ফন্ট সাইজ:
থিম:
অশুদ্ধ দরিয়া

18

লেখক: তাজরীন খন্দকার

চেয়ারম্যানের বড়সড় একটা পতনের পর পুরো গ্রাম যেন একেবারে ঠান্ডা হয়ে গেলো। পুরো এক সপ্তাহ পর্যন্ত চেয়ারম্যানের মুখ নাকি কেউ দেখেনি।

সেবার আমি আর টিটু আম্মাকে নিয়ে ঢাকায় এলাম। এসে আম্মাকে ডাক্তার দেখালাম। আম্মার কোনো কিছুই ঠিক ছিলোনা, সুগার হাই, প্রেসার হাই,কোলেস্টেরল হাই,হার্টের অবস্থাও আশঙ্কাজনক। ইতোমধ্যে নাকি একটা সাইলেন্ট স্ট্রোক করে ফেলেছে আম্মা, আর আম্মা বিষয়টা টেরও পায়নি।

সিদ্ধান্ত নিলাম আমি আম্মাকে আর ওখানে যেতে দিবোনা। এমনিতেও বাড়িতে কোনোকিছু ঠিক নেই। তার আপন ছেলে যেখানে তাকে ভরনপোষণ হিসাব করে করে সেখানে আবার কিসের থাকা? তাদের যে আমার আম্মা আব্বা এতো কষ্ট করে পেলেপুষে বড় করলো ওই হিসাব কি তারা কোনোদিন চেয়েছে?

'

তিনমাস পরে আম্মা হঠাৎই অসুস্থ হয়ে গেলো, হাসপাতালে নিয়ে যাওয়া হলো। অনেক চিকিৎসা ভর্তি, আইসিইউ আ্যাডমিশন কোনো কিছুই আর কাজ হলোনা। একমাস লড়াই করে আম্মা চিরবিদায় নিয়ে নিলো। এতো চেষ্টায়ও আম্মাকে আমরা বাঁচাতে পারিনি।

আম্মা মৃত্যুর আগে বলেছিলো তাকে যেন গোপনে রাতেরবেলা নিয়ে গিয়ে আব্বার পাশে কবর দেই। আমাদের ভাইরা যেন কিছুই না জানে!

তাই করেছিলাম, রাতেই এসেছিলাম। কিন্তু বড় ভাইকে না বলে পারিনি! আর ছোটজনের কপাল ওই আগেরবারের মতোই, জানলোওনা।

সেদিন শেষবার ভাইকে আমি মা'র জন্য একটু কাঁদতে দেখেছিলাম। আমি মায়ের কথা রাখিনি বলে আজও আমার বুকের ভেতর চিনচিন ব্যথা হয়। কিন্তু এতো বড় বেঈমানী আমি পারিনি, তারা স্বার্থ খুঁজেছিলো কিন্তু আমি কি করে আপন ছেলেকে তার মায়ের দাপন থেকে বিচ্ছিন্ন করতাম?

সেবার ৫ দিন বাড়ি ছিলাম। ফেরার পথে আমি জীবনের সবচেয়ে নির্মম চিত্রটি দেখে এসেছিলাম।

বাস ছাড়ার অপেক্ষায় আমি আর টিটু বাসের ঠিক পাশেই হকার থেকে আইসক্রিম কিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। আমার মাথার উপরে টিটু একহাতে একটা ছাতা ধরে ছিলো। কেননা সেটা এক তপ্ত দুপুর ছিলো। তখনই আমি হঠাৎ দুজনকে মানুষকে সামনে থেকে হেঁটে আসতে দেখলাম৷ খুবই জরাজীর্ণ একজনের শরীর, আরেকটা বলবান হাত তাকে শক্ত করে ধরে টেনে টেনে নিয়ে আসতেছে। আমি মুখগুলো স্পষ্টই দেখছিলাম, তবুও অস্পষ্ট লাগছিলো। বিশ্বাস করতে পারছিলাম না। আমার পাশ পর্যন্ত আসতেই আমি হাত দিয়ে ইশারা করে থামালাম। তারা এতক্ষণ কেবল রাস্তার দিকে মনোযোগী ছিলো। আমি থামাতেই তারা আমার মুখের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে চমকে গেলো।

আমি টিটুর দিকে তাকিয়ে বললাম,

' তাদের চিনেন?

টিটু হেসে বললো,

' চিনুম না ক্যান? তোমার আগের ঘরের জামাই আর শাশুড়ী।

হ্যাঁ জামান আর তার মা ছিলো সেই দুজন। আমাকে দেখে জামান বললো,

' সোহানা তুমি কইত্তে?

' ঢাকা যামু।

' ওহ ভালাই আছো। খুশি হইলাম দেইখা।

আমি এবার থমথমে গলায় বললাম,

' আপনার ইসতিরি কই?

' বাড়িত!

' বাড়িত বলতে আপনার বাড়িত?

' হুম। এইডা তোমার জামাই?

' হু

তার স্ত্রী তার বাড়িতে আছে শুনে আমি বুঝে গেলাম, সেবার সেই লোকটা ঠিক বলছিলো আফসানার ভাইরা আবারও তাকে ধরে এনে স্বামীর ঘরে দিবে।

আমি তার দিকে পরোয়া না করে তার মায়ের দিকে তাকিয়ে বললাম,

' খান্দানী পোলার বউয়ের লগে আশা করি ভালা আছেন? ৭ মাসের মইধ্যে নাতিও পাইছেন! তাও শরীরটা এমন কইরা খারাপ হইলো কি কইরা?

মহিলা দূর্বল শরীর নিয়েই ছেলেকে চলে যাওয়ার জন্য টান দিলো। জামান আমার দিকে ফিরে ফিরে দু'বার তাকিয়ে আমরা যেই বাসে যাবো ওই বাসেই উঠলো। টিটু বললো,

' তারা লাগতাছে ঢাকাই যাইবো।

' যাক তাতে আমরার কি?

' দেখছো পরিণতি? দুই বছরও হইলোনা এরার বয়স ১০, বছর কইরা বাইড়া গেছে। আর তোমারে দেখো, মাশাল্লাহ লাগে সেভেন থেইকা এইটে উঠবা এইবার।

আমি তার বাহুর উপর হাত দিয়ে আঘাত করে বললাম,

' আপনে ওই সেভেন এইট থেইকা আর বাইর হইলেন না!

' কি করুম, আমার কাছে তাই লাগে।

বাস কন্ট্রাক্টর বাসে পৃষ্ঠে জোরে জোরে আঘাত করে হাঁক ছাড়ছে, সবাই আইসা পড়েন বাস ছাইড়া দিলো।

আমি টিটুর হাত ধরে বাসে গিয়ে বসলাম। টিটু বাসের সীটে বসে এদিক ওদিক তাকালো, তাদেরকে খুঁজলো। কিন্তু তাদেরকে দেখতে পেলোনা।

বাস চলছে। বাসে আমার একটু খারাপ লাগে বলে টিটু আমাকে তার কাঁধে মাথা দিয়ে রাখতে বললো। আমিও তাই করলাম। অনেক্ষণ যাওয়ার পর শুনশান নীরবতায় হুট করে পেছন থেকে আওয়াজ এলো,

' সোহানা আমি মইরা গেলে মাফ কইরা দিও।

আমি তড়িঘড়ি করে উঠে পেছনে তাকালাম। দেখলাম আমাদের ঠিক পেছনের সীটেই তারা দুজন। ঠিক পেছনে বলেই খুঁজে পাইনি। আমি বসে সীটের ফাঁক দিয়ে মুখ করে আস্তে করে বললাম,

' আপনে কেডা যে আমার কাছে মাফ চাইতাছেন?

জামানের মা কাঁপা কাঁপা গলায় বললো,

' এখন কেউ না, কিন্তু একটা সময় আছিলাম তো। ভুলত্রুটি করছি জানি, ওইগুলা কইলাম না। তোমার বদদোয়ায় হয়তো আমার এই দশা, দুনিয়ায় এই দশা না জানি ওই দুনিয়ায় আমার কি দশা হয়। হায়াত মউত জানিনা, মাফ কইরা দিও খালি এইডাই চাই। মনডারে অনেক শক্ত কইরা তোমার কাছে চাইলাম।

আমি সীটের ফাঁকে তার নিস্তেজ মুখে তাকিয়ে বললাম,

' আমি আপনারে বদ দোয়া দেই নাই। আপনে নিজেই সব করছিলেন, মাফ চাওনের হইলে খোদার কাছেই চান।

বেচারি তখন কেঁদে দিলো। জামান তার মাকে ধরে শান্ত হতে বললো। এরপর আমাকে উদ্দেশ্য করে বললো,

' মাফ চাইছে মাফ দিয়া দেও। আম্মার শরীরের অবস্থা ভালানা, লগে আমারেও পারলে মাফ কইরো।

টিটু আমার হাত ধরে ইশারায় বললো মাফ দিয়েছি এমন কিছু বলতে। আমি মাথা নাড়ালাম।

তারপর বলে উঠলাম,

' সিঙ্গাপুর না আছিলেন, আইলেন কবে?

' মাসখানেক হইলো।

' ছুটিতে?

' না।

তার মা বললো,

' তোমারে অপয়া কইতাম। কিন্তু আসল অপয়া আমরা নিজেরাই। এর আগেও আকাম কইরা বিদেশের রুটিরুজি শেষ করছে এইবারও করছে।

' কি করছিলো?

' এই কি করছিলি ক?

' আম্মা বাদ দেও তো।

' বাদ দিমু ক্যান? তুই এতো পয়সা ভাইঙা গিয়া এক বছরের মাথাত আইয়া পড়ছত দেইখাই তো উষ্ঠা দিয়া বাইর কইরা দিলো। এখন ভিক্ষা কইরা খাবি।

' আম্মা চুপ করেন, জায়গা জমি আপনে লেইখা না দিলে কেমনে বাইর করতো? আপনেই তো এইডা করছেন!

' তারা তোরে যেই কাম কইরা দিছে এইডি নাইলে করতো?

' অনেক ভালা করছিলেন, আমার ভালা বুইঝা বিয়া করাইছেন, আরেক বেডার বাচ্চা গছাইছেন, বেডি আমি বিদেশ থাকাকালে আরেক বেডার লগে কমাস থাইকা আইলো, তাও মাইনা লইলেন। আমার লাইগা তো ভালাই করছেন। দেখেন যার লাইগা খারাপ করছেন হেই ভালা আছে! আমরা রাস্তাত নাইমা গেছি। আল্লাহ খেলা এইডি।

আমি চুপ করে আছি। তারাও নিজেদের মধ্যে করা তর্ক বির্তক এক পর্যায়ে থামিয়ে চুপ হয়ে গেলো। আমি কয়েকটা দীর্ঘশ্বাস ছেড়ে টিটুর কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করলাম। একটা সময় বাস থামলো। আমরা নেমে গেলাম, তারাও নেমে গেলো। তাদের গন্তব্য কোথায় জানা নেই। আমরা একটা রিকশা নিয়ে বাসার দিকে যাচ্ছি, আর টিটু বলছে

' কাউরে আঘাত কইরা কেউ ভালা থাকতে পারেনা বুঝছো?

আমি কেবল সম্মতিসূচক মাথা ঝাঁকলাম। আর কিছু জানতে ইচ্ছে হলোনা, আর কথা বলতেও ইচ্ছে হলোনা। কেন বিদেশ থেকে চলে এলো তাও জানার আগ্রহ হলোনা। মনে হলো গচ্ছা যাক আমার কি? এরপর আমার জীবনে আম্মার শোক ব্যতিত কোনো দুঃখই রইলোনা। টিটুর ব্যবসার আয় উন্নতি, আমারও আবার নতুন জায়গায় নতুন শুরু! স্বপ্নের মতন একটা জীবন শুরু হলো আমার।

'

প্রায় ২৬ বছর পর ডায়েরি হাতে নিলাম। এতো বছরের সুখের গল্পগুলো লিখতে মন সায় দেয়নি। নিজেরই নজর লাগে কিনা!

কিন্তু আজ আমার হাত কাঁপছে। তাও আমি লিখতে বসেছি। আমার ভেতরটাও খুব ফাঁকা লাগছে। নিজের অতীতের কাছে নিজেকে বড্ড অসহায় লাগছে। টিটুর সাথেও আমার মতের বিরোধিতা হয়েছে, আমি চাচ্ছিনা কিন্তু সে চাচ্ছে ছেলে সবটা জানুক।

আমার ছেলে সাদিদ। বিয়ের তিন বছরের মাথায় আমার জীবনে এসে আমার জীবনটাকে একেবারেই পরিপূর্ণ করে দিয়েছে যে। আমার জীবন জুড়ে,পৃথিবী জুড়ে সেই আছে যাকে আমি সবটা উজাড় করে খুশি দেখতে চাই।

আমি জানি সে ইউনিভার্সিটিতে আয়াত নামে একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসে। সুন্দর ভালোবাসায় আমার সাপোর্ট সবসময় আকাশচুম্বী। তাই আমার ছেলে কোনোদিন কোনোকিছু আমার থেকে লুকায়নি। শুরু থেকেই আমি সবটা জানি।

মেয়েটাকে আমি দেখেছিও, ভারী মিষ্টি একটা মেয়ে। আমাদের বাসায়ও দু একবার এসেছিলো।

গত পরশুদিন আমার ছেলে বাইক এক্সিডেন্ট করেছে। তার সাথে আয়াত ছিলো। আমি পাগলের মতো হাসপাতালে ছুটে গেলাম। গিয়ে দেখলাম গুরুতর কিছু নাহলেও প্রচন্ড আহত। আমি অঝোরে কান্না করছিলাম। যেই ছেলেকে আমি ফুলের টোকাও পড়তে দেইনি সে আজ রক্তাক্ত! আমার ছেলে ওই অবস্থাতেও আমাকে বললো পাশের কেবিনে তার গার্লফ্রেন্ড আছে। আমাকে তার অবস্থা দেখে আসতে বললো। আমি তার কথা শুনে ছুটে গেলাম। গিয়ে দেখি নার্সের সাথে চশমা পরিহিত এক চেনা মুখ। তার কথাও স্পষ্ট শুনলাম, সে হাঁপাচ্ছে আর বলছে,

' আমার মেয়ের ইন্টারনাল ক্ষতি হয় নাই তো নার্স? ডাক্তার কি বললো?

আমি তাকে দেখে থমকে গেলাম। আমি বোধহয় এখনো পর্যন্ত তাকেই সবচেয়ে বেশি ঘৃণার কোঠায় স্থান দিয়ে এসেছি। আফসানা! সে আমার জীবনের সাথে সাথে গোটা একটা পরিবারকে ধ্বংস করেছে। লোভী,চরিত্রহীন,বিশ্বাসঘাতক, আরো কতো কিছুই না তাকে বলা যায়! তার এখনকার জীবন আমি জানিনা, এই মেয়ের জন্ম কোন পুরুষের মাধ্যমে হয়েছে তাও জানিনা। শুধু দেখতে পাচ্ছি আমার ছেলে যাকে জীবন দিয়ে ভালোবাসে, সেই মেয়ের মা সে।

আমি ওখান থেকে সরে আসলাম, বারান্দায় আসতেই আমার স্বামীকে দেখতে পেলাম। কিছু না বলে কেবল কেবিনটা আঙুল দিয়ে ইশারা করে দেখালাম। সেও ভেতর থেকে এসে আমাকে বললো,

' ওটা কি আফসানা ছিলো? আয়াত আফসানার মেয়ে?

আমি কেবল কাঁদতে লাগলাম। কিছুই বলতে পারছিলাম না। রাতে যখন নিজেকে একটু সামলালাম, টিটু বললো আমি যেন ছেলেকে সবকিছু জানাই! কিন্তু আমি কি করে জানাবো? আমার ছেলে আয়াতের জন্য মরিয়া, তাকে নিয়ে সে কতো হ্যাপি! আমি কি থেকে কি বলে তাকে তার থেকে বিচ্ছিন্ন করবো? আমি তো তাকে আমার পঁচা অতীত জানাতে চাইনা। সে জন্মের পরে আমাদেরকে রাজার হালে দেখেছে, সুন্দর জীবন দেখে তার শৈশব কৈশোর কেটেছে। তাকে তার সবচেয়ে প্রিয় মানুষ থেকে বিচ্ছিন্ন করতে হলে আমাকে আমার অসহনীয় জীবনের গল্প শোনাতে হবে। সবকিছু জানার পরও যখন সে মেনে নিবেনা তখনই বা আমি সবকিছু কি করে সহ্য করবো? সে তো আমার কষ্টগুলো আমার মতো অনূভব কর‍তে পারবেনা।

তার চেয়ে বরং এই ভালো না যে সে সবকিছু না জানুক, এভাবেই চলুক? আমি নাহয় আমাকে অচেনা রাখতে সেই একটা মানুষের মুখোমুখি হলামই না কোনোদিন..

সাদিদ এই পর্যন্ত এসে তারিখটা খেয়াল করে দেখলো গতমাসে তার এক্সিডেন্টের দুদিন পরের তারিখ লেখা আছে। সে আর পৃষ্ঠা উল্টালো না, বন্ধ করে দিলো ডায়েরি। এরপর কি আছে আর দেখলোও না। তার বুঝার বাকি নেই তার মা কেন তাকে এটা পড়তে দেয়নি, নিজের জীবনের গল্প আড়াল কর‍তে নয় বরং তার জীবনের গতিপথ সুন্দর রাখতে! তার ভালোবাসার প্রতি শতভাগ শ্রদ্ধাশীল রাখার তাগিদে। এসব জানলে মনের অবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে ঠিক সেই কারণে! ঠিক সেই কারণে তার মা জীবন দিয়ে এই সত্য গোপন রাখার চেষ্টা করে গিয়েছে।

সাদিদ সবকিছু ভাবতে ভাবতে তার মুখে দুইহাত চেপে বসে রইলো কতক্ষণ। এর মধ্যেই কলিং বেলের আওয়াজ এলো। ডায়েরি হাতে নিয়ে সাদিদ দৌঁড় দিয়ে দরজায় উঁকি দিয়ে দেখলো সোহানা দরজার ওপারে দাঁড়িয়ে আছে।

এদিকে হেল্পিং হ্যান্ড দরজা খুলতে এলে সে বারণ করলো। বললো সে নিজেই খুলবে। তারপর রান্নাঘরে গিয়ে ডায়েরি পূর্বের জায়গায় রেখে সে গিয়ে দরজা খুলতেই সোহানা তাকে ধরে বললো,

' কি খবর বাবা? এই সময় বাসায় যে?

' মা পড়ছিলাম একটু। এক্সাম আছে না কাল?

' সেতো খুব ভালো কথা। খাবার খেয়েছো?

' না মা খাইনি, তোমার অপেক্ষায় ছিলাম৷

' চলো ফ্রেশ হয়ে তোমার সাথে খেয়ে নিচ্ছি।

' বাবার সাথে দেখা করে এসেছো মা?

সোহানা একটু চুপ থেকে বললো,

' না বাবা, আজ দেরি হয়ে গেছে। তাই ওদিকে যাইনি।

' তোমার ফেক্টরির খবর কি?

' অনেক চাপ বাবা, অনেক অর্ডার পেন্ডিং আছে। ওরা সামলাতে পারছেনা। আরো লোক নিবো। বাদ দাও তুমিও ফ্রেশ হয়ে আসো।

তারপর রান্নাঘরের দিকে তাকিয়ে সোহানা হাঁক ছেড়ে বললো,

' সাদিয়া, তানিয়া খাবার দাও আমাদের। তাড়াতাড়ি করো কিন্তু।

সোহানা তাড়াহুড়া করে রুমে গিয়ে পোশাক বদলে ফ্রেশ হয়ে আবারও ডাইনিংয়ে এলো। ততক্ষণে সাদিদ এসে বসে পড়েছে।

খাবার বেড়ে দিলো সোহানা। সাদিদ আনমনা হয়ে আছে। সোহানা কি দিবে দু'বার জিজ্ঞাসার পরও সাদিদ কোনো জবাব না দেওয়ায় উৎকণ্ঠার সাথে সোহানা বললো,

' কোনো সমস্যা? আমার কথা শুনছোনা?

সাদিদ ঘুরে তাকিয়ে বললো,

' তোমার যা মন চায় দাও মা।

' ভালো লাগছেনা? খাইয়ে দিবো?

' ঠিক আছে দাও।

সোহানা নিজের প্লেটেই খাবার নিয়ে সাদিদের মুখে তুলে দিলো। খাওয়ার মাঝে সাদিদের ফোনে ভাইব্রেশন হচ্ছিল। সাদিদ ফোন বারবার কেটে দিচ্ছিলো। সোহানা বললো,

' রিসিভ করো। কার কল?

' ইউনিভার্সিটির ফ্রেন্ড মা। জরুরি না।

' আমার তো মনে হচ্ছে আয়াত। ধরো, যারই হোক।

' না মা খেয়ে শেষ করি আগে৷

খেতে খেতেই সাদিদ বললো,

' আয়াতকে তোমার ভালো লাগে?

' হ্যাঁ অবশ্যই।

' আচ্ছা বিয়ের প্রসঙ্গ আসলে তাদের পরিবার আমাদের থেকে একটু ছোট হয়ে যায়না?

সোহানা প্লেট রেখে বললো,

' কি বলছো? সেটা তো আমাকে বলেছিলে, তারা মধ্যবিত্ত পরিবার। আমি তো ওসব পরিবার নিয়ে জানতে চাইনি, তোমার ভালোবাসাটাই আসল। সে কে এসব দেখে কি হবে?

' সে যেই হোক না কেন, মেনে নিবে তোমরা?

সোহানা কিছু না বলে শেষ লোকমাটা দিয়ে বললো,

' যাও মুখ ধুয়ে বাইরে গিয়ে ঘুরে এসো একটু। আমি খেয়ে নিই।

সাদিদ কিছু শুনতে চাচ্ছিলো কিন্তু তার মা এভাবে চুপ করে যাওয়ায় তার বুকের ভেতরটা আবারও মোচড় দিয়ে উঠলো। মুখ ধুয়ে সে বের হয়ে গেলো।

সোহানা ছেলের চলে যাওয়ার দিকে তাকিয়ে নিজের চোখ মুছলো। কীভাবে বলবে সে মেনে নিলেও তার বাবা এই সম্পর্ক কোনোদিন মেনে নিবেনা? তাদের এই সম্পর্ক নিয়ে মতবিরোধ হতে হতে তাদের সম্পর্কটাও একঘেয়ে হয়ে যাচ্ছে!

কতদিন ধরে তাদের মধ্যে ভালোবাসাময় গল্পগুজব হয়না। কথা উঠলেই এই প্রসঙ্গ আসে আর ঝগড়া হয়।

সোহানা চোখ মুছে একটু খাবার নিয়ে নিলো প্লেটে। সাদিয়া পাশে দাঁড়িয়ে বললো,

' ম্যাডাম আরো সালাদ দিবো?

সোহানা হাত দিয়ে ইশারায় বারণ করলো।

এদিকে সাদিদ রাস্তায় নেমে ফোন বের করলো। আয়াতের প্রায় ২০ টা মিসড কল। অতঃপর শেষ কলটা রিসিভ করে বললো,

' এতো কল দিচ্ছো কেন?

' আজ না দেখা করবে বলেছিলে? আমি রেডি হয়ে বসে আছি, কোথায় আসবো? কিছু বলছোও না, ফোনও ধরছোনা।

' কোথাও আসতে হবেনা।

' প্ল্যান ক্যান্সেল?

' হুম।

' কোথায় তুমি?

' রাস্তায়।

' আমি তাহলে রাস্তায়ই আসি? গাড়ি নিয়েছো সাথে?

' না। তোমার আসার দরকার নেই।

' কি হয়েছে বুঝলাম না। এভাবে তো তুমি কথা বলোনা কখনো। কোনো সমস্যা?

' তোমার বাড়ির ঠিকানা দাও?

আয়াত উচ্ছ্বাস নিয়ে বললো,

' কেন? প্রস্তাব নিয়ে আসবা?

' প্রস্তাব ছাড়া যেতে অসুবিধা আছে?

' তুমি তো জানোই বাবা আছে।

' তোমার বাবার নাম কি?

' কি হয়েছে সাদিদ, ভুলে গেছো? উনার নাম সিদ্দিক রহমান।

' সিদ্দিক? হ্যাঁ মনে পড়েছে বলেছিলে আগে। তোমার মায়ের নাম?

' আফসানা জাহান। এসব কেন লাগবে? আচ্ছা বলোতো তোমরা আসলেই প্রস্তাব নিয়ে আসতেছো?

' আসতেছি কিন্তু সবাই না, আমি একা আসবো। তবে প্রস্তাব নিয়ে না, এমনি।

' কখন?

ধমকের সহিত সাদিদ বললো,

' ঠিকানা পাঠাতে বলেছি আমি! এতো কথা বলছো কেন?

আয়াত কিছুটা অস্বস্তিতে পড়ে গেলো। পড়ারই কথা সম্পর্কের এতদিনেও সাদিদ বাড়ির ঠিকানা চায়নি। হঠাৎ চাচ্ছে তাও কিনা অস্বাভাবিক আচরণের সহিত।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 18 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন