কারো ব্যক্তিগত জিনিস ধরা যে মারাত্মক অভদ্রতা তাও জানোনা? আমি কি তোমাকে ম্যানারস শিখাইনি?
সাদিদ চমকে পেছনে তাকিয়ে দেখলো তার মা সোহানা তার পেছনে অগ্নিচক্ষু করে তাকিয়ে আছে। সাদিদ তড়িঘড়ি করে বিশাল ডায়েরিটা রেখে দিলো। সোহানা জেরা করে বললো,
' এটা জঘন্য অন্যায় সাদিদ। আমার অনুমতি ছাড়া আমার জিনিসে হাত দিতে পারোনা তুমি! কতদিন হলো আমার ডায়েরি তোমার ঘরে এনে রেখেছো?
সাদিদ আমতা আমতা করে বললো,
' দু'দিন।
' এদিকে আমি তন্নতন্ন করে আমার ঘর,ড্রয়িং,বুকশেলফ ডাইনিং সব খুঁজে যাচ্ছি। আর তুমি কিনা নিজের কাছে লুকিয়ে রেখেছো?এক্ষুনি ফেরত দাও!
' মা শেষ করতে পারিনি, প্লিজ আরেকটু সময় দাও। আমি শেষ পর্যন্ত পড়তে চাই!
' অসম্ভব, আমি খুবই বিব্রত যে তুমি আমার ডায়েরি পড়ছো! এটা কোনো কাল্পনিক গল্প উপন্যাস নয় সাদিদ। আমি বেঁচে থাকা অবস্থায় কেউ এটা পড়ুক আমি চাইনা। এক্ষুনি ফেরত দাও।
সাদিদ ডায়েরিটা তার পেছনে ধরে দাঁড়িয়ে পড়লো। পিছাতে পিছাতে বললো,
' প্লিজ মা আমাকে পড়তে দাও। আমি ছোট বেলা থেকে দেখছি তুমি একা হলেই এই ডায়েরির সাথে সময় কাটাও। আমার বহু বছরের কিউরিওসিটি এই ডায়েরি নিয়ে। আমি অনেকটা পড়ে ফেলেছি আর তাতে আমার প্রাউড হচ্ছে যে আমার মা এতটা স্ট্রং আর ফাইটিং ওমেন ছিলো। তোমার সব কষ্ট আর স্ট্রাগল তো শেষ মা, সুখের সময়টার বিশ্লেষণ পড়লে কি এমন হবে?
' অনেককিছু হবে। ফেরত দাও!
সোহানা জোর করে সাদিদকে চেপে ধরে ডায়েরি কেড়ে নিলো। সাদিদ মন খারাপ করে কিংকর্তব্যবিমুঢ় অবস্থায় দাঁড়িয়ে রইলো।
সোহানা ডায়েরিটা নিয়ে তার রুমে চলে গেলো। আস্তে আস্তে পাতাগুলো উল্টাতে উল্টাতে কাঁদতে লাগলো।
তারপর পৃষ্ঠা নির্দেশক ফিতা ধরে বুঝলো সে ঠিক যা তার সন্তানকে জানাতে চায়নি, সেই পর্যন্ত সে পৌঁছাতে পারেনি।
সাদিদ দুদিন থেকে তার মা সোহানার ডায়েরি পড়ছে। তার সেমিস্টার ফাইনাল চলছে, তবুও সে এটা থেকে মনোযোগ সরাতে পারছেনা, পরিক্ষা বলে পুরোটা একসাথেও পড়তে পারছেনা! অল্প অল্প করে পড়ছে আবার পাঠ্যবইও পড়ছে। ভেবেছিলো এবার শেষ করেই উঠবে কিন্তু তার আগেই তার মা সেই ডায়েরি কেড়ে নিলো। চেয়ারম্যান নির্বাচন, এবং চেয়ারম্যানের সম্মানে চুনকালি লাগানোর পুরো ব্যপারটা তার জানা হলোনা!এমনকি জামানের পরিবারের শেষ অবস্থাও কি হয়েছে? সেটা জানলোনা সাদিদ! অন্যদিকে তার নানু কিংবা মামাদের নিয়ে আর কিছু পড়তে পারলোনা! হয়তো বাকিটা পড়লে সব জেনে যেতো। যেভাবে তার মা রেগে গেছে, এই ব্যপারে প্রশ্ন করলেও খবর আছে। অপরাধটা সাংঘাতিক, সে এর আগে এই ধরনের চুরি,লুকোচুরির মতো কাজকারবার করেনি। তার মা যে প্রচন্ড কষ্ট পেয়েছে সেটাও সে বুঝতে পারছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা ছাড়া কোনো গতি নেই। সবকিছু ঠান্ডা হলে অনুরোধ করলে হয়তো তাকে সবটা বলতেও পারে!
