভালো বলবে। ঢিলটা পর্যন্ত যে ছুঁড়তে দেয়নি সে কি করে এসব করবে?
আমার আম্মাও একটা কথা বললোনা। তাকিয়েই আছে শুধু। মনে হচ্ছে কিছু বললেই যেন কলঙ্কের পরিমাণ বাড়বে! এমনিতেই যেটা বলেছি সেটাই ফিরে এসে আমার গায়ে লেগেছে।
কিছুক্ষণ পর আমার ভাইরা ফিরে এলো, তাদের সাথে হাতে গোনা কয়েকজন কেবল ফিরলো। বাকি যারা গিয়েছিল সবাই উধাও।
ভাই আর চাচা সরাসরি ঘরে ঢুকে গেলো। দেখলো আমি হাঁউমাঁউ করে কাঁদতেছি। ভাই আমার কাঁধ ধরে বললো,
' সোহানা কান্দস ক্যান? আমরা পুলিশের কাছে গেছিলাম, পুলিশ তদন্ত করবো কইছে। যারাই এই অঘটন করছে পুলিশ খুঁজবো।
আমি তীব্র কান্নায় হেঁচকি তুলতে তুলতে বললাম,
' চেয়ারম্যান আইছিলো দলবল লইয়া। আমারে যাচ্ছেতাই কইয়া গেছে।
আম্মা পাশ থেকে বললো,
' চেয়ারম্যান সব দোষ আমার মাইয়ার উপ্রে দিয়া নিজেরে ধোয়া তুলসী বানাইয়া গেছে। সবাই সোহানারেই দোষী কইতাছে।
কাকা গর্জন করে বললো,
' ওইখানে আমাদেরকে কইছে হে নাকি কিছুই জানেনা, হের লোক আছে, তারারে লাগাইয়া খোঁজ করবো কারা এমন করলো। আর এইদিকে আইয়া এমন কাজকারবার কইরা গেলো?
এই কথার পর আম্মা আবার মুখে কাপড় গুঁজে কাঁদতে লাগলো।
কাকা শান্ত গলায় বললো,
' ভাবী কাইন্দেন না। হের বিচার অবশ্যই হইবো।
ভাই আমার হাত ধরে বললো,
' বাড়িত চল। এইখানে আর থাকা লাগবোনা।
' না যামুনা কোথাও।
' চল বাড়িত চল। পরিস্থিতি ভালা হউক।
আম্মাও এসে আমার কাঁধ ধরে বললো,
' চল। এইখানে একা থাকলে আরো না জানি কি কি হয়? এখন আর কি নিয়া যাইবো?
কাকা বললো,
' লাগলে আমরার ঘরেই থাকিস। আর জেদ করিস না। চল! তোর জিনিস চুরি করছে ,গুণ-জ্ঞান তো চুরি করে নাই। আবার শুরু করবি। উঠ মা চল।
আমি উঠে দাঁড়ালাম।
বাড়িতে গিয়ে আমি কাকীর ঘরেই ঢুকলাম। কাকীও আমাকে আবার শুরু করার জন্য প্রেরণা দিচ্ছে। কিন্তু ওই বাড়িতে আমি আর কোন ভরসাই বা শুরু করবো? আবারও এমন হবেনা গ্যারান্টি কি? অপবিত্র সমাজ এটা, এখানে জায়গায় জায়গায় ছড়িয়ে আছে অন্যায় আর অনাচার! কে দিবে আমার ন্যায়বিচার? ক্ষতিও আমার হলো, বদনামও আমার রটলো? কিন্তু যে করলো তার কিছুই হলোনা। এটা কেমন সমাজ?
'
সেদিনই বিকাল বেলা আজম ভাই বাড়ি এলো। কোনো কিছু জেনে নয় এমনিতেই এলো, দুদিন পর আব্বার মৃত্যুবার্ষিকী তাই। সে নাকি আব্বার জন্য দোয়া আর খতমের আয়োজন করবে সাথে খাবার দাবারও।
আসতেই আসতেই রাস্তা থেকে সে আমার ব্যপারে সব খবর পেয়ে গেলো। বাড়ি এসে ডাকতে লাগলো,
' বড়ভাই লোকেরা সোহানারে নিয়া এইসব কি কইতাছে? হের ঘরে নাকি ডাকাতি হইছে? চেয়ারম্যানের লগে কি জানি লেশফেশের কথাও শুনলাম।
ভাই গরুরে খাবার দিচ্ছিলো তখন। আজম ভাইয়ের কথায় ঘুরে তাকিয়ে বললো,
' লোকের এই কথা শুনছত? অথচ এই লোকেরা গত এক বছর ধইরা আমার বইনের প্রশংসায় পঞ্চমুখ আছিলো। কতোজনরে বিনা পয়সায় কাম শিখাইছে, কর্ম কইরা খাওনের রাস্তা দেখাইছে তারাই আইজ তার বিপদ দেইখা ঘাড়ে লাত্থি দিতাছে।
আজম ভাইয়ের বউ বললো,
' লোকে কি হুদা হুদাই কারোর ঘাড়ে লাত্থি দেয় ভাই?
রুস্তম ভাই রেগেমেগে বললো,
' মুখে লাগাম লাগাইয়া কথা কইবা। যেইডা জানোনা, ওইডা নিয়া কথা কওনের দরকার নাই।
আম্মা আর বড় ভাবীও গিয়ে আমার পক্ষে কথা বললো। বড় ভাবীকে আমার পক্ষ টানতে দেখে আজম ভাইয়ের বউ বিপাকে পড়ে গেলো, বুঝলোনা বিষয়টা কি?
শেষে ঘরে এসে সব বিস্তারিত শুনলো। আজম ভাই রগচটা মানুষ, তখনই চেয়ারম্যান বাড়িতে যেতে চাইলো।
বড় ভাই আটকানোতে শান্ত হলো। দুই ভাইয়েরই এই আজব পরিবর্তন আমি বুঝতে পারলাম না। বোনের উপরে থাকা কয়েক বছরের জেদ একদিনে চলে যায় কি করে?
পরেরদিন সকালটা হলো আমার জন্য সবচেয়ে অলস সকাল। আমার সময়ের হিসাব নেই,কাজের তাড়া নেই, মানুষের চাপ নেই। আমি নিশ্চুপ বিছানায় পড়ে আছি। সারারাত ঘুম হয়নি, ফজরের পর একটু চোখ লেগে আসায় ঘুম ভাঙতে একটু বেলাই হয়েই গেলো। সেটাও ভাঙলো কাকীর ডাকে। আমি চোখ খুলতেই বললো,
' কই খাবি? আমাদের এইখানে নাকি ওদের সাথে? ওরা তোর লাইগা কয়েকবার আইসা গেছে।
আমি চোখমুখ কচলে উঠে বসে বললাম,
' ওদের লগেই খাই।
' আইচ্ছা খা তাইলে, বেলা বাইড়া গেলো।
আমি উঠে ফ্রেশ হয়ে গেলাম। ছোট ভাবী আমার দিকে একবারও তাকালোনা। বড়জন আমাকে নাস্তা এনে দিলো। আমি খেলাম। পানি এগিয়ে দিলো ওখানেই হাতমুখ ধুয়ে উঠে আবারও কাকার ঘরে ফিরে এলাম। ওদের সামনে বেশিক্ষণ থাকলে কেমন যেন অস্বস্তি হয় তাই থাকতে পারিনা। আগের অবহেলাগুলো চোখের সামনে ভাসে, কান্না পায়! তাই কাকীর ঘরেই আমার একটু শান্তি লাগে।
ঘড়িতে তখন বারোটা ছুঁইছুঁই। আমাদের বাড়িতে হঠাৎ একটা হইচইয়ের আওয়াজ পেলাম৷ কাকী ডেকে বললো,
' আজ তোর বিয়া আমরারে কইলিনা?
আমি বের হয়ে উঠান পর্যন্ত গিয়ে দেখি টিটু শেরওয়ানি, পাগড়ী পরে মুখে রুমাল দিয়ে দাঁড়িয়ে আছে। তার সাথে ৮-১০ জন মানুষ। সবাই খুব সেজেগুজে আছে। আর তাদের সামনে রাখা বড় একটা ব্রিফকেস। বড়ভাই জিজ্ঞাসা করতেছে এইসব কি?
