একটা ছিমছাম দোতলা মাটির ঘর। সিলিংটা মজবুত কাঠের, তাই উপতলায় অনায়েসে সবকিছু করা যায়, বা রাখা যায়। ঘরের ভেতর দিয়েই মাটির সিঁড়িটা সিলিং পর্যন্ত চলে গেছে।
টিটুদের ঘরটার ভেতর বাহির একটু অন্য রকম সুন্দর।
রাস্তা থেকে বাড়িটা কেমন তা আঁচ করা যায়না, কিন্তু বাড়ির সামনে আসলে অন্য রকম ভালো লাগা কাজ করে । আমিও বাড়ির মধ্যে পা রেখেই প্রশান্তি অনূভব করছিলাম! কেন জানি মনে হচ্ছিলো এটাই আমার আপন ঠিকানা।
কিন্তু অচেনা মহিলার চেয়ারম্যানের প্রথম স্ত্রী পরিচয় দেওয়ার পরই আমার কলিজা মোচড় দিয়ে উঠলো। আমি যেই দোজখ থেকে বাঁচতে পালিয়ে বেড়াচ্ছি তার ঘরের মানুষ সেখানে কীভাবে এলো? আমি আর কোনোদিন ওই অসভ্য লোকের নামটাও শুনতে চাইনি। আমি আমার ভেতরকার অস্থিতিশীলতা প্রকাশ না করে তার পরিচয় পাওয়ার পরক্ষণে বললাম,
' চেয়ারম্যানের বউ হইলে এইখানে কেমন কইরা আইলেন? এতকিছুই বা কেমনে জানলেন?
সে হেসে বললো,
' আমার বাড়ি আমি আমু না?
' কোনডা?
' পাশে যে ঘরডা ফালাইয়া আইলা ওইডাই। আমি টিটুর চাচতো বইন।
এটা শুনে আমি আকাশ থেকে পড়লাম। কি বলে এসব? যার থেকে পালাতে চাইলাম তার উপস্থিতি ঘুরেফিরে আমার কাছেই? আমি তো চাইনি সে আমার নতুন ঠিকানা জানুক। চেয়ারম্যান আমার এতো ক্ষতি করেছে, এখন আমার স্বামীর ক্ষতি করবেনা এর নিশ্চয়তা কি? তার বউয়ের চাচাতো ভাইয়ের বউ এই খবর কি আর চেয়ারম্যানের অজানা থাকবে?
আমি তার দিকে তাকিয়ে বললাম,
' আফা আমার বিয়া এইখানে হইছে আপনার জামাই জানে? না জানলে দয়া কইরা কইবেন না।
' জানবোনা ক্যান, তার অনুমতি লইয়াই তো আইলাম।
অনুমতি নিয়ে? চেয়ারম্যান জেনেও ঝামেলা করলোনা? আবার আসতেও দিলো নিজের বউকে, অবিশ্বাস্য কথাবার্তা।
আমি কিছু বলতে চাচ্ছিলাম। তখনই রোজিনা এসে বললো,
' নারগিস আফা বউরে লইয়া আইয়েন, খাইয়া লন আপনারা।
আমি অপ্রস্তুত হয়ে বললাম,
' আমি খামুনা আফা, খিদা নাই।
' আরে না খাইয়া আবার থাকন যায় নাকি?
নারগিস আফা আমাকে টেনে বসা থেকে তুললো আর বললো,
' আরে শরমাইয়োনা। তোমার ঘর তোমার সংসার। তুমি আর তোমার জামাই ছাড়া এই ঘরে আছেই কেডা? আইয়ো আইয়ো খাইয়া লও কয়ডা। তোমার অই রাইজ্য তোমারই রাজনীতি!
খাওয়ার জন্য রাজ্য রাজনীতির প্রসঙ্গটা মাথায় ঢুকেনি। আমাকে খবরদারি করার কেউ নাই বলে ঈর্ষা থেকেই বললো কিনা!
আমি পেছন পেছন গেলাম।
রোজিনা আমাকে খাবারের প্লেট এগিয়ে দিলো। ভাত আর ডিম ভাজি। দিয়ে বললো,
' আইসা এইটুকই করলাম। আইজ কষ্ট কইরা খাইয়া লন। কাল থেইকা আপনার হাতেই মজার খাওন দাওন রানবেন।
আমি আশেপাশে তাকিয়ে বললাম,
' আপনার ভাই কই?
' জানিনা৷ ভাই আইসা খাইবো,আপনি খান।
নারগিস আফাও খাচ্ছে। আমি ভাত নাড়াচাড়া করছি, গরম ধোঁয়া উঠছে ভাত থেকে। নারগিস আফা বললো,
' টিটু ছোডকাল থেইকা সবসময় কইতো, নারগিস আমার একটা মাইয়ারে খুব ভাল্লাগে। আমি আর টিটু এক বয়সের তাই বন্ধুর মতোই চলছি। ওর সব কথা আমারে কয়, আমার সব গোপন কথাও কাউরে না কইতে পারলেও টিটুরে না কইয়া পারিনা। আরে কতো ঝগড়া করছি আমরা, আবার মিইল্লা গেছি। এখন তো ভালা কইরা দেখাই হয়না ওর লগে। স্বামীরে কতো মানাইয়া বিকালে বাড়িত আইলাম!
আমি তার দিকে ড্যাবড্যাব করে তাকালাম। আমার বলতে ইচ্ছে করছিলো, তাকে রেখে তার স্বামী তিনটা চারটা বিয়ে করলো তবুও কি করে সব হাসিমুখে মেনে নিচ্ছে? আমার পেটের কথা আমার পেটেই রয়ে গেলো। বলার সাহস পেলাম না। আরো অনেক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, কিন্তু করতে পারছিনা। হয়তো নতুন বলে জড়তা ভর করে আছে।
রোজিনা গ্লাসে পানি ভরতে ভরতে বললো,
' আপনার কথা আমার আম্মাও জানতো। আম্মা কইতো কোন মাইয়া আমার পোলাডারে এমন পাগল করলো? রাইত নাই দিন নাই খালি কয় আম্মা চাচারে বিয়ার প্রস্তাব দিতে কও? ফিরায়া দেওনের কয়দিন পর আবার কয়, আম্মা আরেকবার পাডাও না? রাজী হইলে হইতেও পারে। একদিন হঠাৎ কইরা ভাই আম্মার কাছে আইয়া কি কান্দা! আম্মা জিগায় কি হয়ছে? ভাই কথা কয় না, পরে আম্মা কয় মাইয়াডার কি বিয়া হইয়া গেছে? তখন ভাই খালি মাথা নাড়াইছে। এর আমার ভাইডার জীবন থেইকা খুশিই চইলা গেছিলো, খালি বনবাদুড়ের মতো এদিক ওদিক ঘুরছে। শেষে আম্মা বড় ভাইয়ের কাছে পাঠাইছে কামের লাইগা। আম্মা রোগে পড়নের পর কতো চাইছে ভাইয়েরে বিয়া করাইয়া যায়তো! রাজী করাইতে পারলোনা বান্দাডারে। আম্মা আফসোস নিয়াই মরলো।
বলেই রোজিনা চোখ মুছলো। চোখ মুছতে মুছতে বললো,
' আম্মা বাঁইচা থাকলে ভাইয়ের খুশি দেইখা অনেক খুশি হইতো।
তাদের কথা শুনে আমারও চোখ ছলছল করছে। আমি বুঝতে পারলাম এই বিয়েটা আমার কাছে সামান্য আশ্রয় হলেও টিটুর জীবনের সবকিছু। তার জীবনের একমাত্র চাওয়াই হয়তো এই সামান্য আমি!একটা মানুষ এতটাও চাইতে পারে কাউকে?
আমি এসব চাওয়া পাওয়ার অনূভুতিটা খুব একটা বুঝিনা। যার সাথে তিন বছর সংসার করেছি সেও ঠিক কি কারণে সংসার করেছে সেটাই বুঝে উঠিনি। তার জীবনে তার মায়ের প্রাধান্য এতটাই ছিলো যে আমার মনে হতো সে তার মায়ের জন্যই বিয়ে করেছে, বউ এনেছে। আসলে ছিলোও তাই, বিয়ে যেমন মায়ের জন্য করেছে, আচরণও তেমনই করেছে।
'
রাতে ৮ টার দিকে টিটু ঘরে এলো। সবাই তখন যার যার মতো করে চলে গেছে।
সে এসে দরজা খুলে আমার দিকে একটু তাকিয়েই আবার বাইরে চলে গেলো। এরপর কি জানি বিশাল বিশাল জিনিসপত্র ঘরে এনে রাখলো। আমি উঠে দাঁড়িয়ে বললাম,
' এইসব কি?
টিটু হেসে বললো,
' মেশিন।
' সেলাই মেশিন?
' হুম!
' আমিই কিনতাম। আপনে আনলেন ক্যান? একেবারে অর্থশূন্যও হই নাই।
' এইডা তো উপহার। কি দিমু ভাইব্বা পাই নাই। তুমি যে আমার লাইগা কি কেমনে বুঝামু? আমার কইলজা কাইটা দিলেও কম হইবো। অনেক ভাইব্বা মনে হইলো এইডাই দেই, চাইরটা দেওনের তাওফিক থাকলে চাইরটাই দিতাম। আপাতত একটা আনলাম, আগামী তিন মাসে তিনডা দিমু।
' এতগুলা আপনে দিবেন ক্যান? আমার প্রয়োজন হইলে আমিই কিনতে পারুম।
' একা ছিলা দায়িত্ব তোমার ছিলো, কবুল বলনের পর তোমার সব দায়িত্ব আমার। আমিই সব কইরা দিমু আবার। তুমি তোমার পথ থেইকা সরবা না, তুমি সংগ্রামী, সাফল্যময়ী। আমি তোমার মতো মানুষরে ভালোবাইসা জীবন উজাড় কইরা দিছি চিন্তা করলেই ভাল্লাগে!
আমি আস্তে আস্তে তার কাছে গিয়ে দাঁড়ালাম। প্যাকেজিংয়ের উপর থেকেই মেশিনে হাত বুলালাম। তারপর বললাম,
' আমার আব্বার দেওয়া মেশিনডার জন্য মন পুড়ে। হাজার আইলেও ওইডা তো আইবোনা।
টিটু দেখলো আমি এটা বলে কাঁদতেছি। সে আস্তে করে আমার গাল বেয়ে আসা পানি মুছে বললো,
' কাইন্দোনা। আমি কোনোদিন তোমার কান্দন দেখতে চাইনা। আব্বারে আল্লাহ জান্নাতবাসী করুক।
' আমিন।
টিটু আমার মাথাটা টেনে তার নিজের সাথে জড়িয়ে নিলো। আমি চোখ বন্ধ করে নিলাম। আমি তার ভেতরকার তীব্র ধুকপুকানি শুনতে পাচ্ছিলাম। শুনতে পাচ্ছিলাম সে আমাকে কতটা গভীর থেকে গভীরতর ভালোবাসে! একটা আধ পাগল ছেলে, যে এতকিছুর পরেও আমাকে পাওয়ার আশা ছেড়ে দেয়নি! পাগলামি মানুষকে অনেককিছু পাইয়েও দেয়, টিটুকে দেখলে তা বুঝা যায়।
'
পরেরদিন বিকেলে টিটু আমাকে বললো,
' সোহানা আমরা একটা জায়গায় ঘুরতে যামু।
আমি তখন মেশিনটা ফিটিংস করছিলাম। টিটুও সাহায্য করছিলো। আমি অবাক হয়ে বললাম,
' কি কন? ঘুরতে আবার কই?
' গেলেই বুঝবা।
রোজিনা কিছুক্ষণ আগে চলে গেছে। ঘরে আমরা দুজনই এখন। কারো অনুমতির দরকার নেই, কেউ জিজ্ঞাসা করার নেই। আমি এই ব্যপারটার সাথেও পরিচয় নই বলে অন্য রকম লাগলো। তাড়াতাড়ি উঠে হাতমুখ ধুয়ে এলাম। টিটু বললো,
' বোরকা পইরো না। সবুজ শাড়ীটা পইরা লও।
আমি ইতস্ততভাবে বললাম,
' আমি এমনে বাইরে যাই নাই কোনোদিন।
' আজ যাইবা। আইচ্ছা সবুজ রঙ তোমার ভাল্লাগে তো? রোজিনা এইসব রঙ নিতে না করছিলো। আমার ক্যান জানি এই রঙটাই ভাল্লাগে। স্কুলে থাকতে সবুজ রঙের স্কুলের ড্রেরেস পইরা যাইতা, আমি অপলক তাকাইয়া থাকতাম। তোমারে আমি সবসময় সবুজের সাথেই কল্পনা কইরা আইছি তাই কিনবার সময়ও ওই রঙ ছাড়া কিছুতে হাত দিতে পারি নাই। বিয়ার শাড়ী সবুজ পাইলে সবুজই আনতাম।
আমি হেসে বললাম,
' ভাল্লাগে, সবুজ আমারও পছন্দের।
আমি টিটুকে আড়াল করে সবুজ শাড়ীটা খুললাম। তার ভালো লাগার গভীরতা জেনে আমারও অদ্ভুতভাবে সবুজ রঙটা চমৎকার লাগছে। অথচ গতকাল এই রঙ দেখে বিরক্ত হয়েছিলাম!
আমি ঝটপট তৈরি হয়ে নিলাম। বাজারে গিয়ে টিটু আমাকে ধরে একটা গাড়িতে তুললো। বললো,
' আগে টেম্পোতে উঠছো?
আমি এমন একটা জিনিসে প্রথমবার চড়ে বিব্রত কিছুটা। আস্তে করে বললাম,
' না।
' এইটা অনেক তাড়াতাড়ি যায়। গরুর গাড়ির চাইতেও তাড়াতাড়ি। আওয়াজ হয় বেশি, কিন্তু ভাল্লাগবো তোমার।
আমাদের দুইজনকে নিয়ে টেম্পো ছেড়ে দিলো। আমি প্রথমে আওয়াজে ভয় পেলাম। টিটুর হাত চেপে ধরে চোখ বন্ধ করে করে রইলাম। কিছুক্ষণ পর দেখলাম কি সুন্দর করে একটা রাস্তা দিয়ে গাড়িটা ছুটে চলছে। দ্রুত যাচ্ছে আর গায়ে শান্তি শান্তি একটা বাতাস লাগছে। আমার মাথার কাপড়টা বারবার পড়ে যাচ্ছিলো, আমি বারবার তুলছিলাম দেখে টিটু হাত সরিয়ে বললো,
' পড়ুক। এইখানে কেউ তোমারে দেখবোনা।
কিছুক্ষণ পর গাড়িটা থামলো। টিটু টেম্পোর ড্রাইভারকে বললো,
' আমরা কিছুক্ষণের মইধ্যেই আইতাছি, আপনে গাড়ি নিয়া দাঁড়ান।
আমি নেমে বললাম,
' কই আনলেন?
' ওই যে সামনের বিল্ডিংডা দেখতাছো ওইডা আফসানাদের ঘর।
' আফসানা?
' হুম।
' আপনে জানেন কেমনে?
' রোজিনার শ্বশুর বাড়ি এইদিকে।
' কি কন?
' আমি গতকাল রোজিনারে নিতে আওনের সময় একটা কথা শুইনা গেছি। তাই তোমারে নিয়া আইছি।
' কি কথা? তার আগে কন আফসানারে চিনেন কেমনে? আর আফসানা যে কেডা ওইডা জানেন কেমনে?
' আইচ্ছা কইতাছি দাঁড়াও, এই লোকটারে আফসানার বিষয়ে জিগাই!
পাশ দিয়ে যাওয়া একজনকে ডাক দিয়ে বললো,
' আফসানা যে? নূরপুর বিয়া হইলো ক'দিন আগে তারে চিনেন?
' হ চিনি।
' কই আছে জানেন? নূরপুরেই?
লোকটা দাঁড়িয়ে বললো,
' নূরপুর তো তার বাপেরা জোর কইরা বিয়া দিছে, তারার শত্রুর ঘরের পোলার লগে ভাইগা গেছিলো, তিনমাস পরে আইনা বিয়াইত্তা এক বেডার কাছে বিয়া দিয়া দিলো। কেউ বিয়া করতে রাজী হয় নাই, মাইয়ার চরিত্র খারাপ। ওই বেডা কি বুইঝা বিয়া করলো কেডা কইবো? চাইরপাঁচদিন আগে ওই বেডারে থুইয়া মাইয়া আগের বেডার লগে ৫ মাসের পোলা লইয়া আবার গেছেগা।
এটা শুনে আমার আচমকা কাশি উঠে গেলো। লোকটা বললো,
' আপনেরা কেডা? এরার লগের কেউ নাতো আবার?
টিটু বললো,
' ডরাইয়েন না, আমরা তারার কেউ না। এমনি খোঁজ লইতে আইছি।
চলবে.....
লেখাঃ #তাজরীন_খন্দকার
জানি অনেক ছোট হয়েছে পর্ব। আগামী দুইদিন এমনি হবে। দিতে পারবো কিনা তাও আশঙ্কাজনক। বাড়িতে অনুষ্ঠান আছে, অনেক মেহমান থাকবে আর ব্যস্ততাও।
রিচেক হয়নি, এলোমেলো লাগতে পারে কিছুটা।
তবুও রেসপন্স করবেন, যেন ব্যস্ততায়ও গল্পের অল্প হলেও লিখতে বসি!❤️ See less
Shared post
তাজরীন খন্দকার - Tajrin Khandaker
·
·
Author
আগের পর্ব
https://www.facebook.com/100063916051504/posts/1594311596042694/
Reply
তাজরীন খন্দকার - Tajrin Khandaker
a day agoMonday 2 November 2026 at 21:591d
·
#অশুদ্ধ_দরিয়া (১৩)
পাত্রী দেখতে এসে হঠাৎ বিয়ে হয়, কিন্তু বরযাত্রী নিয়ে না জানিয়ে কয়জন বিয়ে করতে আসে? তাও আবার পরিপূর্ণ সাজসজ্জার সাথে? যেখানে কনেপক্ষ কিছু জানেইনা!
লোকজন আগেরদিন চেয়ারম্যানের রটানো গুজব, আর ডাকাতির বিষয়টা মুখ থেকে ঝেড়ে ফেলার আগেই আবার এই লঙ্কাকাণ্ড স্বচক্ষে দেখে ফেললো। তাদের রটনার সাথে এবার আরো রস যুক্ত হলো, তাই খুব আগ্রহ নিয়ে সবকিছু বুঝার চেষ্টা করছিলো। এতকিছুর পরেও কেমন ছেলে যে আমাকে বিয়ে করতে এলো?
সবার এমন অতি আগ্রহী আনাগোনা দেখে ভাবী বিরক্তির সাথে গলা হেঁকে তাদেরকে যার যার বাড়ি যেতে বললো।
ভাবীর চিৎকারে তারা আস্তে আস্তে সরে যেতে লাগলো।
একটু পর ঘরে এসে ভাবী আমাকে গোসল করে সুন্দর করে তৈরি হতে বললো। আর তার পালা দুইটা মুরগী জবাই দিলো। আম্মা ইতোমধ্যে মশলাপাতি তৈরি করতে বসে গেছে। ঘরে ডিম মাছ যা আছে তাই রান্নার জন্য প্রস্তুত করতে শুরু করেছে তারা।
মেহমান বড়ভাইয়ের ঘরে বসেছে। ছোট ভাবী সেখানে না এসে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। আমার কাকীও মুখ ভার করে আছে,তবে মুখ ভার করলেও আম্মার সাথে কাজে সাহায্য করছে। এদিকে কাকা এখনো কিছু জানেনা।
আমি গোসল করতে করতে ভাবছি, এতো দ্রুত বিয়ে করতে চলে আসলো কেন টিটু? আমি নাহয় বলেছিলাম সময় সুযোগ করে বিয়ের জন্য আসতে তাই বলে পরেরদিন তো আসতে বলিনি!
নাকি চেয়ারম্যানের ঘটনা তাকে প্রভাবিত করেছে?নাকি তার তাড়া বেশি? অনেক ভাবনা-ই মাথায় আসছে। বিয়ের প্রতিশ্রুতি যখন দিয়েছি, এই ভরা আয়োজনে তাদের ফিরিয়ে দেওয়া কোনোভাবেই উচিত নয়!
আমি যেন মন থেকেই মনস্থির করে ফেললাম। বিয়ে করেই আবার সবকিছু শুরু করবো! তখন আর কে আমাকে আটকাবে? কিই বা বদনাম রটাবে?
আমি গোসল করে একটা সুন্দর কাপড় পরিধান করে ঘরে গেলাম। ভাবী আমার হাতে একটা ট্রে ধরিয়ে দিলো, তাতে তাদেরই আনা খাবার দাবার। বললো,
' এইগুলা মেহমানদের সামনে নিয়া যাও। রান্নাবান্না হউক, এরপর ভাত দিমু।
আমি মুখ ফিরিয়ে বললাম,
' আমি ক্যান দিতে যামু? সুজনরে দিয়া পাঠান।
' আরে তারা তো কথা কইতে চায় তোমার লগে। তোমার ভাইও লগে থাকবো। যা যা দরকার কথা কইয়া সারতে হইবোনা?
আমি ইতস্তততার সাথে ট্রে হাতে তুলে নিলাম। আম্মাও আমার পেছন পেছন আসলো। আমি ভেতরে গিয়ে সালাম দিলাম। তাদের সামনে একটা টুলের উপরে ট্রে রেখে আমি দাঁড়িয়ে রইলাম। ভাই পাশের ঘর থেকে আমাকে একটা বসার জায়গা এনে দিলো। ওরা আমাকে বসতে বললো, অনুমতি পেয়ে আমি বসলাম।
টিটুর আত্মীয়দের মধ্যে যারা কাছের ছিলো তাদেরকে নিয়েই বিয়ে করতে এসেছে। তবে তার ভাই আসেনি। সে তো বউ নিয়ে ঢাকা থাকে, এতো দ্রুত বিয়ের খবর পাবেই বা কীভাবে?
আমি বসার পর তার এক চাচা বললো,
' আমরা আগের বিয়া নিয়া শুনছি, লোকের কথাও শুনছি। আমরা না চাইলেও যে ঘর কইরা খাইবো তার চাওয়াতেই এইখানে আইতে হইলো। সে কইলো তার শুধু এই মাইয়াডারেই লাগবো! যাক তার ঘর তার সংসার আমরা আর কি কমু? হের কোনো চাওয়াও নাই, এখন তোমরার দাবিদাওয়া কিরকম সেইডা কও?
ভাই পাশ থেকে বললো,
' আমার বইনের এর আগের মোহরানা এক লাখ ছিলো। আমরা এর নিচে নামুম না, এর উপরে আপনারা যেইটা কন ওইটাই।
আরেকজন মুরব্বি বললো,
' এক লাখ মেলা বেশি, এতো দেওনের সার্মথ্য নাই আমার ভাইগ্নার।
বুঝলাম সে টিটুর মামা হবে। তার মামার কথা শেষ হতেই টিটু বললো,
' না মামু, আমি এর বেশিই দিমু। ওইটা এক লাখ হইলে আমি দুই লাখ দিমু।
তার চাচা বললো,
' তোরে বেচলেও এক লাখ হইবোনা, তুই দুই লাখ দিবি কইত্তে?
' যেমনে পারি দিমু। দুই লাখ ধার্য্য করবেন, এইডাই কথা।
কাজী বললো,
' তাইলে কাগজে দুইলাখই তুলি?
' আরে রাখেন মিয়া আর কথা সাইরা নিই?
টিটুর মামার কথায় টিটু বললো,
' আর কি কথা?
' তুই না কইলি তোর মায়ের গয়না আছে কিছু?
' হ ওইডা তো দিমুই। আম্মা দুই বউয়ের লাইগা সমান সমান গয়না রাইখা গেছে। এইডা তো এইখানে আলোচনার কিছু নাই মামু।
' তাও কইবিনা? সোনাগয়নার আলাপ আগেই করন লাগে।
' ওইখানে একজোড়া বালা আর একটা টিকলি আছে। কানের জিনিস আর গলার জিনিস আম্মা বড় ভাবীরে দিয়া গেছে।
' কতো ভরি হইবো ?
' আড়াই ভরি।
' আইচ্ছা তাইলে এইডি হইলো আমাদের পক্ষত্তে দেওয়া, লগে তো বউ সাজাইয়া নেওনের সব আনছি অই। আর আপনারা...
টিটু থামিয়ে বললো,
' তারা তাদের মাইয়া দিবো সেইডাই অনেক। খুশি হইয়া দেওনের প্রসঙ্গও আনবেন না।
তার মামা থেমে গেলো। মুখটা একটু ফ্যাকাসেও হলো। কিন্তু তার কথাই যেন কথা, এর বাইরে কেউ কিছু বলছিলোনা।
সবাই তার কথাকে খুব মান্য করছিলো। অল্প বয়স অথচ মুরব্বি, গুরুজন সবাইকে টিটু এক কথায়ই চুপ করিয়ে দিচ্ছে। সে একবার বারণ করে সাথে সাথে তারা থেমে যায়। এই দৃশ্য আমি কোনোদিন দেখিনি! জামানকে একটা কুকুরও পথ আটকালে সে সেই রাস্তা ছেড়ে অন্য রাস্তা খুঁজতো! আর টিটু কাউকে চোখ দিয়েও মাপতেছেনা।
তার চাচা বললো,
' তাইলে মা তুমি সবকিছু পইরা তৈয়ার হইয়া আইয়ো, বিয়া পড়াইয়া ফেলি।
আমি আস্তে করে উঠে চলে আসলাম। আম্মা পর্দার ওপারেই দাঁড়িয়ে ছিলো। আমার হাত ধরে বললো,
' দেখছত কিরম সাহসী পোলা? বাঘের বাচ্চা একবারে!এমনই অইতো চাই আমি।
ভাবী রান্নার মধ্য থেকে উঠে এসে বললো,
' কি কইলো?
আম্মা বললো,
' দুই লাখ মোহরানা, আর আড়াই ভরি স্বর্ণ দিয়া মাইয়া নিবো, আমাদের থেইকা চাওয়া নাই।
চাওয়া নাই শুনে তার মুখে হাসি ফুটলো। উচ্ছ্বাস নিয়ে বললো,
' তাইলে আর দেরি ক্যান? সাইজা মাইজা কবুল কইয়া ফেলো।
আমি মুচকি হেসে ব্রিফকেসটা নিয়ে আমাদের গরুর ঘরের পাশের রুমটাতে চলে গেলাম। ওখানে গিয়ে ব্রিফকেসটা খুললাম। দেখলাম উপরেই একটা ফিরোজা রঙের বেনারসি। কালারটা আমার তেমন একটা পছন্দ না, এটা সরিয়ে দেখি আরো একটা শাড়ী ওটা সবুজ রঙের। তার পছন্দ দেখে আমি একটু হতাশই হলাম, কারণ আমার এসব রঙ একেবারেই পছন্দ না। আমি সবসময় রঙিন জিনিসের প্রতি আকৃষ্ট হই। তবুও আমার যেকোনো কিছুই পরে ফেলার অভ্যাস আছে। তাই দেরি না করে শাড়ী পরে সেখানে থাকা চুড়ি, চুলের খোঁপা, স্নো,পাউডার, লিপস্টিক সব দিয়ে সেজে নিলাম।
এর মধ্যেই আমার কাকী একটা সুন্দর লাল প্লাস্টিক বক্স এনে হাতে দিয়ে বললো,
' বিয়াডা নিয়া কি আরেকবার ভাব্বি? বড় সাধ জাগছিলো তোরে আমার ঘরেই সাজাইয়া রাইখা দিমু। জামিলের চিঠি পাইছিলাম, রোজার ঈদ বাড়িত করবো কইলো। দেখ না বিয়াডা ফিরাইতে পারস কিনা?
আমি বক্সটা খুলে বালা দুটো হাতে পরে টিকলিটা কাকীর হাতে দিয়ে বললাম,
' পরায়া দেন কাকী।
কাকী পরাতে পরাতে বললো,
' পারবি না ফিরাইতে?
' কাকী সেই সুযোগ যে নাই আর। সব কথা হইয়া গেলো দেখলেন তো নিজ চোখে। আর আমি জামিল ভাইরে বিয়া করতে পারিনা কাকী, এইডা সম্ভব না।
' তুই চাইলে সব সম্ভব হইতো।
' কই আগে তো কোনোদিন কন নাই, আগে কইলে তো আমার ওই জায়গায় বিয়াডা হইতোনা।
' তখন তোর আব্বা আমার পোলার লগে বিয়া দিতো? তোর লাইগা বড় ঘর খুঁজতো ভাইজান। আর জামিল তখন ক্ষেতেখামারে কাজ করতো।
' কাকী, মনডা খারাপ কইরেন না দোহাই আল্লাহর। আমি এইডা ভাবতে পারলে দুনিয়ার সব ত্যাগ দিতাম, ফিরায়া দিতাম। আমি কাউরে এখন গুনিনা কাকী, কিন্তু আমি মন দিয়া চাই এই বিয়াডাই হোক।
কাকী বিষন্নতার সহিত বললো,
' আইচ্ছা দোয়া করি আল্লাহ তোরে সুখী করুক। তুই সুখে থাকলে আমার কোনো আফসোস থাকবোনা।
আমি কাকীকে জড়িয়ে ধরে বললাম,
' আপনি খুব ভালা কাকী! চলেন যাই।
ঘরে ঢুকে কাকার আওয়াজ পেলাম। কাকার শেষ কথাটা গিয়ে কেবল শুনলাম,
' যাহ তোরারডা তোরা ভালো বুঝস, আমি থাইকা আর কি করুম?
কাকা রাগ করে বের হয়ে গেছে। আমি বুঝলাম কাকা আগে থেকে কিছু জানেনি বলে রাগ করেছে। আমিও বলবো বলবো করে কাকাকে কিছু বললাম না, অথচ কাকা সবসময় আমার পাশে ছায়ার মতো ছিলো। খুব খারাপ লাগতে লাগলো! এটা আমার একদম উচিত হয়নি।
আমি কাকীর হাত ধরে অনুনয় করে বললাম,
' কাকী কাকারে গিয়া বুঝান না একটু? আমার অবস্থাডা কাকা অবশ্যই বুঝবো। কাকাই আমারে সব চাইতে ভালা বুঝে, আপনি বুঝাইয়া কইলে কাকা রাগ কইরা থাকতে পারবোনা।
কাকী আমার কথায় সম্মতি দিয়ে কাকার পেছন পেছন যেতে লাগলো।
ইতোমধ্যে মেহমানদের খাবার দেওয়া হয়ে গেছে, তারা খাচ্ছে।
বড় ভাবী এর ফাঁকে দিয়ে গিয়ে ছোট ভাবীকে বুঝিয়ে নিয়ে এলো। শুধুমাত্র বিয়েতে নামমাত্র উপস্থিতি জানান দিতে!
কাকীও কাকাকে বুঝিয়ে এনেছে। কাকাকে দেখে আমার অশান্ত মনটা অনেকটাই যেন শান্ত হলো। তবে আরেকটা ছোট্ট অশান্তি থেকেই গেলো, কেননা এই মূহুর্তে আমার মানুষ বলতে একজনই এলোনা, আমার আজম ভাই!
যদিও সে টিটুর সাথে আমার বিয়ে দেখতে আসবে এটা স্বপ্নে ভাবাও অসম্ভব! সে টিটুকে দুচোখে সহ্য করতে পারেনা। সে সহ্য করতে পারেনা, এটা শোধরানোর রাস্তাও নেই তাই তাকে ছাড়াই বিয়েতে বসলাম।
কিছুক্ষণের মধ্যে বিয়েটাও হয়ে গেলো।
আশ্চর্যজনক এক বিয়ে সেটা! এক অনিশ্চিত জীবনের সূচনা এক বাক্যেই করে ফেললাম। এই বিয়েতে কতো বাঁধা, কতো বিপত্তি সৃষ্টি হলো, আমি কিছুতেই পেছন ফিরলাম না।
অতঃপর কবুল বলার পরই আমার কাছে পৃথিবীটাকে অন্য রকম মনে হতে লাগলো। যেন সবকিছু হঠাৎ শান্ত। ভাবতে লাগলাম, লোকে আর এখন কি বলবে? বলার রাস্তা তো বন্ধ হয়ে গেলো।
আমাকে নেওয়ার জন্য গরুর গাড়ি নিয়ে এসেছে। গ্রামের উঁচুনিচু মাটির রাস্তায় গরুর গাড়িও ভালোমতো চলতে পারেনা, চাকা আটকে যায়! আমাদের গ্রামটার রাস্তাঘাট খারাপ হওয়াতে মটরগাড়ির প্রবেশও ঘটেনি।
বিয়ে শেষ হওয়ার পর আমি আর টিটু ছাড়া বাকি সবাই সবাই পায়ে হেঁটেই রওয়ানা দিয়ে দিলো।
আমরা আস্তেধীরে কিছুটা সময় পর বাড়ি থেকে বের হলাম। আমি পায়ে হেঁটেই রাস্তা পর্যন্ত গিয়ে গরুর গাড়িতে উঠে বসেছি। আমার পাশে টিটু বসেছে। সে তখনো মুখে রুমাল দিয়ে রেখেছে। আম্মা কাঁদতে কাঁদতে বিদায় জানালো আমাকে, আর সবাই আমার বিদায় দেখতে রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি আশেপাশে তাকিয়ে আজম ভাইকে খুঁজলাম, লোকটা শেষ পর্যন্তও এলোনা।
গাড়িয়াল গুরুর পিঠে আঘাত করতেই গরু দুইটা হাঁটতে লাগলো। বিদায় হতে হতে আমি নিঃশব্দে কাঁদতেছি। টিটু আস্তে করে বললো,
' হঠাৎ কইরা বিয়া করতে আসলাম বইলা রাগ করছো?
আমি জবাব দিলাম না। টিটু একটু পাশ ঘেঁষে বসে বললো
' সোহানা? এমন কইরা বিয়া না মাননেরই কথা। কি করুম কও? আমি গতকালকার ঘটনা শুইনা বুইঝা উঠতে পারি নাই কি করন উচিত? আমারও ভাইরে ছাড়া এমনে বিয়া করনের ইচ্ছা আছিলোনা। কিন্তু উপায় পাই নাই। ঘটক আমারে হালকা কইরা সব কওনের পর আমি এই গেরামে বিস্তারিত জাননের লাইগা আইলাম। এরপর যা যা জানলাম তাতে মনে হইলো তোমারে এমনে একলা রাখন অসম্ভব। তারা ইচ্ছা কইরা তোমারে অসম্মানি করনের লাইগা ষড়যন্ত্র করছে। আর চেয়ারম্যান? হের কুকীর্তি আমার থেইকা বেশি কেউ জানেনা। আমি খালি তোমারে আগে নিরাপদ করতে চাইতাছি, তার ব্যবস্থা তো পরে হইবো।
' কি কুকীর্তি?
' এইসব এখন না তুলি?
' হুম।
' আমি সকালে রোজিনারে নিয়া যতটুকু পারছি কইরা নিয়া বিয়ার উদ্দেশ্যে আইলাম। বুঝছো মনে হয়, কেউই বিয়াত মত দিতে চায় নাই। জোর কইরা তারারে আনছি।
' হুম আমার এইখানেও কেউ চায় নাই।
' না চাওয়ার মাঝেও আল্লাহ কেমন কইরা মিলাইয়া দিলো দেখলা? ' আল্লাহ তোমার কাছে লাখ কোটি শুকরিয়া, তুমি আমার মানুষটারে আমার কইরা দিছো!
(টিটু আকাশের দিকে তাকিয়ে কথাটা বললো!)
আমি হেসে বললাম,
' আস্তে কন, মানুষ শুনতাছে।
' সবাই শুনুক। এই সবাই শুনেন, আমি ৯ বছর ধইরা একটা মানুষরে শয়নেস্বপনে চাইয়া আইছি, আজ তারে বউ কইরা ঘরে লইয়া যাইতাছি। দেখেন আমার বউরে সবাই দেখেন, আসমানের পরীরে জমিনে নামায়া আনছি দেখেন সবাই।
(তার গলার আওয়াজ আরো জোরালো হলো)
রাস্তার দিয়ে চলাচল করা সবাই আমাদের গাড়ির দিকে তাকাচ্ছে। আমি লজ্জায় মুখ লুকিয়ে বসে আছি।
গাড়িয়াল সামনে থেকে বললো,
' ভাই আপনার খুশি দেইখা আমারও একজনরে বিয়া করতে মন চাইতাছে।
' সেইডা কি তোমার মনের মানুষ?
' হ ভাই, আমরা দুইজনেই মনে মনে দুইজনরে ভালা পাই। ওর বাপে কড়া, ডরাই আমি লোকটারে। তাই আগাইতে পারিনা।
' ডরাইয়োনা, ডরাইলে দেখবা হঠাৎ আরেক বেডা তোমার শখের বেডিরে বিয়া কইরা নিয়া চইলা গেছে।
' ভাই কেমনে প্রস্তাব দিলে রাজী হইবো?
টিটু আমার দিকে তাকিয়ে বললো,
' এইডা কোনো বিষয় নাকি? দিবা আর রাজী হইবো, আমি নিজেও ৭ বার দিছি।
আমি আওয়াজ করে হেসে ফেললাম।
আমাকে হাসতে দেখে টিটুও আমার দিকে তাকিয়ে হাসছে।
কখন জানি বাড়ির কাছে এসে পড়লাম।
হঠাৎ গাড়িয়াল গরু থামিয়ে বললো,
' ভেতরে যাইবোনা। নাইমা যান।
আমি নামতে নামতেই ছোট ছোট বাচ্চাদের চিৎকার চেঁচামেচি শুনলাম। তারা বউ আইছে বউ আইছে বলে মাতামাতি শুরু করেছে।
সাথে সাথে বাড়ির ভেতরের লোকজন রাস্তায় ছুটে এলো। আমাকে এসে ধরে ধরে বাড়ির মধ্যে নিয়ে গেলো।
বাড়িতে যাওয়ার পর আমাকে বসিয়ে ঘোমটা তুলে দিলো, একে একে সবাই দেখছে। দেখে দেখে সবাই চলে যাচ্ছে। এর মধ্যে একজন একজন এসে আমার পাশে বসে বললো,
' আল্লাহ তোমারে নিজে হাতে বাঁচাইছে। তোমার কপাল ভালা।
আমি অপ্রস্তুত হয়ে বললাম,
' বুঝি নাই কি কইলেন?
পঁচিশঊর্ধ্ব বয়সের মহিলাটা মুখ এগিয়ে খুব আস্তে করে বললো,
' আমি তোমরার এলাকার শাহজাহান চেয়ারম্যানের পইলা বউ। তার প্রস্তাবে রাজী হইলে তুমি হইতা আমার সতীন।