চেয়ারম্যান ইলেকশন চলছে।
আমি আর টিটু গ্রামে গেলাম। উদ্দেশ্য ভোট দেওয়া নয়,
শাহজাহান চেয়ারম্যানকে কয়জন ভোট দেয় সেটা দেখতে!
আমাকে সরাসরি নিয়ে যাওয়া হলো ভাইদের বাড়িতে।
আমরা এসেছি খবরটা কিছুক্ষণের মধ্যে ছড়াছড়ি হয়ে গেলো। একে একে লোক সমাগম হতে লাগলো,সবার একটাই কথা,
' ভোট কারে দিবা? ভোট দেওনের লাইজ্ঞা ঢাকাত্তে আইয়া পড়ছো?
আমাদের উত্তর,
' হু, ভোট নাগরিকের দায়িত্ব, দেওন তো লাগবোই।
এদিকে আমাকে টিটু বাড়িতে দিয়ে অল্প সময় বসে সে তার বাড়িতে চলে গেলো। প্রতিবার আসলে টিটু আমাকে বাড়ি থেকে তার বাড়ি নিয়ে যায়। আমাকে তার বাড়িতে একা থাকতে দেয়নি। কিন্তু এবার যেহেতু তার সাথে ঢাকা থেকে ফিরে এসেছি তাই আমাকে আমার বাড়ি দিয়ে সে তার বাড়ির খোঁজ খবর নিতে গেছে।
রাতে খাওয়া দাওয়ার পর আম্মা আমার হাত ধরে বললো,
' জানিস গতকাল কি হইছে?
' কি হইছিলো আম্মা?
' চেয়ারম্যান আইছিলো মাফ চাওনের লাইজ্ঞা।
' কি কও? মাফ চাইতে আইলো ক্যান?
' যে অপরাধ করছে মাফ চাইবো না?
' হে এইগুলা স্বীকার করছে?
' তুই কিছুই জানস না?
' না, টিটু বলতেছিলো চেয়ারম্যান কি জানি চুনকালি খাইছে। জিগানের পরে কইলো ইলেকশনে গেলে নাকি দেখুম। কও না হের কি হইছিলো?
' তুই চইলা যাওনের কয়দিন পর হের গোডাউনে তোর চুরি যাওয়া জিনিস খুইজ্জা পাইছে পুলিশ। এই কথা ছড়ানোর লগে লগে চেয়ারম্যানের উপরে লোকের কি ক্ষেপা আক্রমণ! তোর মতো নিরীহ মাইয়ার লগে এমন কাম কইরা তোরেই অসম্মান করছে, এইড লোকের গায়ে লাগছে। আর এই অপরাধ তাদের সামনে আসনের পর, একটা দল ভাগ হইয়া চেয়ারম্যানের বাড়ির উপর আক্রমণ শুরু করছে। তার বাড়ির ভিত্তে নাকি পলিথিনে মুড়ায়া ঢিল ছুঁড়ছে, যেডি হে আমরার বাড়িত লোক দিয়া করাইতো একবারে একই আকাম।
' ছি! আম্মা কি কও? লোকজন এমন কইরা ক্ষেপছে? কারা ক্ষেপাইলো এদের?
' এইডা তো জানিনা। এরপর কি হয়ছে জানস? হের বড় বউ হের নামে মামলা করছে, নির্যাতনের মামলা। ওইডার পরে আরো আরো বেডি করছে। এরপর লোকজন হেরে ধইরা পিডানের লাইগা হের বাড়ির চারপাশো পাহারা দেওয়া শুরু করছে। মানুষের ডরে দুই সপ্তাহ বাড়িত্তে বের হয় নাই। বাইর হইলে বোরকা পিইন্দা নাকি বের হয়ছে, একদিন লুকায়া বাইর হওনের পর ধরা পইড়া গেলো, এমন পিডানি! পিডা খাইয়া বড় মেল বয়াইলো। এরপর সকলের সামনে আকাম স্বীকার কইরা মাফ চাইলো, তোর ভাই আর চাচারে ডাকাইয়া নিছিলো, তুই থাকলে তোর কাছেও মাফ চাইতো।
' এতো সহজে হে মাফও চাইছে?
' চাইবোনা, ইলেকশন না? পাশ করন লাগবোনা?
' এরপর কি হইলো আম্মা?
' এরপর তোর সবকিছু ফিরায়া দিয়ে আবার লগে ৫০ হাজার ক্ষতিপূরণও দিছে, তোর ভাইয়ের কাছে।
' তাইলে ওই বাড়িত সবকিছু আগের মতোন আছে?
' হ। কইছে ওই বাড়িত যদি কোনোদিন আর কিছু হয়, চেয়ারম্যান ওইডা নাও করে তাও হে ওইডার দায়ভার নিবো। শেষকালে ভোট চাওনের লাইগা আইসা আমার কাছে তোর কথা জিগাইয়া মাফও চাইয়া গেলো।
' এর লাইগাই তো টিটু আমারে এমন কইরা তাগাদা দিয়া নিয়া আইলো আম্মা। আমি কই ভোটের লাইগা গেরামে যাইতে হইবো ক্যান? যেই চেয়ারম্যান আছিলো ওইডারে তো ভোট দেওন যাইবোনা, অন্য কেডা না কেডা দাঁড়াইছে হুদাই যাওয়া আওন করন কি দরকার! আমারে চেয়ারম্যানের দশা দেখানের লাইগাই আনতে চাইছে এইবার বুঝতে পারতাছি।
রাতে ভাই ঘরে আসার পর আমার কাছে আসলো। আমি ভাইকে ভালো মন্দ জিজ্ঞাসা করে বললাম,
' আপনারে নাকি দরবারে ডাকায়া মাফ চাইছে?
' হ। আম্মা কইছে?
' হুম।
' ক্ষতিপূরণ কই রাখছেন?
' কিয়ের ক্ষতিপূরণ?
' যেইডা চেয়ারম্যান দিলো?
' ওইডা দিয়া তোর আর কাজ কি? তুই তো ভালাই আছত মাশাল্লাহ।
আমি একটু অবাক হয়ে গেলাম ভাইয়ের কথায়। আবার ধাক্কাটা এলো তখনই। আমি তাকে পরখ করতে বলে ফেললাম,
' আমারডা আমারে বুঝায়া দিবেন, ভালা খারাপের কি পাইলেন এইখানে?
তখনই ভাই রেগেমেগে বললো,
' তুই এইডা কেমনে কস? আমরারে চিরতরে ডুবাইয়া দিয়া তুই এখনো তোর ভালাই চাস? আমার ব্যবসার হাল পায়ের তলায় ঠেকতাছে, আম্মারে লগে রাখি, তোরেও রাখছি কতমাস। এইদিকে অভাবে পইড়া পুঁজিও খাইয়া ফেলতাছি।
' ভাই আপনে কি আম্মারে আর আমারে কয়দিন খাওয়াইছেন বইলা অভাবে পইড়া গেছেন বুঝাইলেন?আমরারে খাওয়াইতে গিয়া পুঁজি খাইয়া ফেলতাছেন? আমরা এতো খাইছি?