আম্মা কিছুটা জানে বলে চুপচাপ। আজম ভাই এখনো খবর পায়নি, কোথাও গেছে। ভাই আর ভাবীর চিৎকার চেঁচামেচিতেই আশেপাশের বাড়ির মানুষ খবর পেয়ে গেছে।
আমি ধীরে ধীরে উঠানে যেতেই বড় ভাই বললো,
' এইসব কিরে সোহানা? ওরা ডাইরেক বিয়ার লাইগা বাড়ি আইলো ক্যান?
আমি আস্তে আস্তে বললাম,
' আমি কইছিলাম যেকোনো সময় আইতে। চেয়ারম্যানের কাণ্ডকারখানায় খুব হতাশাগ্রস্ত আছিলাম তখন।
' তাই বইলা আমরারেও জানাইলিনা?
আম্মা বললো,
' আমি তো কইছিলাম ওর এখন বিয়াসাদী দরকার।
' আম্মা দরকার কইছেন, জুগাইয়া রাখছেন তো কন নাই।
তখনি আজম ভাই বিড়ি ফুকতে ফুকতে বাড়ি এলো। আজম ভাইকে দেখে টিটু একজনের পেছনে গিয়ে লুকিয়ে পড়লো। আজম ভাই বললো,
' কিরে এইখানে কি চলতাছে?
বড়ভাই বললো,
' বিয়ার কাজকারবার, চোখে দেখস না?
' কেডা এইডা? পোলা কেডা? আমারে তো কইলোনা।
' কেডা আবার, সাত আষ্ট বছর আগে যার নাক ফাটাইছিলি।
বড়ভাই ইতোমধ্যে চিনতে পেরে গেছে শুনে আমার একটু ভয় কাজ করতে লাগলো। আজম ভাই তো এটা শুনেই চিৎকার করে বললো,
' ওই অসভ্যের বাচ্চারে আমি খুন করুম। কতো বড় সাহস হে জামাই সাইজ্জা এই বাড়িত আইছে, হের কাছে আমি মইরা গেলেও বইন বিয়া দিমুনা।
আম্মা এগিয়ে এসে বললো,
' এই বিয়া হইবো, আমি কইছি হইবো।
আজম ভাই বললো,
' আমি মানিনা আম্মা। এই পোলা ভালানা।
' ভালা খারাপ তুই দেখবি ক্যান? এতো বছর দেখছিলি? বইনডা যে তিনডা বছর সংসারে তিলে তিলে মরতাছিলো চাইছিলি গিয়া একবার? এখন ভালা খারাপ তোরার উপ্রে ছাইড়া দিমু? আমার মাইয়া তার নিজের সিদ্ধান্তে বিয়া বইবো।
আজম ভাই আমার দিকে রাগান্বিত রক্তচক্ষু করে বললো,
' তুই এই বিয়া করবি?
আস্তে করে বললাম,
' করমু।
ভাই রাগে হাত দুটো শক্ত করে মুষ্টিবদ্ধ করে ধপধপ আওয়াজ করে বাড়ির বাইরে চলে গেলো। বড়ভাই না চাইতেও বললো,
' কাজী আনছেননি?
কাজী উঁকি দিয়ে বললো,
' এই যে আমি হইলাম কাজী। লগেই আইছি।
টিটুর বোন ব্রিফকেস দেখিয়ে বললো,
' আমরা সব জিনিসপত্রই নিয়া আইছি। মাইয়ারে সাজাইয়া লন, এরপর বিয়া হইবো।
বড় ভাবী ব্রিফকেস ওখানেই খুলে ফেললো। খুলে একটা একটা করে সব দেখে বললো,
' সবার সামনেই দেইখা নিতাছি, কিছু মনে করবেন না। আমার ননদ লাখে একটা, তারে যেমন তেমন কইরা নিতে দিমুনা।
আম্মা বললো,
' তাইলে যেমন তেমন আয়োজন করো গিয়া, তাদেরটা দেখলেই হইবো? খাওয়ান লাগবোনা?