ফন্ট সাইজ:
থিম:
অশুদ্ধ দরিয়া

19

লেখক: তাজরীন খন্দকার

সবকিছু যখন শুনশান। সোহানা আস্তে করে গিয়ে স্টোরেজ থেকে ডায়েরিটা খুলে আনলো। খাবার টেবিলে বসে ছেলের কথোপকথনগুলো ডায়েরিতে লিখতে লাগলো। কথাগুলো খুব সাধারণ হলেও সোহানার হৃদয়ে প্রতিটা কথাই যেন অতীতের ক্ষতগুলো নাড়িয়ে দেওয়ার মতো ছিলো! ভেতর থেকে না চাওয়া সত্ত্বেও ছেলে চায় বলে তার চাওয়াকে সম্মান দেখানোর যে মিথ্যা অভিনয় সেটা করতে গিয়ে তার ভেতর পুড়ে ছারখার হয়ে যাচ্ছিলো।

২৬ বছর পর এই ডায়েরি তাকে বারবার খুলতে খুলতে হচ্ছে, তবে কি তার জীবনের শুদ্ধতাগুলো আবারও অশুদ্ধের ছায়ায় মুড়ে যাচ্ছে?

সোহানা জানেনা এর থেকে পরিত্রাণের রাস্তা কি! ডায়েরি বুকে নিয়ে সে অঝোরে কাঁদতেছে। তখনি সাজ্জাদ(টিটু) ঘরে এলো।

সোহানাকে এসে ছুঁতেই সোহানা ধড়ফড়িয়ে উঠে বসলো আর বললো,

' আরে কখন এলে? আমি টের পেলাম না কেন?

' বেল চাপিনি। চাবি দিয়ে দরজা খুলেছি।

' জরুরি প্রয়োজন নাকি? এ সময় তো আসা হয়না।

' জানিনা, ভাল লাগছিলোনা। ভাবলাম বাসায় যাই।

সোহানা উঠে খাবারের বক্স নামাতে গিয়ে বললো,

' একি খাবার খাওনি? পাঠাতে দেরি করেছিলো নাকি? এখনো গরম যে!

' না সময়মতোই পাঠিয়েছে। কিন্তু খেতে ইচ্ছে করছেনা। চলো সব ছেড়েছুঁড়ে কয়েকদিনের জন্য কোথাও চলে যাই?

' কোথায় যেতে চাচ্ছো?

' দেশের বাইরে কোথাও।

' ছেলেকে একা রেখে?

' অনেক বড় হয়েছে ছেলে, ওরও ওর মতো একা থাকার বয়স হয়েছে।

' আমার অনেক কাজ, নতুন নিয়োগ নিচ্ছি। এসব আমি চলে গেলে কীভাবে হবে?

' হবে তো কিছু একটা নাকি? খারাপ কিংবা ভালো। হোউক, কিছুদিনের জন্য কি সব ছাড়া যাবেনা? এসে আবার গুছিয়ে নিও, আমারও তো প্যারা কম না।

' তা ঠিক। আচ্ছা!

' আমাদের কথা বলা প্রয়োজন, একসাথে সময় কাটানো প্রয়োজন। কেমন জানি হয়ে যাচ্ছি আমরা, কেউ কাউকে মানতে চাচ্ছিনা। তুমি তোমার যুক্তি দেখাচ্ছো আমি আমার যুক্তি, এরপর মধ্যে ফেঁসে গেছে ছেলের জীবন!

সোহানা চুপ করে রইলো। তারপর উঠে আবারও গিয়ে ডায়েরি লুকিয়ে রেখে এলো। তারপর বললো,

' খাবে তুমি এখন?

' তুমি আগের মতো যত্ন করে খাওয়ালে অবশ্যই খাবো। তোমার যত্ন ছাড়া আমি অসম্পূর্ণ সোহা!

সোহানা হেসে খাবার বাড়তে গেলো।

'

ওইদিকে সন্ধ্যা নামার কিছুক্ষণ পর গিয়ে আয়াতের বাসা খুঁজে পেলো সাদিদ। কলিং বেল চাপতেই দরজা খুলে দিলো আয়াতের বাবা। সাদিদ অন্য সময় হলে হয়তো সালাম দিতো, কিন্তু আজ সে চুপচাপ কেবল দরজায় দাঁড়িয়ে রইলো। আয়াতের বাবা সাদিদকে চিনেনা তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন করলো,

' কে তুমি বাবা? কার কাছে এসেছো?

সাদিদ গম্ভীর কণ্ঠে বললো,

' আমি সাদিদ। সাজ্জাদুর রহমান আমার বাবা।

' ওই স্ক্র্যাপের বিজনেস যে করে, সেই সাজ্জাদুর রহমান?

' জ্বী।

' এই আফসানা, এদিকে আসো। তুমি কি এই ছেলের কথাই আমাকে বলেছিলে? এই আসো বাবা ভেতরে আসো তুমি।

সাদিদ আস্তে আস্তে ভেতরে প্রবেশ করলো। আফসানা রান্নাঘর থেকে হন্তদন্ত হয়ে এসে বললো,

' কোন ছেলের কথা বলছো?

এসে সাদিদকে দেখে কিছু চমকে গেলো আফসানা। কাপড় ঠিকঠাক কর‍তে করতে বললো,

' গরীবের বাড়িতে এ আমি কাকে দেখছি! বসো বাবা সাদিদ।

সাদিদ বললো,

' না দরকার নেই।

' তাহলে কি আয়াতের সাথে দেখা করতে এসেছো?

সাদিদ আয়াতের বাবা সিদ্দিকের দিকে তাকালো। সে জানতো সিদ্দিক কিছু জানেনা, কিন্তু যেভাবে তার বাবার নাম নিলো মনে হচ্ছে এখন সবটা জানে।

আফসানা ডাকলো,

' আয়াত সাদিদ এসেছে, বাইরে আয়।

পাশের রুম থেকে এলোমেলো অবস্থায়ই আয়াত বের হয়ে এলো।

সামনে এসে আমতা আমতা করে বললো,

' আরে তুমি?

তারপর নিজের বাবার দিকে তাকিয়ে বললো,

' বাবা সাদিদ আমার বন্ধু।

সিদ্দিক মাথা নেড়ে বললো,

' তোমার মা সব বলেছে আমাকে।

আয়াত সাদিদের গম্ভীরতাকে খেয়াল করে বললো,

' আজই চলে এলে? জরুরি কারণ?

তার মধ্যেই আফসানা বললো,

' বসো বাবা, আমি নাস্তা বানিয়ে আনি।

' আমি কিছু খাবোনা। এখানেই থাকুন কিছু কথা বলবো।

আফসানা উত্তর দিলো,

' সে কি করে হয়? প্রথমবার এসেছো কিছু না খেয়ে যাবে তাতো হয়না। বসো সময় লাগবেনা।

' বললাম তো কিছু খাবোনা।

সাদিদ ধমকে বলে উঠাতে আফসানা একটু অস্বস্তিতে পড়ে গেলো। আয়াতও সাদিদের এমন ব্যবহার আর রহস্যময় ভাবভঙ্গী দেখে দ্বিধাদ্বন্দে ভুগছে, তার উপর তার বাবা সেখানে উপস্থিত। কি বলতে চাচ্ছে সাদিদ সেটা ভেবে ভেবেই বুক ঢিপঢিপ করছে আয়াতের!

আফসানার চেহেরায়ও চিন্তার ভাঁজ তবুও নিজেকে সামলে নিয়ে বললো,

' আচ্ছা বাবা বসো। বসে কথা বলি?

সাদিদ গিয়ে বসলো। তারপর বললো,

' আপনার গ্রামের বাড়ি কোথায়?

' কেন বাবা?

' বলতে বললাম! সমস্যা আছে বলতে?

' না না সমস্যা কেন থাকবে? আমার বাবার বাড়ি কৃষ্ণপুর। আর আয়াতের বাবার..

থামিয়ে দিয়ে বললো,

' কতদিন ধরে শহরে আছেন?

' আয়াতের জন্মের পর থেকেই। তার বাবা এখানে কাজ করতো তাই চলে আসা।

' আপনি জানেন আমার গ্রামের বাড়ি কোথায়?

আফসানা মাথা নেড়ে বললো,

' নাতো।

' দাউদপুর।

' সেকি আমাদের গ্রামের পাশেও তো একটা দাউদপুর আছে।

' সেই দাউদপুরই।

' কি বলো, তুমি তাহলে এলাকার ছেলেই।

সাদিদ ধমকে বললো,

' আপনারা আমাদের আগে থেকেই চিনতেন! ভঙ্গি করবেন না এখন।

' নাতো, মাত্র জানলাম। আমি ভেবেছিলাম তোমরা শহরে স্থানীয়।

' মিথ্যা বলবেন না! আমার বাবাকে চেনেনা ওই উপজেলার ভেতরেও কেউ থাকতে পারে বলে মনে হয় না। তিনি সাকসেসফুল সম্মানিত, জায়গায় জায়গায় তাকে নিয়ে আলোচনা হয়। আপনি পাশের এলাকার হয়ে সেটা জানেন না বললেই হলো? আপনি না জানলেও আপনার হাসবেন্ড জানে নিশ্চয়ই?

আফসানা মাথা নেড়ে বললো,

' না তার গ্রামের বাড়ি আমাদের উপজেলা কিংবা জেলাতেও নয়। সে এসব চিনবেনা।

' তাহলে স্বীকার করছেন আপনি চিনেন?

আয়াত বলে উঠলো,

' সাদিদ কি হচ্ছে? কি সব বলে যাচ্ছো? আম্মু আব্বুর সাথে এভাবে কথা বলছো কেন?

সাদিদ চোখ বন্ধ করে নিজেকে একটু সামলে নিয়ে বললো,

' দেখুন আমাকে সত্যিটা বলুন? আপনার আগের স্বামী, সন্তান এরা কোথায়?

সিদ্দিক এবার রেগেমেগে বললো,

' কি হচ্ছে আমাকে কেউ বুঝাবে? কিসের স্বামী সন্তান? তোমার আগে বিয়ে হয়েছিলো আফসানা? সন্তানও আছে? আমি কেন এসব জানিনা?

আফসানা এবার একটু ঘাবড়ে গেলো। সাদিদকে চুপ থাকার ইশারা করে সিদ্দিককে বুঝাতে উঠে পড়লো। আফসানা সরে যাওয়াতে সাদিদও সাথে সাথে উঠে দ্রুত পায়ে বাইরে চলে গেলো। আফসানা দেখলো সাদিদ চলে যাচ্ছে,সে কোনদিকে কি বুঝাবে বুঝে উঠতে পারলোনা। এদিকে আয়াত সাদিদের পেছন পেছন দৌঁড়ে বাইরে গেলো।

পেছন থেকে ডাকতে লাগলো,

' সাদিদ তুমি কি জেনেছো? কি শুনেছো? কেন হঠাৎ এমন পাগলামি করছো?

সাদিদ হেঁটেই যাচ্ছে। আয়াত দৌঁড়ে সাদিদকে পেছন থেকে ধরতেই সাদিদ ছিটকে তাকে সরিয়ে দিয়ে বললো,

' ছুঁবেনা তুমি। তুমি তোমার মায়ের পরামর্শেই আমার পিছু নিয়েছিলে তাইনা? আমাকে তো অনেক কষ্ট করে পটিয়েছিলে! এতো মানুষ থাকতে আমাকেই কেন বেছে নিলে হ্যাঁ? কেন তোমরা মা মেয়ে এখন আমার জীবন নিয়ে খেলতে নেমেছো?

আয়াত কাঁপা কাঁপা গলায় বললো,

' সাদিদ? তুমি পাগল হয়ে গেছো। কিসব বলছো? প্লিজ থামো।

' হয়েছি তাতে তোমার কি? পিছু নিবেনা। কখনো ফোন দিবেনা আর।

বলেই সাদিদ গাড়িতে উঠে নিমিষেই আয়াতের চোখের আড়াল হয়ে গেলো।

সাদিদ বাসায় গিয়ে প্রথমেই তার মায়ের রুমে গেলো। রুমে যেতেই দেখলো তার বাবা মা দুজনে ব্যাগ গুছাচ্ছে।

সাদিদ প্রথমত এই টাইমে তার বাবাকে দেখে অবাক হলো দ্বিতীয়ত তাদেরকে ব্যাগ গুছাতে দেখে আরো বেশি অবাক হলো। ঢুকতে ঢুকতেই বললো,

' একি তোমরা কি কোথাও যাচ্ছো?

সোহানা হেসে বললো,

' হ্যাঁ আমরা আগামীকাল নেপাল যাচ্ছি।

' বাবা? আমাকে না নিয়ে তোমরা এই প্লানিং করলে? আমি কোথায় থাকবো?

' তুমি এখন বড় হয়েছো, তোমার মতো করে থাকতে পারবে। বাবা-মাকে এখন অন্তত প্রাইভেসি দাও।

' বাবায়্য্যা। প্লিজ আমাকে একা রেখে যেও না। আমি কাল এক্সামটা দিয়ে নিই, এরপর ৫ দিন গ্যাপ আছে। প্লিজ আমাকে নিয়ে যেও।

' টিকিট কাটা হয়ে গেছে সাদিদ। তুমি তোমার এক্সামে মনোযোগী হও।

' মা তুমি কিছু বলো?

সোহানা হেসে বললো,

' তোমার বাবা যেখানে সিদ্ধান্ত জানিয়ে দিলো সেখানে আমি কি বলবো বাবা?

সাদিদ মনমরা হয়ে রুমে চলে গেলো। সোহানা বললো,

' ছেলেটা মন খারাপ করলো, টিকিট ক্যান্সেল করে দাওনা? একদিন পরে যাই?

' ছেলেকে নিলে তো বাড়িতে থাকাই ভালো। আমরা আমাদের মতো কিছুটা সময় কাটাতে যাচ্ছি সোহা!

সোহানা আর উত্তর দিলোনা। লাগেজটা আপাতত পাশে টেনে রেখে দিলো।

সাদিদ রুমে গিয়ে দুহাত ছড়িয়ে বিছানায় শুয়ে পড়লো। তার ভেতরকার ঝড় কীভাবে তাদের বুঝাবে? তারা একা করে চলে গেলে আরো ভেঙে পড়বে যে সে!

সাদিদ ফোন বের করে স্ক্রিনে আয়াতের অনেক কল ম্যসেজ দেখলো। একপাশে ছুড়ে ফোনটা ফেলে দিয়ে সাদিদ চোখ বন্ধ করলো। ইউনিভার্সিটিতে গেলেও আয়াত আবার পিছু নিবে! সে কীভাবে তাকে সবটা বলবে? হতেও তো পারে আয়াত কিছুই জানেনা।

ডায়েরিতে পড়েছিলো আফসানা জামানকে বিয়ে করেও অন্য একটা ছেলের বাচ্চাকে ধারণ করেছে, এরপর তার তো ওই সন্তানকে নিয়ে সেই সংসারে থাকার কথা? এখানে সিদ্দিক কোথা থেকে আসলো? তবে কি আবার বিয়ে করেছে? আর সেই ঘরে আয়াতের জন্ম হয়েছে?

অনেক প্রশ্নই তার ভেতর ঘুরপাক খাচ্ছে কিন্তু উত্তর মিলাতে পারছেনা। কিন্তু যাই হোক আফসানা যদি এখন পৃথিবীর সবচেয়ে ভালো মানুষও হয়ে যায় তবুও তার মেয়েকে সে নিজের ঘরে আনতে পারবেনা, তার মায়ের পুরনো ঘা আয়াতকে দেখলে বারবার জ্বলে উঠবে!

'

এক্সাম শুরুর ১০ মিনিট লেইটে সাদিদ এক্সামে ঢুকলো। ইচ্ছে করেই দেরি করে এসেছে যেন তাকে আয়াত না পায়।

আবার এক্সাম শেষ হওয়ার কিছু সময় আগেই আবার বের হয়ে গেলো। বের হয়ে এক প্রকার দৌঁড়ের উপর গিয়ে গাড়িতে উঠলো। আশেপাশে তখনও আয়াতকে না দেখে এক প্রকার খুশি হয়ে বাড়ির দিকে ছুটলো।

বাড়িতে ঢুকতেই সাদিয়া বললো,

' সাদিদ স্যার, ম্যাডাম টেবিলে আপনার জন্য কিছু লিখে রেখে গেছে।

' তারা বের হয়ে গেছে?

' জ্বী সাড়ে বারোটায় ফ্লাইট উনাদের।

সাদিদ অসহায় ভঙ্গিতে চোখ বন্ধ করে ফেললো। সাদিদ ভেবেছিলো এসে তাদেরকে পাবে!

না পেয়ে সে টেবিলে রাখা চিরকুটটা তুলে নিলো, দেখলো তার মা লিখেছে,

'বাবা সাদিদ' ,

রাগ করোনা মা'র উপর। তোমাকে ছাড়া দূরে কোথাও কখনো যাইনি। কিন্তু তোমার বাবা তোমাকে একা চলতে শেখাতে চায়, তুমি যেন আমাদের অনুপস্থিতিতে কখনো ভেঙে না পড়ো তাই তোমাকে এখন থেকেই সাহসী দেখতে চায়। কিন্তু আমি জানি আমার ছেলে সাহসী, সে সব পারবে!

সময়মতো খেয়ে নিবে, ফ্রিজে তোমার পছন্দের সবকিছু রেখে গেছি। আর মা তোমাকে অনেক মিস করবো এবং তোমার বাবাও। আমরা তোমাকে আমাদের নিজেদের চাইতেও বেশি ভালোবাসি বাবা। আর অবশ্যই ফোনে কথা হবে আমাদের।

সাদিদ চিরকুটে একটা চুমু খেলো।

তারপর সেখানে ভাঁজ করে রেখে সে রান্নাঘরে গেলো। সাদিয়া বললো,

' আপনি এখন খাবেন?

' না কাজ আছে,তুমি একটু বের হও।

সাদিয়া বের হওয়ার পর সাদিদ আবারও ডায়েরিটা নিলো। পরের পৃষ্ঠাগুলোতে কিছু আছে কিনা, বা নতুন কিছু লিখলো কিনা সেই আশঙ্কায়।

সাদিদ ডায়েরি নিয়ে ড্রয়িং রুমেই বসে পড়লো। যেহেতু তার মা নেই এখন চিন্তাও নেই। সাদিদ পড়া শুরু করতেই দরজায় বেল পড়লো। সাদিদ ডেকে বললো,

' এই কে আছো দরজা খুলো। কে আসলো অসময়?

সাদিয়া বিরবির কর‍তে করতে এলো, ময়লা নিতে আবার আসলো নাকি? একবার তো দিলাম।

অতঃপর দরজা খুলেই বললো,

' আরে আপনি?

সাদিদ বললো,

' কে?

সাদিদের সামনে দাঁড়িয়ে আয়াত বললো,

' আমি এসেছি।

সাদিদ ডায়েরি থেকে চোখ তুলে বললো,

' তোমার সাহস তো কম না, আমার বাড়ি চলে এলে?

' কি করবো? আমার ফোন ধরছোনা, দেখা করছোনা। ইউনিভার্সিটি থেকেও পালিয়ে এলে! আমি কীভাবে এতো অবহেলা সহ্য করবো? কেন করছো এসব সাদিদ?

সাদিদ ডায়েরি বন্ধ করে বললো,

' বের হয়ে যাও। এক্ষুনি বের হয়ে যাও বলছি।

আয়াত বললো,

' না যাবোনা, আমাকে আগে বলো কেন করছো এসব?

' তোমার মা'কে গিয়ে জিজ্ঞাসা করো। সেই সব বলবে।

' আমার মা কিছুই জানেনা। আমি জিজ্ঞাসা করেছি।

' মিথ্যা বলেছে।

তখনই আয়াত ডায়েরির দিকে তাকিয়ে বললো,

' এটা কি সাদিদ? এটা কিসের ডায়েরি?

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 19 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন