ফন্ট সাইজ:
থিম:
অশুদ্ধ দরিয়া

13

লেখক: তাজরীন খন্দকার

পাত্রী দেখতে এসে হঠাৎ বিয়ে হয়, কিন্তু বরযাত্রী নিয়ে না জানিয়ে কয়জন বিয়ে কর‍তে আসে? তাও আবার পরিপূর্ণ সাজসজ্জার সাথে? যেখানে কনেপক্ষ কিছু জানেইনা!

লোকজন আগেরদিন চেয়ারম্যানের রটানো গুজব, আর ডাকাতির বিষয়টা মুখ থেকে ঝেড়ে ফেলার আগেই আবার এই লঙ্কাকাণ্ড স্বচক্ষে দেখে ফেললো। তাদের রটনার সাথে এবার আরো রস যুক্ত হলো, তাই খুব আগ্রহ নিয়ে সবকিছু বুঝার চেষ্টা করছিলো। এতকিছুর পরেও কেমন ছেলে যে আমাকে বিয়ে করতে এলো?

সবার এমন অতি আগ্রহী আনাগোনা দেখে ভাবী বিরক্তির সাথে গলা হেঁকে তাদেরকে যার যার বাড়ি যেতে বললো।

ভাবীর চিৎকারে তারা আস্তে আস্তে সরে যেতে লাগলো।

একটু পর ঘরে এসে ভাবী আমাকে গোসল করে সুন্দর করে তৈরি হতে বললো। আর তার পালা দুইটা মুরগী জবাই দিলো। আম্মা ইতোমধ্যে মশলাপাতি তৈরি করতে বসে গেছে। ঘরে ডিম মাছ যা আছে তাই রান্নার জন্য প্রস্তুত করতে শুরু করেছে তারা।

মেহমান বড়ভাইয়ের ঘরে বসেছে। ছোট ভাবী সেখানে না এসে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। আমার কাকীও মুখ ভার করে আছে,তবে মুখ ভার করলেও আম্মার সাথে কাজে সাহায্য করছে। এদিকে কাকা এখনো কিছু জানেনা।

আমি গোসল কর‍তে করতে ভাবছি, এতো দ্রুত বিয়ে করতে চলে আসলো কেন টিটু? আমি নাহয় বলেছিলাম সময় সুযোগ করে বিয়ের জন্য আসতে তাই বলে পরেরদিন তো আসতে বলিনি!

নাকি চেয়ারম্যানের ঘটনা তাকে প্রভাবিত করেছে?নাকি তার তাড়া বেশি? অনেক ভাবনা-ই মাথায় আসছে। বিয়ের প্রতিশ্রুতি যখন দিয়েছি, এই ভরা আয়োজনে তাদের ফিরিয়ে দেওয়া কোনোভাবেই উচিত নয়!

আমি যেন মন থেকেই মনস্থির করে ফেললাম। বিয়ে করেই আবার সবকিছু শুরু করবো! তখন আর কে আমাকে আটকাবে? কিই বা বদনাম রটাবে?

আমি গোসল করে একটা সুন্দর কাপড় পরিধান করে ঘরে গেলাম। ভাবী আমার হাতে একটা ট্রে ধরিয়ে দিলো, তাতে তাদেরই আনা খাবার দাবার। বললো,

' এইগুলা মেহমানদের সামনে নিয়া যাও। রান্নাবান্না হউক, এরপর ভাত দিমু।

আমি মুখ ফিরিয়ে বললাম,

' আমি ক্যান দিতে যামু? সুজনরে দিয়া পাঠান।

' আরে তারা তো কথা কইতে চায় তোমার লগে। তোমার ভাইও লগে থাকবো। যা যা দরকার কথা কইয়া সারতে হইবোনা?

আমি ইতস্তততার সাথে ট্রে হাতে তুলে নিলাম। আম্মাও আমার পেছন পেছন আসলো। আমি ভেতরে গিয়ে সালাম দিলাম। তাদের সামনে একটা টুলের উপরে ট্রে রেখে আমি দাঁড়িয়ে রইলাম। ভাই পাশের ঘর থেকে আমাকে একটা বসার জায়গা এনে দিলো। ওরা আমাকে বসতে বললো, অনুমতি পেয়ে আমি বসলাম।

টিটুর আত্মীয়দের মধ্যে যারা কাছের ছিলো তাদেরকে নিয়েই বিয়ে করতে এসেছে। তবে তার ভাই আসেনি। সে তো বউ নিয়ে ঢাকা থাকে, এতো দ্রুত বিয়ের খবর পাবেই বা কীভাবে?