ভাই আম্মার দিকে একবার তাকালো। তার চুপসানো মুখটাকেও একবার গ্রাহ্য করলোনা। তেড়েমেরে বললো,
' এমন বেত্তমিজ বইলাই তোর দিকে এতদিন ফিরা চাই নাই। তোর লাইগা যা গেছে সব ফেরত দিবি। লাগলে তুই যেই জায়গা কিনছত ওইডা দিবি। আর এই ৫০ হাজারও ফেরত দিমুনা।
আম্মা কাঁদতে কাঁদতে বললো,
' ওর টাকাপয়সা আর জায়গার প্রতি লোভ আইছিলো বইলা মুমিন বান্দা হইয়া গেছিলি? আহারে আমি কি বিশ্বাস করলাম আমার পোলারে! ভাবছিলাম আমাদের লাইগা তোর আসলেই পুড়ছে, আজইম্মা তো বিয়াডা হের অমতে হইলো বইলা যে দুজন মৌলবি খাওয়াইয়া দোয়া সাইরা গেলো আর আইলোনা। যাওনের সময় আমার কাছ থেইকা বিদায়ডাও নিয়া গেলোনা। হে যেন হের বাপের মতন আমার মরা মুখও না দেখে। তুইও দেখিস না। যা কইছত এরপর তোর ভাত আর আমার গলা দিয়া নামবোনা পুত।
আমি আম্মাকে ধরে বললাম,
' আম্মা চলো ওই বাড়িত চইলা যাই। এইখানে থাকনের দরকার নাই। এই পর্যন্ত যা খাইছি পারলে বমি কইরা দিয়া যাইতাম।
ভাই আমাদের কথাকে পাত্তা না দিয়ে হনহন করে বের হয়ে গেলো। তখন ভাবী কেবল এদিকে আসছিলো। ভাইকে ওভাবে দেখে কিছু বুঝে উঠতে না পেরে আমাদের কাছে এসে বললো,
' তোমার ভাই এমনে চইলা গেলো ক্যান?
' তারেই জিগান?
' আইচ্ছা জিগামু। খাইবানা?
' আগেই কইছিলাম আপনার খাতির সুবিধার না। তা আপনার কি লাগবো? আমার কর্মগুলা?
' কি কও?
' না, লাগলে কইয়া ফেলেন। কাজকাম শিখায়া মেশিনগুলাও ধরাইয়া দেই? আমি তো থাকুম অই না, কে নিবো দায়িত্ব?
ভাবী আমার খোঁচা বুঝলোনা। সে বলে ফেললো,
' তুমি খুশি হইয়া চাইলে আমি কি না করুম?
আমি হেসে বললাম,
' আপনাদের উপ্রে আমি অনেক খুশি। খুব আদর যত্ন করছেন, ভুলতে পারুম না ভাবী। বহুদিন ভালোমন্দ খাওয়াইছেন। প্রতিদান দিয়াই যামু।
ভাবী মনে হয় এবার কিছুটা বুঝতে পারলো। আর কিছু বললোনা,চোখ বড় করে আমার মুখ পর্যবেক্ষণ করে বিষয়টা বুঝার চেষ্টা করলো। আমি তার থেকে মুখ সরিয়ে আম্মাকে ধরে বললাম,
' আইয়ো তো আম্মা ওই বাড়িত যাই।
তার সামনেই জিনিসপত্র নিয়ে বের হয়ে গেলাম। সে পিছুও ডাকলোনা।
নিজের ছোট্ট ঘরটা দরজা খুলতে খুলতে ভেবেছিলাম একেবারে বুঝি আবর্জনায় স্তূপ হয়ে আছে। কিন্তু দরজা খুলতেই অন্য রকম এক ভালো লাগায় মন ছুঁয়ে গেলো। আমি দেখলাম আমার মা ঘরটাকে এতো সুন্দর করে সাজিয়ে রেখেছে, একদম ঠিক আগের মতো। চার দিকে চারটা মেশিন, কাঁথা সেলাইয়ের সুতার ঝুড়ি, আর যা যা ছিলো সব কোথা থেকে যেন আবার জায়গাটার জায়গায় এসে জুড়ে বসেছে।
আমি হাত বুলিয়ে বুলিয়ে সবগুলো জিনিস হাতাচ্ছি। তখন আম্মা বললো,
' এলাকা জুড়ে লাড়াচাড়া পড়ছে তো চুরির বিষয়ডা, তাই ধরা পরনের ডরে এইসব লুকাইয়া ফালাইয়া রাখছে, বেচনের সাহস পায় নাই। কিন্তু বগা তো ফান্দে পরনই সই,তাই পইড়া গেলো।
' আম্মা?
' ভাই তোমারে কষ্ট দিছে এতদিন?
' না আমি বুঝি নাই হের উদ্দেশ্য। আমারে আগে যেমন কইরা খাওনের সময় খাওন দিতো এমনেই দিছে। হের উদ্দেশ্য হাসিলের লাইগা আমারে কষ্ট দিলে তো হইবোনা। আর বাড়তি কিছু তো হের কাছে কোনোদিন চাই নাই, খালি কয়ডা খাইছি। কি আর চামু, দরকারি জিনিস আর কাপড় চোপড় মেশিন চালানের সময় তুই যা দিছত, ওইসব শেষ করতে করতেই আমার মরন কাছাইয়া যাইবো।
' তুমি বাঁচবা আম্মা, অনেকদিন বাঁচবা।
' তোর আব্বারে ইদানীং সপনে দেখি, আমারে ডাকে। বুকটা কেমন কইরা চাপ খাইয়া থাকে, অস্থির লাগে। লাগে তাড়াতাড়িই মইরা যামু।
' তোমারে আমার লগে লইয়া যামু ঢাকাত,বড় ডাক্তার দেখামু। আমার লগেই থাকবা তুমি। আর আম্মা জানো, আমি ডাক্তার দেখাইছিলাম, ডাক্তার কইছে আমার কোনো সমস্যা নাই, বছরখানেক গেলে বাচ্চা নিতাম পারুম।
আম্মা এত খুশি হলো। আমার নাকেমুখে চোখে চুমু দিতে লাগলো। আদরগুলো এতটা হৃদয়স্পরর্শী ছিলো। আমি এখনো সেসব অনূভব করি! আমি আম্মাকে এতটা খুশি আর হতে দেখিনি। কি খুশি কি খুশি আমার আম্মা!
শুধু মনে হচ্ছিলো না জানি আমার সন্তানকে দেখলে আম্মা কতোটা খুশি হতো!
।
এইটুকু যেতেই সাদিদ বুঝলো সে লেখাগুলো আর দেখতে পাচ্ছেনা, তার চোখ ঝাপসা হয়ে গেছে। সে তার চোখ মুছতে লাগলো। সে কখনোই তার নানু জিনিসটাকে কল্পনা করতে পারেনি। তার নানু হয়তো তাকে দেখার একরাশ আফসোস নিয়েই পৃথিবী থেকে গত হয়েছে! ইশ আজ যদি তিনি বেঁচে থাকতো, সাদিদ হয়তো অন্যদের মতো নিজের নানু নিয়েও গল্প করতে পারতো। চোখমুখ মুছে সাদিদ আশেপাশে তাকালো। ডায়েরি খুঁজে পেতে তাকে অনেক বেগ পোহাতে হয়েছে। তার মা সোহানা ফেক্টরিতে যাওয়ার পর সে পুরো ঘর খুঁজেছে, শেষে কাজের লোক বললো তারা তার মাকে রান্নাঘরে কিছু রাখতে দেখেছে। তাই সেখানে সে সব খুঁজে শেষে স্টোরেজ থেকে এটাকে উদ্ধার করেছে। তাই সময় নষ্ট করা যাবেনা, যদি তার মা পরখ করতে স্টোরেজ দেখে তাহলে শেষ! দুপুর গড়িয়ে যাচ্ছে, বিকালেই ফিরে আসবে সোহানা।
সাদিদ আবারও ডায়েরি খুললো। আবার পড়তে লাগলো,
।
পরদিন সকাল বেলা টিটু এলো। আমাকে নিয়ে সে ভোটকেন্দ্রে গেলো। তার এলাকা আমার এলাকার পাশে হলেও আমাদের ইউনিয়ন ভিন্ন। ভোটও ভিন্ন! সে তাড়াতাড়ি চলে এসেছে আমাকে ভোটকেন্দ্রে নিজে নিয়ে যাবে বলে!
আমি আম্মাকে বাড়িতেই রেখে গেলাম। ভোটকেন্দ্রে বেশ শোরগোল, শাহজাহান চেয়ারম্যানকে ভোট দিতে বলা কয়েকজনকেই লোকজন ধরে পিটিয়েছে। আমাকে লাইন পরিষ্কার করে দিয়ে টিটু ভেতরে পাঠিয়ে বললো,
' যাও ভোট দিয়া আইয়ো। অধিকার পালন জরুরি।
' কারে ভোট দিমু, আমি তো প্রার্থী কাউরে চিনিইনা।
' শাহজাহাইন্নারে ছাড়া যারে ইচ্ছা চোখ বন্ধ কইরা সিল মাইরা চইলা আইবা।
আমি একটু নাক সিটকালাম। অযথা ভোট দিতে এলাম! তারপর ভোটকেন্দ্রে ঢুকে আশেপাশে তাকিয়ে দেখি দুইজন মাথায় ভারী কি যেন পরে আছে। আমি একজনকে বললাম,
' এরা এইগুলা পরছে ক্যান?
ফিসফিস করে বললো,
' শাহজাহান চেয়ারম্যানের পোলিং এজেন্ট এরা, শাহজাহানের নামের লগে কাউরে পাইলেই পাবলিক ধইরা পিডায় তার লাইগা আগেই সুরক্ষা ব্যবস্থা নিয়া রাখছে!
আমি কেন জানি হেসে ফেললাম। গতবারের নির্বাচনে শাহজাহান চেয়ারম্যানের জনপ্রিয়তা ছিলো আকাশছোঁয়া। কিন্তু এইবার? এইবার এটা একেবারেই তলানিতে এসে আছড়ে পড়েছে। টাকা দিয়েও কিছু করতে পারলোনা। টাকার বিনিময়ে রাতের আঁধারে ভোট কিনতে বাড়ি বাড়িও গিয়েছে তারা তবুও জনগণ তার লোকদের ধরে মারতেছে।
আমি ভোট দিয়ে বের হতেই টিটু বললো,
' কও তো হে কয়ডা ভোট পাইবো?
' বুঝতে পারতাছিনা, তবে পাশ করবোনা এইবার।
' পাশ? হের ঘরেত্তেই তো তিন ভোট পাইবোনা। সব মিলায়াইয়া গণনায় হইতে পারে হে খালি হের নিজের ভোটটাই পাইছে! হাহাহাহা..
' ক্যান? কেউ একেবারে ভোট দিবোনা ক্যান?
' এর দুই বউ আর এক নাগরী তিনজন না হের বিরুদ্ধে মামলা করছে। বউ তো এখন একটাও নাই।
' সবাই চইলা গেলো ক্যান?
টিটু আমাকে নিয়ে আমার বাড়ির দিকে হাঁটতে হাঁটতে বললো,
' সব কর্মফল। তোমারে তো কইছিলামই আমার বইন, নারগিসরে প্রথম বিয়ে করনের পর হে অনেক অত্যাচার করতো, কথা কাজে না মিললে মারতো। একটা বাচ্চা হওনের লাইগা নারগিস ওই ঘর ছাড়তে পারে নাই, অনেক বুঝাইতাম নারগিস শুনতোনা। পরে বেডা আর দুইডা বিয়া করলো, তোমারেও করতে চাইছিলো। তখনও নারগিস কথা শুনে নাই, ওরে ছাইড়া আইয়ে নাই। শেষে কি করছিলো জানো? নারগিসের ছোট বইনের লগে খারাপি করতে গিয়া ধরা খাইছে, বিলকিসরে চিনোনা?
আমি আতঙ্কের সাথে বললাম,
' চিনবোনা ক্যান? বিলকিস তো ভালা মাইয়া। ও ক্যান ওরে প্রশ্রয় দিলো?
' আরে ও দেয় নাই। আমাদের বিয়ার সময় নারগিসের সাথে বিলকিস বাড়িত আইছিলো না? তখন তো বুঝে নাই, বিলকিস আইবো বইলাই শাহজাহান মিয়া তার বউরে আইতে দিছিলো, কইছিলো বিলকিসরে যাতে লগে লইয়া যায়। কয়দিন থাইকা লইয়াও গেছিলো, পরে ওই অজাত পুরুষ বিলকিসের ঘরে রাইতের বেলা চুপিসারে গেছিলো, বিলকিস বুঝতে পাইরা চিল্লাইয়া বাড়ি মাতায়া ফেলছিলো। ওইদিন নারগিস চেয়ারম্যানরে নাকি গালাগালি করছিলো, পরে নারগিসরে ওই বেডা অনেক মারছিলো। বিলকিস তারপর নারগিসরে নিয়া চইলা আইছিলো বাড়িত। আমি তারে মামলা কইরা তারপর ছাড়নের পরামর্শ দিছিলাম, করছিলোও। কিন্তু পয়সা দিয়া হে সব দমায়া রাখতো। নারগিসরে তুমি আর দেখছো এরপর?
' আমি তো আপনি আইলে ওই বাড়িত যাইতাম। দুই চাইরদিন থাকতাম। নারগিস আফারে আর তো দেখি নাই।
' দেখবা কেমনে হে তো বাইর হইতো না। মাইরা চেহেরা পর্যন্ত ভচকাইয়া দিছিলো। আমারেও কইতো মামলার রায় হওনের আগে যাতে লোকে কিছু না জানে, তোমার মতো তারও উল্টা অসম্মানি হয় যদি? মাইয়া মানুষ, আবার একটা বাচ্চা ওই বাড়িত, বাচ্চাডারেও নিয়া আইতে দেয় নাই। আমি মামলা চালানোর লাইগা টাকাপয়সাও দিছি। এরপর আরেকজনরে খুঁইজা পাইলাম যারে চেয়ারম্যান বউ চইলা গেছে বুঝাইয়া বিয়ার ফান্দে ফালাইছিলো, পরে শুনে যে বউ গেছে সে ছাড়াও তার আরো বউ আছে। পরে ওই বেডি ধর্ষন মামলা দিয়া দিছে তার নামে। ওইডাও এই বজ্জাত টাকা দিয়া সমাধান কইরা ফেলছে। বেডিরে দিয়াই মামলা তুলাইছে। কিন্তু পারে নাই আমরার লগে। আমি শেষবার দূর্নীতি আর জনগণের টাকা মারার অভিযোগ আইনা একটা দলরে ফুসলাইয়া লাগাইয়া দিলাম, জনগণের চাপে পইড়া পুলিশ তার সবকিছু তদন্ত কইরা তোমার চুরি যাওয়া জিনিস উদ্ধার করছে। এরপর যা হইছে তা বইলা বুঝাইতে পারুম না। কইলজা ঠান্ডা করনের মতন পরিণতি, তাই তোমারে সরাসরি দেখানের লাইগা লইয়া আইলাম।
' আমি শুনছি আম্মা কইছে। অনেক অপদস্ত করছে নাকি লোকেরা তারে।
' আরো করবো, বাকি আছে। ইলেকশনের ফলডা বাইর হোক দেইখো।
আমরা কথা বলতে বলতেই আমাদের ঘরে ঢুকলাম। আম্মা আমাদের দুজনকে খাবার বেড়ে দিলো।
বিকাল ৫ টার দিকে ফলাফল প্রকাশ হলো। আমি আন্দাজে লাঙল প্রতীকে সিল দিয়ে আসছিলাম। ওইটাই নাকি পাশ করেছে।
এদিকে শাহজাহান চেয়ারম্যান নাকি ৯ টা ভোট পাইছে। লোকেরা খুঁজতেছে কোন নয়জন তারে ভোট দিলো!
সবাই জুতা দিয়ে মালা বানিয়ে তাদের প্রাক্তন চেয়ারম্যানকে খুঁজতেছে পরানোর জন্য। কিন্তু তাকে কোথাও পাওয়া যাচ্ছেনা।
অথচ গত নির্বাচনে তার গলায় ফুলের মালার জন্য মুখ অব্দি ঢেকে গিয়েছিলো!