অন্যদিকে সোহানা একটা চাপের মুখে পড়ে গেলো। তার ডায়েরির পুরোটা তার ছেলে পড়তে পারবেনা, তাহলে তার অবস্থা কোনোভাবেই ঠিক থাকবেনা। ছেলে ভেবেছে সুখের বিশ্লেষণ বাকিটা,কিন্তু ডায়েরিটায় সুখের চেয়ে দুঃখের গল্পগুলোই বেশি লিখিত হয়েছে। সুখের অনূভুতি মানুষ কতটুকুই লিখে? দুঃখগুলোই তো প্রকাশ করতে মানুষ ব্যকুল হয় বেশি! যখন কেউ থাকেনা তা শোনার জন্য তখন মানুষ নিজেকেই নিজের দুঃখগুলো বলতে কলম ধরে। তাতে দুঃখ না কমলেও ভেতর হালকা হয়। সোহানাও একটা নোংরা সমাজে তার করুণ অবস্থাগুলো খুব গোপনে একটা জায়গায় লিখে রাখছিলো, আর ডায়েরিটার শিরোনাম দিয়েছে 'অশুদ্ধ দরিয়া'।
সোহানা তার ডায়েরিটা আলমারি, ওয়ারড্রব সব গোপন জায়গায় লুকিয়ে রাখার চেষ্টা চালালো। কেন জানি তার মনে হতে লাগলো তার ছেলে এটা খুঁজতে আবার আসবে। আসবেই! কিন্তু এরপরের ঘটনা যে সে কাউকে জানতে দিতে চায়না!
ডায়েরিটাকে সোহানা একটা জায়গায় রাখে আর একটু পর আবার বের করে ফেলে । তার মনে হচ্ছে তার সব গোপন জায়গায়ই তার ছেলের চেনা! সে বাড়ি থেকে চলে গেলে ঠিকি খুঁজে বের করে ফেলবে।
শেষে সোহানা সঠিক জায়গা খুঁজে না পেয়ে সন্দেহ করবেনা এমন জায়গা খুঁজতে খুঁজতে রান্নাঘরে চলে গেলো। তার বাসার দুজন হেল্পিং হ্যান্ড সেখানে কাজ করছে। তারা তাকে দেখে বললো,
' ম্যাডামের কি কিছু লাগবে?
' না তোমরা একটু বের হও। আমার কাজ আছে রান্নাঘরে।
তারা মাথা নেড়ে বের হয়ে গেলো। সোহানা রান্নাঘরের দরজাটা টেনে আগে লাগিয়ে নিলো। সোহানা রান্নাঘরের সব জায়গায় চোখ বুলালো, শেষে তার চোখ পড়লো রান্নাঘরের ফলস ছাদের স্টোরেজ স্পেসটায়, ওখানে বছরে দুই বছরেও হাত পড়েনা। যেসব জিনিসপত্র ব্যবহৃত হয়না সেসবই কেবল ওটা ভেতর। সোহানা তাকে উঠে দরজাটা খুলে ডায়েরীটা সেখানে রেখে আবারও দরজা বন্ধ করে দিলো,এরপর আস্তে করে নেমে পড়লো। তারপর রান্নাঘর থেকে দ্রুত বের হয়ে নিজের রুমে চলে গেলো। হঠাৎ সোহানার এমন কান্ডে হেল্পিং হ্যান্ড দুজন ইশারায় একে অন্যকে প্রশ্ন ছুড়ছে ঘটনা কি?
রুমে গিয়ে সোহানা বড় বড় করে কতক্ষণ নিঃশ্বাস নিলো। রান্নাঘরে সাদিদ যায়না, তাই ওটা অবশ্যই সেইফ! তারপর চোখে চশমা এঁটে ফোনটা হাতে নিতেই দেখলো তারিখটা ২৮ শে এপ্রিল । ৩০ এপ্রিল সাদিদের জন্মদিন, সে এবার ২৪ শে পা রাখবে! তার ইউনিভার্সিটির পড়াশোনাও একেবারে শেষ প্রান্তে আছে। সোহানা চোখ বন্ধ করে ভাবলো সাদিদ না সেদিন হলো? কীভাবে এতো বড় হয়ে গেলো?
কি অবিশ্বাস্য আনন্দই না নিয়ে এসেছিলো সাদিদের আগমন! ৯ টা মাস এক অজানা আতঙ্কে পার করার পর যখন সাদিদ সোহানার কোলে এলো, কতোই না কাঁদলো সে? তারা বলেছিলো তার কোনোদিন সুস্থ সন্তান হবে না, কিন্তু তার তো সুস্থ ফুটফুটে একটা সন্তান ঠিকি
হলো। তারা এই খবর শুনলে এর কি প্রতিত্তোর দিবে? কে ছিলো তাহলে আসল অপয়া?
সোহানার জীবনে আরো কতো উত্থান পতন হলো, অথচ সাদিদের বড় হওয়াটা তাকে ভাবায়! আজকে আরো বেশি ভাবাচ্ছে! ছেলে কতটা বড় হয়ে গেলে মায়ের ব্যক্তিগত জিনিস অনুমতি ছাড়াই ধরে ফেলে? তবে কি তার সবকিছু জানার বয়স হয়ে গেছে? আর সব মেনে নেওয়ার বয়সও!
রাত পৌনে বারোটা। হঠাৎ সোহানা কলিং বেলের আওয়াজ শুনলো। কিন্তু সে নড়লোনা, জায়গায়ই বসে রইলো। দুই মিনিট পর ক্লান্ত শরীরে প্রবেশ ঘটলো সাজ্জাদ সাহেবের। সোহানা একটা বই পড়ছিলো, বইটা মুখ থেকে নামিয়ে বললো,
' আজ যে তাড়াতাড়ি?
' আধা ঘণ্টা এদিক সেদিক। এ আর এমন কি?
' হুম বুঝেছি।
' খেয়েছো?
' না খাবো।
' আচ্ছা ফ্রেশ হয়ে নিচ্ছি একসাথে খাবো।
' ফ্রেশ হয়ে তুমি খেয়ে নিও। আমার দেরি হবে।
' কেন?
' বই শেষ হতে ঘণ্টার অধিক লাগতে পারে।
মাথা নেড়ে ওয়াশরুমে ঢুকে গেলো টিটু। যার টিটু নামটা ধনী হওয়ার সাথে সাথে বিলুপ্ত হয়ে গেছে। সে এখন সাজ্জাদ সাহেব। তার স্ক্র্যাপ বিজনেস এখন সূদুর প্রসারিত, বছরে কয়েক কোটি টাকা লভ্যাংশ আসে৷
সোহানাকে বিয়ের পরে তার ব্যবসায় কখনো পতন আসেনি। এক বছরে নিজে দোকানও দিয়ে ফেলেছিলো। তখন ঢাকায় জমি সাধ্যের ভেতরই ছিলো, ফলে গ্রামের জমিজমা বিক্রি করে তারা ওখানে অল্প জমি কিনেছিলো। যার দাম এখন আকাশছোঁয়া হয়ে গেছে। নিজের জায়গায় নিজের ব্যবসা! এরপর জীবন লটারির মতোই বদলে গেলো। মেট্রিক পরিক্ষা দুইবার ফেল করে পড়াশোনা বন্ধ করে দেওয়া ছেলেটা এখন তার কর্মচারীদের যোগ্যতা খুঁজে অনার্স পাশ। তারা তাকে স্যার স্যার বলে মুখে ফেনা তুলে ফেলে।
সাজ্জাদ তার জীবনের এই সাফল্য সোহানাকেই উৎসর্গ করে এসেছে। তার মতে তার সবকিছু সোহানার জন্যই হয়েছে, সোহানা তার সৌভাগ্যের প্রতিকী! সোহানা এটা শুনলে প্রতিবারই ইমোশনাল হয়ে যায়, কেননা তার আগের ঘরে সবকিছু নিঃশেষ হওয়ার জন্য সব দায় তাকে দেওয়া হয়েছিলো, বলেছিলো তার জন্যই সব শেষ হয়েছে তাদের! তাই তাকে ছুঁড়েও ফেলে দিয়েছে। অথচ আরেকজন কতই না যত্ন করে তাকে তুলে নিয়েছে, আর জীবনভর তাকে তার সৌভাগ্যের প্রতিমা হিসেবে চিহ্নিত করেছে! সত্যিই মানুষ জায়গা আর মানুষ ভেদে সম্মান পায়!
'
' মা?
' হু বলো?
' আমার নানুবাড়িতে আমি কখনো যাইনি কেন?
' যার নানু নেই তার আবার কিসের নানুবাড়ি? তোমার জন্মের আগেই তোমার নানু মারা গিয়েছিলো।
' তাহলে মামার বাড়ি?
' মামা হওয়ার উপযুক্ত যারা নয় তাদেরকে মামা পরিচয় দিয়ে মামাজাতকে অসম্মান করতে চাইনা সাদিদ।
' তাহলে ওখানে যে?
' ডায়েরিতে ভালো রূপে দেখেছিলে শেষ? তাই বলতে চাচ্ছো?
' হুম।
' ওটা তো অভিনয় ছিলো। আমার জন্য বাবার বিক্রি করা জমির বিনিময়ে আমার কেনা জমিটা চাওয়ার পূর্ব প্রস্তুতি ছিলো ওসব।
' কি বলো? দিয়ে দিয়েছিলে?
' হ্যাঁ, আমি ঋণী থাকিনা কারো কাছে। শুধু সেটা নয়, বাবা যেটা বিক্রি করেছিলো সেটাও ওদের কিনে দিয়েছি,দ্বিগুণ দাম দিয়ে। এরপর আমার ঋণও শোধ হলো আমি মুক্তও হয়ে হলাম!
' সব তো সুন্দর ছিলো, তাহলে আমাকে ডায়েরি পড়তে দিলে কি হতো?
' ডায়েরির কথা আর বলবেনা! একবারও না।
' কি আছে এমন, এমন কেন করছো?
সোহানা প্রচন্ড রাগান্বিত হয়ে সাদিদের কাছ থেকে উঠে চলে গেলো।
সাদিদ মুখ বাঁকিয়ে বললো, বুঝলাম না ডায়েরি দিলে কি এমন হবে!