আমি বসার পর তার এক চাচা বললো,

' আমরা আগের বিয়া নিয়া শুনছি, লোকের কথাও শুনছি। আমরা না চাইলেও যে ঘর কইরা খাইবো তার চাওয়াতেই এইখানে আইতে হইলো। সে কইলো তার শুধু এই মাইয়াডারেই লাগবো! যাক তার ঘর তার সংসার আমরা আর কি কমু? হের কোনো চাওয়াও নাই, এখন তোমরার দাবিদাওয়া কিরকম সেইডা কও?

ভাই পাশ থেকে বললো,

' আমার বইনের এর আগের মোহরানা এক লাখ ছিলো। আমরা এর নিচে নামুম না, এর উপরে আপনারা যেইটা কন ওইটাই।

আরেকজন মুরব্বি বললো,

' এক লাখ মেলা বেশি, এতো দেওনের সার্মথ্য নাই আমার ভাইগ্নার।

বুঝলাম সে টিটুর মামা হবে। তার মামার কথা শেষ হতেই টিটু বললো,

' না মামু, আমি এর বেশিই দিমু। ওইটা এক লাখ হইলে আমি দুই লাখ দিমু।

তার চাচা বললো,

' তোরে বেচলেও এক লাখ হইবোনা, তুই দুই লাখ দিবি কইত্তে?

' যেমনে পারি দিমু। দুই লাখ ধার্য্য করবেন, এইডাই কথা।

কাজী বললো,

' তাইলে কাগজে দুইলাখই তুলি?

' আরে রাখেন মিয়া আর কথা সাইরা নিই?

টিটুর মামার কথায় টিটু বললো,

' আর কি কথা?

' তুই না কইলি তোর মায়ের গয়না আছে কিছু?

' হ ওইডা তো দিমুই। আম্মা দুই বউয়ের লাইগা সমান সমান গয়না রাইখা গেছে। এইডা তো এইখানে আলোচনার কিছু নাই মামু।

' তাও কইবিনা? সোনাগয়নার আলাপ আগেই করন লাগে।

' ওইখানে একজোড়া বালা আর একটা টিকলি আছে। কানের জিনিস আর গলার জিনিস আম্মা বড় ভাবীরে দিয়া গেছে।

' কতো ভরি হইবো ?

' আড়াই ভরি।

' আইচ্ছা তাইলে এইডি হইলো আমাদের পক্ষত্তে দেওয়া, লগে তো বউ সাজাইয়া নেওনের সব আনছি অই। আর আপনারা...

টিটু থামিয়ে বললো,

' তারা তাদের মাইয়া দিবো সেইডাই অনেক। খুশি হইয়া দেওনের প্রসঙ্গও আনবেন না।

তার মামা থেমে গেলো। মুখটা একটু ফ্যাকাসেও হলো। কিন্তু তার কথাই যেন কথা, এর বাইরে কেউ কিছু বলছিলোনা।

সবাই তার কথাকে খুব মান্য করছিলো। অল্প বয়স অথচ মুরব্বি, গুরুজন সবাইকে টিটু এক কথায়ই চুপ করিয়ে দিচ্ছে। সে একবার বারণ করে সাথে সাথে তারা থেমে যায়। এই দৃশ্য আমি কোনোদিন দেখিনি! জামানকে একটা কুকুরও পথ আটকালে সে সেই রাস্তা ছেড়ে অন্য রাস্তা খুঁজতো! আর টিটু কাউকে চোখ দিয়েও মাপতেছেনা।

তার চাচা বললো,

' তাইলে মা তুমি সবকিছু পইরা তৈয়ার হইয়া আইয়ো, বিয়া পড়াইয়া ফেলি।

আমি আস্তে করে উঠে চলে আসলাম। আম্মা পর্দার ওপারেই দাঁড়িয়ে ছিলো। আমার হাত ধরে বললো,

' দেখছত কিরম সাহসী পোলা? বাঘের বাচ্চা একবারে!এমনই অইতো চাই আমি।

ভাবী রান্নার মধ্য থেকে উঠে এসে বললো,

' কি কইলো?

আম্মা বললো,

' দুই লাখ মোহরানা, আর আড়াই ভরি স্বর্ণ দিয়া মাইয়া নিবো, আমাদের থেইকা চাওয়া নাই।

চাওয়া নাই শুনে তার মুখে হাসি ফুটলো। উচ্ছ্বাস নিয়ে বললো,

' তাইলে আর দেরি ক্যান? সাইজা মাইজা কবুল কইয়া ফেলো।

আমি মুচকি হেসে ব্রিফকেসটা নিয়ে আমাদের গরুর ঘরের পাশের রুমটাতে চলে গেলাম। ওখানে গিয়ে ব্রিফকেসটা খুললাম। দেখলাম উপরেই একটা ফিরোজা রঙের বেনারসি। কালারটা আমার তেমন একটা পছন্দ না, এটা সরিয়ে দেখি আরো একটা শাড়ী ওটা সবুজ রঙের। তার পছন্দ দেখে আমি একটু হতাশই হলাম, কারণ আমার এসব রঙ একেবারেই পছন্দ না। আমি সবসময় রঙিন জিনিসের প্রতি আকৃষ্ট হই। তবুও আমার যেকোনো কিছুই পরে ফেলার অভ্যাস আছে। তাই দেরি না করে শাড়ী পরে সেখানে থাকা চুড়ি, চুলের খোঁপা, স্নো,পাউডার, লিপস্টিক সব দিয়ে সেজে নিলাম।

এর মধ্যেই আমার কাকী একটা সুন্দর লাল প্লাস্টিক বক্স এনে হাতে দিয়ে বললো,

' বিয়াডা নিয়া কি আরেকবার ভাব্বি? বড় সাধ জাগছিলো তোরে আমার ঘরেই সাজাইয়া রাইখা দিমু। জামিলের চিঠি পাইছিলাম, রোজার ঈদ বাড়িত করবো কইলো। দেখ না বিয়াডা ফিরাইতে পারস কিনা?

আমি বক্সটা খুলে বালা দুটো হাতে পরে টিকলিটা কাকীর হাতে দিয়ে বললাম,

' পরায়া দেন কাকী।

কাকী পরাতে পরাতে বললো,

' পারবি না ফিরাইতে?

' কাকী সেই সুযোগ যে নাই আর। সব কথা হইয়া গেলো দেখলেন তো নিজ চোখে। আর আমি জামিল ভাইরে বিয়া করতে পারিনা কাকী, এইডা সম্ভব না।

' তুই চাইলে সব সম্ভব হইতো।

' কই আগে তো কোনোদিন কন নাই, আগে কইলে তো আমার ওই জায়গায় বিয়াডা হইতোনা।

' তখন তোর আব্বা আমার পোলার লগে বিয়া দিতো? তোর লাইগা বড় ঘর খুঁজতো ভাইজান। আর জামিল তখন ক্ষেতেখামারে কাজ করতো।

' কাকী, মনডা খারাপ কইরেন না দোহাই আল্লাহর। আমি এইডা ভাবতে পারলে দুনিয়ার সব ত্যাগ দিতাম, ফিরায়া দিতাম। আমি কাউরে এখন গুনিনা কাকী, কিন্তু আমি মন দিয়া চাই এই বিয়াডাই হোক।

কাকী বিষন্নতার সহিত বললো,

' আইচ্ছা দোয়া করি আল্লাহ তোরে সুখী করুক। তুই সুখে থাকলে আমার কোনো আফসোস থাকবোনা।

আমি কাকীকে জড়িয়ে ধরে বললাম,

' আপনি খুব ভালা কাকী! চলেন যাই।

ঘরে ঢুকে কাকার আওয়াজ পেলাম। কাকার শেষ কথাটা গিয়ে কেবল শুনলাম,

' যাহ তোরারডা তোরা ভালো বুঝস, আমি থাইকা আর কি করুম?

কাকা রাগ করে বের হয়ে গেছে। আমি বুঝলাম কাকা আগে থেকে কিছু জানেনি বলে রাগ করেছে। আমিও বলবো বলবো করে কাকাকে কিছু বললাম না, অথচ কাকা সবসময় আমার পাশে ছায়ার মতো ছিলো। খুব খারাপ লাগতে লাগলো! এটা আমার একদম উচিত হয়নি।

আমি কাকীর হাত ধরে অনুনয় করে বললাম,

' কাকী কাকারে গিয়া বুঝান না একটু? আমার অবস্থাডা কাকা অবশ্যই বুঝবো। কাকাই আমারে সব চাইতে ভালা বুঝে, আপনি বুঝাইয়া কইলে কাকা রাগ কইরা থাকতে পারবোনা।

কাকী আমার কথায় সম্মতি দিয়ে কাকার পেছন পেছন যেতে লাগলো।

ইতোমধ্যে মেহমানদের খাবার দেওয়া হয়ে গেছে, তারা খাচ্ছে।

বড় ভাবী এর ফাঁকে দিয়ে গিয়ে ছোট ভাবীকে বুঝিয়ে নিয়ে এলো। শুধুমাত্র বিয়েতে নামমাত্র উপস্থিতি জানান দিতে!

কাকীও কাকাকে বুঝিয়ে এনেছে। কাকাকে দেখে আমার অশান্ত মনটা অনেকটাই যেন শান্ত হলো। তবে আরেকটা ছোট্ট অশান্তি থেকেই গেলো, কেননা এই মূহুর্তে আমার মানুষ বলতে একজনই এলোনা, আমার আজম ভাই!

যদিও সে টিটুর সাথে আমার বিয়ে দেখতে আসবে এটা স্বপ্নে ভাবাও অসম্ভব! সে টিটুকে দুচোখে সহ্য করতে পারেনা। সে সহ্য করতে পারেনা, এটা শোধরানোর রাস্তাও নেই তাই তাকে ছাড়াই বিয়েতে বসলাম।

কিছুক্ষণের মধ্যে বিয়েটাও হয়ে গেলো।

আশ্চর্যজনক এক বিয়ে সেটা! এক অনিশ্চিত জীবনের সূচনা এক বাক্যেই করে ফেললাম। এই বিয়েতে কতো বাঁধা, কতো বিপত্তি সৃষ্টি হলো, আমি কিছুতেই পেছন ফিরলাম না।

অতঃপর কবুল বলার পরই আমার কাছে পৃথিবীটাকে অন্য রকম মনে হতে লাগলো। যেন সবকিছু হঠাৎ শান্ত। ভাবতে লাগলাম, লোকে আর এখন কি বলবে? বলার রাস্তা তো বন্ধ হয়ে গেলো।

আমাকে নেওয়ার জন্য গরুর গাড়ি নিয়ে এসেছে। গ্রামের উঁচুনিচু মাটির রাস্তায় গরুর গাড়িও ভালোমতো চলতে পারেনা, চাকা আটকে যায়! আমাদের গ্রামটার রাস্তাঘাট খারাপ হওয়াতে মটরগাড়ির প্রবেশও ঘটেনি।

বিয়ে শেষ হওয়ার পর আমি আর টিটু ছাড়া বাকি সবাই সবাই পায়ে হেঁটেই রওয়ানা দিয়ে দিলো।

আমরা আস্তেধীরে কিছুটা সময় পর বাড়ি থেকে বের হলাম। আমি পায়ে হেঁটেই রাস্তা পর্যন্ত গিয়ে গরুর গাড়িতে উঠে বসেছি। আমার পাশে টিটু বসেছে। সে তখনো মুখে রুমাল দিয়ে রেখেছে। আম্মা কাঁদতে কাঁদতে বিদায় জানালো আমাকে, আর সবাই আমার বিদায় দেখতে রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি আশেপাশে তাকিয়ে আজম ভাইকে খুঁজলাম, লোকটা শেষ পর্যন্তও এলোনা।

গাড়িয়াল গুরুর পিঠে আঘাত করতেই গরু দুইটা হাঁটতে লাগলো। বিদায় হতে হতে আমি নিঃশব্দে কাঁদতেছি। টিটু আস্তে করে বললো,

' হঠাৎ কইরা বিয়া করতে আসলাম বইলা রাগ করছো?

আমি জবাব দিলাম না। টিটু একটু পাশ ঘেঁষে বসে বললো

' সোহানা? এমন কইরা বিয়া না মাননেরই কথা। কি করুম কও? আমি গতকালকার ঘটনা শুইনা বুইঝা উঠতে পারি নাই কি করন উচিত? আমারও ভাইরে ছাড়া এমনে বিয়া করনের ইচ্ছা আছিলোনা। কিন্তু উপায় পাই নাই। ঘটক আমারে হালকা কইরা সব কওনের পর আমি এই গেরামে বিস্তারিত জাননের লাইগা আইলাম। এরপর যা যা জানলাম তাতে মনে হইলো তোমারে এমনে একলা রাখন অসম্ভব। তারা ইচ্ছা কইরা তোমারে অসম্মানি করনের লাইগা ষড়যন্ত্র করছে। আর চেয়ারম্যান? হের কুকীর্তি আমার থেইকা বেশি কেউ জানেনা। আমি খালি তোমারে আগে নিরাপদ করতে চাইতাছি, তার ব্যবস্থা তো পরে হইবো।

' কি কুকীর্তি?

' এইসব এখন না তুলি?

' হুম।

' আমি সকালে রোজিনারে নিয়া যতটুকু পারছি কইরা নিয়া বিয়ার উদ্দেশ্যে আইলাম। বুঝছো মনে হয়, কেউই বিয়াত মত দিতে চায় নাই। জোর কইরা তারারে আনছি।

' হুম আমার এইখানেও কেউ চায় নাই।

' না চাওয়ার মাঝেও আল্লাহ কেমন কইরা মিলাইয়া দিলো দেখলা? ' আল্লাহ তোমার কাছে লাখ কোটি শুকরিয়া, তুমি আমার মানুষটারে আমার কইরা দিছো!

(টিটু আকাশের দিকে তাকিয়ে কথাটা বললো!)

আমি হেসে বললাম,

' আস্তে কন, মানুষ শুনতাছে।

' সবাই শুনুক। এই সবাই শুনেন, আমি ৯ বছর ধইরা একটা মানুষরে শয়নেস্বপনে চাইয়া আইছি, আজ তারে বউ কইরা ঘরে লইয়া যাইতাছি। দেখেন আমার বউরে সবাই দেখেন, আসমানের পরীরে জমিনে নামায়া আনছি দেখেন সবাই।

(তার গলার আওয়াজ আরো জোরালো হলো)

রাস্তার দিয়ে চলাচল করা সবাই আমাদের গাড়ির দিকে তাকাচ্ছে। আমি লজ্জায় মুখ লুকিয়ে বসে আছি।

গাড়িয়াল সামনে থেকে বললো,

' ভাই আপনার খুশি দেইখা আমারও একজনরে বিয়া কর‍তে মন চাইতাছে।

' সেইডা কি তোমার মনের মানুষ?

' হ ভাই, আমরা দুইজনেই মনে মনে দুইজনরে ভালা পাই। ওর বাপে কড়া, ডরাই আমি লোকটারে। তাই আগাইতে পারিনা।

' ডরাইয়োনা, ডরাইলে দেখবা হঠাৎ আরেক বেডা তোমার শখের বেডিরে বিয়া কইরা নিয়া চইলা গেছে।

' ভাই কেমনে প্রস্তাব দিলে রাজী হইবো?

টিটু আমার দিকে তাকিয়ে বললো,

' এইডা কোনো বিষয় নাকি? দিবা আর রাজী হইবো, আমি নিজেও ৭ বার দিছি।

আমি আওয়াজ করে হেসে ফেললাম।

আমাকে হাসতে দেখে টিটুও আমার দিকে তাকিয়ে হাসছে।

কখন জানি বাড়ির কাছে এসে পড়লাম।

হঠাৎ গাড়িয়াল গরু থামিয়ে বললো,

' ভেতরে যাইবোনা। নাইমা যান।

আমি নামতে নামতেই ছোট ছোট বাচ্চাদের চিৎকার চেঁচামেচি শুনলাম। তারা বউ আইছে বউ আইছে বলে মাতামাতি শুরু করেছে।

সাথে সাথে বাড়ির ভেতরের লোকজন রাস্তায় ছুটে এলো। আমাকে এসে ধরে ধরে বাড়ির মধ্যে নিয়ে গেলো।

বাড়িতে যাওয়ার পর আমাকে বসিয়ে ঘোমটা তুলে দিলো, একে একে সবাই দেখছে। দেখে দেখে সবাই চলে যাচ্ছে। এর মধ্যে একজন একজন এসে আমার পাশে বসে বললো,

' আল্লাহ তোমারে নিজে হাতে বাঁচাইছে। তোমার কপাল ভালা।

আমি অপ্রস্তুত হয়ে বললাম,

' বুঝি নাই কি কইলেন?

পঁচিশঊর্ধ্ব বয়সের মহিলাটা মুখ এগিয়ে খুব আস্তে করে বললো,

' আমি তোমরার এলাকার শাহজাহান চেয়ারম্যানের পইলা বউ। তার প্রস্তাবে রাজী হইলে তুমি হইতা আমার সতীন।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 13 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন