ফন্ট সাইজ:
থিম:
অশুদ্ধ দরিয়া

15

লেখক: তাজরীন খন্দকার

একটা মানুষ কয়বার পালিয়ে যেতে পারে? একবার নাহয় গিয়েছিলো তাই বলে এবার বাচ্চাসহ?

আফসানার আবারও পালিয়ে যাওয়ার বিষয়টা আমাকে বিব্রত করলো। আমি ভেবেছিলাম সে তার স্বামী সংসারের জন্য নিবেদিত প্রাণ! যেভাবে আমাকে বিচ্ছিন্ন করতে সে এবং তার পরিবার উঠে পড়ে গেছিলো, তাতে তো এটাই প্রমাণ হয় সে তার স্বামীকে কারো সাথে ভাগ কর‍তে অপ্রস্তুত! তাহলে সেই স্বামী সংসারের রেখে পালালো কীভাবে?

আমি এই খবর দেওয়া লোকটাকে বললাম,

' আপনে আসলেই চেনেন তহ আফসানারে?

লোকটা বিরক্তি নিয়ে বললো,

' ক্যান চিনুম না? নূরপুর বিয়া হইলো, জামাইরে মাইয়ার বাপেরা সিঙ্গাপুর পাঠাইলো, এইডা না?

আমি টিটুর দিকে তাকিয়ে বললাম,

' সব তহ ঠিকি কইলো।

টিটু লোকটার বিরক্তি বুঝতে পেরে বললো,

' না না আপনার কথা একবারে ঠিক। চেইতেন না, ও আসলে আফসানা এমন করবো সেইডা বুঝতে পারে নাই। তাই বারবার জিগাইয়া নিশ্চিত হয়তে চায়তাছে।

' তাইনে কি লাগে আফসানার? বান্ধবী?

টিটু আমার দিকে তাকালো। আমি তাড়াহুড়া করে বললাম,

' জ্বী জ্বী বান্ধবী।

' এমন মাইয়া লোকের লগে খাতির রাখবেন না। নষ্ট বানাইয়া ফেলবো। ভালা মানুষের লগে মিশবেন ভালা থাকবেন।

' আচ্ছা আচ্ছা।

লোকটা হাত উঁচিয়ে বললো,

' এই এলাকার প্রায় জমিজমার ভোগদখল আফসানার বাপেদের। খুব টাইট পার্টি এরা। মাইয়া গেছেনা? আমি কইলাম কয়দিনের মইধ্যে আবার ফিরায়া আইন্না জামাইয়ের ঘরে দিয়া আইবো।

আমি থতমত করে বললাম,

' আবার দিলে তারা ফিরায়া নিবো?

' কি কয় নিবোনা মানে? লোভী মানুষ এইডি, লোভে পইড়াই তো বিয়া করছে। নাইলে এমন মাইয়ারে কেডা ঘরে নিবো? সংসারের লাইগা মানুষ খুঁজে লক্ষী আর নম্র-ভদ্র , আর এইডা হইলো গিয়া আস্ত খারাপের খারাপ। বিয়া ছাড়াই তো পেট বান্ধাইছে, এইডা জাইনাই তো বিয়া করছিলো ওই বেডা। আরো একটা গোপন কথা কই কাউরে কইয়েন না, এরাও মাগনা এতকিছু করতাছেনা, মাইয়ারে ওই ঘরে খুঁটি করনের লাইগা জমিও লেইখা লইছে। এখন মাইয়া ৫ বেডার ঘর ঘুইরা আইলেও ওই বেডি ছাড়া তাদের গতি নাই। পথে না নাইমা যাইবো?

আমি এসব শুনে একটু অস্বস্তিতে পড়ে গেলাম। লোকটা আশেপাশে তাকিয়ে বললো,

' মেলা কথা কইয়া ফেললাম। কাউরে কইয়েন না যেন। জানলে ঘাড়েত্তে মাথা নামায়া ফেলবো! এমন জাহিল জাইনাও লোকে দোকানে পাটে এইগুলা নিয়া বহুত কথা কয়, লোকের মুখ কি চাপা দেওন যায়?

' না না কমুনা। আপনিও কইয়েন এইসব আর।

' আইচ্ছা আইচ্ছা! আমার লোকের বিষয় নিয়া মাথাবিষ কম। যা মন চায় করুকগা।

টিটু তার চলে যাওয়ার দিকে তাকিয়ে অস্পষ্ট বললো,

' মাথাবিষ যে কম তাতো দেখতেই পাইতাছি!

এরপর আমার দিকে তাকিয়ে আমাকে বিষন্ন দেখে টিটু

বললো,

' তোমার খারাপ লাগতাছে?

' ক্যান?

' তার লাইগা? লোকটা সবদিকে ঠইকা গেলো বইলা?

' নাতো।

টিটু একটু রসিকতা করে বললো,

' লাগনেরই কথা। যে কারোরই খারাপ লাগবো। বড় ফাঁসা ফাঁইসা গেলো বেচারা। ভিক্ষার ছালা হাতে লওন ছাড়া উপায় নাই।

এরপর টিটু আমাকে ইশারা করে বললো,

' ওইদিকে ভিত্তের দুই তিনডা বাড়ির পরেই রোজিনার শ্বশুর বাড়ি। যাইবা?

' না আইজ যামুনা।

' তাইলে চলো গিয়া গাড়িত উডি।

গাড়িতে যাওয়ার সময় একটা বিশালদেহী মানুষকে হাত নাড়িয়ে নাড়িয়ে আসতে দেখলাম। দূর থেকে স্পষ্ট বুঝতে পারিনি, আর এতটা খেয়ালও করিনি। লোকটা কাছে এসে দাঁড়ালো। আমরা তখন গাড়িতে উঠতেছি।

লোকটা এসে গাড়ির সামনে দাঁড়িয়ে বললো,

' কিওয়ো আপনারা কইত্তে আইছেন? কোনদিক যাইবেন? আমিও সামনে যাইতাম, যাওন যাইবোনি?

আমি ঘাড় ঘুরিয়ে তাকাতেই লোকটা বললো,

' আরে তুমি জামানের বউ আছিলা না, সোহানা?

আমি খেয়াল করে বুঝলাম এটা আফসানার ভাই। সাথে সাথে বললাম,

' জ্বী।

' এইডা কেডা? বিয়া বইছো আবার?

' হুম ।

' আপনেরা কেমন আছেন?

' ভালা ভালা। আইচ্ছা তোমরা যাও, আমি হাঁইটা যামু।

টিটু বললো,

' লন আমাদের লগে, সমস্যা নাই তো।

' না না, আমার একটা কাজ আছে , মনে আছিলো না। ওই সামনেই।

ভটভট আওয়াজের সাথে টেম্পো চলছে। টিটু বললো,

' আসে নাই ক্যান কও তো?

' ক্যান?

' তুমি আফসানার খবর লও যদি?

' ওহ পলাইয়া গেছে বলতে হইবো এই ডরে?

' হু।

আমি গাড়িতে বসে রাস্তার একদিকে সূর্যকে ডুবে যেতে দেখছি। লাল আভায় পশ্চিম আকাশ ছেয়ে গেছে। আমি অপলক তাকিয়ে ভাবছি একেক জায়গায় মানুষের রূপ একেক রকম হয় কি করে? ঠিক যেন রোদের মতো, ক্ষানিক আগে উত্তাপে পুড়িয়ে ফেলছিলো, আর এখন কি নরম আলো!

আমি ভাবতাম বউদের কোনো অপরাধ শ্বশুর বাড়িতে গ্রহণযোগ্য হয়না, সেখানে নিখুঁত থাকা আবশ্যক। কিন্তু এখন বুঝি যার খুঁটি যত মজবুত তার ভুলের গ্রহণযোগ্যতা তত বেশি। তার আরাম আয়েসও যেখানে গ্রহণযোগ্য। অথচ আমি মরতে মরতেও কাজ কিংবা তাদের জন্য খাবার বানানো থেকে ছুটি পাইনি। আর সেই বউকে শেষ অব্দি শাশুড়ী রান্না করে খাওয়েছে তবুও বেঁধে রাখতে পারলোনা। তাদের যত উত্তাপ ছিলো সবটা দিয়ে আমাকে পুড়ে ছাই করেছে, আর আরেকজনের বেলায় নরম উষ্ণতা তবুও সে ডুবে গেলো,আর ডুবিয়ে দিলো!

'

৬ মাস পর।

আমি হাসপাতালের করিডোরে বসে আছি। আমার পাশে টিটুও বসে আছে। অনেকগুলো টেস্ট করানো হয়েছে, রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষা।

আমার সবকিছু নিয়ে ঢাকায় আসা হয়েছে মাসখানেক। ছোট্ট একটা বাসা নিয়ে আমাকে একেবারে নিজের কাছে নিয়ে এসেছে। ভাইয়ের বাসায় নিবেনা বলেই একটু দেরিতে গ্রাম ছাড়তে হলো।

আমার পূর্বের সমস্যাগুলো নিয়ে টিটু অবগত ছিলো তাই সে সবসময় বলতো ঢাকা আসলে আগে সবকিছু ভালোমতো দেখবে। বাচ্চার জন্য শরীর প্রস্তুত কিনা সেটা নিশ্চিত হয়ে পরিবার বাড়ানোর পরিকল্পনা করবে।

একটা ভালো বিশেষজ্ঞ দেখিয়ে, সব শুনে অতঃপর গর্ভপাতের কারণ তলব করতেই প্রায় ৭-৮ টা টেস্ট।

আমার বুক ধরফর করছিলো। আমার মনে হচ্ছিলো সমস্যা এবার ধরা পড়বেই আর সেটা হয়তো খুব গুরুতর! হতে পারে , সত্যিই আমার দ্বারা মা হওয়া সম্ভব নয়,এভাবেই গর্ভপাত হতে থাকবে।

টিটু আমাকে শান্ত রাখার চেষ্টা করছিলো, কিন্তু শত চেষ্টায়ও আমার দ্বারা তা হয়ে উঠছিলোনা।

দুই ঘণ্টা অপেক্ষার পর সব রিপোর্ট হাতে আসলো। ততক্ষণে চিন্তায় আমার চেহেরা একেবারে ফ্যাকাসে হয়ে গেছে। আমাকে রিপোর্ট হাতে দিয়ে ডাক্তারের কাছে পাঠানো হলো। আমি গিয়ে বসে ফাইলটা বাড়িয়ে দিলাম। ডাক্তার সবগুলো টেস্ট ঘেঁটে বললো,

' আপনার তো তেমন কোনো সমস্যাই দেখা যাচ্ছেনা। সবকিছু শতভাগ ঠিক আছে, গর্ভপাত হওয়ার পেছনের কারণ ভিন্ন! আপনার শরীরে সেসবের কোনো সিমটম নেই। তবে এতোবার গর্ভপাতের জন্য আপনি অনেকটাই ক্ষতিগ্রস্ত, শরীর সম্পূর্ণ ঠিক মনে হলেও আমি পরামর্শ দিবো আপনি অন্তত এক বছর পর বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন।

আমি ইতস্ততার সহিত বললাম,

' তাইলে সেই ভিন্ন কারণডা কি ডাক্তার?

' আপনার স্বামীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে হবে তাহলে। সে কি সাথে এসেছে?

' আইছে তবে আমার এইসব সমস্যা আগের সংসারে হইছে। এখন যার লগে আছি, তার সাথে আমার বিয়ার ৬ মাস। আমরা বাচ্চার লাইগা কোনো রকম চেষ্টা করি নাই। শুধু আগের সমস্যাগুলার কারণ জাননের লাইগা আইছিলাম, আবার যদি এরকম হয়?

' আপনার ওই স্বামীও কি বিয়ে করেছে? তার কি পরবর্তীতে বাচ্চা হয়েছে?

' করছে তবে বাচ্চা..

' বাচ্চা না হয়ে থাকলে সমস্যাটা তার হতে পারে। পুরুষের মাধ্যমে যেই ভ্রুণ মাতৃগর্ভে যায় সেটা দূর্বল হলে বারবার গর্ভপাতের সমস্যা হতে পারে। এছাড়া আপনার জানামতো কোনো কারণ থাকলে জানাতে পারেন, যেটা আপনার কাছে সন্দেহপূর্ণ লেগেছে। আছে কি গর্ভপাতের জন্য সন্দেহভাজন কোনো কারণ?

আমি অপ্রস্তুত হয়ে বললাম,

' না না আর কোনো কারণ থাকনের কথা না। আমার এতদিন মনে হইছে সমস্যাডা আমার। সবাই তাই কইতো।

' আপনার জন্য কিছু মেডিসিন প্রেসক্রাইভ করছি, এগুলো নিয়মিত খাবেন। এগুলো শুধুই আপনার ইউমিউনিটি আরো স্ট্রং করতে, নিয়ম করে কয়েক মাস খাবেন। টেনশন নেই আপনি সুস্থ আছেন।

' আচ্ছা।

আমি উঠে বাইরে আসতেই টিটু অস্থির হয়ে আমাকে বললো,

' ডাক্তার কি কইলো?

আমি মুখ ভার করে আছি। টিটু কি জানি ভেবে নিলো। তারপর বললো,

' আরে বাচ্চাকাচ্চা না হইলে কিছুই হয়না। আরো ভালা, আমাদের ভালোবাসার মাঝে আর ভাগ হইবোনা। তুমি আমি আর আমাদের দুনিয়া। বাঁচুমই কয়দিন, কি হইবো পোলামাইয়া দিয়া হুদাই!

আমি তার মুখের দিকে তাকিয়ে বললাম,

' কি কন এইগুলা? একটা বাচ্চার মুখ দেখনের লাইগা আমার আত্মাটা খানখান হইয়া যাইতাছে, আপনে কন পোলামাইয়া দিয়া কি হইবো?

' আল্লাহ না চাইলে কি কিছু করার নাই সোহানা। মাইনা নাও।

' আল্লাহ চাইবোনা ক্যান? ডাক্তার তো কইলো আমার সমস্যা নাই কোনো। আমি একবারেই ঠিক আছি, তবে এক বছর সময় লইতে কইলো।

টিটু সাথে ফিক করে হেসে ফেললো। ফাইল হাতে নিয়ে আমাকে টানতে টানতে হাসপাতালের বাইরে নিয়ে বললো,

' আমি মন টানতাছিলো তোমার কোনো সমস্যা নাই। এক বছর তাইলে আমরা ঘুইরা ফিইরা কাটাই! কি কও? আইচ্ছা চলো খুশিতে তোমারে একটা সবুজ রঙের শাড়ী কিইন্না দেই?

' সবুজ রঙের শাড়ী ৫ টা হইলো। আর কতো?

' এইডা লাস্ট।

' আগে ঔষধ লইয়া লন।

টিটু ফার্মেসীতে প্রেসক্রিপশন দিয়ে ঔষধগুলো বুঝে নিয়ে বললো,

' রিকশা নিমু না সিএনজি।

' রিকশা নেন।

টিটু একটা রিকশা ডেকে আমার হাত ধরে রিকশায় তুললো। আমি বসে বললাম,

' এতো কাপড়চোপড় থাকতে আবার ক্যান?

' তুমি তো আমার ভাগ্যের চাক্কা। তোমারে দিমুনা তো কারে দিমু? তোমারে বিয়া করনের পরদিন থেইকাই আমার জীবন বদলাইয়া যাইতাছে। আগে আমরার ব্যবসার লাভ আইতো ১০-১৫ হাজার আর এখন আইয়ে ৩০-৪০ হাজার । অর্ধেক ভাই নেওনের পরেও যা আইয়ে তা আমার লাইগা ঢের। এমন কইরা বছরখানেক গেলে আরেকটা দোকান দিয়া ফেলুম, ভাইয়েরটা ভাইয়ের আমারটা আমার।

' আপনারা কি এইসব ফালাইন্না জিনিসপত্র কিইন্না আবার বেচেন?

' হ, হকাররা দিয়া যায়, আমরা কিইন্না এইগুলারে আবার বেচি। এইগুলা আবার ব্যবহার করনের লাইগা প্রস্তুত করে। এই যে লোহা,তামা, প্লাস্টিক এইগুলা তহ পচেনা, আবার কাজে লাগায়।

' বুঝছি।

কিছুক্ষণ পর রিকশা থামলো। টিটু তার পছন্দে একটা সবুজ শাড়ী কিনলো আর আমার পছন্দে যেটা ইচ্ছে নিতে বললো। আমি একটা মেরুন রঙের শাড়ি নিলাম। অনেকদিন চমকা রঙের কিছু কেনা হয়না। তাই প্রস্তাব ফিরিয়ে দিলাম না।

'

কিছুদিন পর,

আমার রান্নার সময় টিটু এসে বললো,

' ভাই কইলো এলাকায় চেয়ারম্যান মেম্বরের নির্বাচন হইতাছে। ভোট দেওনের লাইগা যাইবানা?

' কে কে দাঁড়াইলো? তোমার দুলাভাই আবার দাঁড়াইছে নাকি?

' দাঁড়াইবোই তো, হের টাকা ফালানোর জায়গা আছে আর? কিন্তু হে আর পাশ করবোনা, যেই চুনকালি খাইছে, আবার পাশ!?

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 15 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন